মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

গণতান্ত্রিক পন্থায় অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ : হোয়াইটলি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয় নিয়ে ইসির সঙ্গে বৈঠকে করেছেন চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১০ সদস্যের প্রতিনিধি দল। এ সময় ইইউ রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে ইউরোপীয় ইউনিয়ন।
বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন ভবনের ৫০২ নম্বর কক্ষে বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও তার টিম খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেনেছি। আমরা আশাকরি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন হবে। পুরো বিশ্বও এটি দেখতে চায়।’
এ সময় তিনি কোনো প্রশ্ন নিতে চান না বলে জানান। সাংবাদিকরা তারপরও ভোটের পরিবেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চান। জবাবে হোয়াইটলি বলেন, ‘না, ধন্যবাদ।’
নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে ঢাকায় আসেন ইইউর চার নির্বাচনি কারিগরি প্রতিনিধি দল। বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিকেল তিনটা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চলা বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার উপস্থিত রয়েছেন। অন্যদিকে ইইউ ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধি দলের চারজন উপস্থিত রয়েছেন। তারা হলেন, ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)। আগামী রোববার থেকে প্রতিনিধিদলটি তাদের মিশন শুরু করবে।
বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ। এর আগে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট।
চিঠিতে ইইউ জানিয়েছিল, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই। তাই বাংলাদেশে তারা নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। সেই চিঠিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর মতো তহবিল না থাকার বিষয়টিও উল্লেখ করেছিল ইইউ।

দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে পিছিয়ে কিউইরা

প্রথম ইনিংসে বাংলাদেশের পুঁজি খুব বড় নয়, ৩১০ রানের। তবে এই মাঝারিমানের সংগ্রহ নিয়েই সিলেট টেস্টে লিডের সম্ভাবনা তৈরি করে ফেলেছে টাইগাররা। এক কেন উইলিয়ামসন ছাড়া যে কিউই ব্যাটারদের কাউকেই সেভাবে দাঁড়াতে দেননি তাইজুল-মিরাজরা।
স্বস্তির বিষয় হলো, সেঞ্চুরি হাঁকানো উইলিয়ামসনকেও দ্বিতীয় দিনের শেষভাগে এসে ফিরিয়েছেন তাইজুল। প্রথম দিনের মতোই আলোকস্বল্পতায় একটু আগেভাগে খেলা বন্ধ হয়ে যায়।
৮৪ ওভার খেলে নিউজিল্যান্ড তুলেছে ৮ উইকেটে ২৬৬ রান। কাইল জেমিসন ৭ আর টিম সাউদি ১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এখনও এগিয়ে ৪৪ রানে। তাইজুল দিনের সেরা বোলার, একাই নিয়েছেন ৪টি উইকেট।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই কিউই ওপেনার টম নাথাম ও ডেভন কনওয়ে। ২১ রান করে লাথাম আউট হলে ৩৬ রানের জুটি ভাঙে। তাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম।
এরপর দলীয় ৪৪ রানে ৪০ বলে ১২ রান করে আউট হন কনওয়ে। এরপর কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলাস মিলে আর কোনো বিপদ না ঘটিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় নিউজিল্যান্ড। বিরতি থেকে ফিরে বাংলাদেশ তৃতীয় সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। দলীয় ৯৮ রানে ৪২ বলে ১৯ রান করা হেনরি নিকোলাসকে সাজঘরে ফেরান তিনি।
এরপর ক্রিজে আসা ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন উইলিয়ামসন। ফিফটি পূরণ করেন এই ব্যাটার। মিচেলকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন তিনি। তবে দলীয় ১৬৫ রানে ৫৪ বলে ৪১ রান করে আউট হন মিচেল। তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তাইজুল। মিচেলের বিদায়ের পর ক্রিজে আসেন টম বান্ডেল।
বিরতি থেকে ফিরেই বান্ডেলের উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ১৭৫ রানে ২৩ বলে ৬ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন গ্লেন ফিলিপস। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন উইলিয়ামসন। দুই জন মিলে ৭৮ রানের জুটি গড়েন। দলীয় ২৫৩ রানে ৬২ বলে ৪২ রান করে সাজঘরে ফিরে যান ফিলিপস। এরপর সেঞ্চুরি পূর্ণ করেন উইলিয়ামসন।
সেঞ্চুরির পর বেশিদূর এগুতে পারেননি উইলিয়ামসন, ১০৪ রানে তাইজুলের শিকার হয়ে ফেরেন সাজঘরে। এরপর দলীয় ২৬৪ রানে ফিরে যান ইশ সোধি। দলীয় ৮৪তম ওভারে দিনের খেলা শেষ ঘোষণা করলে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬৬ রান। ফলে দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম।

পদত্যাগ করা মন্ত্রীদের দায়িত্ব পালন করবেন যারা

পদত্যাগ করা তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থাকবে।
আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পালন করবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। বর্তমান দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তারা এই দায়িত্ব পালন করবেন। রুলস অব বিজনেসের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী এ দায়িত্ব বণ্টন করেছেন।
আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ শূন্য হলেও ওই মন্ত্রণালয়ে যেহেতু পূর্ণ মন্ত্রী আছেন, তাই সেখানে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না।
এদিকে আজই মন্ত্রিসভার তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
আর প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা হলেন অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
১৯ নভেম্বর তারা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরদিন মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পদত্যাগ করা মন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন। আর পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যেতে পারবেন। এখন পদত্যাগপত্র গ্রহণের মধ্য দিয়ে তা কার্যকর হলো।

ইলন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানালো হামাস

বিশ্বের শীর্ষ ধনী ব্যবসায়ী এবং মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা সফরের আমন্ত্রণ জানিয়েছেন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের একজন সিনিয়র কর্মকর্তা।
মূলত গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলার ফলে সৃষ্ট ধ্বংসের পরিমাণ দেখার জন্যই আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
লেবাননের বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান ইলন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানান।
ওসামা হামদান বলেন, ‘বস্তুত্ব ও বিশ্বাসযোগ্যতার মানদণ্ড মেনে গাজার জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পরিধি দেখার জন্য আমরা তাকে(ইলন মাস্ককে) গাজা সফরের আমন্ত্রণ জানাই।‘
হামদান বলেন, ‘ইলন মাস্ক ইসরায়েল সফর করে ৭ অক্টোবরের ঘটনা দেখছে। কিন্তু কেন এ অভিযান এবং পরবর্তীতে ইসরায়েলের চালানো ধ্বংসলীলা বা গাজায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন দেখতে হলে তাকে গাজায় আসতে হবে।‘
সোমবার ইলন মাস্ক ইসরায়েলে হামলার পরপরই হামাসের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হল।
৫০ দিনের মধ্যে ইসরায়েল প্রতিরক্ষাহীন গাজাবাসীদের ওপর ৪০ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে জানিয়ে তিনি আরও বলেন, “আমি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ইসরায়েলের সাথে মার্কিন সম্পর্ক পর্যালোচনা করতে এবং তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানাচ্ছি।”
৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ ও তাণ্ডবের বিষয়ে কথা বলতে গিয়ে, হামদান ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধারে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদ থেকে সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগ

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সজীব আহমেদ ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র এরই মধ্যে গ্রহণ করেছেন।
আজ বুধবার (২৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও তিনজন উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে প্রজ্ঞাপনগুলো গেজেট আকারে প্রকাশিত হয়।
নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর গত ১৯ নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগপত্র জমা দেন। তারা তিনজনই ছিলেন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী।
একই সঙ্গে সেদিন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগপত্র জমা দেন।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া, সংসদীয় আসন-২১৭) আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপির নেতৃত্বে তারা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও প্রধান নির্বাচনী এজেন্ট মো. শহিদ উল্লা খোন্দকার, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস,এম,কামাল হোসেন,শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি নাজমা আক্তার, সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, দলের জেলা সভাপতি মাহবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ-৩ আসনে এ পর্যন্ত ২টি মনোনয়নপত্র জমা পড়েছে। একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং অপরটি এনপিপির শেখ আবুল কালামের।

আয়কর রিটার্ন দাখিলের সময় ২ মাস বাড়লো

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানো হয়েছে। ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তি করদাতারা।
আর কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার সময় বাড়িয়ে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।
বুধবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল।
এছাড়া কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময়ও বাড়ানো হয়েছে। এই শ্রেণির করদাতাদের রিটার্ন জমার শেষ সময় ছিল আগামী বছরের ১৫ জানুয়ারি। সেটি বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। এই অবস্থায় গত সপ্তাহে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করার আবেদন করা হয়।
দেশে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ৯৩ লাখ ৪৬ হাজার ৮৬৯। তবে রিটার্ন জমা পড়ে এক তৃতীয়াংশেরও কম। ২০২২-২৩ অর্থবছরে ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন জমা দিয়েছেন ২৮ লাখ ৫১ হাজার করদাতা। আর চলতি ২০২৩–২৪ অর্থবছরে এনবিআর ৪০ লাখ রিটার্ন জমার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার অর্ধেক রিটার্নও জমা পড়েনি।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেছে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। আজ বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনের ৫০২ নম্বর কক্ষে বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার উপস্থিত রয়েছেন। অন্যদিকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, সংস্থাটির পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার বার্গ ফন লিন্দ্রে, ডেনমার্কের অ্যাম্বাসেডর ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের অ্যাম্বাসেডর ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস, ইতালির অ্যাম্বাসেডর আন্তোনিও অ্যালেসান্দ্রো, কিংডম অব নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর ইরমা ফেন ডুয়েরেন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম ডে কারড্রেল ও জার্মান অ্যাম্বাসির এক প্রতিনিধি উপস্থিত রয়েছেন।
এর আগে ২২ নভেম্বর বৈঠক করতে চেয়ে সিইসিকে ই-মেইল করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এতে বৈঠকের জন্য ২৭ নভেম্বর সময় চেয়েছিলেন তিনি। তবে বেশির ভাগ কমিশনার নির্বাচনী সফরে ঢাকার বাইরে অবস্থান করায় ২৭ নভেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর সময় দেয় ইসি।
ইইউ রাষ্ট্রদূতের চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এ নির্বাচন উপলক্ষ্যে আমরা এরই মধ্যে আপনাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছি।
চিঠিতে আরও জানানো হয়, আগামী সপ্তাহে ইইউ মিশনের প্রধানদের সঙ্গে আপনারা যৌথ বৈঠকের সুযোগ করে দেবেন। ২৭ নভেম্বর বিকেল ৩টায় আপনার সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করছি। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া ও আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি।

গাজায় যে পরিমাণ ত্রাণ ঢুকছে তা পর্যাপ্ত নয় : জাতিসংঘ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে যে পরিমাণ ত্রাণ ঢুকছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে জাতিসংঘ। ওষুধ, পানি ও অন্যান্য প্রয়োজনীয় মানবিক সরবরাহের বেশির ভাগই দক্ষিণাঞ্চলে বিতরণ করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় বলেছে, গাজায় যে পরিমাণ সাহায্য আসছে তাও ‘বিস্তৃত চাহিদা পূরণের জন্য অপর্যাপ্ত’।
জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার বাস্তুচ্যুত মানুষের মধ্যে সংক্রামক রোগ ছড়ানোর উচ্চ ঝুঁকি নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এতে বলা হয়েছে, কিছু সংক্রামক রোগ যেমন ডায়রিয়া, তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, ত্বকের সংক্রমণ এবং উকুনের মতো স্বাস্থ্যবিধি-সম্পর্কিত অবস্থার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে পরিস্থিতির অবনতি ঘটেছে। এ ছাড়া হেপাটাইটিসসহ রোগের প্রাদুর্ভাবের প্রাথমিক রিপোর্টও রয়েছে।
এদিকে আল-জাজিরার তথ্য অনুযায়ী, ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বাড়ার প্রেক্ষাপটে আরও ৩০ বন্দিকে মুক্ত করে দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাস মুক্ত করে দিয়েছে তাদের হাতে জিম্মি আরও ১০ ইসরায়েলিকে। এ ছাড়া দুই বিদেশি নাগরিককেও মুক্ত করে দিয়েছে হামাস। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ৩০ নারী ও শিশু।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ নিয়ে গত শুক্রবার থেকে চলা যুদ্ধ বিরতিতে ১৮০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল। অন্যদিকে হামাস মুক্ত করে দিয়েছে অর্ধশতাধিক ইসরায়েলিকে।

সিলেটবাসীর ভালোবাসায় আমি ধন্য : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটবাসীর ভালোবাসায় আমি ধন্য। তারা অতীতে আমাকে ভোট দিয়েছেন। আবারও আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন। সিলেট বিভাগজুড়ে নৌকার অগ্রযাত্রা অব্যাহত থাকবে, নৌকাই জয়ী হবে।
আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার রাসেল হাসানের কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, উন্নয়ন শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রাখতে মানুষ উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দেবেন।
নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি প্রচুর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। আরও অনেক কিছু করার আছে। অনেক প্রকল্পের কাজ চলছে। সেগুলো বাস্তবায়নের জন্য সিলেটবাসী অতীতের মতো আবারও আমাকে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বা দিচ্ছেন। দলের জন্য তারা ত্যাগ স্বীকার করে তাদের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করবেন বলেই আমি মনে করি। তারা আবার নৌকার প্রার্থীদের জয় নিশ্চিতে নির্বাচনী মাঠ থাকবেন।
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সারাদেশে দারুণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। কোথাও কোনো সমস্যা নেই। যারা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করেছেন, তাদের প্রতি আমার আহ্বান, সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে আসুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।
এরপরই তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং নিজের মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।