শনিবার, অক্টোবর ১০, ২০২৬

চুরির অভিযোগ : নিউজিল্যান্ডের সংসদ সদস্যের পদত্যাগ

দোকান থেকে পণ্য চুরির অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এক সংসদ সদস্য। তার নাম গোলরিজ ঘাহরামান (৪২)। তিনি গ্রিন পার্টির সদস্য। পুলিশ এ অভিযোগ তদন্ত করে দেখছে।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গোলরিজ ঘাহরামানের বিরুদ্ধে অভিযোগ, তিনি কাপড়ের দুটি দোকান থেকে তিনবার চুরি করেছেন। এ দুটি দোকানের একটি অকল্যান্ডে ও অন্যটি ওয়েলিংটনে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক দোকান থেকে গোলরিজ একটি হ্যান্ডব্যাগ নিয়ে যাচ্ছেন। এমন ভিডিও সামনে আসতেই মঙ্গলবার এমপির পদ থেকে সরে দাঁড়ান তিনি।
গোলরিজ বলেন, ‘আমি অনেককে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত।’
এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে মানুষ যে উঁচু মানের আচরণ আশা করে, তেমনটি তিনি করতে পারেননি।
গোলরিজ জাতিসংঘের মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো শরণার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন।

লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করলেন টুইঙ্কেল খান্না

কথায় আছে, শিক্ষার কোনো বয়স নাই। প্রচলিত বাক্যটি সত্যি হয়ে ধরা দিল বলিউড তারকা অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্নার বেলায়। ৫০ বছর বছর বয়সে এসে স্নাতকোত্তর পাস করলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ইউনিভার্সিটি অব লন্ডন থেকে স্নাতকোত্তর হয়েছেন টুইঙ্কেল। গ্র্যাজুয়েশন ডে তে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন অক্ষয়। তার পরনে ছিল কালো কোট অন্যদিকে টুইঙ্কেল পরেছিলেন সবুজ রঙের একটি শাড়ি।
সে ছবি শেয়ার করে অক্ষয় লিখেছেন, “দুই বছর আগে হঠাৎ একদিন আমাকে তুমি বলেছিলে ফের একবার লেখাপড়া শুরু করতে চাও। সেই মুহূর্তে মনে হয়েছিল, যা তুমি বলেছিলে সত্যি করবে কি না। কিন্তু আমার এই সংশয় ভুল ছিল। তোমাকে আমি দিনরাত লেখাপড়া করতে দেখেছি। একইসঙ্গে বাড়ি, ক্যারিয়ার, আমাকে আর আমাদের সন্তানদেরও সামলাতে দেখেছি। আমি জানি একজন সুপারওম্যানকে বিয়ে করেছি আমি। আজ তোমার এই দিনে মনে হচ্ছে আমারও আরও পড়াশোনা উচিত ছিল। তা হলে হয়তো তোমার এই কৃতিত্বকে সঠিক শব্দে বর্ণনা করে বোঝাতে পারতাম, তুমি আমাকে কতটা গর্বিত করেছ।”
ছোট বয়সে সিনেমায় কাজ করা শুরু করেছিলেন বলে লেখাপড়াটা অপূর্ণই থেকে যায় টুইঙ্কলের। কিন্তু লেখাপড়া শেষ না হওয়ার গ্লানি নিয়ে বারবার হাহুতাশ করেননি তিনি। উল্টো বসেছেন পড়ার টেবিলে। মাঝবয়সে এসে দেখিয়েছেন চাইলেও স্বপ্ন পূরণ করা যায়।

ফিলিস্তিন সমস্যা সমাধান হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি আরব

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান বলেছেন, ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াসহ বিদ্যমান সমস্যা সমাধানে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছালে সৌদি আরব ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভয়েস অব আমেরিকার একটি প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সম্মেলনে যুবরাজ ফয়সাল বিন ফারহান বলেন, আমরা একমত যে ইসরায়েলের শান্তিও আঞ্চলিক শান্তির জন্য প্রয়োজনীয়, তবে এটি শুধু একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই হতে পারে।
এ সময় সাংবাদিকরা, তখন সৌদি আরব ইসরায়েলকে বৃহত্তর রাজনৈতিক চুক্তির অংশ হিসেবে স্বীকৃতি দেবে কি না, এমন প্রশ্ন করলে তার জবাবে যুবরাজ ফয়সাল বলেন, অবশ্যই। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে কাজ করছি এবং এটি গাজার ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক।
ইসরায়েল ও হামাসের মধ্যে গত অক্টোবরে সংঘাত শুরুর পর সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অনেকটাই বাধা পড়ে যায়। এখন এমন কিছু ঘটলে নতুন করে শুরু হতে পারে এই দুই দেশের কূটনৈতিক বোঝাপড়া।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ২০ হাজার ৮৩২টি ইয়াবা ট্যাবলেট, ৮.৫ গ্রামের ৭০ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

দুর্নীতি হলেও কাউকে ছাড় নয় : পলক

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ জন্য সবাইকে জবাবদিহিতার আওতায় আসার বিষয়ে সতর্ক করেছেন তিনি।
পলক বলেন, সততার প্রশ্নে জিরো টলারেন্স। বিটিসিএল কর্মকর্তাদের কারও বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পেলে কোনো সুযোগ দেওয়া হবে না। একটা পয়সার দুর্নীতি হলে বা অর্থ অপচয় হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনে বিটিসিএলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কোনো কিছু গোপন করা যাবে না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তা প্রকাশ করতে হবে। অভিযোগ ও পরামর্শ পাওয়ার একটি সুষ্ঠু সিস্টেম তৈরি করতে হবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বিটিসিএল গড়ে তুলতে ৩০ জুনের মধ্যে আয়ের লাভজনক উৎস বাড়াতে হবে। যেগুলোতে লাভ নেই, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। যেখানে অপচয় হচ্ছে, তা কমাতে না পারলে অবশ্যই বন্ধ করতে হবে।

বিটিসিএল কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিটিসিএলের কোনো কিছু ব্যক্তিগত সিদ্ধান্তে হবে না। আবেগতাড়িত হওয়া যাবে না। কোনো গোষ্ঠী বা সিন্ডিকেটের প্রভাবেও হবে না। যেটা দেশ ও মানুষের জন্য ভালো, শুধু সেটাই হবে। সময়, অর্থ ও ব্যয় রোধ করে সেবার মান বাড়ানোই হবে আমাদের লক্ষ্য। আর এসব কিছুই হবে ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে।
মতবিনিময় সভায় বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে বার্ষিক নীরিক্ষা প্রতিবেদন, অভ্যন্তরীণ অডিটের পাশাপাশি আগামী মাসের মধ্যে এক্সটার্নাল আইটি অডিট করারও নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী। এক্ষেত্রে প্রয়োজনে বোর্ড অব ডিরেক্টরের বাইরে থেকে দক্ষ প্রশাসক নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকের কাছে গত পাঁচ বছরের বোর্ড মিটিংয়ের তথ্য, শূন্য পদের তালিকা, চুক্তিতে নিয়োগপ্রাপ্তদের তালিকা এবং করপোরেট স্ট্র্যাটেজি প্ল্যান ও বার্ষিক পারফরমেন্স এগ্রিমেন্টের নথিপত্র চেয়েছেন জুনাইদ আহমেদ পলক।
সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসাইনসহ সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তদন্ত ছাড়া ফেরি দুর্ঘটনার কারণ বলা যাবে না : নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তদন্ত প্রতিবেদন ছাড়া মানিকগঞ্জের পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝনদীতে ফেরি দুর্ঘটনার কারণ বলা যাবে না।
আজ বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদেও তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমাকে বলা হয়েছে, ওখানে ফেরি নোঙর করা ছিল, বাল্কহেড ধাক্কা দিয়েছে। আমি এই মুহূর্তে বলতে পারব না আসলে কোনটা সত্য। তদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাবে না কোনটা সত্য। এখানে অন্য কোনো দুর্বলতা বা অন্য কোনো ঘটনা আছে কি না, এর মধ্যে বলতে পারি না। তবে প্রাথমিকভাবে বলা হয়েছে, বাল্কহেডের ধাক্কায় ঘটনাটি ঘটেছে। ওটা নোঙর করা ছিল ঘাটের খুব কাছাকাছি।
আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে মাঝ নদীতে নোঙর করে রাখা রজনীগন্ধা নামের ছোট একটি ফেরি ডুবি যায়।
ফেরি দুর্ঘটনার বিষয়ে সবশেষ জানা গেছে, ফেরিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ দীর্ঘসময় পানির ওপরে ভাসমান ছিল। ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম এখনো চলমান।

প্রধানমন্ত্রীকে টনি ব্লেয়ারের অভিনন্দন

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগকে বিজয়ী করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার বলেন, ‘এই ফলাফল বিগত বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নকে এগিয়ে নিতে আপনার নেতৃত্ব এবং নিষ্ঠার কথাই বলে।’
বাংলাদেশের সাফল্যের গল্প বহুমুখী, এটি একটি শক্তিশালী রপ্তানি খাত দ্বারা পরিচালিত, একটি বিকাশমান মধ্যবিত্ত শ্রেণীর উত্থান এবং রয়েছে তরুণ ও শিক্ষিত কর্মশক্তির গতিশীলতা। তিনি আরো বলেন, ‘এটি বাংলাদেশের স্বল্প-আয়ের থেকে একটি নি¤œ-মধ্যম আয়ের দেশে রূপান্তরের যাত্রা, যা জনগণের মঙ্গলের প্রতি আপনার অঙ্গীকারেরই প্রমাণ।’
টনি ব্লেয়ার উল্লেখ করেন, ‘আপনি যখন আপনার পরবর্তী মেয়াদ শুরু করবেন, আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশ তার উন্নতি অব্যাহত রাখবে, নতুন মাইলফলক অর্জন করবে এবং সুশাসনের জন্য বৈশ্বিক মানদ- স্থাপন করবে।’
তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশের জনগণের জন্য ভিশন-২০৪১ বাস্তবায়নে আপনাকে এবং আপনার প্রশাসনকে সমর্থন দেয়ার সুযোগের অপেক্ষায় আছি।’
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী এই বলে শেষ করেন, ‘আবারও এই অর্জনের জন্য আপনাকে অভিনন্দন। আমি আপনার সার্বিক সাফল্য কামনা করি এবং আবারও আপনার সাথে দেখা করার জন্য আমি অপেক্ষায় আছি।’

অভিনেত্রী সুচিত্রা সেনের প্রয়াণদিবস আজ

অভিনয়গুণে হয়ে উঠেছিলেন দুই বাংলার চলচ্চিত্রপ্রেমী মানুষের কাছে মহানায়িকা। আজ সেই মহানায়িকার প্রয়াণ দিবস। ২০১৪ সালের এই দিনে কলকাতায় ইহলোক ত্যাগ করেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন।
বাংলা সিনেমার কিংবদন্তি সুচিত্রা সেন ওরফে রমা ওরফে কৃষ্ণার জন্ম বাংলাদেশের পাবনা জেলায়। তার অনবদ্য অভিনয় এবং অপরূপ সৌন্দর্য আজও দাগ কেটে আছে কোটি দর্শকের হৃদয়ে।
রূপ, লাবণ্য এবং অতুলনীয় অভিনয় দিয়ে কোটি হৃদয়ে আজও সমুজ্জ্বল সুচিত্রা সেন। বাংলা সিনেমাকে তিনি নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়।
পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি। ১৯৩১ সালের ৬ এপ্রিল সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি গ্রামে নানাবাড়িতে তার জন্ম।
তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন সে সময়ের মহাকালী পাঠশালায়, যার বর্তমান নাম পাবনা টাউন গার্লস হাইস্কুল। পাবনা বালিকা উচ্চ বিদ্যালয়ে (বর্তমানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) নবম শ্রেণিতে পড়েন।
তার বাবা পাবনা পৌরসভায় স্যানিটারি ইন্সপেক্টর পদ থেকে অবসর নেন এবং পঞ্চাশের দশকে সপরিবার ভারতে চলে যান।
বড় পর্দায় সুচিত্রার যাত্রা শুরু হয় ১৯৫২ সালে। সব মিলিয়ে ৬০টি সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে বাংলা ৫৩টি এবং হিন্দি ভাষার ৭টি সিনেমায় তাকে দেখা গেছে।

ইয়েমেনে ফের মার্কিন হামলা

ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই হামলা চালানো হয়। এ নিয়ে গত এক সপ্তাহে দেশটিতে তিনবার হামলা চালালো মার্কিন বাহিনী।
এর মধ্যে প্রথম হামলা হয় গত বৃহস্পতিবার দিবাগত রাতে। ওই হামলায় মার্কিন বাহিনীর সঙ্গে যুক্তরাজ্য অংশ নেয়। পরবর্তী হামলায় শুক্রবার ও মঙ্গলবার। এসব হামলায় অংশ নেয়নি লন্ডন।
জানা গেছে, সর্বশেষ হামলায় স্থানীয় মঙ্গলবার ভোর সোয়া চারটায়। এই হামলায় মার্কিন বাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা চারটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত করে সেগুলো ধ্বংস করে দেয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ডা বা ইউএস সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছে, হুথি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে তৃতীয় মার্কিন সামরিক হামলা চালানো হয়, কারণ চারটি ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার জন্য প্রস্তুত করা হয়েছিল।

প্রধানমন্ত্রীকে এডিবি প্রেসিডেন্টের অভিনন্দন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন পত্রে তিনি লেখেন, ‘গত ১৫ বছরে আপনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের সকল ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি করেছে, অব্যাহত উন্নয়ন অগ্রগতির জন্য একটি দৃঢ় ভিত্তি প্রদান করেছেন।’
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।
মাসাতসুগু আসাকাওয়া বলেছেন, বাংলাদেশের বিশ্বস্ত এবং দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি একটি গভীর অংশীদারিত্বের মাধ্যমে আপনার সরকারের উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের সমৃদ্ধির যাত্রায় সহায়তা করতে এডিবি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’