শনিবার, অক্টোবর ১০, ২০২৬

পথ হারিয়েছে আমেরিকা : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা পথ হারিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন তিনি।
নেভাদায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমরা এমন একটি জাতি, যারা খুব সহজে পথ হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ অবস্থা আমরা চলতে দিতে পারিনা।’
তিনি আরও বলেছেন, বাইডেন প্রশাসন আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে। বাইডেনকে গণতন্ত্রের জন্যে হুমকি এবং অযোগ্য হিসেবে বর্ণনা করেন ট্রাম্প।
এর আগে ট্রাম্প বাইডেন প্রশাসনের বিরুদ্ধে নিজের দেশকে ঘৃণা করার অভিযোগ এনেছিলেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত ২৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী বাছাই লড়াইয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে হারিয়ে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। এ জয়ের ফলে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে টানা তৃতীয়বারের মতো মনোনয়ন পাওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

দ্বাদশ জাতীয় নির্বাচন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন : নৌপ্রতিমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আমার প্রতি আপনাদের আস্থা ও ভালবাসায় আমি চিরঋণী। ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আপনারা আমার প্রতি যে আস্থা ও বিশ^াস স্থাপন করেছেন তার জন্য আমি চির কৃতজ্ঞ। আমি আপনাদের সন্তান আপনাদের সুখ দুখে আমি সব সময় আপনাদের সাথে ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। যে নির্বাচনে কোন রকম দাঙ্গা হাঙ্গাম বা অপ্রতিকর কোন ঘটনা ঘটেনি।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিজয়ী করতে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের নেতা কর্মী সহ ব্যবসায়ী, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইমাম, পুরোহিত ও সর্বস্তরের মানুষ আমার নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছিলেন এবারের নির্বাচনে আমি অভিভুত হয়ে গেছি। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ভিশন নিয়ে টানা চতুর্থ বারের মত সরকার গঠন করেছে তা হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যেয়।
গতকাল ২৭ জানুয়ারি শনিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বোচাগঞ্জবাসীর পক্ষ থেকে পুনরায় নৌ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বোচাগঞ্জ উপজেলা অওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আফছার আলীর সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব, বিভিন্ন স্তরের মানুষ নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত : এমপি আব্দুল আজিজ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ বলেছেন, যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। এজন্য শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়।
শনিবার দুপুরে তাড়াশ ইসলামিয়া পাইলট হাই স্কুল আয়োজিত সংবর্ধনা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত ছাত্র ছাত্রীদের বরণ ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভাল রেজাল্ট করার জন্য যেসব শিক্ষার্থী নিয়মিত স্কুলে যায় এবং ক্লাস করে তাদের প্রয়োজন হয় না প্রাইভেট পড়তে। উচ্চ শিক্ষিত ব্যক্তিরাই সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সুশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।

ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, পৌর মেয়র আব্দুল রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি, আ’লীগ নেতা এ্যাডঃ নুরুল ইসলাম, শাহিনুর আলম লাবু, ফরহাদ আলী বিদ্যুৎ, শিক্ষার্থী অঙ্কিতা কর্মকার প্রমুখ।

‘নতুন লুকে’ চমকে দিলেন ববি দেওল

গত বছর তুমুল আলোচনায় ছিলেন বলিউড অভিনেতা ববি দেওল। অ্যানিমেলে দুর্দান্ত লুক আর অভিনয় দিয়ে নতুন করে মন জয় করেছেন ভক্তদের। এবার নতুন বছরে আসছে দুর্র্ধষ অবতারে। আজ ২৭ জানুয়ারি ববি দেওলের জন্মদিন উপলক্ষে তাঁর আসন্ন সিনেমা থেকে অভিনেতার লুক প্রকাশ করা হয়েছে যা বেশ চমকে দিয়েছে অনুরাগীদের!
দক্ষিণের জনপ্রিয় তারকা সুরিয়ার ‘কাঙ্গুভা’ চলচ্চিত্রে দেখা যাবে ববি দেওলকে। সিনেমাটির নির্মাতারা ববি দেওলের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে লম্বা চুলে শিং পরিহিত অবস্থায় দেখা গেছে ববিকে। তাঁর একটি চোখ ছিল ভয়ানক এবং বুকে একটি পাঁজর লাগানো ঢাল পরতে দেখা গেছে। নারী যোদ্ধাদের একটি ভীড় তাকে ঘিরে রেখেছে।
দুর্র্ধষ এক যোদ্ধার লুকেই ধরা দিয়েছেন ববি। জানা গেছে, সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করছেন ববি দেওল।
ববি দেওলের ৫৫তম জন্মদিন উপলক্ষে প্রযোজনা সংস্থা ‘স্টুডিও গ্রিন’ অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে ববির লুক প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘নির্মম, ক্ষমতাশালী, অবিস্মরণীয়। আমাদের উধিরনকে (ববি) জন্মদিনের শুভেচ্ছা।’

কাঙ্গুভার নায়ক সুরিয়া তাঁর সহ-অভিনেতা ববি দেওলের নতুন লুকের পোস্টারটি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন ববি দেওল ভাই। উষ্ণ বন্ধুত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের কাঙ্গুভায় শক্তিশালী উধিরানের চরিত্রে আপনাকে রূপান্তরিত হতে দেখাটা দারুণ ব্যাপার ছিল।’
সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন সুরিয়া। প্রধান চরিত্রে সুরিয়াকে একজন যোদ্ধার চরিত্রে দেখা যাবে। সঙ্গে থাকছেন দিশা পাটানি। সিনেমাটি ১০টি ভাষায় মুক্তি পাবে। ২০২৪ সালেই প্রেক্ষাগৃহে আসবে এটি।

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন।
এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দুপুর পৌনে তিনটায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

মিয়ানমার সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি : পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
আজ শনিবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
এদিন ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্য পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।
ড. হাছান মাহমুদ বলেন, তারা (ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্য) বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্য সৌজন্য সাক্ষাতে এসেছেন। আমাদের দেশে আরও ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য তাদের আমি অনুরোধ করেছি। বিশেষ করে আইসিটি ও এগ্রিকালচার সেক্টরে ইনভেস্টমেন্টের যে সম্ভাবনা আছে, সেটির কথা বলেছি।
প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি, সেটি হঠাৎ করে হয়নি। এটি আরও কয়েকদিন আগে থেকে হয়েছে। আমাদের সীমান্তরক্ষীরা অনেক আগে থেকেই সেখানে সতর্ক রয়েছে। সেখানে কিছুদিন পরপরই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আমরা সব সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছি। তারা আমাদের সঙ্গে আছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যদি মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা হয় তাহলে তারা তাদের নাগরিকদের (রোহিঙ্গা) ফিরিয়ে নিতে বাধ্য হবে।
রোহিঙ্গা ইস্যুতে দক্ষিণ আফ্রিকার আপিলের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আদালতের রায় প্রসঙ্গে তিনি বলেন, আইসিজে যে রায় দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই। সাউথ আফ্রিকার আপিল আমরা ইতোপূর্বে সমর্থন জানিয়েছি। ভবিষ্যতে সাউথ আফ্রিকাকে যদি আরও সমর্থন দিতে হয় সে ক্ষেত্রে বাংলাদেশ প্রস্তুত আছে।

ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে, সেটিও আইসিজের রায়ে বলা হয়েছে। সেখানে গণহত্যা হচ্ছে এবং সেটি বন্ধ করার কথা বলা হয়েছে। এই রায় ফিলিস্তিহব যে গণহত্যা হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, সেটি বন্ধ করার ক্ষেত্রে সহায়ক হবে।
তিনি আরও বলেন, মানবতার কারণে রোহিঙ্গাদের তখন স্থান দিয়েছিলাম। যেসব রোহিঙ্গা নাগরিক আমাদের দেশে এসেছে তাদের কারণে আমাদের নানা সমস্যা তৈরি হয়েছে। এটি নিয়ে আমরা ব্রিটিশ পার্লামেন্টের দলের সঙ্গে কথা বলেছি। আমাদের এখানে নিরাপত্তা ও পরিবেশগত সমস্যা তৈরি হয়েছে। এছাড়া সন্ত্রাসী গ্রুপগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের সদস্য রিক্রুট করার চেষ্টা করে। তারা আমাদের জন্য নানা সমস্যা। আমাদের দেশ জনবহুল, রোহিঙ্গাদের জন্য আমরা ভারাক্রান্ত। প্রতিবছর ৩৫ হাজার করে নতুন রোহিঙ্গা সন্তান জন্মগ্রহণ করে।

ভারতের ‘পদ্মশ্রী’ পুরস্কার পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

ভারতের বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ পাচ্ছেন বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে। সেখানে নাম রয়েছে এই শিল্পীর।
শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মাননা প্রদান করে থাকে। এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। রবীন্দ্রসংগীতে অবদান রাখার জন্য রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে মনোনীত করা হয়। এবারের ‘পদ্ম পুরস্কার’ তালিকায় ‘পদ্মবিভূষণ’ পাচ্ছেন ৫ জন, ‘পদ্মভূষণ’ ১৭ জন ও ‘পদ্মশ্রী’ পাচ্ছেন ১১০ জন।
রেজওয়ানা চৌধুরী বন্যা গান শিখেছেন দেশে ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। রবীন্দ্রসংগীত ছাড়াও ধ্রুপদি, টপ্পা ও কীর্তন গানেও শিক্ষালাভ করেছেন তিনি। রেজওয়ানা চৌধুরী বন্যা ‘ছায়ানট’ ও শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন। সংগীতচর্চায় তাঁর শিক্ষক ছিলেন—শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন এবং আশীষ বন্দ্যোপাধ্যায়ের মতন সংগীতজ্ঞরা। পরে তিনি ‘সুরের ধারা’ নামে একটি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান চালু করেন।
বন্যা মাঝপথে দেশে ফিরে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন এবং বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। কিন্তু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আর সেভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে কর্মরত তিনি। একই সঙ্গে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা কলা বিভাগের সম্মানিত ডিন ও সংগীত বিভাগের প্রধান।
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে সমান জনপ্রিয় রেজওয়ানা চৌধুরী বন্যা। এখন পর্যন্ত অনেকগুলো অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। এর মধ্যে ‘স্বপ্নের আবেশে’, ‘সকাল সাঁঝে’, ‘ভোরের আকাশে’, ‘লাগুক হাওয়া’, ‘আপন পানে চাহি’, ‘প্রাণ খোলা গান’, ‘এলাম নতুন দেশে’, ‘মাটির ডাক’, ‘গেঁথেছিনু অঞ্জলি’, ‘মোর দরদিয়া’, ‘শ্রাবণ তুমি’ এবং ‘ছিন্নপত্র’ উল্লেখযোগ্য।

রেজওয়ানা চৌধুরী বন্যা ২০১৬ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করেন। এ ছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সংগীত পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। ভারতেও তিনি বেশ কয়েকটি পদক পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বঙ্গভূষণ’। ২০১৭ সালে কলকাতার নজরুল মঞ্চে এই রবীন্দ্রসংগীত শিল্পীর হাতে ‘বঙ্গভূষণ’ পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সালে পশ্চিমবঙ্গের সংস্কৃতি দপ্তরের ‘সংগীত সম্মান’ পুরস্কারও পেয়েছেন বন্যা।
রেজওয়ানা চৌধুরী বন্যার আগেও বাংলাদেশ থেকে বেশ কয়েকজন গুণীজন পেয়েছেন ‘পদ্ম’ সম্মান। ২০২১ সালে ‘পদ্মশ্রী’ পেয়েছেন অধ্যাপক সন্‌জীদা খাতুন এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। এর আগে অধ্যাপক আনিসুজ্জামান এবং কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী ‘পদ্মভূষণ’ পান। আর ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক ও সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী।

ইসরায়েলকে অবশ্যই ‘জবাবদিহি’ করতে হবে : সৌদি আরব

গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালতের সিদ্ধান্তকে সৌদি আরব শুক্রবার স্বাগত জানিয়েছে।
একই সঙ্গে আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘনের’ জন্য ইসরায়েলকে ‘জবাবদিহি’ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদানের জন্য ‘আরও পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছে।

ব্রিটেনে পারমাণবিক বোমা মোতায়েন করছে আমেরিকা : টেলিগ্রাফ

ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ব্রিটেনে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় ফেলা বোমার চেয়ে তিনগুণ শক্তিশালী। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের গোপন নথির বরাত দিয়ে শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধের অবসান হয়। স্নায়ুযুদ্ধ ঘিরে মস্কোর তরফ থেকে হুমকির অবসান হলে ২০০৮ সালে ব্রিটেন থেকে পারমাণবিক বোমা সরিয়ে নেয় ওয়াশিংটন।

তবে ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে পশ্চিমাদের সঙ্গে মস্কোর উত্তেজনা চরমে পৌঁছায়। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা সামরিক জোট ন্যাটো তৎপরতা জোরদার করে। সামরিক ব্যয় কয়েক গুণ বাড়িয়ে দেয় ইউরোপ ও আমেরিকা। একই সঙ্গে বিভিন্ন পারমাণবিক কেন্দ্র আধুনিকায়নের দিকে মনোযোগ দেয় তারা। এরই অংশ হিসেবে ব্রিটেনে ফিরছে মার্কিন পারমাণবিক বোমা।
টেলিগ্রাফ বলছে, যুক্তরাজ্যের সাফোকের বিমানঘাঁটি আরএএফ লেকেনহেথে পারমাণবিক বোমা মোতায়েন করতে চাইছে যুক্তরাষ্ট্র। এ জন্য সেখানে নতুন অবকাঠামো নির্মাণের চুক্তি করেছে। এই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলেছে তার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী। এর আগে স্নায়ুযুদ্ধের সময় এই ঘাঁটিতে পারমাণবিক বোমা মোতায়েন করেছিল মার্কিন সরকার।
তবে ব্রিটেনে পুনরায় মার্কিন পারমাণবিক বোমা মোতায়েনের পরিকল্পনা ভালোভাবে নেয়নি রাশিয়া। তারা বলছে, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে উসকানি হিসেবে দেখবে মস্কো। একই সঙ্গে তা মোকাবিলায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন।

প্রতিরক্ষা খাতে অনন্য উচ্চতায় ভারত-ফ্রান্স সম্পর্ক

প্রতিরক্ষা খাতে অনন্য উচ্চতায় উঠে গেছে ফ্রান্স ও ভারতের মধ্যকার সম্পর্ক। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতাকে আরও এগিয়ে নিতে ‘প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ’ ঘোষণা করেছে। ভারতীয় শিল্পগোষ্ঠী টাটার সঙ্গে ফ্রান্সের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরও একটি চুক্তি হওয়ার পথে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও ফ্রান্স প্রতিরক্ষা উৎপাদনে সহযোগিতার জন্য একটি ‘প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ’ ঘোষণা করেছে। এই রোডম্যাপের আওতায় ভবিষ্যতে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ প্রচেষ্টা এগিয়ে নেওয়া হবে। সেই সঙ্গে মহাকাশ সহযোগিতার ক্ষেত্রেও চুক্তি হবে দুই দেশের মধ্যে। রাজস্থানের জয়পুর সফরের সময় মোদি ও ইমানুয়েল মাখোঁ এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

মাখোঁর ভারত সফরের সময় উভয় দেশ একটি প্রতিরক্ষা-মহাকাশ অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে এবং স্যাটেলাইট উৎক্ষেপণ, জ্বালানি, ডিজিটাল হেলথ, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেছে।
গত বছরের জুলাইয়ে মোদির ফ্রান্স সফরে দুই দেশের যৌথ প্রয়াসে যুদ্ধবিমান, ইঞ্জিন ও সাবমেরিন নির্মাণের বিষয়ে আলাপ হয়েছিল। কিন্তু সে বিষয়ে সরকার-সরকারি আলোচনায় কোনো অগ্রগতি না হলেও ভারতীয় কর্মকর্তারা বলেছেন, ভারতে স্থানীয়ভাবে বেসামরিক হেলিকপ্টার স্থানীয় তৈরির বিষয়ে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে এয়ারবাস ও টাটা।
দুই দেশের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি, যার আওতায় ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরীর জন্য ২৬টি রাফালে-এম যুদ্ধবিমান এবং তিনটি স্করপিয়ন ক্লাস সাবমেরিন কেনার বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে, সূত্র জানিয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে, চুক্তিগুলো চলতি বছরের শেষের দিকে সম্পন্ন হতে পারে।