সোমবার, অক্টোবর ১২, ২০২৬

বাংলাদেশের রিজার্ভ বাড়বে, কমবে মূল্যস্ফীতি : আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মনে করছে, আগামীতে বাংলাদেশের মূল্যস্ফীতির হার এখনকার তুলনায় কমবে। অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে।
আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের পর মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নিয়ে এ মূল্যায়ন জানিয়েছে সংস্থাটি।
চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মূল্যস্ফীতি ৭ দশমিক ২৫ শতাংশ প্রাক্কলন করেছে আইএমএফ। বর্তমানে মূল্যস্ফীতি আছে ৯ শতাংশের ওপরে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার রাতে বাংলাদেশের অনুকূলে ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের প্রস্তাব উপলক্ষে আয়োজিত নির্বাহী পর্ষদের সভায় এসব পর্যালোচনা এসেছে। ওই সভায় দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ছাড়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশের মুদ্রানীতি আরও সংকোচনের পরামর্শ দিয়েছে আইএমএফ। তারা সুপারিশ করেছে- টাকা ডলার বিনিময় হার অধিকতর নমনীয় করতে হবে। সংস্থাটি মনে করছে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ। তবে অর্থনীতিতে উচ্চ অনিশ্চয়তা ও ঝুঁকি বজায় থাকবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়ে দাতা সংস্থাটির পর্যালোচনা হচ্ছে- চলতি অর্থবছর শেষে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়াবে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার।
আইএমএফ মনে করছে, বর্তমানে বৈদেশিক লেনদেনের আর্থিক হিসেবে যে ঘাটতি আছে সেই ঘাটতি থাকবে না। অর্থ বছর শেষে আর্থিক হিসেবে উদ্বৃত্ত থাকবে।

বিএনপি এখন পলাতক দলে রূপান্তরিত হয়েছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একটি পলাতক দল। প্রকৃত অর্থে তারা একটি আন্ডারগ্রাউন্ড সংগঠন। তারা গুপ্তস্থান থেকে আন্দোলনের ডাক দেয় আর গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। জনগণ আর তাদের পক্ষে নেই। তারা এখন পলাতক দলে রূপান্তরিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘন, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে আমার রেলস্টেশন, বিমানবন্দর ও বিয়ে-শাদিতে দেখা হয়। আমি তখন তাদের জিজ্ঞেস করি, ভাই আপনারা এটা কি করছেন? তারা বলেন, সব উনার ইচ্ছায়। আমি বললাম উনি কে? বিএনপি নেতারা বলেন, লন্ডনে যিনি থাকেন তিনি (তারেক রহমান)। বিএনপিকে ধ্বংস করার জন্য এক তারেক রহমানই যথেষ্ট। আর কারও দরকার নাই।’
তিনি বলেন, তারেক রহমান বিএনপিকে আন্ডারগ্রাউন্ড দল বানিয়েছে। নৈরাজ্যের নেতৃত্ব দিয়ে সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত করেছে। আর এই জন্য রাজনৈতিক, সামাজিক, মনযন্ত্রনা ভোগ করছে বিএনপির কর্মীরা। এগুলার জন্য দায়ী তারেক রহমান। বিএনপিকে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট। পৃথিবীর কোথাও রাজনৈতিক দাবি আদায়ের জন্য অগ্নিসন্ত্রাস করা হয়নি। যেটি বিএনপি করে আসছে। আবার তাদের এই অগ্নি সন্ত্রাসকে মৌন সমর্থন দিচ্ছে কিছু কিছু মানুষ। আবার সরকার গঠন হলে এদের বিচার হবে।
মানববন্ধনে স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলি খান জিন্নারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

রাতকানা রোগের প্রকোপ এখন শূন্যের কোঠায় : স্বাস্থ্যমন্ত্রী

ভিটামিনের অভাবে একসময়ে শিশুদের রাতকানা (অন্ধত্ব) রোগের প্রকোপ থাকলেও এখন তা শূন্যের কোঠায় নেমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ভিটামিন ‘এ’ এর পর্যাপ্ততা পেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শারীরিক নানা জটিলতা দূর হয়।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যখন এই কর্মসূচি হাতে নেন তখন ৪ শতাংশের বেশি শিশু ভিটামিন ‘এ’ এর অভাবে অন্ধুত্বসহ নানা রোগে ভুগতো। এ ছাড়া একসময়ে স্টান্টিং অনেক ছিল। পুষ্টির মান বাড়ায় এখন সেটি ২০ শতাংশের নিচে চলে এসেছে।
জাহিদ মালেক বলেন, পৃথিবীর একমাত্র বাংলাদেশই কালাজ্বর থেকে মুক্ত হয়েছে। একইভাবে ফাইলেরিয়াও। আমরা মাতৃ ও শিশুস্বাস্থ্যে অনেক এগিয়েছি। আগের তুলনায় মাতৃমৃত্যু কমেছে। এটি আরও কমাতে হলে বাল্যবিয়ে রোধ করতে হবে। একজন অসুস্থ মা সন্তান জন্ম দিলে অপরিণত ও কম ওজনের শিশুর জন্ম হতে পারে। আমাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে অনেক পিছিয়ে আছি। ক্লিনিক ও হাসপাতালে যাতে নেয় সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আট ঘণ্টা সার্ভিসে হাসপাতালগুলো চলতে পারে না। এগুলো ২৪ ঘণ্টা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়বে, কমবে শিশু ও মাতৃমৃত্যু। একই সঙ্গে অহেতুক কেউ যাতে সি-সেকশন না করায় সেদিকে নজর দিতে হবে। হাসপাতালে বিশেষ করে উপজেলা পর্যায়ে চিকিৎসার মান বাড়াতে হবে। নার্সের ঘাটতি আগের মতো না হলেও চিকিৎসকের ঘাটতি রয়েছে। এজন্য নতুন করে ছয় হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ২ কোটি ৩০ লাখের বেশি শিশুকে আজ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে।

নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নিয়েছে পুলিশ : আইজিপি

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে পুলিশ সব ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগের শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
পুলিশের সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর সামর্থ্য নেই জানিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, নাশকতাকারীরা বিচ্ছিন্নভাবে গাড়ি পোড়াচ্ছে। আমাদের সামনে বা আইনশৃঙ্খলা বাহিনীর সামনে তাদের দাঁড়ানোর মতো সাহস আছে বলে আমি মনে করি না। আমাদের সেই সামর্থ্য আছে, প্রস্তুতিও আছে। সকল ধরনের নাশকতা প্রতিরোধ করে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে।
আইজিপি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার তার সব ব্যবস্থাই নিয়েছে পুলিশ। এর জন্য আমাদের যে লজিস্টিক ও প্রশিক্ষণ আছে, সকল ধরনের জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি। পাশাপাশি আমরা নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে আইনশৃঙ্খলা রক্ষায় যাবতীয় পরিকল্পনা নিয়েছি।
‘নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হচ্ছে তা আমরা পুঙ্খানুপুরূপে পালন করছি। আমি সকলকে আশ্বস্ত করতে চাই আগামী নির্বাচন যথাযথভাবে অবাধ ও সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সেসব ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।’
আইজিপি আরও বলেন, ‘আপনারা জানেন পূর্বে আমরা বিভিন্ন নির্বাচনকালীন দায়িত্ব সফলভাবে পালন করেছি। আগামী দিনেও যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের প্রস্তুতি আছে।’
এ সময় ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ, অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএমএফের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের সিদ্ধান্ত আজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ডলার ছাড়ের প্রস্তাব আজ মঙ্গলবার সংস্থাটির বোর্ড সভায় উঠবে। বাংলাদেশ সময় রাত ৯টায় ওয়াংশিটনে অবস্থিত আইএমএফ কার্যালয়ে এই সভা হওয়ার কথা রয়েছে। প্রস্তাব অনুমোদন হলে ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করা হবে।
এর আগে চলতি বছরের গত ফেব্রুয়ারিতে আইএমএফ এর কাছ থেকে ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬০ লাখ ডলার ছাড় করেছিল।
গত ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাবে অনুমোদন দেয় আইএমএফের পর্ষদ। ঋণের শর্ত অনুযায়ী সাত কিস্তিতে ৪২ মাসে এ ঋণ পাওয়ার কথা রয়েছে। ঋণের গড় সুদের হার ২ দশমিক ২ শতাংশ।
এদিকে আইএমএফের বোর্ড সভায় বাংলাদেশের ঋণ প্রস্তাবের পাশাপাশি শ্রীলঙ্কারও ঋণের দ্বিতীয় কিস্তির অর্থছাড়ের প্রস্তাব উঠছে বলে জানা গেছে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আলোচ্য প্যাকেজে দুই ধরনের ঋণ রয়েছে। এর মধ্যে বর্ধিত ঋণ সহায়তা বা বর্ধিত তহবিল (ইসিএফ অ্যান্ড ইএফএফ) থেকে পাওয়া যাবে ৩৩০ কোটি ডলার। রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় পাওয়া যাবে ১৪০ কোটি ডলার। ২০২৬ সাল পর্যন্ত এ ঋণ কর্মসূচি চলাকালীন বাংলাদেশকে বিভিন্ন ধরনের শর্ত পরিপালন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
ঋণ পাওয়ার জন্য আইএমএফ বাংলাদেশকে কোয়ান্টিটেটিভ পারফরম্যান্স ক্রাইটেরিয়া (কিউপিসি) বা পরিমাণগত কর্মসক্ষমতার মানদণ্ড, ইন্ডিকেটিভ টার্গেটস (আইটি) বা নির্দেশক লক্ষ্য এবং স্ট্রাকচারাল বেঞ্চমার্ক (এসবি) বা কাঠামোগত মাপকাঠি পূরণের শর্ত দিয়েছে। এর মধ্যে নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর), প্রাইমারি ব্যালান্স ও এক্সটার্নাল পেমেন্টস এরিয়ার্স সংক্রান্ত শর্তগুলো কিউপিসির আওতাভুক্ত।
সূত্র জানায়, নিট রিজার্ভ-সংক্রান্ত শর্ত এখনো পূরণ করতে পারেনি বাংলাদেশ। নির্দেশক হিসেবে কর রাজস্ব, সামাজিক খাতে সরকারের ব্যয় ও সরকারের মূলধনি বিনিয়োগ সংক্রান্ত কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল আইএমএফ।
অন্যদিকে লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাজস্বও আহরণ করতে পারেনি এনবিআর।
আইএমএফের শর্তে গত জুনের মধ্যে কর-জিডিপির অনুপাত দশমিক ৫ শতাংশ বাড়ানোর উদ্যোগ গ্রহণ, বিপিএম৬ অনুসারে রিজার্ভের হিসাবায়ন, বাজারভিত্তিক বৈদেশিক মুদ্রার দর নির্ধারণ, ব্যাংকের পাইলট রিস্কভিত্তিক নজরদারির কর্মপরিকল্পনা প্রণয়ন ও দুর্দশাগ্রস্ত ঋণের তথ্য প্রকাশের কথা বলা হয়েছিল।
এ ছাড়া জুলাইয়ের মধ্যে সুদহারে করিডোর পদ্ধতি গ্রহণেরও শর্ত দিয়েছিল সংস্থাটি। শর্ত ছিল সেপ্টেম্বরের মধ্যে সংসদে ব্যাংক কোম্পানি আইনের সংশোধন ও ফাইন্যান্স কোম্পানি আইনের খসড়া জমা দেওয়ারও। এছাড়া সেপ্টেম্বর শেষে জলবায়ু ও সবুজ উদ্যোগকে সংহত করতে টেকসই সরকারি কেনাকাটার নীতি গ্রহণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের শর্ত ছিল। ঋণ কর্মসূচিতে চলতি ডিসেম্বরের মধ্যে জ্বালানি পণ্যের দাম সমন্বয়ে সময়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি নির্ধারণেরও শর্ত দেওয়া হয়।
আইএমএফের এশীয় ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে গত ৪ থেকে ১৯ অক্টোবর বাংলাদেশে সংস্থাটির রিভিউ মিশন সম্পন্ন হয়। মিশন শেষে এক বিবৃতিতে রাহুল আনন্দ বলেন, প্রথম কিস্তির রিভিউ সম্পন্ন করার জন্য যেসব নীতি গ্রহণ প্রয়োজন, সেসব বিষয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আইএমএফ কর্মকর্তাদের বৈঠকে ঐকমত্য হয়েছে। আইএমএফের ঋণ কর্মসূচির আওতায় কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃপক্ষ উল্লেখযোগ্য সংস্কার করেছে। কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিদ্যমান ঝুঁকি এবং বিশ্বব্যাপী আর্থিক খাতে ক্রমাগত সুদহার বৃদ্ধির সম্মিলিত প্রভাবে সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এর ফলে চাপে পড়েছে স্থানীয় মুদ্রা টাকার বিনিময় হার ও বৈদেশিক মুদ্রার মজুত। এ অবস্থায় স্বল্পমেয়াদি নীতি অগ্রাধিকারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নাজুক জনগোষ্ঠীর ওপর এসব অর্থনৈতিক দুর্বিপাকের প্রভাবকে সহনীয় করা এবং বহিস্থ প্রভাবকের অভিঘাত মোকাবিলায় সহনশীলতা তৈরিতে জোর দিতে হবে।
প্রথম রিভিউ সম্পন্ন হলে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ)-এর আওতায় ৪৬ লাখ ২০ হাজার ডলার (কোটার ৩৩ শতাংশ) এবং রেসিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় ২১ কোটি ৯০ লাখ ডলার (কোটার ১৫.৮ শতাংশ) ছাড় করা হবে।

দেশে নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি। সহিংসতা করে, ষড়যন্ত্র করে ৭ জানুয়ারি নির্বাচনকে বানচাল করা যাবে না। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে, এটা ভুল ধারণা। হামলা সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: শরীকদের আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী নিয়ে দাবি থাকতে পারে কিন্তু স্বতন্ত্রপ্রার্থী থাকবে। তাদের বিরুদ্ধে বল প্রয়োগ করা যাবে না। সবাই নির্বাচন আচরণবিধি মেনে চলবে। স্বতন্ত্রপ্রার্থীদের নিয়ে কারও অস্বস্তি থাকলেও সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।
তিনি বলেন, সব বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার পক্ষে নয় আওয়ামী লীগ। সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কিত করার বিরুদ্ধে। নির্বাচনে সেনাবাহিনীর যে ভূমিকা তা লিপিবদ্ধ আছে। সংবিধান অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকলে, এতে আওয়ামী লীগের আপত্তি নেই।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, উপ দপ্তর সায়েম খান প্রমুখ।

হুথির ছোড়া ক্ষেপণাস্ত্র নরওয়েজিয়ান ট্যাঙ্কারে আঘাত : সেন্টকম

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র সোমবার ইয়েমেনের কাছে একটি নরওয়েজিয়ান পতাকাবাহী ট্যাঙ্কারকে আঘাত করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সেন্টকম এক্স-এ একটি পোস্টে বলেছে, ট্যাংকার স্ট্রিন্ডায় ‘আগুন ধরে যাওয়ায় ক্ষতি হয়েছে।’
পোস্টে বলা হয়, মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার আক্রান্ত জাহাজের জরুরি সংকেত পেয়ে সহায়তায় এগিয়ে আসে।

গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সঙ্গে জাতিসংঘ দূতদের সাক্ষাৎ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রাষ্ট্রদূতরা গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ার কয়েক দিনের মধ্যে সোমবার রাষ্ট্রদূতগণ এ সাক্ষাতের জন্যে মিসর সফরে এলেন। এক দিনের অনানুষ্ঠানিক এই সফরটি আয়োজন করে সংযুক্ত আরব আমিরাত ও মিসর।
এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস গাজাকে সমাধিক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন।
রাশিয়া ও ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতগণ এই সফরে অংশ নিলেও যুক্তরাষ্ট্র ও ফ্রান্স কোন প্রতিনিধি পাঠায়নি।
রাষ্ট্রদূতরা রাফাহ সীমান্তবর্তী এল আরিশে একটি হাসপাতাল পরিদর্শন করেন। এখানে গাজা যুদ্ধে আহত অনেককে চিকিৎসা দেয়া হচ্ছে।
অন্যান্যের মধ্যে তারা সাক্ষাত করেন ওয়াফা আসাদ নামের ২৭ বছর বয়সী একজন নারীর সঙ্গে। তিনি গর্ভবতী ছিলেন। ইসরায়েলি হামলায় তার বাড়ি গুঁড়িয়ে গেছে। স্বামী নিহত ও দুই মেয়ে আহত হয়েছে। ওয়াফার একটি হাত ও পা কেটে ফেলতে হয়েছে। তবু সীমান্ত পাড়ি দেয়ার পর পরই সে একটি সন্তানের জন্ম দেয়। তার বোন আলা রাষ্ট্রদূতদের এ কথা জানায়।
জাতিসংঘের প্রতি আলার আহ্বান যুদ্ধ যেন বন্ধ হয়।
এ পরিস্থিতিতে ইকুয়েডরের রাষ্ট্রদূত জোসে ডি লা গাসকা বলেছেন, হাসপাতাল পরিদর্শন করে তিনি বিধ্বস্ত হয়ে গেছেন।
তিনি বলেছেন, এইমাত্র আমি একজন তরুণী মাকে দেখলাম তিনি তার শিশু বাচ্চাকে হারিয়েছেন। অপর কন্যা আহত হয়েছে।
তিনি বলেন, আমি যা দেখেছি তার আর দেখতে চাই না। এটি ভয়ংকর।
এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ ইসরায়েলি প্রাণ হারায়। এছাড়া হামাস প্রায় দুশো ইসরায়েলিকে জিম্মি হিসেবে আটক করে। এর পর পরই ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৮৮০ ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল ও ৩৩ কেজি ৪৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে।

পরবর্তী জলবায়ু সম্মেলনের আয়োজক আজারবাইজান

সংযুক্ত আরব আমিরাতে চলা কপ-২৮ জলবায়ু সম্মেলনে পরবর্তী আয়োজনের জন্য দেশ নির্বাচন করা হয়েছে। কপ-২৯ জলবায়ু সম্মেলন এশিয়ার দেশে আজারবাইজানে অনুষ্ঠিত হবে। দুবাই সম্মেলন থেকে সোমবার (১১ ডিসেম্বর) নতুন আয়োজক দেশ নির্বাচন করা হয়। খবর খালিজ টাইমসের
আজারবাইজানে দীর্ঘ এক মাস অচলাবস্থা পর পরিস্থিতি কিছু উন্নতি হয়েছে। জলবায়ু সম্মেলনের পরবর্তী আয়োজক হতে পশ্চিম ইউরোপের সমর্থন পেয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ আর্মেনিয়া তাদের এ আয়োজনে ভেটো দেবে না বলে জানিয়েছে।
এ বছর আরব আমিরাতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে প্রায় ১ লাখ ১০ অতিথি রেজিস্ট্রেশন করেন।
কপ-২৮ এর প্রেসিডেন্সির দুজন ঘনিষ্ঠ বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার আজারবাইজানের রাজধানী আকুতে এক বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে পরবর্তী আয়োজক দেশ হিসেবে আজারবাইজানকে নির্বাচন করা হয়। বৈঠকে ওই দুজন ব্যক্তি উপস্থিত ছিলেন।
আজারবাইজান প্রতিদিন প্রায় অর্ধ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে। এছাড়া দেশটি ওপেকের সদস্য রাষ্ট্র।
সোভিয়েন ইউনিয়নের পতনের পরে নাগোর্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে প্রতিবেশী দেশ আর্মেনিয়ার সঙ্গে দ্বদ্বে লিপ্ত ছিল দেশটি। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার বিষয়টি নিয়ে আর্মেনিয়ার সঙ্গে এক ঐতিহাসিক শান্তিপূর্ণ আলোচনা করে আজারবাইজান।
যুক্তরাজ্যে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত ইলিন সুলেমানভ বলেন, আমাদের বিভিন্ন খেলার আয়োজন করার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমরা জলবায়ু সম্মেলনেরও আয়োজন করতে পারব।