শনিবার, অক্টোবর ১০, ২০২৬

আমি আফরান নিশোর অনেক বড় ভক্ত : স্বস্তিকা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যোগ দিতে বাংলাদেশে পা রেখেছেন তিনি। আগামী ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে দেখা যাবে অভিজিৎ শ্রী দাস পরিচালিত স্বস্তিকার ‘বিজয়ার পরে’ সিনেমা। সেই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন অভিনেত্রী। যে কারণে কয়েক দিন আগেই ঢাকায় আগমন এই তারকার।

রোববার (২১ জানুয়ারি) ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে আয়োজিত ‘উইমেন ইন সিনেমা’ বিষয়ক কনফারেন্সে যোগ দেন স্বস্তিকা। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

বিশ্বকাপে আইরিশদের হারাল টাইগার যুবারা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে আসরে শুরু করেছিল বাংলাদেশের যুবারা। তবে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে জয়ে ফিরেছে লাল-সুবজের প্রতিনিধিরা। আইরিশদের ছয় উইকেটে হারিয়েছে শিহাব-রাব্বিরা।

সোমবার (২২ জানুয়ারি) টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার যুবারা। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দেয় আয়ারল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯ বল ছয় উইকেট হাতে খাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আইরিশদের দেওয়া লক্ষ্য তাড়া করতে ওপেনিংয়ে পরিবর্তন আনে বাংলাদেশ। এশিয়া কাপ থেকে রানখরায় ভোগা জিসান আলমকে বসিয়ে খেলানো হয় আদিল বিন সিদ্দিককে। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তরুণ এই ওপেনার। আশিকুর রহমান শিবলির সঙ্গে ৯০ রানের জুটি গড়েন তিনি। ৬৩ বলে ৩৬ রান করে আউট হওয়ার পর গুরুত্বপূর্ণ জুটিটি ভাঙেন আইরিশ পেসার ম্যাথু ওয়েলডন।

সঙ্গী জিসানকে হারিয়ে থাকা শিবলিও বিদায় নেন ৪৪ রানে। এরপর মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম মিলে ২৪ বলে ২১ রানের জুটি গড়েন। তবে কেউই ইনিংসটাকে বড় করতে পারেননি। রিজওয়ান ২১ ও আরিফুল ১৩ রানে আউট হন। ১৩০ রানে চার উইকেট হারানোর পর বাকি পথটুকু অনায়াসেই পাড়ি দেন শিহাব ও আহরার।

দুইজনের ১১৬ বলে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৯ বল আগেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আহরার ৬৩ বলে ৪৫ এবং শিহাব ৫৪ বলে খেলেন ৫৫ রানের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। কিন্তু মিডল অর্ডারে আইরিশ ব্যাটার কিয়ান হিলটনের দারুণ ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তারা। এছাড়া জর্ডান নিলের ৩১, স্কট ম্যাকবেথের ৩৪ ও জন ম্যাকনালির ২৩ রানের ইনিংসের ওপর ভর করে আয়ারল্যান্ড চ্যালেঞ্জিং স্কোর গড়ে। সর্বোচ্চ ৯০ রান আসে হিলটনের ব্যাট থেকে। আইরিশ এই ব্যাটার ১১২ বলে ১১ চার ও ১ ছক্কায় তার ইনিংসটি সাজান।

বাংলাদেশের বোলারদের মধ্যে অফস্পিনার শেখ পারভেজ জীবন ৫০ রান খরচায় দুটি উইকেট নেন। আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া মারুফ মৃধা নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন রাফিউজ্জামান রাফি, রোহান উদ দৌলা বর্ষন ও মাহফুজুর।

অধিনায়কত্ব ছাড়লেও ওপেনার হিসেবেই খেলতে আগ্রহী ইমরুল

বিপিএলের সর্বশেষ তিন আসরের অধিনায়ক তিনি। তার নেতৃত্বে সর্বশেষ দুই আসরের শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সব মিলিয়ে তার নেতৃত্বে তিনবার বিপিএল শিরোপা জিতেছে কুমিল্লা। ট্রফিজয়ী অধিনায়ক হিসেবে মাশরাফির (৪বার) পরপরই ইমরুল কায়েসের অবস্থান। এবার তার সামনে ছিল অধিনায়ক মাশরাফিকে ছোঁয়ার সুবর্ণ সুযোগ।

২০২৪ সালের বিপিএলে ইমরুল কায়েসের নেতৃত্বে কুমিল্লা চ্যাম্পিয়ন হলে শিরোপা বিজয়ী অধিনায়ক হিসেবে মাশরাফি আর ইমরুল সমান হয়ে যেতেন; কিন্তু সে সুযোগ আর পেলেন না ইমরুল। তার পরিবর্তে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস।

তবে অধিনায়কত্ব না থাকলেও চ্যাম্পিয়ন কুমিল্লার পক্ষে প্রথম মাচে ফিফটি করেছেন ইমরুল। অবশ্য দুর্দান্ত ঢাকার বিপক্ষে তার ব্যাট থেকে আসা ৫৬ বলে ৬৬ রানের ইনিংসটি কাজে দেয়নি। ঢাকার কাছে হার দিয়ে যাত্রা শুরু হয়েছে কুমিল্লার।

ভাবছেন ইমরুল কায়েস বুঝি হতাশ হয়ে পড়েছেন এতে? কিন্তু শুনলে অবাক হবেন, ইমরুল কায়েসের মনে এ নিয়ে কোন আফসোস বা হতাশা নেই। আজ সোমবার মিডিয়ার সামনে অনুভুতি প্রকাশ করতে গিয়ে ইমরুল বলেন, ‌কোনো রিঅ্যাকশন নাই। কারণ এটা প্রফেশনাল জায়গা। এখানে কি অর্জন করেছি, এটার চেয়েও বড় কি হচ্ছে বা কি হবে দলের জন্য সেটা ভাবা। আমার মনে হয়, কুমিল্লা সুদূরপ্রসারী পরিকল্পনায় নিয়ে আগাচ্ছে। আগামী ৪-৫ বছর কাকে দিয়ে দলটা লিড করা যাবে সেটা নিয়েই চিন্তা করছে। আমার মনে হয় এটা ভালো সংস্কৃতি।’

তবে অধিনায়কত্ব হাতছাড়া হলেও ইমরুল ব্যাটিং পজিশনটা হাতছাড়া করতে চান না। প্রথম ম্যাচে ওপেন করা এ বাঁ-হাতির প্রিয় পজিশনই ওপেনিং। তিনি সেখানেই খেলতে চান।

তারপরও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, ইমরুলই পুরো আসরে ওপেনারের ভুমিকায় থাকবেন। কারণ, আজ সোমবার রাতেই মোহাম্মদ রিজওয়ান চলে আসবেন। এখন তাকে যদি ওপেনার হিসেবে খেলানো হয়, তাহলে ইমরুল কোথায় খেলবেন?

এটা নিয়ে একটা সংশয়-সন্দেহ থেকেই যাবে। যদিও ইমরুল ওপেনার হিসেবেই খেলতে বেশি স্বচ্ছন্দ বোধ করছেন। ‌‌’বিপিএলে যতবার ওপেনার হিসেবে খেলেছি আমার সাকসেস রেটটাও অনেক বেশি। কারণ গত আসরেও আমি ওপেনিং করতে নেমে একটা ৮০+ রান করেছি। আমি টি-টোয়েন্টিতে ওপেন করতে পছন্দ করি; কিন্তু কুমিল্লাতে টিম কম্বিনেশনের কারণে আমাকে অনেক কিছু মেনে নিতে হয়। অধিনায়ক থাকলে তো করতেই হয়।’

নিজেকে অধিনায়কের চেয়ে ক্রিকেটার ভাবতেই বেশি পছন্দ ইমরুলের, ‘ক্রিকেটার হিসেবে যখন মাঠে নামি, তখন অধিনায়ক ছিলাম কিনা সেটা ম্যাটার করে না। ম্যাটার করে দলকে জেতাতে পারছি কি না। মাঠে যখনই নামি তখন দলকে জেতাতে অবদান রাখতেই মাঠে আগে যেমন নেমেছি। এখনও নামব। লিটন যদি কোনো সাহায্য চায় মাঠে অবশ্যই আমি তাকে করব।’

এখনো জাতীয় দলে ফেরার স্বপ্ন আছে ইমরুলের। তার ভাষায়, ‌’স্বপ্ন তো ভাই যতদিন খেলি ততদিনই দেখি। জাতীয় দলে খেলা অনেক সম্মানের। যতদিন খেলে যাবো ততদিন এটা দেখে যাবো। এটা মাথায় না এলে খেলাটার কোনো মানে হয় না। আমি মনে করি, সবার ব্যাক অব দ্য মাইন্ডে এটা থাকে।’

বিশ্বে ম্যালেরিয়ার প্রথম গণটিকাদান শুরু করলো ক্যামেরুন

বিশ্বে প্রথমবারের মতো মশাবাহিত সংক্রামক ও প্রাণঘাতী ব্যাধি ম্যালেরিয়ার গণটিকা দিতে শুরু করেছে মধ্য-আফ্রিকার দেশ ক্যামেরুন। সোমবার (২২ জানুয়ারি) দেশটির রাজধানী ইয়াউন্দের একটি স্বাস্থ্যকেন্দ্রে ড্যানিয়েলা নামের এক শিশুকে প্রথম ডোজের টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বিশ্বে ম্যালেরিয়া রোগে যত মানুষের মৃত্যু ঘটে তার ৯৫ শতাংশ ঘটে আফ্রিকায়। এই মহাদেশে প্রতি বছর প্রায় ৬ লাখ মানুষ মারা যায় ম্যালেরিয়ায়। এই প্রাণহানির অন্তত ৮০ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু।

ডব্লিউএইচও আরও জানিয়েছে, ক্যামেরুনে প্রতি বছর প্রায় ৬০ লাখ ম্যালেরিয়া রোগীর তথ্য রেকর্ড করা হয়। তাদের মধ্যে চিকিৎসাকেন্দ্রেই মারা যায় অন্তত ৪ হাজার, যাদের বেশিরভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু। আশা করা হচ্ছে, এই গণটিকা কর্মসূচি আফ্রিকাজুড়ে হাজার হাজার শিশুর জীবন বাঁচাবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ক্যামেরুন ছয় মাস বয়স পর্যন্ত সব শিশুকে বিনামূল্যে ম্যালেরিয়ার আরটিএস,এস ভ্যাকসিন দিচ্ছে। একজন রোগীকে মোট চারটি ডোজ টিকা নিতে হয়। মার্কিন গবেষকদের তথ্যানুযায়ী, ম্যালেরিয়ার এই টিকা অন্তত ৩৬ শতাংশ ক্ষেত্রে কার্যকর। অর্থাৎ, এই টিকা প্রত্যেক তিনজনের মধ্যে একজনের জীবন বাঁচাতে সক্ষম।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ক্যামেরুন প্রথম দেশ, যারা নিয়মিতভাবে শিশুদের ম্যালেরিয়ার এই টিকা দেবে। চলতি বছর ও আগামী বছর প্রায় আড়াই লাখ শিশুকে ম্যালেরিয়ার টিকা দেওয়ার আশা করছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এই কর্মসূচিকে আফ্রিকা মহাদেশে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কয়েক দশকের দীর্ঘ প্রচেষ্টার একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন।

ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভের (গ্যাভি) তথ্যমতে, ঘানা ও কেনিয়ায় সফল পরীক্ষার পরে, ক্যামেরুন হলো প্রথম দেশ যারা ম্যালেরিয়ার নিয়মিত টিকা কর্মসূচি শুরু করেছে। চলতি বছরে আফ্রিকার আরও ১৯টি দেশে এই কর্মসূচি চালু করা হবে। এই দেশগুলোর প্রায় ৬৬ লাখ শিশুকে ২০২৪-২৫ সালের মধ্যে ম্যালেরিয়ার টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

ক্যামেরুন সম্প্রতি অনুমোদিত ম্যালেরিয়ার দুটি টিকার মধ্যে প্রথমটি ব্যবহার করবে, যা ‘মসকিউরিক্স’ নামে পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই বছর আগে এই টিকা অনুমোদন করেছিল। সংস্থাটির মতে, টিকাটির প্রভাব যদিও অসম্পূর্ণ, তবু এর ব্যবহার নাটকীয়ভাবে গুরুতর সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা কমিয়ে দেবে।

যুক্তরাজ্যের বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিএসকে প্রায় ৩০ বছর ধরে গবেষণা চালিয়ে আরটিএস,এস ভ্যাকসিন তৈরি করেছে। কেনিয়া, ঘানা ও মালাবিতে সফল পরীক্ষা চালানোর পর ক্যামরুনে ম্যালেরিয়ার এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে।

সূত্র: বিবিসি, এবিসি

পণ্যের দাম নিয়ে কারসাজিকারীদের খুঁজে বের করা হবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে।

সোমবার (২২ জানুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের জরুরি সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভোটের পর হঠাৎ দেখলাম বাজারে চালের দাম বেড়ে গেল। ভরা মৌসুমে কেন চালের দাম বেড়ে গেল, এই চক্রকে খুঁজে বের করা হবে। অস্বাভাবিকভাবে ও দুরভিসন্ধি করে যারা পণ্য মজুত করে তাদেরকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে জেলে পাঠিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, দেশে আর কখনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না। বাজার নিয়ে কেউ যেন কোনো খেলা খেলতে না পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। মজুতদারি করে কেউ যাতে মানুষের খাবার নিয়ে খবরদারি করতে না পারে সেদিকে সাধারণ মানুষকেও খেয়াল রাখতে হবে। কোথাও কোনো অস্বাভাবিক কিছু দেখলে সংশ্লিষ্ট সংস্থাকে জানাতে হবে।

শেখ হাসিনা বলেন, দলীয় সরকারের অধীনেও যে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব, সেটা এবার প্রমাণিত হয়েছে। নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি অন্যভাবে কিছু করার চেষ্টা চালাচ্ছে। তবে সরকারের শুভফল মানুষের কাছে পৌঁছে দিতে চায় নতুন সরকার।

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ প্রতিটি দলের নিজস্ব বিষয়, এ দেশের মানুষ এবারের ভোট গ্রহণ করেছে। হ্যাঁ! এই নির্বাচন অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু মানুষ তো ভোট দিয়েছে। অথচ কিছু মানুষ ভোট নিয়ে ধুম্রজাল তৈরির চেষ্টা করছে।

দেশে করোনায় আরও একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৭৮৮ জনে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮১ জনে দাঁড়িয়েছে।
আজ সোমবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৫৮৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময় পরিবর্তন

দেশে তীব্র শীত ও কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী— চলমান শৈত্যপ্রবাহের কারণে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। এছাড়া যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনাও বহাল থাকবে।
সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে। এ ছাড়া, ইতোপূর্বে এই মন্ত্রণালয় হতে জারিকৃত যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সে সব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা বহাল থাকবে।

এদিকে তীব্র শীত ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় দেশের বেশকিছু জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে- বগুড়া, নওগাঁ, পাবনা, নাটোর, নীলফামারী ও লালমনিরহাট।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়বে।

সংসদের হুইপ হচ্ছেন মাশরাফিসহ ৫ জন

দ্বাদশ জাতীয় সংসদ পরিচালনায় হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি এখন প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

অন্য চার হুইপ হলেন- আবু সাঈদ স্বপন. ইকবালুর রহিম. নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল।

১০ জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছিলো চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী (লিটন) বহাল থাকছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির হুইপদের নিয়োগ দেবেন। পরে প্রজ্ঞাপন জারি হবে।

১৯৭২ সালের ‘দ্য বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন।
চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

সরকারের সামনে কোনো বিপদ নেই : হানিফ

সরকারের সামনে কোন বিপদ নেই, আছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করছে সরকার।
কুষ্টিয়ায় এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আজ সোমবার বেলা ১২টায় কুষ্টিয়া সদর উপজেলায় উপজেলায় কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব উপস্থিত ছিলেন।

হানিফ বলেন, দেশের রিজার্ভ আবার উর্ধ্বমুখী। আগামী জুন মাসের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, অর্থনীতি আবার চাঙ্গা হয়ে যাবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন হানিফ। বলেন, যেকোন মূল্যে দব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার।
আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠক সম্পর্কে হানিফ বলেন নির্বাচনের কারণে নিয়মিত বৈঠকটি হয়নি। এ কারণে আজ সোমবার হচ্ছে। উপজেলা নির্বাচন নিয়েও সেখানে আলোচনা হতে পারে বলে জানান হানিফ।

প্রতিযোগিতা করে ধান কেনা থেকে বিরত থাকতে হবে : খাদ্যমন্ত্রী

কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাজারে প্রতিযোগিতা করে ধান কেনা থেকে বিরত থাকতে হবে। ক্যাপাসিটির বেশি অবৈধ মজুত করলে কোনো ছাড় দেওয়া হবে না। কর্পোরেট প্রতিষ্ঠান ভ্যালু অ্যাড করে বাজারে পণ্য বিক্রি করে। সেই কারণে তারা বেশি দামে বাজার থেকে ধান কেনায় ব্যস্ত হয়ে পড়ে। বাজার থেকে অল্প পরিমাণ ধান কিনলেও তার প্রভাব পড়ে খুব বেশি। তখন অন্যরাও বেশি দামে ধান কিনতে বাধ্য হয়। এটা বাজারের জন্য অশুভ।
আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে দেশের ছয়টি কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এক সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন,
মিলারদের সাথে বৈঠকে বসেছিলাম। তারা বলেছে, কর্পোরেট প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে ধান কিনছে, মজুতও করছে। কর্পোরেট প্রতিষ্ঠান মোটা চালের ব্যবসা না করলে আমাদের সাথে বসার প্রয়োজন ছিল না। মিলাররা আপনাদের দিকে আঙুল তোলে। মিডিয়াও দোষারোপ করে। আমরা প্রকৃত চিত্র জানতে চাই।
তিনি বলেন, বিভিন্ন ব্রান্ডের নামে বাজারে চাল পাওয়া যাচ্ছে, যেটাতে এমআরপি লেখা থাকে। আমরা চাই এর পাশাপাশি মিলগেটের দামও লেখা থাকুক। বস্তায় মিল গেটের দাম লেখা থাকলে হঠাৎ করে কিংবা অযৌক্তিকভাবে খুচরা বিক্রেতারা দাম বাড়াতে পারবে না।
খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেন, প্রতিযোগিতামূলকভাবে বাজারে কেউ ধান চাল কিনছে কি না বা মাত্রাতিরিক্ত অবৈধ মজুত করছে কি না তা নিয়মিত তদারকি করা হচ্ছে। কেউ ক্যাপাসিটির বাইরে মজুত করার চেষ্টা করলে প্রয়োজনে মজুত ক্যাপাসিটি রিভিউ করব।
সভায় সিটি গ্রুপ, স্কয়ার, প্রাণ আরএফএল, মেঘনা গ্রুপ, এসিআই ও আকিজ এসেনশিয়ালের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বস্তায় মিল গেটের মূল্য লেখার বিষয়ে সম্মতি জানান। প্রতিষ্ঠানগুলো তাদের ক্যাপাসিটি ও ক্রয়-বিক্রয়ের চিত্র তুলে ধরেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, এফপিএমইউয়ের মহাপরিচালক মো. শহিদুল আলমসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।