মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ কোনো পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছে।
গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না। আর হিউম্যান রাইটস ওয়াচসহ অন্যান্য সংগঠনের প্রতিবেদন তারা দেখেছেন।
ব্রিফিংয়ে একজন প্রশ্নকারী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বিরোধী নেতাকর্মী ও সমালোচকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান পদ্ধতিগত দমন-পীড়ন একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানকে অসম্ভব করে তুলেছে। বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব সুনির্দিষ্ট কী পদক্ষেপ নিতে যাচ্ছেন?
জবাবে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না।
ব্রিফিংয়ে কোনো ধরনের হয়রানি ছাড়াই বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
৭ জানুয়ারিকে ভোটের তারিখ ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

গাজায় যুদ্ধবিরতির সময় আরও ১ দিন বাড়ল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আরও একদিনের জন্য বাড়ানো হয়েছে। এর ফলে যুদ্ধবিরতির সময় বেড়ে গড়াল সপ্তম দিনে। এর আগে ২৭ নভেম্বর গাজায় মানবিক যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়েছিল দুই দিনের জন্যে। যার মেয়াদ আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শেষ হবার কথা ছিল। খবর আল জাজিরা।
গত শুক্রবার (২৪ নভেম্বর) গাজায় প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। কাতারের মধ্যস্থতায় সাময়িক এ যুদ্ধবিরতির চুক্তি করে ইসরায়েল ও হামাস। চার দিনের এ যুদ্ধবিরতির শেষ দিন ২৭ নভেম্বর নতুন করে মানবিক বিরতি দুই দিন বাড়ানো হয়।। ওই বহুল প্রত্যাশিত চুক্তির তিন দিন দিনে ৩৯ ইসরায়েলিকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে, কারাগার থেকে ১১৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তেল আবিব।
এদিকে, ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩০ ফিলিস্তিনি বন্দী। অন্যদিকে গাজায় থাকা জিম্মিদের মধ্য থেকে ১২ ইসরায়েলিসহ ১৬ জনকে মুক্তি দিয়েছে হামাস।
ইসরায়েলি প্রিজন সার্ভিস জানিয়েছে, ইসরাইল ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। বেশ কয়েক ঘণ্টা বিলম্বের পর, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে। যদিও আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিতুনিয়া শহরে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের কারণে ষষ্ঠ দফায় বন্দীদের মুক্তি বিলম্বিত হচ্ছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়, সেই সঙ্গে জিম্মি করা হয় ২৪০ জনকে। এরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলা এ যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ফিলিস্তিনি।

সারাদেশে ১৬১ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৪৪২ টহল দল মোতায়েন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সর্বশেষ ২৪ ঘণ্টার হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২২ প্লাটুনসহ সারাদেশে ১৬১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের ৪৪২ টহল দল মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২২ প্লাটুনসহ সারাদেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাব ফোর্সেস এর ১৪৬টি টহল দলসহ সারাদেশে ৪৪২টি টইল দল মোতায়েন রয়েছে।
যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
এদিকে ফায়ার সার্ভিস জানায়, ২৮ নভেম্বর সকাল ৬টা থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫টি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পাওয়া যায়। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাজীপুরে দুটি, বাগেরহাটে একটি ও সিরাজগঞ্জে একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।

ফের ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রসংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর তৃতীয় বারের মতো ইসরায়েল সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় ১২০০ জন নিহত হয় এবং আরও দুই শতাধিক লোকজনকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ইসরায়েলি বাহিনী গাজায় পাল্টা আক্রমণ চালায়। ইসরায়েলের অব্যাহত হামলায় প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।
অস্থায়ী যুদ্ধবিরতির সময় বাড়ানো এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা করতেই তেল আবিবে সফর করছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।
ইসরায়েল থেকে অপহরণ করা জিম্মি এবং ইসরায়েলের কারাগারে আটক থাকা বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চলছে। প্রথমে যুদ্ধবিরতির মেয়াদ চারদিন থাকলেও পরে আরো দুদিন বাড়ানো হয়েছে।
এদিকে চুক্তির আওতায় যেসব ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল তাদের বিরুদ্ধে আগে পাথর ছোঁড়া থেকে শুরু করে হত্যা চেষ্টার অভিযোগ পর্যন্ত আনা হয়েছিল।
গত কয়েকদিন ধরেই পরস্পরের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় করছে ইসরায়েল ও হামাস। ইসরায়েলি সরকারের এক মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন যে, চলমান জিম্মি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় যুদ্ধবিরতি আরও পাঁচদিন বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
গাজার অনেক মানুষ তাদের প্রিয়জনের সন্ধানের জন্য যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে। হামাস কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় দেড় হাজার মানুষ গাজায় এখনো নিখোঁজ আছে এবং ইসরায়েলের সামরিক অভিযানে মারা গেছেন প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি।

উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড : প্রধানমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড দেশের নাগরিক, করদাতা, ব্যবসায়ী এবং জনগণকে প্রয়োজনীয় কর সেবা প্রদানের পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জাতীয় আয়কর দিবস উপলক্ষ্যে দেয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা বদলে যাবো, আমরা বদলে দিবো’ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে জাতীয় আয়কর দিবস ২০২৩ পালিত হচ্ছে জেনে তিনি আনন্দিত।
এ উপলক্ষ্যে তিনি দেশের সম্মানিত সকল করদাতা এবং আয়কর বিভাগের সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি যাঁরা এ বছর সেরা করদাতা সম্মাননা পাচ্ছেন তাঁদের অভিনন্দন জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের রূপকল্প ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের রূপকল্পসমূহ বাস্তবায়নে বাজেট লক্ষ্যমাত্রা অর্জন অপরিহার্য। সম্মানিত করদাতাগণের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই কেবল সে লক্ষ্য অর্জন সম্ভব। আনন্দমুখর পরিবেশে কর প্রদান, তাৎক্ষণিক ই-টিআইএন প্রদান, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, আয়কর রিটার্ন পূরণে সহয়তা, ই-চালান, ই-টিডিএস সিস্টেম এবং তথ্যসেবা নিশ্চিতকরণের মাধ্যমে কর বিভাগের সঙ্গে সম্মানিত করদাতা, অংশীজন ও নাগরিকদের মেলবন্ধনে দেশে আজ কর সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।’
তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য-প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচি দেশের রাজস্ব-বান্ধব সংস্কৃতি গড়ার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখছে। করদাতাদের প্রত্যাশা অনুযায়ী দেশের কর অফিসসমূহে একযোগে নভেম্বর মাসব্যাপী ‘আয়কর তথ্য-সেবা মাস’ এর মাধ্যমে করসেবা প্রদান করা হয়েছে। করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে করসেবা গ্রহণ ও কর প্রদানের মাধ্যমে রাজস্ব ভান্ডার সমৃদ্ধ হয়েছে। পাশাপাশি কর সংস্কৃতির বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জিত হয়েছে।
ইতোমধ্যে নতুন আয়কর আইন, ২০২৩ প্রণীত ও কার্যকর হয়েছে জেনে প্রধানমন্ত্রী আনন্দিত হয়েছেন উল্লেখ করে বলেন, ‘এটি আমাদের সরকারের অন্যতম সাফল্য। দেশের মানুষ এখন স্ব-প্রণোদিত হয়ে আনন্দের সঙ্গে কর প্রদান করছে। এছাড়া, এ বছরই আমরা প্রথমবারের মতো ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার সিস্টেম প্রবর্তন করেছি। এ সিস্টেমের মাধ্যমে প্রান্তিক করদাতাগণ অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন। ’
শেখ হাসিনা বলেন, তিনি জেনে আনন্দিত যে, জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের রিটার্ন দাখিলের সুবিধার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অনলাইনভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে এ বছর প্রথমবারের মতো করশূন্য রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য অনলাইনে এক পৃষ্ঠার রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে প্রাপ্তি স্বীকার এবং সনদ দু’টো পাওয়া যাবে। ফলে এই শ্রেণির করদাতাদের কর অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। জাতীয় রাজস্ব বোর্ডের এ ধরনের সৃজনশীল ও সমন্বিত কাজের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী ‘স্মার্ট বাংলাদেশ’ তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আজীবন স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে দেশের সামগ্রিক কর ব্যবস্থাপনাকে গণমুখী ও অধিকতর তথ্য-প্রযুক্তি নির্ভর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

ওনানার ‘ভুলে’ বিদায়ের দ্বারপ্রান্তে ম্যানইউ

বাঁ-পায়ের জোরালো শটে অ্যালেজান্দ্রো গার্নাচো ম্যাচের প্রথম গোল করেন। ব্রুনো ফার্নান্দেজ দূর থেকে শট নিয়ে জালে বল জড়িয়ে দেন। তাদের গোল দুটি চোখে পড়ার মতো। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলগুলো চোখে আটকে যাওয়ার মতো।
এক-দুটি নয়; ম্যাচের ভুলের হ্যাটট্রিক করেছেন তিনি। যার মধ্যে হাকিম জায়েখের ফ্রি কিকে গোল হয়েছে দুটি। ম্যানইউ-এর জালে জড়ানো শেষ বলটিও ফেরানো উচিত ছিল এই সেনেগালিচ গোলরক্ষকের। ম্যাচের শুরুতে ভুল করে পাস দিয়ে বসেছিলেন গ্যালাতাসারে স্ট্রাইকার মাউরিসিও ইকার্দিকে। যদিও গোল খাওয়ার হাত থেকে ওই যাত্রায় বেঁচে যান তিনি।
ওনানার ভুলে ভরা ম্যাচে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডে গ্যালাতাসারের মাঠে ৩-৩ গোলের সমতা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে চলে গেছে।
ইউরোপ সেরার লড়াইয়ের শেষ ম্যাচে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ম্যানইউ। ওই ম্যাচ জিতলেই কেবল শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে তাদের। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া রেড ডেভিলসরা জিতলেও অবশ্য দ্বিতীয় রাউন্ড নিশ্চিত নয়। কারণ গ্যালাতাসারে ও কোপেনহেগেনের পয়েন্ট সমান পাঁচ করে। শেষ ম্যাচে ওই দুই দলের একদল জিতলেই বিদায় নিতে হবে এরিক টেন হ্যাগের দলের।
বুধবার রাতের ম্যাচে ম্যানইউ ১১ মিনিটে লিড নেয়। গোল করেন আর্জেন্টাইন তরুণ গার্নাচো। ১৮ মিনিটে লিড ২-০ করে ফেলেন ব্রুনো ফার্নান্দেজ। ম্যাচের ২৯ মিনিটে জায়েখ এক গোল শোধ দেন। তার নিচু করে নেওয়া ফ্রি কিক পাশ দিয়ে জালে জড়ালেও হাত না দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখেন ওনানা।
৫৫ মিনিটে ম্যানইউ আবার গোল করে। ম্যাকটমিনি বল পাঠান জালে। কিন্তু ৬২ মিনিটে আবার জায়েখ জালে বল পাঠান। এবার তার নিচু শট ওনানার গ্রিপে আসলেও হাত ফস্কে বল চলে যায় জালে। ৭১ মিনিটে মোহামেদ কেরান ম্যানইউ-এর আশা শেষ করে ম্যাচ সমতা করে ফেলেন। দলের শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচান।

কাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল (৩০ নভেম্বর) এবং ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
রিটার্নিং অফিসাররা ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিবেন এবং প্রার্থীরা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।
২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের যাত্রা শুরু হয়েছিল, সে হিসেবে সংসদের মেয়াদ আগামী ২৯ জানুয়ারি শেষ হচ্ছে। এর আগের ৯০ দিনের মধ্যেই ভোট করতে হবে নির্বাচন কমিশনকে।

যুদ্ধবিমান সুখোই-৩৫ পেতে যাচ্ছে ইরান

রাশিয়ার কাছ থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান সরবরাহ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার দেশটির বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে এ গত মার্চে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে যুদ্ধবিমান কেনার চুক্তির তথ্য জানিয়েছিল।
সুখোই বা সু-৩৫ যুদ্ধবিমান ছাড়াও এই চুক্তির আওতায় মিল-২৮ হেলিকপ্টার ও ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানও নিজ বহরে যুক্ত করবে ইরান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সূত্র ধরে তেহরান ও মস্কোর মধ্যে যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে ওঠেছে এই চুক্তির মধ্যে দিয়ে তা পরবর্তী ধপে উন্নিত হবে বলে আশা করছে দেশটি।
এর আগেও একাধিকবার রাশিয়ার কাছ থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান কেনার ইচ্ছার কথা প্রকাশ করেছিল ইরান। কিন্তু ইউক্রেন যুদ্ধের পরিপ্রক্ষিতে সুখোই-৩৫ যুদ্ধবিমান ম্যানেজমেন্টের পূর্ণাঙ্গ সিস্টেম সরবরাহ করতে রাশিয়া এই মুহূর্তে সক্ষম নয় বলে জানিয়েছিল।
ইরানি সংবাদমাধ্যম তাসনিমের যে প্রতিবেদনে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী বরাতে এই চুক্তির কথা প্রকাশ করা হয়েছে তাতে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের চুক্তিসংক্রান্ত কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
ইরানের বিমানবাহিনীতে মাত্র কয়েক ডজন যুদ্ধবিমান আছে। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান এবং ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা কিছু পুরনো যুদ্ধবিমান রয়েছে।
২০১৮ সালে ইরান জানিয়েছিল, তারা নিজেদের বিমানবাহিনীতে ব্যবহারের জন্য স্থানীয়ভাবে তৈরি কাউসার নামের যুদ্ধবিমানের উৎপাদন শুরু করেছে। তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধবিমানটি এফ-৫ যুদ্ধবিমানের হুবহু নকল, যা ষাটের দশকে প্রথম যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছিল।
খবর রয়টার্স

সংবিধানের বাইরে গিয়ে ভোট করার কোনো সুযোগ নেই : সিইসি

যথাসময়ে নির্বাচন হতে হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক বিভাজন থাকতে পারে, তবে সংবিধানের বাইরে গিয়ে ভোট করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি দলকে এটি আমরা বুঝিয়েছি। সাংবিধানিক সীমাবদ্ধতা তারা বুঝতে পেরেছেন। কিন্তু কোনো রাজনৈতিক ইস্যুতে যে ইসি হস্তক্ষেপ করতে পারে না, এটা তারা বুঝতে পেরেছেন।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনের ৫০২ নম্বর কক্ষে বৈঠক শুরু হয়, শেষ হয় বিকেল ৫টায়। বৈঠক শেষে এসব কথা বলেন সিইসি।
বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক বিভাজন থাকতে পারে, তবে সংবিধানের বাইরে গিয়ে ভোট করার কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ‘তারা (ইইউ) আগেও এসেছেন, আবার এলেন। এর মধ্যে আমাদের কী কী অগ্রগতি হয়েছে সেটা তাদেরকে জানিয়েছি। আমরা তাদেরকে পরিষ্কার জানিয়েছি, আমাদের নির্বাচন ফ্রি, ফেয়ার এবং পিসফুল যাতে হয়, সেটা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমরা তাদের জানিয়েছি, আমাদের কমিশনাররা দুই সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তারা জনগণ ও প্রশাসনকে এই বিষয়গুলো অবহিত করেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে তাদের ক্ষমতা প্রয়োগ করতে হবে। তাদের সঙ্গে বৈঠক করে আমরা বুঝতে পেরেছি, তারা সন্তুষ্ট হয়েছেন।’
বৈঠকে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
অন্যদিকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে সংস্থাটির ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার বার্গ ফন লিন্দ্রে, ডেনমার্কের অ্যাম্বাসেডর ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের অ্যাম্বাসেডর ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস, ইতালির অ্যাম্বাসেডর আন্তোনিও অ্যালেসান্দ্রো, কিংডম অব নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর ইরমা ফেন ডুয়েরেন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম ডে কারড্রেল ও জার্মান অ্যাম্বাসির এক প্রতিনিধি বৈঠকে অংশ নেয়।
এর আগে বুধবার সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। তার আগে গত ১৮ এপ্রিল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক টিম পাঠাবে। এতে দুইজন টেকনিক্যাল এক্সপার্ট থাকবে। যার মধ্যে চারজন ইতোমধ্যে বাংলাদেশে এসে গেছে।

মনোনয়নপত্র জমা দিলেন জুনাইদ আহমেদ পলক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।
আজ বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা খাতুনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তার প্রমাণ আমার আসনে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রধানমন্ত্রীর গত ১৫ বছরের উন্নয়ন, সুশাসন ও সেবার ওপর আস্থা রেখে এই নির্বাচনেও জনগণ নৌকাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল রাজ্জাক খান, সহসভাপতি জাহেদুল ইসলাম ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রহুল আমিন প্রমুখ।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।