শনিবার, অক্টোবর ১০, ২০২৬

ড. ইউনূসকে নিয়ে সিনেটরদের চিঠি দুর্ভাগ্যজনক : অ্যাটর্নি জেনারেল

শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ১২ সদস্যের চিঠিতে বাংলাদেশের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
আজ বুধবার (২৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে ড. ইউনূসকে নিয়ে ১২ সিনেটরের চিঠির বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এমন কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো দেশের বিচার প্রক্রিয়া না জেনে কোনো ধরনের মন্তব্য বা প্রতিক্রিয়া দেওয়া সঠিক নয়। প্রধানমন্ত্রীর কাছে এই সংক্রান্ত চিঠি দেওয়া সমুচিত নয়। কারণ, তিনি বিচার বিভাগের কেউ নন। প্রকাশ্য আদালতে ড. ইউনূসের মামলার বিচার হয়েছে। এটা নিয়ে কারও কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া থাকলে বাতিল করার ব্যবস্থা রয়েছে। সেখানে তারা তাদের বক্তব্য দিতে পারেন।
বহির্বিশ্বের যেসব ব্যক্তি বা সংস্থা ড. ইউনূসের মামলা নিয়ে কথা বলছেন তারা বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে কিছু জানেন না অথবা কেউ তাদের প্রভাবিত করে এসব কাজ করাচ্ছে বলে মন্তব্য করেন এএম আমিন উদ্দিন।

প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধির প্রবণতা ত্যাগ করতে হবে : পরিকল্পনামন্ত্রী

প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধির প্রবণতা ত্যাগ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।
আজ বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে পরিকল্পনা কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন শেখ হাসিনা।
বৈঠকে কমিশনের বিকল্প চেয়ারপারসন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভাইস চেয়ারপারসন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, পরিকল্পনা কমিশনের সদস্যরা ও গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ফিজিবিলিটি স্টাডিতে অর্থাৎ প্রকল্প নেওয়ার আগে সমীক্ষা যাচাই-বাছাইয়ে জোড় দিতে হবে। উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা যাচাইয়ে আরও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, প্রকল্প পরিচালক নিয়োগে বিশেষজ্ঞদের নিয়ে পুল করা হবে। কারণ, অনেক প্রকল্প পরিচালক দিয়ে প্রকল্প বাস্তবায়নে দক্ষতার ঘাটতি লক্ষ্য করা যায়। এ জন্যই দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগ দিতে বিশেষজ্ঞ প্যানেলকে দায়িত্ব দেওয়া হবে।
আব্দুস সালাম বলেন, সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের ব্যয় ব্যবস্থাপনায় আরও নজরদারি বাড়াতে হবে। বিশেষ করে প্রকল্প বাস্তবায়নে সময়মতো অর্থ ছাড় করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধির প্রবণতা ত্যাগ করতে হবে বলে।

কমিশন জানায়, এবারের বৈঠকে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এগুলো হচ্ছে, সরকারি বিনিয়োগের গতিধারা পর্যালোচনা, পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রক্ষেপণের সঙ্গে এডিপি বাস্তবায়নের বরাদ্দের অসামঞ্জস্যতা এবং সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াকরণ ও সংশোধন সংক্রান্ত নির্দেশিকা পরিমার্জন বা সংশোধন। এ ছাড়া, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের অগ্রগতি এবং সেক্টর বা বিভাগভিত্তিক উল্লেখযোগ্য বিষয়াদিও পর্যালোচনা করা হয়েছে।

সংশোধিত শ্রম আইন আগামী অধিবেশনে পাস হবে : আইনমন্ত্রী

সংশোধিত শ্রম আইন আগামী অধিবেশনে পাস হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয় শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সব প্রক্রিয়া শেষ করে গত সরকারের শেষ সময়ে সংশোধিত শ্রম আইন জাতীয় সংসদে পাস হয়ে রাষ্ট্রপতির কাছে গেলেও রাষ্ট্রপতি তা অনুমোদন দেননি। শেষ মুহূর্তে আইনের মধ্যে কিছু ত্রুটি ধরা পড়ায় সেটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠান রাষ্ট্রপতি।
আইনমন্ত্রী বলেন, আইএলওর (আন্তর্জাতিক শ্রম সংস্থা) গভর্নিং বোর্ডের মিটিং আগামী মার্চ মাসে হবে। আমাদের যে অগ্রগতি এবং এই শ্রম আইনের ব্যাপারে কি সব কাজ করছি তার একটা ব্রিফিংয়ের জন্য আজকে মিটিংটা ছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছেন। মন্ত্রণালয়কে তিনি কতটা গুরুত্ব সহকারে দেখেন তারই প্রতিফলন এটা। আমি প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে ব্রিফ করবো। প্রধানমন্ত্রীকে ব্রিফ করার পরই সবকিছুর আলোচনা আপনাদের সঙ্গে করতে পারি। প্রধানমন্ত্রী সঙ্গে কথা না বলে আমি আপনাদের কোনো তথ্য দিতে পারব না।
সংশোধিত শ্রম আইন আগামী সংসদ অধিবেশনে উঠবে এবং পাস হবে কি না, জানতে চাইলে আনিসুল হক বলেন, অবশ্যই উঠবে, অবশ্যই পাস হবে।
শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের স্বাক্ষরের হার ১০ শতাংশ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এটা নিয়েও আজকে আমরা আলাপ-আলোচনা করেছি। এখানেও যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। সেখানে প্রধানমন্ত্রীর আগের নির্দেশনা অনুযায়ী একটা পরিবর্তন এনেছি, আমি খুব শিগগির প্রধানমন্ত্রীকে এটা নিয়ে ব্রিফ করব।

১০ শতাংশ করা আপনারা যৌক্তিক মনে করছেন কি না, এ বিষয়ে আনিসুল হক বলেন, শ্রমিক এবং এমপ্লয়াররা যেটা আলোচনা করে সিদ্ধান্ত দেবেন, আমার মনে হয় আমাদের দেশের পরিবেশের জন্য সেটাই গ্রহণ করা সমীচীন হবে।

গতকাল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক ছিল। সেখানে তারা শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে কথা বলেছে। অন্যদেশ শ্রমিকদের জীবনমান এবং কর্মপরিবেশ নিয়ে কথা বলে, আইনমন্ত্রী হিসেবে আপনি মনে করেন কি না শ্রমিকদের জীবনমান উন্নয়নের প্রয়োজন রয়েছে- এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে একটা দুর্ঘটনার পর যে মনোযোগ এই সরকার শ্রমিকদের কর্মপরিবেশ উন্নত করার জন্য দিয়েছে; এরকম অন্য কোনো দেশে নজির দেখানো খুব কঠিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১১ বছরে শ্রমিকদের কর্মপরিবেশের জায়গায় আমূল পরিবর্তন হয়েছে এবং উন্নত হয়েছে। সেই জায়গায় যারা এটা নিয়ে কথা বলছেন, যে বিদেশিরা…আমার মনে হয় তাদের আরও এ ব্যাপারে… প্রথমে ২০০৩-০৪ ও ০৫ সালে কি অবস্থা ছিল, সেটার চিত্র দেখে ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কি উন্নতি হয়েছে, সেটা বিবেচনা করতে হবে। এসব বিবেচনা করেই তাদের কথা বলা উচিত।

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ১৫ মার্চ

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। সকালে স্কুল-২ ও স্কুল পর্যায় এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২৪ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক (উপসচিব) মো. আবদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী ১৫ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, কয়েক বছর ধরে স্কুল ও কলেজ পর্যায়ের পরীক্ষা পৃথক পৃথক দিনে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম একইদিনে নিয়োগ পরীক্ষার সূচি ঠিক করেছে এনটিআরসিএ।

এনটিআরসিএর কর্মকর্তারা জানিয়েছেন, এসএসসি পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনসহ নানা কারণে এবার একদিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছরের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী।
প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

যুক্তরাজ্য-বাংলাদেশের সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করব : হাইকমিশনার

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
তিনি বলেন, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাবে।
আজ বুধবার (২৪ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাইকমিশনার। মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান কুক।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে। আমাদের দুই পক্ষের সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা অংশীদারত্ব, জলবায়ু সংকট, অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছি।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ৮ জানুয়ারি একটি বিবৃতি প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। সেই প্রসঙ্গ টেনে ব্রিটিশ হাইকমিশনার বলেন, নির্বাচন নিয়ে আমরা ৮ জানুয়ারি বিবৃতি দিয়েছি। মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে আমরা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাব।
গত ৮ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি। আর নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না।

‘সবার জন্য সুপেয় পানি নিশ্চিতে একযোগে কাজ করবে সরকার’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পানি সম্পদ রক্ষা এবং সকলের জন্য পানির অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট এনজিওদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার।
তিনি বলেন, সরকারি-বেসরকারি সংস্থাসমূহ একসঙ্গে কাজ করে আমরা পানির সংকট কাটিয়ে উঠতে এবং টেকসই ভবিষ্যত গড়ে তুলতে সক্ষম হব। সবার জন্য পানি নিশ্চিতে এবং সুরক্ষিত বিশ্বের জন্য আমাদের সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আজ বুধবার গুলশানের সিক্স সিজন হোটেলে অ্যাকশনএইড আয়োজিত ৯ম আন্তর্জাতিক পানি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
এবার সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ওয়াটার, রিভারস, অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ : ক্রিয়েটিং স্পেস ফর রেজিলেন্স।’
পরিবেশমন্ত্রী বলেন, সুপেয় পানির সংকট একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, কিন্তু এটি স্থানীয়ভাবে সমাধান করতে হবে। সরকার এজন্য পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে। সমাজের সকল শ্রেণির ব্যক্তিদের একসঙ্গে কাজ করে প্রত্যেকের বেঁচে থাকার এবং উন্নতির জন্য প্রয়োজনীয় পানি পেতে পারে তা নিশ্চিত করতে হবে। আমাদের তরুণদের নদী রক্ষা ও পানির অধিকার নিশ্চিতে এগিয়ে আসতে হবে।
পানি সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন, অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির চেয়ারপারসন ইব্রাহিম খলিল আল-জায়াদ এবং অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির প্রমুখ বক্তব্য রাখেন।

‘জলবায়ু পরিবর্তনের রাজনীতির মোকাবিলা’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

সৌদিতে চাপ অনুভব করছেন বেনজেমা, ছাড়তে চান ক্লাব

সৌদি পেশাদার ক্লাব আল-ইত্তিহাদে চাপ অনুভব করছেন করিম বেনজেমা। যে কারনে অস্থায়ীভাবে ক্লাব ছাড়তে চান বলে একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে।
আল-ইত্তিহাদ ফরাসি এই স্ট্রাইকারকে সৌদি লিগের অন্য একটি ক্লাবে ধারে খেলার জন্য প্রস্তাব দিয়েছে। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন বেনজেমা। ৩৬ বছর বয়সী বেনজেমা ক্লাব ও কোচ মার্সেলো গালারডোর সাথে এ বিষয়ে আলোচনা করে জানিয়েছেন কোনভাবেই তিনি এখানে স্বস্তি বোধ করছেন না। সেই আলোচনায় তিনি আরও জানিয়েছেন ইত্তিহাদে বর্তমান চাপের কারণে নিজের সেরাটা তিনি দিতে পারছেন না।
যদিও এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বেনজেমা।
গত বছর সৌদি লিগে যে সকল ইউরোপীয়ান তারকা পাড়ি জমিয়েছেন তার মধ্যে হাই-প্রোফাইল খেলোয়াড়ের তালিকায় বেনজেমা অন্যতম। মৌসুমের মধ্য বিরতিতে তিনি ছুটি কাটিয়ে ১৭ দিন দেরিতে ইত্তিহাদে যোগ দেন। এরপর থেকে বেনজেমা জেদ্দাতে একাই অনুশীলন করছেন। সূত্রটি জানিয়েছে দুবাইয়ে প্রস্তুতিতে থাকা ক্লাবের সঙ্গে তাকে শৃঙ্খলাভঙ্গের অজুহাতে যোগ দিতে দেয়া হয়নি।
বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি সাবেক ব্যালন ডি’অর বিজয়ী বেনজেমাকে ধারে বর্তমান ট্রান্সফার উইন্ডোতে দলে নিতে চায়। যদিও সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এ মাসে আল-ইত্তিহাদ ছাড়ার কোনো উপায় নেই বেনজেমার সামনে। এবারের মৌসুমে সৌদি পেশাদার লিগে বেনজেমা ৯ গোল করেছেন। আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদোর ২০ গোলের তুলনায় যা অনেক কম।
টানা তিন পরাজয়ে লিগ টেবিলের সপ্তম অবস্থানে রয়েছে আল-ইত্তিহাদ। পিআইএফ এর মালিকানাধীন চার দলের মধ্যে সবচেয়ে কম গোল দিয়েছে এই ক্লাবটি, বিপরীতে সবচেয়ে বেশ গোল হজম করেছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পুনরায় সৌদি আরবের পেশাদার লিগ শুরু হচ্ছে।

ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। তবে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ মিশরের এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ইসরায়েলের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, হামাসকে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল।
এ ছাড়া গাজা উপত্যকা ছেড়ে নিরাপদে অন্য কোনো দেশে চলে যাওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতারা। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারসহ সশস্ত্র এ গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাদের নিরাপদে গাজা ছাড়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও দেয় দখলদার ইসরায়েল।
ইসরায়েল এ অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে, জিম্মিদের মুক্ত করতে চাইলে সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে। যেন সাধারণ ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়িতে ফিরতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে মিশরের ওই কর্মকর্তা আরও এপিকে জানিয়েছেন, কাতারের সঙ্গে তারা এখন একাধিক প্রস্তাব নিয়ে কাজ করছেন। যেসব প্রস্তাবে রয়েছে যুদ্ধ বন্ধ, জিম্মিদের মুক্তি এবং সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণ।
গত বছরের নভেম্বরে কাতার ও মিশরের মধ্যস্থতায় সাত দিনের যুদ্ধবিরতি পালন করে হামাস ও ইসরায়েল। ওই যুদ্ধবিরতি চলাকালীন হামাস ১০৫ জিম্মিকে মুক্তি দেয়। কিন্তু জিম্মিদের মুক্তির শর্ত নিয়ে মতভেদ দেখা দেওয়ায় সেই যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। এখন ইসরায়েল আবারও যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে। তবে হামাস জানিয়েছে, তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা ছাড়া অন্য আর কোনো চুক্তিতে রাজি হবে না।
খবর টাইমস অব ইসরায়েল

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করলেন এডার

ব্রাজিল ডিফেন্ডার এডার মিলিটাও রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত মিলিটাও সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন, স্প্যানিশ জায়ান্ট ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
২৬ বছর বয়সী মিলিটাও ২০১৯ সালে পোর্তো থেকে রিয়ালে এসেছিলেন। এবারের মৌসুমে হাঁটুর ইনজুরির কারণে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন।
মাদ্রিদের হয়ে মিলিটাও একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জয় করেছেন।
গত মাসে মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন চুক্তি অনুযায়ী আনচেলত্তি ২০২৬ সাল পর্যন্ত মাদ্রিদে থাকছেন। এর মাধ্যমে ব্রাজিল জাতীয় দলে তার যোগদানের আলোচনা শেষ হয়ে গেছে।

সায়মা ওয়াজেদকে শুভেচ্ছা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পাওয়ায় তাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (২২ জানুয়ারি) চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকেই প্রধানমন্ত্রী কন্যা, অটিজম বিশেষজ্ঞ ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদকে আগামী পাঁচ বছরের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এক্ষেত্রে বর্তমান পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিং ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং আগামী ১ ফেব্রুয়ারি থেকেই পূর্ণ দায়িত্ব পালন করবেন সায়েমা ওয়াজেদ পুতুল।

বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম নির্বাহী বোর্ড মিটিংয়ে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার (২৩ জানুয়ারি) তার জন্য নির্ধারিত বক্তব্যে সায়মা ওয়াজেদের এই দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মত কোনো বাংলাদেশির বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে এরকম দায়িত্বশীল ও সম্মানজনক পদে দায়িত্বপ্রাপ্তি ঘটল। এই প্রাপ্তিতে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি (সায়মা ওয়াজেদ) অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে ইতোমধ্যেই বিশ্বব্যাপী পরিচিত। তার মত একজন দক্ষ ব্যক্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে দায়িত্বপ্রাপ্তিতে চিকিৎসা ক্ষেত্রে এ অঞ্চলে আগামীতে নিশ্চিত অগ্রগতি আসবে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কন্যা। তিনি জানেন কীভাবে কাজগুলো করতে হবে। তার এই দায়িত্বপ্রাপ্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গর্ব অনুভব করছে, এবং সায়মা ওয়াজেদের আগামী দিনগুলোর উত্তরোত্তর সাফল্য কামনা করছে।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের বক্তব্যকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
বিশ্বস্বাস্থ্য স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৫৪তম নির্বাহী বৈঠক ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে, যা আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে।