শনিবার, অক্টোবর ১০, ২০২৬

আগামী এক মাস দেশে মুক্তি পাবে না হিন্দি সিনেমা

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতে মুক্তি পেয়েছে হৃতিক, দীপিকা অভিনীত বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘ফাইটার’। একইদিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তির কথা শোনা গিয়েছিল। এমনকি আমদানির মাধ্যমে দেশে মুক্তির অনুমতিও পায় সিনেমাটি।
কিন্তু শেষ সময়ে এসে ‘ফাইটার’-এর অপেক্ষায় থাকা বাংলাদেশি দর্শকদের পেতে হলো দুঃসংবাদ। শুধু আজ নয়, আগামী এক মাসের মধ্যেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে না হিন্দি সিনেমা ‘ফাইটার’।

খোঁজ নিয়ে জানা গেছে, আর ছয়দিন পরেই ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসে কোনো ভিনদেশি ভাষার সিনেমা দেশের প্রেক্ষাগৃহে না চালানোর অনুরোধ জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।
বাংলাদেশে ফাইটার আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশান কাট’ এর কর্ণধার অনন্য মামুন বরাবর সম্মিলিত চলচ্চিত্র পরিষদের একটি চিঠিও হাতে এসেছে।
পরিষদের সদস্য সচিব শাহ আলম কিরনের স্বাক্ষরে ওই চিঠিতে বলা হয়, আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি সিনেমা ‘ফাইটার’ আমদানি করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে কিংবা পরে মুক্তিদানের অঙ্গিকার করে একটি অঙ্গিকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেয়ার বিশেষ অনুরোধ করছি।
ভাষার মাসে হিন্দি সিনেমা মুক্তি না দিতে এসময় অনন্য মামুনের সহযোগিতাও চাওয়া হয় ওই চিঠিতে। জানা গেছে, ইন্ডিয়ান প্রযোজক ৬ দিনের জন্য ঢাকায় সিনেমা মুক্তি দিবে না।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এরিয়াল অ্যাকশন সিনেমা ‘ফাইটার’। বৃহস্পতিবার ভারতে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলছে সিনেমাটি। এরই মধ্যে সাধারণ দর্শক থেকে সমালোচক, সকলেই সিনেমার প্রশংসা করছেন। হৃতিক-দীপিকা ছাড়াও এতে আরও অভিনয় করছেন অনীল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভারসহ অনেকে। ‘ফাইটার’ সিনেমাতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দেবেন হৃতিক ও দীপিকা।

অশ্বিন-জাদেজা জুটির রেকর্ডের দিনে হতভম্ব ইংল্যান্ড

বাজবল স্ট্র্যাটেজি বুমেরাং হয়েছে। বাজবল স্ট্র্যাটেজিতে ব্যাটিংয়ে হায়দারাবাদ টেস্টের প্রথম দিন পার করতে পারেনি ইংল্যান্ড। সাড়ে চার ঘন্টায় থেমেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। ওভারপ্রতি ৩.৮১ রানে স্কোর করেছে ইংল্যান্ড ২৪৬/১০।
জবাব দিতে এসে প্রথম দিন শেষে ভারতের স্কোর ১১৯/১। যইশান ৭৬ এবং সুবমান গিল ১৪ রানে ব্যাটিংয়ে আছেন।প্রথম দিন শেষে ভারত পিছিয়ে আছে ১২৭ রান।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম ঘন্টায় ইংল্যান্ডের ব্যাটিংয়ে ছিল বাজবল স্টাইলের প্রতিফলন। আম্পায়ার্স কল-এ বেন ডাকেট অশ্বিনের বলে এলবিডাব্লুতে (৩৯ বলে ৩৫) ফিরে যাওয়ার পর বাজবল স্ট্র্যাটেজি থেকে সরে আসে ই্ংল্যান্ড।
দিনের প্রথম সেশনে মোটামুটি ভালই ব্যাট করেছে ইংল্যান্ড (১০৮/৩)। তবে দ্বিতীয় সেশনে স্কোরশিটে ১০৭ যোগ করে ৫ উইকেট হারালে প্রথম দিন পাড়ি দেয়া অসম্ভব হয়ে ওঠে ইংল্যান্ডের। ৮ম জুটিতে ৩৮ এবং নবম জুটিতে ৪১ রানে অধিনায় বেন স্ট্রোকস দিয়েছেন নেতৃত্ব।
অনোন্যপায় হয়ে ব্যাটটা চওড়া করেছেন। বুমরাহকে শাফল করে খেলতে যেয়ে বোল্ড আউটে থেমে যাওয়ার আগে পেয়েছেন হাফ সেঞ্চুরি (৮৮ বলে ৬ চার, ৩ ছক্কায় ৭০)।
হায়দারাবাদ টেস্টে ধরবে প্রথম দিন থেকে স্পিন, তা আন্দাজ করে একদিন আগে মাত্র ১ পেসারকে নিয়ে একাদশে ঘোষণা করেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তবে ভারত খেলেছে ২ পেসার, ৩ স্পিনার নিয়ে।হায়দারাবাদের উইকেটে প্রথম দিন ধরেছে স্পিন। প্রথম দিনেই নির্ভরতা দিয়েছে তিন স্পিনার অশ্বিন-জাদেজা-অক্ষয় প্যাটেল। অশ্বিন (৩/৬৮)-জাদেজা(৩/৮৮) তিনটি করে উইকেট পেয়েছেন এদিন। এই স্পিন জুটি এদিন রেকর্ড করেছেন।

টেস্টে ভারতের হয়ে জুটিতে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড এতোদিন ছিল লেগ স্পিনার আনিল কুম্বলে ও অফ স্পিনার হারভাজন সিংয়ে। একসঙ্গে ৫৪ টেস্টে এই জুটির শিকারসংখ্যার সমষ্টি ছিল ৫০১টি।
চলমান হায়দারাবাদ টেস্টের প্রখম দিন ওই জুটিকে ছাড়িয়ে গেলেছেন অফ স্পিনার অশ্বিন-বাঁ হাতি স্পিনার জাদেজা। একসঙ্গে টেস্টের হাফ সেঞ্চুরি ম্যাচে করেছেন অনন্য রেকর্ড। এই স্পিন জুটি একসঙ্গে ৫০ টেস্টে অতিক্রম করেছেন কুম্বলে-হরভাজনের কৃতিকে। অশ্বিন-জাদেজা জুটির শিকার সংখ্যা উন্নীত হয়েছে ৫০৫ উইকেট-এ।
(১ম দিন শেষে)
ইংল্যান্ড ১ম ইনিংস : ২৪৬/১০ (৬৪.৩ ওভারে)
ভারত ১ম ইনিংস : ১১৯/১ (২৩.০ ওভারে)

শিক্ষার্থীরাই গড়বে উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ : ধর্মমন্ত্রী

জামালপুরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই একদিন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের প্রধান সারথী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রযুক্তি নির্ভর শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন বলে বাংলাদেশ বদলে গেছে। নতুন নতুন উদ্ভাবনের ফলে প্রতিনিয়ত যেমন বদলে যাচ্ছে বিশ্ব, সেই হাওয়া বাংলাদেশের পালেও লেগেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা ব্যয়কে খরচ নয়, বিনিয়োগ বলেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনা প্রযুক্তি নির্ভর শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দেন, ফলে বদলে গেছে বাংলাদেশ।
বুধবার দুপুরে জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত ১৪ বছরে তথ্য প্রযুক্তি খাতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। ধারাবাহিক পথ পরিক্রমায় এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছি। আমাদের এবারের স্বপ্ন, শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের উন্নত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ এই চারটি ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ।

অফিসার্স ক্লাব চত্তরে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের মধ্যে প্রযুক্তি উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ আজ পৃথিবীর সামনে একটি গর্বিত দেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে গণহত্যার মাধ্যমে যে কালো অধ্যায় রচিত হয়েছিল তার মূল নায়ক ছিল পুলিশ কমিশনার রকিবুল হুদা।
তাকে এরশাদ সাহেবও প্রমোশন দিয়েছেন, পরবর্তীতে বিএনপি নেত্রী খালেদা জিয়াও প্রমোশন দিয়েছেন। সেদিন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই বৃষ্টির মতো গুলি ছুঁড়ে ২৪ জনকে হত্যা করা হয়েছে। সেটির দায়ে পুলিশ কমিশনারকে অভিযুক্ত করা হয়নি, বরং পুরস্কৃত করা হয়েছে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর সামনে একটি গর্বিত দেশ। ন্যাম সামিটে জাতিসংঘ ও কমনওয়েলথ সেক্রেটারিসহ বহু দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার বৈঠক হয়েছে। প্রত্যেকেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন।
তিনি আবার নতুনভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে। পত্রপত্রিকায় দেখেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। নির্বাচন কেন করলাম না, বিএনপির মধ্যে এখন এ নিয়ে গভীর হতাশা। সারা পৃথিবী যখন অভিনন্দন জানাচ্ছে, তখন তারা দিশেহারা হয়ে গেছে, খেই হারিয়ে ফেলেছে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ‘চট্টগ্রাম গণহত্যা দিবস’ উপলক্ষে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন।
জননেত্রী শেখ হাসিনা একজন সাহসী নেত্রী উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, রণাঙ্গনে যেমন সেনাপতি যুদ্ধ পরিচালনা করেন তেমনি তিনি সবসময় জীবন ও মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কখনো বিচলিত হন নাই।
ঢাকার বুকে যেদিন নুর হোসেন নিহত হয় সেদিনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মিছিলের নেতৃত্বে ছিলেন। চট্টগ্রামেও ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি জননেত্রী শেখ হাসিনা মিছিলে নেতৃত্ব দিয়েছেন। সেদিনও পাখি শিকারের মতো মানুষ শিকার করে গুলি ছুঁড়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। সেদিন নিহতের সংখ্যা ২৪ জন বলা হলেও অনেক লাশ গুম করা হয়েছে, বহু মানুষ আহত হয়েছিল।
সন্ধ্যায় সমস্ত শহর অন্ধকার করে দেয়া হয়েছিল। নেত্রীর ট্রাকের আশপাশের কয়েকজন নিহত হয়েছেন, এমনকি নেত্রীকে লক্ষ্য করেও গুলি ছোঁড়া হয়েছিল। গুলিবর্ষণ খানিকটা থেমে গেলে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নেত্রীকে কোর্ট বিল্ডিংয়ে নিয়ে যান।

চট্টগ্রাম সবসময় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘৬৬ সালে ছয়দফা ঘোষণা করার পর, ছয়দফার সমর্থনে প্রথম জনসভা হয় লালদিঘির পাড়ে। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে তৎকালীন অবিভক্ত চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান পাঠ করে শুনিয়েছিলেন। ১৮৫৭ সালে যখন সিপাহী বিদ্রোহ হয় তখন চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে সুবেদার রজব আলী বিদ্রোহ ঘোষণা করেন। সমগ্র বিশ^ব্যাপী বিস্তৃত ব্রিটিশ সাম্রাজ্য, যেখানে সূর্য অস্তমিত হতো না, সেই ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সূর্যসেন এবং চট্টগ্রামকে এগার দিন স্বাধীন রেখেছিলেন।
পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। কিন্তু সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। নির্বাচন কমিশনের নেত্বেত্বে এবং সরকারের সার্বিক সহযোগিতায় দেশে একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশে-বিদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।
তিনি বলেন, ভোট নিয়ে যারা প্রশ্ন তোলার চেষ্টা করে তারা আসলে নিজের মুখটা রক্ষা করার জন্য প্রশ্ন উপস্থাপন করছে। বিএনপি এখন আগের নেতৃবৃন্দকে বাদ দিয়ে ড. মঈন খাঁনকে নামিয়েছে। সুন্দর সুন্দর কথা বলে তিনি যদি কিছু করতে পারেন। আসলে রাজনীতিতে জননেত্রী শেখ হাসিনাকে মোকাবেলা করতে তারা ব্যর্থ হয়েছে। বিএনপির মধ্যে ভেতরে ভেতরে তারেক রহমানের বিরুদ্ধে প্রচণ্ড অসন্তোষ। সেই অসন্তোষ কোন একসময় বিস্ফোরণ ঘটবে। সাত সমুদ্র তের নদীর ওপাড় থেকে সিদ্ধান্ত দেয় নির্বাচন না করার, আর গাড়ি ঘোড়ায় পেট্রোল বোমা নিক্ষেপ করার।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রমুখ।

নীতিনির্ধারকরা চাইলে ‘৬৪৮ এমপি’র বিষয়টি স্পষ্ট করা হবে: আইনমন্ত্রী

এখন দেশে ৬৪৮ জন সংসদ সদস্য (এমপি) রয়েছেন বলে যে আলোচনা চলছে নীতি-নির্ধারকরা চাইলে সংবিধানের সেই বিষয়ে স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এখন যা হয়েছে সবকিছুই সাংবিধানিক হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বলা হচ্ছে সংসদে ৬৪৮ এমপি এখন। এটা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। মন্ত্রীরা যখন শপথ নেন তখন আগের মন্ত্রিসভা বাতিল হয়ে যায়। কিন্তু সংসদ সদস্যরা শপথ নিলেও আগের সংসদ বাতিল হয় না। সেক্ষেত্রে আইনের অস্পষ্টতা আছে বলে আপনি মনে করেন কি না। সেটি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ব্যাপারটা হচ্ছে সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে এবং এটা আজকে সংবিধানে সন্নিবেশিত করা হয়নি। এটা চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল। এখন যে বিষয়টা নিয়ে আলাপ করা হচ্ছে, এটার বোধহয় খুব একটা গুরুত্ব নেই। তারপরও আমি বলবো, নীতি-নির্ধারকরা যদি মনে করেন এখানে কিছু আরও স্পষ্ট করার প্রয়োজন আছে, সেটা দেখা যাবে।
আপনি আইনমন্ত্রী হিসেবে স্পষ্ট করা প্রয়োজন মনে করেন কি না, এ বিষয়ে তিনি বলেন, আমি তো বললাম, নীতি-নির্ধারকরা যদি মনে করেন স্পষ্ট করার প্রয়োজন আছে, তাহলে দেখা যাবে।
কোন জায়গাটা স্পষ্ট করার প্রয়োজন, এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি এখনো জানি না। নীতি-নির্ধারকরা প্রয়োজন বোধ করলে কোন জায়গায় সেটা নীতি-নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন। তারপর সেটা হবে। আমার মনে হয় এখন যা হয়েছে সবকিছুই সাংবিধানিক হয়েছে।

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের বিচার বিভাগের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা হয়েছে। সর্বোপরি আমরা সৌদি আরবের সঙ্গে যে গভীর সম্পর্ক আরও এগিয়ে নিতে আলোচনা হয়েছে।

আইপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

নারী আইপিএলের দ্বিতীয় আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবারের আসর অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু এবং দিল্লিতে।
এবারের আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। গতবারের শিরোপা জয়ী মুম্বাই উদ্বোধনী ম্যাচে লড়বে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। এবারের আসরে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ পর্বের সেরা দল সরাসরি ফাইনাল খেলবে। দ্বিতীয় এবং তৃতীয় দল মুখোমুখি হবে এলিমিনেটরে যেখানে জয়ী দল ফাইনালে উঠবে।

চলুন একনজরে দেখে নেয়া যাক নারী আইপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি-
২৩ ফেব্রুয়ারি ২০২৪: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস

২৪ ফেব্রুয়ারি ২০২৪: রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বনাম আ ওয়ারিয়র্স

২৫ ফেব্রুয়ারি ২০২৪: গুজরাট জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
২৬ ফ্রেব্রুয়ারি ২০২৪: আপ ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস
২৭ ফেব্রুয়ারি ২০২৪: রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম গুজরাট জায়ান্টস
২৮ ফেব্রুয়ারি ২০২৪: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম আপ ওয়ারিয়র্স
২৯ ফেব্রুয়ারি ২০২৪: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস
০১ মার্চ ২০২৪: আপ ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টস
০২ মার্চ ২০২৪: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
০৩ মার্চ ২০২৪: গুজরাট জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস

০৪ মার্চ ২০২৪: আপ ওয়ারিয়র্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
০৫ মার্চ ২০২৪: দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
০৬ মার্চ ২০২৪: গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
০৭ মার্চ ২০২৪: আপ ওয়ারিয়র্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
০৮ মার্চ ২০২৪: দিল্লি ক্যাপিটালস বনাম আপ ওয়ারিয়র্স
০৯ মার্চ ২০২৪: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস
১০ মার্চ ২০২৪: দিল্লি ক্যাপিটালস বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
১১ মার্চ ২০২৪: গুজরাট টাইটান্স বনাম আপ ওয়ারিয়র্স
১২ মার্চ ২০২৪: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
১৩ মার্চ ২০২৪: দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট জায়ান্টস
১৫ মার্চ ২০২৪: এলিমিনেটরস
১৭ মার্চ ২০২৪: ফাইনাল

অবৈধ চাল মজুতদারদের জেলে দিতে হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধ চাল মজুতদাররা যেন আর কখনও ব্যবসা করতে না পারে। মজুদের জন্য মামলা করে জেলে দিতে হবে তাদের। এটাই সরকারের নির্দেশ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, অবৈধভাবে চাল মজুত করলে মজুতের সমপরিমাণ জরিমানা করতে হবে অথবা মামলা করে জেলে দিতে হবে। নামমাত্র জরিমানা করে ছেড়ে দেয়া যাবে না। মজুতদাররা যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, চালের দাম নিয়ে কোনো প্রকার বেইমানি হলে মেনে নেয়া হবে না। এ বিষয়ে সরকার খুব কঠোর। তবে সাধারণ ব্যবসায়ীদের এতে চিন্তার কিছু নেই বলে জানান সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সুযোগ নিয়ে চালের দাম বাড়িয়েছিল কিছু অসাধু ব্যবসায়ী। এরপর থেকে সারাদেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন মাঠে নেমে কাজ করছে। এখনও অভিযান অব্যাহত। কেউ চালের দাম বাড়ালে সেটা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

ভূমধ্যসাগরে ৬০ জন অভিবাসন প্রত্যাশী উদ্ধার

মাঝ সাগরে রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার হলো ৬০ অভিবাসন প্রত্যাশী। বুধবার (২৪ জানুয়ারি) ভূমধ্যসাগরে দলটিকে উদ্ধার করে সাইপ্রাসের কোস্টগার্ড। খবর জানিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
গত ১৮ জানুয়ারি ছোট একটি কাঠের নৌকায় লেবানন থেকে রওনা দিয়েছিলো দলটি। এক সপ্তাহ ধরে ভাসছিলো সাগরে। বিরূপ আবহাওয়ায় উত্তাল সাগরে টিকে ছিল কোনোমতে। এরপর একটি বাণিজ্যিক জাহাজের নজরে এলে খবর দেয়া হয় সাইপ্রাসের কোস্টগার্ডকে।
জাহাজ ও হেলিকপ্টার নিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তিন শিশুসহ চারজনকে। আরও তিন জনের পা ছিল ভাঙ্গা। পানিশূন্যতায় ভুগছিলেন নৌকার সবাই। অভিবাসন প্রত্যাশী দলটির সবাই সিরিয়ার নাগরিক।

ড্র করার পরও ফাইনালে লিভারপুল

ইংলিশ লিগ কাপে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফুলহ্যামের সাথে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে অল রেডরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১১ মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় লিভারপুল। পিছিয়ে পড়েও আত্মবিশ্বাস হারায়নি ফুলহ্যাম। বল দখল ও আক্রমণে সমানভাবে টেক্কা দিচ্ছিল লিভারপুলকে। ফলাফলটাও পেয়েছে তারা।
প্রথমার্ধে গোল না পেলেও ৭৭ মিনিটে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা। বাঁ দিক দিয়ে সতীর্থের একটু উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে হাঁটু দিয়ে জালে পাঠান ফরাসি ডিফেন্ডার জিওপ। লড়াই জমিয়ে তুলেও শেষমেশ আর কিছু করতে পারেনি ফুলহ্যাম। ড্র করেও ১৪তম বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ক্লপ শিষ্যরা। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল তারা।
আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে চেলসির মুখোমুখি হবে লিভারপুল।

গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ৯

ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনী হামলা চালালে নয়জন নিহত হন। আহত হন আরও অনেকে।
সামাজিক মাধ্যম এক্সে (আগে যার নাম ছিল টুইটার) দেওয়া এক পোস্টে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্টের (ইউএনআরডব্লিউএ)- গাজার পরিচালক থমাস হোয়াইট বলেছেন, ‘৮০০ মানুষ আশ্রয় নিয়েছেন এমন একটি ভবনে ট্যাংকের দুটি গোলা আঘাত হানে। এতে নয়জন নিহত হয়। আহত হন আরও ৭৫ জন।’নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউএনআরডব্লিউএ-র প্রধান ফিলিপ লাজারিনি গাজার এই আশ্রয়কেন্দ্রে হামলাকে ‘যুদ্ধের মৌলিক নিয়মের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ বলে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই কম্পাউন্ডটি জাতিসংঘের অবকাঠামো হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত এবং এর অবস্থানও ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হয়েছিল। যেমনটি আমরা আমাদের সমস্ত অবকাঠামোর ক্ষেত্রে করে থাকি।’