শনিবার, অক্টোবর ১০, ২০২৬

তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করি না : বাইডেন

তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন চীনবিরোধী ও দ্বীপটির স্বাধীনতাকামী নেতা লাই চিং-তে। বেইজিংয়ের চাপ মোকাবিলায় তার প্রধান ভরসা যুক্তরাষ্ট্র। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না।
লাইকে নির্বাচিত না করতে ভোটের আগেই তাইওয়ানিজ ভোটারদের হুঁশিয়ারি দিয়েছিল চীন। এই নির্বাচনকে ‘যুদ্ধ ও শান্তি’র মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়া হিসেবে উল্লেখ করেছিল বেইজিং। কিন্তু ফলাফলে দেখা গেছে, তাইওয়ানের ভোটাররা চীনের সেই হুঁশিয়ারিকে পাত্তা দেননি। দ্বীপটির বর্তমান ভাইস-প্রেসিডেন্ট লাইকেই ভোট দিয়েছেন তারা।
শনিবারের (১৩ জানুয়ারি) এই নির্বাচনে বিজয়ী হওয়ায় টানা তৃতীয়বার ক্ষমতায় বসতে চলেছে লাইয়ের ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি)। স্বাধীনতাকামী এ নেতা চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার পাশাপাশি শান্তিরক্ষায় আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বেইজিং।
এ অবস্থায় তাইওয়ানের নির্বাচন ইস্যুতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাইডেন বলেছেন, আমরা (তাইওয়ানের) স্বাধীনতাকে সমর্থন করি না।
ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়ে বলেছিল, তাইওয়ানের নির্বাচনে ‘কোনো দেশের’ হস্তক্ষেপই গ্রহণযোগ্য হবে না। স্বাভাবিকভাবেই, এখানে ‘কোনো দেশ’ বলতে চীনের দিকেই ইঙ্গিত করেছিল বাইডেন প্রশাসন।

শেখ হাসিনাকে রুশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের জন্য আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।
শনিবার (১৩ জানুয়ারি) ঢাকায় রাশিয়ার দূতাবাস সূত্র জানিয়েছে, ‘রুশ প্রধানমন্ত্রী বলেছেন— রাশিয়ান ফেডারেশন সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবগঠিত সরকার প্রধানের পদে নিয়োগ লাভ করায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’
রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের চেতনায় অব্যাহতভাবে বিকশিত হচ্ছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে সরকারি পর্যায়ে সক্রিয় যৌথ কার্যক্রম বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার সহায়ক হবে। এটি সম্পূর্ণরূপে রাশিয়ান ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বার্থ পূরণ করবে।’
মিশুস্তিন শেখ হাসিনার সুস্বাস্থ্য, সুস্থতা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন।

ইয়েমেনে হামলা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা তৈরি করবে : রাশিয়া

লোহিত সাগরে অবস্থানরত যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
গত বৃহস্পতিবার হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত ৩০টি অঞ্চলে প্রতিরোধ মূলক হামলার পর শুক্রবারও হামলা চালিয়েছে দেশ দুটি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ লোহিত সাগরে গঠিত জোটগুলোর এ হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘দুঃসাহসিক কাজ’ বলে মন্তব্য করেছে রাশিয়া।
শুক্রবার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মুখপাত্র মারিয়া জাখারোভা।
রয়টার্স জানিয়েছে, রাশিয়া ইয়েমেনে সামরিক হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের নিন্দা করেছে। মস্কো বলেছে এটি একটি দায়িত্বজ্ঞানহীন দুঃসাহসিক কাজ, যা সমগ্র মধ্যপ্রাচ্যজুড়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জানান, আমরা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের এই দায়িত্বহীন পদক্ষেপকে কঠোর নিন্দা জানাচ্ছি। ইয়েমেনে শান্তি স্থাপনের জন্য গত কয়েক বছর ধরে চেষ্টা চালানো হচ্ছে। লোহিত সাগর অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি পেলে তা মুখ থুবড়ে পড়বে। এ ধরনের হামলা গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত-সহিংসতা উস্কে দিতে পারে।
গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা।
খবর রয়টার্স

ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে ২৩ হাজার ৭০৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালানো অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সেখান ২৩ হাজার ৭০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আক্রমণে ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩,৭০৮ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টা ধরে ১৫১ জন ফিলিস্তিনিকে হত্যা এবং ২৪৮ জনকে আহত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
গাজার দেইর আল বালাহ শহরের পশ্চিমে আল-আকসা শহিদ হাসপাতালের কাছে একটি আবাসিক বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে ১১ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী।
এদিকে, গাজা স্ট্রিপের দক্ষিণে খান ইউনিস এবং কেন্দ্রীয় গাজা উপত্যকায় আল-মাগাজি শরণার্থী শিবিরে সশস্ত্র সংঘর্ষ অব্যাহত ছিল, সূত্রটি আরও জানিয়েছে।
জাতিসংঘ অফিসের মানবিক বিষয়ক সমন্বয় সংস্থা (ইউএনওসিএইচএ) এর সর্বশেষ গাজা পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজায় সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে অস্বীকার করেছে ইসরায়েল। যার ফলে সেখানে প্রয়োজনের তুলনায় খুবই সামান্য খাদ্য, পানি ও ওষুধ পাঠানো গেছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ডিসেম্বরের তুলনায় নতুন বছর শুরু হওয়ার পর থেকে উত্তর গাজায় মানবিক সহায়তা মিশনকে মারাত্মকভাবে সীমাবদ্ধ করেছে।
গাজায় ইসরায়েলের হামলার মধ্যে সম্প্রতি চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বরাবরের মতো ব্লিঙ্কেনের এই সফরে বেশিরভাগ মনোযোগ ছিল ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের দিকে। ইসরায়েলকে থামাতে দেশটি কী পদক্ষেপ নেয়, সেটি জানতে সবাই আগ্রহী। কারণ ইসরায়েলের নির্বিচারে হামলায় ২৩ হাজার ৩৫৭ জনের মৃত্যু হয়েছে গাজায়। সেখানে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এমন উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ দেখতে চায় বিশ্ব। তবে এই সফরে তেমন কোনো ফল বয়ে আনিনি।
তেল আবিবে দাঁড়িয়ে ব্লিঙ্কেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে আছে। তবে তিনি ইসরায়েলকে গাজায় বেসামরিক হতাহতের বিষয়টি নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, সেখানে বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেশি রয়ে গেছে।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করার প্রত্যয় তথ্য প্রতিমন্ত্রীর

গুজব ও অসত্য প্রচারণার মূলোৎপাটন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।
আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী দিনে কি চ্যালেঞ্জ থাকছে এমন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীতে দু’ধরণের চ্যালেঞ্জ। বৈদেশিক যে ষড়যন্ত্রগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু লোকজনের সাথে যুক্ত হয়ে করা হয় এবং দেশের বিরুদ্ধে যে ডিজ-ইনফরমেশন ক্যাম্পিং হচ্ছে সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে।’
বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে উল্লেখ করে আরাফাত বলেন, “ডিজ-ইনফরমেশন বা অসত্য প্রচারণায় সৃষ্ট ‘গ্যাপ’ এবং গুজবের ক্যাম্পিংয়ের উৎস একটা একটা করে খুঁজে বের করে সবাই একসঙ্গে এগুলো সমূলে উৎপাটন করবো এবং বিশ্বের সামনে আমরা সত্য কথাগুলো নিয়ে আসবো।”

হতদরিদ্রের হার শূন্যের কোটায় আনার সর্বোচ্চ চেষ্টা করবো : সমাজকল্যাণ মন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নব নিযুক্ত সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, হতদরিদ্রের হার ৫.৬ নেমে এসেছে। সেটাকে শূন্যের কোটায় আনার সর্বোচ্চ চেষ্টা করবো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করবো।
শুক্রবার ১২ জানুয়ারি সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, যারা নাশকতা করে, যারা দেশ বিরোধী, যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের কোন দল নেই। এগুলো যারা করে তাদেরকে রাজনৈতিক দল বলা ঠিক না।
মন্ত্রী বলেন, নতুন মন্ত্রণালয়ে যাবো রোববারে। তারপর বুঝবো নতুন কি কি চ্যালেঞ্জ আছে। এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর কন্যা সমাজের বৈষম্য দূর করতে চেয়েছেন, এটা সেই মন্ত্রণালয়। সে লক্ষ্যে অতীতের ধারাবাহিকতা ও নতুন নতুন পদক্ষেপ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে কাজ করবো।
তিনি চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন। একবার নয়, ৪ বার নির্বাচিত করেছেন। শুধু ভোট দিয়ে নয়, এই ভোট ছিল আমার প্রতি আপনাদের আস্থা, ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ।
আমি আপনাদের এই ঋণ শোধ করবার চেষ্টা করবো। আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের জনপ্রতিনিধি হিসেবে। আর সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রী সভায় তৃতীয়বার মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন, এটি আমার জন্য সৌভাগ্য। এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। কারণ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে আরও ৪ সংস্থার অভিনন্দন

স্কটিশ পার্লামেন্টের সদস্য, ইউরেশিয়ান অর্থনৈতিক কমিশন, সার্ক এবং ইতালি-বাংলাদেশ মৈত্রী ও সহযোগিতা সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো পৃথক শুভেচ্ছা বার্তায় তারা সকলেই আগামী দিনে তাঁর সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
লোথিয়ান অঞ্চলের স্কটিশ পার্লামেন্টের সদস্য এবং সংস্কৃতি, ইউরোপ ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী ফয়সল চৌধুরী শেখ হাসিনাকে লিখেছেন, “আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পঞ্চম বারের মত এবং টানা চতুর্থ মেয়াদে নির্বাচনে জয়লাভ করার জন্য আপনাকে এবং আওয়ামী লীগকে অভিনন্দন জানাই।
তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু হয়েছে তা নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ সরকারকেও সাধুবাদ জানাই।
ফয়সল চৌধুরী যোগ করেছেন, “গত নভেম্বরে স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশ ক্রস-পার্টি গ্রুপে আমার এবং সহকর্মীদের সঙ্গে দলীয় গ্রুপ সফরে সময় দেখা করার জন্য সময় বের করার জন্য আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই।”
তিনি বলেন, “আমি খুব আশা করি, আমি এবং স্কটিশ পার্লামেন্টের ক্রস-পার্টি গ্রুপের সদস্যরা আবার মহামান্য আপনার সাথে দেখা করার সুযোগ পাব।”
“আমি আবারও আপনাকে নির্বাচনে জয়ী হওয়ার জন্য অভিনন্দন জানাই এবং নতুন মেয়াদে আপনার সাফল্য কামনা করছি,” তিনি শেষ করেন।
ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের চেয়ারম্যান মিখাইল মায়াসনিকোভিচ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি লিখেছেন, “নির্বাচনে আপনার দৃঢ় বিজয় প্রজাতন্ত্রের জনগণের পুরনো সমর্থনের সুস্পষ্ট প্রমাণ।”
তিনি ২০১৯ সালে স্বাক্ষরিত সহযোগিতার স্মারকসহ বাংলাদেশ সরকার এবং ইউরেশিয়ান অর্থনৈতিক কমিশনের মধ্যে আরও গভীর যোগাযোগের আশা করেন।
মিখাইল মায়াসনিকোভিচ শেখ হাসিনার সুস্বাস্থ্য, মঙ্গল এবং সরকারি কার্যক্রমের সাফল্য কামনা করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)।
সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ার এক অভিনন্দন বার্তায় লিখেছেন, “দ্বাদশ জাতীয় নির্বাচনে আপনার মহান বিজয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুনঃনিযুক্তির জন্য মহামান্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত।”
তিনি বলেন, ‘‘পঞ্চমবারের জন্য আপনার এই পুনঃনিযুক্তি বাংলাদেশের জনগণের দ্বারা আপনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের বড় প্রমাণ।”
মহাসচিব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সার্কের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ১৯৮৫ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠার পর থেকে আঞ্চলিক সহযোগিতা জোরদারে গঠনমূলকভাবে অবদান রেখে আসছে।
বাংলাদেশ কর্তৃক আয়োজিত তিনটি ঐতিহাসিক সার্ক শীর্ষ সম্মেলন সার্ক সনদের লক্ষ্য অর্জনে আঞ্চলিক সহযোগিতার প্রক্রিয়াকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে।
অধিকন্তু, সার্ক কৃষি কেন্দ্র এবং বাংলাদেশ কর্তৃক আয়োজিত দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থা তাদের নিজ নিজ ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতায় উল্লেখযোগ্য অবদান রাখছে।
মো. গোলাম সারওয়ার বলেন, ‘‘সার্ককে এর সনদের লক্ষ্য অর্জনে আরও শক্তিশালী করার জন্য মহামান্য আপনার এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে অব্যাহত দিকনির্দেশনা এবং সমর্থন পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”
“আমি অদূর ভবিষ্যতে বাংলাদেশে আমার পরিচায়ক সফরের সময় মহামান্য আপনার প্রতি শ্রদ্ধা জানাতে উন্মুখ হয়ে আছি যাতে এই অঞ্চলে আমাদের জনগণের সাধারণ কল্যাণের জন্য সার্ককে আরও শক্তিশালী করার জন্য আপনার প্রজ্ঞা এবং দৃষ্টিভঙ্গি থেকে উপকৃত হতে পারি,” তিনি শেষ করেন।
অপর এক চিঠিতে ইতালি-বাংলাদেশ মৈত্রী ও সহযোগিতা সমিতি পঞ্চম মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।
ইতালি-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মার্কো লাকাররা, ভাইস-প্রেসিডেন্ট মারিও মরগোনি এবং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ডমেনিকো পালমিরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম মেয়াদে বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
তারা বলেন, ‘‘আমরা ইতালি এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য কাজ চালিয়ে যাব,” এবং “আমরা আপনার এবং আপনার দেশের মঙ্গল এবং উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।”

কল সাম্প্রদায়িকতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবে : বস্ত্র ও পাট মন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, সকল সাম্প্রদায়িকতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
শুক্রবার সন্ধ্যায় সূচনা কমিউনিটি সেন্টারে বস্ত্র পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগরের সর্বস্তরের জনগণের গণসংবর্ধণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে”রূপকল্প-২০৪১” বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সর্বস্তরের জনগণের ভালবাসায় সিক্ত জননেতা জাহাঙ্গীর কবির নানক বলেন, মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগরের সর্বস্তরের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাদের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাবো।
উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, এমপি বৃহস্পতিবার মন্ত্রী হিসবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণি সম্পদের উৎপাদন আরও বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পরিবাগে মন্ত্রীর বাসভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ও আওতাধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপনকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, মো. আবদুল কাইয়ূম ও মোঃ তোফাজ্জেল হোসেন, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, মো. হেমায়েত হোসেন ও মোহাম্মদ হাবীবুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ আলমগীর এ সময় উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান আরো বলেন, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। মাছের উৎপাদন বৃদ্ধি করে এটি দ্বিতীয় অবস্থানে উন্নীত করতে হবে। একইভাবে প্রাণিসম্পদের উৎপাদনও বৃদ্ধি করতে হবে।

তেজগাঁও বস্তিতে লাগা আগুনে পুড়ে ২ জনের মৃত্যু

ঢাকার তেজগাঁও এলাকার বিএফডিসি গেইট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত কয়েকজন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে গিয়ে চিকিৎসাধী দেওয়া হচ্ছে।
শনিবার ভোরে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
ভোর ৫ টা ৫০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের চেষ্টায় ভোর ৫ টা ২৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
তবে আগুনের সূত্রপাত কোথা থেকে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি এ ফায়ার কর্মকর্তা।
প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে মোল্লাবাড়ি বস্তিতে লাগা এই আগুন।
শুক্রবার (১২জানুয়ারি) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের কাছে আগুনের তথ্য আসে। ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন রাত পৌনে ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।
পুলিশ বলছে, এ ঘটনায় নারী ও শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
তেজগাঁও ফায়ার স্টেশনের এক কর্মকর্তা জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে বস্তিটির অবস্থান। তবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।
বস্তিতে বসবাসকারীরা বলছেন, তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে কমপক্ষে ৩০০ এর মতো ঘর ছিল। আগুনে বস্তির প্রায় সব ঘরই পুড়ে গেছে বলে তাদের অভিযোগ।