শনিবার, অক্টোবর ১০, ২০২৬

ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ

রাজধানী ঢাকায় শনিবার (২৭ জানুয়ারি) শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ।
শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, শনিবার বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি ও গণতন্ত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।

হায়দারাবাদ টেস্টের দ্বিতীয় দিনটি ভারতের

হায়দারাবাদ টেস্টের দ্বিতীয় দিন নিয়ন্ত্রণ নিয়েছে ভারত।দ্বিতীয় দিনের পুরোটা ব্যাটিংয়ে পার করে ১৭৫ রান লিড নিয়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে ভারতের স্কোর ৪২১/৭। জাদেজা ৮১ রানে এবং অক্ষয় প্যাটেল ৩৫ রানে ব্যাটিংয়ে আছেন।
আগের দিনের ১১৯/১ স্কোর নিয়ে এদিন ব্যাট করতে নেমে ভারত যোগ করেছে ৬ উইকেট হারিয়ে ৩০২ রান। দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ১১২ রান যোগ করে লিডের আভাস দিয়েছিল ভারত। তবে এই দিনে ভারতের যইশাল-লোকেশ রাহুল সেঞ্চুরি হাতছাড়া করেছেন।
প্রথম দিন শেষে ৭৬ রানে ব্যাটিংয়ে থাকা যইশাল ৫ রান যোগ করে অকেশনাল স্পিনার রুটের বলে দিয়েছেন রিটার্ন ক্যাচ (৭৪ বলে ৮০)। হার্টলের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে সেঞ্চুরির ১৪ রান দূরে এসে থেমেছেন লোকেশ রাহুল (১২৩বলে ৮ চার, ২ ছক্কায় ৮৬)।
এই দুইজনের হতাশা ভুলিয়ে দিতে দ্বিতীয় দিন শেষে ৮১ রানে ব্যাটিংয়ে আছেন জাদেজা। ২০২২ সালে বার্মিংহ্যাম টেস্টে ১০৪ রানের পর গত ১০ ইনিংসে ৩টি ফিফটির একটিতেও তিন অঙ্কে টেনে নিতে পারেননি জাদেজা। প্রতীক্ষিত ৪র্থ সেঞ্চুরি করতে তাই প্রত্যয়ী এই লেট অর্ডার।

দ্বিতীয় দিনে ভারত ৪টি ৬০’র ঘরে পার্টনারশিপ করেছে। ৪র্থ উইকেট জুটিতে রাহুল-আইয়ার যোগ করেছেন ৬৪, ৫ম জুটিতে জাদেজা-রাহুল ৬৮ রান যোগ করেছেন। ৬ষ্ঠ জুটিতে জাদেজা-শিখর ভারত ৬৮ এবং অবিচ্ছিন্ন ৮ম জুটিতে জাদেজা-অক্ষয় প্যাটেল ৬৩ রান করেছেন ইতোমধ্যে। টেস্ট অভিষেকে বাঁ হাতি স্পিনার হার্টলে (২/১৩১) পেয়েছেন ২উইকেট। অফ স্পিনার জো রুটের শিকারও ২টি (২/২৭)।
(২য় দিন শেষে)
ইংল্যান্ড ১ম ইনিংস : ২৪৬/১০ (৬৪.৩ ওভারে)
ভারত ১ম ইনিংস : ৪২১/৭ (১১০.০ ওভারে)

লিভারপুলে অবসান হচ্ছে ‘ক্লপ’ অধ্যায়

চলতি মৌসুম শেষে ইংলিশ ক্লাব লিভারপুলের কোচের পদ থেকে সরে যাচ্ছেন ইয়ুর্গেন ক্লপ।
২০১৫ সালের অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে অ্যানফিল্ডের দলটিকে একে একে প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব কাপসহ মোট সাতটি শিরোপা জিতিয়েছেন ক্লপ।
এদিকে নিজের দায়িত্ব ছাড়ার কথা ইতোমধ্যে ক্লাব কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন ক্লপ। যদিও লিভারপুলের সাথে ২০২৬ সাল পর্যন্ত ক্লপের চুক্তির মেয়াদ থাকলেও দুই বছর আগেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিভারপুলের অফিশিয়াল পেজে বলা হয়েছে, ‘মৌসুমের শেষে লিভারপুলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লপ। আগামী গ্রীষ্মে তার পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা সম্পর্কে ক্লাবের মালিক পক্ষকে অবহিত করেছেন তিনি। ‘
এদিকে হঠাৎ বিদায়ের ঘোষণায় লিভারপুলের ওয়েবসাইটকে ক্লপ বলেছেন, ‘আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে অনেক মানুষের জন্য এটা একটা ধাক্কা হবে যারা প্রথমবার শুনবে। তবে অবশ্যই, আমি সিদ্ধান্তটা ব্যাখ্যা করতে পারি বা অন্তত ব্যাখ্যা করার একটা চেষ্টা করতে পারি। আমি এই ক্লাবের সবকিছু ভালোবাসি। আমি এই শহরের সবকিছু ভালোবাসি, আমাদের সমর্থকদের সবকিছু ভালোবাসি, আমি এই দলকে ভালোবাসি, আমি স্টাফদের ভালোবাসি। আমি সবকিছুই ভালোবাসি। কিন্তু আমি তারপরও এমন সিদ্ধান্ত নেওয়ায় আপনাদের বুঝতে হবে যে আমি নিশ্চিত হয়েই এটা নিচ্ছি। ‘

বিপাকে যশ-নুসরাত

নিখিল জৈনকে ছেড়ে যশের সঙ্গে সম্পর্কে গিয়ে টলিউডে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন নুসরাত জাহান। তার পর যশের সন্তানের মা হওয়ার পর বিতর্ক উঠেছিল তুঙ্গে। তবে আপাতত, এই সব গুঞ্জন, বিতর্ক থিতিয়ে গিয়েছে।
বরং এসব থেকে দূরে গিয়ে একদিকে ঘর সংসার ও অন্যদিকে সিনেমা সামলাচ্ছেন যশ-নুসরাত। এখন তো আবার খুলেছেন প্রযোজনা সংস্থাও। তবুও যেন পিছু ছাড়ছে না নুসরাত-যশের প্রেম কাণ্ড!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি নুসরাত-যশের প্রযোজনা সংস্থার তৈরি ‘সেন্টিমেন্টাল’ সিনেমার প্রচারে এসে সম্পর্ক নিয়ে কথা বলায় নেটপাড়ায় ট্রোলড হলেন। নেটিজেনরা স্পষ্ট বলছেন, যারা নিজেরা দুটো বিয়ে করেন, তারা সম্পর্ক নিয়ে টিপস দিচ্ছেন!
সোশাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়েছে, যেখানে এক সাক্ষাৎকারে যশ বলছেন, যেমন আমরা রোজ জিমে গিয়ে শরীরকে ফিট রাখি, সেই রকমই সম্পর্ককে হেলদি রাখতে সময় দেওয়া উচিত। যশের কথায় ফোড়ন কেটে নুসরাত বলেন, যাই হয়ে যাক। বিশ্বাস ভঙ্গ করা উচিত নয়।

কৃষকের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, আমরা যদি কৃষকের উন্নতি করতে পারি, তবে মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্লোগান ‘কৃষক বাচলে দেশ বাচবে’ তা বাস্তবায়িত হবে। তাই কৃষকের উন্নয়নে যা যা করা দরকার আমরা তা করব। কারন কৃষকের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না।
কৃষিমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় প্রমুখ।

বিজ্ঞানের আলোয় শিক্ষার্থীদের হাত ধরে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে : খাদ্যমন্ত্রী

বিজ্ঞানমনস্ক জাতি গড়তে বিজ্ঞান চর্চা বাড়াতে হবে। এর জন্য বিজ্ঞানের প্রতি ভালবাসা দরকার বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে নওগাঁর সাপাহারে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, বিজ্ঞানের আলোয় শিক্ষার্থীদের হাত ধরে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা সবাইকে স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করতে হবে।
তিনি বলেন, যে দেশ বিজ্ঞানে যত এগিয়ে থাকে সে দেশ তত উন্নত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করছে। বিজ্ঞান শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে নিয়ামকের ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন তিনি।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব উপস্থিত ছিলেন।
পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

১৫ বছর পর পর্দায় ফিরছেন প্রীতি জিনতা

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে আজকাল পর্দায় দেখা যায় না। তাই বলে তাকে ভুলে যাননি দর্শক। এখনও তার সেই টোল পরা গালের হাসি পর্দায় দেখতে চান। তাদের চাওয়া পূরণ হচ্ছে। দেড় দশকের বিরতি ভেঙে ফের পর্দায় ফিরছেন প্রীতি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গত ২৪ জানুয়ারি বুধবার লুক টেস্টের পর মুম্বাইয়ের এক স্টুডিও থেকে বের হতে দেখা যায় প্রীতিকে। তারপরই কামব্যাকের খবর ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, ‘লাহোর ১৯৪৭’-এর মাধ্যমে ফেরার গল্প লিখতে চলেছেন প্রীতি। এ ছবিতে তার সঙ্গে থাকবেন সানি দেওল।
এদিকে গত বছর ‘গদর’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গদর ২’ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে সানির। ‘গদর’ ছবিতে তারা সিংহের চরিত্রে দেখা গিয়েছিল সানিকে। তার বিপরীতে শাকিনা চরিত্রে ছিলেন আমিশা প্যাটেল। দ্বিতীয় কিস্তিতেও আমিশাকে দেখা গেছে সানির বিপরীতে। ছবিটি নির্মাণ করেছিলেন অনীশ শর্মা।

দেশে আরও ৩৪ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯৩৫ জনে।
এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮১ জনেই রয়েছে।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩০৩ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৩৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ২৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা দিতে সরকার সচেষ্ট রয়েছে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, উদ্যোক্তাদের সকল প্রকার সুযোগ-সুবিধা দিতে সরকার সচেষ্ট রয়েছে।
আজ শুক্রবার দুপুরে ভোলা সদরের বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগ লাইন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নারী উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ক্ষুদ্র কুটির শিল্প আমাদের গ্রামীণ অর্থনীতিকে রক্ষা করছে। করোনাকালীন সময় আমরা দেখেছি ক্ষুদ্র উদ্যোক্তারা গ্রামীণ অর্থনীতির লাইফ লাইন রক্ষা করেছে। তারা প্রত্যেকটি বাজারে পণ্য দিয়ে চলমান রেখেছে।
শিল্পমন্ত্রী আরও বলেন, বর্তমানে ভোলার বিসিক স্বল্প পরিসরে রয়েছে। ভবিষ্যতে এটার বৃদ্ধি করা যেতে পারে।

উদ্যোক্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা এখন থেকেই কাজ শুরু করতে পারেন। এখান থেকে উৎপাদিত পণ্য সারাদেশে এবং দেশের বাইরেও পাঠাতে পারবেন।’
নুরুল মজিদ বলেন, ভোলা গ্যাস সমৃদ্ধ হওয়ায় এখানে বড় বড় কোম্পানিগুলো আসতে শুরু করেছে। সেলটেক’র মত বড় কোম্পানি এখানে সিরামিক উৎপাদন করছে। ইন্ডাস্ট্রি করার জন্য অন্যরাও আগ্রহ দেখাচ্ছে । সব মিলিয়ে অত্যন্ত সম্ভাবনাময় জেলা ভোলা।
বিসিক শিল্প নগরী চত্বরে উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এতে আরো বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

হুথি হামলার পর সুয়েজ খালে জাহাজ চলাচল ৪২ শতাংশ কমেছে : জাতিসংঘ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর গত দুই মাসে সুয়েজ খালের মধ্য দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের সংখ্যা ৪০ শতাংশের বেশি কমে গেছে। বিশ্ব বাণিজ্যের জন্য এতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জাতিসংঘ এ কথা বলেছে।
ইরান-সমর্থিত হুথিরা বলেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে এই অঞ্চলে ইসরায়েল-সংযুক্ত বাণিজ্যিক এবং সামরিক জাহাজগুলোকে হামলার টার্গেট করেছে। হামলা এড়াতে পণ্যবাহী জাহাজগুলোকে ব্যয়বহুল ও দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন (আঙ্কটাড) প্রধান জ্যান হফম্যান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘লোহিত সাগরে শিপিংয়ে হামলা বিশ্ব বাণিজ্যে উত্তেজনা বাড়াচ্ছে, ভূ-রাজনীতি এবং বিদ্যমান জলবায়ু পরিবর্তনের কারণে বাণিজ্য বিঘিœত হচ্ছে, এতে আমরা খুবই উদ্বিগ্ন’।
আঙ্কটাড বলেছে, জাহাজগুলো লোহিত সাগরের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের চারপাশ ঘুরে যাওয়ায় গত দুই মাসে সুয়েজ খালের মধ্য দিয়ে ট্রানজিট ৪২ শতাংশ হ্রাস পেয়েছে।
মিশরের সুয়েজ খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে।
হফম্যান বলেন, আন্তর্জাতিক পণ্য বাণিজ্যের ৮০ শতাংশেরও বেশি পরিমাণ সমুদ্র পথে হয়।
তিনি বলেন, ‘সমুদ্র পরিবহন সত্যিই বিশ্ব বাণিজ্যের লাইফলাইন’।
আঙ্কটাড বলেছে, সুয়েজ খাল দিয়ে সাপ্তাহিক কন্টেইনার জাহাজ চলাচলের সংখ্যা বছরে ৬৭ শতাংশ কমেছে। বিশ্বের কন্টেইনার বাণিজ্যের ২০ শতাংশেরও বেশি সুয়েজ খাল দিয়ে যায়।

হফম্যান বলেন, ‘বৃহত্তর কন্টেইনার জাহাজগুলো সুয়েজ খাল থেকে সরে যাওয়ায় কন্টেইনার বহন ক্ষমতা বিপুল পরিমানে কমে গেছে।’
ট্যাঙ্কার চলাচল ১৮ শতাংশ কমেছে, শস্য ও কয়লা বহনকারী বাল্ক কার্গো জাহাজের ট্রানজিট ৬ শতাংশ কমেছে এবং গ্যাস পরিবহন স্থবির হয়ে পড়েছে।
সামগ্রিকভাবে, বিশ্ব বাণিজ্যের ১২ থেকে ১৫ শতাংশের মধ্যে প্রতি বছর ২০ হাজার জাহাজ লোহিত সাগর দিয়ে যায়। যা ইউরোপ এবং এশিয়ার মধ্যে সংযোগ প্রদান করে।
পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, অন্যান্য বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য রুটগুলোও বাধার সম্মুখীন হয়েছে। দুই বছর আগে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে কৃষ্ণ সাগরের মাধ্যমে ট্রানজিট মারাত্মকভাবে সীমাবদ্ধ ছিল, যাতে বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে।