মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

বদলি হচ্ছেন ডিএমপির যে সকল থানার ওসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশনা পরিপালনে পুলিশের সবচেয়ে বড় একক ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ ওসিকে বদলি করা হচ্ছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, ছয় মাসের বেশি এক থানায় দায়িত্ব পালন করা ওসিদের বদলি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী ৩৩ থানার ওসিকে বদলি করা হচ্ছে।
একযোগে রাজধানীতে এতসংখ্যক থানায় ওসি পদে নতুন মুখ আসার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে ঘটেনি। যাদের বদলি করা হচ্ছে, তারা সবাই ছয় মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।
রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ডিএমপির ৩৩ থানার ওসিকে বদলি করা হবে। দু’একদিনের মধ্যে বদলির আদেশ হতে পারে। বদলির ফলে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব পড়বে না বলেও জানান হাফিজ আক্তার।
এই বিষয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গত ৩০ নভেম্বরের নির্বাচন কমিশনের পত্রের আলোকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তাদের অন্যত্র বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই নির্বাচন কমিশনে পাঠানো হবে।
উল্লেখ্য, ছয় মাসের বেশি এক থানায় দায়িত্ব পালন করা ওসিদের বদলি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন নির্দেশনা দিয়েছে ইসি। গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছেন ইসির উপসচিব মো. মিজানুর রহমান।

বিএনপির সামনে কোনো রাস্তা খোলা নেই : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির সামনে কোনো রাস্তা খোলা নেই। তারা এখন সন্ত্রাসী জঙ্গি বাহিনীর মতো হয়ে গেছে।
আজ রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আত্মগোপনে থেকে থেকে বাসে-ট্রাকে আগুন দিয়ে মানুষ হত্যা করায় তাদের কাজ। তারেক রহমান এখন জঙ্গী দলের নেতা হিসেবে যা বলছে তা তার দলের নেতাকর্মীরা ভাবতে পারে। কিন্তু জনগণ ও সরকার এ নিয়ে কিছু ভাবে না। কোনো লাল চিঠি কিংবা সাদা চিঠি দিয়ে এই সরকারকে টলানো যাবে না।
মাহবুবউল আলম হানিফ বলেন, এখন বিএনপি মাগুরা স্টাইলের নির্বাচন হচ্ছে বলে অভিযোগ করছে, কিন্তু মাগুরা স্টাইলের নির্বাচনটা করেছিলো ওই বিএনপিই। এর জন্য তারা এখনও জাতীর কাছে ক্ষমা চায়নি। আওয়ামী লীগ অন্য কোনো স্টাইলে নির্বাচন করে না। সংবিধান অনুযায়ী জনগণের অংশগ্রহনমূলক নির্বাচন করবে।
হানিফ বলেন, ইতিমধ্যে ভোটের আমেজ শুরু হয়ে গেছে। এই মুহুর্তে যদি কেউ মনে করেন ভোট বন্ধ করে কোনো প্রভু কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে তবে সেই স্বপ্ন দিবা স্বপ্ন হয়েই থাকবে। ২০১৪ সালেও বিএনপি নির্বাচন বানচাল করতে জ্বালাও পোড়াও করেছে। কোনো লাভ হয়নি।
এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নভেম্বরে এলো ২১ হাজার ১৮১ কোটি টাকার রেমিট্যান্স

সদ্য সমাপ্ত নভেম্বর মাসে ১৯৩ কোটি ডলার বা ১.৯৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) যা ২১ হাজার ১৮১ কোটি ৭৫ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশের মধ্যে ডলারের বাজারের অস্থিরতা বেশ পুরোনো। এ সংকট ক্রমান্বয়ে বাড়ছে। বৈদেশিক মুদ্রার অভাবে আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন এ মুদ্রাটির সংকট নিরসনে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করা হচ্ছে। তবুও সংকট নিরসনের কোনো উদ্যোগই কাজে আসছে না।
বাজার পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে অব্যাহত রয়েছে ডলার বিক্রি। আকুসহ বিভিন্ন বিল পরিশোধ রিজার্ভও কমছে। ডলার বিক্রি করায় চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রিজার্ভ কমেছে প্রায় ৬ বিলিয়ন ডলারের বেশি। গ্রস রিজার্ভ নেমে এসেছে ২৫ বিলিয়নে। আর বিপিএম-৬ অনুযায়ী আরও কমে ১৯ বিলিয়নের ঘরে এসেছে।
তবে এর মাঝেই নতুন করে আশা জাগাচ্ছিল রেমিট্যান্স। ডলার সংকটময় পরিস্থিতিতে এ মুদ্রা আয়ের অন্যতম উৎস রেমিট্যান্স বাড়তে শুরু করে নভেম্বরের শুরু থেকে। ধারণা করা হচ্ছিল মাসটিতে দুই বিলিয়ণ ডলার ছাড়িয়ে যাবে। তবে সব আশা ফিকে করে দিয়ে তা দুই বিলিয়ন ডলারের নিচেই আটকে যায়। সদ্যবিদায়ী নভেম্বর মাস শেষে ১৯৩ কোটি ডলার বা এক দশমিক ৯৩ বিলিয়ন ডলার এসেছে। যা তার আগের মাস অক্টোবরের চেয়ে পাঁচ কোটি ডলার কম এসেছে। আর গত বছরের একই মাসের (নভেম্বর-২০২২) চেয়ে ৩৩ কোটি ডলার বেশি এসেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, নভেম্বর মাসে মোট ১৯৩ কোটি ডলার ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) ২১ হাজার ১৮১ কোটি ৭৫ লাখ টাকা। এটি আগের মাস অক্টোবরের চেয়ে প্রায় পাঁচ কোটি ডলার কম। অক্টোবর মাসে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার। তবে গত বছরের নভেম্বর মাসের চেয়ে ৩৩ কোটে ডলার বেশি এসেছে। গত বছরের নভেম্বরে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার।
সিদ্যবিদায়ী নভেম্বর মাসের রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪২ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৭২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ২০ হাজার ডলার। তবে সাত ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

যাত্রী চাহিদা বিবেচনায় বিভিন্ন রুটে বিমানের ফ্লাইট বৃদ্ধি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করেছে।
আগামী ২৮ ডিসেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার বিজি-২৩৫ সরাসরি সিলেট-জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়াও, আগামী ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি থেকে প্রতি বুধবার বিজি-২৩৬ সরাসরি জেদ্দা-সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করবে।
অন্যদিকে, আগামী ২৭ ডিসেম্বর থেকে প্রতি বুধবার বিজি-২৩৭ সরাসরি সিলেট-মদিনা রুটে যাতায়াত করবে। অব্যাহত যাত্রী চাহিদা, ওমরাহ যাত্রী বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ফ্লাইটসমূহ বৃদ্ধি করা হয়েছে।
এ ছাড়া আগামী বছরের ৯ জানুয়ারি থেকে প্রতি মঙ্গলবার বিজি-১৩৮ সরাসরি মদিনা-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা করবে। ১১ ডিসেম্বর থেকে প্রতি সোমবার একটি অতিরিক্ত ফ্লাইট বিজি-১৪৮ সরাসরি দুবাই-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ১৩ ডিসেম্বর থেকে প্রতি বুধবার বিজি-২২৭ সরাসরি সিলেট-আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করবে এবং ১৭ ডিসেম্বর থেকে প্রতি রোববার বিজি-১২৭ সরাসরি চট্টগ্রাম-আবুধাবি রুটে চলাচল করবে। আগামী ৭ জানুয়ারি থেকে প্রতি রবিবার একটি অতিরিক্ত ফ্লাইট বিজি-১২৫ সরাসরি চট্টগ্রাম-দোহা রুটে ফ্লাইট পরিচালনা করবে।
ইতোমধ্যে এসব রুটের শিডিউল সমূহ বিমানের হোস্ট সিস্টেমসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ সেন্টার, বিমান কল সেন্টার, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

সৌদি আরবে বয়লার বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবের আল জুবাইল শহরে কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় এক ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের এক সোহেল শিকদার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের জহিরুল হক শিকদারের ছেলে। অন্যদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ওয়েলডিংয়ের কাজ করছিলেন তারা। হঠাৎ ফ্যাক্টরির বয়লার বিকট শব্দে বিস্ফোরণে পুরো ফ্যাক্টরিতে আগুন ধরে যায়। এ ঘটনায় সোহেলসহ চারজন নিহত হন।
নিহত বাংলাদেশিদের মৃত্যুর সংবাদে স্থানীয় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ রোববার (৩ ডিসেম্বর) গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, গাজা উপত্যকায় এখন ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।
সাত দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষে গত শুক্রবার থেকে আবারও গাজায় নির্বিচারে বর্বর বিমান হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েলি সেনারা। এখন তারা গাজার দক্ষিণাঞ্চলে অনবরত বোমা ফেলছে।
যুদ্ধের শুরুতে উত্তরাঞ্চলে হামলা চালিয়েছিল ইসরায়েলিরা। ওই সময় সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তারা বলেছিল, গাজার দক্ষিণাঞ্চলে চলে গেলে নিরাপদ থাকা যাবে। তবে এখন এই দক্ষিণাঞ্চলেই হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানি হচ্ছে।
গাজায় সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যেসব বোমা ব্যবাহার করছে সেগুলো তাদের সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইউএস সি-১৭ সামরিক কার্গো বিমান দিয়ে ইসরায়েলে এখন পর্যন্ত ১৫ হাজার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যেগুলোর মধ্যে রয়েছে শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা। এছাড়া দখলদার ইসরায়েলিদের ১৫৫ মিলিমিটারের ৫৭ হাজার শেল দিয়েছে মার্কিনিরা।
ওয়ালস্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, গাজায় দখলদার ইসরায়েলি সেনারা সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী যেসব হামলা চালিয়েছে সেগুলোতে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের বোমা।
বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। খান ইউনিসের বাসিন্দারা জানান, প্রায় দুই মাস আগে যুদ্ধ শুরুর পর গতকাল শনিবার এখানে সবচেয়ে বেশি বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা হুশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলিদের এমন অব্যাহত হামলা গাজার বাসিন্দাদের মিসরের দিকে ঠেলে দিতে পারে। এতে সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে।
গাজার সীমান্ত লাগোয়া মিসরও অভিযোগ করেছে, ইসরায়েল গাজার বাসিন্দাদের মিসরের দিকে পাঠানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবে খান ইউনিস থেকে সাধারণ ফিলিস্তিনিদের সীমান্তবর্তী অঞ্চল রাফাহতে চলে যেতে বলছে। তবে মিসর জানিয়েছে, জোরপূর্বক গাজার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তর কখনো মেনে নেবে না তারা।
খবর আল-জাজিরা

বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে এগিয়ে বিজেপি, একটিতে কংগ্রেস

ভারতের তিন রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিসগড়ে উৎসব শুরু করেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে তিনটি রাজ্যেই সহজ জয় পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল।
বাকি পড়ে তেলেঙ্গানা। সেখানে এগিয়ে রয়েছে কংগ্রেস।
নভেম্বরজুড়ে ভারতের পাঁচ রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড়, তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
আজ রোববার সকাল ৮টা থেকে মিজোরাম বাদে বাকি চার রাজ্যের ভোট গণনা শুরু হয়। খ্রিস্টান-অধ্যুষিত মিজোরামের বিভিন্ন সামাজিক সংগঠন ও গির্জাগুলোর অনুরোধে নির্বাচন কমিশন ভোট গণনার তারিখ একদিন পিছিয়ে সোমবার করেছে।
ভোট হওয়া পাঁচ রাজ্যের মধ্যে বর্তমানে শুধু মধ্যপ্রদেশের ক্ষমতায় রয়েছে বিজেপি। ছত্তিসগড় ও রাজস্থানে ক্ষমতায় কংগ্রেস পার্টি।
মধ্যপ্রদেশে এবার কংগ্রেস বিজেপিকে পরীক্ষায় ফেলতে চলেছে বলে ভোটের আগের পূর্বাভাসে বলা হচ্ছিল। কিন্তু রোববার দুপুরের মধ্যেই সেই পূর্বাভাস মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। যদিও ভোট গণনা এখনো বাকি। কিন্তু বিজেপি যে সেখানে সহজ জয় পেতে চলেছে তা এখন অনেকটাই নিশ্চিত। সেখানে ২৩০টি আসনের মধ্যে ১৬১টিকে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৬৬টিতে। সরকার গঠন করতে চাই ১১৬টি আসন।
মধ্যপ্রদেশে বিজেপির সঙ্গে কোনো ধরণের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে না পারা কংগ্রেস বরং রাজস্থানে ক্ষমতা হারাতে চলেছে। বিজেপি সেখানে ১১২টি আসনে এগিয়ে, কংগ্রেস ৭২টিতে। ১৯৯ আসনের বিধানসভায় সরকার গঠনে চাই ১০০ আসন।
ছত্তিসগড়ে বিজেপি ৫৪টিতে এবং কংগ্রেস ৩৩টি আসনে এগিয়ে। ৯০ আসনের বিধানসভায় জিততে চাই ৪৬ আসন।
তেলেঙ্গানায় কংগ্রেস এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ‘ভারত রাষ্ট্র সমিতি’ (বিআরএস)- এর সঙ্গে। সেখানে কংগ্রেস ৬৪ ও বিআরএস ৪১ আসনে এগিয়ে। ১১৯ আসনের বিধানসভায় সরকার গঠনে চাই ৬০ আসন। এ রাজ্যে বিজেপি এগিয়ে ৮টি আসনে।
আগামী বছর ভারতে জাতীয় নির্বাচন। তার আগে এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো দল কী অবস্থানে রয়েছে সে সম্পর্কে খানিকটা হলেও পূর্বাভাস পাওয়া যাবে বলে এতদিন বলা হচ্ছিল।

বিদায়ী টেস্টে সুযোগ পেলেন ওয়ার্নার, সমালোচনায় জনসন

বিদায়ী সিরিজ খেলতে চেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তার দাবি মেনে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের দলে রাখা হয়েছে ওয়ার্নারকে। তার পরেই তাকে নিশানা করেছেন মিচেল জনসন। এক সময় অস্ট্রেলিয়া দলে ওয়ার্নারের সতীর্থ ছিলেন তিনি। ওয়ার্নারের পাশাপাশি অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলিকেও কটাক্ষ করেছেন তিনি। টেনে এনেছেন ২০১৮ সালে স্যান্ডপেপার ঘটনা।
ওয়ার্নারের ফর্মের উদাহরণ দিয়েছেন জনসন। তিনি বলেন, ‘‘শেষ ৩৬ টেস্ট ইনিংসে ২৬ গড়ে ব্যাট করেছে ওয়ার্নার। এক জন ওপেনার যদি এত খারাপ ফর্মে থাকে তা হলে কেন তাকে খেলানো হবে। শুধুমাত্র বিদায়ী সিরিজ় বলে। এর কোনও মানে হয় না। বেইলির সেটা বোঝা উচিত ছিল। ব্যক্তিগত সম্পর্ক নয়, ফর্ম দেখে দল গড়া উচিত ছিল।’’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট চলাকালীন বল বিকৃতির অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার নেপথ্যে প্রধান মাথা ছিলেন ওয়ার্নার। স্যান্ডপেপার দিয়ে বলের আকার নষ্ট করার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। সেই ঘটনাও টেনে এনেছেন জনসন। তিনি বলেন, ‘‘গত পাঁচ বছরে ওয়ার্নার শুধুমাত্র বল বিকৃত করেছে। অস্ট্রেলিয়ার সম্মানহানি করেছে। আর সেই ক্রিকেটারকেই কিনা সম্মান দেওয়া হচ্ছে। এটা হাস্যকর।’’
৩ ডিসেম্বর থেকে শুরু টেস্ট সিরিজ়। প্রথম টেস্ট হবে পার্থে। পরের দু’টি টেস্ট যথাক্রমে মেলবোর্ন ও সিডনিতে। ওয়ার্নার দলে থাকবেন কি না তা নিয়ে সংশয় ছিল। তবে বিশ্বকাপে ভাল খেলায় সুযোগ পেয়েছেন তিনি। অবশ্য প্রথম টেস্টের দলে ওয়ার্নার থাকলেও পরের দু’টি টেস্টে তিনি সুযোগ পাবেন কি না তা নিশ্চিত নয়। পুরো সিরিজ়ে না খেললে অবশ্য ঘরের মাঠে অবসর নিতে পারবেন না তিনি।
প্যাট কামিন্সের নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা করেছেন বেইলি। জোরে বোলার ল্যান্স মরিসকে দলে নেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে, পরের প্রজন্মের পেসারদের তৈরি করতে চাইছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠেই শুরুটা করেছে তারা। অ্যাশেজ়ে চোট পাওয়ার পর থেকে দলের বাইরে ছিলেন স্পিনার নেথান লায়ন। তিনিও ফিরেছেন দলে।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হেজ়লউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাশ লাবুশেন, নেথান লায়ন, মিচেল মার্শ, ল্যান্স মরিস, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।

নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই সালমান বাটকে সরিয়ে দিল পিসিবি

নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই বরখাস্ত করা হয়েছে পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাটকে। তাকে মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিলেকশন কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
শনিবার প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ তাকে অপসারণের ঘোষণা দেন।
এই সিদ্ধান্তের অনুঘটক হিসেবে বহিরাগত চাপকে উল্লেখ করেছেন ওয়াহাব।
স্পট ফিক্সিংকাণ্ডে ২০১০ সালে নিষিদ্ধ হওয়ার পর আর জাতীয় দলে ফেরার সুযোগ হয়নি সালমানের। এক যুগেরও অধিক সময় পর পিসিবিতে ফেরার সুযোগ হয়েছিল কর্মকর্তা হিসেবে। তাকে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচকদের পরামর্শক হিসেবে। কিন্তু ২৪ ঘণ্টাও টিকল না সেই চাকরি।
প্রধান নির্বাচক ওয়াহাব অভিযোগ করেন, সালমান বাটকে উপদেষ্টা প্যানেলে অন্তর্ভুক্ত করার পর গণমাধ্যম পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ছাড়া ছিল তুমুল সমালোচনা। তাই বাধ্য হয়েই সালমান বাটকে চাকরিচ্যুত করেছে পিসিবি।
ওয়াহাব রিয়াজ বলেন, সালমান বাট পিসিবির কোনো প্যানেলে নেই। সালমান বাটকে নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি আমার। আমার কাছে বাট একজন ভালো ক্রিকেটমনস্ক, যিনি ক্রিকেট বোঝেন এবং গত দুই-তিন বছর ধরে ঘরোয়া ক্রিকেট কাভার করছেন। শুধু তার মতামত নেওয়ার জন্য তাকে আমার পরামর্শদাতা করা হয়েছিল, যার ভিত্তিতে কিছু মিডিয়া হাউস এবং লোকেরা অপপ্রচার শুরু করেছিল।
এই বিতর্কের উত্তর দিতে গিয়ে ওয়াহাব প্রধান নির্বাচক হিসাবে তার কর্তৃত্বের কথা জোর দিয়েছিলেন এবং জোর দিয়েছিলেন যে কে তার সঙ্গে কাজ করবে তা সিদ্ধান্ত নেওয়া তার এখতিয়ার।
তিনি বলেন, প্রধান নির্বাচক হিসেবে কে আমার সঙ্গে কাজ করবে এবং কার সমর্থন দরকার সেটা আমার সিদ্ধান্ত। কিন্তু মানুষ স্বজনপোষণ (নেপোটিজম) নিয়ে আলোচনা শুরু করেছে, যার কারণে আমি এই সিদ্ধান্ত প্রত্যাহার করছি। আমি ইতোমধ্যে সালমান বাটের সঙ্গে কথা বলেছি এবং তাকে বলেছি যে তিনি আমার দলের অংশ হতে পারবেন না।
তবে ওয়াহাব রিয়াজের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন মোহাম্মদ হাফিজ। সালমান বাটকে নির্বাচক পরামর্শক পদ থেকে অপসারণে মোহাম্মদ হাফিজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাটের নিয়োগের বিষয়টি জানতে পেরে টিম ডিরেক্টর হাফিজ পিসিবির শীর্ষ কর্মকর্তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।
বাটের নিয়োগের খবরে বিস্মিত হয়ে হাফিজ তৎক্ষণাৎ লাহোরে পিসিবি সদর দপ্তরে ফোন করে বলেন, সালমান বাটকে নিয়োগ দেওয়া ভুল ছিল।

আবারও বেড়েছে এলপিজি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা করা হয়েছে। অন্যদিকে অটো গ্যাস প্রতি লিটার ৬৩.৩৬ টাকা থেকে বাড়িয়ে ৬৪ দশমিক ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার (৩ ডিসেম্বর) দুপুর ৩টায় রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এ ঘোষণা দেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।
এর আগে গত ২ নভেম্বর এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৫ টাকা ৯ পয়সায় সমন্বয় করা হয়।
রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে জানিয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বাজারদর অপরিবর্তিত থাকলেও ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে।
বাজারে নির্ধারিত মূল্যে এলপিজি পাওয়া যাচ্ছে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশকিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেসব বিক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও নেওয়া হবে।
২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয় আমদানি নির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে। সৌদির দর ওঠা-ওঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।