সোমবার, অক্টোবর ১২, ২০২৬

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৩১০

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩১০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ইসরায়েলের বিমান, স্থল এবং নৌবাহিনী এসব হামলা চালায়। জাতিসংঘের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় দেশটির পাল্টা হামলায় এ পর্যন্ত প্রায় ১৭,৫০০ জন নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু বলে জানা গেছে। সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৪৬,০০০ মানুষ আহত হয়েছে।
ফিলিস্তিনি হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েল ভূখন্ডে সীমান্তের কাছে হামলা চালায়। হামলার পর মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বেড়ে যায়।
হামাস তাদের এ হামলাকে জেরুজালেমের ওল্ড সিটিতে টেম্পল অব মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকান্ডের এক জবাব হিসেবে বর্ণনা করেছে।
হামাসের এমন হামলার পর ইসরায়েল গাজাকে সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে গাজা উপত্যকার বিভিন্ন এলাকা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এর পাশাপাশি তারা লেবানন এবং সিরিয়ার নির্দিষ্ট কিছু এলাকা লক্ষ্য করেও হামলা চালাতে শুরু করেছে। এদিকে পশ্চিম তীরেও সংঘর্ষ অব্যাহত রয়েছে।
খবর তাসের

সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন বাস ট্রাকে আগুন দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা মূলত আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি বলেন, নিষেধাজ্ঞা নিয়ে স্বপ্ন দেখছে বিএনপি। তারা ভাবছে কোনো বিদেশি প্রভু তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বারবার সরকার পতনের কথা বলে বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতে চায়।
আজ শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহর সদর কমিটির বর্ধিত সভায় যোগ দিয়ে হানিফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। আওয়ামী লীগ ১৪ দলীয় জোটেই নির্বাচন করবে। ১৪ দলের বাইরে অন্যকোন দলের সঙ্গে আসন ভাগাভাগির কোনো সুযোগ নেই। আর নাশকতা যেগুলো হচ্ছে সেটা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে শক্ত পদক্ষেপ নিচ্ছে। যে এলাকায় নাশকতা হবে সেই এলাকার বিএনপি নেতাদের এর দায়ভার বহন করতে হবে। নাশকতা করলেই তাকে আইনের আওতায় আসতে হবে। আশা করছি দুই একটি কঠোর পদক্ষেপ নিলেই এই চোরাগুপ্তা নাশকতা বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, বিএনপির একটি গুজব সেল আছে। এদের কাজই হলো গুজব সৃষ্টি করা। এগুলোর কোনো ভিত্তি নেই।
বর্ধিত সভায় মাহবুব উল আলম হানিফ ছাড়াও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও অন্যান্য নেতাকর্মীরা।

দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন : প্রধান বিচারপতি

দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
তিনি বলেন, ‘দুর্নীতি যেমন বৈষম্য, সামাজিক অনৈক্য ও অস্থিতিশীলতার সৃষ্টি করে, তেমনই তা অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই আমি মনে করি, দুর্নীতি নিয়ন্ত্রণের গুরুদায়িত্ব দুদকের হলেও এককভাবে কমিশনের পক্ষে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগের সম্মিলিত প্রচেষ্টা ও জনগণের সক্রিয় উদ্যোগই পারে সমাজ থেকে দুর্নীতি নামক বিষবৃক্ষকে নির্মূল করতে।’
আজ শনিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আমরা সেই জাতি যারা অন্যায়- অবিচার, দুঃশাসন-অপশাসন, বৈষম্য-জুলুমের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেও জয়লাভ করতে পারবো, ইনশাআল্লাহ। প্রধান বিচারপতি হিসেবে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান থাকবে, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ধারণ করে আইনের সুষ্ঠু প্রয়োগ করে দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।’
তিনি বলেন, ‘দুর্নীতির মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য দেশের সব জেলায় বিশেষ জজ আদালত প্রতিষ্ঠিত হয়েছে। এ ছাড়া, বর্তমানে হাইকোর্ট বিভাগের একাধিক বেঞ্চ দুর্নীতি দমন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলাগুলো শুনানি করছেন। তাই প্রধান বিচারপতি হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে দেশের অধস্তন আদালত ও উচ্চ আদালতে দুর্নীতির মামলাগুলো যথাশীঘ্র নিষ্পত্তিতে বিচার বিভাগ সচেষ্ট।’
প্রধান বিচারপতি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির বিকাশের কারণে দুর্নীতির ধরন ও পদ্ধতিও পাল্টেছে। তাই বর্তমান বাস্তবতায় দুদকের সামনে বহুমুখী চ্যালেঞ্জ বিরাজমান। এ কারণে দুদককে দুর্নীতি দমন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শুধু গতানুগতিক প্রক্রিয়ায় মামলা-মোকদ্দমা নয়; বরং আন্ডারকভার অপারেশন, সার্ভিলেন্স, কোভার্ট ইনভেস্টিগেশন, মামলা পরিচালনায় আধুনিকীকরণ, রেকর্ড ব্যবস্থাপনা যুগোপযোগীকরণ, পুনরুদ্ধার করা সম্পদের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, দুর্নীতি প্রতিরোধে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে উদ্যোগ নিতে হবে। তবে এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে দুদক কর্তৃক মামলা যেমন আগের তুলনায় বেড়েছে, তেমনই মামলায় সাজার হারও উল্লেখযোগ্য হারে বেড়েছে।’
দুদকের দৃষ্টি আকর্ষণ করে প্রধান বিচারপতি বলেন, ‘বিদ্যমান আইনে স্থায়ী প্রসিকিউশন ইউনিটের মাধ্যমে আদালতে মামলা পরিচালনার বিধান রয়েছে। তাই দুর্নীতি দমন কমিশনের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যত দ্রুত সম্ভব নিজস্ব স্থায়ী প্রসিকিউশন ইউনিট গঠনের উদ্যোগ নিন। তাহলে দেশের আদালতগুলোতে চলমান দুর্নীতির মামলাগুলো আরও দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। একই সঙ্গে কমিশনের অনুসন্ধান, তদন্ত ও তদারকির কাজে নিয়োজিত কর্মকর্তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অত্যন্ত নির্মোহভাবে, কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে, নিষ্ঠার সঙ্গে সুষ্ঠুভাবে অর্পিত দায়িত্ব পালন করবেন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। আপনার কোনো ভুল পদক্ষেপে যেন কোনো নিরপরাধ হয়রানির শিকার না হন সে বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবেন।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ। জাতীয় শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে এ সভার আয়োজন করে দুদক।

‘অ্যানিমেল’-এ বৈবাহিক ধর্ষণের সেই দৃশ্য নিয়ে যা বললেন মানসী

‘অ্যানিমেল’ সিনেমায় ববি দেওল ও মানসী তক্ষকের মধ্যে বৈবাহিক ধর্ষণের একটি দৃশ্য রয়েছে। দৃশ্যটি নিয়ে সিনেমা মুক্তির পর থেকেই বিতর্ক চলছে। অবশেষে ভারতের জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের মত জানালেন মানসী তক্ষক।
মানসী বলেন, ‘অবশ্যই দৃশ্যটি ধাক্কা দেওয়ার মতো। কেউই ধারণা করতে পারেননি বিয়ের অনুষ্ঠান এভাবে শেষ হবে। বিয়ের দৃশ্যটি যখন শুরু হয়, তখন লাইন, সাজসজ্জা মিলিয়ে দারুণ ছিল। সেখানে যে মিউজিক ছিল, সেটা তো ভাইরাল হয়েছে। কিন্তু দৃশ্যটি যেভাবে শেষ হয়, সেটা চমকে দেওয়ার মতো।’
তিনি বলেন, ‘দৃশ্যটি করা হয়েছে দর্শককে এটা বলতে যে, ‘অ্যানিমেল’ আসছে। যদি রণবীর কাপুর অভিনীত চরিত্রটি এতটা সহিংস হতে পারে, তাহলে আপনাকে বুঝতে হবে, খলনায়ক আরও খারাপ হবে। দৃশ্যটি মূলত ববি দেওল স্যার অভিনীত চরিত্রটিকে প্রতিষ্ঠিত করতে সিনেমায় রাখা হয়েছে।’
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’ গত শুক্রবার মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি।

দুদককে আরও কৌশলী ও প্রযুক্তিনির্ভর হতে হবে : রাষ্ট্রপতি

সরকারদুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, একজন দুর্নীতিবাজের পরিচয় কেবলই দুর্নীতিবাজ। দুর্নীতিবাজদের কোন দল নেই, নীতি-আদর্শ নেই। তাই দুর্নীতিবাজরা যে দলেরই হোক, দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হলে দুদককে আরও কৌশলী হতে হবে, প্রশিক্ষিত ও প্রযুক্তিনির্ভর হতে হবে।
আজ শনিবার ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি দুদককে জনগণের নির্ভরতা ও আস্থার স্থলে পরিণত করতে সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ও আদেশ দেন।
দুদককে একটি আধুনিক, পেশাদার ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আপনার বা আপনাদের কোনো ভুল পদক্ষেপে যেন কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।’
রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবায় সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখুন… দুদককে জনগণের নির্ভরতা ও আস্থার স্থলে পরিণত করতে হবে।’
বর্তমান বিশ্বায়নের যুগে প্রয্কু্িতগত উৎকর্ষের সাথে সাথে দুর্নীতিবাজদের কৌশলও বদলেছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য দুদককে নির্দেশ দিন রাষ্ট্রপতি।
তিনি প্রত্যাশা করেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে রূপকল্প-২০৪১, শত বছরের উন্নয়ন পরিকল্পনা ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়ন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে দুদক অগ্রণী ভূমিকা পালন করবে।
রাষ্ট্রপতি বলেন, দুদক তাদের ওপর অর্পিত দায়িত্ব কোন অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে নির্মোহ ও নিষ্ঠার সাথে সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারলেই আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন স্বার্থক হবে।

সংবিধিবদ্ধ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে জনগণের কাছে দুদকের জবাবদিহি থাকা উচিত মনে করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, জনগণ আশা করে দুর্নীতি দমন কার্যক্রমে কমিশনের সকল পর্যায়ের কর্মচারীগণ সর্বোচ্চ নিরপেক্ষতা ও নৈতিকতা প্রদর্শন করবেন।
‘দুর্নীতি শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা এবং পৃথিবীর কোনদেশই এর কুপ্রভাব থেকে সম্পূর্ণমুক্ত নয়। দুর্নীতি সমাজে বৈষম্যের সৃষ্টি করে, অর্থনৈতিক বিকাশ ও উন্নয়নকে বাধাগ্রস্থ করে,’ তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘তাই দুর্নীতি দমন করতে হলে পরিবার থেকেই শুরু করতে হবে . . . পারিবারিক ও সামাজিক শিক্ষা এবং ধর্মীয় অনুভূতিও দুর্নীতি রোধে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’
তিনি ভবিষ্যত প্রজন্ম যাতে দুর্নীতিমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে সে জন্য দুর্নীতির বিরুদ্ধে সর্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলারও তাগিদ দেন।
সাবেক এই দুদক কমিশনার গত ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পদ্মা সেতু অসত্য কেলেঙ্কারির ঘটনাসহ বিভিন্ন স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, ‘তাই তো দুর্নীতি দমন কমিশনের সফলতায় আনন্দিত হই, আবার ব্যর্থতায় ব্যথিত হই।’
রাষ্ট্রপতি দুদকের নীতিনির্ধারণী পর্যায়ে প্রত্যেককে আইন সম্পর্কে সম্যক ধারণা থাকার প্রতি গুরুত্ব আরোপ করেন।
রাষ্ট্রপ্রধান দাপ্তরিক ও আইনি পদক্ষেপের পাশাপাশি দুর্নীতি কমাতে সমাজের সর্বস্তরে জনসচেতনতা বাড়ানোর ওপর ও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুদকের চেয়ারম্যান মোহাম্মাদ মঈনউদ্দিন আবদুল্লাহ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার মোছা. আছিয়া খাতুন এবং কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।

গাজা ইস্যুতে ব্লিঙ্কেনকে যা বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এবং খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য ‘জরুরিভিত্তিতে পদক্ষেপ’ নিতে হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, ওয়াশিংটনে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, তিনি ব্লিঙ্কেনকে বলেছেন যে, গাজায় যুদ্ধের বিস্তার এবং বৃদ্ধির সম্ভাবনা কমাতে ‘সকল সম্ভাব্য প্রচেষ্টা’ গ্রহণ করতে হবে। কারণ এটি ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর বিপজ্জনক প্রতিক্রিয়া’ ফেলতে পারে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণ যাতে তাদের ন্যায্য অধিকার পায় তা নিশ্চিত করার জন্য শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে হবে।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে গত একদিনে ৩১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় এই হত্যাযজ্ঞ চালিয়েছে দখলদার বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জাতিসংঘের এক রিপোর্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। গাজার ঘন জনবসতি এলাকাগুলোতে জল, স্থল ও আকাশ তিন দিক থেকেই আক্রমণ করেছে ইসরাইলি বাহিনী।
জাতিসংঘ জানিয়েছে, শুক্রবার ও বৃহস্পতিবার গাজার বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গাজা শহরের পূর্বে আল-দোরজ এলাকায় গোলাগুলি করেছে তারা। ওই ঘটনায় একটি বাড়ি ধসে পড়ে অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা শহরের পূর্বাঞ্চলের দুটি বাড়িতেও হামলা চালিয়েছে। সেখানেও অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে হামলা করেছে ইসরাইলি বাহিনী। এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন ফিলিস্তিনি।
এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরের পশ্চিম এলাকার একটি আবাসিক ভবনেও আক্রমণ করা হয়েছে। সেখানে অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সিরিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান হামলার মধ্যেই এবার দক্ষিণ সিরিয়ায় ড্রোন হামলা করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার চালানো হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যও রয়েছেন।
সিরিয়ার আল-ওয়াতান সংবাদপত্র ও শাম এফএম রেডিওর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সিরিয়ার দক্ষিণের বাথ শহরে ড্রোন হামলা করেছে ইসরাইলি বাহিনী। এই ঘটনায় নিহত চারজনের মৃতদেহ সিরিয়ার কুনেইত্রা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এপির দেওয়া তথ্য অনুসারে, লেবাননের রাজধানী শহর বৈরুত থেকে এক হিজবুল্লাহ কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে তিনজন হিজবুল্লাহর সদস্য।
প্রতিবেদন থেকে জানা গেছে, গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর সংঘর্ষে এ পর্যন্ত ৯৩ জন হিজবুল্লাহ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।
প্রতিবেদন থেকে আরও জানা গেছে, সিরিয়ার অভ্যন্তরে প্রতিনিয়তই ব্যাপক হারে আক্রমণ করে আসছে ইসরায়েলি বাহিনী। কিন্তু খুব কম সময়ই এ হামলার দায় স্বীকার করে ইসরায়েল।

নারীকে প্রধান বিচারপতি করার আফসোসটা থেকে গেল : প্রধানমন্ত্রী

তিনি বলেন, জুডিশিয়াল সার্ভিসে নারীরা অংশগ্রহণ করতে পারবেন না, এটাই ছিল পাকিস্তানের আইন। স্বাধীনতার পর জাতির পিতা সমস্ত আইনগুলো পরিবর্তন করেন। এই আইন পরিবর্তনের পর থেকে আমাদের দেশের মেয়েরা জুডিশিয়াল সার্ভিসে যোগ দিতে পারছে।
শেখ হাসিনা বলেন, ‘আমি সরকারে এসে দেখি আমাদের উচ্চ আদালতে কোনো নারী জজ নেই। তখন আমি উদ্যোগ নিলাম, মহামান্য রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি, আইনমন্ত্রীর সঙ্গে বলেছি— উচ্চ আদালতে কোনো জজ নিয়োগ দেওয়া হলে তাতে যদি কোনো নারী জজের নাম না থাকে, আমি কখনও ওই ফাইল সই করব না, রাষ্ট্রপতির কাছে পাঠাব না। সেই থেকে যাত্রা শুরু।’
তিনি বলেন, বাংলাদেশের মেয়েরা আর পিছিয়ে নেই। খেলাধুলা থেকে রাজনীতি- সব ক্ষেত্রে নারীরা সফলতার সঙ্গে কাজ করছে। সাংবাদিকতা থেকে শিল্পকলা সব জায়গায় নারীরা সফল। এখন ইসলাম ধর্মের কথা বলে কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের কেউ আটকে রাখতে পারবে না।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আওয়ামী লীগ অগ্রগণ্য : কাদের

মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আওয়ামী লীগ অগ্রগণ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে নিরপেক্ষ ও স্বাধীন মানবাধিকার কমিশন আইন করেছেন। বর্তমানে দেশে মানবাধিকার কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে। জন্ম থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী সংগ্রাম অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার প্রত্যয় ব্যক্ত করেছেন, আমাদের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সুতরাং নিষেধাজ্ঞা আরোপের কোন যৌক্তিক কারণ আমরা দেখছি না। বরং যারা সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার পথ বেছে নিয়েছেন তাদের ওপরই নিষেধাজ্ঞা আসার কথা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মানবাধিকার নিয়ে কথা বলে, জেলের অভ্যন্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সারির চারজন সংগঠককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মানবাধিকার নিয়ে কথা বলেন অনেকেই কিন্তু ২১ আগস্টের সমাবেশে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে। আইভি রহমানসহ ২৩ জনকে হত্যা করা হয়েছে। মানবাধিকার নিয়ে যারা কথা বলেন, তারা এ নিয়ে কথা বলেন না।
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বিভিন্ন রকম চাপ আসতে পারে, বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব মোকাবিলা করার জন্য রাজনৈতিক ও মানসিক শক্তি আমাদের আছে। আওয়ামী লীগ বার বার ষড়যন্ত্র মোকাবিলা করেই আজকের এই অবস্থানে রয়েছে। ষড়যন্ত্র মোকবিলা করেই আমরা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে এসেছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ায় যত বাধায় আসুক আমরা এই লড়াইয়ে অবিচল।
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

মানবিক কর্মীদের রক্ষার জন্য ইসরায়েলের প্রতি ডব্লিওএইচও সদস্যদের আহ্বান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েকটি সদস্য দেশ গাজায় মানবিক কর্মীদের রক্ষায় আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাকে সম্মান করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে।
খসড়া এই প্রস্তাবটির বিষয়বস্তু রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) নির্বাহী বোর্ডের ‘অধিকৃত ফিলিস্তিনী অঞ্চলের স্বাস্থ্য পরিস্থিতি’ নিয়ে আয়োজিত বৈঠককালে পর্যালোচনা করা হবে।
আলজেরিয়া, বলিভিয়া, চীন, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, লেবানন, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তিউনিশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন প্রস্তাবটি পেশ করে।
ডব্লিওএইচওতে ফিলিস্তিনি প্রতিনিধিদের পর্যবেক্ষকের মর্যাদা রয়েছে। তারাও প্রস্তাবটিতে স্বাক্ষর করেছে।
ডব্লিওএইচওর সদস্য দেশগুলো পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের বিপর্যয়কর মানবিক পরিস্থিতি বিশেষ করে গাজা উপত্যকায় সামরিক অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
তারা মানবিক কর্মী বিশেষ করে যারা সরাসরি চিকিৎসার কাজে নিয়োজিত তাদের এবং হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা কেন্দ্রের সাথে জড়িতদের প্রতি ‘সম্মান ও সুরক্ষা’ দেয়ার জন্যে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।
এ ছাড়া আলাদাভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমিয়ার শুক্রবার বলেছেন, গাজার পরিস্থিতি দিনকে দিন ধারনার চেয়েও বেশি ভয়ংকর হয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ ইসরাইলী প্রাণ হারায়। এর পর পরই ইসরাইল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে। তাদের অব্যাহত হামলায় ১৭ হাজার ৪৮৭ ফিলিস্তিনি নিহত হয়। এদের অধিকাংশই নারী ও শিশু।