সোমবার, অক্টোবর ১২, ২০২৬

মুক্তিযুদ্ধে আমেরিকা সরকার পাকিস্তানকে সহযোগিতা করেছিল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় আমেরিকা সরকার পাকিস্তানকে সহযোগিতা করলেও মার্কিন জনগণ বাংলাদেশের মুক্তিকামী জনগণের পাশে ছিল। সোভিয়েত রাশিয়া থেকে শুরু করে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোও আমাদের সমর্থন করেছিল। সবার সমর্থন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ চালিয়ে যাই।
রবিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতি বীরের জাতি। ৭ই মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন— এ বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। কেউ দাবায়ে রাখতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এবারের বিজয় দিবসে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত আনন্দের সাথে অংশগ্রহণ করেছে।
শেখ হাসিনা বলেন, আমাদের পাশে ছিল মিত্র বাহিনী, মিত্র বাহিনীর শক্তি ভারত। ভারতের জনগণ, ভারতের তৎকালীন সরকার, বিশেষ করে ইন্দিরা গান্ধী এবং ভারতের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে সমর্থন দেয়। ভারতের এমন কোনো দল ছিল না যে, আমাদের সমর্থন দেয়নি। এই মিত্র শক্তির সাথে সাথে আরো অন্যান্য দেশেরও সমর্থন পাই।

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা ১৯ ডিসেম্বর

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হওয়ায় আগামীকাল ১৮ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিতব্য ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
আগামী ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি বত্রিশস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে আগামী ১৯ ডিসেম্বর মঙ্গলবার সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে বিজয় শোভাযাত্রা কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

২৮২ রানের বিশাল স্কোর গড়ার পরই বোঝা গিয়েছিলো, আরও একটি ম্যাচ জিততে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুধু জয়ই নয়, যুবাদের এশিয়ান ক্রিকেটেও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে জুনিয়র টাইগাররা। কাজটা বাকি ছিল শুধু বোলারদের। মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন, রোহানাত দৌলা বর্ষণ এবং শেখ পারভেজ জীবনরা সেই কাজটা খুব সহজেই শেষ করে দিলেন।
স্বাগতিক আরব আমিরাতকে ২৪.৫ ওভারে অলআউট করে দিলেন ৮৭ রানে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিকদের ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
২৮৩ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই টাইগার পেসার মারুফ মৃধার তোপে পড়ে স্বাগতিকরা। পাওয়ার প্লেতেই ৩৯ রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আরব আমিরাত। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
মারুফের পর রুহানাত উল্লাহ বরসনের বোলিং তোপে মাত্র ৮৭ রানেই অলআউট হয়ে আরিয়ান খানের দল। আর তাতেই ১৯৫ রানের বিশাল ব্যবধানে জিতে এশিয়া কাপ নিজেদের করে নিল টাইগার যুবারা। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মারুফ ও বরসন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরতে ওপেনার জিসান আলমকে হারালেও ম্যাচের হাল ধরেন আশিকুর রহমান শিবলী ও মোহাম্মদ রিজওয়ান।
এই দুই টপ অর্ডার মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ১২৫ রানের বিধ্বংসী পার্টনারশিপ গড়ে। যাতেই বড় রানের ভীত পেয়ে যায় বাংলাদেশ। ৬০ রান করে রিজওয়ান ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে এবারের আসরের দ্বিতীয় শতক তুলে নেন ওপেনার শিবলী।
এই ডানহাতি ব্যাটারের বিধ্বংসী ১২৯ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রানের পুঁজি পায় বাংলাদেশ। আরব আমিরাতের হয়ে ৪টি উইকেট নেন আয়মান আহমেদ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেন শিবলি।

১৫ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি ডলার

দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করেছে। চলতি মাসের (ডিসেম্বর) প্রথম ১৫ দিনে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৭ কোটি মার্কিন ডলার। সে হিসাবে দৈনিক রেমিট্যান্স আসছে ৭ কোটি ১৩ লাখ ডলার।
আজ রোববার ( ১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে ব্যাংকগুলোয় ১০৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯২ কোটি ১৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত মার্চের পর থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু তাতে সংকট আরও প্রকট হয়। পরে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন-অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) এর উপর। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় তারা সভা করে ডলারের রেট নির্ধারণ করে আসছে।
গত ১৩ ডিসেম্বর দেশের মুদ্রা বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় মুদ্রাটির দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত নেয় সংগঠনগুলো। ভবিষ্যতে ডলারের দাম আরও কমবে।
সবশেষ ব্যাংকগুলোর ঘোষণা অনুযায়ী, প্রবাসী ও রপ্তানি আয় কেনার ক্ষেত্রে ডলারের ঘোষিত দাম ১০৯ টাকা ৫০ পয়সা। আর বিক্রি দর ১১০ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজকে আন্তঃব্যাংকে ডলার লেনদেন হচ্ছে ১১০ টাকা ২৫ পয়সা।
কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে ১২২ টাকা। চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণের জন্য যারা বিদেশে যাচ্ছেন তাদের নগদ প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১২২ টাকা পর্যন্ত।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং আগস্টে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, অক্টোবর মাসে এসেছে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার এবং নভেম্বর মাসে এসেছে ১৯৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স।
২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার।

তুরস্কে প্রশিক্ষিত ইমামদের আর নেবে না জার্মানি

জার্মানির মসজিদগুলোয় তুরস্কের প্রশিক্ষিত ইমামদের নেওয়া হতো। কিন্তু এবার তা বন্ধ করা হচ্ছে। জার্মানদেরই ইমাম হিসেবে প্রশিক্ষিত করে তোলা হবে। এতে দেশের সঙ্গে তাদের সংহতি থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা করেছে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ দিয়ানেট ও ডিটিটিবি-র চুক্তি হয়েছে। প্রতিবছর ১০০ জার্মানিকে ইমামের প্রশিক্ষণ দেবে তারা। পশ্চিমের শহর ডালেমে তাদের প্রশিক্ষণ দেয়া হবে।
জার্মানিতে এখন তুরস্কের এক হাজার জন ইমাম আছেন। তাদের পর্যায়ক্রমে সরিয়ে নতুন প্রশিক্ষিতদের নিয়োগ করা হবে। আর যাদের সরানো হবে, তাদের দিয়ানেট অন্যত্র নিয়োগ দেবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা এমন ধর্মীয় নেতা চাই, যারা আমাদের দেশকে জানে, আমাদের ভাষায় কথা বলে এবং আমাদের মূল্যবোধেকে সমর্থন করে। আমরা চাই ইমামরা বিভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে আলোচনা করুন এবং আমাদের সমাজে বিশ্বাস তৈরি করুন।’
জার্মানির ইমাম কনফারেন্স জানিয়েছে, জার্মানিতে ৫৫ লাখ মুসলিম বাস করেন। তারা মোট জনসংখ্যার ৬ দশমিক ৬ শতাংশ। তাদের মতে, নতুন সিদ্ধান্ত জার্মানির মুসলিমদের মিলন ও যোগদানের ক্ষেত্র প্রস্তুত করবে।
জার্মানিতে আড়াই হাজার মসজিদ আছে। তার মধ্যে ৯০০ মসজিদ ডিটিটিবি নিয়ন্ত্রণ করে। ডিটিটিবি হলো তুরস্কের প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্য়াফেয়ার্সের একটি শাখা। তারাই জার্মানিতে সবচেয়ে বড় ইসলামিক সংস্থা। তাদের বিরুদ্ধে অভিয়োগ, তারা তুরস্ক সরকারের কথাতে ওঠাবসা করে।
সাম্প্রতিক বিতর্ক
ডিটিটিবিকে নিয়ে সম্প্রতি একটা বিতর্কও দেখা দিয়েছে। কোলনের একটি মসজিদে একজন আফগান তালেবান সদস্য গতমাসে ভাষণ দিয়েছিলেন। সেটা নিয়েই বিতর্ক শুরু হয়।
২০১৭ সালে জার্মান কর্মকর্তারা ডিটিটিবি-কে মৌলিক সংস্কার করতে বলেন। তখন অভিযোগ উঠেছিল, তারা যে ইমামদের নিয়োগ করে, তারা তুরস্কের হয়ে চরবৃত্তি করেন। তুরস্কে এর্দোয়ান সরকারের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর এই অভিযোগ ওঠে। দিয়ানেট অবশ্য এই অভিযোগ অস্বীকের করেছে। এর্দোয়ান সরকারও জানিয়েছে, তারা এই নিয়ে তদন্ত কমিটি করেছিল। কিন্তু সেই কমিটি জানিয়েছে, এ রকম কোনো তথ্যই নেই।
সাবেক চ্যান্সেলর ম্য়ার্কেল ২০১৮ সালে প্রথমে জার্মানিতে জার্মান ইমামদের প্রশিক্ষণের কথা বলেন। তার যুক্তি ছিল, এই পদক্ষেপ জার্মানিকে এই বিষয়ে আরো স্বাধীন করবে। আর এটা জার্মানির ভবিষ্যতের জন্য জরুরি।
সূত্র : ডয়চে ভেলে

গাজার হাসপাতালে সামরিক অভিযান চালানো শেষ : ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী শনিবার বলেছে, তারা গাজার একটি হাসপাতালে সামরিক অভিযান চালিয়ে হামাসের প্রায় ৮০ জন সদস্যকে গ্রেপ্তার ও অনেক অস্ত্র উদ্ধার করেছে। এদিকে হামাস ইসরায়েলের এ অভিযানকে একটি ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’ হিসেবে বর্ণনা করেছে।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার বলেছে, ‘অবরুদ্ধ’ অবস্থা চলাকালে ইসরায়েলি বাহিনী গাজা নগরীর কামাল আদওয়ান হাসপাতালের কর্মীদের গ্রেপ্তার করে এবং তারা রোগীদের কক্ষ লক্ষ্য করে গুলিও চালায়।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ একই দিন বলেছে, হাসপাতালটির পরিচালকসহ প্রায় ৭০ জন চিকিৎসা কর্মীকে ‘হাসপাতালের বাইরে একটি অজানা জায়গায় আটকে রাখা হয়েছে।
সংস্থাটি আরও বলেছে, ইসরায়েলি বাহিনী পাঁচজন চিকিৎসক এবং নারী কর্মীকে মুক্তি দিয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর সদস্যরা যাদের বন্দি করেছিল তাদের সঙ্গে ‘অশোভন আচরণ’ করার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি বাহিনী শনিবার বলেছে, তারা ‘কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় তাদের সামরিক অভিযানের কার্যক্রম শেষ করেছে। হামাস হাসপাতালটি একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল বলে অভিযোগ ছিল।
সেনাবাহিনী বলেছে, তারা সেখানে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৮০ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং অনেক অস্ত্র উদ্ধার করেছে। এ সময় ওই এলাকার বিভিন্ন সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়।
তারা জানায়, অভিযান চলাকালে সৈন্যরা ‘হাসপাতাল কর্মীদের জিজ্ঞাসাবাদও করে।
সেনাবাহিনী দাবি করেছে যে অস্ত্রগুলো ইনকিউবেটরে রাখা হয়েছিল, তা সেখানের কর্মীনরা স্বীকার করেছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং তারা প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।
হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে।
হামাস সরকার জানায়, গাজায় ইসরায়েলের বর্বর হামলায় কমপক্ষে ১৮ হাজার ৮০০ জন নিহত হয়। এদের অধিকাংশ নারী ও শিশু।
খবর এএফপি

৩৬০ রানে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া

পার্থ টেস্টে পাকিস্তানকে ৪৫০ রানের কার্যত অসম্ভব টার্গেট ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। এমন রান তাড়ায় জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। পাহাড়সম টার্গেট তাড়ায় শান মাসুদের দল ৩০.২ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে।
পার্থ টেস্টের চতুর্থ দিনেই ৩৬০ রানের বড় জয় তুলে নিলো স্বাগতিকরা। সেই সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজে শুভসূচনা পেল প্যাট কামিন্স বাহিনী। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা সর্বশেষ ১৫ টেস্টে জয়হীন রইল পাকিস্তান। অন্যদিকে, দলের বড় জয়ের দিনে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অজি স্পিনার নাথান লায়ন। টেস্ট ক্রিকেটে মাত্র অষ্টম বোলার হিসেবে এমন নজির গড়লেন তিনি।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৪৮৭ রানে অলআউট করার পর নিজেদের প্রথম ইনিংসে ২৭১ রানে অলআউট হয় শান মাসুদের দল। সুযোগ থাকলেও পাকিস্তানকে ফলো-অন করায়নি অজিরা। ২১৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও ২৩৩ রান যোগ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
৪৫০ রানের পাহাড়সম টার্গেট তাড়ায় আজ চতুর্থ দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন পাক ওপেনার আব্দুল্লাহ শফিক। তিনে ব্যাট করতে নামা অধিনায়ক শান মাসুদও নামলেন আর উঠলেন। ১১ বলে মোটে ২ রান করেছেন তিনি। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৩০ রান।
টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন নাথান লায়ন।
দলীয় ১৯ রানে ইমাম উল হকের বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। অস্ট্রেলিয়ার রানের চাপে পিষ্ট পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। অধিনায়কত্বের চাপে ব্যাটে রান নেই-এমন গুঞ্জন উঠা বাবর আজম এবার নেতৃত্বে না থেকেও দুই ইনিংসেই ব্যর্থ হলেন। দুই ইনিংসে তার রান যথাক্রমে ২১ ও ১৪। অন্যদিকে, ঘরোয়াতে দারুণ ফর্মের কারণে দলে সুযোগ পেয়েছিলেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনিও দুই ইনিংসে করতে পারলেন ৩ ও চার রান যথাক্রমে।
সর্বোচ্চ ২৪ রান করেছেন সৌদ শাকিল। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। ২ উইকেট নাথান লায়নের, যার প্রথমটি নিয়েই ইতিহাসের অষ্টম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই অফ স্পিনার।
এর আগে পাকিস্তানকে ফলো-অন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। আগের দিন ৭২ বলে ৪৩ রানে টিকে থাকা স্টিভ স্মিথ আজ আর ২ রান যোগ করেই সাজঘরে ফিরেছেন। এরপর খেলতে নেমে ইনিংস বড় করতে পারেননি ট্র্যাভিস হেডও। আমের জামালের শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ১৪ রান। এরপর ক্রিজে নামা মিচেল মার্শকে নিয়ে শত রানের জুটি গড়েন খাজা। ওয়ানডে মেজাজে ব্যাটিংয়ে নিজেও ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে।
শেষ দিকে বেপরোয়া ব্যাট চালাতে গিয়ে শাহিনের বলে বাবরকে ক্যাচ দিয়ে ফিরেছেন। অজি এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৯০ বলে ৯০ রান। খাজার বিদায়ের পরপরই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে প্যাট কামিন্সের দল। শেষ পর্যন্ত মার্শ অপরাজিত ছিলেন ৬৮ বলে ৬৩ রান। পাকিস্তানি বোলারদের হয়ে অভিষিক্ত খুররাম শেহজাদ সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন।
ব্যাটিংয়ে চূড়ান্ত ব্যর্থতার এই টেস্টে পাকিস্তানের একমাত্র প্রাপ্তি হতে পারে অভিষিক্ত দুই পেসারের বোলিং। অভিষেক টেস্ট খেলতে নেমে ক্ষুরধার বোলিংয়ে প্রথম ইনিংসে ১১১ রানে ৬ উইকেট নিয়েছিলেন আমের জামাল। তরুণ এই পেসারের কীর্তিতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে পাঁচশর আগেই থামায় পাকিস্তান। যদিও দ্বিতীয় ইনিংসে তার দখলে গেছে একটি উইকেট।

এগিয়ে গিয়েও হোঁচট খেল বার্সা

বার্সেলোনাকে যেন শনির দশা পেয়ে বসেছে। জয় কিছুতেই হাতে ধরা দিচ্ছে না লা লিগার ক্লাবটির। এবার ভ্যালেন্সিয়ার মাঠে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে জাভি হার্নান্দেজের দল।
এতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তিন দিন আগে ‘অখ্যাত’ অ্যান্টওয়ার্পের মাঠে ৩-২ গোলে হেরে যায় বার্সা। তার আগে জিরোনার কাছে ঘরের মাঠে ধরাশায়ী হয়েছিল ৪-২ ব্যবধানে।
ওই দুই ম্যাচেই আগে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বার্সা। এবার আর তেমন হয়নি। ভ্যালেন্সিয়ার মাঠে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়ে ফিরতে হচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।
ম্যাচে ভুরি ভুরি সুযোগ নষ্ট করেছে বার্সেলোনা। যার খেসারত দিতে হয়েছে তাদের। অথচ ৫৫ মিনিটে হোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। ৭০ মিনিটে সমতা ফেরান ভ্যালেন্সিয়ার উগো গুইলামোন। এরপর অনেক চেষ্টা করেও বার্সা আর এগোতে পারেনি।
১৭ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে, ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে এবারের মৌসুমে চমক দেখানো জিরোনা। ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দশে আছে ভ্যালেন্সিয়া।

বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটার সুযোগ নেই : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আরব বসন্ত নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বক্তব্য নাকচ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটার কোনো সুযোগ নেই।
আজ রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাশিয়া কি বলেছে, এটা আমাদের ইস্যু না। এটা ওদের জিজ্ঞেস করেন। অনেকে অনেক ধরনের কথা বলবে কিন্তু আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। আমরা সার্বভৌম, আমাদের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’-এটার পরিপ্রেক্ষিতে আমরা পররাষ্ট্রনীতি পরিচালনা করি। কে কি বলল না বললো, এটা তাদের মাথাব্যথা। আমার মনে হয় না এ ধরনের (আরব বসন্ত) কোনো সুযোগ আছে। আমরা একটি গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণেই দেশের গণতন্ত্রটা সমুন্নত আছে। আমরা ৭ জানুয়ারির নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করব।
ঢাকায় সহিংসতায় পিটার হাসের সম্পৃক্ততা নিয়ে রাশিয়ার বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগেও এই বাড়তি হামলা, মামলা, অগ্নিসন্ত্রাস ম্যানেজ করেছি। কিছু দুষ্টু লোক গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করার জন্য, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা এইসব অপকর্ম করছে। আমাদের দেশের জনগণ এটি প্রতিহত করবে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছি। আমাদের ভারসাম্য কূটনীতি নিয়ে আমরা চলতে চাই।
সুপার পাওয়াররা এখানে এক্সট্রিমিস্টদের প্রভাবিত করার চেষ্টা করছে, এই সুপার পাওয়ার কারা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, কোনো সুপার পাওয়ার আমাদের প্রভাবিত করার কোনো খবর আমাদের কাছে নেই। এগুলোর খবর আপনাদের কাছে আছে।

অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব

বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার জাতীয় দলে তিন ফরম্যাটের অধিনায়কই তিনি। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাকিব জানিয়েছিলেন, আসর শেষে তিনি আর অধিনায়কত্ব করবেন না।
এদিকে আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজও মিস করছেন সাকিব। তবে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কিছু বলেননি সাকিব। তিনি যে কারণে বিসিবি বলছে এখনো সব ফরম্যাটের অধিনায়ক সাকিবই।
গত মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক এখনও সাকিব আল হাসান। অবশেষে নিজের অধিনায়কত্ব নিয়ে মুখ খুলেছেন টাইগার অধিনায়ক।
গতকাল এক অনুষ্ঠানে নেতৃত্ব প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘এই সিরিজের পর আমাদের নির্বাচনটাও শেষ হবে। নির্বাচন শেষে আমরা একটা সিদ্ধান্ত নেব। কীভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়া যায়। সবাই মিলে চিন্তা করে যেটা ভালো মনে হয় আমরা সেটাই করব।
যদি মনে হয় আমার আরও কিছুদিন কন্টিনিউ করা উচিত তাহলে সেটাই। আর যদি মনে হয়, শান্ত-মিরাজ-লিটনরা আছে ভালো কিছু করার সম্ভাবনা ওদের মধ্যে আছে। ওরা আরও বেশি ইয়াং, এনার্জেটিক। খারাপ হওয়ার কোনো কারণ আমি দেখি না- যোগ করেন সাকিব।
এর আগে সাকিব অধিনায়কত্ব নিয়ে জালাল বলেছিলেন, মিডিয়াতে তার স্টেটমেন্টটা দেখেছি। অবশ্যই এটা আনন্দের ব্যাপার, এখন সে দেশের ক্রিকেটের ওপর বেশি ফোকাস করবে বাইরের ফ্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। তো এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো ফরম্যাট আছে, সে যাতে আমাদের দেশের জন্য খেলে এটাই আমাদের কামনা।
সাকিবকেই লম্বা সময়ের জন্য নেতৃত্বে পাওয়ার ইচ্ছা পোষণ করে বিসিবির এই কর্মকর্তা বলেছিলেন, এখানে আসলে রিকনসিডারের পার্টটা আসে না। স্টিল সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে নিউজিল্যান্ডের সঙ্গে, যার জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। আপনারা জানেন সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে। সব ফরম্যাটেই সে আমাদের অধিনায়ক। সামনেও সে সব ফরম্যাটেই অধিনায়ক থাকবে কি না এরকম প্রশ্ন কিন্তু এখনো উঠেনি। আমরা চাই সেই অধিনায়ক থাকুক।