শনিবার, অক্টোবর ১০, ২০২৬

১০ লাখ ড্রোন কিনবে ইউক্রেন

ইউক্রেন ২০২৪ সালে কমপক্ষে ১০ লাখ ড্রোন কেনার পরিকল্পনা করেছে বলে সোমবার জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। ইউক্রেনের জাতীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্মে লেখা এক কলামে এমন তথ্য জানিয়েছেন।
রুস্তেম উমেরভ জানিয়েছেন, ‘২০২৪ সালে কমপক্ষে এক মিলিয়ন ড্রোন কেনার পরিকল্পনা করেছে ইউক্রেন। এটা গুরুত্বপূর্ণ যে প্রথমবারের মতো, ড্রোনের জন্য সেনাবাহিনীর সম্পূর্ণ বাস্তব প্রয়োজন স্পষ্টভাবে গণনা করা হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথম ব্যাচের ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোনের অর্ডার দিয়েছে উল্লেখ করে উমেরভ বলেন, মন্ত্রণালয় কার্যকর রসদ এবং পর্যাপ্তসংখ্যক যুদ্ধের যন্ত্রাংশ তৈরিতে কাজ করছে।
উমেরভ আরও বলেন যে, মন্ত্রণালয় আগে এফপিভি ড্রোন ক্রয় করেনি। কারণ এটির প্রয়োজনীয়তার চেয়ে অন্যসবকিছু এগিয়ে ছিল। তবে এখন এটির কার্যকারিত প্রমাণিত।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ২০২৪ সালের লক্ষ্য নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, ইউক্রেন আরও অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, প্রতিটি ইউক্রেনীয় সেনা, আমাদের সমগ্র জাতি, আমাদের রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় সমাধান নিয়ে আমরা আমাদের অংশীদারদের সাথে কাজ করছি।
শনিবার দিনের শুরুতে ইউক্রেনের সীমান্তে অবস্থিত রুশ শহর বেলগোরোডে ইউক্রেন বিমান হামলা চালায়। এর পরে রাশিয়া ইউক্রেনের খারকিভে হামলা করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার বেলগোরোডে ইউক্রেনের হামলায় তিন শিশুসহ অন্তত ২১ জন নিহত ও অন্তত ১১০ জন আহত হয়েছে। আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ এ কথা জানান।

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

বছরের শুরুতে আবারও বাড়ল রান্নার কাজে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এত দিন ১৪০৪ টাকায় বিক্রি হয়ে আসছিল।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে বিইআরসি। ঘোষিত এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিইআরসির ঘোষণায় আরও বলা হয়, কোনো পর্যায়ে (এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউটর এবং ভোক্তাপর্যায়ে রিটেইলার পয়েন্টে) কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি (বোতলজাতকৃত এবং রেটিকুলেটেড সিস্টেমের মাধ্যমে সরবরাহকৃত)/ অটোগ্যাস বিক্রয় করা যাবে না।
এর আগে গত নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩৮১ টাকা নির্ধারন করা হয়। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১৩৬৩ টাকা নির্ধারণ করে বিইআরসি। যা সেপ্টেম্বর মাসে ১২৮৪ টাকায় বিক্রি হয়ে আসছিল। আগস্ট মাসে যার দাম ছিল ১১৪০টাকা। তারও আগে জুলাই মাসে যার দাম ছিল ৯৯৯ টাকা।

১০ জানুয়ারি থেকে কক্সবাজার রুটে চলবে ‘পর্যটক এক্সপ্রেস’

যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে নতুন আরেকটি নন-স্টপ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘পর্যটক এক্সপ্রেস’। আগামী ১০ জানুয়ারি থেকে নতুন এই আন্তঃনগর ট্রেনের যাত্রা শুরু হবে।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনন্ডন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা যায়।
পর্যটক এক্সপ্রেস নামের নতুন ট্রেনের নম্বর ৮১৫/৮১৬। ট্রেনে মোট আসন সংখ্যা থাকবে ৭৮০টি। ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার। ট্রেনে কোচ থাকবে ১৬টি।
পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচি
কক্সবাজার থেকে ৮১৫ নম্বর ট্রেনটি রাত ৮টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে। চট্টগ্রামে ২৫ মিনিট বিরতি দিয়ে রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে বিরতহীনভাবে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ৩টা ৫০ মিনিটে। ঢাকা বিমানবন্দর স্টেশনে ৩ মিনিট বিরতি দিয়ে রাত ৩টা ৫৩ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) পৌঁছাবে রাত সাড়ে ৪টায়।
অন্যদিকে ৮১৬ নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ভোর ৬টা ১৫ মিনিটে ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে ভোর ৬টা ৩৮ মিনিটে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে ভোর ৬টা ৪৩ মিনিটে ছেড়ে বিরতহীনভাবে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ১১টা ২০ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে বিকেল ৩টায়।

বুধবার থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে আগামীকাল বুধবার (৩ জানুয়ারি) থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে। সশস্ত্র বাহিনী ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে।

সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবেন।
আইএসপিআর আরও জানায়, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলো এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে। সেনাবাহিনী ৬২টি জেলায় নিয়োজিত হয়েছে। সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এ ছাড়া সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চারটি উপজেলায় কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে।
উপকূলীয় দুটি জেলাসহ (ভোলা ও বরগুনা) সর্বমোট ১৯টি উপজেলায় নৌবাহিনী দায়িত্ব পালন করবে। বিমানবাহিনী হেলিকপ্টারযোগে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা প্রদান করবে। এছাড়াও জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা প্রদানের লক্ষ্যে বিমানবাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানে সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানায় আইএসপিআর।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১ জানুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৯১৬ পিস ইয়াবা, ৬১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ২০০ বোতল ফেন্সিডিল ও ২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা করা হয়েছে।

গণতন্ত্রকে শক্তিশালী করতে ৭ জানুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ৭ জানুয়ারি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশে প্রচারণা চলছে। জনসভাগুলোয় মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এখানে নির্বাচনকে সামনে রেখে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এতেই স্পষ্ট ৭ জানুয়ারি নির্বাচন হবে।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে ২৮টি দলের প্রার্থী আছে। এটাই অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যথেষ্ট বলে মনে করি। আশা করি ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। যদিও অশান্তির উপাদান আছে। ইতোমধ্যে অগ্নিসন্ত্রাস, বাস-ট্রেনে আগুন দেওয়া হচ্ছে, যাতে জনগণ আতঙ্কগ্রস্ত হয়, তারা যেন ভোট দিতে না যায়, এ জন্য সন্ত্রাসী কার্যক্রম বিএনপি চালিয়ে যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি খুবই রহস্যময় কিছু অনুষ্ঠান করছে, ৪ তারিখ পর্যন্ত লিফলেট বিতরণ করবে খবর বেরিয়েছে। তবে এসবের মধ্যেও কিছু খারাপ তথ্য বেরিয়ে আসছে।
তিনি বলেন, বিএনপি এখন লিফলেট বিতরণের নামে কিছুটা নীরবতা দেখাচ্ছে। তবে হঠাৎ করেই তরা সশস্ত্র হয়ে মাঠে নেমে পড়বে। তাদেরকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। হঠাৎ করে তারা গুপ্ত হামলা, ভয়ংকরভাবে ঝুঁকে পড়তে পারে। শুনেছি এজন্য তারা প্রস্তুতি নিচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। ৫ বছর পর ৭ জানুয়ারি যে নির্বাচন হবে। যতো বাধাই আসুক, লিফলেট বিতরণ করে জনগণের মধ্যে ভয় দেখানো হোক, কোনোভাবেই নির্বাচন বানচাল করা যাবে না।
ওবায়দুল কাদের বলেন, আমরা ঐক্যবদ্ধ। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। নির্বাচন অনুষ্ঠানের ব্যপারে আমরা অবিচল, অটল। আমাদের ওপর নির্বাচন অনুষ্ঠান ইতিহাস অর্পিত দায়িত্ব। গণতন্ত্র রক্ষার দায়িত্ব। মুক্তিযুদ্ধের স্বাধীনতার আদর্শ রক্ষার দায়িত্ব। এই দায়িত্ব আওয়ামী লীগকে পালন করতেই হবে।
সেতুমন্ত্রী বলেন, হঠাৎ করে তারা গুপ্তহত্যা, চোরাগোপ্তা হামলার দিকে ভয়ঙ্করভাবে ঝুঁকে পড়তে পারে। সেজন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এখন লিফলেট বিতরণের মাধ্যমে নীরবতা দেখানো হলেও সশস্ত্র হয়ে উঠবে এমন খবর আমরা পাচ্ছি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। ২০১৩ শুরু করে ১৪, ১৮ নির্বাচন। এই নির্বাচনে তাদের যে ভূমিকা যেভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে সারা বাংলাদেশজুড়ে, সরকারি অফিস ভাঙচুর, রাস্তা কেটে ফেলা, রাস্তায় আগুন দেওয়া, ৫ শর বেশি মানুষকে পুড়িয়ে হত্যা। এবারও তারা ব্যর্থতার হতাশা নিয়ে অনেক কিছুই করতে পারে। কারণ তারা জানে আন্দোলনে তারা সফল হয়নি, নির্বাচনেও হেরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।

ভোটের দিন গণপরিবহণ-প্রাইভেট চলবে : জননিরাপত্তা সচিব

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের যাতায়াত সুবিধা করার জন্য ভোটের দিন গণপরিবহন, প্রাইভেটকার, সিএনজি ও অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, তবে পূর্বের ন্যায় এবার মোটরসাইকেল ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। শীগ্রই এই বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল

নিউজিল্যান্ড সফর শেষে সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। রাত ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছান ক্রিকেটাররা।
তবে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসেননি বিদেশি কোচিং প্যানেলের সদস্যরা। ছুটি কাটাতে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা।
জানা যায়, বাকিরাও ছুটিতে যাবেন। ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট ও ট্রেনার নিক লি আসছেন না বিসিবির সঙ্গে তাঁদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়।
নিউজিল্যান্ড সফর শেষ আপাতত ব্যস্ততা নেই জাতীয় দলের। ১৯ জানুয়ারি শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চলবে ১ মার্চ পর্যন্ত।
এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। অর্থাৎ আগামী ২ মাস জাতীয় দলের খেলা না থাকায় লম্বা ছুটিই পাচ্ছেন কোচিং প্যানেলের সদস্যরা।

২৪ ঘণ্টায় জাপানে ১৫৫ ভূমিকম্প, নিহত ১৩

২৪ ঘণ্টায় জাপানে ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পে দেশটিতে কমপক্ষে ১৩ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে বলে জানা গেছে।
প্রথমে দেশটির মধ্যাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
এর জেরে সুনামির আশঙ্কা দেখা দেয়। ফলে হাজারও মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে জাপানে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী কম্পনসহ ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে। এদিন আঘাত হানা বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ মাত্রার বেশি। এসব ভূমিকম্প মাঝারি মাত্রার হলেও মঙ্গলবার ভোরেও দেশটিতে ছয়টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জেএমএ জানিয়েছে।
এএফপি বলছে, সোমবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা এখনও আসছে। বিভিন্ন খবরের ফুটেজে ভেঙে পড়া ভবন, বন্দরে ডুবে যাওয়া নৌকা, অগণিত পুড়ে যাওয়া বাড়িঘর এবং হিমাঙ্কের তাপমাত্রায় স্থানীয় বাসিন্দাদের রাতভর বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে দেখা যাচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের হোনশু দ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। তবে জাপানি কর্তৃপক্ষ এই কম্পনকে ৭.৬ মাত্রার বলে অভিহিত করেছে।

ফরিদপুরে জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে এই জনসভা শুরু হয়। একই দিন ফরিদপুরের উদ্দেশে রওনা হন শেখ হাসিনা।
ফরিদপুর জেলা শহরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। জনসভা সফলে কাজ করেছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রীর এই আগমনে ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তি আছে, তা নিরসন হবে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাঁচ স্তরের কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সমাবেশস্থলে নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। মাঠের চারদিকে নিরাপত্তা প্রাচীর থাকায় দুটি ফটক দিয়ে নেতাকর্মীদের প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সেখানেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে।