সোমবার, অক্টোবর ১২, ২০২৬

ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি, হালান্ড ও এমবাপ্পের নাম

বিশ্ব ফুটবলের মহানিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় এবারও জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। তাকে সঙ্গ দিচ্ছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড এবং পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। লন্ডনে আগামী ১৫ জানুয়ারি ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
সেরা ফুটবলার নির্বাচনে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।
ফিফা ওয়েবসাইটে জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের দেওয়া ভোটের ভিত্তিতে বেছে নেওয়া হবে সেরা ফুটবলারকে।
বিশ্বকাপ জেতায় গতবার সবাইকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতেছিলেন মেসি। এবার পিএসজির হয়ে জিতেছেন লিগ শিরোপা। এরপর ইন্টার মায়ামির জার্সিতেও জিতেছেন একটি শিরোপা।
তাঁর দুই প্রতিদ্বন্দ্বী আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পেও সময়টা কাটিয়েছেন দারুণ। ম্যানচেস্টার সিটির গোলমেশিন হালান্ডকে এগিয়ে রাখা হচ্ছে এই পুরস্কার জেতার ক্ষেত্রে। কেননা সিটিকে ট্রেবল জেতাতে বড় অবদান রাখেন তিনি। এই সময়ের মধ্যে ৩৩ ম্যাচ খেলে করেছেন ২৮ গোল। এদিকে মেসির মতো এমবাপ্পেও জিতেছেন লিগ ওয়ানের শিরোপা। এই সময়ে ২০ ম্যাচ খেলে ফরাসি ফরোয়ার্ডের গোল ১৭টি।

ইউক্রেনের সহায়তা প্যাকেজ আটকে দিল হাঙ্গেরি

ইউরোপিয়ান ইউনিয়নে ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করতে ইইউ নেতারা সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের ৫৫ বিলিয়ন ডলারের ইইউ সহায়তা প্যাকেজ আটকে দিল হাঙ্গেরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিজেই জানিয়েছেন তা।

ইইউ নেতারা বলছেন আগামী বছরের শুরুতে ইউক্রেনে সহায়তা প্যাকেজ নিয়ে আবার আলোচনা শুরু হবে।
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন মূলত ইইউ এবং যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভরশীল।
ইউক্রেন, মলদোভা এবং জর্জিয়া এই তিন দেশকে ইইউ সদস্যপদ দেওয়ার আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ভিক্টর অরবান ইউক্রেনে সহায়তা প্যাকেজ আটকে দেওয়ার গোষণা দেন। হাঙ্গেরি আগে থেকেই ইউক্রেনকে ইইউ সদস্যপদ দেওয়ার বিরোধিতা করে আসছে।
ইউরোপিয়ান কাউন্সিলে গতকালের বৈঠকে ইউক্রেনকে ইইউ সদস্যপদ দেওয়ার বিষয়টি উত্থাপিত হতেই আলোচনার টেবিল ত্যাগ করেন ভিক্টর। যদিও বাকি ২৬ দেশের নেতারা আলোচনা চালিয়ে যান। তবে এর আগেই ইউক্রেনের জন্য ৫৫ বিলিয়ন ডলারের ইইউ সহায়তা প্যাকেজ আটকেদেন তিনি।
ইউরোপিয়ান কাউন্সিলে চার্লস মিশেল অবশ্য ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হওয়াকেই বড় অর্জন হিসেবে দেখছেন। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি একে তাদের বিজয় হিসেবে আখ্যায়িত করছেন।
খবর বিবিসি

গাজায় যুদ্ধ চলবে আরও কয়েক মাস : ইসরায়েল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি। গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ।
তবে ইসরায়েল বলছে, গাজায় তাদের যুদ্ধ চলতে পারে আরও কয়েক মাস।
শুক্রবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধে কয়েক মাসেরও বেশি সময় লাগতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।
সুলিভান বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করতে ইসরায়েলে পৌঁছেছেন।
অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, গাজায় নির্বিচারে বোমাবর্ষণের কারণে ইসরায়েল বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে। আর এই সপ্তাহেই গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ।
বিবিসি প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার জ্যাক সুলিভানের সাথে সাক্ষাতের সময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন এবং তারা ইসরায়েলের সাথে লড়াই করার জন্য এক দশক ধরে নিজেদের তৈরি করেছে।
গ্যালান্টের দাবি, তারা মাটির নিচে ও মাটির ওপরে নানা অবকাঠামো তৈরি করেছে এবং তাদের ধ্বংস করা সহজ নয়। এর জন্য আরও সময়ের প্রয়োজন হবে – এটি (যুদ্ধ) কয়েক মাসেরও বেশি সময় ধরে চলবে, কিন্তু আমরা জিতব এবং আমরা তাদের ধ্বংস করব।

বোর্ডের বড় দায়িত্বে জয়সুরিয়া

শ্রীলঙ্কান ক্রিকেটের অবিচ্ছেদ্য এক নাম সনাথ জয়সুরিয়া। ‘মাতারা হারিকেন’ নামে খ্যাতি পাওয়া এই ব্যাটার ছিলেন লঙ্কান ক্রিকেটের সোনালী প্রজন্মের প্রতিনিধি। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেটার সনাথ জয়সুরিয়াকে ক্রিকেট পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে দলের সাবেক অধিনায়ককে গুরুত্বপূর্ণ পদটিতে নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
লঙ্কান বোর্ডের বিবৃতি অনুযায়ী, জাতীয় দলের কার্যক্রমগুলো যাতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে করা হয় সেদিকে নজর রাখবেন জয়সুরিয়া। দলের উন্নতি ঘটাতে খেলোয়াড় ও কোচ পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়াও হাই পারফরম্যান্স সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট সব অনুশীলন ও কোচিংয়ের চাহিদা দেখভাল করবেন তিনি। পাশাপাশি জাতীয় পর্যায়ে বিশেষ স্কিল প্রোগ্রামও চালানোর কথা রয়েছে তার।

ক্রিকেট বোর্ডের অধীনে এবারই প্রথম কাজ করছেন না জয়সুরিয়া। ২০১৩ সালে এসএলসির প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। ২০১৫ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৬ সালের আবারও প্রধান নির্বাচকের ভূমিকায় ফেরেন জয়সুরিয়া। সে যাত্রা এক বছর দায়িত্ব পালন করার পর গত ৬ বছর বোর্ডের কোনো দায়িত্বে ছিলেন না তিনি।
ক্রিকেটার জয়সুরিয়া শ্রীলঙ্কার জীবন্ত কিংবদন্তি। প্রায় ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১০টি টেস্ট, ৪৪৫টি ওয়ানডে এবং ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাবেক এই ক্রিকেটার। ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই অবদান আছে তার। শ্রীলঙ্কার জার্সিতে ২১ হাজারের ওপর রান করার পাশাপাশি ৪৪০টি উইকেট নিয়েছেন জয়সুরিয়া। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলেরও অন্যতম সদস্য ছিলেন তিনি।

বিশ্বে করোনায় আরও ১৫৫ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ২৪০ জন। সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৫২৬ জন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৮৫ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।
এ ছাড়া অস্ট্রেলিয়ায় কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৫১ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৯০ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৯১৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। লিথুয়ানিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৯ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৯৫ লাখ ৬১ হাজার ৭৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫৬ হাজার ৪৮৭ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বক্স অফিসে ‘অ্যানিম্যাল’র গর্জন অব্যাহত

বক্স অফিসে এখন রমরমা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমার। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই অ্য়াকশন ড্রামা শুধু ভারতে নয়, বহির্ভারতেও বেশ ভালো ফল করছে। কড়া টক্কর দিচ্ছে চলতি বছরের ব্লকবাস্টার পাওয়া শাহরুখ খানের দুই সিনেমা পাঠান আর জওয়ানকে। ১ ডিসেম্বর হিন্দি, তামিল, তেলুগু কানাড়া, মালায়ালাম ভাষায় মুক্তি পায় এই সিনেমা। ১৩ দিনে বিশ্বব্যপী ব্যবসা করেছে ৭৭২ কোটির।
সামাজিক মাধ্যমে অফিসিয়াল এক্স (আগের টুইটার) অ্যাকাউন্ট, Animal The Film-এর থেকে একটি পোস্টার শেয়ার করে নেওয়া হয়। যেখানে লেখা ছিল, বক্স অফিস অ্যানিম্য়াল- ৭৭২.৩৩ কোটি। আর ক্যাপশনে লেখা, বক্স অফিসের জন্তু-অ্যানিম্যালের গর্জন অব্যাহত।
অন্যদিকে, সানসিল্ক ডটকমের বৃহস্পতিবারের রিপোর্ট অনুসারে অ্য়ানিম্যাল দেশে আয় করেছে ৪৬৭.৮৪ কোটি। সিনেমাতে রণবীর কাপুর ছাড়াও দেখা মিলেছিল অনিল কাপুর, রাশমিকা মান্দনা, ববি দেওল, তৃপ্তি দিমরি, সুরেশ ওবেরয়, প্রেম চোপড়ার।
৩ ঘণ্টা ২১ মিনিটের লম্বা সিনেমা অ্যানিম্যাল। আর সিনেমার পরতে পরতে রয়েছে উগ্র পুরুষত্ব। যেখানে দেখানো হয়েছে ছেলে রণবিজয় সিং আর তার বাবা বলবীর সিং-এর মধ্যে সম্পর্কের টানাপোড়েন। বাবাকে নিয়ে ভালোবাসা পাগলামিতে পরিণত হয়েছে রণবিজয়ের। আর বিজয়ের যখনই মনে হয় কেউ তার আর তার বাবার মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাকে খুন করে ফেলতে দ্বিধা করে না।
আপাতত মনে করা হচ্ছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’ এসেই বিজয়রথ থামাবে অ্যানিম্যালের। ২২ ডিসেম্বর ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। শাহরুখ খানের সিনেমা বক্স অফিসে ক্ল্যাশ করবে প্রভাসের সালারের সঙ্গে। আর তাই ২২ ডিসেম্বরের পর হল পাওয়া বেশ মুশকিলই হবে অ্য়ানিম্যালের। আপাতত তাই আগামী ৮ দিনের মধ্যেই যতটা সম্ভব রেকর্ড ভেঙে ফেলতে হবে এই সিনেমাকে।
এতদিন রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছিল সঞ্জু। বিশ্বব্যপী এই সিনেমার আয় ছিল ৫৯০ কোটি টাকা। আপাতত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকা ধরলে আয়ের ভিত্তিতে অ্যানিম্যাল আসে ৩ নম্বরে।
প্রথম দুইয়ে রয়েছে জওয়ান (১১৬০ কোটি) আর পাঠান (১০৫৫ কোটি)। আর সেরা পাঁচের হিসেবে অ্যানিম্যালের পরেই রয়েছে গদর ২ (৬৮৬ কোটি) আর জেলর (৬৫০ কোটি)। তবে আগামী দিনের হিসেব সব কিছু নিমেষে উল্টেপাল্টে দিতেই পারে।

ফেয়ারওয়েল সিরিজের প্রথম দিনে ওয়ার্নারের সেঞ্চুরি

সর্বশেষ অ্যাসেজে সেঞ্চুরিহীন কাটিয়ে টেস্ট ক্রিকেটকে গুডবাই জানানোর জন্য একটা প্লাটফর্ম খুঁজছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে চলমান হোম সিরিজই তার ফেয়ারওয়েল সিরিজ।
ক্যারিয়ারের শেষ সিরিজকে স্মরণীয় করে রাখতে সিরিজের প্রথম দিন উদযাপন করেছেন সেঞ্চুরি। উদযাপন করেছেন টেস্ট ক্যারিয়ারে ২৬তম সেঞ্চুরি। পার্থে তার সেঞ্চুরিতে (১৬৪) প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৪৬/৫।
পার্থের সবুজ পিচে শুরু থেকেই অস্ট্রেলিয়া করেছে ইতিবাচক ব্যাটিং। প্রথম সেশনে উইকেটহীন কাটিয়ে ১১৭ রানে বড় স্কোরের আভাস দিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়া ব্যাটারদের কিছুটা চাপে ফেলেছে পাকিস্তান বোলাররা।
এই সেশনে ৯৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া ২ উইকেট। শেষ সেশনটা ছিল পাকিস্তানের। এই সেশনে অস্ট্রেলিয়া ১৩৬ রান যোগ করে হারিয়েছে ৩ উইকেট।
পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নারের রেকর্ডটা এমনিতেই ভাল। এই প্রতিপক্ষের বিপক্ষে আগের ১০ টেস্টে ছিল তার ৫টি সেঞ্চুরি। পার্থ টেস্টের প্রথম দিনে সংখ্যাটা ৬-এ উন্নীত করেছেন। শুরু থেকে আক্রমনাত্মক ব্যাটিংয়ে ৪১ বলে করেছেন ফিফটি।
সেঞ্চুরিতে লেগেছে তার ১২৫ টি বল। আমের জামালের বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দেয়ার আগে করেছেন তিনি ১৬৪ রান। যে ইনিংসে ২১১ বলে ১৬ চার এর পাশে মেরেছেন ৪টি ছক্কা। ওয়ার্নারের সেঞ্চুরির দিনে আর কেউ পাননি হাফ সেঞ্চুরি। উসমান খাজা থেমেছেন ৪১ রানে।
টেস্ট অভিষেকে পাকিস্তান পেসার আমের জামাল পেয়েছেন ২ উইকেট (২/৬৩)।
(১ম দিন শেষে)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩৪৬/৫ (৮৪.০ ওভারে)

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৬ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৮ জন ডেঙ্গু রোগী।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩০৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭ জন। আর ঢাকার বাইরের ২১১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ও ঢাকার বাইরের একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।
এ বছরের ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট তিন লাখ ১৮ হাজার ৩০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ২৪৩ জন, আর ঢাকার বাইরের দুই লাখ নয় হাজার ৬২ জন।
গত ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৪ হাজার ৭৪০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার ৭৩৭ জন এবং ঢাকার বাইরের দুই লাখ সাত হাজার তিনজন রয়েছেন।

ওসি-এসআইসহ ৬৫০ জনকে বদলির সম্মতি ইসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি), উপপরিদর্শক (এসআই) ও কনস্টেবলসহ ৬৫০ জনকে বদলি ও পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসির উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে ২৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শক, এসআই ২০ জন, এসআই (নিরস্ত্র) ৩০ জন, টিএসআই একজন, সার্জেন্ট একজন, এএসআই (সশস্ত্র) ৪৪ জন, ৭ জন নায়েক এবং ৫২৪ জন কনস্টেবলকে বদলি ও পদায়নের সম্মতি দেয় নির্বাচন কমিশন।
মন্ত্রিপরিষদ সচিব ও মহাপুলিশ পরিদর্শক বরাবার চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।

খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে বিদায় নিতে হয়েছিল : প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আজ বৃহস্পতিবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরাজিত শক্তি বার বার আমাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ। এ দেশেকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। এ দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা দেশকে পরাজিত শক্তির হাতে তুলে দেব না। যারা আগুন দিয়ে জ্বালাও পোড়াও করে, এদের দেশে রাজনীতি করার কোন অধিকার নেই।
রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা, কোটালিপাড়ায় ৭৬ কেজি বোমা পুঁতে রাখাসহ বহুবার আমাকে হত্যার চেষ্টা করেছে। আল্লাহ আমাকে বার বার বাঁচিয়েছে। জিয়াউর রহমান যেমন ছিল খালেদা জিয়াও একই কাজ করেছে। এখন তার ছেলে একই কাজ করছে। তারেক রহমান মানুষকে গাড়ি পুড়িয়ে হত্যা করছে। যারা আগুন দেবে তাদেরকে ধরতে হবে। রেললাইনের বগি ফেলে দিয়ে মানুষকে হত্যা করার চক্রান্ত করছে।
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে বিদায় নিতে হয়েছিল। এক না, দুই বার বিদায় নিতে হয়েছিল। ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতা এসেছিল। আমি বলেছিলাম গ্যাস পাবে না। আল্লাহতায়ালাও যখন সম্পদ দেয়, মানুষ বুঝে দেয়। সেই গ্যাস দিতে পারেনি। কূপ খনন করে দেখে গ্যাস নাই।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র তিন বছর সাত মাস সময় পান, এরই মধ্যে দেশটাকে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলেন। স্বল্পোন্নত দেশের স্বীকৃতি জাতিসংঘ কর্তৃক আদায় করেন। এতো অল্প সময়ের মধ্যে বাংলাদেশের উন্নতিটা আমাদের স্বাধীনতা বিরোধীরা ভাবতেও পারেনি। যারা বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে কি হবে? এটা তো বটমলেস বাসকেট হবে। তারা এই উন্নয়নটাকে মেনে নিতে পারেনি। একটা দেশ এত দ্রুত অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, প্রবৃদ্ধি ৯ ভাগের ওপর উঠতে পারে, এটা তাদের ধারণার বাইরে ছিল। চক্রান্ত করে ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।