শনিবার, অক্টোবর ১০, ২০২৬

পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) পর্দা উঠলো। আজ রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে মাসব্যাপী এ মেলার ২৮তম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ১০টায় ৩৫ মিনিটে মেলাপ্রাঙ্গণে উপস্থিত হন তিনি।
আগের মতো মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর সাপ্তাহিক ছুটির দিন চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে বড়দের জন্য ৫০ টাকা, শিশুদের জন্য ২৫ টাকা।
রপ্তানি বাণিজ্য উন্নয়নের অন্যতম প্রধান কৌশল হচ্ছে পণ্য উন্নয়ন ও পণ্যের বহুমুখী বাজার সৃষ্টিকরণ। আর পণ্যের বাজার সৃষ্টিকরণের অন্যতম প্রধান কৌশল হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজন ও মেলায় অংশগ্রহণ। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজন করা হচ্ছে।
মেলার ২৫টি পর্ব আয়োজিত হয়েছে শের-ই-বাংলা নগরের উন্মুক্ত মাঠে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাণিজ্যমেলার জন্য নির্মিত স্থায়ী ভেন্যু বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ডিআইটিএফ-২০২২ আয়োজনের মধ্য দিয়ে দেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়ন ও সম্প্রসারণে যুক্ত হয়েছে এক নতুন মাত্রা। এই স্থায়ী মেলা কমপ্লেক্সে তৃতীয়বারের মতো হচ্ছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪। চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখন থেকে প্রতি বছর এখানেই আন্তর্জাতিক বাণিজ্যমেলার আসর বসবে।

ইপিবি জানিয়েছে, এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নেবে। মেলায় এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শিত হবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।
এবার মেলায় যাতায়াতের সুবিধার জন্য মেট্রোরেল ও এলিভেটেট এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করতে ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। যাতে উত্তরা বা মতিঝিল থেকে যারা মেলায় আসবেন তারা মেট্রোরেল এসে ফার্মগেট থেকে বাসে এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা মেলায় চলে আসতে পারেন সেই সুবিধা রাখা হয়েছে। এছাড়াও সাধারণ দর্শনার্থীদের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড থেকে মেলা পর্যন্ত বিআরটিসি ও কয়েকটি যাত্রীবাহী বাসের ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। মেলা চলাকালীন এ বাস সার্ভিস চালু থাকবে। এবারের বাণিজ্যমেলার লে-আউট প্ল্যান (সংশোধিত) অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, রেস্টুরেন্ট ও স্টলের মোট সংখ্যা ৩৫১টি।

মেলার সার্বিক নিরাপত্তা এবং আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণার্থে মেলাপ্রাঙ্গণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব নিয়োজিত থাকবে। এছাড়া সার্ভিস গেট ও ভিআইপি গেটের শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে। নিরাপত্তা অগ্রাধিকার বিবেচনায় মেলাপ্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ, পার্কিং এরিয়া এবং সংশ্লিষ্ট সব এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি স্থাপন করা হয়েছে। এছাড়া মেলার প্রবেশপথে প্রয়োজনীয় সংখ্যক আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে যে কোনো ধরনের অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে মেলায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে ফায়ার ব্রিগেড।
মেলার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য মেলায় স্থাপন করা হয়েছে একটি অস্থায়ী সচিবালয়। দর্শনার্থীদের সব প্রকার তথ্য প্রদানের জন্য রয়েছে একটি তথ্যকেন্দ্র। ব্যাংকিং সার্ভিসের জন্য মেলায় থাকছে ডাচ্-বাংলা ও ইসলামী ব্যাংকের একাধিক বুথ। এছাড়া মেলায় থাকছে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের সার্ভিস বুথ। মেলায় প্রাথমিক স্বাস্থ্যসেবার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। মা ও শিশুদের কথা বিবেচনা করে মেলায় স্থাপন করা হয়েছে দুটি মা ও শিশুকেন্দ্র। অন্যান্য প্রয়োজনীয় সেবার মধ্যে রক্ত সংগ্রহ কেন্দ্র, মসজিদ, নিউট্রিশন অ্যান্ড অটিজম সেবা, দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক ও শোভন চেয়ার বেঞ্চ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে।
বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ, স্বাধীনতা সংগ্রাম, উন্নত শিল্প সমৃদ্ধ-সোনার বাংলা বিনির্মাণে তার অবদান ও ভাবনা, দেশের উন্নয়ন ইত্যাদিকে প্রক্ষেপণ করে এবারের বঙ্গবন্ধু প্যাভিলিয়ন অধিকতর নান্দনিক, ভাবগাম্ভীর্য ও অর্থপূর্ণভাবে নির্মাণ করা হয়েছে। যেখানে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আদর্শের বিভিন্ন দিক ছাড়াও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার প্রকৃত ইতিহাস সবার কাছে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও প্রয়াস নেওয়া হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু প্যাভিলিয়নের ভেতরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন ছাড়াও সম্পর্কিত বই এবং তার জীবন ও কর্মভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

সকলের সহযোগিতায় নিয়ে কাজ করতে চাই : এমপি রনজিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল তালুকদার মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ম সাধারণ স¤পাদক কাজী আশরাফুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক জহিরুল হক তালুকদার, জেলা পরিষদের সদস্য দীপক তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান আবু হানিফা প্রমূখ।
নবাগত সাংসদ সদস্য এড. রনজিত চন্দ্র সরকার বলেন, আমি চার দিন হল শপথ নিয়েছি, এ আসনে চারটি উপজেলা রয়েছে। সুনামগঞ্জ-১ আসনটি সকল কাজে অবহেলিত তাই সকলের সহযোগিতায় কাজ করতে চাই। হাওর রক্ষা বাঁধের কাজ শুর“ হয়েছে, সেই দিকে সবাইকে নজর রাখতে হবে যাতে করে হাওর রক্ষা বাঁধ সঠিকভাবে ও যথা সময়ে স¤পন্ন হয়। কৃষক যেন সুন্দর ভাবে কৃষি কাজ করতে পারে।

বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
একইসঙ্গে তারা সংস্কার চাচ্ছেন, সংস্কার তো অবশ্যই দরকার বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসেছিলেন রোহিঙ্গা ক্যাম্পে। আমিই তাকে নিয়ে গিয়েছিলাম। রোহিঙ্গারা তো এখনো যায়নি, যে কারণে সেই সম্পর্ক আছে। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য কাজ করে। তারা বাংলাদেশকে সহায়তা করতে চান।
বিশ্বব্যাংক যে বাংলাদেশের অর্থনীতিতে সংস্কার চাচ্ছে, এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার তারা চাচ্ছেন। সংস্কারতো অবশ্যই দরকার। তারা বলেছেন, সহায়তা করতে প্রস্তুত।
তবে কোনো কোনো জায়গায় সহায়তা দরকার, তা নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
অর্থমন্ত্রী বলেন, দেখি আমরা, কাজ শুরু করি। আমাদের মধ্যে ব্যাপক একটা সম্পর্ক রয়েছে। তারা সেটা অব্যাহত রাখবেন।
এর আগে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ৫২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা করেছি। আরও ১৬ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহায়তা করা হবে। বাংলাদেশের ২০৪১ সালের পরিকল্পনা সামনে রেখে অর্থ সহায়তা যেমন দরকার, তেমনই সংস্কারও করতে হবে।

দেশে করোনার নতুন ধরন জেএন.১ শনাক্ত

দেশে করোনাভাইরাসের অমিক্রন ধরনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। পাঁচ ব্যক্তির দেহে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন এ তথ্য জানান।
তিনি বলেন, পাঁচটি নমুনায় অমিক্রনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এই উপধরন শনাক্ত হয়।
করোনার নতুন উপধরন জেএন.১ এর কথা মাসখানেক আগেই বিশ্ববাসীকে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি তখন বলেছিল, করোনার এই নতুন ধরনটি বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে ভারত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে করোনার এই ধরনটি পাওয়া গেছে। দ্রুত ছড়ানোর কারণে ডব্লিউএইচও এটিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করেছে ।
ধারণা করা হচ্ছে, অমিক্রনের আরেক উপধরন বিএ.২.৮৬ ধরনের তুলনায় জেএন.১ এর স্পাইক প্রোটিনের অতিরিক্ত পরিবর্তনের কারণে সব অঞ্চলে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। বিএ.২.৮৬ ধরন থেকেই জেএন.১-এর উৎপত্তি।
তবে করোনাভাইরাস প্রতিরোধে বিদ্যমান যে টিকাগুলো রয়েছে, সেগুলোই জেএন.১ থেকে মানুষকে সুরক্ষা দিতে সক্ষম বলে জানায় ডব্লিউএইচও।

২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রাত পর্যন্ত চলবে মেট্রোরেল

উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে পুরো সময়ে চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।
তিনি জানান, আগামী ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবকটি স্টেশন হয়ে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।
বর্তমানে উত্তরা-আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রো ট্রেন। আর উত্তরা-মতিঝিল পথে চলছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহুল প্রতীক্ষিত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন। এরপর ৫ নভেম্বর থেকে উত্তরা-মতিঝিল রুটে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলছে মেট্রোরেল। বেলা সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও রুটে চলাচল বন্ধ থাকলেও উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল।
২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ধাপের উদ্বোধন করা হয়। এরপর ২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রো ট্রেনে চড়ে। এরপর ধাপে ধাপে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন খুলে দেওয়া হয়।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৯ মার্চ

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রয়ক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেন্ট (এমসিকিউ টাইপ) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তী সময়ে যে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রা হয়েছে।
গত বছরের ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। ৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

চাল-গমের দাম কমাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল ও গমের দাম কমাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ থেকে প্রভাব পড়তে শুরু করেছে অর্থাৎ দাম কমতে শুরু করেছে। কিন্তু ‘সংকটকালে মন্ত্রী মুখে কুলুপ এঁটে আছেন’ সংবাদমাধ্যমের এমন ভাষা মানসিকভাবে আহত করে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্ক ‘র সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অভিযান সবসময়ই চলবে। সমস্যা থাকবেই, সেই সুযোগে কারসাজি মেনে নেয়া যায় না। চলতি মাস শেষে ও সামনের মাসের শুরুতে বাজার আরও বোঝা যাবে। কারণ বেশিরভাগ মানুষের বেতন ঐ সময়ে হয়।
তিনি বলেন, গম মূলত রাশিয়া থেকেই কেনা হয়। রাশিয়ায় অধিকাংশ গম উৎপন্ন হয় মূলত জুন-জুলাইয়ের দিকে। সেক্ষেত্রে আগামী অর্থবছরেই কিনতে হবে। তবে প্রস্তুতি শুরু হবে এপ্রিলে। তবে চাইলে এখনই চাহিদামতো আমাদানি করা যাবে।
তিনি আরও বলেন, চলমান শীতে, বিশেষ করে তীব্র কুয়াশায় বীজতলা নষ্ট হচ্ছে এবং ধান শুকাতে ঝামেলা হচ্ছে। এদিকে আজ থেকে চালের দাম নিয়ন্ত্রণে ৮ বিভাগে অভিযান চালানো হবে। এ সময় কোনো মজুদ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশের টিআইবি বিএনপির দালাল : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা একপেশে, বিএনপির ওকালতি করে তারা। তারা সরকার বিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংযে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি, টিআইবি সব সময় আওয়ামী লীগ বিরোধী ছিল। সব সময় বিএনপির পক্ষে কাজ করেছে তারা। গবেষণা নিয়ে কাজ করে তারা। কিন্তু তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খোঁজে পাচ্ছি না। টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিন্তু বাস্তবতা কী দেশবাসী দেখেছে।
টিআইবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা একপেশে পক্ষপাতিত্ব করে সেটা বলছি, সব ব্যাপারে কি মামলা ঠুকে দিতে হবে?
ওবায়দুল কাদের বলেন, টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব, এটা কিন্তু টিআইবির বক্তব্য। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিছু কিছু বিষয় আছে যেটা আমরা জবাব দেই রাজনৈতিকভাবে, আমরা উত্তর দেই দেশের মানুষের পার্সেপশান যেন ভিন্নখাতে না যায়। রাজনৈতিকভাবে আমরা কথাবার্তা বলি। সব কিছু আইনগতভাবে হয় না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা একটা রাজনৈতিক দল, আমাদের পার্টির এই নির্বাচনকে সামনে রেখে একটা কৌশল ছিল, রাজনীতিতে রণকৌশল থাকবেই, আমরা একটা রণকৌশল অবলম্বন করেছি। ভেতরে দ্বন্দ্ব, অন্তর কলহ এগুলো আওয়ামী লীগে নতুন হচ্ছে এমন না। সব রাজনৈতিক দলেরই এইসব ব্যাপারে সুখকর নয়। এটার সমাধান আবার সেই দলই করে।
তিনি আরও বলেন, একাধারে ১৫ বছর আমরা ক্ষমতায়। এসবের মধ্যেই তো সব কিছু মোকাবিলা করি। এটাও আমাদের চলার পথে চ্যালেঞ্জ। এটা আমরা দলীয়ভাবে অবশ্যই মোকাবিলা করব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের পার্টিতে যত সমস্যায় থাকুক, আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ। আমাদের সুবিধাটা কিন্তু এখানেই। যেখানে আমাদের একজন নেতা আছেন যার প্রশ্নে কোন বিরোধ নেই।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, পারভীন জামান কল্পনা, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৬ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এসময় তাদের হেফাজত থেকে ১০৪০ পিস ইয়াবা, ৫৭.২ গ্রাম হেরোইন, ৮৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪ বোতল বিদেশি মদ ও ২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা রুজু হয়েছে।

রমজানে টিসিবির পণ্য সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী রমজান পর্যন্ত প্রয়োজনীয় পণ্যের সংগ্রহ করেছে; তাই সে সময় নিত্যপণ্যের কোনও সংকট হবে না বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
টিসিবি রমজান মাসে ঢাকায় খেজুর এবং সারা দেশে ছোলা বিক্রি করবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে চালের বাজারে অস্থিরতা লক্ষ্য করছি। আমরা চালের বাজারে গিয়ে তাদের ব্যবস্থাপনা দেখব। মিল থেকে দোকান পর্যন্ত সাপ্লাই চেইনে যাতে কোনো প্রতিবন্ধকতা না থাকে সেটি দূর করার উদ্যোগ নেব।
তিনি আরও বলেন, আমরা মোট এক কোটি পরিবারকে স্মার্ট কার্ড দেব। ২০ লাখ স্মার্ট কার্ড আমাদের তৈরি হয়ে গেছে। সেটা আমরা ডিস্ট্রিবিউশন করছি। আগামীতে আমরা চেষ্টা করব যেন সবাইকে এর সঙ্গে সম্পৃক্ত করতে পারি। আমরা আগে শুরু করেছিলাম ট্রাক দিয়ে। আমরা ট্রাক থেকে এখন দোকানে এসেছি। পরবর্তীতে এটা ন্যায্য মূল্যের দোকানের মতো দেওয়ার ব্যবস্থা করবো। যাতে কর্মজীবীরা বিকেলে নিতে পারে।
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টিটু বলেন, উনি যে কাজ করে গেছেন, তার ফলশ্রুতিতেই এই পণ্যগুলো এখন পাওয়া যাচ্ছে। তাদের ধন্যবাদ জানাই, তারা যদি তাদের কাজগুলো সুন্দরভাবে না করতো, তাহলে আজকে আমরা এই কার্যক্রমটি শুরু করতে পারতাম না।
সদ্য দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, উনি বাণিজ্য মন্ত্রণায়ের প্রস্তাবের ভিত্তিতে বুধবার ঘোষণা দিয়েছেন, ৩১ মার্চ পর্যন্ত আটটি পণ্যের এলসি মার্জিন শতভাগ লাগবে না। ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এর মার্জিন হবে। সেই সঙ্গে তাদের আর ডলারও সংগ্রহ করতে হবে না। ব্যাংকই ডলারের ব্যবস্থা করে দেবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভোক্তার নাগালের মধ্যে সব পণ্যের ব্যবস্থা করতে। আমি আশ্বস্ত করতে চাই, রমজান পর্যন্ত টিসিবির কোনো পণ্যের সরবরাহে কোনো সমস্যা হবে না। ভয়, ভীতি, জরিমানা এগুলো আমাদের উদ্দেশ্য নয়। উৎপাদন ও রপ্তানিকারকের মাধ্যমে রিটেইলারের মাধ্যমে ভোক্তার কাছে যেন সহজে সব পণ্য পৌঁছে যায়, আমাদের উদ্দেশ্য এটাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, টিসিবির মাধ্যমে প্রথমে আমরা তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করি। রমজানের সময় এর সঙ্গে ছোলা ও খেজুর যুক্ত হয়। আমাদের উপকারভোগীরা এর সঙ্গে চাল দেওয়ার দাবি জানায়। প্রধানমন্ত্রী এটি শোনার পর এই প্যাকেজের সঙ্গে চাল দেওয়ার নির্দেশনা দেন। গত বছরের জুলাই মাস থেকে আমরা ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল দেওয়া শুরু করি।
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে অবস্থিত কিশলয় স্কুল সংলগ্ন পার্ক মাঠে নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আয়োজন করে টিসিবি আঞ্চলিক কার্যালয়। এতে সহযোগিতা করে টিসিবির ডিলার মেসার্স সদাই জেনারেল স্টোরের সত্ত্বাধিকারী মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষদের ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৬০ টাকা দরে দুই কেজি মশুর ডাল, ৭০ টাকা দরে এক কেজি চিনি ও ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল দেওয়া হয়।