শনিবার, অক্টোবর ১০, ২০২৬

১১৮ জনকে সহযোগী অধ্যাপক পদায়ন

দেশের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোয় কর্মরত ১১৮ জন সহযোগী অধ্যাপকের পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহণপূর্বক তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো।
এতে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৩১ ডিসেম্বর পূর্বাহ্ণে স্ব স্ব কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন। পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম দুই ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচে পথ হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাই শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণীর। যেখানে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ নিজের করে নেয় স্বাগতিকরা।
ত্রিনিদাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৩৮ রান আসে আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ফিল সল্টের ব্যাট থেকে। এ ছাড়া লিয়াম লিভিংস্টোন ২৮ ও মঈন আলী করেন ২৩ রান। ক্যারিবিয়ানদের হয়ে দাপট দেখান দুই স্পিনার গুদাকেশ মোতি ও আকিল হোসেন।
এ দুজনই মূলত ভেঙে দেন ইংলিশদের টপ ও মিডল অর্ডার। মোতি শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট ঝুলিতে যায় আকিল, জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেলের।
জবাব দিতে নেমে চাপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজও। তবে একপ্রান্ত আগলে রেখে চার বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছান শেই হোপ। ৪৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৩০ রান করেন শেরফান রাদারফোর্ড।
পাঁচ ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরিসহ ৩৩১ রান করায় সিরিজ সেরা হয়েছে ফিল সল্ট।

চেক প্রজাতন্ত্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১৪

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার খবরে দেশটিতে শনিবার শোক ঘোষণা করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট পেত্র পাভেল গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি এত প্রাণহানির ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
বন্দুকধারী তার বাবাকে হত্যা করে বলে ধারণা করা হয়। পাশাপাশি গেল সপ্তাহে দুজনের মৃত্যুর সঙ্গেও সে জড়িত থাকতে পারে। পুলিশ বলছে, বন্দুকধারীকে শেষ করে দেওয়া হয়েছে।
ইউরোপের সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ গুলির ঘটনা।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে চেক রাজধানীতে চার্লস বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে গুলির ঘটনা শুরু হয়।
বন্দুকধারী ভবনের করিডোর ও ক্লাসরুমে গুলি ছোড়ে, যাকে পাচ্ছিল, তাকেই গুলি করছিল। শিক্ষার্থী ও কর্মকর্তারা ফার্নিচার ব্যবহার করে তাকে ঘরে ঢুকতে বাধা দেন।
পুলিশ বলছে, বন্দুকধারী ২৪ বছর বয়সী শিক্ষার্থী। তার আগের অপরাধের কোনো রেকর্ড নেই।
গোলাগুলিতে আহত ২৫ জনের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। কোনো কর্মকর্তা আহত হননি।
এক বিবৃতিতে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, এ জঘন্য কর্মকাণ্ডে আমরা মর্মাহত।
খবর বিবিসি

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে ৫ ভারতীয় সেনা নিহত

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ভারতের সেনাবাহিনীর ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর দুটি গাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা গুলি বর্ষণ করে। এরপর তুমুল সংঘর্ষ বাধে।
আজ শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ ঘটে ভারতীয় সেনাদের। এতে পাঁচ সেনাসদস্য নিহত এবং তিনজন আহত হয়েছেন।
গত বুধবার রাত থেকে ডেরা কি গলিসহ এর আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। কাশ্মীরের এই এলাকাটিতে থেমে থেমে এখনও লড়াই চলছে। এলাকাটি ডিকেজি নামেও পরিচিত।
ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ডিকেজি-এর সাধারণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছিল। আজ সন্ধ্যায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং সেখানে লড়াই চলছে। ’
ডিকেজি নামে পরিচিত এই অঞ্চলটি গত কয়েক বছরে বিচ্ছিন্নতাবাদীদের আড্ডাস্থল এবং সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে।
এর আগে গত মাসে রাজৌরির কালাকোটে ভারতীয় সেনাবাহিনী বিশেষ অভিযান শুরু করার পরে দুই ক্যাপ্টেনসহ পাঁচজন সৈন্য নিহত হয়েছিল।
গত কয়েক বছরে এই অঞ্চলটি বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে বলেও জানিয়েছে এনডিটিভি।
গত দুই বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ১৩ হাজার ১৩২ পিস ইয়াবা, ৩১ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৪৮০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে।

তথ্য ফাঁস ঠেকাতে পুলিশের ডিজিটাল ওয়্যারলেস চালু

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কিছু বেতারযন্ত্র অ্যানালগ ও কিছু বেতারযন্ত্র ডিজিটাল ছিল। অ্যানালগ থাকার কারণে কিছু তথ্য অন্য কারও হাতে চলে যেত। বিষয়টি নজরে এলে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। এখন থেকে সব বেতারযন্ত্র ডিজিটাল হওয়ার কারণে এই সিস্টেমে কেউ ইন্টারসেকশন করতে পারবে না। কোনো সেট ব্যবহারকারী বা কোনো কর্মকর্তা এই সেটের মাধ্যমে তথ্য ফাঁস করলে তা এই সিস্টেমে ধরা পড়ে যাবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন।

এ সময় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ থেকে আব্দুল গনি রোডের ডিএমপি কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য সেবা উন্নতিকরণ ও নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে ডিজিটাল ওয়্যারলেস অপারেটিং সিস্টেম চালু করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

নির্বাচন পর্যবেক্ষণ নিশ্চিত করেছে ভারত-চীন-রাশিয়াসহ ৯ দেশ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয় এখন পর্যন্ত নয়টি দেশ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সেহেলী সাবরীন বলেন, এখন পর্যন্ত নয়টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চত করেছে। সেগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, শ্রীলংকা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন।
তিনি জানান, পর্যবেক্ষণ নিশ্চিত করা দেশগুলোর মধ্যে ভারত, চীন এবং রাশিয়ার পর্যবেক্ষক রয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সপার্ট টিম, ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট পর্যবেক্ষণ করবে। তাদের মধ্যে ইইউর একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা ২৪ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডেশনের (অনুমতি) জন্য পাওয়া আবেদন পর্যালোচনা করছে। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন তা কমিশন চূড়ান্ত করার পর জানা যাবে।

৭০ ভাগ মানুষ ভোট দিতে চায়: আমু

বর্তমান সরকার মানুষের ভোটে বিশ্বাসী। দেশের শতকরা ৭০ ভাগ মানুষ ভোট দিতে চায় বলেই এই সরকার নির্বাচনের ব্যবস্থা করেছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।
তিনি বলেছেন, মানুষের ভোটের অধিকার প্রয়োগের জন্য আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে।
নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে নির্বিঘ্নে ভোট দিতে পারবে। দেশের মানুষের জন্য আওয়ামী লীগ সরকার যে কাজ করেছে তাতে মানুষ আবারও নৌকায় ভোট দেবে।
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার পাওতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুলকাঠি ইউনিয়নে দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্র কমিটি সদস্যদের সাথে মতবিনিময়কালে একথা বলেন ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম। নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী সহ আরও অনেকে।

ভারতে করোনা আতঙ্ক, একাধিক রাজ্যে সর্তকতা

ভারতে নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড-১৯ আতঙ্ক। নতুন বছর শুরুর আগেই এই ভাইরাস যথেষ্ঠ উদ্বেগ বাড়িয়েছে গোটা দেশে।
বৃহস্পতিবার সকালে প্রাপ্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৫৮টি নতুন সংক্রমণ রেকর্ড হয়েছে। সব মিলিয়ে গত কয়েকদিনে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৬৯টি।
গত তিনদিন আগে দক্ষিণ ভারতের রাজ্য কেরলে করোনার নতুন উপ-প্রজাতি জেএন-১ (Sub Variant JN-1) এর হঠাৎ সন্ধানের পরই দেশ জুড়ে করোনা সংক্রমণের এই বাড়বাড়ন্ত।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসে কেরলে মৃত্যু হয়েছে তিনজনের। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত গোটা ভারতে করোনায় আক্রান্ত মৃত্যু হয়েছে ৫,৩৩,৩২৭ জনের। একই সাথে কেরল, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্তের খবর মিলছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৪৪,৭০,৫৬৭ জন, সেক্ষেত্রে সুস্থ হওয়ার হার শতকরা ৯৮.৮১ শতাংশ।
নীতি আয়োগের সদস্য স্বাস্থ্য ড. ভিকে পাল জানিয়েছেন, গোটা ভারতে এখন পর্যন্ত করোনার নতুন এই উপপ্রজাতির ২১টি কেস পাওয়া গেছে। যদিও এই নিয়ে আতঙ্কের কিছু নেই বলেও জানান তিনি।
এই পরিস্থিতিতে বুধবার করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। ওই বৈঠকে কোভিড-১৯ এর এই নতুন এবং উদীয়মান উপ-প্রজাতির বিরুদ্ধে সতর্ক থাকা এবং প্রস্তুত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
করোনা মোকাবিলায় প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একজোট হয়ে কাজ করার বার্তাও দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কেন্দ্র ও রাজ্য স্তরে প্রত্যেক তিন মাস অন্তর মক ড্রিল করা এবং সেরা জিনিসগুলি নিজেদের মধ্যে আদান-প্রদান করাটা খুব জরুরী।
এই বৈঠকে করোনা মোকাবিলায় প্রতিটি হাসপাতাল কতটা প্রস্তুত তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যগুলির উদ্দেশ্যে আরও বেশি করে টেস্টিং ও নজরদারির নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
কেন্দ্রের এই নির্দেশিকা পেয়েই আগাম সর্তকতা মূলক ব্যবস্থা হিসেবে একাধিক পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য সরকারও।
কেন্দ্রের ওই বৈঠকের পরই বুধবার রাতেই পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য সচিব নিজেদের মধ্যে আলোচনা বসেন।
সূত্রের খবর ওই বৈঠকে করোনা আক্রান্তদের উপরে বিশেষ নজর রাখার পাশাপাশি আরটি-পিসিআর টেস্ট করার উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি কলকাতা ও জেলা হাসপাতালগুলিতে করোনা রোগীদের জন্য বেড নির্দিষ্ট করে রাখা, পজিটিভ হলেই রোগীর নমুনা সিকোয়েন্সিং’এ পাঠানো সহ একাধিক নির্দেশিকা হাসপাতাল গুলিকে পাঠানো হয়েছে।
কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এম.আর.বাঙ্গুর হাসপাতালে আইসিইউ সহ কিছু বেড করোনা রোগীদের জন্য রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও খবর।

তিন সপ্তাহের শেষে কত আয় করলো ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’

ভিকি কৌশল অভিনীত ‘স্যাম বাহাদুর’ ছবি গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। বক্স অফিসে ‘অ্যানিমেল’ ঝড়ের মধ্যেও টুকটুক করে ব্যাটিং করে যাচ্ছে ছবিটি। তিন সপ্তাহের শেষে প্রায় ১০০ কোটির কাছে পৌঁছল ছবিটি।
মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড়ো ব্যাটিং চালাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’।
তবুও তার মধ্যেই মাটি কামড়ে পড়ে আছে ‘স্যাম বাহাদুর’। মোটেই জমি ছেড়ে দেয়নি। তৃতীয় সপ্তাহে ‘স্যাম বাহাদুর’ বক্স অফিসে ১২.২৫ কোটি টাকা আয় করেছে। সবটা মিলিয়ে এই ছবির আয় ৮০ কোটি ছাড়ালো।
গত সোমবার বক্স অফিসে ‘স্যাম বাহাদুর’ মাত্র ১.৬ কোটি টাকা আয় করেছিল। মঙ্গলবারও আয়ের পরিমাণ ছিল একই। তবে বুধবার সেটা খানিক বেড়ে হয় ১.৫০ কোটি। এরপর এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৮১.২০ কোটি টাকায়।
চলতি বছর মুক্তি পাওয়া ভিকি কৌশল অভিনীত প্রথম হিট ছবি ছিল ‘জারা হাটকে জারা বাচকে’। সারা আলি খান এবং ভিকির সেই ছবি ২০ দিনের মাথায় ৭১.৪৬ কোটি আয় করেছিল। দেশে সপ্তম সপ্তাহ পর্যন্ত এটি মোট ৮৮.৩৫ কোটি টাকা লাভ করেছিল। অন্যদিকে মাত্র ২০ দিনেই ভিকির স্যাম বাহাদুর সেই অঙ্ক প্রায় ছুঁয়ে ফেলেছে।
এদিকে আজ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ডানকি’ ছবি। ফলে অনুমান করা হচ্ছে এই নতুন ছবির জন্য হয়তো সব থেকে বেশি শো হারাতে হবে স্যাম বাহাদুরকেই। ভিকি কৌশলকে শাহরুখ খানের ‘ডানকি’ ছবিতে দেখা গেছে।