শনিবার, অক্টোবর ১০, ২০২৬

যুক্তরাষ্ট্রে ঢুকতে কমপক্ষে ৭ হাজার অভিবাসনপ্রত্যাশীর পদযাত্রা

সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে মেক্সিকো থেকে ইতোমধ্যে পদযাত্রা শুরু করেছেন কমপক্ষে সাত হাজার অভিবাসনপ্রত্যাশী। কয়েক হাজার শিশুসহ পদযাত্রায় অংশ নেয়া বেশিরভাগই লাতিন ও মধ্য আমেরিকার দেশ মেক্সিকো, ভেনেজুয়েলা ও কিউবার নাগরিক। দারিদ্রতা থেকে মুক্তি পেতে ‘পোভারটি এক্সোডাস’ (দারিদ্রতা থেকে মুক্তির অভিযাত্রা) লেখা ব্যানার নিয়ে পায়ে হেঁটে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছেন তারা।
আর কয়েকদিন পরেই মেক্সিকো সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সফরকালে অভিবাসন নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে নতুন চুক্তির চেষ্টা করবেন তিনি। তার আগেই দলবেঁধে যুক্তরাষ্ট্রের পথে রওয়ানা দিয়েছেন এসব অভিবাসনপ্রত্যাশী।
প্রতি বছর যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করতে গিয়ে দেশটির দক্ষিণ সীমান্তে গ্রেপ্তার হন লাখো মানুষ। ২০২২ ও ২০২৩ দুই বছরে গ্রেপ্তার অভিবাসনপ্রত্যাশীল সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।
কেবল গত সেপ্টেম্বর মাসেই দুই লাখের বেশি অভিবাসনপ্রত্যাশীকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে মার্কিন বর্ডার প্যাট্রল।
খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিনের আগে যুক্তরাষ্ট্রের দিকে রওয়ানা দেয়া অভিবাসনপ্রত্যাশীদের পদযাত্রাটি যাত্রা শুরু করা হয়েছে মেক্সিকোর তাপাচুলা শহর থেকে।
পদযাত্রায় অংশ নেয়া হন্ডুরাসের নাগরিক জানান, একটি অপরাধী গোষ্ঠীর হুমকির মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন তিনি। জোসে সান্তোস নামে ওই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি প্রাণভয়ে মেক্সিকোয় আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আশা করছি, আমাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেয়া হবে।

ক্রিসমাসের আমেজে তারকরা

বছর শেষের পথে এগোচ্ছে টুকটুক করে। তার আগেই বছরের শেষ উৎসব ক্রিসমাস বা বড়দিন হাজির। দেশে, বিদেশের বিভিন্ন প্রান্ত সেজে উঠেছে আলোয়। সকলেই সময় কাটাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে। তার মাঝেই উৎসবের মেজাজে দেখা গেল বলি সেলেবদের।
আলিয়া ভাটকে এদিন ঘরোয়া ভাবেই ক্রিসমাস উদযাপন করতে দেখা গেল। সঙ্গী ছিলেন রণবীর। আলিয়া এদিন একটি হলুদ রঙের ড্রেস পরে ছিলেন। মাথায় ছিল ক্রিসমাস টুপির হেয়ারব্যান্ড।
অন্যদিকে, অ্যানিম্যাল স্টার রণবীরের পরনে ছিল সাদা টিশার্ট এবং কালো জ্যাকেট। সঙ্গে একটি বেইজ প্যান্ট পরেছিলেন তিনি। এদিন স্ত্রীকে জড়িয়ে চুমু খেতে দেখা যায় রণবীরকে।
কিয়ারা ক্রিসমাসের মেজাজে ভাসতে একটি লাল রঙের ড্রেস পরেছিলেন, সঙ্গে মাথায় ছিল রেইনডিয়ারের সিংওয়ালা হেয়ারব্যান্ড। সিদ্ধার্থ একটি কালো টিশার্ট এবং লাল প্যান্ট পরে স্ত্রীকে জড়িয়ে চুমু খান।
অনন্যাকে বড়দিন উপলক্ষ্যে একটি মিষ্টি ছবি পোস্ট করেন। তাকে একটি গোলাপি রঙের সোয়েটার পরে মাথায় রেইনডিয়ারের হেয়ারব্যান্ড হাজির মিরর সেলফি তুলতে দেখা যায়। পিছনে একজন কেউ ছিলেন যার মুখ লাভ স্টিকার দিয়ে ঢাকা। যদিও কে সেই ব্যক্তি কারও বুঝতে বাকি নেই।
লন্ডনে ক্রিসমাস কাটাচ্ছেন অর্জুন কাপুর। তার সঙ্গে আছেন তার বোন অংশুলা। দুজনকে সেখান থেকে হাসিমুখে ছবি পোস্ট করতে দেখা যায়।

জরিমানা গুণলেন মাশরাফী

নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী সাবেক টাইগার ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজাকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় আরও তিন প্রার্থীকে জরিমানা করেন তিনি।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে নড়াইল-২ আসনের চার প্রার্থীকে জরিমানা করা হয়।
জানা যায়, মাশরাফীকে ১৫ হাজার, একই আসনের জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামানকে ১৫ হাজার, ঐক্যফ্রন্ট প্রার্থী লতিফুর রহমানকে তিন হাজার এবং ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. মাহাবুবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, মাশরাফীসহ চার প্রার্থীর প্রত্যেকেই দেয়ালে পোস্টার সাঁটিয়ে আচরণবিধি ভঙ্গ করায় এ জরিমানা করা হয়।
নড়াইল পৌর এলাকায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি রক্ষায় কাজ করছে রিটার্নিং অফিস। নিয়মিতভাবে চলা পর্যবেক্ষণে প্রার্থীদের বিধি ভঙ্গের বিষয়টি ধরা পড়েছে। এতে তাদের জরিমানা করা হয়েছে। এ পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

বক্সিং ডে টেস্ট দিয়ে ফিরছেন রাবাদা-এনগিদি

সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলার জন্য ফিট দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত ছিলেন এই দুই পেসার। তবে প্রোটিয়া কোচ জানিয়েছেন, গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা দু’জনই বক্সিং ডে’তে প্রথম টেস্ট খেলার জন্য ফিট।
বিশ্বকাপের শেষভাগে এসে ইনজুরিতে পড়েন রাবাদা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার কথা ছিলো তার। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে সেই ম্যাচটি খেলতে পারেননি তিনি। অন্যদিকে, গোড়ালির ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন এনগিদি। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও অংশ নেননি তিনি।
আগামী ২৬ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের মাটিতে এখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এই সফরে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। টি-টোয়েন্টি ১-১ সমতায় শেষ করলেও, ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া।

পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তাই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য নাশকতা করছে তারা।
সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা-১৩ আসনের তেঁজগাও পশ্চিম নাখালপাড়া এলাকায় নিজের নির্বাচনী আসনে গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
নাশকতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ঢাকাসহ সারাদেশে যেসব নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে তারা সবাই দলটির (বিএনপি) নেতাকর্মী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিভিন্নস্থানে নির্বাচনী সহিংসতা দ্রুত সময়ের মধ্যে বন্ধের ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাকিব আল হাসানকে সতর্ক করলো ইসি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে তারকা ক্রিকেটার ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, মাগুরা-১আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বিগত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় কামরাখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনায় যোগদান করায় জনগণের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে।
অপরদিকে খুলনা-৬ আসনের বি এন এম মনোনীত প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদ শতাধিক মোটরবাইক ও সহস্রাধিক লোকজনসহ কয়রা বাজারে মিছিল সহযোগে শোডাউন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে তেমন কোন সংঘাত হয়নি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত তেমন কোন সংঘর্ষ, সংঘাত হয়নি। দু একটি ছোট ঘটনা যা ঘটছে তা সামাজিক বিরোধ থেকে।
আজ সোমবার সকালে কুষ্টিয়া-৩ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উল আলম হানিফ শহরের পিটিআই রোডে নিজ বাস ভবনের সামনে থেকে নির্বাচন প্রচারনার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, নির্বাচন নিয়ে সংঘ্যাতের কথা বলার আগে বিএনপি যে সন্ত্রাসী দল হয়ে গেছে সেটা স্বীকার করতে হবে। তারা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েই যাচ্ছে।
জাতীয় পার্টি (এরশাদ) গ্রুপের কুষ্টিয়া জেলা সভাপতি নাফিজ আহমেদ খান টিটোসহ নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে গণসংযোগ শুরু করেন হানিফ। পরে তিনি কাঞ্চণপুর এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অংশ নেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমনসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

সিপিডির বলতে হবে সেই টাকাগুলো কোথায়: কাদের

১৫ বছরে ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এমন দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, সিপিডি যেহেতু অনিয়মের অভিযোগ এনেছে, তাদেরই বলতে হবে সেই টাকাগুলো কোথায় আছে। তারা যদি বিস্তারিত তথ্য দেয়, আমরা সেই টাকা দেশে ফিরিয়ে আনবো।
আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘সংঘাতের আশঙ্কা সবসময় থাকেই। তবে এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। যারাই নির্বাচনের পরিবেশ দূষিত করবে, সংঘাতে জড়াবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংঘাতের আশঙ্কা আমাদের এ অঞ্চলে সব সময়ই থাকে। তবে বড় ধরনের সংঘাত হওয়ার আশঙ্কা করছি না। এ ব্যাপারে জিরো টরালেন্সে নেত্রী।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ হোক কিংবা স্বতন্ত্র হোক, যারা নির্বাচনী পরিবেশ নষ্ট করবে, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে, এটা দলের পক্ষ থেকে প্রত্যাশা।’
নির্বাচনে বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচন অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করবে, তাদেরকে নিষেধাজ্ঞা দেয়া এবং তাদের বিরুদ্ধে প্রয়োগ করা এটাতো আমেরিকার বহুল প্রচারিত ঘোষণা। এনডিআইসহ যে পাঁচজন মার্কিন প্রতিনিধি এখন বাংলাদেশে আছেন, এ বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি’।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের বিরুদ্ধে বিএনপি লিফলেট বিতরণ করবে কেন? অসহযোগ করবে কেন? আসলে নির্বাচনের বিরুদ্ধে শান্তির প্রোগ্রাম হয় না। শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই বিএনপি’র এই প্রোগ্রাম ।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দল মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (২৫ ডিসেম্বর) বঙ্গভবনে বড় দিন উপলক্ষ্যে খ্রিষ্ট ধর্মাবলম্বী নেতবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এক ভাষণে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে আসছে। সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। ধর্ম উপলব্ধির বিষয়, এটি তর্কের বিষয় নয়। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
বড় দিন উপলক্ষে দেশের খ্রিষ্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, যিশুখ্রিষ্ট ছিলেন সত্যান্বেষী ও আলোর দিশারী। মহামতি যিশুখ্রিষ্ট পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন এবং স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যোগাযোগ স্থাপনের পাশাপাশি পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে কাজ করেছেন। যিশুর এই শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা, তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকার আর্চবিশপ বিজয় নিসেফরাস ডি’ক্রুজ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওসহ বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি এখন ধ্বংস হয়ে যাবে, মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী

বড় দল বিএনপি নির্বাচনে না এসে খুবই ভুল করেছে। দলটি এখন ধ্বংস হয়ে যাবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর নয়াসড়ক এলাকায় নির্বাচনী প্রচারণায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে অনেক প্রতিযোগিতা হবে।
সবাই কাজ করছে। নির্বাচনে না এসে বিএনপি খুবই ভুল করেছে। তারা একটা বড় দল, কিন্তু এখন ধ্বংস হয়ে যাবে। বিএনপিতে নেতৃত্বের অভাব। তারা এখন আর রাজনৈতিক দল নয় তারা এখন সন্ত্রাসী। সন্ত্রাসীরা কখনও জয়লাভ করেনি।
বিএনপি জ্বালাও-পোড়াও আর গুপ্ত হত্যায় ব্যস্ত মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিএনপির কোনো স্থান নেই। আওয়ামী লীগ উন্নয়নের দল। যেসব উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। এই সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে আরও হবে। শিক্ষা, চিকিৎসাসহ যেসব খাতে উন্নয়ন করা দরকার সরকার তা করেছে আর করবে।
তিনি আরও বলেন, আগামীতে আমাদের পরিকল্পনায় রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেটা আমরা করব। যারা বিদেশে যাবেন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আমরা প্রশিক্ষিত লোক বিদেশে পাঠাব।
আগামী ৭ জানুয়ারি সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, অতীতের মতো এবারও সিলেটের মানুষ ভোটকেন্দ্রে যাবে। এ অঞ্চলের মানুষ ভোট দেয়। যেখানেই প্রচারণা করতে যাচ্ছি সেখানে ভোটারদের সাড়া পাচ্ছি।