মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

৪৭ ইউএনওর বদলির অনুমোদন দিল ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
সে নির্দেশনার আলোকে ৪৭ ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের কাছে সুপারিশ করে। নির্বাচন কমিশন তাতে অনুমোদন দিয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৪৭ ইউএনওর বদলির সুপারিশ এলে কমিশন তাতে অনুমোদন দেয়। আরও ২০ জনের চিঠি এসেছে। মোট ২৫০ জনের বেশি ইউএনও বদলি হবেন। এ ছাড়া ৩২০ জনের মতো ওসিকে বদলি করা হবে।’
গত ৩০ নভেম্বর দুই মন্ত্রণালয়কে সব থানার ওসি এবং সব ইউএনওকে বদলির নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়। এক্ষেত্রে যেসব থানার ওসির কার্যকাল ছয় মাস হয়েছে এবং যে ইউএনওদের কার্যকাল এক বছর হয়েছে, তাদের তালিকা আগে পাঠাতে বলা হয়েছিল।

‘ভুল রাজনীতির কারণে বিএনপি রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে’

বিএনপি নেতৃত্বহীনতা, ভুল রাজনীতি ও ভুল সিদ্ধান্তের কারণে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সন্ত্রাস করে কখনো জনগণের কল্যাণ করা যায় না। এপথে কখনো কোনো সংগঠন সফলতা লাভ করতে পারেনি। নেতৃত্বহীনতা ও ভুল সিদ্ধান্তের কারণে তারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের আগুন, পেট্রোল বোমা হামলায় ট্রাক ড্রাইভার বেলাল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা দেখেছি পৃথিবীর বহু দেশে রাজনীতির নামে যারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। আজকে বিএনপিও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, এ সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রাখলে তাদের ধ্বংসও অনিবার্য। কখনো জনগণের আস্থা অর্জন করতে পারবে না।
হানিফ বলেন, বিএনপি আবার নতুন করে আগুন সন্ত্রাস শুরু করেছে। এই দেশে বহু আন্দোলন হয়েছে। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু হরতাল-অবরোধে কখনো কোনো গাড়ি পোড়াতে হয়নি। গাড়িতে আগুন দেয়া সুস্থ রাজনীতি হতে পারে না। বিএনপি-জামায়াত হরতালের নাম করে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছে। এগুলো রাজনীতির অংশ নয়, সন্ত্রাসী কর্মকান্ড।
সংবিধান অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, দেশের মানুষ উৎসবের আমেজে মেতে উঠেছে। নির্বাচন বানচাল করার ক্ষমতা কোনো অপশক্তির নেই। নির্বাচন যথাসময়ে হবে। যারা নির্বাচনে অংশ নেননি তাদের বলব, আপনারা ভুল করেছেন। আর এজন্য কোনো সন্ত্রাসী কর্মকান্ড করে জনগণের ওপর দায় চাপানোর চেষ্টা করবেন না। এগুলো বরদাশত করা হবে না।

সাকিবের বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ টাকা

সাকিব আল হাসানের বার্ষিক গড় আয় সাড়ে ৫ কোটি বলে নির্বাচনী হলফনামায় দেখানো হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় সাকিব আল হাসান এই আয়-ব্যায়ের হিসাব দিয়েছেন বলে জানানো হয়েছে।
আজ সোমবার (৪ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সাংবাদিকদদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হলফনামায় মাগুরা ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান তার বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখিয়েছেন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা।
হলফনামায় সাকিব পেশায় নিজেকে একজন ক্রিকেটার শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাস উল্লেখ করেছেন।

অবরোধ ডেকে মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে আগুন : ডিবিপ্রধান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যারা অবরোধ ডাকছে তাদের কোনো নেতা মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করছে। যারা নাশকতা করছেন তাদের আইনের আওতায় আনতে কাজ করছে গোয়েন্দা পুলিশ।
আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অবরোধ-হরতালের মধ্যেও রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে। সড়কে যানজট লেগে থাকে। যারা অবরোধ ডাকছেন তাদের কেউ মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করে, ককটেল মারার চেষ্টা করে। তাদের আমরা গ্রেপ্তার করছি।
ডিবিপ্রধান বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা স্বীকার করেছেন যে, তাদের বড় ভাই টাকা দিচ্ছে। সেই ভাইদেরও আমরা গ্রেফতার করেছি। গ্রেপ্তারের পর তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছেন। আমাদের গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে।
হারুন অর রশীদ বলেন, যারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না।
নির্বাচনকে সামনে রেখে বড় কোনো নাশকতার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নির্বাচন কমিশনের দিক নির্দেশনায় কাজ করছে। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনা হবে। ভাঙা গাড়িতে আগুন লাগালেই সবকিছু থেমে যাবে তা নয়। বিচ্ছিন্ন কিছু স্থানে আগুন লাগিয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এসব বিচ্ছিন্ন ঘটনার প্রতিক্রিয়া মানুষের মাঝে নেই। মানুষ জীবনের প্রয়োজনে রাস্তায় বের হয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মাঠে আছে।
নির্বাচন কমিশন থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনায় আমরা কাজ করছি। যারা ওয়ারেন্টভুক্ত আসামি তাদের গ্রেপ্তার করা হবে।

১০ জন নিয়ে খেলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি

পুরো ৮০ মিনিটে একজন খেলোয়ার কম থাকার পরও পিএসজিকে রুখতে পারেনি লে হাভরে। দুই অর্ধে কিলিয়ান এমবাপ্পে ও ভিটিনহার গোলে গতকাল লিগ ওয়ানের এ্যাওয়ে ম্যাচে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা সরাসরি লাল কার্ড পেয়ে মাঠত্যাগে বাধ্য হন। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা নিসের তুলনায় চার পয়েন্ট এগিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি।
একজন কম নিয়ে খেলেও ২৩ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় সফরকারীরা। মৌসুমে এটি লিগে এমবাপ্পের ১৫তম গোল। পর্তুগীজ ডিফেন্ডার ভিটিনহা ম্যাচ শেষের মিনিটখানেক আগে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘আজ পুরো দল যে মানসিকতার পরিচয় দিয়েছে তাতে আমি দারুণ খুশি। ম্যাচে সাধারনত এই ধরনের ঘটনা খুব একটা ঘটে না। শুরুতেই ডোনারুমাকে হারিয়ে আমরা চাপে ছিলাম। কিন্তু স্বাভাবিকের তুলনায় আরো বেশী করে নিজেদের প্রতিরোধ করার যে মানসিকতা সকলের মধ্যে ছিল তা সত্যিই প্রশংসনীয়। আমরা খুব বেশি সুযোগ তাদের দেইনি। যে সুযোগগুলো তারা পেয়েছে সেগুলো ভালোই প্রতিরোধ করেছে আরনাও টেনাস।’
রিজার্ভ গোলরক্ষক ২২ বছর বয়সী টেনাস এবারের গ্রীষ্মে ফ্রি ট্রান্সফার সুবিধায় বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন। ডোনারুমার লাল কার্ডে হঠাৎ করেই তার পেশাদার ক্যারিয়ারের অভিষেক হয়। এনরিকে বলেছেন, ‘টেনাস অসম্ভব একজন পেশাদার খেলোয়াড়। প্রতিদিনই যখন সে অনুশীলনে নামে দেখে মনে হয় এটাই তার মাঠে শেষ দিন।’
এবারের লিগের নতুন দল লে হাভরের ম্যাচের শুরুটা ভালই হয়েছিল। বেশ কিছু কর্ণার আদায় করে তারা পিএসজিকে চাপে রাখে। এর মধ্যে একটি সেট পিস থেকে কাঁধের ইনজুরিতে পড়ে ৮ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন ফাবিয়ান রুইজ। তবে শেষ পর্যন্ত নিজেদের আর প্রতিরোধ করতে পারেনি প্যারিসের জায়ান্টরা। একটি বল ক্লিয়ার করতে গিয়ে ডিফেন্ডার নর্দি মুকিয়েলে ভুল করে বসলে লা হাভরের স্ট্রাইকার জোসু কাসিমির বল পেয়ে যান। তাকে আটকাতে গিয়ে ফাউল করে মাঠ ছাড়েন ডোনারুমা। বলটি ক্লিয়ার করতে মরিয়া হয়ে উঠেছিলেন ডোনারুমা। বক্সের বাইরে কাসিমিরকে থামাতে গিয়ে তার কাঁধে আঘাত করেন।
ডোনারুমার কারনে অ্যাটাকার ব্র্যাডলি বারকোলাকে মাঠ ছেড়ে বদলি বেঞ্চে চলে যেতে হয়েছে। ওসমানে ডেম্বেলের সহায়তায় এমবাপ্পে গোল করে পিএসজিকে এগিয়ে দেন। দুই দলই এরপর আক্রমণের ধার বাড়াতে থাকে। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা পাচ্ছিলনা। এর মধ্যে স্বাগতিকরা ম্যাচে ফিরে আসার জন্য চাপ দিতে থাকে। ৬৪ মিনিটে টেনাসের দুর্দান্ত সেভে ও ডানিলো পেরেইরা ইন্টারসেপশনে সমতায় ফিরতে পারেনি লা হাভরে। ৭০ মিনিটে ডেম্বেলে ব্যবধান দ্বিগুণ করার সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন। ম্যাচ শেষের ১২ মিনিটের আগে নাবিল আলিওয়ের দুই প্রচেষ্টা পোস্টের কাছে থেকে নষ্ট করে দিয়ে টেনাস নিজেকে প্রমাণ করেছেন। ৮৯ মিনিটে শেষ পর্যন্ত ভিটিনহার দুর্দান্ত গোলে পিএসজির জয় নিশ্চিত হয়।

জন্মদিনে বাবার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ মেয়র তাপসের

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মরহুম পিতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন মেয়র তাপস।
আজ সোমবার বনানী কবরস্থানে বাবার কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি।
ব্যারিস্টার শেখ তাপস এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার ইকবাল সেন্টু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পীসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পিতা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৫তম জন্মদিন যথাযথ মর্যাদায় উদযাপনে দিনব্যাপী নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ১০

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের লেক টোবার কাছের একটি গ্রামে আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে এখনো ১০ জন নিখোঁজ রয়েছে। সোমবার একজন উদ্ধার কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
শুক্রবার রাতে উত্তর সুমাত্রা দ্বীপের একটি গ্রামের আবাসিক এলাকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় এক ব্যক্তি ও ৭৮ বছর বয়সী এক মহিলা মারা যায়। এই প্রাকৃতিক দুর্যোগে অনেক ঘরবাড়ি ভেসে যায় এবং একটি হোটেল ধসে পড়ে।
মেদান অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বুডিওনোর প্রধান এক বিবৃতিতে বলেন, প্রাথমিকভাবে ১১ জনকে নিখোঁজ ঘোষণা করা হলেও উদ্ধারকর্মীরা সোমবার আরেকটি লাশ উদ্ধার করেছে।
নিখোঁজদের মধ্যে ছয় ও আট বছর বয়সের শিশু রয়েছে।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানায়, দুর্যোগকবলিত ওই গ্রাম থেকে ১৪০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
খবর এএফপি

শ্রম আইনের সংশোধনী যুক্তরাষ্ট্রকে জানানো হবে : বাণিজ্য সচিব

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও শ্রম আইনে যে সংশোধনী আনা হয়েছে, তা যুক্তরাষ্ট্রকে জানানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।
আজ সোমবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের জাতীয় কর্মপরিকল্পনায় শ্রম অধিকার বাস্তবায়ন নিয়ে আজ সভা করেছি। আমাদের কতটা অগ্রগতি হয়েছে এবং আগামীতে আরও কী করতে হবে, তা নিয়েই কথা বলেছি। ২০২৬ সালে যেহেতু স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে, সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন কিংবা অন্য দেশগুলো বাণিজ্যের ক্ষেত্রে কিছু অঙ্গীকার দেখতে চায়, সেগুলো বাস্তবায়ন নিয়েও আলোচনা করেছি।
তপন কান্তি ঘোষ বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে পোশাক খাতে বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে এমনটা আমরা মনে করছি না।’ বাণিজ্য নিষেধাজ্ঞা আসার মতো বাংলাদেশের শ্রমিকদের অধিকারের অবস্থা এখন নেই।
সচিব বলেন, শ্রমিকদের অধিকারের বিষয়ে যুক্তরাষ্ট্র যে মেমোরেন্ডাম দিয়েছে, সেটা নিয়ে আলোচনা করে তাদের অগ্রগতি জানানো হবে। পোশাক খাত নিয়ে পাঁচ বছরের যে একটি কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে এখন পর্যন্ত যেসব অগ্রগতি হয়েছে; সেগুলো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে জানানো হবে।
তিনি বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছে। তাই শ্রম আইন নিয়ে পর্যালোচনা বৈঠক করেছি। আমরা এ পর্যন্ত চার বার এই আইন সংস্কার করেছি। আমরা একটা সংস্কারের মধ্য দিয়েই যাচ্ছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আইনের সংস্কার হয়েছে। আবার আগামী বছর জুন মাসে বেপজা আইনের সংস্কার হবে। এটা যুক্তরাষ্ট্রকে জানানো হবে। এ নিয়েই আজকে আলোচনা হয়েছে বৈঠকে।
শুল্কমুক্ত সুবিধা নিয়ে কোথায় কোথায় সমস্যা আছে, জানতে চাইলে সচিব বলেন, ধরেন, আমাদের বাণিজ্যে যারা বড় অংশীদার, ইউরোপীয় ইউনিয়নে ২৫ বিলিয়ন ডলার আমরা রপ্তানি করি। শুল্কমুক্ত সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রে আরও দশ বিলিয়ন ডলার রপ্তানি করলেও সেখানে শুল্কমুক্ত সুবিধা পাই না। বরং পৃথিবীর মধ্যে বলা যায় যে যুক্তরাষ্ট্রে আমরা অনেক বেশি শুল্ক দিয়ে রপ্তানি করছি। কিন্তু তাদের কিছু দাবি আছে।
তিনি বলেন, আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশনগুলো অনুমোদন করেছি, সে অনুযায়ী আমাদের শ্রম আইনে একটা ন্যূনতম থ্রেশহোল্ড আছে, একটি কারখানায় মোট শ্রমিকের ২০ ভাগ সদস্য যদি সংগঠন করতে চায়, তাহলে সেটা করতে পারবে। এটাকে ১০ শতাংশ করার দাবি তারা করেছিল, আমরা ১৫ শতাংশ করে দিয়েছি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শ্রম অধিকার সংক্রান্ত সমঝোতায় যেসব ইস্যু ছিল, সেগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা; প্রশ্নে বাণিজ্যসচিব বলেন, ইউরোপীয় ইউনিয়নের দ্বিবার্ষিকী মূল্যায়ন প্রতিবেদন, সেটা কিন্তু সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। সর্বশেষ ১২ থেকে ১৬ নভেম্বর একটা উচ্চপর্যায়ের দল ঢাকায় এসে সব অংশীজনদের সঙ্গে আলোচনা করেছেন। আর বাংলাদেশ যে সংস্কারগুলো নিয়ে এসেছে, সেগুলোর প্রশংসাও করেছেন। বলেছেন, আংশিকভাবে বাস্তবায়ন করেছে, এখন তাদের চাওয়াগুলো আরও বেশি বাস্তবায়ন দেখতে চান। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ যেহেতু শুল্কমুক্ত সুবিধা পায়, সেহেতু তাদের চাওয়াগুলোকে আমরা বেশি গুরুত্ব দিই। আমাদের ৬০ শতাংশ রপ্তানি যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নে যায়। যা মোট রপ্তানির ৬০ শতাংশ।

বাংলাদেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে : প্রধানমন্ত্রী

নদীদূষণ বন্ধের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নদী বাঁচাতেই হবে। বাংলাদেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে।
আজ সোমবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ ও নাব্যতা রক্ষার লক্ষ্যে প্রণীত মাস্টারপ্ল্যানের আলোকে সম্পাদিত সমীক্ষা প্রতিবেদন অবলোকন এবং সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত-বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নদী আমাদের বাংলাদেশের জন্য তেমন, ঠিক আমাদের দেহে যেমন রক্ত চলাচলের জন্য শিরা-উপশিরা আছে। আমাদের বাংলাদেশের টিকে থাকাটাও নির্ভর করে এ নদীর ওপরে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য (প্রয়োজন) সেই প্রবহমান নদী। শিরা-উপশিরার মধ্য দিয়ে রক্তধারা আমাদের শরীরকে বাঁচায়, বাংলাদেশকেও কিন্তু বাঁচায় এ পানি ও নদী। কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে।
বিগত বছরগুলোয় নদীদূষণ-দখল বন্ধ এবং নাব্যতা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর আমাদের সবসময় একটা প্রচেষ্টা ছিল, নদীগুলোকে কীভাবে সুরক্ষিত করা যায়, কীভাবে নাব্যতা ফিরিয়ে আনা যায়।
তিনি বলেন, একসময় বাংলাদেশের নৌপথই ছিল পণ্য পরিবহনের একমাত্র বাহন, একমাত্র জায়গা। নৌপথগুলো কমতে কমতে অনেক জায়গায় এখন নদীপথ নেই, এমন একটা জায়গায় চলে এসেছে।
একটা সময় নদীর নাব্যতা ঠিক রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হতো না জানিয়ে শেখ হাসিনা বলেন, নদী শাসনের নামে শুধু বাঁধ নির্মাণে ছিল সবার নজর। আর বাঁধ নির্মাণ করতে গিয়ে ফসলের জমি নষ্ট হয়। নদী রক্ষা করা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা বা দূষণ থেকে নদীকে রক্ষা করার দিকে নজর ছিল না।
অপরিকল্পিত নিচু ব্রিজ নৌ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু এখানে নয়, সারা বাংলাদেশে স্থানীয় সরকারের পক্ষ থেকে কতগুলো ব্রিজ করা হলো, সে সময় ব্রিজগুলো মানুষের খুব উপকারে এলো, কিন্তু ব্রিজগুলো করার সময় এটা মাথায় রাখা হয়নি যে, এগুলোতে নৌ চলাচল ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য এখন সমস্যা হয়ে গেছে… ব্রিজগুলো প্রতিবন্ধকতা।
নিচু ব্রিজগুলো ভেঙে নতুন করে নির্মাণের পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, বেঁটে বেঁটে (নিচু) ব্রিজগুলো একটু উঁচু করে দেওয়া আর নদীর ড্রেজিং করে দেওয়া যায়।
রাজধানীর বাইরে অন্য শহরগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার বাইরে অন্য শহরগুলোর ক্ষেত্রেও এখনই পরিকল্পনা নিতে হবে। আমরা যে পরিকল্পনাই করি না কেন, সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, পানির প্রবাহ ঠিক থাকে। নদীগুলোর ড্রেজিং করার সঙ্গে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে।
শিল্প কলকারখানায় ট্রিটমেন্ট প্ল্যান্ট নিশ্চিত করা প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, আমি মনে করি, আমাদের এ চারটি নদী যেন দূষণমুক্ত করতে পারি, বর্জ্যটা যাতে না যায়, সেটা যেন ট্রিটমেন্ট প্লান্ট দিয়ে যায়।

নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেও বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ। যারা নির্বাচনে বাধা দিতে আসবে ভোটাররাই তাদের প্রতিহত করবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নাশকতা করে ভোটারদের ভোটকেন্দ্রে আসা থেকে বিরত করা যাবে না। বিদেশি বন্ধুরাও বুঝতে পেরেছে, বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েই এ নির্বাচন বয়কট করছে। তারা স্বেচ্ছায় নির্বাচনে আসছে না। তাদের নির্বাচনে অংশ নিতে জোর করব কেন? আর আওয়ামী লীগ সংবিধান মেনেই নির্বাচনে এসেছে।
আওয়ামী লীগের যেসব প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আপিলে না টিকলে আওয়ামী লীগ পক্ষপাত করবে না বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, এক নির্বাচিত সরকারের কাছে আরেক নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করবে, এটাতে আওয়ামী লীগ প্রতিজ্ঞ।
১৪ দলের সঙ্গে আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যেগুলো যুক্তিযুক্ত, নির্বাচনে জেতার যোগ্য, জোটের শরীক হলেও মনোনয়ন দিতে আওয়ামী লীগের আপত্তি নেই। জোটের খাতিরে শুধু শুধু মনোনয়ন দিলে গণতন্ত্রের প্রতি সুবিচার তো হলো না।
১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশে বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো সমাবেশ নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছি। মানবাধিকার দিবস পালন করা গণতান্ত্রিক অধিকার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।