শনিবার, অক্টোবর ১০, ২০২৬

আইসিজেতে ‘গাজা গণহত্যা’ মামলার শুনানি শুরু

ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানি আজ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে নেদারল্যান্ডসের দ্য হেগে শুরু হচ্ছে মামলার গণশুনানি।

বুধবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে শুনানির তারিখ ঘোষণা করেন আইসিজে। শুক্রবার (১২ জানুয়ারি) শুনানি শেষ হবে।

সর্বশেষ এই মামলায় সমর্থন জানালো ব্রাজিল। বুধবার (১০ জানুয়ারি) ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠককালে দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সমর্থন জানান। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত মোট ১৩টি দেশ গাজা গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার প্রতি সমর্থন জানালো। এর আগে মালয়েশিয়া, তুরস্ক, বলিভিয়া, নিকারাগুয়া, মালদ্বীপ, ভেনিজুয়েলা, নামিবিয়া, জর্ডান, মরক্কো, ইরান, বাংলাদেশ, পাকিস্তান ও সৌদি আরব এই মামলায় সমর্থন জানিয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘনের আলোকে প্রেসিডেন্ট গণহত্যার পর্যায়ে পড়তে পারে এমন সব কর্মকাণ্ড ও পদক্ষেপ বা জাতিসংঘের গণহত্যা কনভেনশনের শর্তাধীন অপরাধ অবিলম্বে বন্ধ করতে আন্তর্জাতিক বিচার আদালতকে আহ্বান জানানোর জন্য দক্ষিণ আফ্রিকার উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।’

এদিকে নেদারল্যান্ডসের দ্য হেগে থেকে শুরু হচ্ছে মামলার গণশুনানি। যারএই দুদিন আদালত উভয় পক্ষের যুক্তি শুনবে এবং এরপরে ইসরাইলের গাজায় বোমাবর্ষণ বন্ধ করার অন্তর্বর্তী আদেশ জারি করবে কি না তা সিদ্ধান্ত নেবে। গাজায় ‘গণহত্যার অপরাধে’ গত মাসের শেষ দিকে (২৯ ডিসেম্বর) এই মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরাইল।

মামলা নিয়ে বিশ্লেষকরা যা বলছেন:

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের মুখপাত্র ক্লেসন মনিয়েল্লা বলেছেন, ‘গাজায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথে ১৯৪৮ সালের ‘গণহত্যা প্রতিরোধ ও শান্তি সংক্রান্ত কনভেশনের’-আওতায় যে কার্যক্রমগুলোকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে সেগুলোও গাজায় সংঘটিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।’

আইন বিশেষজ্ঞরা বলছেন, ইসরাইলকে গণহত্যার জন্য দায়ী প্রমাণ করতে পুরো মামলাটির কার্যক্রম কয়েক বছর চলতে পারে, তবে এই সপ্তাহের শুনানিটি হচ্ছে ইসরাইলের বিরুদ্ধে দ্রুত নিষেধাজ্ঞা আরোপের জন্য জরুরি একটি পদক্ষেপ।

ব্রিস্টলের ওয়েস্ট ইউনিভার্সিটি অফ ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকার আইনের অধ্যাপক গেরহার্ড কেম্প বলেছেন, ফিলিস্তিনি ইস্যুর প্রতি দক্ষিণ আফ্রিকার সমর্থন দীর্ঘস্থায়ী হওয়ার একটি ঐতিহাসিক কারণ রয়েছে। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের কারণে দক্ষিণ আফ্রিকার শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সাথে ফিলিস্তিনি জনগণের দীর্ঘস্থায়ী সম্পর্ক আছে। তাই ইসরাইলকে আইসিজে’র সামনে আনার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেয়ার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে।’

হুতিদের ২১ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্র-ব্রিটেনের

দক্ষিণ লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোঁড়া ২১টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করার দাবি করেছে আমেরিকা ও ব্রিটেন। এর মধ্যে ১৮টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার এসব ভূপাতিত করা হয়।

ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ছিল জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল ও দুটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ মিসাইল।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা ব্রিটেনের সঙ্গে যৌথভাবে জাহাজ চলাচলের আন্তর্জাতিক রুটগুলো রক্ষা করার জন্য আরও ব্যবস্থা নেবে।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুতিদের হামলায় কোনও আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ১৯ নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক শিপিং লেনে এটি হুতিদের ২৬তম হামলা।

অস্কারের দৌড়ে এগিয়ে শাহরুখের ‘ডাঙ্কি’

সমালোচক থেকে সাধারণ দর্শক, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ নিয়ে বিভিন্ন মতামত সামনে এসেছে। বক্স অফিসে ৪৫০ কোটির দোরগোড়ায় এই ছবি। এবার শোনা যাচ্ছে, অস্কারের মনোনয়নে পাঠানো হচ্ছে রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’কে। জানা গেছে, ইতোমধ্যেই ছবির মনোনয়ন পাঠানো হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য।

সূত্রের খবর, অস্কারের মনোনয়নে পাঠানো হয়েছে শাহরুখ খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ডাঙ্কি’। এর আগেও অস্কারে পাঠানো হয়েছে শাহরুখের ছবি। অমন পালেকর পরিচালিত ‘পাহেলী’ পাঠানো হয়েছিল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে। এরপর শাহরুখের ‘স্বদেশ’ ছবিটিও পাঠানো হয় অস্কারে। কিন্তু দুইটি কোনওটাই শেষ পর্যন্ত অস্কার নিয়ে ফিরতে পারেনি। এবার শোনা যাচ্ছে, ‘ডাঙ্কি’কে সম্বল করেই এবার অস্কারের পথে ফের শাহরুখ।

২০২৩ সালের জানুয়ারিতে ‘পাঠান’ ছবির হাত ধরে শুরু হয় শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম সেরা বছর। সারা বিশ্বজুড়ে প্রথমদিন থেকেই ঝড় তোলে অ্যাকশনে মোড়া এই ছবি। ছবির টোটাল কালেকশন ১০৫০.৩০ টাকা। ১০০০ কোটি পেরিয়ে থেমে থাকেননি শাহরুখ।

সেপ্টেম্বরে মুক্তি পায় বহু প্রতীক্ষিত ‘জওয়ান’। বলিউডি মশালা ছবির মোড়কে আদ্যপান্ত একটি রাজনৈতিক ছবি ‘জওয়ান’। ‘পাঠান’র থেকেও এই ছবি বেশি পছন্দ করে দর্শক। সারা বিশ্ব জুড়ে এই ছবির মোট আয় ১১৪৬ কোটি টাকা। অবশেষে ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পায় ডাঙ্কি। বছরের শুরুতে এ যাবৎ ছবির আয় ৪৪৭.৭০ কোটি। তিনটি ছবির ব্যবসা যোগ করলে দেখা যায়, শাহরুখ একাই একবছরে বলিউডের ঝুলিতে দিয়েছেন ২৫০০ কোটি টাকার বেশি।

ফের এমবাপ্পে-রিয়াল গুঞ্জন

ট্রান্সফার সিজনে আবারও আলোচনায় কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে রিয়াল মাদ্রিদ ও পিএসজির দড়ি টানাটানি। ২০২১ সালে শুরু হয়ে যা আজও চলমান। তবে এবারই হয়তো এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার শেষ সুযোগ। নয়তো আর কখনোই নয়!

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, রিয়াল মাদ্রিদ এরই মধ্যে এমবাপ্পেকে পাওয়ার জন্য নতুন করে চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, পিএসজি সভাপতি নাসির আল-খেলাইফি তাকে দলে ধরে রাখতে চান। একইসঙ্গে পিএসজিই এমবাপ্পের জন্য সেরা ক্লাব বলে মন্তব্য করেছেন তিনি।

লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ জুনের পর শেষ হয়ে যাচ্ছে। আগামী মৌসুমে নতুন ক্লাবে যোগদানের জন্য তিনি ফ্রি এজেন্টে পরিণত হবেন। আল-খেলাইফি স্থানীয় ব্রডকাস্টার আরএমসিকে বলেন, ‘কিলিয়ানকে আমি ধরে রাখতে চাই, এ বিষয়ে কোনো গোপনীয়তা রাখতে চাই না। কিলিয়ান বিশ্বের সেরা খেলোয়াড় আর প্যারিস তার জন্য সেরা ক্লাব।’

আল-খেলাইফি বলেছেন, ‘পিএসজিতে বিশ্বের সেরা ট্রেনিং সেন্টার রয়েছে, বিশ্বের সেরা কোচ লুইস এনরিকে রয়েছেন। প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার বিষয়টি নিশ্চিত হয়, কমপক্ষে শেষ ষোলো পর্যন্ত আমরা খেলে থাকি। কোয়ার্টার ফাইনাল এমনকি সেমিফাইনাল ও ফাইনালেও খেলার সুযোগ হয়েছে। বিশ্বের বড় ক্লাবগুলোর পাশেই আমরা সবসময় থেকেছি।’

শেখ হাসিনাকে চীনা প্রেসিডেন্ট ও প্রিমিয়ারের অভিনন্দন

আবারও প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও প্রিমিয়ার লি ছিয়াং।

১১ জানুয়ারি পাঠানো অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত ৪৯ বছরে, দুই দেশ সবসময় পরস্পরকে সম্মান করেছে। দুই দেশ একে অপরের সঙ্গে সমতার সঙ্গে চলেছে এবং পারস্পরিক সুবিধা ও লাভজনক ফলাফল অর্জন করেছে।

শি চিনপিং বলেন, চীন এবং বাংলাদেশ একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। দুই দেশ যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের কাজ করে, যা দুই জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসে। শি আশা করেন, যে গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে।

শি আশা করেন, দুই দেশ পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরো উন্নীত করবে এবং উন্নয়ন কৌশলগুলোকে আরো সমন্বিত এবং প্রসার করবে।

চীন তার উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার মাধ্যমে যাতে সহযোগিতার কৌশলগত অংশীদারিকে নতুন উচ্চতায় উন্নীত করতে চায়।

এদিকে চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার লি ছিয়াং শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়ে বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং ঘনিষ্ঠ সহযোগিতার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং উন্নয়ন অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে, চীন ও বাংলাদেশ রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে গভীর করেছে এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতায় ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে। লি বলেন, দুই দেশ ও জনগণের আরও মঙ্গলের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সহযোগিতার উন্নয়নে, চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারি আরো উন্নয়নে কাজ করতে প্রস্তুত।

জাতিসংঘের হেলিকপ্টার আটক করেছে আল-শাবাব

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় জাতিসংঘ মিশনের একটি হেলিকপ্টার আটক করেছে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। এছাড়া হেলিকপ্টারটির আরোহী ৮ যাত্রী ও ক্রুকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

সশস্ত্র এই গোষ্ঠীর দখলে থাকা অঞ্চলে অবতরণ করার পরে হেলিকপ্টারটি দখলে নেয় তারা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি।

স্থানীয় সূত্র বিবিসিকে জানিয়েছে, সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব প্রায় আটজন যাত্রীসহ জাতিসংঘের একটি হেলিকপ্টার জব্দ করেছে। হেলিকপ্টারটি মধ্য সোমালিয়ায় ওই গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকায় অবতরণ করেছিল।

সোমালিয়ায় জাতিসংঘের মিশন (আনসম) দেশটিতে ‘আকাশপথে ভ্রমণকালীন একটি ঘটনার’ কথা নিশ্চিত করেছে। জাতিসংঘের চুক্তিবদ্ধ ওই হেলিকপ্টারে করে অসুস্থ লোকদের সরিয়ে নেওয়া হচ্ছিল।

জাতিসংঘ অবশ্য আল-শাবাবের নাম উল্লেখ করেনি। তবে সংস্থাটি বলেছে, ‘এই ঘটনায় প্রতিক্রিয়া জানানোর প্রচেষ্টা চলছে’।

বার্তাসংস্থা এএফপি অনুসারে, জাতিসংঘের একটি মেমো বলছে- হেলিকপ্টারটি ধুসামারেব থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দক্ষিণ-পূর্বে ক্র্যাশ-ল্যান্ডিং করে এবং এতে জাতিসংঘের কোনও কর্মী ছিলেন না। এর অরোহীরা তৃতীয় পক্ষের ঠিকাদার ছিলেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

হেলিকপ্টারটিতে থাকা ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে জানা যায়নি বা সেখানে কতজন আছেন তার সঠিক সংখ্যাও উল্লেখ করা হয়নি। এতে এক যাত্রী নিহত ও দুইজন পালিয়ে যায় বলে জানা গেছে।

বিবিসি বলছে, আল-শাবাব দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করে থাকে। দলটি আল-কায়েদার সাথে সম্পৃক্ত এবং প্রায় ২০ বছর ধরে নৃশংস বিদ্রোহ চালিয়েছে।

হেলিকপ্টারটি আটকের বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন গালমুদুগ অঞ্চলের নিরাপত্তামন্ত্রী মোহাম্মদ আবদি আদান। সোমালিয়ার সামরিক কর্মকর্তা মেজর হাসান আলী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বেশ কয়েকজন বিদেশি এবং দুই স্থানীয় ব্যক্তি হেলিকপ্টারটিতে ছিলেন।

তিনি বলেছেন, ‘এটি চিকিৎসা সামগ্রীও বহন করছিল এবং এটি গালগুডুদ অঞ্চল থেকে আহত সৈন্যদের পরিবহন করার কথা ছিল।’

আল-শাবাবের বিরুদ্ধে সরকারি বাহিনীর আক্রমণের সম্মুখ সমরের কাছাকাছি উইসিল শহরের দিকে যাওয়ার সময় হেলিকপ্টারটি অবতরণ করে।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না আফিফ-শামীম

বিসিবি বেশ হিসাব করে এবার কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটার নিচ্ছে। তামিম ইকবাল স্বেচ্ছায় চুক্তি থেকে সরে গেছেন। বাদ পড়তে পারেন আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি ও মোসাদ্দেক হোসেন সৈকত। শেখ মেহেদিকেও চুক্তিতে রাখা হয়নি। অথচ টি২০ ক্রিকেটের পাশাপাশি ওয়ানডেও নিয়মিত খেলছেন তিনি।

সীমিত ওভারের চেয়ে টেস্ট ক্রিকেটারদের অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে। জাকির হাসান, মাহমুদুল হাসান জয়কে রাখা হচ্ছে ২১ জনে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন।

এবার তিন সংস্করণে চুক্তি পাওয়া ক্রিকেটারের সংখ্যা বাড়বে। সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সঙ্গে নাজমুল হোসেন শান্ত ও পেসার শরিফুল ইসলামকেও লাল এবং সাদা বলের চুক্তিতে নেওয়া হবে। অর্থাৎ সিনিয়র ক্রিকেটারদের পরই বেশি বেতন পাবেন তারা। এ মাসেই অনুমোদন দেওয়া হতে পারে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের নাম।

আগমনী কার্ডে ‘বাংলাদেশ’ বানান ভুল, বিব্রতকর অবস্থায় ইমরুল কায়েস

আগমনী কার্ডে ‘বাংলাদেশ’ বানান ভুল। আর তাতে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ ইমরুল কায়েসকে।

বুধবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই তথ্য জানান কায়েস।

জানা যায়, হংকং থেকে বাংলাদেশে ফেরার পথে আগমনী কার্ডে ‘বাংলাদেশ’ বানান ভুল দেখে হাস্যরস করে ওই ফ্লাইটে থাকা ইমরুল কায়েসের কিছু বিদেশি বন্ধু। দেশের মান রক্ষার্থে বিদেশি সেই বন্ধুদের কোনোভাবে বুঝ দেয়ার চেষ্টা করেন কায়েস। দেশের সম্মানরক্ষার্থে এই ব্যাপারগুলোতে আরও সচেতন হওয়া জরুরি বলেও মনে করেন এই ক্রিকেটার।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কায়েস লেখেন, মানুষ মাত্রই ভুল করতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ভুল থাকে যেগুলো খুব সহজে মেনে নেয়াটা খুবই কঠিন। গতকালকে আমি যখন হংকং থেকে বাংলাদেশে ফ্লাইটে আসছিলাম আমি বাংলাদেশের এরাইবাল কার্ড এ দেখলাম যে বাংলাদেশের নামটি স্পেলিং মিস্টেক করা আছে। এটা দেখার পরে আমার কিছু বিদেশি বন্ধু ছিল একই ফ্লাইটে ওরা আমাকে প্রথমে জিনিসটা দেখায়। এরপর আমাকে বলে যে, তোমাদের দেশে কি হয়। এটা নিয়ে ওরা একটু হাসাহাসি করছিলো।

নিজের সেই পোস্টে কায়েস আরও লেখেন, আমি ওদেরকে কোনরকম বুঝাইছি যে, এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে। আমার কাছে প্রশ্ন হলো যারা এই দায়িত্বে আছেন তারা কি একটিবারের জন্য এটা দেখেন নাই। এত বড় মিস্টেকের জন্য আমাদের দেশের কত বড় সম্মান বাইরের মানুষের কাছে নষ্ট হয় এবং আমাদের কত খারাপভাবে ওরা চিন্তা করে। আমার মনে হয় এগুলো আমাদের এখন দেখার সময় আসছে এবং আমাদের এটা নিয়ে সবার চিন্তার একটা বিষয়।

লজ্জায় ডুবল চেলসি

সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ জায়ান্ট চেলসির। অবিশ্বাস্য হলেও এবার ইংলিশ লিগের দ্বিতীয় সারির দলের কাছে হেরেছে তারা। লিগ কাপে চেলসিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে মিডলসবরো!

মঙ্গলবার (৯ জানুয়ারি) লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে মিডলসবরোর মাঠ রিভারসাইড পার্কে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে রাখেন হেইডেন হ্যাকনি। বাকি কাজটা করেন মিডলসবরো গোলকিপার টম গ্লোভার। চেলসির বেশ কিছু আক্রমণ রুখে দেন এই অস্ট্রেলিয়ান।

দুই অর্ধ মিলিয়ে মোট ১৮ বার গোলের সুযোগ হেলায় হারায় মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। তাতে আর ম্যাচে ফেরা হলো না ব্লুজদের।

এ নিয়ে লিগ কাপে দীর্ঘ ২৪ বছর পর কোনো নিচু সারির দলের বিপক্ষে হারল চেলসি। এই প্রতিযোগিতায় সবশেষ ১৯৯৯ সালে হাডার্সফিল্ডের বিপক্ষে হেরেছিল ‘ব্লুজ’রা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৫ সালের পর নিচু সারির লিগের দলের কাছে চেলসির এটি প্রথম হার।

মালদ্বীপের ‘অপমানে’ বলি তারকাদের প্রতিবাদ

বেশ কয়েকদিন ধরেই মালদ্বীপ এবং ভারতের মধ্যে কিছু নিজস্ব সমস্যা দেখা যাচ্ছে। ভারতীয় প্রধানমন্ত্রীর লক্ষ্যদ্বীপ ভ্রমণের সামান্য এক ঘটনা দিয়েই এর সূত্রপাত হয়। নিজের দেশের একটি বিশেষ চিত্র তুলে ধরে প্রশংসা করেন নরেন্দ্র মোদি। সকল ভারতীয়দের সুন্দর এই দ্বীপ ঘুরে দেখার আমন্ত্রণ জানান তিনি।

সেখানে মালদ্বীপের নাম না তুললেও, মালদ্বীপের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের নানা দিক তুলে প্রত্যক্ষভাবে অপমান করতে থাকে। এই ঘটনার জের ধরেই মালদ্বীপের সেই নেতা কর্মীদের বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার।

আত্মসম্মানে আঘাত লাগায় ভারতীয় জনগণ এর প্রতিবাদ করতে থাকে। একদিনের মধ্যেই তারা ৮ হাজার হোটেলের বুকিং ক্যান্সেল করে দেয়। তার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা ‘বয়কট মালদ্বীপ’-এর হ্যাশট্যাগ চালাতে থাকে।

এই প্রতিবাদে এখন যোগ দিচ্ছেন বলিউডের জনপ্রিয় সব তারকারা। অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, জন আব্রাহাম, শ্রদ্ধা কাপুর, সচ্চিন টেন্ডুলকার, সারা আলি খান, অমিতাভ বচ্চন, সালমান খান, কঙ্গনা রানাউত-এর পাশাপাশি রণবীর সিংও পোস্ট করেছেন। তিনি তার প্রোফাইল থেকে মালদ্বীপের ছবি ডিলিট করে দেন।

এর আগে অক্ষয় কুমার বলেন, ভারত থেকে মালদ্বীপে সবচেয়ে বেশি পর্যটক যায়। প্রতিবেশী হিসেবেও তাদের সব বিপদে সাহায্য করতে ভারতই সবার আগে এগিয়ে এসেছে। সেখানে ভারতের প্রতি মালদ্বীপের এমন অপমানমূলক মন্তব্যে তিনি অবাক হয়েছেন। তিনি অনেকবার সপরিবারে মালদ্বীপে ঘুরতে গিয়েছেন, তিনি পছন্দ করেন সেখানে যেতে। তবে এমন অহেতুক হিংসা কোনোভাবে সহ্য করা যায় না। এর সাথেই তিনি ভারতীয় পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার আহ্বান জানান।

সালমান খান বলেছিলেন, নরেন্দ্র মোদির পরিচ্ছন্ন লক্ষ্যদ্বীপ ভ্রমণ দেখা খুব আনন্দদায়ক ছিল। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা ভারতেরই অংশ।

বলিউডের ঠোঁট কাটা খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত এই ঘটনার কড়া জবাব দেন। মালদ্বীপের রাজনীতিবিদ জাহিদ রামেজ-কে তিনি সরাসরি এই নিয়ে ধিক্কার জানান। তাছাড়া ভারতের সৌন্দর্য্য নিয়েও তিনি মুখ খোলেন।

এর আগে মালদ্বীপে ঘুরতে গিয়ে অন্যদেরও যেতে উৎসাহী করেছেন, এমন তারকার মধ্যে আছেন সারা আলি খান, জাহ্নবী কাপুর। তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টোরি দিয়ে এই ঘটনার প্রতিবাদ করেন।