শনিবার, অক্টোবর ১০, ২০২৬

দু-একদিনের মধ্যে গ্যাসের সংকট কমবে : প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আশা প্রকাশ করে বলেছেন, ঢাকা ও চট্টগ্রামের গ্যাস-সংকট আগামী দু-একদিনের মধ্যে কমে যাবে।
আজ রোববার (২১ জানুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, শীতের সময় গ্যাসের সংকট এমনিতেও থাকে। দেশের প্রায় ৭৫ শতাংশ গ্রাহক এলপিজি ব্যবহার করেন। বাসা-বাড়িতে চুলায় গ্যাসের সংযোগ খুব অল্প। চুলায় গ্যাস ব্যবহার করে ঢাকা এবং এর আশেপাশের কিছু অংশ, ময়মনসিংহ এবং চট্টগ্রামের কিছু অংশের মানুষ। বিস্তীর্ণ এলাকায় আমরা প্রায় সাড়ে সাত লাখ গ্যাসের অবৈধ লাইন উচ্ছেদ করেছি। তারপরও আবার নতুন করে অবৈধ লাইন চালু হচ্ছে। এ কারণে একটা বিরাট এলাকায় গ্যাস প্রাপ্তিতে সমস্যা দেখা দিচ্ছে।
সব গ্রাহকদের মিটারের মধ্যে নিয়ে আসার চেষ্টা চলছে জানিয়ে নসরুল হামিদ বলেন, এরই মধ্যে সাড়ে চার লাখ গ্যাস মিটার লাগানো হয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে আগামী তিন বছরের মাথায় সব জায়গায় গ্যাসের মিটার চালু করা। আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম গ্যাস মিটার স্থাপন করতে। কিন্তু পর্যাপ্ত অর্থের জন্য সেটি করতে দেরি হয়েছে। সে সমস্যার সমাধান হয়েছে। আমাদেরকে বিশ্বব্যাংক, এডিবি এবং জাপানের একটি প্রতিষ্ঠান ফাইন্যান্স করছে। এরই মধ্যে জালালাবাদে ৫০ হাজার মিটার, কর্ণফুলীতে আড়াই লাখ মিটার এবং ঢাকায় সাড়ে ৪ লাখ মিটার লাগানোর কাজ চলছে। আমরা চাইছি এলপিজির পরিধিটা আরও বাড়াতে।
প্রতিমন্ত্রী বলেন, এলপিজি এখন বাসা-বাড়ি এবং গাড়িতেও ব্যবহার হচ্ছে। অনেকে এর দাম কম-বেশি নিয়ে কথা বলেন। আমরা একটা মানদণ্ড ধরে দাম নির্ধারণের প্রক্রিয়া নিয়ে কাজ করছি। বিশ্ববাজারে এলপিজির দামের ওপর ভিত্তি করে দেশীয় বাজারে দাম নির্ধারণ করা হয়। এখন বিশ্ববাজারে দাম কিছুটা কম বলেই বাজারে কিছুটা কম দামে এলপিজি বিক্রি হচ্ছে। আমি সবাইকে আবারও অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরুন। আমরা শিগগিরই বাসা বাড়িতে মিটার লাগিয়ে নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগের চেষ্টা করছি।

কতদিনে এ সংকট সমাধান হবে, এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ সংকটের সমাধান হবে। এটা আমাদের অনেক আগের একটা পরিকল্পনা। আমাদের প্রায় ২০ লাখ মিটার বসাতে হবে। প্রায় ৫ থেকে ৭ বছর আগে জাইকা আমাদের এ প্রকল্পে ফান্ড দিয়েছিল। এখন নতুন করে অর্থের সম্ভাবনা পাওয়ায় আমরা আবার কাজ শুরু করেছি।
শীতকালেও লোডশেডিং কেন? এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে গ্যাসের ডিমান্ড প্রায় ৩৮০০ এমএমসিএফডি। আমরা এখন সরবরাহ করতে পারি ৩২০০ এমএমসিএফডি গ্যাস। এখানে আমাদের শিল্পকারখানা ও বিদ্যুৎ-এর ক্ষেত্রে একটা গ্যাপ থেকে যাচ্ছে। বেশ কিছুদিন গ্যাস না থাকায় পাওয়ার প্লান্ট কিছুটা বন্ধ রাখতে হয়েছে। এ কারণে আমাদের কিছুটা সমস্যা হয়েছে। আশা করছি আজ-কালের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।

চুক্তি ছাড়া জিম্মিদের উদ্ধার সম্ভব নয় : ইসরাইলি কমান্ডার

হামাসকে নির্মূল করা, আবার একইসঙ্গে তাদের হাতে আটক জিম্মিদের মুক্তি করা অপ্রাসঙ্গিক বলে জানিয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর চার জ্যৈষ্ঠ কমান্ডার।
শনিবার (২০ জানুয়ারি) নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এমন কথা জানান তারা। তবে এই কমান্ডারদের কেউই নিজেদের পরিচয় প্রকাশ করেননি।
যদিও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরবর্তীতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তারা কমান্ডারদের এ ধরনের মূল্যায়ন নিয়ে অবহিত নয় এবং তাদের মতামতের সঙ্গে আইডিএফের অবস্থানের কোনো মিল নেই।
নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ওই কমান্ডাররা জানিয়েছেন, হামাসের সঙ্গে লড়াই করতে গিয়ে তারা অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তারা আরও জানান, রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তহীনতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, হামাসের সঙ্গে কোনো চুক্তি ছাড়া জিম্মিদের উদ্ধার কোনোভাবেই সম্ভব নয়।

হামাসের গোপন সুড়ঙ্গ নিয়েও কথা বলেছেন কমান্ডাররা। তারা জানিয়েছেন, যুদ্ধ শুরুর আগে তারা ভেবেছিলেন গাজায় হামাসের ১০০ মাইল সুড়ঙ্গ রয়েছে। কিন্তু এখন তারা বুঝতে পারছেন ছোট্ট এ উপত্যকায় ৪৫০ মাইলেরও বেশি সুড়ঙ্গ তৈরি করেছে হামাস। আর সুড়ঙ্গগুলো এতটাই জটিল যে, যদি সেখানে কোনো জিম্মিকে উদ্ধারের চেষ্টা চালানো হয় তা হলে তাদের জীবিত উদ্ধারের কোনো নিশ্চয়তা নেই।
হামাসের সঙ্গে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত গাজার উত্তরাঞ্চলে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারলেও দক্ষিণাঞ্চলের খান ইউনিসে হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়ছে ইসরাইলি সেনারা।
গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬৫ নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮০ জন। এর ফলে মোট নিহতের সংখ্যা ২৫ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।
শনিবার (২০ জানুয়ারি) ছিল ইসরাইলের গাজা আগ্রাসনের ১০৬তম দিন। আল জাজিরার প্রতিবেদন মতে, আগের দিনগুলোর মতো এদিনও রাত থেকেই গাজার ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি দখলদার বাহিনী।

শনিবার হতাহতের হালনাগাদ তথ্য প্রকাশ করে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নতুন করে আরও ১৬৫ জন নিহত ও ২৮০ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ২৪ হাজার ৯২৭ জন। আহত হয়েছেন ৬২ হাজার ৩৮৮ জন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে : এস জয়শঙ্কর

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
১৯তম ন্যাম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, ‘শিগগির দিল্লিতে আপনাকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি।’
জয়শঙ্কর বলেন, উগান্ডার কাম্পালায় বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করতে পেরে তিনি আনন্দিত।
নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় দেশের মন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা করেন।
১৯-২০ জানুয়ারি অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাছান মাহমুদ।
আগামী ২১-২২ জানুয়ারি অনুষ্ঠেয় জি-৭৭’র দক্ষিণ সম্মেলনে (সাউথ সামিট) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বও দেবেন তিনি।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ তারেক পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার করতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সফরের আলোচ্যসূচি এখনও চূড়ান্ত হয়নি উল্লেখ করে ১৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ড. মাহমুদ বলেন, ‘এটি তিন দিনের সফর হতে পারে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে তিনি এ সফর করবেন।
সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই এ বিষয়ে যাবে না।’
জয়শঙ্কর এর আগে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ আমন্ত্রণ জানান।
পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে তাকে বলেন, তিনি শিগগির দিল্লি সফর করবেন।

এলএনজি টার্মিনালে ত্রুটি, ৭০০ মেগাওয়াট লোডশেডিং

কারিগরি ত্রুটির কারণে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটেছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে ৭০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শনিবার দেশে বিদ্যুতের চাহিদা ছিল ৯ হাজার ৬৪০ মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৮ হাজার ৯১৬ মেগাওয়াট।
এর আগে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার ফলে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশজুড়ে লোডশেডিং হতে পারে বলে জানিয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

রক্ষণাবেক্ষণ শেষে আনা মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সময়মতো চালু করতে না পারায় শুক্রবার দেশের পূর্বাঞ্চলে গ্যাস সরবরাহের ব্যবস্থা ভেঙে পড়ে। টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ ছয় জেলায় গ্যাস সরবরাহে বিপর্যয় ঘটে। বিতরণ কোম্পানির আগাম বিজ্ঞপ্তি ছাড়া হঠাৎ বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকরা। পাশাপাশি শিল্পকারখানার উৎপাদনও বিঘ্নিত হয়।
ছয় জেলার মধ্যে রয়েছে কর্ণফুলী বিতরণ কোম্পানির (কেজিডিসিএল) আওতাধীন চট্টগ্রাম, বাখরাবাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর এবং তিতাসের নারায়ণগঞ্জ। জাতীয় গ্রিডে সরবরাহ করা এলএনজির বড় অংশ এসব জেলায় সরবরাহ করা হয়।

‘ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য’

সবাইকে অবশ্যই ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গড়ার অধিকারকে স্বীকৃতি দিতে হবে। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস উগান্ডায় শনিবার জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন।
সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে তার বিরোধিতা পুনরায় নিশ্চিত করেন।
এ পরিপ্রেক্ষিতে উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে গুতেরেস জোর দিয়ে বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের জন্যে দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য।
তিনি আরও বলেছেন, এই ধরনের অবস্থান সংঘাতকে দীর্ঘায়িত করবে, যা বিশ^ শান্তির জন্যে হুমকি হিসেবে দেখা দেবে। এ ছাড়া এ কারণে মেরুকরণ এবং সর্বত্র চরমপন্থীরা উৎসাহিত হবে।
গুতেরেস বলেন, ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সবাইকে স্বীকৃতি দিতে হবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড় ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে।

গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২৪ হাজার ৯২৭ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

বিশ^ স্বাস্থ্য সংস্থা ঘনবসতিপূর্ণ গাজায় লোকদের বসবাসের অমানবিক পরিস্থিতি তৈরির নিন্দা জানিয়েছে। কারণ ইসরায়েলি হামলায় অসংখ্য বাস্তুচ্যুত লোক গাজায় মানবেতর দিনযাপন করছে।
এ পরিপ্রেক্ষিতে সোমবার গুতেরেস অবিলম্বে গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

এমবাপের নৈপূণ্যে পিএসজির বড় জয়

ফেঞ্চ কাপে কিলিয়ান এমবাপের জোড়া গোল আর জোড়া অ্যাসিস্টে ‘অখ্যাত’ দল অরলিনসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলেতে উঠে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
শনিরাতে রাতে ফেঞ্চ কাপের ৩২ রাউন্ডের খেলায় মাঠে নেমে ১৬ মিনিটে প্রথম গোল করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা এমবাপে। দ্বিতীয় গোলটি তিনি করেন ৬৩ মিনিটে। তবে এই গোলটি এমবাপে করেছেন পেনাল্টি শটে।
অ্যাওয়ে ম্যাচে অরলিনসের বিপক্ষে জোড়া গোল করে পিএসজির হয়ে রেকর্ড ২৪০ গোলের মাইলফলকে পৌঁছে গেলেন এমবাপে। চলতি মৌসুমে ২৬ ম্যাচে ২৮ গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরাসী তারকা।
নিজের রেকর্ড ও দলকে ২- ০ গোলে এগিয়ে দেওয়ার পর এবার অন্যদের দিয়ে গোল করাতে লাগলেন এমবাপে। ম্যাচের ৭২ মিনিটে প্রথম অ্যাসিস্টে গ্যানচেলো রামোসকে দিয়ে গোল করান তিনি। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

পিএসজির দাপটের দিনে একটি গোল পেয়েছে অরলিনসও। ম্যাচের ৮৬ মিনিটে গোল করে ব্যবধান কমান অরলিনসের নিকোলাস সেইন্ট রাফ। এর মাত্র ২ মিনিট পর আবারও এমবাপের অ্যাসিস্ট। এবার গোল করলেন সেনি মায়উলো। ফলে ৪-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে উঠে গেলো পিএসজি।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুর্দান্ত জয় আর্সেনালের

যেকোনো প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে হারের পর জয় ফিরেছে আর্সেনাল। শুধু জয়ে ফেরা নয়, গাব্রিয়েল মার্টিনেলির জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে গানাররা।
শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নখদন্তহীন লন্ডন নগর রাইভালকে হারিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে গেছে আর্সেনাল।
ম্যাচের মাত্র ১১ মিনিটে কর্নার থেকে আসা বলে গাব্রিয়েলের দুর্দান্ত হেডে প্রথম গোল পায় আর্সেনাল। এরপর ৩৭তম মিনিটে ডিন হেন্ডারসনের আত্মঘাতী গোলে প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় মিকের আরতেতার দল।
বিরতি থেকে এসে ম্যাচের ৫৭ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন লিন্দো ট্রসার্ড। এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর গোল করে নি আর্সেনাল। অতিরিক্ত সময়ে দুই মিনিটের মধ্যে দুইবার ক্রিস্টাল প্যালেসের জাল কাঁপান বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি। ফলে ব্যবধান দাঁড়ায় ৫-০ তে।

দুর্দান্ত জয়ে অ্যাস্টন ভিলাকে নিচে ফেলে টেবিলের তিনে উঠে গেছে আর্সেনাল। যদি ভিলার সমান ৪৩ পয়েন্ট আর্সেনালের, তবে গোল এগিয়ে থেকে উপরে উঠে গেছে গানাররা।
টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্টও ৪৩। কিন্তু তারা আর্সেনাল থেকে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে টেবিলেও এগিয়ে আছে। ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার (২০ জানুয়ারি) ভোর ৬টা থেকে রোববার (২১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ১০৯ ইয়াবা, ১৬ গ্রাম হেরোইন ও ১১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা করা হয়েছে।

ক্ষমতা আমার কাছে ভোগের বস্তু নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছে ক্ষমতা কোনো ভোগের বস্তু নয়, আমার কাছে ক্ষমতা হলো দেশে মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ, মানুষকে সেবা দেওয়ার একটা সুযোগ আবার পেয়েছি।
আজ রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ-চায়না ফেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। বাংলাদেশের জনগণের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে আমাদের আবার ক্ষমতা বা সেবা করার সুযোগ দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সাল থেকে যখন সরকার গঠন করেছি সেখান থেকে একটা প্রচেষ্টা, আর্থসামাজিকভাবে বাংলাদেশকে উন্নত করা। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, সে পদক্ষেপ নেওয়া।

শেখ হাসিনা বলেন, ব্যবসা-বাণিজ্যের যদি প্রসার না ঘটে, কোনো দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমরা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম, আজকে ডিজিটাল বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট একোয়া আমরা উৎক্ষেপণ করেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা। আমরা প্রমাণ করেছি, বাংলাদেশের জনগণকে কেউ চ্যালেঞ্জ দিয়ে দাবায় রাখতে পারবে না।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম প্রমুখ।

হস্তশিল্প পণ্যকে বর্ষপণ্য ঘোষণা প্রধানমন্ত্রীর

হস্তশিল্প পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিফ) ২০২৪ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, প্রতিবছর একটি পণ্যকে বর্ষপণ্য করে দেই। এবার হস্তশিল্প জাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসাবে ঘোষণা করছি। কারণ এটা নারীদের কর্মসংস্থান তৈরি করবে। নারীদের স্বাবলম্বী করতে হবে, সেজন্য এটি তাদের সহায়ক হবে। নারীদের প্রশিক্ষণ দিতে হবে। নারীরা যেসব পণ্য তৈরি করবে সেগুলো চিহ্নিত করতে হবে। জয়িতা ফাউন্ডেশন করে দিয়েছি, সেখানে নারীরা নিজেদের তৈরি পণ্য নিজেরা বিক্রি করতে পারে।

তিনি বলেন, আজকের কূটনীতি রাজনৈতিক নয়, এটি হবে অর্থনৈতিক কূটনীতি। বিদেশে আমাদের সব দূতাবাসকে আমরা নির্দেশ দিয়েছি, এখনকার ডিপ্লোমেসি এটা পলিটিক্যাল ডিপ্লোমেসি না, ইকোনমিক ডিপ্লোমেসি হবে। অর্থাৎ প্রত্যেকটি দূতাবাস ব্যবসা-বাণিজ্য, রপ্তানি, কোন দেশে কোন পণ্যের চাহিদা বেশি, কী আমরা রপ্তানি করতে পারি বা কোথা থেকে আমরা বিনিয়োগ আনতে পারি- সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের রপ্তানি বহুমুখী করতে হবে। পোশাকের পাশাপাশি পাট ও অন্যান্য পণ্যের জন্য সুযোগ তৈরি করতে হবে। আমাদের নতুন বাজার খুঁজতে হবে। সেজন্য আমাদের আরও পরিকল্পিতভাবে এগোতে হবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।