শনিবার, অক্টোবর ১০, ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চার জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৭ জনের। এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৮ জন।
রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১ জন ও ঢাকার বাইরের ১৪৭ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ২০ হাজার ৪৬০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৮১৭ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন দুই লাখ ১০ হাজার ৬৪৩ জন।
বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৬০ এবং ঢাকার বাইরের ৭৪১ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৭ হাজার ৬৬২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ আট হাজার ৪৮০ জন এবং ঢাকার বাইরের দুই লাখ ৯ হাজার ১৮২ জন।
ডেঙ্গু নিয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার হার ৯৯ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১০১ জন। ভর্তির হার শূন্য শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

আগামীকাল শুভ বড়দিন

আগামীকাল সোমবার (২৫ ডিসেম্বর) খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।
খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও এ দিন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করবেন।
এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে। এছাড়াও রোববার সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা এবং তারকা-হেটেলগুলোতে ব্যবস্থা করা হয়েছে আলোক সজ্জার।
এদিকে বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টধর্মাবলম্বীসহ সকলের শান্তি ও কল্যাণ কামনা করে পৃথক বাণী দিয়েছেন ।
বাণীতে সাহাবুদ্দিন বলেন, ‘ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসেবে মানুষের সেবা করা। সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।’
রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বব্যাপী খ্রিষ্ট ধর্মাবলম্বীগণ মহামতি যিশু খ্রিষ্টের জন্মদিনকে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ‘বড়দিন’ হিসেবে উদ্যাপন করে থাকেন। খ্রিষ্ট ধর্মানুসারে যিশু খ্রিষ্ট ছিলেন সত্যান্বেষী, মানবজাতির মুক্তির দূত এবং আলোর দিশারী।’
বাণীতে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি- ধর্ম যার যার, উৎসব সবার। সকল শ্রেণি-পেশার জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। এলক্ষ্য অর্জনে আমরা সকল সম্প্রদায়ের মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।’
বড়দিন উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। অপরদিকে দিনটি উপলক্ষে অনেক খ্রিষ্টান পরিবারে কেক তৈরি করা হবে, থাকবে বিশেষ খাবারের আয়োজন। এছাড়াও দেশের অনেক অঞ্চলে আয়োজন করা হয়েছে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের।
খ্রিস্টান সম্প্রদায়ের অনেকেই আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বড়দিনকে বেছে নেন। পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগ করে নিতে অনেকেই রাজধানী ছেড়ে গিয়েছেন গ্রামের বাড়িতে।
রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোক সজ্জার পাশাপাশি হোটেলের ভিতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও শান্তাক্লজ। বড়দিনের প্রাক্কালে আজ রোববার রাতে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হবে। আর সোমবার সকাল থেকে শুরু হবে বড়দিনের প্রার্থনা।

৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার নির্বাচন পরিচালনা-২ অধিশাখা উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি, ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ইসি ঘোষিত তফশিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নতুন প্রজন্ম আজ জয় বাংলা স্লোগানে মুখরিত হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এই বিজয়ে আমাদের যে আত্মত্যাগ তা আমরা বৃথা যেতে পারি না। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিল এই বিজয় এই স্বাধীনতা ধুলিসাৎ হয়ে যাবে আমি যদি আমার দেশের মানুষকে খাবার দিতে না পারি, আমার শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, সুচিকিৎসা দিতে না পারি। বঙ্গবন্ধু আরো বলেছিলেন, স্বাধীনতার সুখ বিজয়ের আনন্দ প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছে দিতে হবে।
তিনি বলেন, এখন স্বাধীনতার পরাজিত শক্তিরা যেভাবে মানুষ পুড়ে হত্যা করছে, রেললাইন উপড়ে ফেলছে, আগুন দিচ্ছে, ঠিক সেভাবেই পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার মানুষের ওপর আক্রমণ করেছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিনজার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে জাতির পিতা শেখ মুজিব বাংলাদেশকে স্বল্প উন্নত দেশে পরিণত করেছিলেন। ঠিক তখনই শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছে। শেখ মুজিবকে হত্যা করতে পারলেও তার আদর্শকে হত্যা করতে পারে নাই।
নৌমন্ত্রী আরোও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কোথাও কোন দরিদ্রতা নেই। দেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় সকল যোগাযোগ ব্যবস্থা এখন আমাদের হাতের মুঠোয়। কোন রাজনৈতিক নেতা দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারেনা, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখতে পারেনা বলেই, নতুন প্রজন্ম আজ জয় বাংলা স্লোগানে মুখরিত হয়েছে।
১৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবসের বিজয় র‌্যালির আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন। এ সময় দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জান মিতা, সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, পৌর মেয়র মোঃ আসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর হতে র‌্যালিটি সেতাবগঞ্জ পৌর শহর ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

ভুয়া ডাক্তার সেজে আত্মগোপন, দীর্ঘদিন পর গ্রেফতার করল পুলিশ

কুড়িগ্রামে মাদক মামলার সাজার ভয়ে ভুয়া ডাক্তার সেজে আত্মগোপনে থাকা মোঃ মমিনুল ইসলামকে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২০১৪ সালে মাদকসহ গ্রেফতার হয় ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের মাদক কারবারি মোঃ মমিনুল ইসলাম। সেই মামলায় জামিন পাওয়ার পর থেকে দীর্ঘদিন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকায় ডাক্তার পরিচয়ে আতœগোপন করেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর গত ২০২২ সালে মামলায় তার ২ বছরের কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। ফুলবাড়ী থানা পুলিশ দীর্ঘদিন ধরে আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্নভাবে অনুসন্ধান করতে থাকে।
অনুসন্ধানের এক পর্যায়ে ভুয়া ডাক্তার পরিচয়ে আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মমিনুলকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকা থেকে শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করছি। একটি উন্নয়নমুখী নান্দনিক মাদকমুক্ত কুড়িগ্রামের প্রত্যয়ে জেলা পুলিশ সকলের সহায়তা কামনা করে।

নির্বাচন ঠেকাতে আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে বিএনপি : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হচ্ছে। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এ নির্বাচন।
বিএনপি এ নির্বাচন ঠেকানোর নামে আবারো অগ্নি সন্ত্রাস শুরু করেছে। শনিবার ২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারায় নিজ নির্বাচনী এলাকার এক সভায় প্রধান অতিতির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, লন্ডনে বসে তারেক রহমান হরতাল অবরোধ দিয়ে নির্বাচনকে বানচালের চেষ্টা চালায়। বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। জনগণ হরতাল অবরোধ মত ঠিকই অসহযোগ আন্দোলনের কর্মসূচি প্রত্যাখ্যান করবে।
আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে যে উন্নয়ন করেছে তার প্রমাণ আনোয়ারা। বঙ্গবন্ধু টানেলসহ এলাকার সড়ক ও সেতুর উন্নয়ন দৃশ্যমান। উন্নয়নের সুফল জনগণ ভোগ করছে।
নৌকায় ভোট দিলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। দলমত এর উর্ধে উঠে সকলের অভিভাবক হিসেবে কাজ করতে চাই। আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি তিনি উদাত্ত আহবান জানান।
আনোয়ারা সদর ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের সভাপতি উৎপল সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনের সভার সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এস এম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ছৈয়দ, আনোয়ারা ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বকুল, নিউটন মিত্র, আব্দুস সালাম, আহমদ ছফা, রণজিৎ দাশ, যুবলীগ নেতা অনুপম চক্রবর্তী বাবু, আলি আব্বাস ও রনি বল শ্রমিক নেতা মামুনুর রশিদ প্রমুখ।

নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলার ক্ষমতা কারও নেই : হানিফ

নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ রোববার নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে হরিণারায়ণপুর এলাকায় গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
হানিফ বলেন, যারা নির্বাচন আটকাতে পারছে না তারা নির্বাচনের পর সরকারকেও টলাতে পারবে না। এসব মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগ সরকারের আছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদীসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি-জামায়াত জোট সরকার দেশের জন্য কিছুই করেনি : উপমন্ত্রী হাবিবুন নাহার

পাঁচ বছর পরে আবার দোরগোড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। চারিদিকে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা দিন-রাত ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। চাইছেন ভোটারদের পবিত্র আমানত ভোট। এরই ধারাবাহিকতায় বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খুলনা সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেকের পতœী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার দেশের জন্য কিছুই করেনি। দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তারা শুধু দেশের জনগণকে নির্যাতন করেছে। আমাদের দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিন্দুমাত্র অবদান নেই বিএনপি জামায়াত জোট সরকারের। তাদের সময়ে তাদের নেতা-কর্মীরা জোর পূর্বক সাধারণ মানুষের সম্পদ দখল করেছে। বাগেরহাট-৩ আমাদের এই আসনটি ছিল সন্ত্রাসীদের আবাসস্থল। এই এলাকার মানুষের এক সময় ঘুম ভাঙতো বোমার শব্দে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই অঞ্চল সন্ত্রাসের জনপদ থেকে শান্তির জনপদে রূপান্তরিত করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এ রামপালে মাত্র একটি ইটের রাস্তা ছিল। এখন এমন কোন রাস্তা নাই যা পাঁকা হয়নি। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনগণের দোর গোড়ায় পৌঁছে গেছে। আমাদের এ অঞ্চলে শেখ হাসিনা কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে সুউচ্চ ভবন তৈরি করেছে। আমাদের সন্তানেরা সেখানে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হচ্ছে। এই অঞ্চলে একটি ইট বিএনপি জামায়াত জোট সরকার বসাইনি। যে উন্নয়ন হয়েছে তার সবকিছুই শেখ হাসিনা সরকারের অবদান।
কনিবার (২৩ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত পবনতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ, প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবীর ঝিলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন, অধ্যক্ষ খালিদ আহমেদ, শেখ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, বাংলাদেশ আওয়ামী লীগ আইন উপ-কমিটির সদস্য ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান ওবায়েদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ আব্দুস সবুর, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান শেখ, ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান। এ সময় ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীতে কর্মরত সবাইকে প্রস্তুত থাকতে হবে।
আজ রোববার সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেট গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীর ৫টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বক্তব্যের শুরুতে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক দিক নির্দেশনা ও সব প্রকার সহায়তার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর একটি সম্মিলিত চৌকস দল মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাবাহিনী প্রধানকে অভিবাদন প্রদান করে।
কালার প্রদান অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের জন্য ১২০টি ফ্ল্যাট বিশিষ্ট নবনির্মিত ‘সেনানীড়’র উদ্বোধন করেন। এরপর তিনি ১৯ পদাতিক ডিভিশন এবং ঘাটাইল এরিয়ার সেনাসদস্যদের উদ্দেশে দরবার নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া এরিয়া কমান্ডার নকিব আহমদ চৌধুরীসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যরা।

দেশে রিজার্ভের কোনো সংকট নেই : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অর্থনীতি ভারত-পাকিস্তানের চেয়ে ভালো আছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে। দেশে রিজার্ভের কোনো সংকট নেই। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনো বিষয় না।
আজ রোববার (২৪ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন।
বিএনপির আন্দোলনের বিষয়ে এম এ মান্নান বলেন, নাশকতার কোনো কাজ করলে প্রশাসন দেখবে। কারা মানুষকে উসকানিমূলক কথা বলছে কারা নাশকতার কথা বলছে মানুষ জানে। এ বছর আমাদের জিডিপি ৬ দশমিক ৫ হবে। আইএমএফ, বিশ্ব ব্যাংকের সব শেষ প্রতিবেদনে বলা হয়েছে ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে।
সুনামগঞ্জে নির্বচন কমিশনের উদ্যোগে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় যোগদানের আগে রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনো সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছে যানবাহন চলাচল করছে কোথাও কোনো কাজ আটকে নেই।