শনিবার, অক্টোবর ১০, ২০২৬

গাজায় হামাসের টানেল এখনো ৮০ শতাংশ অক্ষত : ওয়াল স্ট্রিট জার্নাল

প্রায় চার মাস ধরে আকাশ, সাগর ও স্থলপথে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা করছে ইসরায়েল। প্রায় পুরো গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। হাজার হাজার বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করার লক্ষ্যে নির্বিচারে হামলা করছে ইসরায়েল। তবে হামাসের মূল শক্তি সেখানকার টানেলের এখনো ৮০ শতাংশই অক্ষত রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলের তীব্র হামলার সত্ত্বেও হামাসের সুড়ঙ্গের জটিল নেটওয়ার্কের ২০ শতাংশও ক্ষতি হয়নি। এর ৮০ শতাংশ এখনো অক্ষত রয়েছে। আমেরিকান ও ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি হামলা সত্ত্বেও হামাসের কয়েক শ কিলোমিটার সুড়ঙ্গের বেশির ভাগ অংশ এখনো সুরক্ষিত।
খবরে বলা হয়েছে, ইসরায়েলের জন্য হামাসের সিনিয়র নেতাদের বন্দী এবং ইসরায়েলি বন্দীদের উদ্ধারের জন্য টানেল নিষ্ক্রিয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ইসরায়েলি কর্মকর্তারা হামাস টানেলের সঠিক তথ্য জানেন না। তারা অনুমান করেন যে, টানেল সিস্টেমের ২০ থেকে ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বা অকার্যকর হয়ে গেছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বেশির ভাগ ক্ষতিগ্রস্ত বা অব্যবহৃত টানেল উত্তর গাজা উপত্যকায় অবস্থিত। এখন ইসরায়েলকে হামাস নির্মূল বা জিম্মিদের ফিরিয়ে আনার যেকোনো একটি বিষয় ভাবতে হতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে কথা বলার একজন সিনিয়র ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন যে, খান ইউনিসের একটি টানেলে হামাসের কমান্ড সেন্টারে সিনওয়ারের পাশাপাশি কিছু বন্দী রাখা হয়েছে। সাবেক ইসরায়েলি কর্মকর্তা এবং সামরিক বিশ্লেষকরা জোর দিয়েছিলেন যে সিনওয়ার এবং জিম্মিদের যে টানেলে রাখা হয়েছে সেখানে আক্রমণ করলে ইসরায়েলি জিম্মিদের মৃত্যু হতে পারে।
প্রতিবেদনে হাইলাইট করা হয়েছে যে, এই ঝুঁকির কারণে তেল আবিব প্রশাসন হামাস নেতা সিনওয়ারকে টার্গেট করা এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি নিয়ে আলোচনার মধ্যে দ্বিধায় পড়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলা বন্ধের কোনো আশা মিলছে না। এমন অবস্থায় ইসরায়েলের এক মন্ত্রী বলছেন যে, গাজায় যুদ্ধ চলতে পারে এক প্রজন্ম ধরে।

শেষ ষোলো থেকেই মিসরের বিদায়

প্রাণভোমরা মোহাম্মদ সালাহ আগেই ছিটকে গেছেন। তার দল মিসরও বেশি দূর যেতে পারেনি আফ্রিকা কাপ অব নেশন্সে। রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হয়েছে শেষ ষোলোতে। পেনাল্টি শুটআউটে ডিআর কঙ্গোর কাছে ৮-৭ গোলে হেরেছে ফারাওরা।
প্রাণভোমরা সালাহ ছিটকে গেলেও একটা সম্ভাবনা ছিল ফেরার। মিসর ফাইনালে যেতে পারলেই সেটা সম্ভব হতো। কিন্তু বার বার পেনাল্টি শুটআউটকে অভ্যাসে পরিণত করা মিসরের শেষ রক্ষা হয়নি। ২০২১ সালের ফাইনালেও সেনেগালের কাছে শুটআউটে হেরেছিল তারা।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় ছিল। অতিরিক্ত সময়ে হেরফের হয়নি ম্যাচের। শুটআউটেও সমতা ছিল ৭-৭ গোলে। তার পর দুই দলের গোলকিপার গোল করতে নামলে মিসরের মোহাম্মদ আবু গাবাল শট মারেন ক্রসবারের ওপর দিয়ে। কিন্তু কঙ্গোর গোলকিপার আর কোনও ভুল করেননি। উইনিং স্পট কিকে নিশ্চিত করেছেন জয়।
উত্তেজনাকর ম্যাচে ৩৭ মিনিটে শুরুতে কঙ্গোকে এগিয়ে দিয়েছিলেন মেসচেক এলিয়া। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে সমতা ফেরান মিসরের মোস্তফা মোহাম্মদ। অতিরিক্ত সময়ে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিসরের মোহাম্মদ হামদি। তাতে ১০ জনের দলে পরিণত হয়ে পড়ে মিসর।

কোয়ার্টার ফাইনালে কঙ্গোর প্রতিপক্ষ গিনি। তারা শেষ ষোলোয় ইকুয়াটোরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়েছে।

বিএসএফের গুলিতে নিহত রফিউলের লাশ ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক রফিউল ইসলাম টুকলুর (৩৩) লাশ ফেরত দেওয়া হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে আঙ্গরপোতা-দহগ্রাম সীমান্তের ডাঙ্গারপাড়া এলাকায় ১ নম্বর সীমান্ত পিলারের কাছে ওই যুবককে গুলি করে হত্যা করা হয়। এরপর তার লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ।
জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত দিয়ে রবিউলের লাশ বিজিবি সদস্যে কাছে হস্তান্তর করে বিএসএফ। নিহত রফিউল ইসলাম টুকলু পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেনের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানিয়েছেন, রফিউল ইসলাম ভোরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের মেখলিগঞ্জ থানার ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঘটনার পরপরই ৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তাফা বলেছিলেন, প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রোববার (২৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২১ হাজার ৩৯২ ইয়াবা, ১০২.৫ গ্রাম হেরোইন ও ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ৩৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা করা হয়েছে।

এফএ কাপের পঞ্চম রাউন্ডে লিভারপুল-ম্যানইউ

বড় জয় দিয়ে ইংলিশ লিগ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে ফেভারিট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে নরউইচ সিটিকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। আর নিউপোর্ট কাউন্টির মাঠে গিয়ে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সব ছাপিয়ে ফুটবলপ্রেমীদের নজরে ছিল মার্সিসাইড শহরে; যেখানে ছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
গেল শুক্রবার আচমকা অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা দিয়েছেন জার্মান কোচ। এই মৌসুমের বাকি সময় পর্যন্ত লিভারপুলে থাকবেন তিনি। এফএ কাপের চতুর্থ রাউন্ডে ডাগ আউটে তাকে দেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন লিভারপুল সমর্থকরা। নানারকম পোস্টার, ব্যানার ও স্টিকারে ছেঁয়ে যায় গ্যালারি। সেখানে ক্লপের নামে জয়ধ্বনি দেন ভক্তরা।

এমন ম্যাচে নরউইচ সিটিকে সহজেই হারিয়েছে লিভারপুল। তবে প্রথমার্ধে কিছুটা বেগ পেতে হয়েছে অল রেডদের। বিশেষ করে ২২ মিনিট পর্যন্ত। এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। যদিও বিরতির আগেই ফের এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে তিন গোল করে লিভারপুল। নরউইচ করে একটি।
লিভারপুলের গোলগুলো করেন যথাক্রমে জোনস, নুনেজ, জোতা, ফন ডাইক ও গ্রাভেনবার্চ। অপরদিকে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। কিন্তু শুরুর দিকে দুই গোল করে তারাও লিড ধরে রাখতে পারেনি। ৭ মিনিটে প্রথম গোল করেন ফার্নান্দেজ। একটু পর মাইনুর গোলে ব্যবধান দ্বিগুণ করে রেড ডেভিলসরা।
৪৭ মিনিটের মধ্যে ইউনাইটেডকে দুই গোল ফিরিয়ে দেয় নিউপোর্ট কাউন্টি সমতায় ফেরে। কিন্তু চমকটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি খর্বশক্তির দলটি। শেষ দিকে অ্যান্তনি ও হুজল্যান্ডের গোলে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল। দারুণ এই জয়ের নায়ক অ্যান্তনি। অনেক দিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন ব্রাজিলিয়ান তারকা।

গাজায় জাতিসংঘের সংস্থাকে সহায়তা দেবে না ৯ দেশ

গত ৭ অক্টোবর ইসরায়েলি বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস। ইসরায়েলের অভিযোগ, এ হামলার সঙ্গে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনাইটেড রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন।
ইসরায়েলের অভিযোগের পর কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইউএনআরডব্লিউএ। তবে এতে সন্তুষ্ঠ না হয়ে সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনির পদত্যাগ দাবি করছে দেশটি। সেই সঙ্গে গাজায় জাতিসংঘের এই সংস্থার মানবিক ত্রাণ কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে তারা।
ইসরায়েলের এই দাবির পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৯টি দেশ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের এই সংস্থার নামে বরাদ্দকৃত তহবিল স্থগিত করেছে।
তহবিল স্থগিত করা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও জার্মানি।
এদিকে ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, কোনো বিলম্ব না করে অভিযোগের সম্পূর্ণ তদন্ত করা হচ্ছে। মানবিক সহায়তা প্রদানে এজেন্সির ক্ষমতা রক্ষা করার জন্য আমি অবিলম্বে এই কর্মীদের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।
৯ দেশের তহবিল স্থগিত করা প্রসঙ্গে লাজারিনি বলেন, গাজাবাসীদের এই অতিরিক্ত শাস্তি প্রাপ্য ছিল না। এটা আমাদের সবাইকে আহত করেছে।
১৯৪৯ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় পরিচালনাকারী জাতিসংঘের বৃহত্তম সংস্থা। সংস্থাটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন এবং সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে। গাজার অভ্যন্তরে সংস্থাটির প্রায় ১৩ হাজার কর্মী রয়েছে।

সব পতিত জমি চিহ্নিত করে চাষের আওতায় আনতে হবে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, সব পতিত জমি চিহ্নিত করে চাষের আওতায় আনতে হবে। তিনি বলেন, ফসলের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়লে কৃষকের জীবন ব্যবস্হা উন্নত হবে।
কৃষিমন্ত্রী শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার নোয়াঁগাও গ্রামের কৃষকদের সাথে কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়ে প্রথম উঠান বৈঠকে এসব কথা বলেন।
নোয়াঁগাও গ্রামের ইন্দু ভূষন পালের বাড়ির উঠান বৈঠকে কৃষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রী মহোদয়কে অবহিত করেন। এর মধ্যে সেচের জন্য পানির ব্যবস্হা, গভীর নলকুপ, স্লূইচ গেট, কৃষি ঋনের ব্যবস্হা, আনারস ও লেবু ফসলের জন্য হিমাগার ও জেলি কারখানা স্হাপন।
কৃষিমন্ত্রী সব কৃষকের কথা শুনেন এবং ৫০ দিনের মধ্যে প্রকল্প তৈরি করে মন্ত্রনালয়ে পাঠাতে কৃষি অধিদপ্তরকে নির্দেশনা দেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনিলিসা সুইটি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ।

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকাল ছয়টা থেকে রোববার (২৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৩২ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন, ৩ কেজি ২০ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ বোতল বিদেশি মদ ও ২৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে।

বার্সেলোনা ছাড়ার ঘোষণা জাভির

২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। শুরুটা ভালোই করেছিলেন। গত মৌসুমে কাতালান ক্লাবটিকে লা লিগার শিরোপা জেতালেও এই মৌসুমে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বার্সা। দলকে শিরোপার লড়াইয়ে রাখতে না পারলে মৌসুম শেষে ক্লাব ছাড়তে হতে পারে এমন শঙ্কার কথা কয়েকবার জানিয়েছিলেন জাভি। শেষ পর্যন্ত ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বার্সা ছাড়ার ঘোষণা দিলেন এই ক্লাব কিংবদন্তি।
শনিবার (২৭ জানুয়ারি) লা লিগার ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলের ব্যবধানে হারার পর এ ঘোষণা দেন বার্সেলোনা কোচ।
আগামী জুনে মৌসুম শেষেই বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে জানান জাভি হার্নান্দেজ।
বার্সা কোচ বলেন, ‘আমি ৩০ জুন বার্সা ছেড়ে চলে যাচ্ছি। সভাপতি এবং স্টাফদের সঙ্গে মিলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। একজন বার্সেলোনা-সমর্থক হিসেবে ক্লাবের ভালোর জন্যই আমার এই সিদ্ধান্ত। আমার মনে হয়, ক্লাবের সবদিক দিয়েই পরিবর্তন দরকার। কেউ আমাকে বলেছিল বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। কিন্তু এটা অসম্ভব। বার্সায় এটা কখনো হবে না।’

জাভি বলেন, ‘আমি আজ (শনিবার) বোর্ড ও ক্লাবের সঙ্গে কথা বলেছি। আমি ৩০ জুন দায়িত্ব ছাড়ছি।’

২০১৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কাতারি ক্লাব আল সাদের কোচের দায়িত্ব গ্রহণ করেন জাভি। ২০২১ সাল পর্যন্ত ক্লাবটির কোচের পদে থাকেন তিনি। ২০২১ সালে বার্সেলোনার কোচ হিসেবে রোনাল্ড ক্যোমান বরখাস্ত হলে অন্তর্র্বতী কোচের দায়িত্ব নেন তিনি। এরপর অবশ্য পূর্ণ মেয়াদে দায়িত্ব গ্রহণ করে ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনাকে লিগ শিরোপা এনে দেন, যা লিওনেল মেসির বিদায়ের পর ক্লাবটির প্রথম লিগ শিরোপা।

সন্ধ্যায় স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে স্বতন্ত্রের ৬২ সংসদ সদস্যকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এমন তথ্য জানিয়েছেন।
এ বৈঠকেই আগামী পাঁচ বছর সংসদে স্বতন্ত্র এমপিদের ভূমিকা কী হবে, তা স্পষ্ট হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ একাধিক নেতা জানান, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেবেন। জাতীয় সংসদে স্বতন্ত্রদের ভূমিকা কী হবে এ বিষয়ে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

এবার ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জিতেছেন। স্বতন্ত্র এমপিদের মধ্যে ৫৮ জনই সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তারা সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা। তাদের মধ্যে দলের অনেক ত্যাগী নেতাও রয়েছেন। আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সংসদে তাদের ভূমিকা কী হবে, এ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন স্বতন্ত্র এমপিরা।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য জানান, জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যদের স্বতন্ত্র হিসেবে ভূমিকা রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যরা যে ১০টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দিতে পারবেন, সেগুলোতেও আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার নির্দেশনা দিতে পারেন শেখ হাসিনা।
৩০ জানুয়ারি সংসদের অধিবেশন বসতে যাচ্ছে।
এদিকে স্বতন্ত্র এমপিরা কোনো রাজনৈতিক দলে যাবেন তা আগামী ৩১ জানুয়ারির মধ্যে জানাতে হবে নির্বাচন কমিশনকে। এমনকী তারা নিজেরা কোনো জোট করতে চান কি না, সেটাও জানাতে হবে এই সময়ের মধ্যে।
অন্যদিকে সংরক্ষিত নারী আসনের তফসিলের জন্য জাতীয় সংসদের চিঠির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। কিন্তু স্বতন্ত্রদের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় চিঠির জবাব দিতে পারেনি সংসদ সচিবালয়।

স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদে আওয়ামী লীগে যোগ দেবেন নাকি স্বতন্ত্র হিসেবে ভূমিকা রাখবেন তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল রয়েছে।
আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এ বিষয়টি চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।