শনিবার, অক্টোবর ১০, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২২ জানুয়ারি) থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, তাদের কাছ থেকে ১১ হাজার ৪৯১ ইয়াবা, ৪৭৩ দশমিক ৫ গ্রাম ১২০ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬ টি মামলা দায়ের করা হয়েছে।

হামাসকে ধ্বংস করার পরিকল্পনা ভেস্তে গেছে : বোরেল

গাজায় হামাসকে ধ্বংস করার ইসরায়েলি পরিকল্পনা ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল।
সোমবার গাজা ইস্যুতে মধ্যপ্রাচ্য ও ইইউ নেতাদের বৈঠকে এই কথা বলেন তিনি।
এ সময় দুই রাষ্ট্র সমাধানের বিরোধিতা করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন ইউরোপের নেতারা। তারা বলেন, শুধু সামরিক উপায়ে শান্তি অর্জন সম্ভব নয়।
বোরেল বলেন, ‘গাজায় হামাসকে ধ্বংস করার ইসরায়েলের পরিকল্পনা কাজ করছে না। ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ইইউর অবশ্যই দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রচেষ্টা এগিয়ে নেওয়া উচিত।’

এদিকে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। সোমবার শহরটিতে ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসে লড়াইয়ের সময় আরও ২২ সেনার হতাহতের খবর দিয়েছে তেল আবিব।
অন্যদিকে, ইয়েমেনে হুতিদের ৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

ডালাসের কাছে হারলো মায়ামি

বছরের শুরুটা ভালো হলো না যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে ড্রয়ের পর এবার এফসি ডালাসের বিপক্ষে হেরেই গেল মেসির দল। সুয়ারেজ-মেসির মতো তারকাদের নিয়েও গোল খরায় ভুগছে ক্লাবটি। এটি তাদের জন্য নতুন মৌসুম শুরুর আগে বেশ দুশ্চিন্তার বটে।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের টেক্সাসের কটন বোল স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছে টাটা মার্টিনোর শিষ্যরা। অথচ গোল না পাওয়া দুটি ম্যাচেই প্রাণভোমরা লিওনেল মেসির পাশাপাশি খেলেছেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ।
ম্যাচের শুরুতেই বড়সড় ধাক্কা খায় মায়ামি। তৃতীয় মিনিটে ডালাসের হয়ে একমাত্র গোলটি করেন জেসুস ফেরেইরা। মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারকে ফাঁকি দিয়ে জালে বল পাঠান জেসুস। শুরুতে গোল হজম করে বেশ চাপে পড়ে মায়ামি। যদিও বারবার চেষ্টা করেও সেই চাপ কাটিয়ে উঠতে পারেনি তারা।
ম্যাচের ১২তম মিনিটে মেসির জোড়া শট ঠেকিয়ে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন ডালাস গোলরক্ষক মাইকেল কোলোডি। এরপর ২৭তম মিনিটে সতীর্থ সুয়ারেজের পাস থেকেও আরেকটি সুযোগ পান মেসি, সেটিও কাজে লাগাতে ব্যর্থ আর্জেন্টাইন মহাতারকা।

প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশক’টি গোলের সুযোগ হাতছাড়া করে মায়ামি। ম্যাচের ৬৪তম মিনিটে মেসি, লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটসকে তুলে নেয় মায়ামি। যদিও তাতে খুব একটা লাভ হয়নি, বাকি সময়ে আর উল্লেখযোগ্য কোনো আক্রমণই করতে পারেনি দলটি।
আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে নতুন মৌসুমে মেজর লিগ সকার (এমএলএস)। মেসিরা প্রথম ম্যাচটি খেলবে রিয়াল সল্ট লেকের বিপক্ষে। সেই ম্যাচের আগে আরও পাঁচটি প্রীতি ম্যাচ খেলবে মায়ামি। এর মধ্যে প্রথম দুটি সৌদি আরবে। ২৯ জানুয়ারি প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেইমারের আল হিলাল। ১ ফেব্রুয়ারি খেলতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে।

পার্টি থেকে হাসপাতালে ম্যাক্সওয়েল, তদন্তে নামলো বোর্ড‍!

সম্প্রতি এক পার্টিতে গিয়ে হঠাৎ করেই অসুস্থ পড়েন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। এরপর তাকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। বিগ ব্যাশ চলাকালীন এ ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্টিতে ঠিক কী হয়েছিল এবং অসুস্থতার নির্দিষ্ট কারণও জানা যায়নি। বিষয়টি নিয়ে এবার তদন্তে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গতকাল সোমবার (২২ জানুয়ারি) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির ব্যান্ড দল ‘সিক্স অ্যান্ড আউট’ এর কনসার্ট দেখতে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। সেখানেই ঘটে ঘটনাটি। অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়া হয় ম্যাক্সওয়েলকে। সেই কনসার্টে আমন্ত্রিত ছিলেন অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের সব ক্রিকেটাররা। তবে তাদের সঙ্গে না গিয়ে একাই গিয়েছিলেন ম্যাক্সওয়েল।

ঘটনাটি হালকাভাবে নিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইতোমধ্যে এর তদন্ত শুরু করা হয়েছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যাডিলেডে ম্যাক্সওয়েলের ঘটনার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া অবগত। এ বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। ওয়ানডে স্কোয়াডে তাকে না রাখার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। বিগ ব্যাশ শেষে তার ওয়ার্কলোড ব্যবস্থাপনা পরিকল্পনার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।’
গ্লেন ম্যাক্সওয়েল প্রতিযোগিতামূলক ক্রিকেটে সর্বশেষ খেলেছেন গত ১৫ জানুয়ারি। বিগ ব্যাশের ম্যাচ ছিল সেটি। মেলবোর্ন স্টার্সকে নেতৃত্বও দিয়েছেন ম্যাক্সওয়েল। অবশ্য ম্যাক্সওয়েলের এমন ঘটনা নতুন নয়। এর আগে গত বছর একটি পার্টিতে গিয়ে বড় রকমের চোট পেয়েছিলেন এই ক্রিকেটার। এমনকি, ভারতের মাটিতে বিশ্বকাপের মাঝে গলফ খেলতে গিয়েও অদ্ভুদ চোট পেয়ে খেলতে পারেননি কয়েকটি ম্যাচ।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে গেছেন তিনি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে ঢাকা ছাড়েন সেতুমন্ত্রী।
আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান, বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাহাবউদ্দিন ফরাজী, আনিসুর রহমান, নির্মল চ্যাটার্জি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে তাকে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।

মার্টিনেজের গোলে ইন্টার মিলানের শিরোপার হ্যাটট্রিক

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে টানা তৃতীয়বারের মতো ইতালিয়াান সুপার কোপার শিরোপা জিতেছে ইন্টার মিলান। আসরের ফাইনালে নাপোলিকে ১-০ গোলে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুলেছে মিলান।
ইতালিয়ান সুপার কোপায় এখন পর্যন্ত সবচেয়ে সফল দল জুভেন্টাস। তারা শিরোপা জিতেছে মোট ৯ বার।
গতকাল সোমবার সৌদি আরবের আল আওয়াল পার্কে খেলতে নেমে ৬০ মিনিটে স্ট্রাইকার জিওভানি সিমিওয়ান লালকার্ড (দুইবার হলুদকার্ড) দেখলে ১০ জনের দলে পরিণত হয় ন্যাপোলি। সেই সুযোগ ম্যাচের অতিরিক্ত সময়ে কাজে লাগান মার্টিনেজ। ৯১ মিনিটে বেঞ্জামিন পাভার্ডের লো ক্রস থেকে তীব্র ক্ষিপতায় বল শট করে নাপোলির জাল কাঁপান মার্টিনেজ।

চীনে ভূমিধসে ১১ জনের মৃত্যু

চীনের ইউনান প্রদেশের একটি শহরে ভূমিধসে নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা। সোমবার স্থানীয় সময় সকাল ৫টা ৫১ মিনিটে ঝাওটং শহরে এ ভূমিধস হয়। এতে নিহত হয়েছেন ১১ জন। আর আটকে আছেন ৪৭ জন।
প্রেসিডেন্ট শি জিনপিং ওই অঞ্চলে সর্বাত্মক উদ্ধারকাজ চালাতে নির্দেশ দিয়েছেন। ওই অঞ্চলে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, খাড়া পাহাড় ভেঙে এ ভূমিধস হয়েছিল।
ওই অঞ্চল থেকে পাঁচশর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় এক হাজার উদ্ধারকর্মী ওই অঞ্চলে নিয়োজিত রয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াকে ফায়ার ফাইটার লি শেংলং বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান রাতভর অব্যাহত ছিল।
লিয়াংশুই গ্রামের এক বাসিন্দা জিমু নিউজকে বলেন, তারা যখন ঘুমাচ্ছিলেন, তখন ভূমিধসের ঘটনা গটে। তিনি বলেন, একটা ঝাঁকুনি হয়েছিল। মনে হচ্ছিল বড় কোনো ভূমিকম্প।

কর্তৃপক্ষ এখনো ভূমিধসের কারণ জানায়নি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী তিন দিন হালকা তুষারপাত হবে।

অঞ্চলটি চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। এ দুর্গম অঞ্চলে ভূমিধস প্রায়ই ঘটে।

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই : জাতিসংঘ

জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের অনুকূলে নেই, মর্যাদার সঙ্গে নিরাপদে ফেরার মতো পরিবেশও তৈরি হয়নি দেশটিতে।
২২ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
স্টিফেন ডুজারিককে প্রশ্ন করা হয়, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী নিয়ে হিমসিম খাচ্ছে বাংলাদেশ। ১২ লাখের অধিক রোহিঙ্গা প্রায় ৭ বছর যাবত বাংলাদেশের কক্সবাজার শরণার্থী হিসেবে বসবাস করছে। নিজ বসতভিটায় ফিরতে না পারার হতাশা ও ক্ষোভে শরণার্থী শিবিরের অনেকে ক্রমান্বয়ে হিংস্র হয়ে উঠছে। এ অবস্থা দীর্ঘতর হলে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি শরণার্থীদের জন্য বরাদ্দের পরিমাণও কমানো হয়েছে। এমন একটি চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের কোনও পরিকল্পনা আছে কি?
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, প্রথমত কারো ইচ্ছার বিরুদ্ধে প্রত্যাবাসন প্রক্রিয়া অবলম্বন করাও সমীচিন নয়। এটা তাদের সইচ্ছাই মর্যাদাপূর্ণ ভাবে এবং নিরাপত্তা নিশ্চিত করে হতে হবে। আর এটা তো পরিষ্কার যে, মিয়ানমারে বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ নেই। রোহিঙ্গা শরণার্থীদের যারা আশ্রয় দিয়েছে, উদারতা প্রদর্শন করেছে শরণার্থীদের আতিথেয়তায়, সেই কক্সবাজার এলাকার মানুষের সাঙ্গে আমাদের সকলের অর্থাৎ মানিবিকতাসম্পন্ন বিশ্বের সংহতি প্রকাশ করা জরুরি হয়ে পড়েছে। শরণার্থীদের জন্য তহবিলের পরিমাণও বাড়ানো দরকার।

বাংলাদেশের নির্বাচন ইসুতে অবস্থানের পরিবর্তন করেনি জাতিসং

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে জাতিসংঘের ঘোষিত অবস্থানে একটুও পরিবর্তন আসেনি। এমনটাই সোমবার ফের জানালেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। নবনির্বাচিত সরকারকে পথ পাল্টে, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি বাংলাদেশের বৈশ্বিক প্রতিশ্রুতি নবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।
৭ জানুয়ারির বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন দীর্ঘ এক বিবৃতিতে জাতিসংঘের এমন অবস্থান রীতিমতো শোরগোল ফেলেছিলো দেশের রাজনীতি এবং কূটনৈতিক অঙ্গনে।

তবে ভলকার তুর্কের সেই বিবৃতিকে ভোট প্রশ্নে জাতিসংঘ তথা পশ্চিমা দুনিয়ার পর্যবেক্ষণ হিসেবে দেখা হয়।
নির্বাচনকে সামনে রেখে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার তথা ভিন্নমত দমনে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার প্রধান খোলাসা করেই তার বিবৃতিতে বলেন- সহিংসতা এবং বিরোধী প্রার্থী ও সমর্থকদের দমন-পীড়নের ফলে ৭ জানুয়ারির ভোটের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটকে ঘিরে যা ঘটেছে তার তদন্ত দাবি করে জাতিসংঘ। কিন্তু সেই বিবৃতি নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় গত সপ্তাহে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেন জাতিসংঘ মহাসচিব অ্যন্থনিও গুতেরেজ। প্রশ্ন উঠে তাহলে কি নির্বাচন নিয়ে জাতিসংঘ তার আগের বক্তব্য এবং অবস্থান থেকে সরে গেলো?

এনিয়ে সোমবার (২২ জানুয়ারি) নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিকের দৃষ্টি আকর্ষণ করেন জাস্ট নিউজ সম্পাদক ও জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী। জবাবে ডুজারিক বলেন, ‘না।
তিনি (মহাসচিব) একটি চিঠি পাঠিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে পুনর্নির্বাচিত হলে মহাসচিব যেভাবে চিঠি পাঠান, এটা তেমনিভাবে পাঠানো হয়েছে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘এই পোডিয়াম থেকে জাতিসংঘের তরফে যা বলা হয়েছে এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যা বলেছেন, সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’

মোস্তফা সরওয়ার ফারুকী আইসিইউতে

ব্রেইন স্ট্রোক করে নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালের আইসিইউতে অবজারভেশনে আছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান ফারুকীর স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
তিশা লেখেন, ‘আজ (সোমবার, ২২ জনুয়ারি) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল, এনজিওগ্রাম করাতে।
করা হলো। ছোট একটি ব্রেইন স্ট্রোক হয়েছে ওঁর। এখন নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালের আইসিইউতে অবজারভেশনে আছে ও। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন। ’