সোমবার, অক্টোবর ১২, ২০২৬

বিবাহিত জীবনের মতো সুন্দর আর কিছুই হয় না : পরিণীতি

সবে তিন মাস হতে চলল বিয়ের পিঁড়িতে বসেছেন। স্বামী রাঘব চাড্ডা ভারতের আম আদমি পার্টির বড় নেতা। যেখানেই যান ‘হাসি তো ফাসি’ অভিনেত্রীকে এখন একটা কমন প্রশ্ন শুনতেই হচ্ছে, রাজনীতিতে আসবেন?
সম্প্রতি গুজরাটের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিণীতি চোপড়া। টাইমস অব ইন্ডিয়ার মুখোমুখি হয়ে সেদিন একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে।
এত দিন এড়িয়ে গেলেও সেদিন উত্তর দিলেন। সাফ জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে নামবেন না।
পরিণীতি বলেন, ‘সবাইকে আমাদের এই সফল বিয়ের একটি গোপন কথা বলি। ও (রাঘব) যেমন বলিউডের কিছুই জানে না, আমিও তেমনি পলিটিক্সের কিছুই জানি না।

তাই মনে হয় না যে আমাকে রাজনীতিতে যোগ দিতে দেখবেন কখনো। যদিও আমাদের দুজনের জীবনই ভীষণভাবে পাবলিক। আর আমরা দুজনই জনগণের ভালোবাসার মানুষ। আর সত্যি বলতে কি যদি সঠিক মানুষের সঙ্গে থাকা যায় তাহলে বিবাহিত জীবনের মতো সুন্দর আর কিছুই হয় না।’
কথা প্রসঙ্গে পরিণীতি আরো বলেন, ‘কাজ ও ব্যক্তিগত জীবনের ব্যালান্স রাখা খুব জরুরি। ভারতীয়রা সব সময়ই গর্ব করে বলে কাজের জন্য তাঁরা খাওয়াদাওয়া কিছুই করছেন না। এটা ঠিক নয়। এভাবে জীবন কাটানো উচিত নয়। আমি কঠোর পরিশ্রম করতে চাই, কাজ করতে চাই।’

দক্ষিণ কোরিয়ায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার (১১ ডিসেম্বর) প্রশিক্ষণ চলাকালীন বিমানটি বিধ্বস্ত হয়। অবশ্য বিমান বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ মহড়ার সময় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় বলে ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বর্হিগমনের মাধ্যমে বাইরে বেরিয়ে আসেন এবং পরে তাকে উদ্ধার করা হয়।
দক্ষিণ কোরিয়ার এই বার্তাসংস্থাটি পীত সাগরের কথা উল্লেখ করে বলেছে, ‘যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ১৭৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসানের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। একপর্যায়ে পরে সেটি (পীত সাগরের) পানিতে বিধ্বস্ত হয়।’
ইয়োনহাপের খবরে আরও বলা হয়েছে, যুদ্ধবিমান থেকে বের হওয়ার পর পাইলটকে উদ্ধার করা হয়।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন সেনাদের তত্ত্বাবধান করে থাকে ইউনাইটেড স্টেটস ফোর্সেস কোরিয়া।
যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার এই বিষয়টি তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকেও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় সিউলের দক্ষিণাঞ্চলে কৃষি এলাকায় বিধ্বস্ত হয়। সে সময়ও পাইলট নিরাপদে বের হয়ে যান এবং দুর্ঘটনায় অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ১৩৮ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জনেই রইল।
আজ সোমবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চারজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৮২৮ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৪৫০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১০ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

হত্যা-গুম বিএনপির কাজ, এটা আওয়ামী লীগের কাজ নয় : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনোই হত্যা ও গুমের রাজনীতি করে না। এটা বিএনপির কাজ।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার কখনো খুন-গুমের সঙ্গে জড়িত নয়, এটা ছিল বিএনপির কাজ। জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা থাকাকালীন হত্যা ও গুমের রাজনীতি চালিয়েছিল। এ সময় অনেক সিনিয়র আওয়ামী লীগ নেতাসহ ২৫ থেকে ২৬ হাজার জনকে গুলি করে হত্যা করেছে। সামরিক বাহিনী ও নৌ বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিনা বিচারে ফাঁসি দিয়ে হত্যা করেছিল। শুধু তাই নয়, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নিষ্ঠুরভাবে হত্যা করে। এরপর জাতীয় চার নেতাকে হত্যার শিকার হতে হয়েছিল। তারা ২০০৪ সালে ক্লিন হার্ট অপারেশনের নামে ৬৫ জন যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পিটিয়ে হত্যা করেছে।’
আজ সোমবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে জোটের আসন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জোটের শরিকদের নিয়ে বৈঠক হয়েছে এবং ওই বৈঠকে আলাপ-আলোচনা হয়েছে। বৈঠকের পর শরিক দল সন্তোষ প্রকাশ করেছে। ১৪ দলীয় জোটের সাথে আসন ভাগাভাগির বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হবে।’
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পরে তিনি মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন। জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মানিক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা ইউনিট কমান্ডার সাইদুর রহমান।

দেওয়ালে পোস্টার লাগালে গলায় জুতার মালা দেওয়া হবে: মেয়র আতিক

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নান্দনিক স্থাপনা এবং দেওয়ালে যারা পোস্টার লাগাবেন তাদের গলায় জুতার মালা পরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন চেয়ে তিনি বলেছেন, নির্বাচন এলেই ঢাকা শহর পোস্টারে ঢেকে যায়। স্মার্ট বাংলাদেশে আমরা কেন ডিজিটাল ক্যাম্পেইন করতে পারছি না? আমি ইসিকে অনুরোধ করতে চাই, নির্দিষ্ট স্থান ছাড়া পোস্টার লাগানো যাবে না, এমন প্রজ্ঞাপন জারি করুন।

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর মহাখালী ফ্লাইওভারে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা শহরকে দৃষ্টিনন্দন করার অনেক কাজই করি। কিন্তু দুঃখের বিষয়, সে কাজগুলো কিছুদিন পরেই পোস্টারের আড়ালে ঢেকে যায়। মহাখালীতে যে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট করা হয়েছে, তার ওপর আমি কোনো পোস্টার দেখতে চাই না। যে পোস্টার লাগাবে, তার গলায় জুতার মালা দেওয়া হবে।

তিনি বলেন, এই শহরকে নোংরা করার কোনো অধিকার কারও নেই। যারা পরিবেশ নষ্ট করে, তাদের ধিক্কার জানাতে হবে।

মেয়র বলেন, আমরা একটি সুস্থ ও আধুনিক ঢাকা চাই। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলতে চাই, তারা গাড়ি-বাড়ি কিংবা অর্থ-সম্পদের জন্য দেশ স্বাধীন করেননি। তারা কেবল দেশের কথা ভেবেই স্বাধীনতা এনেছেন। এই স্বাধীন বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে নান্দনিক কাজ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা সে মোতাবেক কাজ করছি। এরই মধ্যে কাউলা এক্সপ্রেসওয়ের নিচে প্লে জোন করা হয়েছে। আমরা শহরের প্রতিটি রাস্তায় এমন স্ট্রিট আর্ট দেখতে চাই।

বাইডেনের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিলে টান পড়েছে। বন্ধ হয়ে যেতে পারে ওয়াশিংটনের আর্থিক সাহায্য, যা না পেলে যুদ্ধে ইউক্রেন হেরে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সাহায্য অব্যাহত রাখার অনুরোধ নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। সফরকালে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান নেতা মাইক জনসনের সঙ্গেও দেখা করবেন।

গত সপ্তাহে ইউক্রেনের জন্য ছয় হাজার কোটি ডলারের একটি সহায়তা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বাইডেন প্রশাসন আগেই সতর্ক করেছে, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিল শিগগির ফুরিয়ে আসতে পারে।

ইউক্রেনের সহায়তা ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা তহবিল পাসের শর্ত জুড়ে দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারেন জেলেনস্কি।

তাছাড়া, কিছুদিন আগে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে একটি গোপন বৈঠকে ভিডিও লিংকের মাধ্যমে বক্তব্য দেওয়ার কথা ছিল ইউক্রেনীয় প্রেসিডেন্টের। শোনা যায়, সেই বৈঠক থেকে রাগান্বিতভাবে বের হয়ে গিয়েছিলেন কয়েকজন রিপাবলিকান নেতা। তবে মঙ্গলবার সব মার্কিন সিনেটরের উপস্থিতিতেই একটি বৈঠকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ভলোদিমির জেলেনস্কি।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে বলেছেন, বাইডেন এবং জেলেনস্কি ইউক্রেনের জরুরি সহায়তার বিষয়ে আলোচনা করবেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের এই সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকার গুরুত্ব নিয়েও কথা বলবেন তারা।

বাইডেনের মতে, ইউক্রেনের সহায়তা ছাড়ে সম্মত না হওয়া হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ‘উপহার’। রিপাবলিকানদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, স্বাধীনতার স্বার্থ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছেন, ইতিহাস তাদের কঠোরভাবে বিচার করবে।

গাজায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়ে ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। আহত হয়েছে সাড়ে ৫০০। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়াল।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য গাজার আল-মাগাজি শরণার্থীশিবির, দক্ষিণের খান ইউনিসসহ বিভিন্ন জায়গায় এসব হামলা চালানো হয়।
এতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ছাড়িয়েছে। নিহত এসব ফিলিস্তিনিদের অধিকাংশই নারী ও শিশু।
এদিকে গাজায় ইসরায়েলের বিরামহীন হামলা যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও ফিকে করে দিচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে মধ্যস্ততাকারি দেশ কাতার। গাজার বর্তমান পরিস্থিতিকে বিপর্যয়কর অভিহিত করে দ্রুত হামলা বন্ধ এবং নিঃশর্তে ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অপর দিকে ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা বাড়তে থাকায় লেবাননে বড় সংঘাত শুরুর সতর্কতা জারি করেছে জাতিসংঘ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববারের এই ফোনালাপে গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানান রুশ এই প্রেসিডেন্ট।

কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানির আমন্ত্রণে দুই দিনব্যাপী ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন মন্ত্রণালয়ে এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, দোহা ফোরামে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে কাতারের আমন্ত্রণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাতারের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, মোমেন তিন দিনের সরকারি সফরে শনিবার দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকটি উচ্চ-পর্যায়ের বৈঠকে অংশ নেবেন, যার মধ্যে রয়েছে কোভিড-১৯ এবং টিকার উন্নয়নের উপর একটি প্যানেল আলোচনা এবং ‘বৈশ্বিক বাণিজ্যে অগ্রাধিকার পরিবর্তন’ বিষয়ে আরেকটি উচ্চ-পর্যায়ের প্যানেল আলোচনা।
তিনি বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির পৃষ্ঠপোষকতায় দোহা ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।
দোহা ফোরাম এমন একটি প্ল্যাটফর্ম যা দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যকে স্বাগত জানায়, যা সকল মানুষের অনেক দৃষ্টিকোণ এবং আগ্রহকে প্রতিফলিত করে, বিশেষ করে যাদের কথা প্রায়ই উপেক্ষিত হয়।
‘কূটনীতি, সংলাপ, বৈচিত্র্য’ এর ব্যানারে দোহা ফোরাম নীতি নির্ধারণ এবং কর্ম-ভিত্তিক সুপারিশগুলোর প্রতি ধারণা এবং বক্তৃতার আদান-প্রদানকে উৎসাহিত করে।
দোহা ফোরামের ২১তম বৈঠকে বিশ্বের শীর্ষ কর্মকর্তা, নির্বাহী এবং চিন্তাবিদদের বিভিন্ন ক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অমীমাংসিত প্রশ্নের উত্তরের জন্য একত্রিত হয়েছে।

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৩৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১০ ডিসেম্বর) থেকে সোমবার (১১ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৭৬৮ ইয়াবা, ১৩৮ গ্রাম হেরোইন, ১৫ লিটার দেশি মদ ও ৩ কেজি ৭৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা করা হয়েছে।

আজ সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসছে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি না, এ বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে এ বৈঠক হবে।
ইসি সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে সাত লাখ সদস্য ভোটের মাঠে কাজ করবে। তাদের মধ্যে আনসার সদস্য ৫ লাখ ১৬ হাজার জন, পুলিশ ও র‌্যাব এক লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ড দুই হাজার ৩৫০ জন ও বিজিবি সদস্য থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।