শনিবার, অক্টোবর ১০, ২০২৬

ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে ২২ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা প্রায় ২২ হাজারে পৌঁছেছে। এদের মধ্যে ৯ হাজারের বেশি শিশু। এছাড়া গাজায় আহত হয়েছে অন্তত ৫৭ হাজার ৬৯৭ জনের বেশি। এদিকে স্থল অভিযানের পর প্রথমবারের মতো গাজা থেকে হাজার হাজার সেনাকে ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েল গাজায় ১৩টি গণহত্যা করেছে। এর মধ্যে ১৫৬ জন নিহত এবং ২৪৬ জন আহত হয়েছে। খবর আল জাজিরার
ইসরায়েল এখন পর্যন্ত গাজায় ৩২৬ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং ১০৪টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে। এছাড়া গাজার ১৫০ স্বাস্থ্য সুবিধাকে লক্ষ্য করেছে ইসরায়েল এবং ৩০টি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেছেন যে, ৯৯ জন স্বাস্থ্যকর্মীকে অমানবিকভাবে আটক করেছে ইসরায়েল।
আশরাফ আল-কুদরা জানিয়েছেন, গাজায় ১৯ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ দুর্ভিক্ষ ও মহামারির মুখে পড়েছে। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে যে, ১৯৪৮ সালের নাকবার পর এই বছর শহিদের সংখ্যা সবচেয়ে বেশি।
ইউনিসেফের পরিচালক জেমস এল্ডার বলেছেন যে, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার এক হাজারেরও বেশি শিশুর এক বা উভয় পা কেটে ফেলা হয়েছে।
ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কমান্ডারসহ মোট ৪১ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার বলেছে যে, তাদের মধ্যে কমপক্ষে ২৮ জন গাজায় আহত হয়েছে। তবে অন্যরা কোথায় আহত হয়েছে তা নির্দিষ্ট করেনি।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের ওয়েবসাইটে বলেছে যে, ৭ অক্টোবর থেকে আহত সৈন্যের সংখ্যা বেড়ে ২,২৩৪ হয়েছে। রোববার এই সংখ্যা ছিল ২,১৯৩ জন।
ইসরায়েলি সেনাবাহিনীর পরিসংখ্যান অনুসারে, এখনও ৪৫৪ জন সৈন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যার মধ্যে ৪৫ জন গুরুতর এবং ২৭২ জন মাঝারি অবস্থায় রয়েছে।
৭ অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর ৫০৬ সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজায় স্থল অভিযানে নিহত হয়েছে ১৭২ জন।

লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ইরান

ইসরায়েল-হামাস যুদ্ধ এবং ইসরায়েলি ও পশ্চিমাদের জাহাজে তেহরানের মিত্র বাহিনীর হামলা ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইরান। সোমবার (১ জানুয়ারি) ইরানের আলবোর্জ যুদ্ধজাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে বলে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
লোহিত সাগরে যুদ্ধজাহাজ আলবোর্জের মিশনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তাসনিম নিউজ এজেন্সি। তবে ইরানি যুদ্ধজাহাজগুলো ২০০৯ সাল থেকে পণ্য পরিবহনের অন্যতম প্রধান বৈশ্বিক রুট লোহিত সাগরে জলদস্যুদের প্রতিরোধ এবং অন্যান্য কাজ সম্পাদনের জন্য নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে দেশটির এই আধা সরকারি বার্তা সংস্থা।
যুদ্ধজাহাজটির সাম্প্রতিক ছবি দেখে মনে হয়, আলবোর্জ বেশ আধুনিকীকরণের মধ্য দিয়ে গেছে। এতে এখন ইরানি ছয় ব্যারেল ১ দশমিক ২ ইঞ্চির কামান্দ অ্যান্টি-এয়ারক্রাফ্ট আর্টিলারি সিস্টেম রয়েছে। শত্রু শনাক্তকরণ এবং আঘাতের জন্য একটি অপ্টো-ইলেকট্রনিক সিস্টেমও রয়েছে।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও অন্যান্য পশ্চিমা দেশের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
তাদের এই হামলায় বিশ্বের অনেক বড় শিপিং কোম্পানি সুয়েজ খাল দিয়ে যাওয়ার পরিবর্তে আফ্রিকার উত্তমাশা অন্তরীপের আশপাশের দীর্ঘ এবং অত্যধিক ব্যয়বহুল রুটে জাহাজ পরিচালনা করছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্যসামগ্রী সুয়েজ খালের মাধ্যমে পরিবহন করা হয়।
তাসনিম বলছে, যুদ্ধজাহাজ আলবোর্জ বাব এল-মান্দাব প্রণালি হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। দেশটির এই যুদ্ধজাহাজ কখন লোহিত সাগরে ঢুকেছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে শনিবার গভীর রাতে যুদ্ধাজাহাজটি সেখানে পৌঁছেছে বলে জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভির তথ্য অনুযায়ী, আলভান্দ ধাঁচের ওই ডেস্ট্রয়ারটি ইরানের নৌবাহিনীর ৩৪তম নৌবহরের অংশ। ২০১৫ সাল পর্যন্ত এডেন উপসাগর, ভারত মহাসাগরের উত্তরে এবং বাব এল-মান্দাব প্রণালিতে টহল দিয়েছিল এই যুদ্ধজাহাজ।
মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বলেছে, তারা ইরানি নৌবাহিনীর পক্ষে কথা বলতে পারে না। একই সঙ্গে ইরানি যুদ্ধজাহাজের গতিবিধি নিয়েও অসমর্থিত প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে পারে না মার্কিন নৌবাহিনী।
এর আগে, গত শনিবার ও রোববার লোহিত সাগরে জাহাজ ও সামুদ্রিক পথে পণ্য পরিবহন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মারেস্কের কনটেনারবাহী জাহাজে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। ওই জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ছোট নৌকায় চড়ে উঠে পড়ার চেষ্টা করে তারা। এই হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার জন্য লোহিত সাগরে তাদের আর কোনো জাহাজ চলাচল করবে না বলে ঘোষণা দেয়।
গত ২ ডিসেম্বর ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানির বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, লোহিত সাগরে মিশন পরিচালনা করছে আলবোর্জ। পরে ১৪ ডিসেম্বর ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি লোহিত সাগরের বিষয়ে বলেন, ‘যেসব অঞ্চলে আমাদের আধিপত্য আছে, সেসব অঞ্চলে অন্য কেউ অগ্রসর হতে পারবে না।’

ঋণের হার কমালো ইসরায়েল

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ এখনও চলমান। এই যুদ্ধের কারণেই ২০২০ সালের এপ্রিলের পর প্রথম বারের মতো ঋণের হার কমিয়েছে ব্যাংক অব ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সোমবার (১ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটি জানায়, যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতিতে প্রভাব পড়েছে। ফলে পর প্রায় চার বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির কেন্দ্রীয় ব্যাংক তার স্বল্পমেয়াদী ঋণের হার কমিয়েছে। বেঞ্চমার্ক রেটস ৪ দশমিক ৭৫ শতাংশ থেকে ৪ দশমিক ৫০ শতাংশে একটি ত্রৈমাসিক-পয়েন্ট কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে নতুন বছর শুরুর প্রথম দিনেও ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেল না গাজাবাসী। বিশ্ব যখন আতশবাজির আলোকছটায় ইংরেজি নববর্ষকে বরণ করে নিচ্ছিল, তখন ফিলিস্তিনিরা আকাশ থেকে ইসরায়েলের বোমা হামলায় দিচ্ছিল প্রাণ।
তবে প্রতিবাদে থেমে নেই হামাস, ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও তেল আবিব শহরকে লক্ষ্য করে গাজা উপত্যকা থেকে অন্তত ২৭ টি রকেট আক্রমণ করেছে গোষ্ঠীটি।
সোমবার (১ জানুয়ারি) আল জাজিরা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, অবরুদ্ধ গাজার জন্য ১৩৫ টন মানবিক সহায়তা দিচ্ছে কাতার। ইতোমধ্যে সাহায্যবাহী তিনটি বিমান মিসরের এল আরিশ বিমানবন্দরে পৌঁছেছে।

মেসির সঙ্গে অবসরে যাবে ১০ নম্বর জার্সিও!

লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। ফুটবল ক্যারিয়ারের একমাত্র আরাধ্য ট্রফি ছুঁয়ে দেখেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। তবে এখনই অবসর নেওয়ার কোনও ইচ্ছা নেই তার। ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। তবে যেদিন ফুটবলকে বিদায় বলবেন, সেদিন চিরতরে তুলে রাখা হবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিও। এমন অভিলাষ ব্যক্ত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।
এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে তাপিয়া বলেছেন, ‘যখন জাতীয় দল থেকে মেসি অবসর নেবে, আমরা আর কাউকে তার ১০ নম্বর জার্সি পরতে দিবো না। তার সম্মানে আজীবনের জন্য তার ১০ নম্বর অবসরে যাবে। আমরা তার জন্য অন্তত এতটুকু তো করতে পারি।’
কাতার বিশ্বকাপের চিত্রনাট্য একেবারে নিজের মতো করে সাজান মেসি। সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট ছিল তার। বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুইবার গোল্ডেন বল জেতেন তিনি।
এর আগে ডিয়েগো ম্যারাডোনা ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতার পর তার ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০২ সালের বিশ্বকাপের আগে আর্জেন্টাইন লিজেন্ডকে সম্মান জানাতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোকে এক থেকে ২৩ নম্বর পর্যন্ত জার্সি পরতেই হবে, ফিফার এমন নিয়মের জন্য তা হয়নি। ওইবার ওর্তেগা পরেছিলেন ১০ নম্বর জার্সি।

সারাদেশে নির্বাচনের জোয়ার তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারাদেশে নির্বাচনের জোয়ার তৈরি হয়েছে। এই নির্বাচনী জোয়ারে বিএনপির নেতাকর্মীরা শামিল হয়েছে। বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এই নির্বাচনে ভোট দিতে যাবে এবং তারা নৌকা মার্কায় ভোট দিবে।
রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া বেতাগী ইউনিয়ন রামগতিরহাটে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি বেতাগীর বড়ুয়াপাড়া, মির্জাখীল, বালুচর এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।
ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য এখন ঢাকা-চট্টগ্রাম শহরে লিফলেট বিতরণ করা হচ্ছে। কিন্তু এই লিফলেট কেউ দেখে না, পড়ে না। বিএনপির নেতা যারা লিফলেট বিতরণ করে, তারা হঠাৎ বিতরণ করে, আবার হারিয়ে যায়। লিফলেট বিতরণকারীরা এখন ভয়ে আছে, তারা ভয়ে ভয়ে লিফলেট বিতরণ করে, জনগণ কখন তাদের ধাওয়া করে।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামাত আগুন সন্ত্রাস করে, পেট্রোল বোমা মেরে রেললাইন উপড়ে ফেলে অপচেষ্টা চালিয়ে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, সেটি তারা করতে পারেনি। এখন চেষ্টা করছে কোন কোন প্রার্থীর উপর হামলা করার জন্য, যাতে নির্বাচন ব্যাহত হয়। সেটিও কখনো সফল হবে না।
তিনি বলেন, অগ্নিসন্ত্রাস চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে ব্যর্থ হয়ে এখন বিএনপি চেষ্টা করছে প্রার্থীদের উপর হামলা পরিচালনা করার। কিন্তু সেটিতেও তারা ব্যর্থ হবে। কারণ জনগণ তাদের সাথে নাই। এই অপরাজনীতিতে জনগণ কখনো সাড়া দেয়নি, দেবেও না।
সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে । বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই কারণে ষড়যন্ত্রকারীরা আজকে গর্তের মধ্যে ঢুকে গেছে।
তিনি বলেন, বিএনপি গর্তের মধ্যে থেকে মাঝে মাঝে উঁকি দিয়ে প্রেস ব্রিফিং করে। ডক্টর মঈন খাঁনসহ কয়েকজন কথা বলেন। বিএনপি কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছেনা। এখন সমগ্র বাংলাদেশে এই পরিস্থিতি। আমি জিজ্ঞেস করলাম বিএনপি নেতারা কই ? বলল, কেউ লুকিয়ে গেছে, কেউ চিকিৎসা করার জন্য ইন্ডিয়া গেছে। এই হচ্ছে এদের পরিস্থিতি।
নিজের নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, গত ১৫ বছর ধরে আমি রাঙ্গুনিয়ার জনগণের পাশে থাকার এবং এলাকার উন্নয়ন করার জন্য চেষ্টা করেছি। যারা ভোট আসলে লম্বা লম্বা কথা বলেন, তাদের জিজ্ঞাসা করতে হবে, আওয়ামী লীগ সরকারের করা রাস্তাঘাটে যেসব গর্ত হয়, তারা সেগুলো ভরাট করতে পারবে কিনা। তাদের গর্ত ভরাট করার সামর্থ্যও নেই। প্রতিটি মসজিদ, মন্দির, প্যাগোডা ৫ থেকে ৭ বার করে বরাদ্দ পেয়েছে। দেশের দশ কোটির বেশি মানুষ ১৮ ধরনের ভাতা পাচ্ছেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সমগ্র বাংলাদেশে হাটে-ঘাটে, মাঠে আজকে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।
একেবারে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে, যার যার ভোট সেই লাইন ধরে দিবে। সেই ভোটে সবাইকে অংশগ্রহণ করতে হবে।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, মেয়র শাহজাহান সিকদার, আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন বাবুল, ইদ্রিছ আজগর, শফিকুল ইসলাম, আকতার হোসেন খান, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, ইউপি চেয়ারম্যান শফিউল আলম, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, নুরুল আবছার তালুকদার, এম এ হান্নান চৌধুরী প্রমুখ।

বিএনপি শুধু যুক্তরাষ্ট্রের উপর ভর করে আছে : রেলমন্ত্রী

বিএনপি শুধু যুক্তরাষ্ট্রের উপর ভর করে আছে বলে মন্ত্রব্য করেছেন পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়ের জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের টেপ্রিগঞ্জ বাজার হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, বিএনপি ভোটে অংশগ্রহণ করেনি। তারা কিভাবে ক্ষমতায় যেতে চায়? ক্ষমতার লোভে তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি ভোটে অংশগ্রহণ করেনি। কিন্তু তাদের দলের সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় নেতার ভোটে অংশগ্রহণ করেছিল। সুষ্ঠু নির্বাচন হওয়ার কারণে তাদের অনেকে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছে। বিএনপি শুধু যুক্তরাষ্ট্রের উপর ভর করে আছে, যে তারা তাদের ক্ষমতায় বসিয়ে দেয়। এটা তাদের দিবা স্বপ্ন। এটা কোন দিন হবে না। যে আমেরিকা আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছে এখন তারা দেশের শান্তি চায়না।
মন্ত্রী আরো বলেন, নারীর ক্ষমতায়নের শেখ হাসিনার অবদান। একই সাথে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে গ্রামের নারী/ মহিলাদের নৌকা মার্কায় বিপুল সংখ্যক ভোট প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানান তিনি।
পরে মন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সুবিধা ভোগকারী সকলকে তাদের সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করতে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সিনিয়র সহ-সভাপতি ও টেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ স ম নুরুজ্জামান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম, দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক নির্মল কুমার শর্মাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও ভোটারেরা।

শঙ্কা নেই, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন : আইজিপি

নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা বা অন্য কোনো পরিস্থিতি নেই জানিয়ে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ভোটাররাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। তবুও আইনশৃঙখলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। যে কোনো ধরনের নাশকতা এবং নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা সক্ষমতা বাংলাদেশ পুলিশের আছে।
সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরে বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
৭ তারিখে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এ দেশের মানুষ শান্তিপ্রিয়। এই নির্বাচনে বিগত সময়ের মতো জনপ্রতিনিধি, সাংবাদিকসহ আপামর সকলেই আমাদের সহযোগিতা করবেন।
কেউ ভোট বানচালের চেষ্টা করলে তা নস্যাৎ করার সামর্থ পুলিশের আছে জানিয়ে আইজিপি বলেন, কেউ ভোট বানচালের চেষ্টা করলে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তা নস্যাৎ করার সামর্থ পুলিশের আছে।
এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আইজিপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রংপুর বিভাগের সকল পর্যায়ের পুলিশের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন।

তাইওয়ান ও চীন অবশ্যই আবার একত্রিত হবে : জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার নতুন বছর বরণের ভাষণে বলেছেন, তাইওয়ান চীনের সাথে অবশ্যই পুনরায় একত্রিত হবে। তিনি আরও বলেন, চীন এবং তাইওয়ান একই পরিবারের অংশ।
আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানের নির্বাচনকে উদ্দেশ্য করে সামরিক চাপ বাড়ানোর জন্য এমন ঘোষণা দিয়েছে চীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তাইওয়ান ২৩ মিলিয়ন জনসংখ্যার স্ব-শাসিত দ্বীপ যা চীন একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে দেখে এবং চীনের নিয়ন্ত্রণাধীন রাখতে চায়। অন্যদিকে, তাইওয়ান নিজেদের সংবিধান এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাদের সাথে চীনের মূল ভূখণ্ড থেকে নিজেকে আলাদা বলে দাবি করে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন তার নববর্ষের ভাষণে বলেছিলেন, চীনের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই তাইওয়ানের জনগণের ইচ্ছা ওপর নির্ভর করবে। তিনি বলেন, চীন আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে বারবার হস্তক্ষেপ করতে চাচ্ছে।
তাইওয়ানের কুওমিনতাং পার্টি বেইজিংয়ের সাথেসম্পর্কের পক্ষপাতী। যদিও দলটি চীনপন্থী হওয়ার বিষয় অস্বীকার করে। কেএমটি এর প্রধান প্রতিদ্বন্দ্বী এমএস তসাই এর ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি গত আট বছর ধরে তাইওয়ানে শাসন করছে। তাইওয়ানের শাসক দল দাবি করে বলে, তাইওয়ান একটি সার্বভৌম দেশ এবং চীনের অংশ নয়।
খবর বিবিসি

দীর্ঘদিন পর কোর্টে ফিরেই নাদালের হার

চোট কাটিয়ে প্রায় এক বছর পর কোর্টে ফিরেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। অবশ্য তার প্রত্যাবর্তনটা সুখকর হয়নি। ব্রিজবেন ইন্টারন্যাশনালে দ্বৈতের লড়াইয়ে হেরে গেছেন ৩৭ বছর বয়সী এই তারকা। জিততে না পারলেও কোর্টে বেশ উদ্যমী দেখা গেছে ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদালকে।
গতকাল রোববার (৩১ ডিসেম্বর) ব্রিজবেনের কোর্টে মার্ক লোপেসের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এই জুটি ৬-৪, ৬-৪ গেমে হেরে যায় অস্ট্রেলিয়ার ম্যাক্স পার্সেল ও জর্ডান থম্পসন জুটির কাছে। প্রায় ৩৪৭ দিন পর কোর্টে ফিরে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা পান নাদাল।
১৪ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। এই টুর্নামেন্ট দিয়ে নিজেকে ফিরে পেতে চাইবেন নাদাল। কবে টেনিসকে বিদায় জানাবেন সেটাও অবশ্য নিশ্চিত করে বলছেন না তিনি। নাদাল বলেন, ‘আমি বলব না, এটাই আমার টেনিসের শেষ বছর, কারণ আমি টেনিস খেলতে ভালবাসি এবং যা করছি তা উপভোগ করতে চাই।’
২০২৩ সালের শুরুতে মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে হিপ ইনজুরির সমস্যায় ভুগছিলেন। তারপর লম্বা সময় কোর্টের বাইরেই কেটেছে নাদালের। চলতি বছরের জুনে তার অস্ত্রোপচার হয়। এতদিন শোনা যাচ্ছিল নতুন বছরে কোর্টে কামব্যাক হবে রাফার। কিন্তু নতুন বছর নয়, বরং তেইশের শেষে হিপ ইনজুরি সারিয়ে কোর্টে ফিরলেন তিনি। নতুন বছরে ফের গ্র্যান্ড স্লামের লড়াইয়ে নামবেন নাদাল। সব ঠিক ঠাক থাকলে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে ফের খেলতে দেখা যাবে এই টেনিস কিংবদন্তিকে।

১৪ বছরে দেশে ২২৬০৮ চিকিৎসক নিয়োগ দিয়েছে সরকার

দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিগত তিন মেয়াদে ২২ হাজার ৬০৮ চিকিৎসক নিয়োগ দিয়েছে। ফলে, দেশের গ্রাম থেকে শহর সর্বত্র সরকারি হাসপাতালগুলোতে মানুষ আগের তুলনায় সহজেই অনেক বেশি চিকিৎসা সেবা পাচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানা গেছে, ২০০৯ সালে ১৫১৮ জন, ২০১০ সালে ৮০৩ জন, ২০১১ সালে ২১২ জন, ২০১২ সালে ৯২৮ জন, ২০১৩ সালে ৬০৮ জন, ২০১৪ সালে ৬৩২৫ জন, ২০১৬ সালে ২২০ জন, ২০১৭ সালে ৪৪৪ জন, ২০১৮ সালে ১৮২ জন, ২০১৯ সালে ৫১০০ জন, ২০২০ সালে ২০০০ জন, ২০২১ সালে ২৮১ জন এবং ২০২২ সালে ৪০৭৭ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম বাসসকে বলেন, সরকার বিগত তিন মেয়াদে (২০০৯ থেকে ২০২২ সাল) ১৪ বছরে ২২ হাজার ৬০৮ চিকিৎসক নিয়োগ দিয়েছে।
এর ফলে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের যে সংকট ছিল, সেই সংকট অনেকটাই কেটে গেছে এবং চিকিৎসকরা এখন গ্রামে থেকে মানুষের সেবা দিচ্ছেন।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, গণমানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার প্রতিজ্ঞাবদ্ধ।
দেশের সকল মানুষ যাতে সহজেই চিকিৎসা সেবা পান সে জন্য সরকারের বর্তমান মেয়াদে ১১ হাজার ৪৫৮ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে বর্তমান সরকারের ৩ মেয়াদে (২০০৯ থেকে ২০২২ পর্যন্ত) ২২ হাজার ৬০৮ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।
তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে সরকারি চিকিৎসক ছিল ১৮ হাজারের মতো। গত তিন মেয়াদে আরও ২২ হাজার ৬০৮জন নিয়োগ দেওয়া হয়েছে। একই সময়ে নার্স নিয়োগ হয়েছে ৩৩ হাজারের বেশি।
সারাদেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা অবকাঠামো তৈরির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব বিভাগে মেডিকেল কলেজ হচ্ছে। বার্ন ইউনিট হচ্ছে। নিউরোসায়েন্স, অর্থোপেডিক, স্কিন, মানসিক স্বাস্থ্যসেবাও চলবে এখানে। গত পাঁচ বছরে মেডিকেল কলেজেগুলোতে ১ হাজার ২০০ আসন বাড়ানো হয়েছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন।