শনিবার, অক্টোবর ১০, ২০২৬

আম্পায়ারে ভুলে ব্যাটিংয়ের সুযোগ পান রোহিত!

ম্যাচ টাই, সুপার ওভারও টাই, পরে আবার হলো সুপার ওভার। যেখানে আফগানিস্তানকে ১০ রানে হারিয়েছে ভারত।
তবে অবিশ্বাস্য এই ম্যাচে বিতর্ক জুড়ে দিয়েছে রোহিত শর্মার ব্যাটিং।
নির্ধারিত ম্যাচে অপরাজিত সেঞ্চুরির পর প্রথম সুপার ওভারে ব্যাটিংয়ে নামেন রোহিত। ১৭ রান তাড়ায় আজমতউল্লাহ ওমরজাইয়ের পরপর দুই ছক্কা হাঁকিয়ে পঞ্চম বলে সিঙ্গেল নেন তিনি। শেষ বলে ২ রান দরকার ছিল। তাই নন স্ট্রাইক প্রান্তে কৌশলগত সিদ্ধান্ত নেয় ভারত। রোহিতকে তুলে নিয়ে নামানো হয় রিংকু সিংকে। যাতে করে তিনি দ্রুত দৌড়াতে পারেন। শেষ বলে কেবল এক রানই নিতে পারেন যশস্বী জসওয়াল। তাই আবারও সুপার ওভারে গড়ায় ম্যাচ।
এবারও ভারতের হয়ে ব্যাটিংয়ে নামেন রোহিত। নিয়ম অনুযায়ী, প্রথম সুপার ওভারে আউট হওয়া ব্যাটার পরের সুপার ওভারে ব্যাটিংয়ে নামতে পারবেন না। এখন রোহিত প্রথম সুপার ওভারে রিটায়ার্ড হার্ট নাকি রিটায়ার্ড আউট ছিলেন সেটাই প্রশ্ন? ম্যাচ অফিসিয়ালরা কিছুই পরিষ্কার করেননি।
আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো ব্যাটারকে রিটায়ার্ড হার্ট হতে হলে ইনজুরি বা অনিবার্য কারণ দেখাতে হয়। রোহিতের এমন কিছুই ছিল না। তিনি স্বেচ্ছায়ই মাঠ থেকে উঠে যান। নিয়ম মতে, তিনি রিটায়ার্ড আউট। কিন্তু আম্পায়রের ভুলে আবারও ব্যাটিংয়ে নেমে যান ভারতীয় অধিনায়ক। ফরিদ আহমেদের ওভারে এক ছক্কা ও এক চার মেরে ভারতকে এনে দেন ১১ রানের সংগ্রহ। পরে ব্যাটিংয়ে নেমে ১ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান।

ম্যাচশেষে রোহিতের প্রসঙ্গে আফগান কোচ জনাথন ট্রট বলেন, ‘আমার কোনো ধারণা নেই। এর আগে কি কখনো দুটি সুপার ওভার হয়েছে? বলতে চাচ্ছি, এটা নতুন কিছু। আমি যেটা বলার চেষ্টা করছি, আমরা নিয়মগুলোকে প্রতিনিয়ত পরীক্ষা করছি, নীতিমালাকে পরীক্ষা করছি। ’
রোহিত যে রিটায়ার্ড আউট ছিলেন সেটা পরিষ্কার করেন রাহুল দ্রাবিড়ই। ভারতের হেড কোচ বলেন, ‘নিজেকে ওই সময়ে আউট করা অশ্বিন পর্যায়ের চিন্তাভাবনা। ’ ২০২২ আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলার সময়ে রিটায়ার্ড আউট হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশে গম রফতানিতে আগ্রহ রাশিয়া

বাংলাদেশে গম রফতানির আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্টিটস্কি। খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে সচিবালয়ে খাদ্যমন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সময় তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যের প্রসার ও গম রফতানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। রাশিয়াকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী বন্ধু বলেও উল্লেখ করেন তিনি।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে রাশিয়া ভূমিকা রাখতে আগ্রহী।
এসময় দ্বিতীয় মেয়াদে মন্ত্রী নির্বাচিত হওয়ায় খাদ্য মন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।
খাদ্যমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতকে গম রফতানির আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন,খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেনসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে আরও বিদেশি নেতাদের অভিনন্দন

পঞ্চম ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন লন্ডনের হাউস অব কমন্স সভার দুই সদস্য, কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিইআইসি) ও যুক্তরাজ্যের লেবার পার্টির দুই সদস্য।
আলাদা বার্তায় তারা শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন এবং পারস্পরিক ও আন্তর্জাতিক স্বার্থে তার সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন।
বাংলাদেশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ জানিয়েছে, লন্ডনের সাউথ হল হাউস অব কমন্সের ইলিং-এর পার্লামেন্ট সদস্য এবং ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র শর্মা ১২ জানুয়ারি শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে লিখেছেন, ‘নির্বাচনে জয়ী হওয়ায় আমি আপনাকে লিখিতভাবে অভিনন্দন জানাতে চাই। আপনার নেতৃত্বে বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে এবং অনেকের কাছে আপনি যে সম্মান পেয়েছেন নির্বাচনে আপনার জয়লাভ তারই প্রমাণ।’
লন্ডনের হাউস অব কমন্সের পিটারবোরোর সংসদ সদস্য পল ব্রিস্টো শেখ হাসিনাকে লেখা আরেক চিঠিতে বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী হিসেবে আপনার অবিশ্বাস্য রেকর্ড এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী নারী সরকারপ্রধান হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। এটা স্পষ্ট যে, প্রধানমন্ত্রী হিসেবে আপনার নেতৃত্বে সরকার বাংলাদেশের জন্য ফলাফল বয়ে আনছে এবং জনগণের জীবনযাত্রার মানের উন্নতি হচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা অপর এক চিঠিতে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান লর্ড মারল্যান্ড অব ওডস্টক বলেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাধারণ নির্বাচনে আপনার সাম্প্রতিক বিজয়ের জন্য আমাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের যে বিশ্বাস ও আস্থা রয়েছে আপনার পুনর্নির্বাচন তারই প্রমাণ।’

১২ জানুয়ারি শেখ হাসিনাকে যুক্তরাজ্যের লেবার পার্টি ফ্রেন্ডস অব বাংলাদেশের চিঠিতে হাওয়ার্ড দাবার চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক সৈয়দ বাশার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আমরা আপনাকে অভিনন্দন জানাই। আমরা আগামী বছরগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে এবং যুক্তরাজ্যের সিনিয়র সংসদ সদস্যদের নিজেদের অভিজ্ঞতা অর্জনের জন্য আরও বেশি করে বাংলাদেশ সফরের ব্যবস্থা করতে অপেক্ষায় আছি।

এবার ইরানে পাকিস্তানের পাল্টা হামলা, নিহত ৭

ইরানে এবার পাল্টা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ৭ নারী ও শিশু নিহত হয়েছেন। বেলুচিস্তান প্রদেশে ইরানের হামলার জবাবে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এই হামলা চালিয়েছে পরমাণু শক্তিধর এই দেশটি।
পকিস্তান অবশ্য ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে পাকিস্তান বৃহস্পতিবার হামলা চালিয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে ইসরায়েল-সংশ্লিষ্ট জঙ্গি ঘাঁটিতে ইরান আক্রমণ করার দুই দিন পরে পাকিস্তান এই হামলা চালাল।
ইরানি মিডিয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে তিন নারী ও চার শিশু নিহত হয়েছে। নিহতরা সবাই অ-ইরানি নাগরিক।
পাকিস্তানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানের সময় বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া এই অভিযানকে ‘সন্ত্রাসী আস্তানাগুলোর বিরুদ্ধে অত্যন্ত সমন্বিত এবং বিশেষ লক্ষ্যবস্তুতে সামরিক হামলা’ হিসাবেও বর্ণনা করেছে মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়েছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে পাকিস্তান। তবে আজকের এই হামলার একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করা। এটি সব কিছুর ওপরে এবং এই বিষয়ে কোনও আপস করা যায় না।’

পাকিস্তানের একটি গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, সামরিক বিমানের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ‘আমাদের বাহিনী ইরানের অভ্যন্তরে বেলুচ জঙ্গিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হামলার টার্গেটে থাকা জঙ্গিরা বিএলএফের অন্তর্ভুক্ত।’
এর আগে, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্থানীয় জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আকাশসীমা লঙ্ঘন করে ইরানের চালানো এই হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হন।

প্রাক্তন প্রেমিক পরমকে নিয়ে মুখ খুললেন স্বস্তিকা

স্বস্তিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন পরমব্রত। গেল বছর পিয়া চক্রবর্তীকয়ে বিয়ে করেও আলোচনার শীর্ষে ছিলেন এই অভিনেতা। তবে পরমের সঙ্গে সম্পর্কে জড়ালেও গাঁটছড়া বাঁধা হয়নি স্বস্তিকার। এবার প্রাক্তন প্রেমিককে নিয়ে মুখ খুললেন এই নায়িকা।
পিয়াকে বিয়ে করার পর দুই বাংলায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন পরম। তাদের বিয়ের প্রসঙ্গে মুখ খুলেছেন বহু তারকা। বলা যায়, সবাই এই জুটির নতুন জীবনকে সমর্থন করেছেন। সেই দলে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা।

সম্প্রতি ফের ভারতীয় গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে পরম-পিয়ার বিষয়ে কথা বলেন স্বস্তিকা। এসময় অভিনেত্রী জানান, তিক্ততা জিইয়ে রাখার অভ্যাস তার নেই।
স্বস্তিকা বলেন, পরমের কথা ভাবলে, ওর সঙ্গে কাটানো ভাল সময়টাই মনে পড়ে। সেই জন্য হয়তো সে দিন বাড়ি ফেরার সময় ওকে জড়িয়ে ধরে বলতে পারলাম যে, ভালো থাকিস। ও বলল, বাড়িতে ডাকবে। পিয়াকে আমি দীর্ঘদিন ধরেই চিনি। ভীষণ ভালো লাগে মেয়েটাকে। পরমকে বললাম, ডাকিস, তোর জন্য না হলেও পিয়ার জন্য তোর বাড়িতে যাব।
কারণ, পিয়ার স্বামী কে, সেটা আমার কাছে জরুরি নয়। আমি আসলে তেমন মানুষই নই যে, কাউকে জড়িয়ে ধরে ভালো থাকিস বলতে পারব না। আর তাছাড়া কারও ভালো চাইতে পারব না কেন বলুন তো? কারও সঙ্গে তো আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়নি। আমাদের যে পেশা, সেখানে সেটা সম্ভবও নয়। কত জনের সঙ্গে এমন হলে কাজ করব না বলুন?
পরমের সঙ্গে নিজের পুরনো সম্পর্কের কথা স্মরণ করে স্বস্তিকা বলেন, বিয়ের পাঁচ-ছয় বছর পরে তো স্বামী-স্ত্রীও ভাই-বোন হয়ে যায়। আর ১৫ বছরে প্রাক্তন কি প্রাক্তনই থেকে যাবে? একই ইন্ডাস্ট্রিতে কাজ করি সবাই। তাদের ভালোমন্দের সঙ্গে আমিও মিশে আছি। অনেক বছর হয়ে গেলে কোনো ব্যক্তির মন্দগুলো আর মনে থাকে না। পরম বা সৃজিত যেই হোক, তাদের কথা যখন ভাবি, আমার কিন্তু ভালোগুলোই মনে পড়ে। খারাপ মনে রাখলে আমাদেরই ক্ষতি। তবে তিক্ততা জিইয়ে রেখে লাভ কি!
প্রসঙ্গত, ‘ব্রেক ফেল’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েন পরমব্রত-স্বস্তিকা। সম্পর্কের পুরো সময়টায় ব্যাপক চর্চায় ছিল এই তারকা জুটি। যদিও ২০১০ সালেই সেই সম্পর্ক শেষ হয়ে যায়। তবে এখনও ভালো বন্ধু হিসেবে রয়েছেন দুজন। পাশাপাশি কাজও করছেন একসঙ্গে।

ভাঙনের মুখে এষা-ভরতের সংসার!

বলিউড প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ও হেমা মালিনীর কন্যা এষা। বলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা এষা দেওলকে নিয়ে। সংসার ভাঙতে বসেছে তার।
২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এষা।
২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা। তার দুবছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম। সাজানো-গোছানো সংসার ছিল। এবার সেটাই নাকি ভাঙতে বসেছে। শোনা যাচ্ছে এমনটাই।
গেল বছর প্রায় সব অনুষ্ঠানে একাই এসেছেন এষা। হেমা মালিনীর জন্মদিন থেকে শুরু করে বলিউডের কোনো বিয়ের অনুষ্ঠান, সব জায়গায় একা এষা। যদিও দেওল পরিবারের সব অনুষ্ঠানে এষাকে দেখা যেত তার স্বামীর সঙ্গে। গত কয়েক মাস ধরেই নাকি তারা আলাদা।
শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি ইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এষাকে। এমনকি অভিনেত্রীর জন্মদিনেও দেখা মেলেনি তার স্বামীর।
এষার স্বামী নাকি বেঙ্গালুরুতে তাঁর প্রেমিকার সঙ্গে একত্রবাস করছেন। এমন নানা জল্পনা এখন মায়ানগরী জুড়ে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি এষা বা ভরতের কেউই। তবে কি শুধুই জল্পনা, না কি যা রটে তার কিছুটা ঘটে!
এদিকে ধর্মেন্দ্রের প্রথম পক্ষের সন্তান সানি দেওল ও ববি দেওল নিজের পুরানো জায়গা ফিরে পেয়েছেন বলিউডে। দুই ভাইয়ের সাফল্যে খুশি দেওল পরিবার। ঠিক সেই সময় জোর গুঞ্জন ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা এষা দেওলকে নিয়ে।

অস্ট্রেলিয়ান ওপেন: কর্ষ্টাজিত জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

ফর্মের তুঙ্গে থাকা নোভোক জোকোভিচ উঠে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে। বুধবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ৩ ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে অ্যালেক্সি পপেরিনকে ৬-৩, ৪-৬, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে হারিয়ে দেন তিনি।
বুধবার ঘরের মাঠে অবশ্য দর্শকদের অকুণ্ঠ সমর্থনে অ্যালেক্সি পপেরিন দ্বিতীয় সেট জিতে অবিশ্বাস্য কিছুর ইঙ্গিত দিলেন দেন। সোয়া এক ঘণ্টার তৃতীয় সেটেও লড়াই হয় হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত অবশ্য পেরে উঠেননি। কঠিন লড়াইয়ে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে এই নিয়ে টানা ৩০ ম্যাচ জিতলেন এখানে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জোকো।
অ্যালেক্সি পপেরিনের বিপক্ষে জিতলেও যে চেনা ছন্দের কাছাকাছিও ছিলেন না জোকোভিচ। বুধবার ম্যাচ শেষে তা স্বীকার করে নিলেন পুরুষ এককে রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামে জয়ী সার্বিয়ান তারকা, ‘আমি মনে করি না আমার সেরাটা আজ খেলতে পেরেছি। আমি বিশেষ কিছু করিনি, দেড় সেটে সেই (পপেরিন) ভালো খেলেছে। টাই-ব্রেকের পর মোমেন্টাম বদলে যায়।’
জোকো আরও বলেন, ‘ট্যাকটিক্যালি সঠিক ম্যাচ পরিকল্পনা নিয়ে আসার এবং দারুণ সব সার্ভের জন্য তাকে কৃতিত্ব দিতে হবে। তার বাহবা প্রাপ্য।’
শিরোপা ধরে রাখার অভিযানে তৃতীয় রাউন্ডে আর্জেন্টিনার ৩০তম বাছাই তমাস মার্তিন এচেভেরির মুখোমুখি হবেন জোকোভিচ।

ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো পাকিস্তান

পাকিস্তানের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এর আগে ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের কথা জানায় পাকিস্তান। এ ছাড়া দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সব বৈঠক স্থগিতে সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
বুধবার সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ বলেন, ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একই সঙ্গে বর্তমানে তেহরানে অবস্থান করা ইরানি রাষ্ট্রদূতও আপাতত ইসলামাবাদে ফিরছেন না।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশটিতে গতকাল মঙ্গলবার রাতে ‘বিধিবহির্ভূতভাবে’ বিমান হামলা চালিয়েছে ইরান। এতে দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে কোথায় এ হামলা হয়েছে, তার উল্লেখ বিবৃতিতে নেই।
অবশ্য পাকিস্তানের বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশে সীমান্তবর্তী পাঞ্জগুর শহরে এ হামলা হয়েছে। বেলুচিস্তান প্রদেশের সঙ্গে ইরানের প্রায় এক হাজার কিলোমিটারের দীর্ঘ সীমান্ত আছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের সার্বভৌমত্বের এ লঙ্ঘন সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর পরিণাম গুরুতর হতে পারে।

সাংবাদিককে থুথু মেরে জরিমানা দিলেন নির্মাতা

চলচ্চিত্র নির্মাতা মাইওয়েন। গেল বছর ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের উদ্ধোধনী দিনে প্রদর্শিত হয়েছিল তার নির্মিত সিনেমা ‘জঁ দ্যু ব্যারি’। এতে অভিনয় করেছিলেন জনি ডেপ। তবে যেদিন সিনেমাটির টিম যেদিন লালগালিচায় হাঁটছিল, সেদিন ফরাসি সাংবাদিক এডউই প্লেনেলের মুখে থুথু মেরেছিলেন মাইওয়েন।
সেসময় চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক শোরগোল হয় বিষয়টি নিয়ে। এমনকি মামলা গড়ায় আদালত পর্যন্ত। এবার সাংবাদিককে থুথু মারার কারণে জরিমানা গুণতে হলো মাইওয়েনকে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ ঘটনায় মাইওয়েনকে ৪০০ ইউরো (৪৩৫ ডলার) জরিমানা দেয়ার নির্দেশ দেয় ফরাসি আদালত। মূলত নির্মাতার কাজে কোনো বাধা না দেওয়া সত্ত্বেও সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করায় এই জরিমানা ধার্য করা হয়।
দায়ের করা মামলার নথিতে উল্লেখ করা হয়েছে— রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন প্লেনেল। পাশেই অন্য একটি টেবিলে বসে ছিলেন নির্মাতা মাইওয়েন। হঠাৎই তিনি নিজের টেবিল থেকে উঠে এসে প্লেনেলের চুল ধরে মুখে থুথু ছিটিয়ে দেন। তারপর রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান তিনি। এই ঘটনায় রীতিমতো ট্রমায় পড়ে যান ওই সাংবাদিক।
এর আগে গণমাধ্যমেকয়ে দেওয়া এক সাক্ষাৎকারে প্লেনেল জানিয়েছিলেন, ‘লিও দ্য প্রফেশনাল’ খ্যাত নির্মাতা লুক বেসনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছিল মিডিয়াপার্ট। সে কারণেই ব্যাপক ক্ষুব্ধ হয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন মাইওয়েন।
যদিও প্লেনেলের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মাইওয়েন বলেন, ওই তদন্ত প্রতিবেদনের জন্য নয়, বরং আমার সঙ্গে তারা যেমনটা করেছেন সেটা ছিল ‘নৈতিকভাবে ধর্ষণের’ শামিল। আর তাই এই ঘটনার আমি ক্ষমা চাই না এবং অনুশোচনাও করি না। আমি সেসময় যা অনুভব করেছি, তার কোনো ক্ষতিপূরণ হয় না।

উল্লেখ্য, ১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন লুক বেসন-মাইওয়েন। বিয়ের সময় বেসনের বয়স ৩৩ ও মাইওয়েনের বয়স ছিল ১৬ বছর। তবে তাদের সংসার খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৯৭ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। তাদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে।

অসুস্থ ছেলের চিকিৎসার জন্য ভারতে পরীমনি

গেল সপ্তাহে নানাবাড়ি বরিশাল থেকে ফেরার পথে রাস্তায় ফলের দোকানের ফল খেয়ে সন্তান ও বাসার কয়েকজনসহ অসুস্থ হয়ে পড়েন নায়িকা পরীমনি। এরপর থেকে ছেলে পদ্ম ও তিনি চিকিৎসাধীন ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। ১৪ জানুয়ারি ফেসবুক মারফত এখবর জানিয়েছেন পরী নিজেই।
জানিয়েছিলেন, অসুস্থ অন্যরা খানিক সুস্থ হলেও পদ্মর শরীর ক্রমাগত খারাপ হচ্ছিল। এবার জানা গেল, উন্নত চিকিৎসার জন্য একমাত্র সন্তানকে নিয়ে ভারতে গেছেন পরীমনি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

পরীমনি ও রাজ্যকে বিমান বন্দরে বিদায় জানিয়ে এসে নির্মাতা চয়নিকা ফেসবুকে লিখেন,“এভারকেয়ার হাসপাতালে টানা ৭ দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমনি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্ত কিছুই করার নেই।”
সবার কাছে দোয়া চেয়ে চয়নিকা লিখেন,“আপনারা সবাই পদ্ম ও পরীর জন্যে দোয়া/প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’
এসময় পরীর সঙ্গে ভারতে না যেতে পারার আক্ষেপও দেখা যায় চয়নিকার লেখায়। এ বিষয়ে ‘বিশ্বসুন্দরী’র নির্মাতা লিখেন,“ইন্ডিয়ান ভিসা থাকলে সত্যি তোমার আর পদ্ম’র পথের সাথী হতাম, আমাকে বলতে হতো না। তুমি তা জানো। আমি জানি, আমি সাথে গেলে তোমার অনেক রিলিফ লাগতো। তোমাকেও এইভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগেনি। অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেবার সময়।”