সোমবার, অক্টোবর ১২, ২০২৬

ভোটের দিন কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছালে স্বচ্ছতা বাড়বে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে, এতে ভোটের স্বচ্ছতা বাড়বে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘সকালে সকল কেন্দ্রে ব্যালট পেপার যাওয়ার ফলে ফেয়ারনেস নিয়ে সংশয় থাকলে তা কিছুটা হ্রাস পাবে বলে আশা করি। এছাড়া এটি অনেকের দাবিও ছিল।’
দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ৭ জানুয়ারি সকালে ব্যালট কেন্দ্রে পাঠানো প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যতদূর সম্ভব ভোট গ্রহণ শুরুর আগে সকালে পাঠানো হবে। এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি তবে কিছু কিছু এলাকায় সকালে তা সম্ভব হবে না। যেগুলো দুর্গম-দূরবর্তী, হাওর-বাওড় এলাকা অথবা যেখানে জলপথে যেতে হয় সেখানে পাঠানো সম্ভব হবে না। এছাড়া দ্বীপাঞ্চলেও সম্ভব হবে না।’
এ ব্যাপারে একটি পরিপত্র জারি করা হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, রিমোট এলাকা হলে হেলিকপ্টার ব্যবহার করা হবে। এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তারা নির্বাচন কমিশনের কাছে অনুমোদন গ্রহণ করবেন, রিমোট এলাকায় পৌঁছাতে না পারলে ইসি বিচার বিবেচনা করে তাদের প্রস্তাব অনুমোদন করবে।
স্বচ্ছ ব্যালট বক্স ও সকালে ব্যালট পেপার বুঝে নিতে পোলিং এজেন্টদের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের দু’চার দিন আগে ব্যালট বক্সগুলো ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। আগে ব্যালট বক্স স্বচ্ছ কিনা তা দেখে নিতে হবে এরপর পোলিং এজেন্টেরা স্বাক্ষর করবেন।

জাতীয় পার্টির সঙ্গে জোট হয়নি: ওবায়দুল কাদের

জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আসন সমঝোতাকে ‘নির্বাচনী কৌশল’ হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের জোট হয়নি, সমন্বয় হয়েছে। এটা নির্বাচনী কৌশল।
সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসেনি। সেহেতু এখানে জোট করার প্রয়োজনীয়তা নেই। জাতীয় পার্টির সঙ্গে আমাদের সমন্বয় হয়েছে। এটা আমাদের নির্বাচনী কৌশল। আমরা কৌশলটা এভাবেই ঠিক করেছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আমরা রাজনৈতিকভাবে বেশি আলোচনা করেছি। সেজন্য আমরা আসন সমঝোতা করেছি।
আসন ভাগাভাগি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ থেকে তারা (জাপা) সাপোর্ট (সমর্থন) চেয়েছে। সেজন্য আমরা জাতীয় পার্টির জন্য ২৬ আসন থেকে নৌকার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি। বাকি আসনগুলোতে তারা (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিযোগিতা করবে। শরিক দলের প্রার্থীরা ছয় আসনে নৌকা নিয়ে নির্বাচন করবেন। সব মিলিয়ে ২৬৩ জন আওয়ামী লীগের প্রার্থী। ১৪ দলসহ নৌকার প্রতীকে থাকছে ২৭০ জন। ২০১৪ ও ২০১৮-এর নির্বাচনেও এমন সমঝোতা হয়েছিল।
‘নির্বাচনে আনতে বিএনপি নেতাদের মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল’ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি (রাজ্জাক) যে বক্তব্য দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত বক্তব্য। আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। আওয়ামী লীগ দলীয় নিয়মনীতি ভঙ্গ করে, এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপিকে দেবে, এটা সঠিক নয়। এ ধরনের কোনো প্রস্তাব আমাদের সরকার দেয়নি, দলও দেয়নি।
কৃষিমন্ত্রীর বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নে কাদের বলেন, দলই সিদ্ধান্ত নেবে, কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। আর কীভাবে ব্যবস্থা নেবে, সেটাও দলের ব্যাপার।
বিএনপির ২০ হাজার নেতা-কর্মী কারাগারে থাকার বিষয়ে তিনি বলেন, তাদের (বিএনপি) জেলে আছে কত? হিসাবটা আমি মির্জা ফখরুল ইসলামের কাছে অনেকবার চেয়েছি। একটা উদ্ভট সংখ্যা বলে দিল, সেটা সবাই বিশ্বাস করবে এমন নয়। এত লোক গ্রেপ্তার হয়নি। আর যারা পুলিশ পিটিয়ে হত্যা করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, হাসপাতালে হামলা করেছে তাদেরকে তো আইনের আওতায় আসতেই হবে। কাউকে নির্বাচনে আনার জন্য অপরাধকে ক্ষমা করতে হবে, এমন দল আওয়ামী লীগ নয়।

১৫ হাজার কি.মি. পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ১২ ঘণ্টার কম সময়ের ব্যবধানে দ্বিতীয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছুড়ল পিয়ংইয়ং।
এর আগে রোববার (১৭ ডিসেম্বর) এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
কোরীয় উপদ্বীপে মার্কিন সামরিক উপস্থিতির জবাবে এ পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি কিম প্রশাসনের। বিবিসি জানিয়েছে, সোমবার (১৮ ডিসেম্বর) ‘সবচেয়ে শক্তিশালী’ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং।
এটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে।
ক্ষেপণাস্ত্রটির পরিসীমা ১৫ হাজার কিলোমিটারের বেশি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। এ নিয়ে ১২ ঘণ্টার কম সময়ের ব্যবধানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং।
এর আগে রোববার একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কিম প্রশাসন, যা প্রায় ৫৭০ কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে।
এমন এক সময়ে এ পরীক্ষা চালানো হলো, যখন কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্র প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে দক্ষিণ কোরিয়া।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানান, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছের একটি এলাকা থেকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এটি প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে।

জাপানের কোস্টগার্ড বলছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের এক ঘণ্টা পর হোক্কাইদো দ্বীপের পশ্চিম দিকের সাগরে গিয়ে পড়ে। তারা আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি ছয় হাজার কিলোমিটারের বেশি উচ্চতায় উঠেছিল। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম বলে জানায় জাপান। পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় তীব্র নিন্দা জানিয়েছে টোকিও।
এদিকে গেল সপ্তাহে সিউল জানিয়েছিল, চলতি মাসেই দূরপাল্লার একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিষিদ্ধ হলেও, এটিকে নিজেদের ‘আত্মরক্ষার সার্বভৌম অধিকার’ হিসেবে দাবি করে আসছে পিয়ংইয়ং।

রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ডলার সংকটের কারণে আমদানিনির্ভর চিনির দাম কমছে না। তবে যে অবস্থায় রয়েছে এতে করে আর দাম বাড়বে না।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পেয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি পুরোটাই আমদানিনির্ভর। ডলারের দাম কমলে চিনির দামও কমানো যায়। যেহেতু এখন ডলারের দাম স্থিতিশীল রয়েছে, তাই চিনির দাম আর বাড়বে না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি না এলেও স্বতন্ত্রসহ অন্যান্য অনেক দল অংশ নিয়েছে। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি।’
নিজ নির্বাচনী এলাকার (কাউনিয়া-পীরগাছা) উন্নয়ন প্রসঙ্গে টিপু মুনশি বলেন, আমার এলাকায় ৯০ শতাংশ রাস্তাঘাটের উন্নতি হয়েছে। স্কুল ও কলেজ সব এমপিওভুক্ত হয়েছে। ওখানে ইপিজেড হচ্ছে। আগামীতে সরকার ক্ষমতায় এলে সেখানে ইপিজেডের কার্যক্রম পুরোপুরি চালু করা হবে। এতে অন্তত এক লাখ লোকের কর্মসংস্থান হবে।

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার। সোমবার (১৮ জানুয়ারি) এক পরিপত্রে এ তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।
এতে বলা হয়, নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ভোটকেন্দ্রে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার প্রেরণ করা হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জেলা পর্যায়ে ও জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এতে আরও বলা হয়, এ লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশন সচিবালয় হতে বিভাগ/আঞ্চলিক বা জেলা পর্যায়ে নির্বাচনী দ্রব্যাদি পরিবহনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিভাগ/আঞ্চলিক পর্যায় হতে জেলা সভায় এবং জেলা পর্যায় হতে উপজেলা পর্যায়ে দ্রব্যাদি পরিবহন ও বিতরণে অনুরূপ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে।

আমিরের মৃত্যুতে সহমর্মিতা জানাতে কুয়েত গেলেন পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সহমর্মিতা ও সমবেদনা জানাতে কুয়েত গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকালে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা থেকে রওয়ানা হন তিনি। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফায়সাল মুতলাক আল আডওয়ানি পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কুয়েত সরকার আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেনের সঙ্গে রয়েছেন আরও দুজন।
মঙ্গলবার সকালে ঢাকায় ফিরবেন ড. মোমেন।

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৯০

অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়।
দক্ষিণ গাজার নাসের হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ইসরায়েলি হামলায় অন্তত এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রস আধানম গেব্রেয়েসুস বলেন, তিনি উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে হামলার কারণে শঙ্কিত।
এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ট্যাংক বিধ্বংসী মিসাইল স্কোয়াডে আঘাত হেনেছে। অপরদিকে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ।
পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলায় দামেস্কের কাছে অন্তত দুজন নিহত হয়েছে।
শরণার্থীশিবিরের এক বাসিন্দা উদ্ধার অভিযানে সহায়তা করছিলেন। তিনি আল জাজিরাকে জানিয়েছেন, রোববার রাতে হামলার ঘটনায় হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু।

সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনের আ. লীগের মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন, নিজেদের মধ্যে মান-অভিমান ও দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে আবারও বিজয়ী করে তাঁকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের শত্রু, ওরা দেশকে ধ্বংস করতে চায়, আর আ. লীগ দেশের আরও উন্নয়ন করতে চায়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা ৭ জানুয়ারি ভোটের দিন ভোট কেন্দ্রে যেতে ভোটারদের বাঁধা দেবে তাঁদেরকে প্রতিহত করতে হবে।
গত ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলার নাকালিয়া মনজুর কাদের ডিগ্রী কলেজ মাঠে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড (৭,৮,৯) নং ওয়ার্ড আ. লীগের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৭নং ওয়ার্ড আ. লীগের সভাপতি মো. ইয়ামিন আলির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, পাবনা জেলা পরিষদের সদস্য মাসুদ রানা ময়ছার, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আ. হামিদ সরকার, ইউনিয়ন আ. লীগের সভাপতি আবু বকার সিদ্দিক, সাধারণ সম্পাদক একেএম সায়েম মনি, ইউনিয়ন আ. লীগের সাবেক সভাপতি হাজী নুর ইসলাম সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ওসমান গনি প্রমূখ।

গাজায় হাসপাতাল ধ্বংসের নিন্দা ডব্লিওএইচওর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) প্রধান উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল ‘বাস্তবিক ধ্বংসের’ নিন্দা জানিয়েছেন। হাসপাতালে ইসরায়েলের হামলায় অন্তত আট রোগী নিহত হয়েছে।
সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক্সে বলেছেন, নিহত এসব রোগীর মধ্যে নয় বছরের শিশুও রয়েছে।
ফিলিস্তিনি সংগঠন হামাস হাসপাতালটিকে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে এ অভিযোগে ইসরায়েল গত কয়েক দিন এখানে অভিযান চালিয়ে আসার প্রেক্ষাপটে রোববার আধানম এ মন্তব্য করেন।
যদিও ইসরায়েলের এ অভিযোগ হামাস অস্বীকার করে আসছে।
আধানম বলেন, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েল বাস্তবিক যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাতে ডব্লিওএইচও আতংকিত। হাসপাতালটিকে অকার্যকর করা হয়েছে। এর ফলে মারা গেছে আটজন রোগী।
এ ছাড়া বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীকেও ইসরায়েল আটক করেছে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তার অংশীদাররা তাদের অবস্থা দ্রতই জানার চেষ্টা করছে বলেও তিনি জানান।
এদিকে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি অভিযোগ করে বলেন, টেডরস হাসপাতালে হামাসের প্রবেশের কোন উল্লেখ করেননি।

ভারতে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

বিভিন্ন দেশে করোনা নতুন করে মাথাচাড়া দিতে শুরু করেছে। যা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ইতোমধ্যে সংস্থাটি বিভিন্ন দেশকে এ বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময় করোনায় মারা গেছে পাঁচ জন। একইসঙ্গে দেশটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭০১ জনে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রোববার যে পাঁচ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাদের চার জনই কেরালা বাসিন্দা। বাকি একজন উত্তরপ্রদেশের।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কেরালায় জেএন.১ নামে করোনার নতুন একটি উপ-ধরনের সন্ধান পাওয়া গেছে। এখনও পর্যন্ত সেখানে একজনের শরীরে ওই নতুন উপধরনের অস্তিত্ব পাওয়া গেছে।
করোনার নতুন এ উপধরন জেএন.১ গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম পাওয়া যায়। তারপর এটি বেশ কয়েকজন রোগীর শরীরে পাওয়া যায়। সম্প্রতি চীনেও জেএন.১ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাত জনের শরীরে মিলেছে ওই ভাইরাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া ভান কেরকোভে বলেছেন, কেন এসময় হঠাৎ আবার করোনা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। কীভাবে তা ঠেকানো যায় তা আমাদের বের করে সমাধান করতে হবে। এ মুহূর্তে যত করোনা আক্রান্ত রোগী আছেন, তাদের ৬৮ শতাংশের দেহে রয়েছে এক্সবিবি উপধরন। বাকি রোগীর দেহে ঘুরছে জেএন.১। শীতে রোগের দাপট আরও বাড়তে পারে।