শনিবার, অক্টোবর ১০, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারিকুল ইসলাম।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।
বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, সিরামিকসহ বিভিন্ন পণ্যের ইন্দোনেশিয়ায় রপ্তানি বৃদ্ধিসহ দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন তিনি।
রাষ্ট্রপতি বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ীদের পারস্পরিক সফর বিনিময়ের ওপর জোর দেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

শাহজালালের সম্প্রসারণে আরও ৫৬০০ কোটি টাকা দেবে জাইকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় কিস্তি) জন্য ৭৬ হাজার ৬৩৫ মিলিয়ন জাপানি ইয়েনের (প্রায় ৫ হাজার ৬০০ কোটি টাকা) ঋণচুক্তি করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
আজ রোববার (২৪ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ পক্ষে সই করেন জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিরোশি ইয়োশিদা ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
জাইকার মিডিয়া সহযোগী ফরথোট পিআর লিমিটেড জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত করতে এই ঋণচুক্তি করা হয়। প্রকল্পের আওতায় নতুন প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং (টার্মিনাল ৩), নতুন কার্গো কমপ্লেক্স ও বহু স্তরবিশিষ্ট গাড়ি পার্কিং নির্মাণ করা হচ্ছে। এছাড়াও, এই ঋণের অধীনে অন্যান্য ট্রান্সপোর্ট মোডের সঙ্গে যোগাযোগ, পয়োনিষ্কাশন ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পানি সরবরাহ ব্যবস্থার মতো আনুষঙ্গিক সুবিধাদিতে অর্থায়ন করা হবে।
এই ঋণচুক্তিতে সিভিল ওয়ার্কসের জন্য বাৎসরিক ১ দশমিক ৩০ শতাংশ সুদহার ও পরামর্শ সেবার জন্য শূন্য দশমিক ২০ শতাংশ সুদহারের মতো সহজ শর্ত সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে জাপানের অব্যাহত সহযোগিতার বহিঃপ্রকাশ হিসেবে এই ঋণ পরিশোধের সময়কাল নির্ধারণ করা হয়েছে ৩০ বছর।
এ ছাড়া এতে ঋণের গ্রেস পিরিয়ড নির্ধারণ করা হয়েছে ১০ বছর।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিরোশি ইয়োশিদা বলেন, বাংলাদেশের বিমান খাতে সক্ষমতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প। এটি কেবল ক্রমবর্ধমান চাহিদাই পূরণ করবে না, বরং বাংলাদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক কানেক্টিভিটির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলবে। এই উদ্যোগ আমাদের দুই দেশের বন্ধন আরও সুদৃঢ় করবে।

প্রিমিয়ার লিগে প্রথম নারী রেফারি হিসেবে ইতিহাস রচনা করলেন ওয়েলচ

ইংলিশ ফুটবল লিগে ম্যাচ পরিচালনা করে প্রথম নারী রেফারি হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন রেবেকা ওয়েলচ। শনিবার ক্রাভেন কটেজে ফুলহ্যামের বিপক্ষে বার্নলির ২-০ গোলে জয় পাওয়া অ্যাওয়ে ম্যাচটি তিনি পরিচালনার দায়িত্ব পান।

৪০ বছর বয়সী ওয়েলচ ইংল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলীয় শহর ওয়াশিংটনের বাসিন্দা। ২০১০ সালে রেফারিং ক্যারিয়ার শুরু করার সময় তিনি ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) কর্মরত ছিলেন। ২০২১ সালে তিনি আনুষ্ঠানিক র‌্যাঙ্কপ্রাপ্ত হক। গতকাল ইংলিশ ফুটবল লিগে প্রথম নারী রেফারি হিসেবে কাজ করার জন্য মনোনীত হন। হ্যারোগেট বনাম পোর্ট ভ্যালের মধ্যকার চতুর্থ টায়ারের ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে প্রথম বড় ম্যাচ পরিচালনার দায়িত্ব পান।
এরপর একে একে প্রথম নারী রেফারি হিসেবে কাজ করেছেন চ্যাম্পিয়নশীপ ও এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে। লন্ডনের গতকাল ভিটিনহোর বিপক্ষে তার একটি হ্যান্ডবলের সিদ্ধান্ত ভিএআর বাতিল করে দেয়। উভয় দলকেই বেশ কয়েকবার অ্যাডভানটেজ দিয়ে তিনি পুরস্কৃত করেছেন। ২৫ মিনিটে জোস ব্রাউনহিল ফাউলের অপরাধে ওয়েলচ কালভিন বাসেকে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখান। বেশ সতর্কতার সাথেই প্রথম ম্যাচটি পরিচালনা করেছেন ওয়েলচ।

ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিক ভাবে যখন ম্যাচ রেফারি হিসেবে ওয়েলচের নাম ঘোষনা করা হয় তখন দর্শকরা হাততালি দিয়ে তাকে অভিবাদন জানিয়েছেন।
যদিও সফরকারীদের পক্ষে প্রথমে কিছু সিদ্ধান্ত যাওয়া ওয়েলচের বিপক্ষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ফুলহ্যাম সমর্থকরা। তবে শেষ পর্যন্ত নিজেকে প্রমানের মাধ্যমেই প্রিমিয়ার লিগের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন ওয়েলচ।
গত মাসে প্রিমিয়ার লিগে ফুলহ্যাম বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচে চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করে প্রথম নারী রেফারি হিসেবে আরও একটি ইতিহাস গড়েছেন ওয়েলচ।
নারী ফুটবলে বেশ কিছু হাই-প্রোফাইল ম্যাচ পরিচালনার কৃতিত্ব রয়েছে ওয়েলচের। এ বছর নারী বিশ^কাপেও তিনি রেফারির দায়িত্ব পালন করেছেন।

রাজধানীসহ সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।
এদিকে সকাল ৬টা থেকে ভোট বর্জন ও সরকার পতনের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ শুরু হয়েছে। যা শেষ হবে সন্ধ্যা ৬টায়। দিনব্যাপী সড়ক-রেল-নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। তবে সংবাদপত্র পরিবহনকারী বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই অবরোধের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি।
এছাড়াও শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঢাকা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কুমিল্লাসহ সারাদেশে দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তারের বিবরণ তুলে ধরেন রিজভী। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১২০ জনের অধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, অবরোধ শুরুর আগের দিনে শনিবার রাত সোয়া ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোলপ্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করে। তবে বাসে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও ৭৯ পুলিশ পরিদর্শকের বদলি করতে চেয়ে ইসিকে চিঠি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৪ দিন আগে ৭৯ পুলিশ পরিদর্শকের (ওসি) বদলির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, পুলিশ অধিদপ্তরের ৩০ পরিদর্শক (সশস্ত্র), ৪৬ পরিদর্শক (নিরস্ত্র) এবং শহর ও যানবাহন শাখার ৩ পরিদর্শককে বদলি কিংবা পদায়নের সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে দায়িত্ব পালনে নির্লিপ্ততা ও অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহের শৈলকুপা এবং যশোরের হরিণাকুন্ড থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি জানান, যেকোনও ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে আসবে। যেকোনও ভিডিও ক্লিপ বা প্রমাণ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও এসপির কাছে পাঠানো হবে। তারপর তাদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী ও ঝিনাইদহে প্রার্থীদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শনিবার বৈঠক করেছে নির্বাচন কমিশন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কমিশনের অতিরিক্ত সচিব বলেন, ‘দায়িত্ব পালনে নির্লিপ্ততার কারণে শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। ওখানে যে ঘটনা ঘটেছে, তার তদন্ত প্রতিবেদনে ২ ওসির নির্লিপ্ততার প্রমাণ পাওয়া গেছে।’

রাজধানী‌তে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তা‌দের গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে জানা‌নো হ‌য়ে‌ছে।
শনিবার (২৩ ডি‌সেম্বর) সকাল ছয়টা থেকে রোববার (২৪‌ ডি‌সেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৪ হাজার ৪০৮ পিস ইয়াবা, ৮.৫ গ্রাম হেরোইন, ১০ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে ব‌লে জানা‌নো হয়। সেই স‌ঙ্গে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে ব‌লেও জানা‌নো হয়।

ইসরায়েলি হামলা : গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ১০০ ছাড়াল

গাজা ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বার্তা সংস্থা আল রাই এজেন্সির উপ-পরিচালক আহমাদ জামাল আল মাধুন নিহত হয়েছেন। গাজা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তার মৃত্যুতে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। গাজার বিভিন্ন স্থানে হামাসকে নির্মূলের অজুহাতে দিন-রাত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সৈন্যরা। এতে প্রায় প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। বাদ যাচ্ছে না নারী বা শিশুরাও।
গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১০১ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। একই সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অর্ধ-শতাধিক মিডিয়া অফিস পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের অ্যারাবিক ক্যামেরাম্যান সামের আবুদাকাও হামলায় নিহত হয়েছেন।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের সহ-সাধারণ সম্পাদক টিম ডসন বলেন, গাজায় অস্বাভাবিক সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি বলেন, আমরা আর কোনো সংঘাতে এত সংখ্যক সাংবাদিকদের মৃত্যু দেখিনি।
দুই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। কিন্তু তারপরও সেখানে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে জানিয়েছেন, গাজায় দুর্ভিক্ষ আসন্ন হয়ে পড়ছে। কারণ তীব্র লড়াইয়ের কারণে মানবিক সহায়তাসহ কোনো কিছুই সেখানে পাঠানো যাচ্ছে না।
অপরদিকে গাজায় শুধু সহায়তা দিলেই সেখানকার সব সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন অক্সফাম আমেরিকার প্রধান স্কট পল। তিনি জোর দিয়ে বলেছেন, যখন সেখানকার বাড়ি-ঘর, কল-কারখানা, খামার, মিল এবং বেকারিতে ক্রমাগত বোমা হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করা হচ্ছে তখন সহায়তা আসলেই কোনো কাজে আসবে না।
দারিদ্র্য ও অবিচারের অবসান ঘটাতে বিশ্বব্যাপী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে অক্সফাম নামের এই অলাভজনক প্রতিষ্ঠানটি। পল বলেন, গাজায় আটা বা ময়দা সরবরাহ করা হচ্ছে। কিন্তু আপনি যদি সেগুলো দিয়ে খাবার তৈরি করতে না পারেন বা খাবার তৈরির পরিস্থিতি যদি না থাকে তবে সেখানে এগুলি কোনো কাজে আসবে না। তাই এখন যে বিষয়গুলোর ওপর জোর দেওয়া হচ্ছে তা পুরোপুরি ভুল বলা যায়।

আইসল্যান্ডে ২ দিনের ব্যবধানে ৭০০ বার ভূমিকম্প

আইসল্যান্ডে দু্’দিনের মধ্যে ৭০০ বার ভূমিকম্প হয়েছে। কারণ, প্রায় ছয় হাজার বছর সুপ্ত অবস্থায় থাকার পর আবারও জেগে উঠেছে দেশটির এক আগ্নেয়গিরি। জ্বালামুখ থেকে ক্রমাগত গড়িয়ে পড়ছে ফুটন্ত লাভা! গরম ছাই-এ ঘন কালো হয়ে উঠেছে আকাশ।
আইসল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পর পর ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। তার জেরেই এই অগ্ন্যুৎপাত। গত কয়েক মাস ধরে লাভার স্রোত বয়ে চলেছে। বুধবার লাভা নির্গমন খানিক কমলেও আবহাওয়া বিভাগের আশঙ্কা, শীঘ্রই আগ্নেয়গিরির জ্বালামুখ খুলে যেতে পারে।
দেশটির দক্ষিণ পশ্চিমের রেকিয়ান্স উপদ্বীপের ‘ফাগরাদাসফিয়াক’ আগ্নেয়গিরিটি থেকে গত মাস ধরে একনাগাড়ে অগ্ন্যুৎপাত চলছে। লাভার স্রোত ঢেকে দিয়েছে গ্রিন্ডাভিক শহরের একাংশ।
ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বরফে ঢাকা মাটির বুক চিড়ে গনগনে আগুনের স্রোত বইছে। জ্বালামুখ থেকে ক্ষণে ক্ষণেই হচ্ছে তীব্র গর্জন।
এই পরিস্থিতিতে গ্রিন্ডাভিক-সহ দেশের বেশ কয়েকটি এলাকায় জরুরি অবস্থাও জারি করেছে প্রশাসন। ওই সব এলাকার বাসিন্দাদের প্রস্তুত থাকতে বলার পাশাপাশি বেশ কিছু এলাকা থেকে নাগরিকদের নিরাপদ জায়গায় সরানোর কাজও শুরু করেছে সরকার।
গত কয়েক মাস ধরেই বিপর্যস্ত আইসল্যান্ডের একাংশ। গত জুলাই মাসে উত্তর ইউরোপের এই দেশটিতে একাধিকবার ভূমিকম্প হয়। সরকারি হিসাব বলছে, ৪৮ ঘণ্টায় অন্তত ৭০০ বার ভূকম্পন অনুভূত হয়েছিল।
সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল গ্রিন্ডাভিক থেকে মাত্র তিন কিলোমিটার দূরের এলাকা। কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর ভূমিকম্প অনুভূত হয়েছিল সেখানে।
আবহাওয়া বিভাগ তখনই জানিয়েছিল, যে ভাবে পরপর ভূমিকম্প হয়েছে, তাতে বড় মাপের ক্ষতি হতে পারে। প্রবল বিস্ফোরণের ধাক্কায় মাটি ফুঁড়ে জন্ম নিতে পারে নতুন আগ্নেয়গিরি।
সেই আশঙ্কাই সত্যি করে জুলাই থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে রেকিয়ান্সে। কিন্তু আইসল্যান্ডে এতবার ভূমিকম্পের কারণ কী? ভূ-বিজ্ঞানীরা জানাচ্ছেন, দেশটি ইউরেশিয়ান ও উত্তর আমেরিকার টেকটনিক প্লেটের মাঝে অবস্থিত।
প্লেট দু’টির অভিমুখ বিপরীত দিকে। সেই কারণেই মাঝেমধ্যে কম্পন অনুভূত হয়। বারবার ভূমিকম্পের কারণেই ঘুমিয়ে থাকা ‘ফাগরাদাসফিয়াক’ আবার জেগে উঠেছে। আইসল্যান্ড অন্যতম অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকা বলে পরিচিত। এত কাল প্রতি চার-পাঁচ বছর অন্তর সেখানে অগ্ন্যুৎপাত হতো।
কিন্তু ২০২১ সাল থেকে অগ্ন্যুৎপাতের প্রবণতা বেড়ে গেছে দেশটিতে। এখন প্রতি বছরই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটছে। ২০২১ সালেই মাত্র ২৮ দিনের ব্যবধানে ৪০ হাজার ভূমিকম্প হয়েছিল আইসল্যান্ডে। তার পরেই শুরু হয় লাভা উদ্গীরণ।

বিএনপি-জামায়াতের হাত থেকে দেশকে মুক্ত রাখতে হবে : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে সন্ত্রাসী দল এবং জামায়াতকে যুদ্ধাপরাধীদের দল আখ্যায়িত করে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এদের থেকে দেশকে মুক্ত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল। আর জামায়াত যুদ্ধাপরাধীদের দল। বাংলাদেশের চলমান উন্নয়নকে সচল রাখার জন্যই বিএনপি-জামায়াত উভয়ের হাত থেকে দেশকে মুক্ত রাখতে হবে।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাঙ্গামাটি এবং বরগুনা জেলার বামনা ও পাথরঘাটায় ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অবাধ, সুষ্ঠু, নিরপক্ষে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, দেশে উন্নয়নের ধারাটা তখনই অব্যাহত থাকবে, যখন নির্বাচনটা সুষ্ঠু হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ তার মন মতো প্রার্থী বেছে নেবে এবং গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকবে। তাই আমার আবেদন থাকবে সকলের কাছে এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখতে হবে।

উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে হবে এবং ধরে রাখতে হবে।
তিনি বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে আমরা যেন আরো উন্নত সমৃদ্ধ করতে পারি, সেই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার ঘোষণা আমরা দিয়েছি। কাজেই আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষকে আমরা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় সুশিক্ষিত করে তুলব।

জনগোষ্ঠী হবে স্মার্ট, আমাদের সরকার হবে স্মার্ট, অর্থনীতি হবে স্মার্ট এবং আমাদের সমাজ ব্যবস্থাও স্মার্ট হবে। আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবো, মাথা উঁচু করে চলবো। এটাই আমাদের লক্ষ্য।
আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না, এই কথাটা মনে রাখতে হবে। ওই সন্ত্রাসী বিএনপি এবং যুদ্ধাপরাধী জামায়াতের হাতে এদেশ কোনোদিনই নিরাপদ নয়।

কারণ এরা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। কাজেই এদের হাত থেকে জাতিকে রক্ষা করে দেশের দেশের উন্নয়ন অব্যাহত রাখার আমি আহ্বান জানাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত এই বাংলাদেশটা হচ্ছে- বদলে যাওয়া বাংলাদেশ। মানুষের খাদ্যের কোনো অভাব নেই, আজকে চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে পেরেছি। সাক্ষরতার হার বেড়ে, আজ তা ৭৬ দশমিক ৮ ভাগে উন্নীত হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই এবং বৃত্তি ও উপবৃত্তি দিয়ে যাচ্ছি। রাস্তা-ঘাট-পুল ব্রিজ, অবকাঠানো তৈরি করে বাংলাদেশের যে অভুতপূর্ব উন্নয়ন ঘটিয়েছি, তা আপনারা নিজেরাই দেখেছেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করেছিলাম। এরপর পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সাধন করি। একইদিনে সারা দেশে একসঙ্গে ‘শতসেতু’ উদ্বোধনের দিনে আমরা পার্বত্য চট্টগ্রামে ৪৫টি ব্রিজ উদ্বোধন করি। রাস্তা-ঘাট করে দিয়েছি এবং এখন সেখানকার এলাকা শান্তির এবং নানারকম উন্নয়ন হচ্ছে। সেই সাথে সাথে কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, এমনকি বরগুনা- যেটা সব থেকে অবহেলিত একটা জায়গা ছিল, সেখানে আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। বরগুনা ও পটুয়াখালি সব মিলিয়ে পুরো বরিশাল বিভাগের চিত্র পাল্টে গেছে। সেখানেও এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ঠিক এভাবে প্রত্যেকটি জায়গার আমরা উন্নয়ন করে গেছি।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসে নাই। তারা নির্বাচন ঠেকানোর নামে ২০১৩ ও ১৪ সালে ঠিক যেমন অগ্নিসন্ত্রাস করেছিল, আবারো সেই ভযংকর রূপ নিয়ে তারা নেমেছে। তাদের নেতা কে সেটাই প্রশ্ন। দু’জনেই তো সাজাপ্রাপ্ত। এতিমের অর্থ আত্মস্যাৎ এবং বিভিন্ন দুর্নীতির কারণে আজকে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে, তার বোন ও ভাই এবং পরিজনেরা আমাদের অনুরোধ করায়, তার সাজা স্থগিত করে বাসায় থাকার সুযোগ দিয়েছি।

তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক জিয়া, যারা আমাকে গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিল। বোমা পুঁতে রেখেছে, গুলি করেছে, ট্রেনে হামলা করেছে। তার পরেও তার (খালেদা জিয়া) জন্য আমরা এটুকু মানবিকতা দেখিয়েছি। বিএনপি ক্ষমতায় থাকতে তারেক জিয়া হাওয়া ভবন খুলে, সেটিকে একটি দুর্নীতির আখড়া বানিয়েছিল। সন্ত্রাস, জঙ্গিবাদ, ৫শ’ জায়গায় বোমা হামলা- আমাদের বহু নেতাকর্মীকে তারা হত্যা করেছে। এরপর ২০০৭ সালে ‘ইমার্জেন্সি’ এলে আর কোনোদিন ‘রাজনীতি’ ও ‘নির্বাচন’ করবে না বলে মুচলেকা দিয়ে, দেশে থেকে পালিয়েছে। আর, এখন বিদেশ থেকে হুকুম জারি করছে- পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারার। তিনি বিএনপির যারা নেতাকর্মী, যারা আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছেন, পাপের ভাগীদার কিন্তু তারাই হবেন। তারেক জিয়ার কিছু হবে না।

আওয়ামী লীগ সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে আরো বলেন, সে তো সেখানে (লন্ডন) বহাল তবিয়তেই আছে। জুয়া খেলে আরো অর্থ উপার্জন করছে। আর আপনাদের হুকুম দিচ্ছে, আপনারা তাতে নেমে পড়েছেন, সেটা কার জন্য? সে তো দেশেই আসে না। অসুস্থ মা’কেও একবার দেখতে আসে না।

২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পাঁচ বছর পরে যখন ক্ষমতা হস্তান্তর করে, বাংলাদেশের ইতিহাসে সেই একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আর কোনোদিনই শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়নি। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর, আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিতে পেরেছি। এটা ধরে রেখেই আমাদের সামনের দিকে এগোতে হবে বলেও জানান তিনি।

সোনার দামে নতুন রেকর্ড, ১ লাখ ১১ হাজার টাকা ছাড়ালো ভরি

মাত্র পাঁচদিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১১ হাজার ৪১ টাকা। এখন পর্যন্ত দেশের বাজারে এটাই সর্বোচ্চ দাম।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল রোববার থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ১৯ ডিসেম্বর দেশের বাজারে সোনার আর এক দফা দাম বাড়ানো হয়। তার আগে ৭ ডিসেম্বর দাম কিছুটা কমানো হয়। অবশ্য তার আগে ৩০, ২৭, ১৯ ও ৬ নভেম্বর এবং ২৭ অক্টোবার সোনার দাম বাড়ানো হয়। অর্থাৎ টানা পাঁচ দফা দাম বাড়ানোর পর চলতি মাসের শুরুর দিকে কিছুটা কমানো হয়।

কিন্তু এখন আবার টানা দুই দফা সোনার দাম বাড়ানো হলো। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে সোনা। এর আগে ৩০ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়। এতদিন দেশের বাজারে এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল রোববার থেকে সেই রেকর্ড ভেঙে নতুন সর্বোচ্চ দামে বিক্রি হবে সোনা।

শনিবার (২৩ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১১ হাজার ৪১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৬৯২ টাকা বাড়িয়ে এক লাখ ৬ হাজার ২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৮৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ৬৯৯ টাকা।

অবশ্য সোনার গয়না কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গয়না বিক্রি হয়। সেই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়না কিনতে ক্রেতাদের এক লাখ ২০ হাজার ৯২ টাকা গুনতে হবে।

এর আগে ১৯ ডিসেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে এক লাখ ৯ হাজার ২৯২ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮ টাকা বাড়িয়ে এক লাখ ৪ হাজার ৩৩৪ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৪ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৭৪ হাজার ৫৩৩ টাকা। আজ শনিবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

এখন সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৮৩ টাকা।