শনিবার, অক্টোবর ১০, ২০২৬

ফিফার শাস্তির মুখে ব্রাজিল!

এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবগুলো আসরেই অংশ নেয়া একমাত্র দল ব্রাজিল। এ সুবাদে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নও তারা। তবে এবার সম্ভবত এই গৌরব ভাঙতে চলেছে তাদের। কারণ সরকারের অযাচিত হস্তক্ষেপে নিষিদ্ধ হতে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
ব্রাজিলকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে ফিফা। দেশটির ফুটবল ফেডারেশনে আদালতের হস্তক্ষেপের কারণেই মূলত ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাই এ হুমকি দিয়েছে তারা। যদি কোনো কারণে ব্রাজিলকে নিষিদ্ধ করা হয়, তাহলে ২০২৬ সালের বিশ্বকাপ খেলতে সমস্যায় পড়তে হতে পারে তাদের।
ফিফা একটি চিঠিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন্সকে (সিবিএফ) জানিয়েছে যে, ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে সরানোর জন্য যে তৎপরতা চলছে তা থামাতে হবে। এখনই কোনো পদক্ষেপ নেয়া যাবে না। যদি এ নির্দেশের পরও তাড়াহুড়ো করে রদ্রিগেজকে সরিয়ে দেওয়া হয়, তাহলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে। সে ক্ষেত্রে শুধু ব্রাজিল ফুটবল দলই নয়, দেশটির সবগুলো ক্লাবই এই শাস্তির আওতায় পড়ে যাবে।
এরআগে গত বছর ব্রাজিল ফুটবল ফেডারেশেনের নির্বাচনে অনিয়মের অভিযোগে রদ্রিগেজ ও তার কমিটির বাকিদের সরিয়ে দেয় রিও ডি জেনিরোর একটি আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান রদ্রিগেজ; কিন্তু সেখানেও নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকে।
ফিফা ও কনমেবল (দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন) জানিয়েছে, তারা একটি কমিটি তৈরি করছে। সেই কমিটি এই বিষয়টি খতিয়ে দেখবে। আগামী ৮ জানুয়ারি সেই কমিটির সদস্যরা ব্রাজিল যাবেন। তারা সেখানকার ফুটবল সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। অভিযোগ খতিয়ে দেখবেন।
এরমধ্যে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে কোনো রকমের সিদ্ধান্ত নিতে নিষেধ করে দিয়েছে ফিফা। তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ যাতে না হয় সে দিকেও নজর দিতে বলা হয়েছে। যদি তেমনটা হয় তা হলে কড়া পদক্ষেপ করতে পারে ফিফা।

ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ কিনলেন ব্রিটিশ ধনকুবের

ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ শেয়ার কিনে নিলেন ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‌্যাটক্লিফ।
এই শেয়ার কিনতে তাকে খরচ করতে হচ্ছে ১২৫ কোটি পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যা ১৭ হাজার ৩৮৬ কোটি টাকা। চুক্তি অনুযায়ী ক্লাব পরিচালনার নিয়ন্ত্রণ নেবে তাঁর প্রতিষ্ঠান ইনেওস গ্রুপ লিমিটেড।
ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিতে বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছিলেন বিশ্বের চতুর্থ শীর্ষ রাসায়নিক কোম্পানির মালিক স্যার জিম র‌্যাটক্লিফ। তবে ইউনাইটেডের বর্তমান মালিক গ্লেজার পরিবারের অযৌক্তিক দামে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন তিনি।
শেষ পর্যন্ত সফলই হলেন ৭১ বছর বয়সী এই ব্রিটিশ ধনকুবের।
ইউনাইটেডের মালিকানা ২০০৫ সালে ৭৯ কোটি পাউন্ডে কিনে নেয় গ্লেজার পরিবার। গত বছরের নভেম্বরে এই পরিবার প্রথমবার মালিকানা বিক্রির কথা জানায়। ১৩ মাসের মাথায় মালিকানার সিকি ভাগ বিক্রির ঘোষণা এলেই তা লুফে নেন ব্রিটিশ ধনকুবের।
ধনকুবের র‌্যাটক্লিফের জন্ম ম্যানচেস্টারেই। তিনি ইউনাইটেডের আজীবন ভক্ত।
এর আগে ক্লাবটির সম্পূর্ণ মালিকানা কিনে নিতে ৫শ’ কোটি পাউন্ড দাম হাঁকিয়েছিলেন কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জসিম বিন হামাদ বিন খালিফা আল থানি। এমনকি ক্লাবের সব দেনাও মেটাতে চেয়েছিলেন। কিন্তু গ্লেজার পরিবার ক্লাবের পুরো মালিকানা বিক্রি করতে রাজি হয়নি।

ভোট ঠেকানো প্রতিহত করা পুলিশের সাংবিধানিক দায়িত্ব : ডিএমপি কমিশনার

যারা ভোট ঠেকানোর ঘোষণা দিয়েছেন তাদের প্রতিহত করা সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করা সাংবিধানিক দায়িত্ব।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে সোমবার ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়াও গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়৷ যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করাও সাংবিধানিক দায়িত্ব প্রতিটি নাগরিক, জনপ্রতিনিধির ও পুলিশের।
কাউন্সিলরদের কাছ থেকে কোনো ঝুঁকি কিংবা নাশকতার কোনো তথ্য পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ঢাকার পুলিশ প্রধান বলেন, নির্বাচন উপলক্ষে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই, নাশকতা নেই। কাউন্সিলররা জানিয়েছেন, তাদের এলাকার লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন।
তিনি আরও বলেন, ঢাকা মহানগর এলাকায় দুটি সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ড রয়েছে। ১৭২ জন কাউন্সিলর রয়েছেন। আজকে কাউন্সিলরদের আমন্ত্রণ জানিয়েছিলাম। আইনশৃঙ্খলা সংক্রান্ত কার কোন এলাকায় সমস্যা আছে সেটি আমাদেরকে অবহিত করেছেন তারা।
হাবিবুর রহমান বলেন, নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত ও ভোটদানে বাধা প্রদান কার্যক্রম যাতে কেউ না করতে পারে সেজন্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারাও ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে চেয়েছে এবং আগামী দিনে সবাই যাতে ভোটকেন্দ্রে আসতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকর।
ঢাকা মহানগরীতে যে সব ফুটপাত ও রাস্তা দখল রয়েছে সেগুলো দখল মুক্ত করতে পুলিশ ও কাউন্সিলররা একসঙ্গে কাজ করবে জানিয়ে তিনি বলেন, পুলিশ তাদেরকে তুলে দিতে পারে কিন্তু পুনর্বাসনের বিষয়টিও এর সঙ্গে জড়িত৷ সুতরাং বিকল্প কোনো ভেন্যুতে দেখেশুনে করতে পারে সে লক্ষ্যে আলাপ-আলোচনা হয়েছে। প্রতি ওয়ার্ডে থানার ইনচার্জ ও ডেপুটি কমিশনার ও কাউন্সিলদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তীতে এর সমাধান করা হবে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

এক ইউএনও ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (মাদারীপুরের কালকিনি, ময়মনসিংহের তারাকান্দা, ফুলপুরের) ও এক (ফুলপুর) উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৪ ডিসেম্বর) রাতে ইসি এই সিদ্ধান্ত দিয়েছে বলে ইসির একাধিক ঊর্ধতন কর্মকর্তা জানিয়েছে।
জানা গেছে, মাদারীপুরের কালকিনি, ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর থানার ওসি ও ফুলপুরের ইউএনওকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কর্মকর্তা দেওয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে কমিশন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপিতে আর কোনো এনার্জি হর্স নেই : শাহজাহান ওমর

ঝালকাঠি-১ আসনের নৌকা মার্কার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম) বলেছেন, বিএনপিতে তিনিই ছিলেন এনার্জি হর্স। রাজাদের যুদ্ধ করতে হলে শক্তিশালী ঘোড়া দরকার। তিনি চলে আসায় বিএনপিতে আর কোনো এনার্জি হর্স নেই। বিএনপি এখন দুর্বল হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, বর্তমান এই সময়ে আয়রন লেডি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা দরকার, কারণ এই দেশকে নিয়ে কিছু কুচক্রি মহল, কিছু দেশ বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে স্যাংশন, ভিসা, আমাদের গার্মেন্টসের পোশাক নিবে না, আমাদের সেনাবাহিনী বিদেশ থেকে পাঠিয়ে দিবে, আমাদের অর্থনৈতিক চাপ দিবে, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করায় লিপ্ত। তাই এই সময়ে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের দেশের কিছু লোকজনও বিভিন্ন কায়দায় জড়িত। তাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন স্বাধীন চেতা মানুষ হিসেবে আমার ব্যক্তিগত লোভ লালসার চেয়ে আমি মনে করি এই দেশে যিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন করতেও বিলম্ব করেন না, সে হচ্ছেন নেত্রী শেখ হাসিনা। আমি তার সাথে জয়েন্ট করেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, আফরোজা আক্তার লাইজুসহ অনেকে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩৬১২৬ পিস ইয়াবা, ১৬৬.১৫ গ্রাম হেরোইন, ১২ কেজি ৫৫ গ্রাম গাঁজা, ৩০ টি ইনজেকশন ও ৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৭০

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানকার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। হামাসের মুখপাত্র আশরাফ আল কুদ্রা বলেন, সেখানে অনেকগুলো পরিবার আশ্রয় নিয়েছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। খবর বিবিসির।
এদিকে ইসরায়েল এবং আরব গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য একটি নতুন প্রস্তাব উপস্থাপন করেছে মিশর। বেশ কয়েকজন আহত ব্যক্তিকে মাগাজি থেকে কাছাকাছি আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু ফুটেজে বেশ কয়েকজন শিশুকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২৪ ডিসেম্বর) রাতে তিনটি বাড়িতে হামলা চালানো হয়েছে। আশরাফ আল-কুদ্রা বলেন, একটি জনবহুল আবাসিক ব্লক ধ্বংস করে দেওয়া হয়েছে।
এক বাবা জানিয়েছেন, তিনি তার মেয়ে, এবং নাতি-নাতনিদের হারিয়েছেন। তিনি জানান, নিরাপদে থাকার জন্য তার পরিবারের সদস্যরা উত্তর গাজা থেকে মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিল।
তিনি বলেন, একটি ভবনের চতুর্থ তলায় থাকতো ওই পরিবারটি। দেয়াল ধসে তাদের ওপর পড়েছে। তিনি বলেন, আমার নাতি-নাতনি, আমার মেয়ে এবং মেয়ের স্বামী সবাই মারা গেছে। আমাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। বেসামরিক নাগরিকরাই লক্ষ্যবস্তু হচ্ছে। এখানে আর কোনো নিরাপদ জায়গা নেই। তারা আমাদের গাজা সিটি থেকে সরে যেতে বলেছিল। আমরা সেখান থেকে মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু এখানেও আমাদের ওপর হামলা চালানো হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। সেখানে আহত হয়েছে আরও ৫৪ হাজার ফিলিস্তিনি।
অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইসরায়েল। যদিও ইসরায়েলি বাহিনী এই অভিযানকে দীর্ঘায়িত এবং কঠিন বলে স্বীকার করেছে। ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান আরও বাড়িয়েছে তারা।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে জোর দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবেই।
গাজা সিটি এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে তীব্র লড়াই চলছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে হামাসকে নির্মূলের অজুহাতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। প্রায় প্রতিদিনই ইসরায়েলের বোমা হামলায় প্রাণ হারাচ্ছে শত শত ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুরা।

নৌকায় ভোট চাইতে মঙ্গলবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ২৬ ডিসেম্বর রংপুর সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। সভাস্থলের প্রস্তুতি প্রায় শেষের পথে। দলীয় প্রধানের সাক্ষাৎ পেতে উজ্জীবিত নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে রংপুর-২ আসনের তারাগঞ্জ ওয়াকফস্টেট কলেজ মাঠে ভাষণ দিবেন তিনি। প্রস্তুত সভাস্থল। এখানে নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউক।
এরপর বিকেলে প্রধানমন্ত্রী যাবেন তার শ্বশুরবাড়ি রংপুর-৬ পীরগঞ্জে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী, স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দিবেন। চাইবেন নৌকায় ভোট।
পীরগঞ্জ-৬ আসনে অতীতে এমপি ছিলেন প্রধানমন্ত্রী। এই নির্বাচনে উন্নয়ন ইুস্যুতে রংপুরের চারটি আসনে বিজয় ছিনিয়ে আনতে প্রধানমন্ত্রীর সফর মাইলফলক হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
রংপুরের ৬টি আসনের ২টি শরিকদের জন্য ছেড়েছে আওয়ামী লীগ। ২০১৮ সালের নির্বাচনেও এই আসনগুলোয় প্রার্থী দেয়নি নৌকা। তখনও প্রচারণা চালাতে স্বশরীরে গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবারও তিনি যাচ্ছেন নৌকায় ভোট চাইতে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালের ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বিসিবিকে তামিমের অনুরোধ

গুঞ্জন উঠেছিল, চোটের কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালকে আর কেন্দ্রীয় চুক্তিতে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম যে বোর্ডের নতুন চুক্তিতে থাকছেন না তা অনেকটাই নিশ্চিত। তবে এটা বিসিবির সিদ্ধান্ত নয়, তামিম নিজে থেকেই থাকতে চাচ্ছেন না বিসিবির চুক্তির অধীনে।
চলতি মাসে শেষ হবে বিসিবির সঙ্গে ক্রিকেটারদের বর্তমান কেন্দ্রীয় চুক্তির মেয়াদ।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে না রাখার জন্য ইতোমধ্যেই বিসিবিকে অনুরোধ করেছেন তামিম। আজ রোববার (২৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘সে চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে এসব নিয়ে তার নিজস্ব একটা পরিকল্পনা আছে। এর আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি এমনটা সে জানিয়েছে। সে চেয়েছে এখন না রাখতে, বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করবে। ‘
তামিম বিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেই তার ক্যারিয়ারের ভবিষ্যত প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জালাল বলেন, ‘তামিম আগেও আমাদের সঙ্গে আলাপ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, তামিম প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে, নির্বাচনের পরে। ‘
কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ নিয়ে জালাল বলেন, ‘নির্বাচকরা ইতোমধ্যে এটি নিয়ে বসেছিল, আমিও সেদিন গিয়েছিলাম। আমার সাথে একটা মিটিং হয়েছে, পরে এটি বোর্ডে আলোচনা হবে। ড্রাফট একটা করা হয়েছে আরকি। আশা করি যে ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত করবো। তার আগে মাননীয় সভাপতির কাছে দিতে হবে। তিনি দেখবেন তারপর আমরা বোর্ডে রিলিজ করবো। ‘

২২ দিনে রেমিট্যান্স এল প্রায় ১৫৭ কোটি ডলার

চলতি মাসের প্রথম ২২ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এল ১৫৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)। আজ রোববার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২২ দিনের প্রতি দিনে প্রবাসী আয় এসেছে সাত কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার। আগের বছর একই সময়ে এসেছিল পাঁচ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৬৬৬ ডলার। চলতি বছরের নভেম্বরে প্রতিদিন এসেছিল ছয় কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৬৬৬ ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৮৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ লাখ ৩০ হাজার ডলার।
এদিকে, গত নভেম্বর মাসে ১৯৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ১৪ কোটি ৪২ লাখ ৬০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক জানায়, অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা চলতি অর্থবছরের প্রথম ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া সেপ্টেম্বর ও আগস্টে যথাক্রমে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৪ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার ও ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। আর জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার।