শনিবার, অক্টোবর ১০, ২০২৬

ইসরায়েলে ২৩০ বিমান ও ২০ জাহাজবোঝাই অস্ত্র পাঠাল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা আড়াই মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।
তবে এরপরও ইসরায়েলকে ২৩০টি কার্গো বিমান ও ২০টি জাহাজবোঝাই অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় সংঘাত শুরুর পর থেকে এসব অস্ত্র দিয়েছে দেশটি।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ২৩০টি কার্গো প্লেন এবং ২০টি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বোঝাই জাহাজ ইসরায়েলে পাঠিয়েছে বলে সোমবার ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে।
ইসরায়েলকে পাঠানো বিপুল পরিমাণ এই মার্কিন সামরিক সহায়তার মধ্যে আর্টিলারি শেল, সাঁজোয়া যান এবং সৈন্যদের জন্য মৌলিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে বলে ইয়েডিয়ট আহরনোথ সংবাদপত্র জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজা উপত্যকায় বর্তমান যুদ্ধের ব্যয় প্রায় ৬৫ বিলিয়ন শেকেল বা ১৭ বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্রটি বলেছে, যুদ্ধের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের গুদামগুলোতে থাকা বেশির ভাগ গোলাবারুদ ব্যবহার করে ফেলে।
সংবাদপত্রটি আরও বলেছে, ‘কিন্তু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে একটি সম্ভাব্য বড় আকারের যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইসরায়েল তার গুদামগুলো পুনরায় পূরণ করতে সক্ষম হয়েছে।’
ইসরায়েলি সামরিক পরিসংখ্যান অনুসারে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষে কমপক্ষে ৪৮৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

রুশ জাহাজের বহর ধ্বংস করার দাবি ইউক্রেনের

ইউক্রেনের বিমানবাহিনী মঙ্গলবার বলেছে তারা মস্কোর বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন বহনকারী সন্দেহে কৃষ্ণসাগরে একটি জাহাজের বহর ধ্বংস করেছে।
বিমানবাহিনী মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে এক বার্তায় জানায়, বিমানবাহিনীর পাইলটরা বৃহৎ অবতরণকারী জাহাজ নভোচেরকাস্ককে ‘ধ্বংস’ করেছে।
বার্তাটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার দ্বারা নিয়মিত ব্যবহৃত ইরানি বিস্ফোরক ড্রোনগুলোর উল্লেখ করে আরও জানায়, ‘লোকমুখে জানা যায় বহরটি কয়েকটি শাহেদ বহন করে।’
হামলাটি কোথায় হয় সে সম্পর্কে সামরিক বাহিনী নির্দিষ্ট করে জানায়নি। তবে বিমান বাহিনীর কমান্ড্যান্ট মাইকোলা ওলেচচৌক অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপের কৃষ্ণ সাগরে ফিওডোসিয়ার রুশ নৌ ঘাঁটিতে এক জ্বলন্ত বিস্ফোরণের একটি ভিডিও পোস্ট করেছে।
ক্রিমিয়ার ক্রেমলিন-সমর্থিত প্রধান সের্গেই আকসিওনভ বলেছেন, ‘ফিওডোসিয়া এলাকায় একটি রুশ হামলা চালানো হয়।’ তিনি টেলিগ্রামে লিখেন, ‘বন্দর এলাকা ঘেরাও করা হয়েছে।’
‘বিস্ফোরণ বন্ধ হয়েছে এবং আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। ঘটনাস্থলে সব ধরণের প্রয়োজনীয় পরিষেবা রয়েছে। বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে।’
ইউক্রেন ক্রিমিয়ায় প্রায়ই বিশেষ করে রাশিয়ান সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। ২০২২ সালের এপ্রিলে, ইউক্রেন কৃষ্ণ সাগর ফ্লিটের ফ্ল্যাগশিপ ক্রুজার মস্কভাকে ডুবিয়ে দেয়।

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। দেশের প্রতিটি জেলার উন্নয়নে কাজ করছে সরকার। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য। বাংলাদেশের কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মা-বাবা, ভাইসহ সব স্বজনদের হারিয়েছি। সব শোক-ব্যথা বুকে নিয়ে রাস্তায় নেমেছি। লক্ষ্য একটাই, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের পর বাংলার মানুষ ছিল অবহেলিত। তাদের মাথাপিছু আয় বাড়েনি। তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমি এগিয়ে এসেছি।
উত্তরবঙ্গে মঙ্গা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ থেকে মঙ্গা দূর করা হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে। দুই বেলা খেতে পারবে সে প্রতিশ্রুতি দিয়েছিলাম। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আমরা সেটা করতে পেরেছি।
দেশকে আরও উন্নত করতে চাই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ জন্য কেবল নৌকা মার্কা থাকলেই সেটা সম্ভব। আমার আর হারাবার-পাওয়ার কিছু নেই। কিন্তু আপনারা ভালো থাকবেন সেটাই আমার লক্ষ্য। এ জন্য ৭ জানুয়ারি সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভোট দিতে যাবেন।
প্রধানমন্ত্রী বলেন, রংপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডিউককে আপনাদের হাতে তুলে দিলাম। আরও একবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, নৌকা মার্কাই আপনাদের জীবনমান উন্নয়ন করেছে। তাই আরও একবার সুযোগ দেবেন।
এ সময় প্রধানমন্ত্রী তার সময়কালে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রযুক্তি ও যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন।
এর আগে রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে বেলা ১১টা ৫০ মিনিটে প্রথমে রংপুরের তারাগঞ্জ উপজেলার ওয়াকফ এস্টেট কলেজ মাঠে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় যোগ দেন।
জনসভা শেষে সড়ক পথে স্বামীর বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যাবেন শেখ হাসিনা। ফতেহপুরে স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় ও খাবার শেষে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখানে রংপুর-৫ (পীরগঞ্জ) আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ভোট চাইবেন তিনি।

নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই ব্যবস্থা : র‌্যাব

আসন্ন জাতীয় সংবাদ নির্বাচনে সহিংসতা করার চেষ্টা বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই আইনের আওতায় আনবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।
নির্বাচনের সহিংসতা কথা উল্লেখ করে কমান্ডার মঈন বলেন, নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে যারা তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এরই মধ্যে প্রায় ১০ জনের অধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করে যাব। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে সেখানেই কাজ করে যাচ্ছে র‌্যাব।
কমান্ডার মঈন আরও বলেন, নাশকতা ও সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে, আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসছি। সম্প্রতি নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী, অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে। ১০টির বেশি বিদেশি অস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গাড়ি জব্দ করা হয়েছে।

পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পোলিং এজেন্ট প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলীয় সূত্র মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার দলীয় পোলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আজ ১০টা সকাল থেকে ৪টা বিকেল পর্যন্ত দুই সেশনে প্রশিক্ষণ দেবে আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটি। সারাদেশ থেকে দলীয় প্রার্থীর মনোনীত পোলিং এজেন্টদের আজকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি নৌকার আসন থেকেই পাঁচ জন পোলিং এজেন্ট প্রশিক্ষণের জন্য চাওয়া হয়েছিল।
সাবের হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগ প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্টদের আজকে প্রশিক্ষণ দেওয়া হবে। পোলিং এজেন্টের কাজ কী সবাই জানে, আগের নিয়মের সঙ্গে নতুন কী কী নিয়ম যুক্ত বা পরিবর্তন হয়েছে সেগুলোর বিষয়ে জানানো হবে।
ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান চলছে।

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি কর্মী আটক

মালয়েশিয়ার কোটা টিংগি এলাকায় ১৭১ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। কলিং ভিসায় গিয়ে তিন মাসেরও অধিক সময় বেতন না পেয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে দেশটির পুলিশের হাতে আটক হয়েছেন তারা।

গত ২০ ডিসেম্বর ১৭১ বাংলাদেশিকে আটকের ঘটনাটি ঘটে। কোটা টিংগি জেলার পুলিশপ্রধান সুপ্ত হুসেন জামোরা এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আটককৃতরা দেশটিতে গিয়ে তিন মাসেরও বেশি সময় বেকার বসে থাকলেও এজেন্ট তাদের কোনো কাজ দেয়নি। এরপর ২০ ডিসেম্বর পুলিশ রিপোর্ট করার জন্য তারা নিজেদের বাসস্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বেয়ু দামাই থানার উদ্দেশ্য ১৭১ জন বাংলাদেশি লম্বা লাইন ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় রাস্তায় শ্রমিকদের হাঁটতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে জহুর রাজ্যের একটি গ্রামে অভিযান চালিয়ে গত বুধবার তাদের আটক করে।

সোমবার (২৫ ডিসেম্বর) জহুরবারু ইমেগ্রশন বিষয়টি প্রকাশ করে।

সুপ্ত হুসেন জামোরা বলেন, এমএএফ কর্মীরা যাদের আটক করেছেন তারা সবাই পুরুষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা তাদের হোস্টেল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত বেউ দামাই থানার দিকে যাচ্ছিলেন। বিদেশি এসব শ্রমিক তাদের এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় যাচ্ছিলেন। তাদের অভিযোগ, গত তিন থেকে ছয় মাসেও এজেন্ট তাদের কাজে নিয়োগ দেয়নি।

এ ব্যাপারে সুপ্ত হুসেন আরও বলেন, তাদের সবাইকে আটক করা হয়েছে, কারণ তারা গন্তব্য না জেনে তেলুক রামুনিয়া বায়ু দামাই মোড়ের সামনের এলাকায় হাঁটছিল। বড় জমায়েত দেখে স্থানীয়রা ভয় পেয়ে যায়। ধারণা করা হচ্ছে যে তারা থানায় যাচ্ছিলেন। তাদের সবার কাছে বৈধ নথি ছিল। এ থেকে বোঝা যায়, আটকদের এজেন্টরা এখনও তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পায়নি।

হুসেন আরও বলেন, আটকরা সবাই ১৮ থেকে ৪৩ বছর বয়সের। আমাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এর অধীনে অতিরিক্ত অবস্থানের কারণে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য তাদের সবাইকে জোহর বারুর সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।

এর আগে, ১ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, বাংলাদেশিরা একটি বড় জমায়েত নিয়ে হাঁটছে। এতে স্থানীয়দের মধ্যে ভীতি ছড়ায়।

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ২৫০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২৩০ বিমান ও ২০ জাহাজে ইসরায়েলে অস্ত্র পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েল তার হামলা জোরদার করার সঙ্গে সঙ্গে অঞ্চলটিতে ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে ১০০ জনেরও বেশি লোককে হত্যা করেছে ইসরায়েল।

সোমবার মধ্য গাজা উপত্যকার মাগাজি শরণার্থী শিবিরে এক নারী বলেছেন, ‘আমার পুরো পরিবার চলে গেছে। আমার পাঁচ ভাইয়ের সবাই চলে গেছে। তারা আমার কোনও ভাইকেই ছাড়েনি। তাদের সবাই মারা গেছেন!’

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মাগাজি ক্যাম্পের একটি আবাসিক চত্বরে ইসরায়েলি হামলায় সাতটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।
মাগাজির বাসিন্দা জেয়াদ আওয়াদ আলজাজিরাকে বলেছেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক মানুষকে রেহাই দিচ্ছে না। আমার সন্তান আমাকে বলল, ‘আমাকে সাহায্য কর! কি হচ্ছে? আমি শ্বাস নিতে পারছি না।’

ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলমান লড়াইয়ের মধ্যে গাজায় ক্রিসমাসের আগের রাতে সবচেয়ে তীব্র বোমা হামলা করা হয়। ইসরায়েলি এই হামলায় বহু ভবন মাটিতে মিশে যায় এবং বহু মানুষ ধ্বংসস্তূপের স্তূপের নিচে আটকে পড়েন।

আলজাজিরা বলছে, ইসরায়েলি হামলায় খান ইউনিস, বুরেইজ এবং নুসেইরাতের মতো এলাকায়ও বহু মানুষ নিহত হয়েছে। গত দিনে ইসরায়েলি হামলায় প্রায় ৫০০ মানুষ আহত হয়েছেন।

দক্ষিণ গাজার রাফাহ থেকে আলজাজিরার তারেক আবু আজউম বলেছেন, মাগাজিতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৬ হয়েছে।

নির্বাচনী প্রচারে আজ রংপুর যাচ্ছেন শেখ হাসিনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় আজ রংপুর সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পীরগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এর আগে তারাগঞ্জ ও মিঠাপুকুরে পৃথক দুটি পথসভায় অংশ নেবেন। এ ছাড়া নিজ বাসভবন লালদীঘি ফতেহপুরে পরিবারের সদস্যদের সাথে মিলিত হয়ে স্বামীর কবর জিয়ারতসহ নিকট আত্মীয়দের সাথে কুশল বিনিময় করবেন তিনি।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চাইতেই প্রধানমন্ত্রীর এ সফর। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। তাঁকে স্বাগত জানাতে পুরো এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, সকালে বিমানযোগে সৈয়দপুর এসে তারাগঞ্জে দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের জনসভা শেষে গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুরে আসবেন। সেখানে স্বামীর কবর জিয়ারতের পর পরিবারের নিকট আত্মীয়দের সাথে কুশল বিনিময় করে সময় কাটাবেন শেখ হাসিনা। এরপর বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন।
তিনি জানান, শেখ হাসিনাকে বরণ এবং জনসভা সফল করতে সকল প্রস্ততি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২ ডিসেম্বর পীরগঞ্জে একই মাঠে জনসভা করেছেন। এর আগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা ও লালদীঘির ফতেহপুরের জয়সদনে কর্মিসভা করেন।

সিপিডি কোনো গবেষণা করেনি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সিপিডি’র সাম্প্রতিক সংবাদ সম্মেলনে প্রকাশিত রিপোর্ট সম্পর্কে বলেছেন, তারা কোনো গবেষণা করেনি। কিছু পত্রিকার কাটিং জোগাড় করে একটা রিপোর্ট তৈরি করে সেই আলোকে সংবাদ সম্মেলন করা হয়েছে। তাদের বক্তব্য নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।
আজ সোমবার মন্ত্রীর নিজ জেলা চট্টগ্রাম বন্দরনগরীতে বাংলাদেশ টেলিভিশনের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র দেয়া তথ্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘সিপিডি’র সংবাদ সম্মেলনে যদিও বা গবেষণার কথা বলা হয়েছে, বাস্তবে গবেষণা করতে অনেক সময় লাগে, অনেক তথ্য-উপাত্ত থাকে। কিন্তু সিপিডি এই রিপোর্ট তৈরি ও প্রকাশ করার ক্ষেত্রে অনেক লুকোচুরি করেছে এবং ভুল ও তথ্য তারা পরিবেশন করেছে।’
একে একে উদাহরণ দিয়ে মন্ত্রী উল্লেখ করেন, ‘যেমন সিপিডি বলেছে, আমাদের উন্নয়ন বাজেটের ৭৫ শতাংশ হচ্ছে বিদেশনির্ভর। অথচ আসলে আমাদের চলতি বাজেটের ৩৫ শতাংশ হচ্ছে সাহায্যনির্ভর কিংবা বিদেশনির্ভর। এক সময় এটি ২০ শতাংশের নিচে নেমে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে কিছু প্রকল্পের জন্য বৈদেশিক ঋণ নেয়ার কারণে এটি ৩৫ শতাংশে উন্নীত হয়েছে। অথচ সিপিডি বলেছে এটি ৭৫ শতাংশ।’
সিপিডি’র তথ্যের অসংগতি তুলে ধরে ড. হাছান মাহমুদ বলেন, ‘তারা বলেছে বেসিক ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা লোন দেয়া হয়েছে। কিন্তু চার হাজার কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা ইতিমধ্যে আদায় করা হয়েছে এবং বাকী দুই হাজার কোটি টাকার জন্য মামলা করা হয়েছে, মামলা চলমান, আদায় প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
সিপিডি আরো বলেছে যে, নাবিল গ্রুপ ২ হাজার ৭’শ কোটি টাকা ঋণ নিয়েছে। কিন্তু সেই ঋণ যে সব আদায় হয়েছে, সে তথ্য সিপিডির রিপোর্টে জানানো হয়নি। ইচ্ছাকৃতভাবে এগুলোকে লুকানো হয়েছে। সিপিডি চট্টগ্রামভিত্তিক একটি গ্রুপের কথা বলেছে। আমি বাংলাদেশ ব্যাংকের সাথে চেক করেছি। সেই গ্রুপের কোনো লোনই ক্লাসিফায়েড নয়। অর্থাৎ সিপিডি অসত্য তথ্য দিয়েছে।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘একইসাথে সিপিডি বলেছে, ক্লাসিফায়েড লোনের আকার বেড়েছে। কিন্তু তারা শুধু আকারের কথা বলেছে, পারসেন্টেজের কথা বলে নাই। কারণ, ক্লাসিফায়েড লোনের হার কমেছে। ২০০৯ সালে আমাদের জিডিপি ছিল ৮০ বিলিয়ন ডলার। এখন জিডিপি হচ্ছে প্রায় ৫০০ বিলিয়ন বা হাফ এ ট্রিলিয়ন ডলার। জিডিপি ৬ গুণ বৃদ্ধি পেলে তো ক্লাসিফায়েড বা ব্যাড লোনের আকারও বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। কিন্তু পারসেন্টেজ কতো, সেটাই হচ্ছে মূল বিষয়। ২০০৯ সালে ক্লাসিফায়েড লোন ছিল ১০ দশমিক ৫ শতাংশ, আর এখন ৯ দশমিক ৯৩ শতাংশ। অর্থাৎ তখনকার তুলনায় কমেছে।’
সিপিডির কেউ কেউ তো ২০০৭-২০০৮ সালে দেশ পরিচালনার সাথে যুক্ত ছিলেন এবং তখন ব্যাড লোন ১০ শতাংশের উপরে ছিল উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এইভাবে অসত্য এ সমস্ত তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করা আসলে উদ্দেশ্যপ্রণোদিত।
বিএনপির তিনদিনের কর্মসূচি ঘোষণায় প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘ তারা যে তিনদিন কর্মসূচি দিয়েছে, জনগণও জানে না, কেউ খেয়ালও করে নাই। হয়তো বা সাংবাদিকরা খবরা-খবর রাখেন বলেই খেয়াল করেছেন। তারা কোন দিন হরতাল দেয়, কোন দিন অবরোধ দেয়, কেউ কিন্তু খেয়াল করে না। বাংলাদেশের মানুষও খেয়াল করে নাই, কাকপক্ষীও খেয়াল করেছে কি না আমি জানি না। এগুলো গতানুগতিক কর্মসূচি এবং হাস্যকর।’

গত ২৪ ঘণ্টায় দেশে ১১ জন করোনা আক্রান্ত

রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। এ সময় ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯০১ জন।