মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার ৩৫৬টি ইয়াবা ট্যাবলেট, ৫০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেনসিডিল, ৩৯৬ বোতল বিদেশী মদ ও ৩ হাজার ৩৭১ ক্যান বিদেশী বিয়ার জব্দ করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা করা হয়েছে।

হামাসের হাতে বন্দি থাকা ৮ জিম্মির মুক্তি

গাজা যুদ্ধবিরতি সপ্তম দিনে হামাস কর্তৃপক্ষ আট জিম্মিকে মুক্তি দিয়েছে। মুক্তি প্রাপ্ত এসব জিম্মির মধ্যে উরুগুয়ে, মেক্সিকো এবং রাশিয়ার দ্বৈত নাগরিকও রয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার আজ শুক্রবার এ কথা জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ আটজন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে দুজন নাবালক এবং ছয় জন নারী রয়েছে।’
তিনি আরও বলেন, গাজায় বন্দি থাকা মোট ১০ জিম্মির বিনিময়ে ফিলিস্তিনের ৩০ নাগরিককে ইসরায়েয়েল কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে গতকাল মুক্তি পাওয়া দুই রাশিয়ার নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে।
খবর এএফপি

কন্যাসন্তানের মা হলেন শুভশ্রী

ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন টালিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি।
এ সুখবর দেন তার স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী। জুন মাসে দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছিলেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে রাজ লিখেছেন- আমাদের সংসারে একমুঠো আনন্দ এলো। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন।
সেই সময় ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিং করছিলেন তিনি। শুভশ্রী বরাবরই প্রকাশ্যে বলেছেন যে, তারা বরাবরই দুটি সন্তান চেয়ে এসেছেন।
শোনা যায়, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। তারপর থেকেই একে অন্যকে চোখে হারাতেন নায়িকা-পরিচালক। ২০১৮ সালে মার্চ মাসে বাগদান সারেন রাজ-শুভশ্রী। সেই বছরের মে মাসেই বাঁধেন গাঁটছড়া।
২০২০ সালে করোনা মহামারির মাঝেই তারকা দম্পতির ছেলে সন্তান যুবানের জন্ম হয়।

মার্কিন শ্রম নীতির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক নতুন নীতি নিয়ে দুশ্চিন্তার কারণ রয়েছে বলে সতর্ক করে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) মো. সেলিম রেজা। ওই চিঠির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, ‘এখন কী হবে, না হবে আমি জানি না। তবে আমাদের বেসরকারি খাতের ওপর আমার বিশ্বাস আছে এবং আমি এটাও বিশ্বাস করি, আমেরিকায় সরকার বললেই জিনিস বন্ধ হয় না। কারণ, সেখানে বেসরকারি খাত জিনিসপত্র কেনে।
তারা সরকারকে অনেক সময় পাত্তাই দেয় না। তারা কেনে কারণ তারা জিনিসটা সস্তায় পায়। তৈরি পোশাকশিল্প ব্যক্তিমালিকানাধীন এবং যারা কেনে তারাও ব্যক্তিমালিকানাধীন। ’
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা ব‌লেন তিনি।
দামে সস্তা ছাড়াও ভালো মানের পণ্য সময়মতো পায় বলেই যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের ওয়াশিংটন দূতাবাসের কর্মকর্তার ওই চিঠি নিয়ে তিনি বলেন, ‘আমি শুনেছি এটা বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। তারা বিষয়টি দেখছে। আমি এ বিষয়টি দেখি না। ’
ওই চিঠি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সমস্যা হলো দেশের প্রতি ভক্তির অভাব আছে। এ জন্য অনেক গোপন নথি প্রকাশ করে দেয় আমাদের সম্মানিত মিডিয়া। এটা দুঃখজনক। এটা অন্য দেশে হয় না। ’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বব্যাপী শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি একটি প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডামে সই করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ১৬ নভেম্বর তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বলেন, ‘যাঁরা শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে যাবেন, শ্রমিকদের হুমকি দেবেন কিংবা ভয় দেখাবেন, তাঁদের ওপর প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ’
এরপর ২০ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে ওই চিঠি পাঠায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস। চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের শ্রম নীতি একটি বৈশ্বিক নীতি, যা সব দেশের ওপর আরোপিত হতে পারে; তারপরও এটা বিশ্বাস করার কারণ রয়েছে যে বাংলাদেশ এই নীতির লক্ষ্যবস্তু হতে পারে। স্মারকটির প্রকাশ অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী বাংলাদেশের শ্রম–সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে উল্লেখ করেছেন।
চিঠিতে আরও বলা হয়, ‘স্মারকের রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনায় শঙ্কিত হওয়ার অনেক কারণ রয়েছে। এই স্মারকে শ্রম অধিকারের বিষয়ে যা বলা হয়েছে, তার পেছনে রাজনীতি রয়েছে এবং যুক্তরাষ্ট্র নানাভাবে এই রাজনৈতিক অভিপ্রায় প্রয়োগ করতে পারে। সে কারণে এই স্মারক বাংলাদেশের জন্য একটি বার্তা। কারণ, শ্রম অধিকারের অজুহাতে স্মারকে উল্লেখ করা যেকোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিতে পারে। এই স্মারকের প্রভাব বাংলাদেশের পোশাক খাতের ওপর পড়তে পারে এবং সংশ্লিষ্ট সবাইকে অগ্রাধিকারের ভিত্তিতে বিষয়টি বিবেচনায় নিতে হবে। ’
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের বিষয়ে ড. মোমেন বলেন, ‘এটা একটা রুটিন বৈঠক। এই বৈঠকের বিষয়ে আপনারা (সাংবাদিকেরা) জানলেন কেমনে? আপনারা সবকিছুই জেনে যান। ’

শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা, ফিরেছেন সৌম্য

উজিল্যান্ড সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি২০ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান না থাকায় নাজমুল হোসেন শান্তকেই দুই ফরম্যাটের অধিনায়ক করে দল দেওয়া হয়েছে। দুই ফরম্যাটেই ফেরানো হয়েছে সৌম্য সরকারকে।
আগামী ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। এই সফরে শান্তর ডেপুটি থাকবেন মেহেদী হাসান মিরাজ। ছুটি কাটিয়ে দলের সঙ্গে যাবেন লিটন দাসও।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টি২০ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৭৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৪৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১১ হাজার ৮৯১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৬ হাজার ৭৯০ জন। মারা গেছেন ১ হাজার ৬২২ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৩৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৮৫ জন।

বিএনপির জন্য আর কোনো স্পেস নেই : কাদের

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির জন্য আর কোনো স্পেস নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই সেই সুযোগ নষ্ট করেছে।
তিনি বলেন, বিএনপির শেষ কথার পর আওয়ামী লীগের আর কোনো আহ্বান থাকতে পারে না।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।
৭ জানুয়ারিকে ভোটের তারিখ ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও এখন পর্যন্ত ভোটে আসার কোনো লক্ষণ নেই বিএনপির। দলটি এখনো সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আন্দোলন করছে। শেষ পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে চাইলে প্রয়োজন তফসিল পেছানো হতে পারে বলে বেশ কয়েকজন নির্বাচন কমিশনার বলেছিলেন।
‘বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশ্ব’— ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির এ বক্তব্য প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যা চায়, আওয়ামী লীগ তাই চায়।
তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে একমত। আমরাও চাই ইউরোপীয় ইউনিয়ন যা বলেছে আমরা তাদের সঙ্গে একমত।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনকে নিয়ে যত বিভ্রান্তি হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষক সাড়া দেবে না। কিন্তু শতাধিক পর্যবেক্ষক অলরেডি সাড়া দিয়েছে। এ নিয়ে আমরা চিন্তিত না।
জাতিসংঘের ব্যাপারে কাদের বলেন, ‘পর্যবেক্ষক পাঠানো না-পাঠানো জাতিসংঘের বিষয়। নির্বাচন নিয়ে অনেক বিভ্রান্তির পরও শতাধিক পর্যবেক্ষক আসবেন। এ নিয়ে আমরা চিন্তিত নয়।’
সেতুমন্ত্রী বলেন, রওশন এরশাদের নির্বাচন না করার সিদ্ধান্ত তার ব্যক্তিগত। কিন্তু তার দল নির্বাচন করছে। এটা জাতীয় পার্টি নির্বাচন বয়কটের মধ্যে পড়ে না।
১৪ দলীয় জোটের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জোটের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বণ্টনের সুযোগ রয়েছে। জোটও ভেঙে দেওয়া হয়নি। শরীকদের হতাশ করা হয়নি। এখনও আসন বণ্টনের সুযোগ রয়েছে।’
তৃণমূল বিএনপি এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ চমক দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আরও চমকের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কোনো রাজনৈতিক দলের পক্ষ-বিপক্ষে থাকা উচিত নয় বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের যতটুকু প্রয়োজন ততটুকুতেই সীমাবদ্ধ থাকা উচিত।
পিটার হাস কূটনৈতিক শিষ্টাচার মেনে চলবেন বলে প্রত্যশা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পক্ষপাতমূলক আচরণ আওয়ামী লীগের কাম্য নয়।

‘রহস্যময় নিউমোনিয়া’ নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী যা বললেন

চীনে ছড়িয়ে পড়া ‘রহস্যময়’ নিউমোনিয়া নিয়ে তৈরি হওয়া আতঙ্কের মধ্যে বুধবার (২৯ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, চীনে শ্বাসকষ্ট-জনিত অসুস্থতার সাম্প্রতিক বৃদ্ধি একটি সাধারণ সমস্যা। যা চীনা কর্তৃপক্ষের কার্যকর নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শ্বাসকষ্টজনিত অসুস্থতা বৃদ্ধি এবং শিশুদের মধ্যে নিউমোনিয়ার ক্লাস্টার রিপোর্ট করার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে চীনকে অনুরোধ করে। যদিও ওই অনুরোধে চীনের তরফ থেকে সাড়া মেলেনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডব্লিউএইচও’র একজন কর্মকর্তা সোমবার (২৭ নভেম্বর) বলেছেন, চীনে অসুস্থতার স্পাইক কোভিড-১৯ মহামারীর আগের মতো বেশি নয়। পাশাপাশি সাম্প্রতিক ক্ষেত্রে কোনো নতুন বা অস্বাভাবিক প্যাথোজেনও পাওয়া যায়নি।
ওয়াং জাতিসংঘে সাংবাদিকদের জানান, ‘সম্প্রতি আমরা চীনের কিছু অংশে শিশুদের মধ্যে ফ্লু রোগের কয়েকটি ক্লাস্টার দেখেছি। যা অনেক দেশে একটি খুব সাধারণ ঘটনা। চীনে এটি কার্যকর নিয়ন্ত্রণে রাখা হয়েছে’।
এদিকে চীনে ছড়িয়ে পড়া ‘রহস্যময়’ নিউমোনিয়া নিয়ে ভারতে অন্তত ৬টি রাজ্যে সতর্কতা জারি করেছে। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা সতর্কবার্তায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর এক সংবাদ সম্মেলনে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তারা জানিয়েছিলেন, দেশজুড়ে এই রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নতুন এ রোগে আক্রান্ত শিশুদের প্রথমে ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে শ্বাসকষ্ট, যা নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের লক্ষণ।

বিশ্বকাপের টিকিট পাচ্ছে উগান্ডা!

একের পর এক চমক দিয়েই চলেছে আফ্রিকান রাষ্ট্র উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ের পর এবার কেনিয়াকেও ধরাশায়ী করেছে তারা। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে কেনিয়াকে ৩৩ রানে হারিয়ে একপ্রকার চমকই উপহার দিয়েছে তারা। সেইসঙ্গে উজ্জ্বল হয়েছে তাদের বিশ্বকাপ স্বপ্নটাও।
আফ্রিকান বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে রুয়ান্ডাকে হারালেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেবে উগান্ডা। আর তাতে কপাল পুড়বে মহাদেশের দুই পরিচিত মুখ জিম্বাবুয়ে এবং কেনিয়ার। দুই দলেরই অবশ্য এখন পর্যন্ত কাগজে কলমে সুযোগ আছে বিশ্বকাপে যাওয়ার। সেজন্য অবশ্য তাদের তাকিয়ে থাকতে হবে উগান্ডা বনাম রুয়ান্ডা ম্যাচের দিকে।
বুধবারের হারে সবকিছুই এখন জটিল কেনিয়ার জন্য। বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে আজ তারা মুখোমুখি হবে জিম্বাবুয়ের জন্য। জিম্বাবুয়ে এবং কেনিয়া দুই দলেরই পয়েন্ট এখন ৬। শেষ ম্যাচে যে দলই জিতবে তাদের পয়েন্ট হবে ৮। অন্যদিকে শেষ ম্যাচ খেলার আগেই ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে উগান্ডা। রুয়ান্ডার বিপক্ষে জয় বা টাই ম্যাচেও খুলে যাবে তাদের বিশ্বকাপ ভাগ্য।
উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আসন্ন টুর্নামেন্টটিতে অংশ নেবে ২০ দল। সর্বশেষ মঙ্গলবার ১৯ তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে আফ্রিকার দেশ নামিবিয়া। অঞ্চলটি থেকে আরও একটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। দৌড়ে আছে জিম্বাবুয়ে, উগান্ডা, কেনিয়া।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্টের সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় আসন্ন আসরের মূলপর্বে জায়গা করে নিয়েছে ১২টি দল। গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং র‌্যাংকিং বিবেচনায় রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ।
এ ছাড়া মহাদেশভিত্তিক কোয়ালিফায়ার খেলে এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ডস, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, ওমান এবং নামিবিয়া।

লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড খুব বড় পার্থক্য গড়তে পারেনি বাংলাদেশের সঙ্গে। লিড নিয়েছে মাত্র ৭ রানের। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশ সাবধানী শুরু করেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর জাকির হাসান।
উদ্বোধনী জুটিতে ১০ ওভারে মোটে ১৯ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছেন তারা। বাংলাদেশের লিড এখন ১২ রানের। জাকির ১৪ আর জয় ৫ রানে অপরাজিত আছেন।
এর আগে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৬৬ রান। কিউইরা পিছিয়ে ছিল ৪৪ রানে। স্বীকৃত ব্যাটার বলতে কেউই নেই।
বাংলাদেশ প্রথম ইনিংসে ছোট করে হলেও লিড পেতে যাচ্ছে, ধরে নিয়েছিলেন সমর্থকরা। তবে তাদের সেই আশায় গুঁড়েবালি। কাইল জেমিসন আর টিম সাউদির মতো লোয়ার অর্ডার দুই ব্যাটার নবম উইকেটে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ ৫২ রান।
নবম উইকেটে টিম সাউদি আর কাইল জেমিসনের এই জুটিটাই ক্ষতি করে দিলো বাংলাদেশের। নাহলে টাইগাররা প্রথম ইনিংসে লিড পেতে পারতো।
সেটি হয়নি। তবে নিউজিল্যান্ডও যে বড় লিড নিয়েছে, তা নয়। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩১০ রানের জবাবে ১০১.৫ ওভার খেলে ৩১৭ রানে অলআউট হয়েছে কিউইরা। তাদের লিড ৭ রানের।
তৃতীয় দিনের সকালে প্রথম ঘণ্টা অনায়াসেই পার করে দেন সাউদি আর জেমিসন। কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে ট্রাম্পকার্ড মুমিনুল হকের হাত ধরেই সাফল্য পায় টাইগাররা। এক ওভারে জেমিসনকে (২৩) এলবিডব্লিউ আর সাউদিকে (৩৫) বোল্ড করেন বাঁহাতি এই পার্টটাইম স্পিনার।
বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩১০ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ রানের মাথায় ২ উইকেট হারায় কিউইরা। সেখান থেকে ম্যাচ দখলে রাখেন কেন উইলিয়ামসন। জুটি গড়েন হেনরি নিকোলস, ড্যারেল মিচেল ও টস ব্লান্ডেলের সঙ্গে।
একে একে সবাইকে ফেরান তাইজুল-মিরাজ-শরিফুল-নাইমরা। তবে ফেরাতে পারেননি আঠার মতো লেগে থাকা উইলিয়ামসনকে।
এই ডানহাতি ব্যাটারের সঙ্গে জুটি গড়া নিকোলস ১৯ রান করে পেসার শরিফুলের শিকার হয়ে ফেরত যান। মিচেল আউট হন তাউজুলের ঘূর্ণিতে (৫৪ বলে ৪১)। নাইম হাসানের বলে আউট হওয়ার আগে ব্লান্ডেল করেছেন ৬ রান।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ওপেন করেন ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। তাইজুল-মিরাজের ঘূর্ণিতে সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। দলীয় ৩৬ রানের মাথায় ল্যাথাম ও ৪৪ রানের মাথায় আউট হয়ে যান কনওয়ে। ল্যাথামকে ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলকে সুইপ খেলতে গিয়ে ফাইন লেগ অঞ্চলে নাইম হাসানের হাতে ক্যাচ হন ল্যাথাম।
এরপর কনওয়েকে ফেরান অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে খেই হারিয়ে শর্টলেগে শাহাদাত হোসেনের তালুবন্দি হন এই কিউই ওপেনার।
মধ্যাহ্নভোজের পর আউট হন নিকোলস। ৪২ বলে ১৯ রান করে শরিফুলের বলে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ হন তিনি। তার আগে উইলিয়ামসনের সঙ্গে ৫৪ রানের জুটি করেছিলেন নিকোলস।
একটা প্রান্ত ধরে ছিলেন কেন উইলিয়ামসন। একের পর এক জুটি গড়ে গেছেন। নিকোলসের সঙ্গে ৫৪, মিচেলের সঙ্গে ৬৬ রানের পর গ্লেন ফিলিপসের সঙ্গে ষষ্ঠ উইকেটেও ৭৬ রান যোগ করেন তিনি। কিছুতেই জুটিটা ভাঙছিল না।
অবশেষে কিউই ইনিংসের ৭৫তম ওভারে মুমিনুল হকের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর বল হাতে নিয়েই অধিনায়ককে উইকেট উপহার দেন মুমিনুল। টার্ন করা বল ফিলিপসের (৪২) ব্যাটে লেগে প্রথম স্লিপে গেলে নিচু ক্যাচ দারুণভাবে লুফে নেন শান্ত।
প্রথম ইনিংসে বাংলাদেশের লিড নেওয়ার পথে সবচেয়ে বড় অন্তরায় ছিলেন কেন উইলিয়ামসন। একটা প্রান্ত ধরে জুটির পর জুটি গড়ে যাচ্ছিলেন। টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরিও তুলে নেন অভিজ্ঞ এই ব্যাটার।
অবশেষে দিনের শেষ সময়ে এসে উইলিয়ামসনকে সাজঘরের পথ দেখিয়েছেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের দুর্দান্ত এক ডেলিভারিতে ডিফেন্স করেও বোল্ড হয়ে গেছেন উইলিয়ামসন। ২০৫ বলে ১০৪ রানের ধৈর্যশীল ইনিংসে ১১টি বাউন্ডারি হাঁকান কিউই তারকা।