শনিবার, অক্টোবর ১০, ২০২৬

ইরাকের হাসপাতালে অগ্নিকাণ্ডে চার শিশুর মৃত্যু

ইরাকের দক্ষিণে এক হাসপাতালের একটি প্রসূতি ওয়ার্ডে সোমবার আগুনে চার শিশুর প্রাণহানি হয়েছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রস এ কথা জানিয়েছে।

ইরাকের রেডক্রস এক বিবৃতিতে বলেছে, বাগদাদ থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণে দিওয়ানিয়াহ শহরে আগুন থেকে ১৫০ শিশু ও ১৯০ জন প্রাপ্তবয়স্ককে সরিয়ে নেওয়া হয়েছে।

দমকলকর্মীরা আগুন নিভানোর কিছুক্ষণ পরে সাইটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সালেহ আল-হাসনাভি বলেন, একটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ড ঘটে হাসপাতালের সংস্কারকারী একটি কোম্পানির বর্জ্যপত্র ও উপকরণগুলোকে জ্বালিয়ে দেয়।

তিনি বলেন, এতে প্রতিষ্ঠানটি ধোঁয়া ঢুকে যায়, তবে আগুন লাগেনি। তিনি বলেন, নবজাতকদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে অকাল জন্ম নেওয়া চার শিশু শ্বাসকষ্টজনিত জটিলতায় মারা যায়। প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী অবহেলার জন্য দায়ীদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন।

২০২৩ সালের সেপ্টেম্বরের শেষের দিকে, দেশের উত্তরে একটি কোলাহলপূর্ণ বিবাহ উৎসবে আতশবাজির কারণে আগুনে পায় একশত লোক মারা যায়।

২০২১ সালের জুলাইয়ে, দক্ষিণের একটি হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লেগে ৬০ জনের মৃত্যু হয়। কয়েক মাস আগে, বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেনের বোতল বিস্ফোরণে আগুন লেগেছিল যাতে ৮০ জনেরও বেশি মানুষ মারা যায়।
খবর এএফপি

বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথ

নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় রোববার (৭ জানুয়ারি)। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। নির্বাচন হয় ২৯৯টি আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।

এর মধ্যে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন, এছাড়া অন্যান্য দল পেয়েছে ৩টি আসন।

নির্বাচন কমিশন দায়িত্ব সঠিকভাবে পালন করেছে : ইসি আলমগীর

সদ্য সমাপ্ত দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি বলে দেশি-বিদেশি যারাই কথা বলছেন তা নিয়ে মন্তব্য করতে রাজি নন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তবে নির্বাচন কমিশন (ইসি) তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে বলে মনে করেন সাবেক এই ইসি সচিব।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

গত রোববার দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অনেকটা শান্তিপূর্ণ হলেও ভোটার উপস্থিতি ছিল কম। অবশ্য নির্বাচন শেষে ভোটার উপস্থিতির যে হার ইসি থেকে বলা হয়েছে তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন।

নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিদেশিদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কমিশনার মো. আলমগীর বলেন, আমাদের দৃষ্টিতে কী হয়েছে, না হয়েছে সেটা বলবো না। তবে আমরা মনে করি আমরা দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। যা করার সেভাবেই করেছি। বিধিসম্মত যা তাই করেছি। আইনমতো করেছি।’

নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে সন্তুষ্ট-অসন্তোষ কোনোটাই বলবো না। আমরা আমাদের নিয়মমতো যা যা করা দরকার তাই করেছি। যেটা অনিয়ম সেটা আমরা গ্রহণ করিনি। যেটা নিয়মের মধ্যে সেভাবেই আমরা ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে।

‘স্বতন্ত্ররা আলাদা থাকলে বিরোধী দলে প্রাধান্য পাবে জাতীয় পার্টি’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা কোনো দলে না গিয়ে যদি আলাদা থাকেন, তবে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি প্রাধান্য পাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক নিজ দপ্তরের সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, স্বতন্ত্ররা যদি মনে করেন তারা আলাদা আলাদা থাকবেন, তবে জাতীয় পার্টি যেহেতু ১১টি আসন পেয়েছে জাতীয় পার্টি অবশ্যই (বিরোধী দল হিসেবে) প্রাধান্য পাবে।

স্বতন্ত্র সংসদ সদস্যদের একটি মোর্চা হতে পারে কি না, ‘সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কেন হতে পারবে না? স্বতন্ত্ররা যদি মনে করেন, তারা সরকারের সঙ্গে না থেকে নিজেরা একটা মোর্চা করবেন, অবশ্যই তারা সেটি করতে পারবেন। তখন বিরোধী দল হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হবে, সেটি জানা যাবে।’

তিনি বলেন, ‘কিন্তু আমার মনে হয়, বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক আসন প্রয়োজন। স্বতন্ত্রদের যথেষ্ট আসন আছে। ৬২টি আসনে তারা বিজয়ী হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। কাল শপথ নেওয়ার পরে স্বতন্ত্রদের অবস্থান কী হবে, তারা নিশ্চয়ই জানাবেন। তাদের অবস্থান ঘোষিত হওয়ার পরেই বিরোধী দল কারা হবে, সেটি আপনারা বুঝতে পারবেন।’

স্বতন্ত্ররাও তো আওয়ামী লীগের। তাহলে বিরোধী দলও কি একই দলের হয়ে গেল না, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা আওয়ামী লীগ হিসেবে নির্বাচিত হননি, তাদের প্রতীকও ছিল ভিন্ন। নৌকা মার্কায় কেবল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। কাজেই স্বতন্ত্ররা আওয়ামী লীগের, এটা মুখের কথা হতে পারে, কিন্তু আইনের কথা বা বাস্তবতার কথা সেটি না।’

বিরোধী দল হতে হলে কতটি আসন পেতে হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘একটা আসন সংখ্যা আছে। তবে সেটি এখন বলতে পারছি না।’

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সংসদ সদস্যরা কাল শপথ নেবেন। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা ও পার্লামেন্টারি পার্টির নেতা হিসেবে নির্বাচিত করার পর রাষ্ট্রপতি তাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। তারপর নতুন সরকার গঠন হয়ে যাবে। নতুন সরকার যতক্ষণ পর্যন্ত গঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব পালন করবে।’

তিনি বলেন, ‘এ জন্য কোনো সময়সীমা নেই। কিন্তু রীতি হিসেবে, শপথ নেওয়ার পাঁচ-সাতদিনের মধ্যে নতুন সরকার ঘোষিত হয় ও শপথ নেয়। আমার মনে হয়, সেভাবেই এবারও তাই হবে। এটা আমার ধারণা। তবে দিনক্ষণ আমি বলতে পারব না। প্রথমে নির্বাচন কমিশন নতুন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করবে। তারপর ৭২ ঘণ্টার মধ্যে শপথ নিতে হবে এমপিদের।’

গাজায় ইসরায়েলের সামরিক উপস্থিতি কমিয়ে আনতে কাজ করছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, তিনি গাজায় ইসরায়েলের সামরিক উপস্থিতি কমানোর জন্য কাজ করছেন। বিক্ষোভকারীরা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাইডেনের জনসভায় তার বক্তৃতায় বাধা প্রদানকালে তিনি এ কথা বলেন।

বাইডেন দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনের একটি চার্চে বলেন, ‘আমি নীরবে ইসরায়েলি সরকারের সাথে তাদের গাজা থেকে উল্লেখযোগ্যভাবে সামরিক উপস্থিতি কমিয়ে আনতে এবং তাদের সরিয়ে আনতে কাজ করে যাচ্ছি।’

বাইডেনের বক্তব্য প্রদানের ওই স্থানটিতে ২০১৫ সালে এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদী নয়জন কালো প্যারিশিয়ানকে (প্যারিশের বাসিন্দা, বিশেষত একটি নির্দিষ্ট গির্জার অন্তর্গত ব্যাক্তি) গুলি করে হত্যা করে।

বাইডেন বলেন, বিক্ষোভকারীরা যারা এখন ‘যুদ্ধবিরতির’ দাবি জানিয়ে শ্লেগান দিচ্ছেন, ‘আমি তাদের আবেগ বুঝতে পারি’।

আফ্রিকান চার্চের মেথডিস্ট মাদার ইমানুয়েল এ সময় দ্বিতীয় মেয়াদে বাইডেনের প্রচারণাকে সমর্থনে ‘আরও চার বছর’ শ্লোগান দিয়ে বিক্ষোভের শব্দকে নিমজ্জিত করেন।

বাইডেন ৭ অক্টোবরের হামলার পর হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন দেয়ায় সাম্প্রতিক পাবলিক ইভেন্টে বেশ কয়েকটি প্রতিবাদ এবং তার ডেমোক্র্যাটিক পার্টির কিছু অংশে ক্ষোভের সৃষ্টি করে। তবে তিনি ফিলিস্তিনের বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে ইসরায়েলকে ক্রমবর্ধমান আহ্বান জানিয়ে আসছেন। তিনি ডিসেম্বরে ইসরায়েলকে নির্বিচারে বোমা হামলার মাধ্যমে বিশ্বব্যাপী সমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেন।
খবর এএফপি

এবারের নির্বাচন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এবারের নির্বাচন দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ৭৫ সালের পর এবারের নির্বাচন সবচেয়ে সুশৃঙ্খল, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছে। দুই-চারটা দল ভোটে না এলে সমস্যা ছিল না। ইতিহাসে ৭ জানুয়ারির নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বিএনপির নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় কিছু যায়-আসেনি। যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের নেতা-কর্মীরা এখন হতাশায় ভুগছে।

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

জাপানে নববর্ষের দিন আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মঙ্গলবার মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০২ জনে দাঁড়িয়েছে। এদিকে এ ভূমিকম্পে ৫৬৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

ইশিকাওয়া আঞ্চলিক সরকারের প্রকাশ করা উপাত্ত থেকে জানা যায়, আগের দিনের ১২০ জন থেকে নিখোঁজ লোকের সংখ্যা ১০২ জনে নেমে এসেছে।
খবর এএফপি

রোমাঞ্চকর জয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলংকা

নবম উইকেটে ৪০ বলে ৩৯ রান যোগ করে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে ২ উইকেটের রোমাঞ্চকর জয়ের স্বাদ দিয়েছেন দুই টেল-এন্ডার দুসমন্থ চামিরা ও জেফরি বন্দরসে। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

গত রাতে কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। প্রথম ওভারে উইকেট হারালেও, ওপেনার জয়লর্ড গাম্বি ও অধিনায়ক ক্রিস আরভিন দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৬০ রান যোগ করেন। ৪টি চারে ৩০ রান করা গাম্বিকে শিকার করে জুটি ভাঙেন শ্রীলংকার স্পিনার মহেশ থিকশানা।

এরপর তৃতীয় উইকেট জুটিতে মিল্টন শুম্বার সাথে দলকে ৭৬ বলে ৫৩ রান এনে দেন আরভিন। এবারও শ্রীলংকাকে ব্রেক-থ্রু এনে দেন থিকশানা। ২৬ রান করে থিকশানার দ্বিতীয় শিকার হন শুম্বা।

পঞ্চম উইকেটেও রায়ান বার্লকে নিয়ে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন আরভিন। ৭০ বলে ৬৭ রান তুলে জিম্বাবুয়েকে ভালো অবস্থায় নেন তারা। ৩৭তম ওভারে দলীয় ১৮২ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আরভিন ফেরার পর তাসের ঘরের মত ভেঙে পড়ে জিম্বাবুয়ে। ৪৪ দশমিক ৪ ওভারে ২০৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ২৬ রানে শেষ ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে।

ওয়ানডে ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ১০২ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৮২ রান করেন আরভিন। ৩৭ বলে ৩১ রান করেন বার্ল। শ্রীলংকার থিকশানা ৩১ রানে ৪ উইকেট নেন।

জবাবে খেলতে নেমে জিম্বাবুয়ে পেসার রিচার্ড এনগারাভার তোপের মুখে পড়ে ৫৩ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা। সব কটি উইকেটই নেন এনগারাভা।

পঞ্চম উইকেটে সাহান আরাচিগের সাথে ৩৭ ও ষষ্ঠ উইকেটে দাসুন শানাকার ২২ রান তুলে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরার পথ দেখান ব্যাটার জানিত লিয়ানাগে। সপ্তম উইকেটে থিকশানার সাথে ৬৪ বলে ৫৬ রান যোগ করে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরান লিয়ানাগে। ১৮ রান করা থিকশানাকে শিকার করে জিম্বাবুয়েকে দারুন এক ব্রেক-থ্রূ এনে দেন এনগারাভা। এটি এনগারাভার পঞ্চম উইকেট ছিল।

থিকশানার ফেরার পর সাজঘরের পথ ধরেন লিয়ানাগে। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৫ রানে আউট হন ১২৭ বলে ৬টি চার ও ২টি ছক্কা মারা লিয়ানাগে।

দলীয় ১৭২ রানে অষ্টম ব্যাটার হিসেবে লিয়ানাগে ফেরায় জয়ের স্বপ্ন দেখতে শুরু করে জিম্বাবুয়ে। কিন্তু নবম উইকেটে ৪০ বলে ৩৯ রান যোগ করে জিম্বাবুয়ের স্বপ্নে পানি ঢেলে শ্রীলংকার জয় নিশ্চিত করেন চামিরা ও বন্দরসে। চামিরা ১৮ ও বন্দরসে ১৯ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের এনগারাভা ৩২ রানে ৫ উইকেট নেন। প্রথমবার ম্যাচে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ের দলকে জেতাতে পারেননি এনগারাভা। ম্যাচ সেরা হন লিয়ানাগে।

একই ভেন্যুতে আগামী ১১ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে শ্রীলংকা ও জিম্বাবুয়ে।

দ্বাদশ সংসদের এমপিদের গেজেট প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের গেজেট নির্বাচন কমিশন অনুমোদন করেছে। তা প্রকাশের জন্য সচিবকে বলা হয়েছে। কমিশনাররা স্বাক্ষর করেছেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যাবে। ডিজিটাল যুগ। তাদের (বিজিপ্রেসের) কাছে একটি সফট কপি দেওয়া থাকে। কোনো কারেকশন যদি থাকে তাহলে কারেকশনটা বলে দেওয়া, না হলে ওটাই প্রিন্ট করে দেওয়া। তারপর আজকেই হয়তো সংসদ সচিবলায়ে চলে যাবে।

গেজেট প্রকাশ নিয়ে ইসি আলমগীর বলেন, ৩০০ সংসদীয় আসনের মধ্যে নওগাঁ-২ আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের নির্বাচনের জন্য নতুন করে শিডিউল দেওয়া হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর ময়মনসিংহের একটি কেন্দ্রে ফলাফল স্থগিত রাখা হয়েছে। সেই নির্বাচনও অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি।

তিনি বলেন, এ দুটো বাদে বাকি ২৯৮টি আসনের নির্বাচনী ফলাফল মিলিয়ে দেখা হয়েছে। যাচাই বাছাই করা হয়েছে। সব ঠিক আছে। নির্বাচন কমিশন দেখেছে, সব ঠিক আছে। ফলাফল গেজেট করার জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হবে। সে অনুযায়ী বুধবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করবেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করবেন।

ঢাকা-৪ আসনের ফল হাইকোর্টে স্থগিত

অনিয়মের অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ফলাফল স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম সকালে অনিয়মের অভিযোগ এনে একটি রিট করেন। শুনানি শেষে বিকেলে উচ্চ আদালত এ রায় দেন।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে এই আসনে সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। তিনি পেয়েছেন ২৪ হাজার ৭৭৫ ভোট। আর সানজিদা খানম পেয়েছেন ২২ হাজার ৫৭৭ ভোট। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৯৮ ভোট।

গত ৭ জানুয়ারি দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থী মারা যাওয়ায় সেদিন নওগাঁ-২ আসনে ভোট হয়নি। আর একটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ময়মনসিংহ-৩ আসনের ফলাফল পাওয়া যায়নি।

২৯৮টি আসনের মধ্যে ২২২টি আসন পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন। এ ছাড়া কল্যাণ পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পেয়েছে।