শনিবার, অক্টোবর ১০, ২০২৬

বার্নলির বিপক্ষে জয়ে শীর্ষে লিভারপুল

অ্যানফিল্ডে নিজেদের সবশেষ ম্যাচে আর্সেনালের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি লিভারপুল। ফলে প্রিমিয়ার লিগে শীর্ষে থেকে বড়দিনের ছুটিতে যেতে পারেনি অল রেডরা। অবশ্য ক্রিসমাস উদযাপন করে ফিরেই শীর্ষে ওঠেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। গতকাল বার্নলির বিপক্ষে ম্যাচটি জিতে গানারদের টপকে এক নম্বরে আছে লিভারপুল।
এদিকে শীর্ষস্থান নিশ্চিত করলেও তা লিভারপুল ধরে রাখতে পারবে কিনা তা জানা যাবে আগামী বৃহস্পতিবার ওয়েস্ট হামের বিপক্ষে আর্সেনালের ম্যাচের পরই। কেননা বড়দিনের আগে সমান ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ছিল আর্সেনাল।
এরপর কালকের ম্যাচে জয় নিয়ে এখন ১৯ ম্যাচে অল রেডদের পয়েন্ট ৪২ যেখানে ১৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৪০। এদিকে গতকাল শীর্ষে স্থানে ফেরার রাতে ১২ ম্যাচ পর গোলের দেখা পেয়েছেন ডারুইন নুনিয়েজ। ম্যাচের শুরুতে তার গোলেই এগিয়ে যায় ক্লপের দল।
এরপর লিভারপুলের দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের একেবারে ৯০ মিনিটে। অল রেডদের ব্যবধান বাড়ানোর গোলটি করেন ডিয়েগো জোতা। বার্নলির উপর শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রাখা লিভারপুল এদিন মোট শট নিয়েছে ১৯টি যার মধ্যে ১০টিই ছিল লক্ষ্যে। দল দখলেও এগিয়ে ছিলেন ক্লপের শিষ্যরাই।

পাক বোলারদের তোপে প্রথম ইনিংসে অলআউট অস্ট্রেলিয়া

গতকাল মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে হানা দিয়েছে বৃষ্টি। আর সে সুবাদে আগে বোলিং নেয়ার পর পাকিস্তানি বোলারদের তপের মুখে পড়েন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। তবুও সফরকারীদের ফিল্ডিং মিসের কল্যাণে ৩ উইকেটে ১৮৭ রান নিয়ে দিন শেষ করতে পেরেছিল স্বাগতিকরা। তবে আজ দ্বিতীয় দিনে দলীয় সংগ্রহ খুব বেশি এগিয়ে নিয়ে যেতে পারেনি অজিরা, শাহিন আফ্রিদি, আমির জামালদের তোপে অলআউট হয়েছে ৩১৮ রানেই।
মার্নাস লাবুশেন এবং ট্রাভিস হেড মিলে কাল ১৮৭ রানে ৩ উইকেটে প্রথম দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে নিজের অর্ধশতক তুলে নেন লাবুশেন। তবে নিজের ইনিংস লম্বা করতে পারেননি। আমির জামালের বলে ক্যাক্সচ তুলে দিয়ে ৬৩ রানেই সাজঘরে ফিরেন তিনি।
এরপর ট্রাভিস হেডও ফিরেন ১৭ রান করেই। হেডকে ফেরানোর আগে অজিদের উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকেও সাজঘরের পথ দেখান শাহিন আফ্রিদি। এদিকে আজ অজিদের হাল ধরতে পেরেছিলেন কেবল মিচেল মার্শ।
তার৬০ বলে ৪১ রানেই অল আউট হওয়ার আগে ৩১৮ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। এরপর প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটাও অবশ্য ভালো হয়নি। দলীয় ৩৪ রানেই নাথান লায়নের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘর ফিরেছেন ওপেনার ইমাম উল হক। ৪৪ বলে ১০ রান করে ফিরলে ক্রিজে আরেক ওপেনার আবদুল্লাহ শফিকের সঙ্গী হয়েছেন অধিনায়ক শান মাসুদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪৮ রান।

টি-টোয়েন্টিতে আজ কিউইদের মুখোমুখি হচ্ছে টাইগাররা

২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর এ বছর রঙিন পোশাকের ক্রিকেটেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে জয় তুলে নিয়ে দীর্ঘদিনের হতাশা ঘুচিয়েছে টাইগাররা। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ আরও এক ‘প্রথমের’লক্ষ্যে মাঠে নামবে লাল-সবুজের দল।
ওয়ানডে সিরিজের পর আজ থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নেপিয়ারে ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ খেলেছে মোট ১৭টি ম্যাচ যেখানে টাইগারদের জয় মাত্র ৩ ম্যাচে যার সবকটিই মিরপুরে। বাকি ১৪ ম্যাচেই জিতেছে কিউইরা। আর নিউজিল্যান্ডের মাটিতে খেলা ৯ ম্যাচের সবকটিতেই টাইগারদের মিলেছে পরাজয়।
তাই এবার নিজেদের চলতি বছরের সাফল্যের ধারা কাজে লাগিয়ে তাসমানপাড়ে না পাওয়ার আক্ষেপটা হয়তো মিটিয়েই নিতে চাইবে শান্ত বাহিনী। আর অধিনায়ক শান্ত তো নজর দিয়েই রেখেছে সিরিজ জয়ের দিকে। আর যদি এমনটি হয়ে যায়, তাহলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য স্মরণীয় একটি বছর হয়ে থাকবে এ বছর।
কিউইদের বিপক্ষে এই ম্যাচ সামনে রেখে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অতিরিক্ত কোনো কিছু আশা করি না। আমরা যেটা পারি সেটাই করার চেষ্টা করব। মাঠে একটা দল হয়ে খেলার চেষ্টা করব। দলগতভাবে খেলা খুব গুরুত্বপূর্ণ।

যারা নির্বাচন বর্জন করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না : পররাষ্ট্রমন্ত্রী

যারা নির্বাচন বর্জন করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
আজ মঙ্গলবার সকালে সিলেট নগরীর জিন্দাবাজারে সিলেট জেলা প্রেসক্লাবর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের জন্য সবাইকে নির্বাচনে আসতে হবে, ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন কোন সুযোগ নেই। একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব।
ড. মোমেন আরও বলেন, যারা নির্বাচন বর্জন করছেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। তাই তারা নির্বাচন বানচাল করতে চান।
দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতার আগবান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের লেখনীতে তুলে ধরতে হবে। তবেই দেশের উন্নয়ন তরান্বিত হবে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুর রহমান আলাওর ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ ক্লাবের সদস্য বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

বিএনপি-জামায়াত আন্দোলনের নামে আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আমরা জনগণের জনমাল নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। আমরা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত কাজ করে যাচ্ছি।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই আসনের নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীকে পরিচিত করে আবারও তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।
শেখ হাসিনা বলেন, অগ্নিসন্ত্রাস আর জ্বালাও-পোড়াও বিএনপির আন্দোলন। তারা যেন বাস, ট্রাক আর ট্রেনে আগুন দিতে না পারে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। দিনরাত কাজ করি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সেখানে তারা আসে ধ্বংস করার জন্য। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে বাড়ির কাছে রেললাইন থাকলে পাহারা দিতে হবে। কোনো বাস-গাড়িতে আগুনে দিতে গেলে ধরে ফেলতে হবে। জনগণকেই এটা প্রতিহত করতে হবে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকারে আসে জনগণের সেবা করতে। জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল, তারা এসেছিল লুটপাট করতে। লুটপাট, সন্ত্রাস জঙ্গিবাদ, মাদক এগুলোই ছিল তাদের কাজ। তারা মানুষের কল্যাণে কোনো কাজ করেনি।
টানা তিন মেয়াদের প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই প্রত্যেকের ভাগ্য পরিবর্তন ঘটেছে। শিক্ষায়-দীক্ষায় সব দিকে দিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে। সব থেকে বেশি মঙ্গাপীড়িত এলাকা এই রংপুর, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আর কোনো দিন মঙ্গা হয়নি। এই ব্যাপারে আপনাদের সাহায্য দরকার। আপনাদেরও নিজের পায়ে দাঁড়াতে হবে।
এর আগে দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি কলেজ মাঠে আয়োজিত এক পথসভায় দেন শেখ হাসিনা। এদিন তিনি পীরগঞ্জে প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন।
বেলা ১১টার দিকে বাণিজ্যিক একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন সরকারপ্রধান। পরে সড়কপথে তারাগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ : নানক

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না, কারণ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।
আজ মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাজধানীর মোহাম্মদপুর ৩২ নম্বর ওয়ার্ড লালমাটিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নৌকার এই প্রার্থী।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। বিএনপি জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। দেশের জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোটদানের মধ্যদিয়ে অপশক্তিকে রুখে দেবে।
এ সময় এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। সব প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে জয়ী হতে হয়। তাই নির্বাচনের প্রতিযোগিতায় প্রার্থীদের সহিংসতায় না জড়ানোর অনুরোধ জানান নানক।
নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য সাদেক খান ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ।

২৯ ডিসেম্বর নয়, সশস্ত্র বাহিনী মাঠে নামবে ৩ জানুয়ারি

ভোটের মাঠে আগামী ৩ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন মাঠে থাকবে তারা। এর আগে ১৮ ডিসেম্বর ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৯ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে।
রোববার (২৪ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ইসি জানায়, ৩০০ সংসদীয় আসনে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।
চিঠিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের নিমিত্তে ইন এইড টু দ্যা সিভিল পাওয়ারের আওতায় সমগ্র বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় আগামী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত (যাতায়াত সময়সীমা ব্যতীত) সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ প্রদান করা হলো।
সশস্ত্র বাহিনীর নিয়োজিত দলসমূহ ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনি বিধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত ইন্সট্রাকশন রিগার্ডিং এইড টু দ্যা সিভিল পাওয়ারের ৭ম ও ১০ম অনুচ্ছেদের বিধান অনুযায়ী পরিচালিত হবে। মোতায়েনকৃত সশস্ত্র বাহিনী নির্বাচনী কাজে অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরামর্শে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে।
চিঠিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী নিয়োগের লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনে আগে থেকে নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থা, ভৌত অবকাঠামো এবং নির্বাচনী পরিবেশ পরিস্থিতির উপর প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করার নিমিত্তে অগ্রগামী/রেকিদল প্রেরণ করা যাবে। রেকিদলসমূহ সীমিত রাখার জন্য অনুরোধ করা হলো। নির্বাচন উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর বিস্তারিত মোতায়েন নির্দেশিকা পরবর্তীতে প্রেরণ করা হবে। সশস্ত্র বাহিনীর নির্বাচনে মোতায়েন সংক্রান্ত কার্যক্রম সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক সমন্বয় করা হবে।

৪০০ বোমা বানিয়ে সাপ্লাই দেন ‘বোমা মাওলানা’ : ডিবি

ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে বোমা মাওলানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৫ ডিসেম্বর) পুরান ঢাকার চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ।
ডিবি জানায়, গ্রেপ্তার বোমা মাওলানা গত ২৭ অক্টোবর থেকে গত ১৬ ডিসেম্বর পর্যন্ত গানপাউডার সংগ্রহ করে প্রায় ৪০০ বোমা তৈরি করেন। পরে এসব বোমা রাজধানীর বিভিন্ন এলাকায় সাপ্লাই করেন। বোমা বানাতে গানপাউডার সাপ্লাই দেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। নাশকতা কিংবা আগুন দেওয়ার যে কোনো ছবি লন্ডনে পাঠানো হলে তাদের পুরস্কৃত করা হতো। বোমা মাওলানার সাপ্লাই করা বোমার মধ্যে একটি বোমা ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ করা হয়।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, আমরা অনেক দিন ধরে মুকিত হোসাইন ওরফে বোমা মাওলানাকে খুঁজছিলাম। তার নাম হলো মুকিত, তবে সবাই তাকে ডাকে ‘বোমা মাওলানা’ নামে। একসময় সে আলিয়া মাদরাসা ছাত্রদলের সহসভাপতি ও সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩-১৪ সালে বোমা বানাতে গিয়ে তার ডান হাতের কব্জি উড়ে যায়। এরপর থেকে তার নাম হয় বোমা মাওলানা। দলীয় আনুগত্য এবং উগ্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ২০২৩ সালের জুলাই মাসে তাকে মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত করেন স্বয়ং তারেক রহমান।

হারুন অর রশীদ বলেন, মহানগর জজ কোর্ট প্রাঙ্গণে যে বোমাটি বিস্ফোরিত হয়েছিল তার মূল পরিকল্পনাকারী ছিলেন বোমা মাওলানা। ২৭ অক্টোবর রাতে মতিঝিল ব্যাংক কলোনিতে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর পাঠানো ১০ কেজি গানপাউডার বোমা মাওলানা রিসিভ করে ভাটারা থানা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম নয়নের কাছ থেকে। এই গানপাউডার দিয়ে গত ২৭ অক্টোবর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত কয়েক দফায় প্রায় চারশ হাতবোমা তৈরি করে সে। পরে এসব বোমা সাপ্লাই দেওয়া হয় বিভিন্ন থানা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবদের কাছে। তার সরবরাহ করা হাতবোমা থেকে একটি বোমা যুবদলের সদস্য সোহেল খান ও অভি আজাদ চৌধুরীর নির্দেশে ঢাকা মহানগর জজ কোর্ট আদালত প্রাঙ্গণে বিস্ফোরিত করে ওয়ারীর আব্দুল হামিদ ভূঁইয়া ও তার স্ত্রী হাফসা আক্তার।
জিজ্ঞাসাবাদে মুকিত ওরফে বোমা মাওলানা ডিবিকে জানায়, প্রতিটি যানবাহনে আগুন দেওয়ার জন্য অগ্নিসংযোগকারীকে ১০ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া বিস্ফোরণ ঘটানো ও মশাল মিছিলের জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হয় মহানগর যুবদলের পক্ষ থেকে। এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় ৬-৭ হাজার লোকের মিছিলে নেতৃত্ব দেয় বোমা মাওলানা।
ডিবিপ্রধান আরও বলেন, নাশকতার জন্য যারা বোমা বানায় এবং বাস ও ট্রেনে যারা নাশকতা করে তাদের অনেকের নাম পেয়েছি। এই বোমা মাওলানা ২৭ অক্টোবর একটি হাসপাতালে ভর্তি ছিল। আর সেখানে বসে পরিকল্পনা করছিল কোথা থেকে বোমা বানানোর সরঞ্জাম সংগ্রহ করা যায় আর কাকে দিয়ে এসব বোমা বিস্ফোরিত করে মানুষকে পঙ্গু করা যায়।
তিনি বলেন, লন্ডন থেকে আসা নির্দেশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ভীতি ছড়ানোর কাজে ঢাকা মহানগর যুবদল দক্ষিণে ৮টি টিম গঠন করা হয়। মুকিতের দায়িত্ব ছিল কেন্দ্রীয় যুবদল ও মহানগর যুবদলের সঙ্গে সমন্বয় করা। সমন্বয় করে বোমা বানিয়ে বিস্ফোরণ ঘটানো। এছাড়া গ্রেফতার মুকিত ওয়ার্ড এবং থানা পর্যায়ের যুবদল কর্মীদের দিয়ে যানবাহনে আগুন দেওয়ায় কমপক্ষে ৬টি ঘটনার সমন্বয় করেছে। আমরা তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি।
এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তার বোমা মাওলানা যুবদলের কর্মীদের শিখিয়ে দিত কীভাবে আগুন লাগাতে হবে। আর তাদের বলত তার বলা কায়দায় যদি আগুন লাগানো হয় আর সেই ছবি যদি লন্ডনে পাঠানো হয় তাহলে তাদের পুরস্কৃত করা হবে।

ইরাকে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা আহত

ইরাকে এক ড্রোন হামলায় তিন মার্কিন সেনা আহত হওয়ার পর ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলোর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
সোমবার রাতে ইরাকের এরবিলে যুক্তরাষ্ট্রের এক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর আত্মঘাতী ড্রোনযোগে হামলা চালানো হয়, এতে তিন মার্কিন সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পেন্টাগন আহত সেনাদের পরিচয় বা তাদের জখমের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
এরপর প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে মার্কিন সামরিক বাহিনী ইরাকের কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে গোষ্ঠীটির ‘বেশ কিছু সদস্য’ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেন, ‘ইরাক ও সিরিয়ায় জোট বাহিনীর ওপর হামলার জন্য সরাসরি দায়ী গোষ্ঠীগুলোকে জবাবদিহি করাতে ও তাদের ধারাবাহিক হামলার সক্ষমতা হ্রাস করতে হামলাগুলো চালানো হয়েছে।”’
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকালে ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনকে অবহিত করা হয়। বাইডেন হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পেন্টাগনকে নির্দেশ দেন।
৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে প্রবল উত্তেজনা বিরাজ করছে। এ যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। এর জেরে অক্টোবরের মাঝামাঝি থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর অবস্থানগুলোর ওপর হামলা চালাচ্ছে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলো। এসব হামলায় মার্কিন সেনা আহত হলে জবাবে পাল্টা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মানব পাচারের আশঙ্কায় ফ্রান্সে আটকা সেই বিমান ভারতে পৌঁছেছে

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে একটি বিমানবন্দরে বিপুল সংখ্যক ভারতীয়সহ একটি বিমানকে আটকে রেখেছিল ফরাসি কর্তৃপক্ষ। মানব পাচারের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
তবে কয়েক দিন আটকে রাখার পর ফ্রান্স বিমানটিকে ছেড়ে দিয়েছে এবং সেটি ভারতে পৌঁছেছে। যদিও বিমানটি নিকারাগুয়ায় যাওয়ার পথে ফ্রান্সে থেমেছিল।
আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচারের আশঙ্কায় ফ্রান্সের একটি বিমানবন্দরে কয়েকদিন ধরে আটকে রাখা কয়েকশ ভারতীয় নাগরিককে বহনকারী একটি বিমান ভারতে পৌঁছেছে। এ-৩৪০ চার্টার্ড বিমানটি দুবাই থেকে নিকারাগুয়া যাওয়ার সময় ফ্রান্সে নেমেছিল জ্বালানি নেওয়ার জন্য।
তখনই অজানা মানুষের কাছ থেকে সতর্কবার্তা পায় ফরাসি কর্তৃপক্ষ। বলা হয়, ওই বিমানে করে মানব পাচার করা হচ্ছে। বিমানে ৩০৩ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক, তাদের সঙ্গে কোনও অভিভাবক নেই। পরে বিমানটি আটকে দেওয়া হয়।
বিবিসি বলছে, বিমানটি ২৭৬ জন যাত্রী নিয়ে ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা হয়। মূলত আশ্রয়ের জন্য আবেদন করার পর দুই নাবালকসহ ২৫ জন ফ্রান্সে থেকে গেছেন। আর ঘটনার আরও তদন্তের জন্য দুই সন্দেহভাজন পাচারকারীও ফ্রান্সে রয়েছেন।
তবে দুজনকে খালাস দিয়েছে ফরাসি আদালত। ভারতের স্থানীয় সময় মঙ্গলবার ভোরে লিজেন্ড এয়ারলাইন্সের ফ্লাইটটি মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে অবতরণ করে।
বিমানে থাকা অধিকাংশই সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের এক-তৃতীয়াংশ আবার ভারতের ধনী পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বাসিন্দা বলে জানা গেছে।
ফরাসি কর্তৃপক্ষও সন্দেহ করেছে, বিমানে থাকা লোকেরা যুক্তরাষ্ট্র বা কানাডায় প্রবেশের চেষ্টার জন্য নিকারাগুয়ায় যাচ্ছিল। অবশ্য ফ্লাইটটি কেন নিকারাগুয়ার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করার পরিবর্তে মুম্বাই চলে এসেছে সেটিও স্পষ্ট নয়।
অনলাইন ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার অনুসারে, লিজেন্ড এয়ারলাইন্স হলো রোমানিয়ান চার্টার এয়ারলাইন যার বহরে চারটি বিমান রয়েছে।