সোমবার, অক্টোবর ১২, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় ১৭ হাজার ১৭৭ ফিলিস্তিনি নিহত

৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল-হামাস সংঘাতে গাজায় এ পর্যন্ত ১৭ হাজার ১৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন অন্তত ৪৬ হাজার।
অবরুদ্ধ গাজায় নিহত ফিলিস্তিনির এই সংখ্যা ক্রমেই বাড়ছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে এই তথ্য পাওয়া গেছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরার বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই শিশু ও নারী।
এ ছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি হামলায় সাধারণ অবকাঠামোর পাশাপাশি চিকিৎসা সেবা কেন্দ্র গুলোর অবকাঠামোও ব্যাপক ভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আশরাফ আল-কুদরা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৯০ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় অন্তত ১০২টি অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে গেছে। এর বাইরে, ইসরায়েলি হামলায় ১৬০টি চিকিৎসাকেন্দ্র বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২০টি হাসপাতাল ও ৪৬টি প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২ হাজার ১২১ ইয়াবা, ৫৫ গ্রাম হেরোইন, ৯০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা করা হয়েছে।

গ্রুপ অব ডেথে আর্জেন্টিনা, স্বস্তিতে নেই ব্রাজিলও

কোপা অ্যামেরিকার মহাযজ্ঞ শুরু হতে এখনও ১০ মাস বাকি। তবে এখন থেকেই উত্তাপ ছড়াচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট। দক্ষিণ আমেরিকার আঞ্চলিক শ্রেষ্ঠত্বের এই লড়াই শুরু আগে শুক্রবার (৮ ডিসেম্বর) হয়ে গেল গ্রুপ পর্বের ড্র।
এবার সবমিলিয়ে ১৬ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে অনুষ্ঠিত ড্রতে ভিন্ন ভিন্ন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল।
যেখানে ‘এ’ গ্রুপের গ্রুপ অব ডেথে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপ এ-তে আর্জেন্টিনা সঙ্গী হিসেবে পেয়েছে পেরু, চিলি ও প্লে-অফ পেরিয়ে প্রথম দলকে।
অন্যদিকে কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছে না ব্রাজিলও। গ্রুপ ডি-তে ব্রাজিল পাচ্ছে মহাদেশীয় প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে ও কনকাফের প্লে অফ জয়ী দ্বিতীয় দলকে।
গ্রুপ বি-তে থাকছে মেক্সিকো, ইকুয়েডর, জ্যামাইকা ও ভেনিজুয়েলা। গ্রুপ সি-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গী হিসেবে আছে উরুগুয়ে, পানামা ও বলিভিয়া।
সূচি অনুযায়ী, আগামী ২০ জুন আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ এবং ১৪ জুলাই ফ্লোরিডার মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার (৪ ডিসেম্বর) কনমেবল আরও জানিয়েছে, টেক্সাসের আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়াম, হাউস্টনের এনআরজি স্টেডিয়াম, এরিজোনা গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম ও নেভাডার লাস ভেগাসের অ্যালেগিয়ান্ট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এ ছাড়া নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ও নর্থ ক্যারোলিনার শার্লোচে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে।
গ্রুপ পর্বের ম্যাচগুলো ২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৪ থেকে ৬ জুলাই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই ও তৃতীয় স্থান নির্ধারণী খেলা ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।
একনজরে কোপা আমেরিকা -২০২৪ এর গ্রুপ :
গ্রুপ এ – আর্জেন্টিনা, পেরু, চিলি, প্লে-অফ বিজয়ী (১)
গ্রুপ বি – মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা।
গ্রুপ সি – যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।
গ্রুপ ডি – ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লে-অফ বিজয়ী (২)।

মুক্তির আগেই ‘ডানকি’ নিয়ে দর্শকদের যে বার্তা দিলেন শাহরুখ

শাহরুখ খানের ‘ডানকি’র ট্রেলার মুক্তি পেয়েছে দুই দিন আগেই। ছবিটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ কাজ করছে। কেননা প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন শাহরুখ-হিরানি। কিছুদিন পরই মুক্তি পেতে চলেছে সিনেমাটি। তার আগে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মন দিলেন কিং খান। সিনেমাটি নিয়ে ভক্তদের নানা প্রশ্নের জবাব দিলেন তিনি।

ছবি মুক্তির আগে শাহরুখ খান টুইটারে তার জনপ্রিয় আস্ক এসআরকে সেশনের আয়োজন করে থাকেন। বুধবার (৬ ডিসেম্বর) আয়োজিত এই সেশনে ভক্তদের সঙ্গে আড্ডা দেন তিনি। সেশনে এক ভক্ত লিখেছেন, স্যার কোনো রোমান্টিক গান আছে কি এই ছবিতে?’ এই প্রশ্নের উত্তরে কিং খান বলেন, অবশ্যই আছে। আমি আছি অথচ রোমান্স থাকবে না তা কখনো হয়? বিষয়টা তো তাহলে যে হৃদয় আছে, কিন্তু সেটা আর চলছে না। শাহরুখের এই জবাবে তার ভক্তরা মুগ্ধ হন।

শুধু তাই নয়, ডানকি যে খুব আবেগের ছবি হতে যাচ্ছে সেই আভাসও দিয়েছেন তিনি। এক অনুরাগী তাকে জিজ্ঞেস করেন, শাহরুখ খান স্যার এই ছবি দেখার পর কি খুব কাঁদব? আমি আসলে ভীষণ ইমোশনাল তাই জিজ্ঞেস করছি। তাতে তিনি উত্তর দিয়ে লেখেন, সরি বাবা, এই ছবি দেখে তোমার দারুণ কান্না পাবে।

প্রসঙ্গত, শাহরুখ-হিরানি জুটির ‘ডানকি’ ২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা। এতে আরও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচার এবং অনিল গ্রোভারসহ একঝাঁক তারকা। ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমা

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৭ জন। এরমধ্যে ঢাকা সিটির ১০৮ জন এবং ঢাকা সিটির বাইরে ৪২৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ১৬০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১১ হাজার ৯৪৬ জন। মারা গেছেন ১ হাজার ৬৪৩ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৪৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৯৪ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে লাইনচ্যুত ট্রেন, রেল যোগাযোগ বন্ধ

রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতে অংশ নেন।
এর আগে, দুই দিনের সফরে আজ (বৃহস্পতিবার) দুপুরে পদ্মাসেতু হয়ে সড়কপথে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানান, দুই দিনের সফরের প্রথম দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ প্রধান। ওই দিন নিজ বাড়িতে রাত যাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরের দিন শুক্রবার সকালে নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন তিনি। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। তাকে গোপালগঞ্জে স্বাগত জানাতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

মিরপুর টেস্ট : দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রায় ২টা পর্যন্ত অপেক্ষা করলো ম্যাচ কর্মকর্তারা। কিন্তু টানা গুড়িগুড়ি বৃষ্টি চলছেই। থামার কোনো নামগন্ধ নেই। যার ফলে দুপুর ১টা ৫৬ মিনিটের সময় এসে ম্যাচ রেফারিরা দ্বিতীয় দিনের খেলা বাতিল ঘোষণা করলেন। শুক্রবার যথারীতি সকালো ৯টা ১৫ মিনিটে তৃতীয়দিনের খেলা শুরু হবে।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বুধবার রাত থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। অসময়ের এই বৃষ্টির প্রভাব পড়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচে। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা ভাসিয়েই দিয়েছে মিগজাউম।
বুধবার প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়েছে। স্পিনারদের দাপটে দুই দলের’ই মোট ১৫টি উইকেট পড়েছে। আজ ৫ উইকেটে ৫৫ রান নিয়ে বাংলাদেশ সময় সকাল সোয়াব্যাট করতে নামার কথা ছিল নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের।
কিন্তু রাত থেকে তুমুল বৃষ্টি হওয়ায় এমনিতেই মাঠ ছিল ভেজা। আবার সকাল থেকে টানা গুড়ি গুড়ি বৃষ্টি, আবহওয়াকে খেলার প্রতিকূলে নিয়ে গেছে। যার ফলে সোয়া ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি।
এর আগে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিলো ১৭২ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। ৩১ রান করেন জবাব দিতে নেমে ৪৬ রানে নিউজিল্যান্ড হারায় ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট এবং ২ উইকেট নেন তাইজুল ইসলাম।

শুক্রবার প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা : ডিজি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ২০২৩ সালের লিখিত পরীক্ষা পেছানোর দাবি থাকলেও আগামীকাল শুক্রবার (৮ ডিসেম্বর) সেটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর প্রথম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত সকল প্রকার সামগ্রী ইতোমধ্যে জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, তিনটি বিভাগের ১৮টি জেলায় (রংপুর ৮, বরিশাল ৬, সিলেট ৪) এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের সংখ্যা ৫৩৫টি ও কক্ষের সংখ্যা ৮ হাজার ১৮৬টি।
পরীক্ষা সংক্রান্ত জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের ০২৫৫০৭৪৯৬৯ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে।

সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই : ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই। উল্টো আমরাই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করছি।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
এসময় তিনি আরেক প্রশ্নের জবাবে জানান, এখন পর্যন্ত বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে যদি বিএনপি নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব, তাই এ বিষয়ে নিরীক্ষা করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, নির্বাচনে এখনো সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যদি সিদ্ধান্ত হয়, তাহলে সেনাবাহিনী মোতায়েন হলেও ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।
আসছে নির্বাচনে আমেরিকা, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২ জন পর্যবেক্ষক ও ৪৬ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন, জানান ইসি আলমগীর।
অনুষ্ঠানে জেলা প্রসাশক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্ত্বে জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।