শনিবার, অক্টোবর ১০, ২০২৬

সল্টের সেঞ্চুরিতে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে গিয়েছিল ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে এসে এক দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন ফিল সল্ট। দল জিতলো ৭ উইকেটে। আজ চতুর্থ টি-টোয়েন্টিতে চার-ছক্কার ফুলঝুরিতে হাঁকালেন আরও একটি সেঞ্চুরি। ২৬৮ রানের বিশাল লক্ষ্য দিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজকে ৭৫ রানে হারিয়েছে ইংলিশরা। ফলে সিরিজে ২-২ সমতায় ফিরেছে সফরকারী ইংল্যান্ড।
আজ বুধবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। উদ্বোধনী জুটিতে ১০ ওভারের আগেই ১১৭ রান তোলে তারা। ফিফটি করে আউট হয়ে যান বাটলার। কিন্তু টিকে থেকে মারকুটে খেলতে থাকেন সল্ট। শেষ পর্যন্ত ১১৯ রানে গিয়ে থামেন এই ডানহাতি ব্যাটার। ৭ চার আর ১০টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি।
ইংল্যান্ডের হয়ে সল্টের সেঞ্চুরির সঙ্গে বাটলার করেন ২৯ বলে ৫৫, উইল জ্যাকস ৯ বলে ২৪, চার নম্বরে নেমে ২১ বলে ৫৪ রানের ঝোড়ে ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন। শেষ পর্যন্ত ৩ উইকেটে ২৬৭ রান তোলে ইংল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রান্ডন কিং। এরপর ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করেন কাইল মায়ার্স ও নিকোলাস পুরান। তবে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৫ বলে ১২ করে ফেরেন মায়ার্স। ১৫ বলে ৩৯ রান করে স্যাম কারেনের বলে ব্রুকের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরত যান পুরান। ৮ বলে ১৬ রান তোলেন শাই হোপ।
এরপর আরও একটি ঝোড়ে ইনিংস খেলার চেষ্টা করেন শারফেন রুদারফোর্ড। ১৫ বলে ৩৬ রান করেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। লক্ষ্য বড় হওয়ার কারণে দলকে জেতাতে পারেননি রাসেল। শেষ পর্যন্ত ১৫.৩ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে যায় স্ব
ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট শিকার করেন রিসি টপলি। ২টি করে উইকেট তুলে নেন স্যাম কারেন ও রিহান আহমেদ।

দুষ্কৃতকারীদের অবশ্যই বিচার হওয়া উচিত : বিচারপতি

ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনার যথাযথ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
তিনি বলেন, দুষ্কৃতকারীদের বিচার সবাই তো সব সময় চাই। যারা দুষ্কৃতকারী তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। এটা মোহনগঞ্জ এক্সপ্রেস বলে কথা নয়। এটা পঞ্চগড় বা নোয়াখালী এক্সপ্রেসে হলেও দুষ্কৃতকারীদের বিচারের কথা বলা হতো।
আজ বুধবার (২০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে ১১তলা বিশিষ্ট রেকর্ড ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, যারা মানুষের ওপর আক্রমণ করে তাদের মনুষ্যত্ব আছে কি না, তাতে সন্দেহের অবকাশ আছে।
তিনি বলেন, আমি আশা করি সরকার যথাযথ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনবে।
রেকর্ড ভবন সম্পর্কে তিনি বলেন, এটা স্মার্ট জুডিশিয়ারি গড়ার অন্যতম পদক্ষেপ।
এ সময় আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি মো. ইকবাল কবীর, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান ,স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফের নাশকতা : দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘সীমান্ত এক্সপ্রেস’

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে নাশকতার এক দিন পার না হতেই এবার দিনাজপুরের বিরামপুরে রেললাইনে নাশকতা করেছে দুর্বৃত্তরা। মধ্যরাতে লাইনের ওপর স্লিপার রেখে তাতে আগুন ধরিয়ে ট্রেন চলাচল বিঘ্নিতের চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে আনসার ও গ্রামবাসীর প্রচেষ্টায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেন ‘সীমান্ত এক্সপ্রেস’।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ সিগনালের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে।
এক সপ্তাহ আগেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি। সেদিন রাতে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের প্রধানপাড়া দোলা এলাকায় ৭২টি ফিসপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করছিল দুর্বৃত্তরা। তবে এলাকাবাসীর প্রতিরোধে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি।
মঙ্গলবার রাতের ঘটনা বর্ণনা করে স্থানীয়রা জানান, রাতে বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ সিগনালে লাইনের ওপর স্লিপার রেখে ট্রেন চলাচল বিঘ্নিতের চেষ্টা করে দুর্বৃত্তরা। খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকার কাছাকাছি এলে আনসার সদস্যরা ট্রেনটি থামিয়ে দেন। এতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের যাত্রীরা।
বিরামপুর রেলস্টেশনের বুকিং সহকারী ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপরে রাখা স্লিপারগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এর আগেও দেশের বিভিন্ন এলাকায় ট্রেনে নাশকতার বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। গত ১৩ ডিসেম্বর গভীর রাতে নীলফামারীর ডোমারে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। এলাকাবাসীর কারণে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন।
সর্বশেষ গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও এলাকায় নেত্রকোনা থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়। পুড়ে ছাই হয় ট্রেনটির তিনটি বগি।

২৪ ঘণ্টায় নিহত ১০০ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব পেছাল

ইসরায়েলি হামলায় একদিনে প্রায় ১০০ ফিলিস্তিনির প্রাণহানির খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। দখলদার বাহিনীর অব্যাহত বোমা হামলায় এই নিহতের ঘটনা ঘটেছে। তাছাড়া আহত হয়েছে শত শত ফিলিস্তিনি।
এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। সিটিও পিছিয়ে গেছে।
তাছাড়া ইসরায়েল দাবি করেছে তারা উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে হামাসকে ছত্রভঙ্গ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের পাশাপাশি গাজায় আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫২ হাজারের বেশি।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের হামলায় নিহত হয় এক হাজার দুইশ ইসরায়েলি।
এরপরই গাজায় হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলা থেকে বাদ যাচ্ছে না স্কুল, হাসপাতাল ও আবাসিক ভবনও। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি।

এক সেঞ্চুরিতে ৪ মাইলফলক সৌম্যর

রানের দেখা পাচ্ছিলেন না সৌম্য সরকার। তবুও দলে সুযোগ পাওয়ায় বেশ কথা শুনতে হয়েছে কোচ ও নির্বাচক প্যানেলকে। ম্যাচের আগের দিনও সৌম্যকে নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে হাথুরুসিংহেকে। সেখানেও প্রিয় শিষ্যকে আগলে রেখেছেন কোচ। অবশেষে ব্যাট হাতে কোচের সেই আস্থার প্রতিদান দিলেন সৌম্য সরকার। তার দেড়শো ছাড়ানো ইনিংসে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।
বুধবার (২০ ডিসেম্বর) নিউজিল্যান্ডের নেলসনে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। সৌম্য সরকারের ১৬৯ রানে ভর করে ১ বল বাকি থাকতে ২৯১ রান করে অলআউট হয় টাইগাররা। কিউই বোলার উইল ও’রর্ক ও জ্যাকব ডাফি ৩টি, মিলনে, জোশ ক্লার্কসন ও আদি অশোক একটি করে উইকেট তুলে নেন।
এই এক সেঞ্চুরিতে সৌম্য সরকার চারটি মাইলফলক স্পর্শ করেছেন। যেখানে তিনি ছাড়িয়ে গিয়েছেন মাস্টার ব্লাস্টার ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকার, স্বদেশি মাহমুদউল্লাহকে। তবে ৭ রানের জন্য স্পর্শ করতে পারেননি আরেক স্বদেশি লিটন কুমার দাসকে।
৩৯.১ ওভারে কিউই বোলার অশোকের বল অফসাইডে ঠেলে দিয়ে সেঞ্চুরি উদযাপন করতে শূন্যে লাফিয়ে উঠেন সৌম্য। সেই সঙ্গে চতুর্থ বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান তিনি। এটি ছিল ক্যারিয়ারে তার তৃতীয় সেঞ্চুরি। এদিন সেঞ্চুরি পেতে সৌম্য খেলেছিলেন ১১৬ রান। দ্বিতীয় শতক থেকে তৃতীয় শতক পর্যন্ত তার সময় লেগেছে সাড়ে ৪ বছরের মতো। ২০১৮ সালের অক্টোবরে সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি।
১২৯ করার সঙ্গে সঙ্গে সৌম্য টপকে যান মাহমুদউল্লাহ রিয়াদকে। নিউজিল্যান্ডের মাটিতে এতদিন সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল রিয়াদের। ২০১৫ সালে মাহমুদউল্লাহ ১২৮ রানে অপরাজিত ছিলেন।
১৫০ রান করার সঙ্গে সঙ্গে সৌম্য তৃতীয় বাংলাদেশি হিসেবে দেড়শো রান করার গৌরব অর্জন করেন। তার আগে তামিম ও লিটন দেড়শো রান করার কৃতিত্ব দেখান। তামিমের দেড়শো রানের ইনিংস রয়েছে দুটি।
১৬৪ রান করার সঙ্গে সৌম্য টপকে যান ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকারকে। এর আগে শচীন ২০০৯ সালে ক্রাইস্টচার্চে করেছিলেন অপরাজিত ১৬৩ রান। যেটি ছিল এতদিন নিউজিল্যান্ডের মাটিতে কোনো এশিয়ান ক্রিকেটারের সর্বোচ্চ রানের ইনিংস। সৌম্য এদিন করেন ১৬৯ রান।

আজ সিলেট থেকে শেখ হাসিনার নির্বাচনী সফর শুরু

আজ বুধবার সিলেট থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী সফর। এরপর বিভিন্ন জেলায় ভার্চুয়াল ও সরাসরি সফর করবেন। বরিশাল, গোপালগঞ্জ ও মাদারীপুরে সরাসরি সফর করবেন প্রধানমন্ত্রী।
দলটির দপ্তর থেকে বলা হয়েছে, বুধবার সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর নির্বাচনের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে তিনি সরাসরি দেশের বিভিন্ন জেলা সফর করবেন। এছাড়া ভার্চুয়ালি বিভিন্ন জেলায় সংযুক্ত হয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরানের (র.) মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট সফর শুরু করবেন শেখ হাসিনা। এরপর সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভা থেকেই আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে জানান, আগামী ২১ ডিসেম্বর বিকেল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফরে যাবেন শেখ হাসিনা। ওইদিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি।
এরপর ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ এবং মাদারীপুর জেলা সফর করবেন আওয়ামী লীগ সভাপতি। ওইদিন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে অর্থাৎ নিজের নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন বঙ্গবন্ধু কন্যা। এছাড়া ওইদিন মাদারীপুর-৩ আসনেও আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

শচীনকে ছাড়িয়ে গেলেন সৌম্য, কিউইদের সামনে চ্যালেঞ্জিং স্কোর

রানের দেখা পাচ্ছিলেন না সৌম্য সরকার। তবুও দলে সুযোগ পাওয়ায় বেশ কথা শুনতে হয়েছে কোচ ও নির্বাচক প্যানেলকে। ম্যাচের আগের দিনও সৌম্যকে নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে হাথুরুসিংহেকে। সেখানেও প্রিয় শিষ্যকে আগলে রেখেছেন কোচ। অবশেষে ব্যাট হাতে কোচের সেই আস্থার প্রতিদান দিলেন সৌম্য সরকার। তার দেড়শো ছাড়ানো ইনিংসে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে কিউইদের বিপক্ষে এই টাইগার ব্যাটারের খেলা অনবদ্য ১৬৯ রানের ইনিংসের সুবাদেই ৪৯.৫ ওভারে ২৯১ রান করে অল আউট হয় বাংলাদেশ।
আগের ম্যাচে চার বল খেলে শূন্য রানে আউট হওয়ায় এবং বল হাতে বাজে পারফর্ম করায় আজকের ম্যাচে একাদশে সৌম্যকে রাখা হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত সৌম্যকে নিয়েই দল সাজায় টিম ম্যানেজম্যান্ট। আর এই সিদ্ধান্ত আজ পুরোপুরি সফল হয়েছে। ক্যারিয়ারের তৃতীয় শতক হাকানোর পাশাপাশি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন সৌম্য।
বাংলাদেশের জার্সিতে চার বছর পর ফিফটির করা সৌম্য ১১৬ বল খেলে আজ নিজের ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিয়েছেন। পাঁচ বছর শতক হাঁকানো সৌম্য শেষ পর্যন্ত থেমেছেন ১৫১ বলে ১৬৯ রান করে, ২২টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ২টি ছয়। দেড়শ ছাড়ানো ইনিংস খেলে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল মাহমুদউল্লাহ রিয়াদের, তিনি করেছিলেন ১২৮ রান।
এদিকে নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ান কোনো ওপেনারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি ছিল শচীন টেন্ডুলকারের। সাবেক এই ভারতীয় ওপেনার করেছিলেন ১৬৩ রান। আজ ১৬৯ রান করে শচিনের সেই রেকর্ড ভেঙেছেন সৌম্য। একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংসও এখন এটিই।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১১ রানে ওপেনার এনামুল হক বিজয় ২ রান করে মিলনের শিকার হয়ে ফিরে যান। বিজয়কে হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই অধিনায়ক শান্তকে প্যাভিলিয়নের পথ দেখান ডাফি। দলের স্কোর তখন ৩৬ রান। এদিন আরও একবার ব্যর্থ অভিজ্ঞ লিটন দাস। ব্যাট হাতে ৬ রান করার পর ডাফির দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয়কে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন সৌম্য। দলীয় ৮০ রানে হৃদয় রান আউটের ফাঁদে পড়লে ভাঙে জুটি।
পঞ্চম উইকেটে মুশফিককে সঙ্গে করে দলের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সৌম্য সরকার। এ দুজনে গড়েন ৯১ রানের জুটি। দলীয় ১৭১ রানে মুশফিক ৫৭ বলে ৪৫ রান করে বিদায় নিলে ভাঙে জুটি। ব্যক্তিগত ৯২ রানে সৌম্যকে জীবন দেন উইল ইয়ং। এটি ছিল ম্যাচে চতুর্থবার জীবন পাওয়া। এর আগে ৫০-৬০ রানের মাঝে জীবন পেয়েছেন তিনবার। ৯০-এর পর গিয়ে আরেকবার।
এরপর আর ভুল করেননি সৌম্য। ইনিংসের ৩৯.১ ওভারের সময় অশোকের বল অফ সাইডে ঠেলে দিয়েই শূন্যে লাফ দেন সৌম্য। ব্যাটের ওপর হেলমেট নিয়ে দুহাতে ধরে করেন ধ্যানের ভঙ্গি। সেই সঙ্গে সৌম্য পেলেন ক্যারিয়ারে তৃতীয় শতক। দ্বিতীয় শতকটি এসেছিল ২০১৮ সালের অক্টোবরে। শতকে যেতে তার লেগেছে ১১৬ বল। এটি ছিল নিউজিল্যান্ডের মাটিতে চতুর্থ কোনো বাংলাদেশি ব্যাটারের সেঞ্চুরি।
ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে স্বীকৃত ক্রিকেটে সর্বশেষ শতকের দেখা পেয়েছিলেন সৌম্য। এবার জাতীয় দলে এসেছেন বিস্ময় জাগিয়েই, তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে ভরসা রাখা হয় তার ওপর। প্রথম ম্যাচে ০ রানে ফিরলেও দ্বিতীয় ওয়ানডেতে টিম ম্যানেজমেন্টের সে আস্থার প্রতিদান দিলেন সৌম্য।
এরপর ৬ষ্ঠ উইকেটে মিরাজকে নিয়ে ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন সৌম্য। মিরাজ ২৬ বলে ১৯ অশোকের শিকার হলে ভাঙে জুটি। অপর প্রান্তে সৌম্য নিজের সাবলীল খেলা চালিয়ে যেতে থাকেন। দলীয় ২৯০ রানের সময় সৌম্য ১৬৯ রানে ফেরেন। তার ইনিংসটি সাজানো ছিল ১৫১ বলে ২টি ছক্কা ও ২২টি চারে। এরপর ১ বল আগেই অলআউট হয়ে যায় সফরকারীরা।
এক সেঞ্চুরিতে সৌম্য ছাড়িয়েছেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারকে। নিউজিল্যান্ডের কোনো এশিয়ান ব্যাটারের সর্বোচ্চ ইনিংসের মালিক এখন সৌম্য। আগের যে রেকর্ডটি ছিল টেন্ডুলকারের। তিনি ২০০৯ সালে ক্রাইস্টচার্চে করেছিলেন অপরাজিত ১৬৩ রান। সেই সঙ্গে সৌম্য চতুর্থ বাংলাদেশি ব্যাটার যিনি দেড়শো পেরুলেন। এর আগে তামিম ও লিটন দাস দেড়শোর মাইলফলক স্পর্শ করেন। যেখানে তামিমের রয়েছে দুটি ইনিংস।
১২৯ রান করার সঙ্গে সঙ্গে সৌম্য ছাড়িয়ে যান মাহমুদউল্লাহকে। ২০১৫ সালে কিউই সফরে মাহমুদউল্লাহ বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন। সেবার তিনি ১২৮ রানে অপরাজিত ছিলেন। যেটি এতদিন ছিল কিউইদের মাটিতে কোনো বাংলাদেশির সর্বোচ্চ ইনিংস। আজ সেটিকে টপকে গেলেন সৌম্য।

‘বাংলাদেশ নিয়ে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতা করছে না রাশিয়া’

বাংলাদেশ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া প্রতিযোগিতা করতে নামেনি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকার রুশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এদিন বাংলাদেশে আরব বসন্তের মতো বিপ্লব বা অভ্যুত্থান হওয়ার ঝুঁকি নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
জবাবে আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তৎকালীন সোভিয়েত নৌ-বাহিনীর সদস্যরা চট্টগ্রাম সমুদ্র বন্দরে মাইন অপসারণে সহায়তা করেছিল। সেটা তুলে ধরতেই আমরা এখানে সংবাদ সম্মেলন করছি। তবে আপনাদের প্রশ্নের উত্তরে বলতে চাই— বাংলাদেশকে নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নামেনি রাশিয়া। তবে তারা (পশ্চিমারা) কী করেছে আর কী করতে পারে, সেটা আমরা তুলে ধরেছি।
এর আগে, গত ১৫ ডিসেম্বর বাংলাদেশ নিয়ে এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বাংলাদেশে ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তের’ মতো করে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণে সহায়তা করেছিল রাশিয়ার নৌ-বাহিনী। সে সময় রাশিয়ার নৌ-বাহিনীর সাবেক দুই সদস্য বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে এসেছেন। সংবাদ সম্মেলনে তারা সেই সময়ের স্মৃতিচারণ করেন। একইসঙ্গে বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেন।
রাশিয়ার নৌ-বাহিনীর সাবেক সদস্য ভিটালি গুবেনকো বলেন, আমি ৫০ বছর পর এখানে এসে এক নতুন বাংলাদেশকে দেখছি। এখানে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে।

প্রথমবারের মতো জুটি বাঁধলেন হৃত্বিক-দীপিকা

বলিউডের ইতিহাসে প্রথমবারের মতো সিলভার স্ক্রিনে একইসঙ্গে দেখা যাবে বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন এবং আলোচনার তুমুলে থাকা জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে।
সিদ্ধার্থ আনন্দ’র পরিচালিত অ্যাকশনধর্মী ‘ফাইটার’ সিনেমাতে প্রথমবারের মতো একইসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউডে প্রায়শই চর্চার শিখরে থাকা এই অভিনেতা-অভিনেত্রীকে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘ফাইটার’ সিনেমাটির একটি ছবি শেয়ার করেন হৃত্বিক। ছবিতে বেশ খোলামেলা অবস্থায় দেখা যাচ্ছে দুজনকে।
নিজের পোস্টে হৃত্বিক জানান, ‘ফাইটার’ সিনেমার দ্বিতীয় গান ‘ইশক যেয়েসা কুছ’ মুক্তি পাচ্ছে আসন্ন শুক্রবার (২২ ডিসেম্বর)। হ্যাশট্যাগ করে মুভির রিলিজ ডেট ২৫ জানুয়ারি উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ‘ফাইটার’ সিনেমার অনেক শুটিং করা হয়েছে ভারতীয় নৌ-ঘাটিতে। বিভিন্ন ফাইটার জেটের ঝলকানি দেখা যাবে এ সিনেমায়। এর আগে ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়ার’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও হৃত্বিক রোশন।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ আজকে বদলে গেছে। এই রাঙ্গুনিয়ার চিত্র আপনারা একটু মনে করে দেখুন, ১৫ বছর আগে উত্তর রাঙ্গুনিয়ার শেষ প্রান্ত থেকে দক্ষিণ রাঙ্গুনিয়ার শেষ প্রান্তে যেতে সকালে শুরু করলে বিকাল গড়িয়ে যেতো। সঙ্গে জিনিসপত্র নিয়ে যেতে হতো। সড়কগুলোর এমন করুণ অবস্থা ছিল মানুষের কোমর ব্যথা হয়ে যেতো। বর্তমানে রাঙ্গুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সর্বোচ্চ এক ঘণ্টায় পৌঁছা যায়। এটাই আমাদের উন্নয়ন।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় র‌্যালি পূর্ব পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চন্দ্রঘোনা লিচুবাগান থেকে র‌্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের প্রায় ২০ কিলোমিটার প্রদক্ষিণ করে তাপবিদ্যুৎকেন্দ্র গেট এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষজন অংশ নেন।
বর্তমানে গ্রামের ছেলে আর শহরের ছেলের মধ্যে কোনও পার্থক্য নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বরং গ্রামের ছেলেগুলো আরও বেশি স্মার্ট। গ্রামের সবার বাড়িতে বাড়িতে টেলিভিশন-ফ্রিজ ও ইন্টারনেটের লাইন, এগুলো আগে ছিল না। এগুলো সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।
হাছান মাহমুদ বলেন, সকাল ৮টায় ঘুম থেকে উঠে রাতের ২টার আগ পর্যন্ত ঘুম নেই। একজন রাখাল যেভাবে খাটে, আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের জন্য ১৬-২০ ঘণ্টা খাটাখাটনি করি। সবার জন্য কাজ করি। আপনাদের অনুরোধ জানাবো, রাঙ্গুনিয়া ও বোয়ালখালী অংশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এগুলো আপনারা মাথায় রাখবেন। ৭ জানুয়ারি বাবা-মা, ভাইবোনকে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে যারা ভোট বর্জন করেছিল আমরা তাদের মুখে কালিমালেপন করে দেব।
সমগ্র দেশের মানুষ আজ নির্বাচনমুখী উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এটি নির্বাচন বর্জনকারী ও প্রতিহতকারীদের মুখে চপেটাঘাত। আমরা যখন স্বাধীনতা অর্জন করেছিলাম, তখন পাকিস্তানিদের অনেকে পরাজয়ের পর নিজেদের আত্মতুষ্টির জন্য বলেছিল, কালো-বেঁটে মানুষ, বোকা বাঙালিরা আমাদের থেকে ভাগ হয়ে গেছে; ভালোই হয়েছে। কিন্তু আজকে পাকিস্তানে আলোচনা হয় দয়া করে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও। এখন বাংলাদেশ হতে চায় পাকিস্তান। অথচ আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে স্বাধীন হয়েছি। আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনার এবং তার কন্যার দেশ পরিচালনার সার্থকতা।
হাছান মাহমুদ বলেন, আমাদের স্বাধীনতা-সংগ্রামে এই রাঙ্গুনিয়ার অনেক মানুষ জীবন দিয়েছেন। অনেককে কর্ণফুলী নদীর তীরে দাঁড় করিয়ে গুলি করে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। চন্দ্রঘোনায় পাকিস্তানিদের ক্যাম্প থেকে বাড়িতে বাড়িতে গিয়ে নির্যাতন চালানো হতো। পদুয়া ইউনিয়নে একদিনে ১২০০ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উত্তরজেলা আওয়ামী লীগের নেতা আবুল কাশেম চিশতি, মো. শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার ও মো. ইদ্রিছ আজগর।