শনিবার, অক্টোবর ১০, ২০২৬

ব্রিটেনে ঝড় গেরিটের আঘাতে ৩ জনের মৃত্যু

ইংল্যান্ডের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার ঝড় গেরিটের আঘাতে তিনজনের প্রাণহানি ঘটেছে। তাদের বহন করা গাড়ি নদীতে পড়ে যাওয়ায় তারা প্রাণ হারায়। এদিকে এ ঝড়ের আঘাতে যুক্তরাজ্যের অনেক ক্ষতি হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।
গাড়িটি নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়ার পর দুপুরের কিছু সময় আগে জরুরি সার্ভিসের কর্মীরা গ্লাইসডেল শহরের কাছ দিয়ে প্রবাহিত রিভার ইস্ক অভিমুখে রওনা হয়।
নর্থ ইয়র্কশায়ার পুলিশ জানায়, ‘দমকল বাহিনীর কর্মীরা স্থানীয় সময় বিকাল ৩টার পর নদী থেকে গাড়িটি উদ্ধার করে। দুঃখজনকভাবে ভেতরে থাকা তিনজনই প্রাণ হারায়।’
পুলিশ জানায়, তাদের সাহায্য করতে সেখানে এগিয়ে আসা অন্য এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা আরো জানায়, আবহাওয়ার পরিস্থিতি গাড়ি চালানোর জন্য বিপজ্জনক ছিল।
যুক্তরাজ্যের বেশ কয়েকটি অঞ্চল, বিশেষ করে স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে বুধবার থেকে ঝড় গেরিট ব্যাপকভাবে আঘাত হানে। এর প্রভাবে এসব অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাত হয়।
স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৬ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়।
খবর এএফপি

বিএনপি-জামায়াতের রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যখন উন্নয়ন করি তারা করে অগ্নিসন্ত্রাস। রেললাইনের প্লেট উপড়ে ফেলে রেলে আগুন দিয়ে মানুষ মারে। বাসে আগুন, গাড়িতে আগুন দেয়। তারা মানুষ হত্যা করে। আমি ধিক্কার জানাই বিএনপি-জামায়াতকে। কারণ তারা সন্ত্রাসী দল। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশালে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমাদের রাজনীতি মানুষের কল্যাণে। অগ্নিসন্ত্রাসীদের মানুষ আর চায় না। তাদের দোসর যারা একাত্তরে লুটপাট, গণধর্ষণ করেছে তারা। যাদের বিচার করেছি, সাজা দিয়েছি, সেই যুদ্ধাপরাধীরা তাদের দোসর। খুনি-সন্ত্রাসী মানিলন্ডারিংকারী সেই দল, তার সঙ্গে জুটছে যুদ্ধাপরাধী দল।
বরিশালবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা ৭ তারিখে সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। নৌকা মার্কায় ভোট দেবেন। কারণ, এই নৌকা নুহ নবীর নৌকা। এই নৌকা স্বাধীনতা এনেছে, দেশ থেকে দারিদ্র বিমোচন করে। এই নৌকা ডিজিটাল বাংলাদেশ করেছে। এবার এই নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে।
এ সময় প্রধানমন্ত্রী বরিশালের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বরিশাল একসময় শস্যভাণ্ডার ছিল, আবার বরিশালকে সেই শস্যভাণ্ডারে রূপান্তর করতে চান বলে জানান সরকারপ্রধান। তিনি বলেন, বরিশাল বিভাগ ছিল অন্ধকার। আওয়ামী লীগ আলো জ্বালিয়েছে। পুরো দক্ষিণাঞ্চলে ওয়াফাই ইন্টারনেট সংযোগের আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বরিশাল বিভাগের নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী বিএনপি ছেড়ে যাওয়া শাহজাহান ওমরকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, সন্ত্রাসী দল ছেড়ে সে নৌকায় এসেছে। ঘরের ছেলে ঘরে ফিরেছে।

বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়ে পালিয়ে গেছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, খেলা হবে। বিএনপি কোথায়? কার সঙ্গে খেলবো? আমরা এখনো খেলবার জন্য প্রস্তুত। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়ে পালিয়ে গেছে।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশালে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তাদের এক দফা আন্দোলন ভুয়া। বিএনপির আন্দোলনই ভুয়া। বঙ্গবন্ধুর কন্যা বসে আছেন। বিজয়ের লাল সবুজ পতাকা হাতে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ে পৌঁছব।
ওবায়দুল কাদের বলেন, কীর্তনখোলা, শেরে বাংলার দেশ, আজকের বরিশালে শেখ হাসিনার দুর্জয় গাথা। নির্বাচনী ইস্তেহারে শেখ হাসিনা ছাড়া কেউ পূরণ করতে পারে না।
তিনি আরও বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন সহযোদ্ধা শেখ রেহানা। শেখ হাসিনা কারো কাছে মাথা নত করে না। খেলা হবে ৭ জানুয়ারি। বিপুল ভোটে জয় হবে। আবার দেখা হবে কীর্তনখোলার তীরে।
এর আগে দুপুর ১টায় ঢাকা থেকে সড়ক পথে বরিশালে এসে পৌঁছান তিনি। সেখানে পৌঁছে তিনি বরিশাল সার্কিট হাউসে যান। কিছু সময় বিশ্রাম শেষে বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় উপস্থিত হন তিনি।

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান

সৌদি আরবে আরও একটি সোনার খনির সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন। বৃহস্পতিবার সংস্থাটি এই তথ্য নিশ্চিত করে।
মাদেন জানিয়েছে, মূলত বর্তমানে কাজ চলা সোনার খনি মানসুরা মাসারাহের খুব কাছেই সামান্য দক্ষিণে বেশ কয়েকটি স্থানে সোনার মজুত পেয়েছে। তারা বেশ কয়েকটি স্থানে সোনা মজুতের সন্ধান পেয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২২ সালে তারা মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া এক উপত্যকায় সোনার সন্ধানে জরিপকাজ শুরু করে। অবশেষে সেই সন্ধান সফলতার মুখ দেখেছে।
অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে দেখা গেছে, সেখানে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা ব্যাপক উজ্জ্বল। দুটি নমুনা থেকে দেখা গেছে, একটিতে প্রতি টন খনিজে সোনার উপস্থিতি রয়েছে ১০ দশমিক ৪ গ্রাম, অপরটিতে রয়েছে ২০ দশমিক ৬ গ্রাম।
নতুন এই সোনার মজুত পাওয়ার পর মাদেন ঘোষণা দিয়েছে, তারা অঞ্চলটিতে ব্যাপক খননকাজ চালাবে ২০২৪ সালে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট উইল্ট গত অক্টোবরে রয়টার্সকে বলেছিলেন, তার প্রতিষ্ঠান সোনা ও ফসফেট উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছে।
মাদেনের বিবৃতি অনুসারে, মানসুরা মাসারেহ থেকে ২০২৩ সালে প্রায় ৭০ লাখ আউন্স বা ১ লাখ ৯৮ হাজার ৫০০ কেজির মতো স্বর্ণ উৎপাদন করা হয়েছে। মাদেন সৌদি আরবের সরকারের মালিকানাধীন একটি খনন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ৬৭ শতাংশ মালিকানাই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফের।
খবর রয়টার্স

ইসরায়েলি সেনারা ঢুকে পড়ায় গাজার কেন্দ্রস্থল ছাড়ছে ফিলিস্তিনিরা

জাতিসংঘ বলছে, গাজার কেন্দ্রস্থলে শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলি সেনারা ঢুকে পড়ার কারণে ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছে প্রায় দেড় লাখ ফিলিস্তিনি।
প্রত্যক্ষদর্শী এবং হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলের দিকে চলে এসেছে ইসরায়েলি ট্যাংক।
ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি তাদের স্থল অভিযান সম্প্রসারিত করেছে মূলত বুরেইজ এবং পার্শ্ববর্তী নুসেইরাত ও মাঘাজি শরণার্থী শিবিরকে টার্গেট করে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বোমা হামলায় গাজা জুড়ে বেশ কিছু মানুষ নিহত হয়েছে।
গত সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের বন্দুকধারী সদস্যদের একটি আন্তঃসীমান্ত হামলার জের ধরে এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ১২০০ জন নিহত হয় যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক ছিলেন। এ ছাড়া আরও ২৪০ জনকে জিম্মি করা হয়েছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গত ১১ সপ্তাহের যুদ্ধে গাজায় ২১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে যাদের বেশির ভাগ নারী ও শিশু।
ইসরায়েলি সামরিক বাহিনী উপত্যকার একটি বিস্তৃত এলাকা খালি করার ঘোষণা দিয়েছে। এই এলাকার মধ্যে গাজার কেন্দ্রস্থলে থাকা বুরেইজ ও নুসেইরাত শরণার্থী শিবির রয়েছে। এই এলাকার প্রায় ৯০ হাজার বাসিন্দা এবং ৬১ হাজার গৃহহীন বাসিন্দাদেরকে দক্ষিণাঞ্চলের দেইর আল-বালাহ শহরের দিতে যেতে বলা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার জাতিসংঘ হুশিয়ার করে বলেছে যে, তাদের আসলে কোথাও যাওয়ার জায়গা নেই কারণ দেইর আল-বালাহ এরইমধ্যে কানায় কানায় পূর্ণ। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ সেখানে আশ্রয় নিয়েছে।
৬০ বছর বয়সী ওমার বলেন, তিনি তার পরিবারের আরো কমপক্ষে ৩৫ জন সদস্যদের সাথে বুরেইজ শিবির থেক পালিয়ে আসতে বাধ্য হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি ফোনে বলেন, ‘সেই সময় চলে এসেছে, আমার মনে হয়েছিল এটা কখনোই হবে না, কিন্তু মনে হচ্ছে বাস্তুচ্যুত হওয়া অবশ্যম্ভাবী।’ ‘এই নৃশংস ইসরায়েলি যুদ্ধের কারণে আমরা এখন দেইর আল-বালাহতে একটি তাবুতে বসবাস করছি।’
জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ এর গাজা বিষয়ক পরিচালক টম হোয়াইট বলেন, আরও বেশি মানুষকে গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরের দিকে ঠেলে দেয়া হচ্ছে। ‘তার মানে খুবই ছোট একটি উপত্যকায় আরো বেশি মানুষ আসছে যাদেরকে ধারণ করার ক্ষমতা এর নেই।’
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাফায় একটি ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২০ জন নিহত হয়েছে। ওই ভবনটিতে বাস্তুচ্যুত বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন।
বৃহস্পতিবার সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেন যে, মাঘাজি শহরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এই শহরটি বেইত লাহিয়া থেকে উত্তরাঞ্চলে এবং খান ইউনিস থেকে দক্ষিণে অবস্থিত।
সবচেয়ে মারাত্মক ঘটনা ঘটেছে বেইত লাহিয়ায়। ফিলিস্তিনি মিডিয়া বলছে, সেখানে চারটি আবাসিক ভবন ধ্বংস করার সময় অন্তত ৩০ জন মারা গেছে।
স্থানীয় টেলিভিশন সাংবাদিক বাসেল খেইর আল-দিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েড প্রেস-কে বলেছে, তার পরিবারের ১২ জন সদস্য এদের মধ্যে একটি ভবনের ধ্বংস্তুপের নিচে আটকে পড়েছে এবং তারা সবাই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তাদের আরো ৯ জন প্রতিবেশীও নিখোঁজ রয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, খান ইউনিসের আল০আমাল হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে ইসরায়েলি গোলার আঘাতে অন্তত ১০ নিহত হয়। এর আগের দিন একই ধরণের আরেকটি ঘটনা এই হাসপাতালের সামনে ঘটে এবং এতে প্রায় ৩১ জন মারা যায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বুধবার সাংবাদিকদের বলেন, শহরটি ‘হামাসের সন্ত্রাসী কার্যক্রমের একটি প্রধান কেন্দ্র।’
তিনি বলেন, তৃতীয় দিনের মতো বুরেইজ এলাকায় যুদ্ধ করছে ইসরায়েলি সেনারা। তিনি আরো বলেন, তারা ‘অনেক সন্ত্রাসী ও সন্ত্রাসের কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করছে।’
বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, বৃহস্পতিবারও তীব্র যুদ্ধ চলছে। ইসরায়েলি ট্যাংকগুলো ঘনবসতিপূর্ণ বুরেইজ শিবিরে উত্তর ও পূর্ব দিক থেকে ঢুকছে। হামাস একটি ভিডিও পোস্ট করেছে যেখানে বলা হচ্ছে যে, হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনা এবং যানকে টার্গেট করছে।

অন্যদিকে আইডিএফ বলেছে, রোববার মাঘাজিতে বিমান হামলার সময় ‘বেসামরিক নাগরিকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে’ তার জন্য তারা অনুতপ্ত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ওই হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছিল।
এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমানগুলো ‘দুটি টার্গেটকে লক্ষ্য করে আঘাত হেনেছিল যেগুলোর পাশেই হামাসের যোদ্ধারা অবস্থান নিয়েছিল।’
ইসরায়েলে হাজার হাজার কিশোর-কিশোরী একটি বিক্ষোভে অংশ নেয় যেখানে এখনো হামাস ও গাজার অন্য সশস্ত্র গোষ্ঠীর হাতে বন্দী শতাধিক জিম্মিকে ফিরিয়ে আনতে নতুন পদক্ষেপ নেয়ার দাবি জানায়। এদের মধ্যে অনেকেই গত সাতই অক্টোবরের হামলার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সদস্য।
‘“আমি কিবুৎজ কাফার আজা থেকে এসেছি,’ বিবিসিকে বলেন শিরি খিয়ালি। ‘৭ অক্টোবরের দিন আমি সেখানে ছিলাম। আমার মানুষদের অপহরণ করা হয়েছে। আমরা তাদের ফেরত চাই। আমরা তাদের এখনই ফেরত চাই।’
নতুন আরেকটি চুক্তির বিষয়ে সমঝোতা আলোচনা চলছে। এই চুক্তির আওতায় একটি সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে যাতে আরও জিম্মিকে উদ্ধার করা যায়। গত মাসে এ ধরণের একটি চুক্তির মাধ্যমে ১০৫ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছিল। যাইহোক, হামাস এরইমধ্যে জনসমক্ষেই জানিয়েছে যে তারা শুধুমাত্র একটি পূর্ণ যুদ্ধবিরতি নিয়েই আলোচনা করবে।
আলাদাভাবে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের কাছ থেকে নতুন একটি আহ্বান এসেছে এবং তিনি দখলকৃত পশ্চিম তীরে ‘বেআইনি’ হত্যাকাণ্ড বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ গত সাতই অক্টোবরের পর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরের বাসিন্দা ও ইসরায়েলি বাহিনীর হাতে ৩০০ ফিলিস্তিনির মৃত্যুর খবর যাচাই করে দেখেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক মুখপাত্র এই প্রতিবেদন নাকচ করে দিয়েছেন এবং তিনি একে হাস্যকর বলে উল্লেখ করে এটি ইসরায়েলিদের প্রধান নিরাপত্তা হুমকিকে খাটো করবে বলে মন্তব্য করেছেন।
খবর বিবিসি

সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হয় : শেখ পরশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, আওয়ামী লীগ ঘোষিত নির্বাচনী ইশতিহারে অত্যন্ত বাস্তবমুখী একটি পরিপক্ক ইশতেহার। এখানে কোনো ভাওতাবাজির স্থান নেই। এক কথা বললাম কিন্তু করতে পারলাম না শুধু জনগণকে ঠুনকো আশা দিলাম এই রকম ইশতেহার বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেয় নাই বা কখনো দেয় না। ইশতেহারে যা ঘোষণা করা হয়েছে তার প্রত্যেকটিই আওয়ামী লীগ সরকারের পক্ষে অর্জন করা সম্ভব। গতবারের মতো ইশতেহারের প্রতিটি আশ্বাস আওয়ামী লীগ সরকার এবারও পূরণ করবে। জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন এই ইশতেহারের মাধ্যমে ঘটেছে। এটি একটি জনহিতকর ইশতেহার।
বৃহস্পতিবার বেলা ৩টায় ওয়ার্ড নং-৩৩, থানা-গাছা, বটতলা এলাকায় গাজীপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পক্ষে নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নেতা-কর্মীদের উদ্দেশে দুটি কথা বলতে চাই। আমাদের দরকার একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন। এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। কোন বিশেষ দল নির্বাচনে আসলো বা না আসলো তাতে আমাদের কিছু আসে যায় না, আমাদের বিবেচনার বিষয়ও না। কিন্তু আপনাদেরই নির্ধারণ করতে হবে এবং নিশ্চিত করতে হবে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কি কি করতে পারি। সকলেরই নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। আমরা কাউকে বাধা দিবো না। আপনাদের সহনশীল হতে হবে এবং সকলকে ভোট কেন্দ্রে আসতে উৎসাহ দিতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন মানে অন্যের ভোট দেওয়ার পরিবেশ রক্ষা করা। বিশৃঙ্খলা এবং হট্টোগোল সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হয়।
শেখ ফজলে শামস্ পরশ বলেন বলেন, সবারই নির্বাচন করার অধিকার থাকলেও বিএনপির ব্যাপারে আমাদের কোন ছাড় নাই। যুদ্ধাপরাধীদের দোসরদের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নাই। যারা বাংলাদেশের অস্তিত্বকেই বিশ্বাস করে না তাদের কি দরকার বাংলাদেশে নির্বাচন করা। তারা পাকিস্তানে গিয়ে নির্বাচন করুক। বিএনপির মতো দেশবিরোধী সংগঠনকে আমরা এদেশে নিষিদ্ধ করে পাকিস্তানে বিতাড়িত করতে চাই। বিএনপি নির্বাচনে আসে নাই তাদের নিজেদের কারণে। দুটি কারণ-প্রথমত তাদের নিজস্ব দুর্বলতা। দলের মধ্যে দ্বন্দ্ব। নেতৃত্ব কে দিবে? দ্বিতীয়ত; তারা ভোটে যেতে সাহস পায় না। কারণ তারা যে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে এখনও মারছে। একারণে তাদের নির্বাচনে আসার কোন আগ্রহ নাই এবং এদেশের জনগণ তাদেরকে বর্জন করেছে। তারা তা ভালই বুঝতে পারছে। গণমানুষের সম্পদ, গণপরিবহন পুড়িয়ে জনগণের সমর্থন পাওয়া যায় না। তাদের রাজনৈতিক কৌশল আমাদের মতো মানুষের বোধগম্য নয়। কারণ এটা শুধু তারেক জিয়ার মতো সন্ত্রাসী এবং দুর্বৃত্তের মাথা থেকেই এমন উদ্ভট ও নাশকতার মতো রাজনৈতিক কৌশল আসতে পারে। লন্ডন থেকে হুকুম দেয় আর এখানে তাদের সন্ত্রাসী বাহিনীরা গাড়িতে আগুন দিচ্ছে, মানুষকে পুড়িয়ে মারছে। আপনারা দেখেছেন কিভাবে ট্রেনে আগুন দিয়ে মা ও ছেলেকে নির্মমভাবে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে বিএনপির সন্ত্রাসীরা।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আরও বলেন, জনগণের ভোট এবং ভাতের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রাম করে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে। আজকে নির্বাচনী সংস্কারও আওয়ামী লীগ করেছে। ভোটার আইডি হালনাগাদ করে ১ কোটি ভুয়া ভোটার বাদ দেওয়া, স্বচ্ছ ব্যালট বক্স, ইভিএম, ভোটার আইডি, এই সব কিছু আওয়ামী লীগের অবদান। এখন জনগণই সিদ্ধান্ত নেবে কাকে তারা নির্বাচিত করবে। বাংলাদেশের মানুষ বুঝে তাদের ভাল-মন্দ এবং কাদেরকে ভোট দিলে তাদের ভাগ্যের উন্নয়ন হয়। তিনি আরও বলেন-আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল না। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেই এই সংগঠন গড়ে উঠেছে। আওয়ামী লীগকে এভাবে অগ্নিসন্ত্রাসী আন্দোলনের মাধ্যমে কোনো দিনই উৎখাত করা সম্ভব না। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ: শিক্ষা-দীক্ষা এবং প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে ধরে রাখতে গাজীপুর-২ আসনের জনগণ ৭ই জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে বিশ্বাস করি।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ সেলিম আজাদ, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ সুমন আহমেদ শান্ত বাবু, মোঃ আলমগীর হোসেনসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন

নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জয়লাভ করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই স্বাগতিক নিউজিল্যান্ডের। ভিন্ন ভিন্ন সমীকরণ মাথায় নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শুক্রবার (২৯ ডিসেম্বর) বে ওভালে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি। তার আগে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের দিনের মতো এদিনও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চোটের কারণে লিটন দাস খেলতে পারছেন না।

টসের আগেই বিসিবির ফিজিও কাইরন থমাস জানিয়েছিলেন, ‘এমআরআইয়ের পর লিটনের ডান হ্যামস্ট্রিংয়ে লো-গ্রেড স্ট্রেইন দেখা গেছে। ফলে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না। তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।’

এদিকে লিটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামিম হোসেন। তবে তিনি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করবেন। লিটনের অনুপস্থিতে ওপেনিংয়ে রনি তালুকদারের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। ফর্মে থাকা সৌম্যের জন্য ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়াটা একই সঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জের।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম হোসেন, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।

গাজার রাফাহ শহরে ইসরায়েলি হামলা, নিহত ২০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফাহ শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার গাজার রাফাহ শহরে কুয়েত হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নারী এবং শিশুসহ কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামলার পর আলজাজিরার সংবাদদাতা তারেক আবু আজজুম বলেন, ইসরায়েলি ওই বিমান হামলায় আবাসিক ভবনটি মাটিতে মিশে গেছে। বাস্তুচ্যুত মানুষরা ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন। সিভিল ডিফেন্স টিমের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের বের করে আনার কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, দেশটির গাজার প্রতিটি কোণায় ইসরায়েল বোমাবর্ষণ করছে। এতে সবশেষ ২৪ ঘণ্টায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালানো শুরু করে। এরপর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু,অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী এবং বয়স্ক লোকজন। একই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন।

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৮৪৭ পিস ইয়াবা, ৩১ গ্রাম হেরোইন ও ১৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

বিশ্বে করোনায় আরও ২০৪ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৫৯৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮২৫ জন।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৮৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ৩২ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। ভারতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। আফগানিস্তানে আক্রান্ত হয়েছে ১৯৪ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ কোটি ৪ লাখ ৮১ হাজার ২৪৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৬১ হাজার ১৩৬ জনের। সুস্থ হয়েছেন ৬৭ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ২২৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।