শনিবার, অক্টোবর ১০, ২০২৬

এশিয়ান কাপের শেষ ষোলোয় ফিলিস্তিন

প্রথমবারের মতো এশিয়ান কাপের নকআউট পর্বে কোয়ালিফাই করে ইতিহাস গড়ল যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন। শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে গতকাল হংকংকে ৩-০ ব্যবধানে হারায় তারা। যেটি এই প্রতিযোগিতায় দেশটির প্রথম জয়ও।
তিন ম্যাচে ১ জয়, ১ ড্র ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র তৃতীয় অবস্থানে থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ফিলিস্তিন। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকা ইরানও নিশ্চিত করেছে নকআউট পর্ব। দুইয়ে থাকা আরব আমিরাত ৪ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করে। ফিলিস্তিন মূলত তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা চারটির একটি হওয়ায় শেষ ষোলোয় যাওয়ার সুযোগ পেয়েছে।
হংকংয়ের বিপক্ষে দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে খেলতে নেমে দাপট দেখায় ফিলিস্তিন। ৬৮ শতাংশ বল দখলে রেখে তারা ১৯টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে। ম্যাচে দলটির হয়ে হয়ে জোড়া গোল করেছেন ওদায় দাবাগ। দাদ্বশ ও ৬০তম মিনিটে লক্ষ্যভেদ করেছেন এই ফরোয়ার্ড। অন্য গোলটি আসে জাইদ কুনবার পা থেকে।
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অনেক খেলোয়াড় এবং কর্মকর্তারা হারিয়েছেন নিজেদের আপনজন। তাই টুর্নামেন্ট শুরুর আগে দারুণ কিছু করে কিছুটা হলেও সান্ত্বনা দেওয়ার কথা বলেছিলেন তারা। সেই কথা রাখতে পেরেছেন ফুটবলাররা। ইতিহাস গড়েই এশিয়ান কাপের পরের পর্ব নিশ্চিত করেছে দলটি।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ৩ হাজার ৭০১টি ইয়াবা ট্যাবলেট, ৯৩.৭ গ্রাম হেরোইন, ১১ কেজি ৯০২ গ্রাম গাঁজা ও ৭০ বোতল দেশি মদ জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।

মার্কিন-ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ছাড়ার নির্দেশ হুতিদের

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাতিসংঘ ও তার সংস্থার সকল মার্কিন ও ব্রিটিশ কর্মীকে এক মাসের মধ্যে সে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।
জাতিসংঘের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে লেখা ২০ তারিখের একটি চিঠিতে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা কর্তৃপক্ষ এসব কর্মীকে ইয়েমেন ছাড়ার জন্যে এক মাসের সময় বেঁধে দিয়েছে। এর মধ্যেই তাদেরকে ইয়েমেন ত্যাগের প্রস্তুতি নিতে হবে এবং এ বিষয়ে চিঠির মাধ্যমে ২৪ ঘন্টার নোটিশ দেয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের একজন কর্মকর্তা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ইয়েমেনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী পিটার হকিন্স নিজেও একজন ব্রিটিশ।

গাজায় ইসরাইলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে শুরু করে। এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছে।
উল্লেখ্য, ইয়েমেনে প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধ চলছে। হুতিরা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এ কারণে দেশটিতে তীব্র মানবিক সংকট চলছে।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ইইউ প্রেসিডেন্ট

টানা চতুর্থবারের মতো সরকারপ্রধানের পদে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট চার্লস মিশেল।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ব্রাসেলস থেকে এক শুভেচ্ছা বার্তায় সরকারপ্রধানকে এ অভিনন্দন জানান চার্লস মিশেল।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আপনার দেশের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদি অংশীদার। আমরা বাংলাদেশের সঙ্গে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য সব স্বার্থের বিষয়ে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
চার্লস মিশেল বলেন, আমাদের সহযোগিতাকে বিস্তৃত এবং আধুনিকীকরণের উদ্দেশ্যে একটি অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা শিগগিরই শুরু হবে। এই চুক্তি আগামী বছরগুলোতে আমাদের সম্পর্কের জন্য একটি শক্ত কাঠামো তৈরি করবে।

অভিনন্দন বার্তায় আরও বলা হয়, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের কাঠামোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের অংশীদারিত্বকে সমুন্নত রাখতে ও এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাবে।

কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

কানাডায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জানুয়ারি) কানাডার সুদূর উত্তরের রিও টিন্টো খনির উদ্দেশে শ্রমিকদের বহনকারী একটি ছোট বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট খনি কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে যে, অল্প কিছু লোককে নিয়ে একটি বিমান তাদের ডায়াভিক খনিতে যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছে। এর ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমান চলাচলকারী একটি সূত্র জানিয়েছে, ওই দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে একজন বেঁচে গেছেন।
ওন্টারিওর দ্য জয়েন্ট রেসকিউ কো-অরডিনেশন সেন্টার জানিয়েছে, ফোর্ট স্মিথ থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে উড্ডয়নের কিছু সময় পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে। জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনাকারী নর্থওয়েস্টার্ন এয়ার জানিয়েছে, চার্টার ফ্লাইটটি রানওয়ের শেষদিক থেকে ১ দশমিক ১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়েছে।

বিএনপি উপলব্ধি করছে তাদের ভুল হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি এখন উপলব্ধি করছে তাদের চরম ভুল হয়েছে। তিনি বলেন, বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা এখন উপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মত্যাগের শামিল হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) পুরান ঢাকার বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। আজ পুরো পৃথিবী নতুনভাবে নির্বাচিত হওয়ার কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে। এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই আবোল-তাবোল বকছে। তারা এখন উপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মত্যাগের শামিল হয়েছে।
তিনি বলেন, আমার যখন ২০০৯ সালের সরকার গঠন করি, এরপর যখন উপজেলা নির্বাচন হয় তখন কিন্তু প্রতীক ছিল না। প্রতীক দেওয়ার বিধান পরে চালু হয়। স্থানীয় সরকার নির্বাচন বরাবরই প্রতীকবিহীন হয়েছে। আমরা আগের সেই পদ্ধতির কথাই বলেছি। সেখানে সবাই উপস্থিত থাকবে এবং যে যার মতো নির্বাচন করবে। যারা বিজয়ী হবেন, তারা উপজেলা চেয়ারম্যান হবেন। এটা নতুন কিছু না।

ড. হাছান মাহমুদ বলেন, প্রতীকবিহীন নির্বাচন করার বিষয়টি আমাদের মধ্যে বহু আগে থেকে আলোচনায় ছিল। হঠাৎ করে সিদ্ধান্ত হয়নি। প্রায় দুই বছর ধরে এটি আলোচনার মধ্যে ছিল। সর্বশেষ গত ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এটি সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, বহু শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে জাতির পিতার নেতৃত্বে আমাদের স্বাধীনতা এসেছে। স্বাধীনতা কারো হুইসেল বাজানোর মাধ্যমে আসেনি। বহু সংগ্রাম, বহু রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে। আমাদের এই স্বাধীনতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে মতিউর রহমানের আত্মদান রয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ অনেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃতি করে। বিএনপি-জামায়াত স্বাধীনতা সংগ্রাম বিকৃত করে। বলার চেষ্টা করে একটি হুইসেল বাজানোর মাধ্যমে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। স্বাধীনতা সংগ্রাম তারা অস্বীকার করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঘুমন্ত বাঙালি জাতিকে পলে পলে আন্দোলিত করে এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে।

ফের ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

ফের ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে মার্কিন নিয়ন্ত্রণাধীন আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদে মার্কিন সেনাদের ওপর এই হামলা হলো।
ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ড্রোন দিয়ে ঘাঁটিতে হামলা চালায়। এর দুই দিন আগে প্রতিরোধ যোদ্ধারা একই ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ওই হামলায় আইন আল-আসাদ ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মার্কিন সেনা ব্রেইন ইনজুরির শিকার হয়েছে। অনেক সেনা এতে মানসিক ভারসাম্য হারিয়ে ট্রমাটাইজড হয়েছেন বলে খবর বেরিয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম শনিবার সন্ধ্যায় হামলার কথা নিশ্চিত করে জানিয়েছিল যে, ব্রেইন ইনজুরির শিকার সেনাদের আহত হওয়ার মাত্রা মূল্যায়ন করে দেখা হচ্ছে।
এদিকে, ইরাকের মুসলিম প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা সোমবার জানিয়েছে যে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের কনিকো এলাকায় মোতায়েন মার্কিন সেনাদের ওপর তারা হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে,সোমবার দুপুরের মধ্যে কোনিকো ঘাঁটিতে দুই দফা হামলা চালানো হয়।
ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনে সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নেয়া কয়েকটি সংগঠন রয়েছে যাদেরকে সরকার দেশের বৈধ সামরিক শক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই প্রতিরোধ যোদ্ধাদের সংগঠনগুলোর সম্মিলিত জোটকে পপুলার মবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ শাবি বলা হয়। এই জোট ইরাক এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে এখন বিশেষভাবে সক্রিয় রয়েছে।
খবর প্রেস টিভি

চোরাই পথে আসা কোনো মোবাইল ফোন চলবে না : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অনিবন্ধিত, অবৈধ বা চোরাই পথে আসা কোনো মোবাইল ফোন কেউ যেন ব্যবহার করতে না পারে সে জন্য অল্প সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম (আইএমইআই) আরও কার্যকর করা হবে।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণ করতে হলে বিটিআরসিকে শুধু নিয়ন্ত্রণকারী সংস্থা হলে হবে না জানিয়ে পলক বলেন, আমাদের আরও একটু উদ্ভাবনী এবং সৃজনশীল কৌশল নিয়ে তরুণ প্রজন্ম ও উদ্ভাবকরা যেন কাজে লাগাতে পারেন তার ব্যবস্থা করতে হবে।
পলক বলেন, আমাদের একদিকে যেমন রাজস্ব পাওনা যাদের কাছে আছে সেগুলো আদায় করবো। কারণ বর্তমানে যে আন্তর্জাতিক সংকট সেখানে রাজস্ব আয়ের দিকে মনোযোগী হতে হবে। তবে অবশ্যই শুধু যারা রাজস্ব বেশি দেয় তাদের কাছে কাছে আরও বেশি আহরণ করার লক্ষ্য নির্ধারণ না করে আমাদেরকে রাজস্ব আহরণের যে সম্ভাবনা আছে সেগুলো বৃদ্ধি করতে চাই।

তিনি বলেন, আমাদের বর্তমানে অত্যাধুনিক যে প্রযুক্তি আছে- ফাইভজি, রোবোটিক্স, আইওটি- এগুলোকে কীভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমরা শুধু পরিবর্তনের সঙ্গে খাপ না খাওয়াই, এই পরিবর্তনের সঙ্গে উদ্ভাবনী শক্তি নিয়ে নেতৃত্ব দিতে পারি তার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা লক্ষ্য করছি আমাদের গার্মেন্টস শিল্প ঝুঁকির মধ্যে আছে, আমরা লক্ষ্য করছি জর্মানি-জাপান যেভাবে রোবোটিক্স আইওটি ব্যবহার করা শুরু করেছে, তাতে যদি আমরা টেকনোলজি সম্পর্কে নিজেদের দক্ষ ও যোগ্য করে তুলতে না পারি তাহলে মারাত্মক একটা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়তে পারি।
আমাদের যে স্থানীয় শিল্প আছে সেখানেও বিটিআরসির একটা বড় ভূমিকা আছে জানিয়ে পলক বলেন, আজকে ১৭টি মোবাইল ফোন অ্যাসেম্বলি প্ল্যান্ট বাংলাদেশে হয়েছে। এখানে যাতে আরও বিনিয়োগ হয়, যেখানে আমাদের ৫০ হাজারের মতো ছেলে-মেয়ে কাজ করছে। এখান থেকে যেন রপ্তানি আয় বাড়াতে পারি এবং বিনিয়োগ আকর্ষণ করতে পারি এজন্য যে ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম (আইএমইআই) রয়েছে সেটা আমরা আরও কার্যকর করতে চাই খুব অল্প সময়ের মধ্যে।
নিবন্ধিত বৈধ মোবাইল ফোন ছাড়া বাংলাদেশের নেটওয়ার্কে অন্য কোনো অনিবন্ধিত, অবৈধ, চোরাই পথে আসা কোনো মোবাইল ফোন কেউ যেন ব্যবহার করতে না পারে তার জন্য বিটিআরসি ব্যবস্থা গ্রহণ করবে। এর ফলে স্থানীয় উৎপাদন বৃদ্ধি, রপ্তানি বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে এই সিস্টেমটা অনেক বেশি কার্যকর হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন,আমরা লক্ষ্য করছি আমাদের ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। ২০০৮ সালে ইন্টারনেটের গ্রাহক ৩৬ লাখ থাকলেও বর্তমানে ১৩ কোটি, ২০০৮ সালে টেলি ঘনত্ব ছিল ৩৪ শতাংশ আর বর্তমানে তা ১০৫ শতাংশ, ২০০৮ সালে ইন্টারনেট ঘনত্ব ছিল ২.৫ শতাংশ আর বর্তমানে তা ৭৪ শতাংশ, ব্যান্ডউইথের ব্যবহার ছিল ৭.৫ জিবিপিএস আর বর্তমানে তা ৪ হাজার ৭৬৫ জিবিপিএস। ওই সময়ে প্রতি জিবি ইন্টারনেটের দাম ২৭ হাজার টাকা আর বর্তমানে তা ৪০ টাকায় নামিয়ে এনেছেন শেখ হাসিনা। মোবাইল ফিন্যান্সিয়াল সেবা সারা বিশ্বে রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছে। এগুলো সম্ভব হয়েছে নীতিগত সিদ্ধান্তের কারণে।
তিনি বলেন, স্মার্ট বিটিআরসি করার জন্য শুধু রেগুলেটর হিসেবে নয়, একটা স্মার্ট ফ্যাসিলেটর হওয়ার যে সুযোগ এসেছে তা যেন কাজে লাগাই।
মতবিনিময় সভায় এ সময় বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের মহাপরিচালক এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দলীয় মনোনয়ন না দিলেও আইনের ব্যত্যয় ঘটবে না : তাজুল ইসলাম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলগুলো ইচ্ছা হলে প্রার্থীদের মনোয়ন দিতেও পারে, নাও দিতে পারে; তাতে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এতে আইনের ব্যত্যয় হচ্ছে কি না? জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আইনটি যেভাবে করা আছে, তাতে দলীয় প্রতীকেও হতে পারে, দলীয় প্রতীক ছাড়াও হতে পারে। কোনো দল যদি কাউকে দলীয় মনোনয়ন দিয়ে প্রতীক দেয় সেখানে নির্বাচন দলীয় প্রতীকে হবে। এছাড়া অপশন আছে-সেখানে স্বতন্ত্র নির্বাচন করতে পারে। আমি আইনটি দেখেছি, আইনটি ঠিক আছে।’
তাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ যদি মনে করে সেখানে দলীয়ভাবে মনোনয়ন দিয়ে দেবে, তাহলে সেই সিদ্ধান্ত নিতে পারে। আবার দল যদি মনে করে, না আমরা এভাবে দলীয় মনোনয়ন কাউকে দেবো না, আবার কোথাও কোথাও দেবো কোথাও কোথাও দেবো না-দল থেকে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে।’
আইন সংশোধনের কোনো উদ্যোগ আছে কি না? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না আইন সংশোধনের কোনো প্রয়োজন নেই। আপনি দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন, দলীয় প্রতীক ছাড়াও নির্বাচন করতে পারবেন। এতে আইনের ব্যত্যয় হবে না।’

‘ভারতের অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার ক্ষেত্রে ভালো সংবাদ পাব’

ভারতে অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার ক্ষেত্রে ভালো সংবাদ পাওয়া যাবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
নৌ, স্থল এবং নদীবন্দরে যোগাযোগ বাড়ানোর কথা বলছেন, কিন্তু ভিসা জটিলতা রয়ে গেছে। এ বিষয়ে হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘ভিসা নিয়ে আমাদের কথা হয়েছে। যারা চিকিৎসা করতে যায় এক সপ্তাহের মধ্যে তাদের সব ফর্মালিটি শেষ হয়। আমরা বলেছি, যেহেতু নৌ-পর্যটন শুরু হয়েছে, এরই মধ্যে দুটি যাত্রীবাহী ক্রুজ চলে গেছে কলকাতায়। অন-অ্যারাইভাল ভিসা নিয়ে কথা বলেছি, এগুলো নিয়ে তারা কাজ করবে। এ ব্যাপারে আমরা আরও ভালো সংবাদ পাব।’
ভারত ও চীনের রাষ্ট্রদূতরা সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছেন, এটা কি অন্য কোনো দেশকে কী কোনো মেসেজ দেওয়া, এ বিষয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার তৈরি করার জন্য অনেকেই কথা বলেছিল। প্রধানমন্ত্রী সেটা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন। যারা নির্বাচন নিয়ে সংখ্যায় ছিল তারাও কিন্তু বাংলাদেশের সঙ্গে চলে এসেছে। যে সংখ্যাটা ছিল সেটা কিন্তু নির্বাচনে দেখা যায়নি।’

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে একজন বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘না, এগুলো আলোচনা হয়নি এটা বিচ্ছিন্ন ঘটনা।’
হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যেহেতু তাদের সঙ্গে আমাদের সমুদ্র, নদী এবং স্থলবন্দরের একটা যোগাযোগ এবং সম্পর্ক এই মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয়। সেই বিষয়গুলো আরও কীভাবে সুন্দর করতে পারি, আরও বেশি সেবা দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আমাদের দেশে যে উন্নয়ন ভারত চায় সেগুলোর সঙ্গী থাকার জন্য।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পায়রা বন্দর এবং মাতারবাড়ি সমুদ্র বন্দর নিয়ে তাদের আগ্রহ আছে। সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, পায়রায় যে অর্থনৈতিক অঞ্চল আছে, ভারতীয় বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ রয়েছে। তারা ভারতীয় বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবে এবং পায়রা বন্দর পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেছেন।’