সোমবার, অক্টোবর ১২, ২০২৬

গাজার পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকে প্রভাবিত করেছে : রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজা উপত্যকার পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, সমগ্র মানবজাতির জন্য একটি সমস্যা। মস্কোয় রুশ নেতা ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনাকালে তিনি একথা বলেন।
যত তাড়াতাড়ি সম্ভব গাজার বোমা হামলা বন্ধ করা দরকার উল্লেখ করে, ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আজ, এটি শুধুমাত্র আমাদের অঞ্চলের জন্যই নয়, সমগ্র মানবতার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
রাইসি আরও বলেন, ‘গাজা উপত্যকায় যা ঘটছে তাতে আজ, মানবজাতি একতরফা ক্রিয়াকলাপ ও একটি অন্যায্য আন্তর্জাতিক ব্যবস্থায় ভুগছে তারই স্পষ্ট প্রমাণ দেখতে পাচ্ছি।’
ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেন, গাজা উপত্যকায় ‘গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ’ সংঘটিত হচ্ছে। তিনি জোর দেন যে ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলের কর্মকান্ডে ৬,০০০ এরও বেশি শিশু নিহত হয়েছে।
রাইসি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর সমর্থনে এই অপরাধ সংঘটিত হচ্ছে।’
তিনি বলেন, ‘এটি লজ্জাজনক যে আন্তর্জাতিক সংস্থাগুলো, যাদের মানবাধিকার রক্ষা করার কথা, তারা তাদের কার্যকারিতা হারিয়েছে এবং পুরো বিশ্ব সম্প্রদায়ের চোখের সামনে এই সব ঘটছে।’
১ ডিসেম্বর সকালে, ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি আন্দোলন হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে এবং গাজা উপত্যকায় যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার ঘোষণা দেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের নতুন করে আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। আল হাদাথ টিভি চ্যানেলের মতে, গাজায় চলমান সহিংসতায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে।
খবর তাসের

গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে চাপ যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী রন ডার্মার সাথে এক ফোনালাপে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রদানের অনুমতি এবং ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে আরো কিছু করার আহ্বান জানিয়েছেন। এক মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
বুধবার রাতে গাজায় জ্বালানি সরবরাহ ‘ন্যূনতম’ বৃদ্ধির ইসরায়েলের অনুমোদন দেওয়াকে স্বাগত জানিয়েছেন ব্লিঙ্কেন। সেখানে ইসরায়েলি সৈন্যরা এক মাসেরও বেশি সময় ধরে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে।
মার্কিন পররাষ্ট্র বিভাগের সিনিয়র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, তিনি ডার্মারকে আরও কিছু করার আহ্বান জানিয়েছেন।
হামাসের গত ৭ অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ওয়াশিংটনের অবিচ্ছিন্ন সমর্থনের প্রস্তাব দিয়েছে এবং তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে।
তবে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা এবং সেখানে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে একেবারে জনসম্মুখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের ভারসাম্য বজায় রাখার কাজটি প্রবীণ কূটনীতিক কার্ট ক্যাম্পবেলের মন্তব্যে স্পষ্ট হয়ে উঠে। তিনি ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন।
ক্যাম্পবেল বৃহস্পতিবার সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সামনে তার প্রতিপাদন শুনানিতে বলেন, ‘আমি বিশ্বাস করি যে সামরিক অভিযান পরিচালনার বিষয়ে কিছু ক্ষেত্রে আমাদের উদ্বেগের কথা প্রকাশে সতর্ক ছিলাম।’
যুদ্ধ শুরুর পর থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে যুক্তরাষ্ট্রের সর্থনের প্রস্তাব দিতে এবং ইসরায়েলি কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করতে ব্লিঙ্কেন চারবার ইসরায়েল সফর করেন।
বর্তমানে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে যুদ্ধ তীব্রতর হচ্ছে। গাজা সিটিতে যুদ্ধের হাত থেকে রেহাই পেতে অনেক ফিলিস্তিনি নাগরিক সেখানে আশ্রয় নিয়েছিল।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ হাজার ১৭৭ জনে দাঁড়িয়েছে।
খবর এএফপি

আফ্রিকান বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় সালাহ-হাকিমি-ওশিমেন

আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এবারের তালিকায় আছেন মোহাম্মদ সালাহ, আচরাফ হাকিমি ও ভিক্টর ওশিমেন। গত বছরের পারফরমেন্স বিবেচনায় এই তালিকা অনেকটাই অনুমেয় ছিল।
তাদের মধ্যে লিভারপুলের মিশরীয় তারকা স্ট্রাইকার সালাহ এর আগে ২০১৭ ও ২০১৮ সালে টানা দুই বছর আফ্রিকার বর্ষসেরার পুরস্কার জয় করেছেন। পিএসজির ডিফেন্ডার হাকিমি বিশ^কাপে প্রথমবারের মত মরক্কোকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে নাইজেরিয়ান স্ট্রাইকার ওশিমেন গত মৌসুমে নাপোলির হয়ে ২৬ গোল করেছেন। তার অনবদ্য নৈপুন্যে ৩৩ বছর পর নাপোলি সিরি-এ লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়।

গত বছর সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে বর্ষসেরার পুরস্কার জয় করেছিলেন। তার পরের অবস্থানে ছিলেন সালাহ। বায়ার্ন মিউনিখ থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেয়া মানে এবারে তালিকায় জায়গা পাননি।
নারীদের বিভাগে এগিয়ে রয়েছেন রেকর্ড পাঁচ বারের বিজয়ী নাইজেরিয়ার আসিসাট ওশোয়ালা। সংক্ষিপ্ত তালিকায় তার সাথে আরো আছেন দক্ষিণ আফ্রিকার থেম্বি কাগাতলানা ও জাম্বিয়ার বারব্রা বান্ডা।

আগামী ১১ ডিসেম্বর মরোক্কান শহর মারাকেতে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

দেশে দুর্ভিক্ষ ঘটানোর দেশি-বিদেশি পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামনে নির্বাচন। বিএনপি চিন্তা করেছিল নির্বাচন হবে না। এখন নির্বাচন হয়ে যাচ্ছে। একসময় বলেছিল নির্বাচন হতে দেবে না। উসকানি আছে নির্বাচন ঠেকাও। নির্বাচনের শিডিউল হয়ে গেছে। এখন তারা মনে করছে নির্বাচন হয়েই যাবে। তাই তারা মার্চের দিকে দেশে দুর্ভিক্ষ ঘটাবে। এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, বাইরের দেশেরও পরিকল্পনা। যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে।
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) দুই দিনের গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে নিজ নির্বাচনি এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা কে যে ভোটারদের অধিকার কাড়বে। ভোটারদের অধিকার কাড়ার ক্ষমতা তাদের নেই। নির্বাচনে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যারা আগুন দিতে যাবে, তাদের ধরে পুলিশে সোপর্দ করতে হবে। প্রত্যন্ত এলাকায় সবাইকে সজাগ থাকতে হবে। যদি আগুনসন্ত্রাসী বেশি হয়, তাহলে তাদের আগুনেই ফেলে দিতে হবে।
কোটালীপাড়াবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি বাবা-মা, ভাইবোন সবাইকে হারিয়েছি। আপনাদের ভালোবাসা, আস্থা, বিশ্বাস সবচেয়ে বড় পাওয়া। যাদের নমিনেশন দিয়েছি তারা আসন পায় একটি। আমার হলো ৩০০ আসনের দায়িত্ব। তাই আমি বলতে পারি আমার মতো সৌভাগ্য কারও নেই। আমার মতো এলাকা নিয়ে ভাবতে হয় না, চিন্তাও করতে হয় না তাদের। আমি জানি না আর কোনও প্রার্থী সৌভাগ্যবান কিনা, যতটা আমি। একটা দায়মুক্ত করে রেখেছেন। আমি স্বাধীনভাবে সারা বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করতে পারি, কাজ করতে পারি, যার সুফলটা সবাই পায়।
বিএনপিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখনো তারা জ্বালাও-পোড়াও করছে। এদের শিক্ষাটা বোধহয় ইসরায়েলের কাছ থেকে, যারা প্যালেস্টাইনের ওপর আক্রমণ করছে। নিজেরাই ক্ষমতায় থেকে সমানে অর্থ কামিয়েছে। অর্থ সম্পদের পাহাড় গড়েছে। কিন্তু এরা মানুষকে কোনও দিন শান্তিতে থাকতে দেবে না। এটাই তাদের চরিত্র।
শেখ হাসিনা বলেন, এখন তারা নির্বাচন করবে না। ২০১৪ সালে একই কথা বলেছিল। আসলে তারা নির্বাচন করবে কীভাবে। বাস্তব কথাটা কী? বাস্তব হলো ২০০৮ সালের নির্বাচন। এ নির্বাচন নিয়ে তো কেউ কোনও প্রশ্ন তোলে না। কারণ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে কোটালীপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা ধরে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সেখানে থেকে ফিরে যান টুঙ্গিপাড়ায়।
এ সভায় আগামী নির্বাচন নিয়ে নানা ধরনের দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খোন্দকার, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসেন তন্ময় এমপিসহ কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টায় সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে তিনি নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সেখানে তিনি রাতযাপন করেন।

দেশে আরও ৫ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছে পাঁচজন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ১২২ জনে।
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় চারজন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৮১৬ জন। সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৬ লাখ ১৯ হাজার ৭৪৭টি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কেউ আইসোলেশনে আসেনি এবং আইসোলেশন থেকে কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৮২৭ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৫৯২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এ দেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে : আমু

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। পাকিস্তান আমলের পর থেকে এদেশে যা কিছুই হয়েছে তা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন হয়েছে, অন্য কেউ করেনি।
আজ শুক্রবার সাড়ে ১১টায় ঝালকাঠির নলছিটি মুক্ত দিবসে উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, আজকে গ্রামের প্রতিটা মানুষ শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী। এমন কোন পরিবার নেই যে শেখ হাসিনা সরকারের সুবিধা ভোগ করে না। তাই এদেশের উন্নয়নের মূর্তপ্রতীক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করবে। আজ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশে সক্ষম হয়েছে। কথায় আছে নিয়তগুণে বরকত, প্রধানমন্ত্রীর নিয়ত ভালো হওয়ায় আল্লাহ তার সব কাজে বরকত দেন। তাই তিনি সব কাজে সফল হন। জাতীয়, আন্তর্জাতিক কোন ষড়যন্ত্র তাকে দমাতে পারেনি, আর পারবেও না। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, আরও যাবে।
বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী এবং পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান।

নিষেধাজ্ঞা নিয়ে আমরা চিন্তিত নই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা কোনো ধরনের নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নই। সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচন হবে, এখানে নিষেধাজ্ঞা এলে বিএনপির বিরুদ্ধে আসা উচিত। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে বিএনপি ও তার দোসরা সেটার জন্য যোগ্য।
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন সব সময় স্বাধীন। নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। নির্বাচন পর্যন্ত আমরা তাদের সহযোগিতা দিয়ে যাব। কোনো বাধাবিপত্তি, হুমকি, নাশকতা, সন্ত্রাস-এ নির্বাচন অনুষ্ঠানে বাধা হতে পারে না। কারণ নির্বাচনকে কেন্দ্র করে এদেশের জনগণ আজ নির্বাচনমুখী। নির্বাচনমুখী ভোটাররা যেকোনো উপায়ে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। এতে যারা বাধা দেবে, কার্যক্রমের বিপত্তি সৃষ্টি করবে, তাদের দেশের ভোটাররাই প্রতিহত করবে।
তিনি বলেন, আজকে নির্বাচনে বিএনপি এবং তার সহযোগীরা অনেকে অংশ নেয়নি। তবে সারাদেশে একইভাবে নির্বাচনের তৎপরতা চলছে। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি চলছে।
ওবায়দুল কাদের বলেন বলেন, প্রধানমন্ত্রী গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের বেতন বাড়িয়েছেন। এই সেক্টর উন্নয়নে, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আরো কিছু করার ব্যাপারেও সরকার অত্যন্ত যতœশীল। কাজেই বিষয়টি নিয়ে পানি ঘোলা করার কারণ নেই।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখনো দলীয় কোনো বিষয় নেই। এখানে নির্বাচন কমিশনার বিষয়। তারা আচরণবিধি অনুযায়ী চলছে। প্রার্থীরা আদালত পর্যন্ত যেতে পারে। সেখানে আলটিমেটলি যে সিদ্ধান্তে আসবে তার ওপর আমাদের কোনো হাত নেই।
জাতীয় পার্টি কি প্রধান বিরোধী দল হয়ে উঠতে পেরেছে? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করুন। তারা কি ভূমিকা রাখতে চায়। আমাদের সঙ্গে বসলে আমরা তাদের নীতি আদর্শ নিয়ে কথা বলি না।
স্বতন্ত্র প্রার্থী না থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭ তারিখের আগে এ ব্যাপারে মন্তব্য না করাই ভালো।
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে জেতার জন্য আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কথা বলবে। পাবলিকের সাপোর্ট নেওয়ার জন্য তো বিরুদ্ধে কথা বলবেই।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসরায়েল-ইউক্রেন সহায়তা তহবিল আটকে দিল মার্কিন সিনেট

ইসরায়েল ও ইউক্রেনের জন্য ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলারের সহায়তা প্রস্তাব আটকে দিয়েছে দেশটির উচ্চকক্ষ সিনেট। বিপুল পরিমাণ এই অর্থ দিয়ে দেশ দুটিকে সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে ইউক্রেনকে দেওয়ার কথা ছিল ৬ হাজার ১০০ ডলার।
আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (৬ ডিসেম্বর) ডেমোক্রেট নিয়ন্ত্রিত ১০০ সদস্যের সিনেটকক্ষে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এ প্রস্তাবের পক্ষে ৪৯টি ভোট পড়ে আর বিপক্ষে ভোট পড়ে ৫১টি। উচ্চকক্ষে পাস হতে হলে প্রস্তাবটির পক্ষে কমপক্ষে ৬০ ভোট থাকতে হতো।
সাবেক ডেমোক্রেট নেতা ও প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি সেন্ডার্স এই প্রস্তাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি বলেন, নেতানিয়াহুর কট্টর ডানপন্থি দলকে গাজায় যুদ্ধ চালাতে ১ হাজার ১০০ কোটি ডলারের সহায়তা প্রস্তাব দিতে চাওয়া সম্পূর্ণ অনৈতিক।
‘সশস্ত্র হামাসের বিরুদ্ধে দমননীতি চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে, কিন্তু নিরাপরাধ বেসামরিক গাজাবাসীর ওপর এমন অমানবিক হত্যাযজ্ঞ চালানো কখনোই বৈধতা পেতে পারে না।’
এদিকে প্রস্তাবটির বিরোধিতার প্রতিক্রিয়ায় বুধবার সন্ধ্যায় সিনেটে দেওয়া ভাষণে জো বাইডেন বলেছিলেন, রিপাবলিকানরা আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে খেলেছে। ইউক্রেনের তহবিল নিয়ে তারা চরম পক্ষপাতমূলক আচরণ করছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর থেকে ইউক্রেনকে সহায়তায় প্রায় ১১ হাজার ১০০ কোটি ডলারের তহবিল অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস। এছাড়া গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকেও সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
চলতি বছরের ২১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই তহবিল চেয়ে কংগ্রেসের কাছে আবেদন পাঠায় হোয়াইট হাউহ। নভেম্বরের শেষ দিকে ইসরায়েলের জন্য অতিরিক্ত তহবিল অনুমোদনের জন্য একটি প্রস্তাব পাস করেছিল হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। কিন্তু রিপাবলিকানরা সিনেটে সেই প্রস্তাব আটকে দিল।
খবর আল-জাজিরা

জোড়া গোলে ব্রাজিলিয়ান অ্যাডভেঞ্চার শেষ করলেন সুয়ারেজ

ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে শেষ ম্যাচে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকারের দুই গোলে বুধবার রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলিয়ান লিগের শেষ ম্যাচে ফ্লুমিনেন্সকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে গ্রেমিও।
ম্যাচের ৪৩ মিনিটে প্রথম গোলটি করেন সুয়ারেজ। এরপর ৬৪ মিনিটে পেনাল্টি স্পট থেকে নিজের দি¦তীয় গোল করেন। ব্রাজিলিয়ান অভিযান শেষে ঘনিষ্ঠ বন্ধু লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামিতে সুয়ারেজের যোগ দেবার গুঞ্জন শোনা যাচ্ছে।
এই জয়ে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রেমিও টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে। লিগ শিরোপাজয়ী পালমেইরাসের থেকে দুই পয়েন্ট পিছিয়ে ছিল গ্রেমিও।
ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি থাকলেও বয়স বিবেচনা করে তা কমিয়ে এক বছর করেছেন সুয়ারেজ নিজেই। গ্রেমিওর অধিনায়ক হিসেবে ২০২৩ সালে সুয়ারেজ ক্লাবের ৬৪টি ম্যাচের মধ্যে ৫৪টিতে অংশ নিয়ে ২৯ গোল করেছেন। ব্রাজিলিয়ান লিগে চলতি মৌসুমে তিনি দ্বিতীয় ১৭ গোল করে করেছেন। তার সুবাদে বিস্ময়করভাবে ভালো ফলাফল নিয়ে লিগ শেষ করেছে গ্রেমিও।
মিয়ামিতে সাবেক বার্সেলোনা সতীর্থ মেসির সাথে যোগ দেবার বিষয়টিতে কোন মন্তব্য করতে রাজী হননি সুয়ারেজ। এই মুহূর্তে পরিবার ও স্বাস্থ্যের প্রতি নজড় দিতে চান বলে জানিয়েছেন। এ সম্পর্কে গত সপ্তাহে সুয়ারেজ বলেছিলেন, ‘আমি ফুটবলকে ভালবাসি। কিন্তু প্রতিদিন সকালে ব্যাথা নিয়ে ঘুম থেকে ওঠা সত্যিই কঠিন। আমি খেলা চালিয়ে যেতে চাই, সবাই জানে আমি কতটা পরিশ্রম করি। কিন্তু এখনো জানিনা আগামীতে আমার জন্য কি অপেক্ষা করছে।’
ঘরের মাঠে গত সপ্তাহে ভাসকোর বিপক্ষে শেষ ম্যাচে গ্রেমিওর জয়ের একমাত্র গোলটি করেছিলেন সুয়ারেজ। ঐ ম্যাচের পরপরই তিনি এই মন্তব্য করেছিলেন। ঐ ম্যাচের পর পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানিয়েছে।
মৌসুমের শেষে গ্রেমিও ছাড়ছের বলে গত জুলাই মাসেই জানিয়েছিলেন সুয়ারেজ। এ সময় সমর্থক ও স্থানীয় রাজনীতিবিদরা তার সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করেছে। লিগে দ্বিতীয় স্থান লাভ করায় আগামী বছর কোপা লিবারটেডর্সে খেলার যোগ্যতা অর্জন করেছে গ্রেমিও। সুয়ারেজ বলেন, এই টুর্নামেন্টে খেলতে পারলে খুশী হতাম। কিন্তু আমার শরীর আর সায় দিচ্ছেনা। আমার এখন বিশ্রাম প্রয়োজন। একজন ফুটবলারের জন্য বিদায় বলাটা সত্যিই কঠিন। ফুটবলাররা কখনই অবসরের জন্য প্রস্তুত থাকে না।

ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি সোনা জব্দ : আটক ৯

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ কেজি সোনাসহ ৯ যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক ব্যক্তিরা সবাই দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের যাত্রী।
শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি নামলে তাদের আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি তবে আটকদের মধ্যে কয়েকজন শিশু আছে বলে জানা গেছে।
কাস্টমসের বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস এবং এনএসআইয়ের যৌথ অভিযানে চোরাচালানের এই বিপুল পরিমাণ সোনা আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ৯ যাত্রীকে সাসপেক্ট করেছি। এর মধ্যে কম বয়সী বাচ্চারাও আছে। তবে ৩-৪ জন বলছে, তারা কিছুই জানেন না।
তিনি আরও বলেন, বিস্তারিত জানাতে আমাদের আরেকটু সময় লাগবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন। তারা আসলে আমরা সবগুলো ওপেন করব। আটকরা আমাদের কাস্টডিতে আছেন।