সোমবার, অক্টোবর ১২, ২০২৬

যেকোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক স্বার্থে বাংলাদেশের যে কোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে। বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাস আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা একথা বলেন।
‘তাদের (স্পেনের উদ্যোক্তারা) স্বাগত জানানো হয়েছে। তারা বাংলাদেশে তাদের পছন্দের যে কোনো খাতে বিনিয়োগ করতে পারে,’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্প্যানিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তাঁকে উদ্ধৃত করে এ কথা বলেন।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে করিম বলেন, সালাস তার দেশের কৃষিভিত্তিক শিল্পসহ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।
স্প্যানিশ রাষ্ট্রদূত বলেন, ‘অনেক উদ্যোক্তা বাংলাদেশ সফর করতে এবং এখানে বিনিয়োগ করতে আগ্রহী।’
তিনি বলেন, স্পেনের হাসপাতাল ও কৃষি যন্ত্রপাতির মান খুবই ভালো।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্প্যানিশ রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে স্নাতক হওয়ার পরও বাংলাদেশের প্রধানমন্ত্রী স্পেনের কাছ থেকে জিএসপি+ সুবিধা চেয়েছেন।
তিনি বলেন, ৬০ হাজার বাংলাদেশি স্পেনে কাজ করছে এবং তারা উভয় অর্থনীতিতে অবদান রাখছে।
প্রধানমন্ত্রী কপ-২৫-এ যোগ দিতে ২০১৯ সালের ডিসেম্বরে স্পেনের মাদ্রিদে তাঁর সফরের কথা স্মরণ করেন।
স্পেনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত ১৫ বছরে বিশেষকরে সামাজিক, রাজনৈতিক, আর্থিক ও নারী উন্নয়ন খাতে বাংলাদেশের নজিরবিহীন উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের সার্বিক উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন সম্পর্কে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু সর্বপ্রথম নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের উদ্যোগ নিয়েছিলেন এবং নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
তিনি বলেন, ‘নারীদের ক্ষমতায়ন করতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু, আমরা তা কাটিয়ে উঠেছি।’
স্প্যানিশ রাষ্ট্রদূত কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশের ব্যবস্থাপনার প্রশংসা করেন যার জন্য হতাহতের সংখ্যা খুবই কম ছিল।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কোভিড-১৯ মহামারি মোকাবেলায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।’
প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে জিতল দক্ষিণ আফ্রিকা

ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান রিংকু সিংয়ের ব্যাটিং ঝড় চলছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখানোর পর এবার দক্ষিণ আফ্রিকাতেও রানের দেখা পেলেন বাঁহাতি ব্যাটসম্যান।
মঙ্গলবার রাতে পোর্ট এলিজাবেথে রিংকুর ৩৯ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংসে ভারত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে ১৮০ রান তোলে। অধিনায়ক সূর্যকুমার যাদবও দারুণ অবদান রাখেন। ৩৬ বলে করেন ৫৬ রান। কিন্তু ম্যাচটা জিততে পারেনি সফরকারীরা। বৃষ্টি আইনে ১৫ ওভারে ১৫২ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। ৭ বল আগে ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা।
রিংকু সিং ৬৮ রানের ঝড়ো ইনিংসটি খেলেন ৯ চার ও ২ ছক্কায়। ১৭৪.৩৫ স্ট্রাইক রেটে সাজানো ছিল ইনিংসটি। এছাড়া ভারতের অধিনায়ক সূর্যকুমার ৫৬ রান করেন ৫ চার ও ৩ ছক্কায়। তিনে নেমে তিলাক ভার্মা ২০ বলে করেন ২৯ রান। শেষ দিকে রবীন্দ্রর জাদেজার ব্যাট থেকে আসে ১৪ বলে ১৯ রান।
বল হাতে দক্ষিণ আফ্রিকার সেরা পেসার জেরাল্ড কোয়েটজি। হ্যাটট্রিকের অপেক্ষায় থাকা এ পেসার ৩২ রানে পেয়েছেন ৩ উইকেট। তার করা ইনিংসের শেষ ওভার শেষ হয়নি বৃষ্টির কারণে।
লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই ছিল মারমুখী। রেজা হেনড্রিকস ওপেনিংয়ে নেমে ২৭ বলে করেন ৪৯ রান। অধিনায়ক আইডেন মার্করাম ১৭ বলে দ্রুত ৩০ রান যোগ করেন। শেষ দিকে ট্রিসটান স্টাবসের ১২ বলে ১৪, ডেভিড মিলারের ১২ বলে ১৭ ও আন্দ্রিলে ফিকোযাওয়ের ৪ বলে ১০ রানের অবদানে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।
বল হাতে ভারতের হয়ে ৩৪ রানে ২ উইকটে নেন মুকেশ কুমার। ১টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির বাগড়া। জোহানেসবার্গে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

ট্রেনে নাশকতা নির্বাচন বন্ধের ষড়যন্ত্র : কাদের

ট্রেনে নাশকতা ও যানবাহনে আগুন দেওয়া নির্বাচন বন্ধের ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নাশকতার মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে এসব করা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ও তাদের দোসররা এসব অপকর্ম করছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ সতর্ক পাহারা আরও জোরদার করছে।
তিনি আরও বলেন, বিএনপি নাশকতা করে যে ভয়ভীতি দেখাচ্ছে সেই ভয় কাটিয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলি আরও ৮ সেনা নিহত

ফিলিস্তিনিদের হামলায় আরও আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়টি নিশ্চিত করেছে।
আল-জাজিরা জানিয়েছে, নিহত ইসরায়েলি সেনাদের মধ্যে একজন ৩৫ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল, দু’জন ২৩ বছর বয়সী মেজর, একজন ১৯ বছর বয়সী সার্জেন্ট এবং একজন ২২ বছর বয়সী ক্যাপ্টেন রয়েছেন। তারা সবাই ইসরায়েলের পদাতিক বাহিনীর গোলানি ব্রিগেডের সদস্য। নিহত ইসরায়েলি সেনাদের সবাই উত্তর গাজার যুদ্ধে নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরের লড়াইয়ে ৬৯৯ স্পেশাল রেসকিউ ট্যাকটিকাল ইউনিটের সঙ্গে দুজন মেজর নিহত হয়েছেন। তাদের বয়স যথাক্রমে ২৬ ও ২০ বছর।
ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে ইসরায়েলি সেনাবাহিনীর এক ‘যুদ্ধ প্রকৌশলী’ মারা গেছেন। সার্জেন্ট পদবীর ওই সেনার বয়স ১৯ বছর।
মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে যে ইসরায়েল গাজা আক্রমণ করার পর থেকে মোট ১০৫ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৬০০ জন। ইসরায়েলি সামরিক বাহিনীও এ বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এ মোট নিহতের সংখ্যায় সর্বশেষ আটটি মৃত্যুর খবর অন্তর্ভুক্ত কি না, তা জানা যায়নি।
খবর আল-জাজিরা

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেছে। পেছন থেকে দেওয়া অন্য প্রাইভেট কারের ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ধাক্কায় প্রাইভেট কারটির পেছনের অংশ বিধ্বস্ত হয়েছে।
ভিডিওটিতে ভুক্তভোগীরা জানায়, উত্তরা থেকে গাড়িটিতে করে আসছিলেন তারা। মাঝপথে পেছন থেকে একটি প্রাইভেট কার সজোরে তাদের গাড়িটিকে ধাক্কা দিয়ে বনানীর দিকে পালিয়ে যায়। ফলে প্রাইভেট কারটি আটক করা সম্ভব হয়নি। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটিতে নারী শিশুসহ পাঁচজন থাকলেও তাদের কেউ হতাহত হয়নি।
জানতে চাইলে বনানী থানার ডিউটি অফিসার জানে আলম বলেন, ‘এমন দুর্ঘটনা ঘটেছে কি না এখন পর্যন্ত আমরা জানি না। খোঁজখবর নিয়ে জানাতে হবে।’

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডে আসিস বেনিৎজ সালাসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি।
এ সময় গণভবনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চুক্তি ছাড়াই শেষ হলো দুবাইয়ের জলবায়ু সম্মেলন

দুবাইয়ে শেষ হলো ১৩ দিনের ধরে অনুষ্ঠিত হওয়া জলবায়ু সম্মেলন কপ-২৮। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এবারের সম্মেলনের সমাপ্তি টানা হয়েছে। তবে পরিবেশ বা জলবায়ু নিয়ে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে এবারের সম্মেলন।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় সম্মেলন শেষ হওয়ার পূর্ব নির্ধারিত সময়সীমা চুক্তিতে পৌঁছানোর জন্য বাড়ানো হয়, তবে সেই বর্ধিত সময়সীমাও পেরিয়ে যায় কোনো চুক্তি ছাড়াই।
বিবিসির প্রতিবেদনে থেকে জানা যায়, সম্মেলনে সর্বোচ্চ অগ্রাধিকার পায় জীবাশ্ম জ্বালানি বন্ধের বিষয়টি। কিন্তু শেষ পর্যন্ত ঐকমত্যে আসতে পারেননি সম্মেলনে অংশগ্রহণকারীরা।
কপ-২৮ আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে মতবিরোধের কারণে চুক্তি হওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়। সম্মেলনে অংশ নেওয়া বেশ কয়েকটি দেশ এবারের জীবাশ্ম জ্বালানি-সম্পর্কিত খসড়া চুক্তিটিকে ‘দুর্বল’ বলে আখ্যা দিয়ে অসন্তোষ প্রকাশ করে। আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী এবং ইইউর পক্ষে মধ্যস্থতাকারী এমন রায়ান বলেছেন, আমরা খসড়া প্রস্তাবটি সমর্থন করি না। তবে তিনি এটাও বলেছেন, এই আলোচনায় সফল হতে না পারা ‘বিশ্বের কাছে কাঙ্ক্ষিত নয়’।
সম্মেলনে কোনো চুক্তি হতে হলে অংশগ্রহণকারী ১৯৮টি দেশের প্রত্যেককেই এ বিষয়ে অবশ্যই একমত হতে হতো।
ইতিমধ্যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে না পারায় বিশ্বের তাপমাত্রা বাড়তে শুরু করেছে কিন্তু কখন বা কীভাবে এই জ্বালানি ব্যবহার কমানো হবে, সে বিষয়ে কোনো দেশের সরকার কখনোই একমত হয়নি।
এর আগে এবারের সম্মেলনের সভাপতি সুলতান আহমেদ আল-জাবের নিজেই বলেছিলেন, এমন কোনো বিজ্ঞান নেই যা নির্দেশ করে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা প্রয়োজন।

দুর্নীতির সব মামলা থেকে মুক্তি পেলেন নওয়াজ শরিফ

প্রধানমন্ত্রী থাকাকালীন তিনটি দুর্নীতি মামলায় দোষী প্রমাণিত হয়ে জেলে গিয়েছিলেন নওয়াজ শরিফ। চার বছর বিদেশে স্বেচ্ছা নির্বাসন ভেঙে দেশে ফেরার দেড় মাসের মাথায় তিনটি মামলা থেকেই মুক্তি পেলেন তিনি।
মঙ্গলবার আল আজিজিয়া দুর্নীতি মামলা থেকে তাঁকে রেহাই দিল ইসলামাবাদ হাই কোর্ট। এইটিই ছিল তার বিরুদ্ধে শেষ দুর্নীতি মামলা।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র নির্বাচন। তার আগে সব মামলা থেকে নওয়াজ শরিফের রেহাই তার প্রধানমন্ত্রীত্বের জল্পনা উস্কে দিল।
২০১৮ সালের ২৪ ডিসেম্বর আল আজিজিয়া স্টিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলে নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল লাহোরের দুর্নীতি দমন আদালত।
উল্লেখ্য পানামা পেপারসে নাম আসায় ২০১৭ সালের ২৮ জুলাই সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষমতাচ্যুত হয়েছিলেন নওয়াজ। তার বিরুদ্ধে আয়-বহির্ভূত বিপুল অঙ্কের সম্পত্তি লুকোনোর অভিযোগ ছিল। পাকিস্তানের আদালত আজীবন দলের কোনও পদে থাকতে পারবেন না বলে রায় দেন। কিছু দিন কারাবাসের পর সরকারি মধ্যস্থতায় লন্ডনে স্বেচ্ছানির্বাসনে গিয়েছিলেন তিনি।
চলতি বছর ‘সুপ্রিম কোর্ট রিভিউ অফ জাজমেন্টে অ্যান্ড অর্ডারস অ্যাক্ট ২০২৩’ বিলে স্বাক্ষর করেন সে দেশের প্রেসিডেন্ট আরিফ আলভি। নয়া এই আইন নওয়াজের দেশে ফেরার রাস্তা তৈরি করে।
গত ২১ অক্টোবর দেশে ফেরার পর আয়-বহির্ভূত সম্পত্তি এবং লন্ডনে বেনামি সম্পত্তি মামলা দুর্নীতি মামলা থেকে মুক্তি পেয়েছিলেন নওয়াজ শরিফ। এ বার শেষ মামলা থেকেও রেহাই পেলেন তিনি।

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৪৫

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ২ হাজার ২৬২টি ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম হেরোইন, ৩ লিটার বিদেশি মদ, ১ লিটার দেশি মদ ও ৪ কেজি ২১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে।

গাজাকে ‘মর্ত্যের নরক’ হিসেবে উল্লেখ জাতিসংঘ কর্মকর্তার

ইসরায়েল গাজায় মঙ্গলবার হামলা আরও জোরদার করেছে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে।
গাজায় ৭ অক্টোবরের ইসরায়েলের নির্বিচার হামলার দুই মাসেরও বেশি সময় পর ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের কমিশনার জেনারেল ফিলিপ্পে লাজ্জারিনি গাজাকে ‘মর্ত্যের নরক’ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, গাজায় ত্রাণ বিতরণের মতো পরিস্থিতিও নেই।
এমন সময় লাজ্জারিনি এমন মন্তব্য করলেন, যখন গাজা নগরীর কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, ‘কয়েক দিন ধরে অবরুদ্ধ করে রাখা ও হামলা চালিয়ে আসার পর দখলদার বাহিনী কামাল আদওয়ান হাসপাতালে অভিযান শুরু করেছে। স্বাস্থ্যকর্মীসহ পুরুষদের হাসপাতাল চত্বরে ঘিরে রেখেছে সেনারা।’
এর আগে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় দপ্তর (এসিএইচএ) জানিয়েছিল, হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে হামলায় দুই মা নিহত হয়েছেন। বাস্তুচ্যুত প্রায় তিন হাজার মানুষ সেখানে আটকা পড়েছে। সেখানে খাবার, পানি ও বিদ্যুতের চরম সংকট চলছে।
এদিকে ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলা চালিয়ে গাজার উত্তরাঞ্চল গুঁড়িয়ে দেয়ার পর দক্ষিণ গাজাতেও একের পর এক হামলা চালাতে শুরু করে। এর আগে উত্তরাঞ্চলে হামলার সময়ে সেখানকার বাসিন্দাদের দক্ষিণ গাজায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী।
গত সপ্তাহে দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিসে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। নগরীর কেন্দ্রস্থল লক্ষ্য করে ইসরায়েলি ট্যাংক গোলাবর্ষণ করে যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
এক বাসিন্দা জানান, গতকাল মঙ্গলবার সকালে হামাস নেতা ইয়াহিয়া আল-সিনওয়ারের বাড়ির সড়কে ট্যাংক চলাচল করতে দেখা গেছে। বয়োবৃদ্ধ বাসিন্দা তাওফিক আবু ব্রেইকা বলেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই খান ইউনিসের আবাসিক এলাকাগুলোতে সোমবার নতুন করে হামলা চালানো হয়। এতে বহু ভবন ধসে পড়েছে। অনেক হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, ‘বিশ্বে বিবেকবোধ হারিয়ে গেছে। কোনো ধরনের মানবিকতা কিংবা নীতি-নৈতিকতাবোধ অবশিষ্ট নেই।’
তিনি বলেন, ‘এ নিয়ে তৃতীয় মাসে আমরা মৃত্যু ও ধ্বংসযজ্ঞের সম্মুখীন। এটা জাতিগত নিধন। গাজা উপত্যকাকে ধ্বংস করা এবং গোটা জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করাই ইসরায়েলের উদ্দেশ।’
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এ ছাড়া ২৪০ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস সদস্যরা।
এর প্রতিশোধ হিসেবে ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৮ হাজার ৪১২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছে প্রায় ৫০ হাজার।