সোমবার, অক্টোবর ১২, ২০২৬

গাজায় নিহতের সংখ্যা ১৮ হাজার ৮০০ জনে পৌঁছেছে

ইসরায়েলি বাহিনীর গত ৭০ দিনের অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন মোট ১৮ হাজার ৮০০ জন ফিলিস্তিনি। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া কার্যালয়।
বিবৃতিতে বলা হয়েছে, এই নিহতদের মধ্যে অন্তত ৮ হাজার শিশু ও অপ্রাপ্তবয়স্ক এবং ৬ হাজার ২০০ জন নারী রয়েছেন। পাশপাশি আহত হয়েছেন আরও অন্তত ৫১ হাজার মানুষ।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।
ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। বিশেষ করে বিমান বাহিনীর নিয়মিত গোলা বর্ষণের কারণে উপত্যকার কোনো ভবনই অক্ষত নেই।
হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। পাশপাশি ইসরায়েল থেকে ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় যোদ্ধারা।
এই জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ জন। বাকি ১৩৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন; এবং রয়েছেন শিশু, নারী, তরুণ-তরুণী এবং বৃদ্ধ-বৃদ্ধা— সব বয়সী মানুষ।
এই জিম্মিদের মধ্যে এখন পর্যন্ত ১১৮ জনকে মুক্তি দিয়েছে হামাস। বাকি ১৩২ জনের মধ্যে এখনও ১১২ জন জীবিত রয়েছে বলে আশা করা হচ্ছে।
বস্তুত, ১৯৫৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
খবর আনাদোলু এজেন্সি

বিএনপি-জামায়াত নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে : তথ্যমন্ত্রী

বিএনপি-জামায়াত নব্য হানাদার হিসাবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা আরও বহুদূর এগিয়ে যেতে পারতাম। আজকের ধ্বংসাত্মক রাজনীতি শুরু হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেমন নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা চালিয়ে হত্যা করেছে। আজকের নব্য হানাদার হিসাবে আবির্ভূত হয়েছে বিএনপি। তারা আজকে সাধারণ মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করছে, সাধারণ মানুষকে জিম্মি করছে, গাড়িতে আগুন দিচ্ছে। নব্য হানাদার হিসেবে রূপান্তরিত হয়েছে বিএনপি-জামায়াত।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ এই ভবন থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এই ভবন থেকে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা। স্বাধীনতা সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু স্বপ্ন পূরণের বহুদূরে গিয়েছি।
তিনি বলেন, আজকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীর সামনে উপস্থাপিত হয়। বাংলাদেশ পৃথিবীর ৪১তম অর্থনৈতিক দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে।
হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াতের এই অপরাজনীতি যদি না থাকত বাংলাদেশ বহুদূর এগিয়ে যেতে। বাংলাদেশকে স্বপ্নের ঠিকানা নিয়ে যেতে হলে। এই অপরাধনীতি এবং এই অপরাধনীতি যারা করে তাদের নির্মূল করতে হবে।

ইসির নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সোমবার ১৮ ডিসেম্বরের পর নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক পুলিশ বাহিনী কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে।
তিনি বলেন, নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছে ইসি। বিজয় আনন্দ প্রকাশ করতে মানা করছি না। কিন্তু সংযতভাবে চলতে হবে; শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে। ভোটবিরোধী কর্মকাণ্ড চালালে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
১৮ ডিসেম্বর থেকে দ্বাদশ সংসদের ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচন বিরোধী সভা-সমাবেশ করা যাবে না বলে যে নির্দেশনা আছে সে বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচনের সিডিউল ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৭টার পর রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
এরপর আবারও দলের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
এরও আগে সকাল ৬টা ৩৪ মিনিটে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বিএনপি-জামায়াত অপশক্তি থমকে দিতে চায় : কাদের

নির্বাচনের বিরোধিতার মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বিএনপি-জামায়াত অপশক্তি থমকে দিতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার করতে হবে, দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে যারা চেষ্টা করছে যেকোনো মূল্যেই তাদের প্রতিরোধ করা হবে।

ওবায়দুল কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাচ্ছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তবে বিএনপি ও জামায়াত বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থমকে দিতে চায়।

শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী পরে আইজিপি পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অ্যাসোসিয়েশন নেতারা, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিউব্লিউএন) সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগমের নেতৃত্বে বিপিউব্লিউএন নেতারা, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
এ ছাড়া বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর নেতৃত্বে পুনাক নেতারা পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৫

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (১৬ ডিসেম্বর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩ হাজার ৭২৬ পিস ইয়াবা, ২০০ গ্রাম হেরোইন, ৩৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ও ৪০ লিটার দেশি মদ জব্দ করা হয়।
এ ছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে।

বিজয় দিবসের স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সীলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে এগুলো অবমুক্ত করেন তিনি।
এ সময় গণভবনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে।
সকাল আটটার দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে নিজে এবং পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শেখ হাসিনা।
সকাল ৬টা ৩৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সভাপতি হিসেবে আবার শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল আটটার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
এর আগে সকাল ছয়টা ৩৪ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
রাষ্ট্রপতি প্রথমে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ৯ পদাতিক ডিভিশন-এর জিওসি, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলার জেলা প্রশাসক।

এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এরপর আওয়ামী লীগের পক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা। এরপর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। এ দিন ভারতের দেওয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে টাইগার যুবারা।
এরপর ব্যাকফুটে থাকা লাল-সবুজের শিবিরকে পথ দেখান আরিফুল ও আহরার জুটি। এই জুটির অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখে ভারতকে কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের যুবারা।
ফাইনালে উঠার লক্ষ্যে ১৮৯ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই জিসান আলমকে হারায় বাংলাদেশ। রাজ লিম্বানির অফ-স্ট্যাম্পের বাইরে ঢোকা ডেলিভারি লাইন মিস করে বোল্ড হন এই ওপেনার।
এরপর তিনে নেমে ভালো শুরুর আভাস দিলেও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। নামান তিওয়ারির অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারিতে কভারে থাকা শচিনকে ক্যাচ দিয়ে ১৩ রানে ফেরেন এই টপ-অর্ডার ব্যাটার।
আরিফুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে প্যাভিলিয়নে ফেরেন দারুণ ছন্দে থাকা আশিকুর। সৌমির বলে পুশ করে সিঙ্গেল নিতে চেয়েছিলেন আরিফুল। আরিফুলও তাতে সাড়া দিয়েছিলেন। কিন্তু ফিল্ডারের হাতে বল চলে গেলে নিজেকে গুটিয়ে নেন আরিফুল। এতে রান-আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন আশিকুর।
এরপর বাংলাদেশকে টেনে তোলেন আরিফুল ও আহরার। শুরু থেকেই দেখেশুনে ব্যাট করতে থাকেন তারা। আহরার কিছুটা দ্রুত গতিতে রান তুললেও ধীরগতিতে রানের চাকা সচল রাখেন আরিফুল।
তবে ম্যাচের একদম শেষ দিকে অতি আক্রমণাত্মক হতে গিয়ে সেঞ্চুরি মিস করেন আরিফুল। নামানের ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে ৯৪ রানে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন তিনি।
এরপর শিহাব জেমস দ্রুতই ফিরেছেন। আর হাফ-সেঞ্চুরির আগে আহরারও ফিরেছেন। তবে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন রাব্বি এবং পারভেজ।
ভারতের হয়ে নামান তিওয়ারি তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া দুটি উইকেট শিকার করেছেন রাজ লিম্বানি।
এর আগে, টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দলপতির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে খুব একটা সময় নেননি মারুফ। ইনিংসের সপ্তম ওভারের মধ্যেই তিন উইকেট শিকার করে ভারতীয়দের চাপে ফেলে দেন তিনি।
ইনিংসের দ্বিতীয় বলে আদর্শকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। নিজের পরের ওভারে আর্শিন কুলকার্নিকে মোহাম্মদ শিহাবের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেন তিনি। এরপর নিজের ব্যক্তিগত চতুর্থ ওভারে ভারতের অধিনায়ক উদয় সরণকে শূন্য রানে ফেরান বাঁহাতি এই পেসার।
এরপর ভারতীয় শিবিরের হাল ধরেন প্রিয়ানসু মলিয়া ও শচিন দাস জুটি। ৩ বাউন্ডারিতে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন শচিন। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। শচিনের পর মলিয়াকেও প্যাভিলিয়নের পথ দেখান ইমতিয়াজ বর্ষণ।
এরপর শূন্য রানে রান-আউট হয়েছেন আরাভেলি আভানিশ। তবে সপ্তম উইকেট জুটিতে ৮৪ রান যোগ করে মুশির আহমেদ ও মুরগান অভিষেক জুটি। এই জুটিতেই একশো পেরিয়ে যায় ভারত। তবে ব্যক্তিগত ৫০ রানের পরই ফেরেন মুশির।
অন্যদিকে অভিষেকের ব্যাট থেকে আসে ৭৪ বলে ৬২ রানের ইনিংস। এই জুটি ভাঙেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। মাঝে সাউমি সাজঘরে ফেরান পারভেজ রহমান জীবন। এরপর শেষ ব্যাটার তিওয়ারিকে এলবিডব্লিউ করে ভারতীয় ইনিংস গুটিয়ে দেন জীবন।