শনিবার, অক্টোবর ১০, ২০২৬

অনিয়ম-দুর্নীতি খুঁজতে খাদ্যমন্ত্রীর অভিযান, গুদাম সিলগালা

কুষ্টিয়ার খাজানগরে দেশের বৃহত্তম চালের মোকামে অভিযানে নেমেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অবৈধ মজুতসহ কেউ কোনো অনিয়ম ও দুর্নীতি করছে কি না, তা খতিয়ে দেখছেন মন্ত্রী ও তার টিমের সদস্যরা।
আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে এই অভিযান চলছে। এ সময় অবৈধভাবে আটা মজুত করায় মেসার্স সুবর্ণা অটো ফ্লাওয়ার মিলের গোডাউন সিলগালা করা হয়। এ ছাড়া অবৈধ ধান মজুতের চিত্র পেয়ে আরেকটি মিলের ধানের গোডাউন সিলগালা করা হয়েছে।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুতসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
অভিযানে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাশরাফি নিজেই বিপিএল থেকে ‘বিরতি’ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ইনজুরি নিয়ে খেলছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ নিয়ে চারদিকে আলোচনা-সমালোচনা হচ্ছিল। নিজেও পারফর্ম করতে পারছিলেন না সিলেট অধিনায়ক। এবার আসর থেকেই বিরতিতে গেছেন মাশরাফি।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে মাশরাফি নিজেই বিপিএল থেকে ‘বিরতি’ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ক্ষেত্রে কারণ হিসেবে দেখানো হয়েছে জাতীয় সংসদের সদ্য শুরু হওয়া অধিবেশন।

তবে রাজনৈতিক ব্যস্ততার মাঝখানে সুযোগ হলে ‘নড়াইল এক্সপ্রেস’খ্যাত এই ক্রিকেটারকে আবারও দেখা যেতে পারে সিলেটের জার্সিতে, প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স। তার অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
চলমান বিপিএলে বাজে অবস্থা সিলেটের। আসরে পাঁচটি ম্যাচ খেলে সব কটিতেই হেরেছে দলটি। আর দলটির অধিনায়ক হিসেবে সামনে থেকে পারফর্ম করছিলেন না মাশরাফিও। পুরো আসরে বেশ নড়বড়ে দেখা গেছে তাকে। টানা ৫ হারে তার দলের অবস্থা যখন নাজুক, সেই সময় বিপিএল থেকে বিশ্রামে গেলেন মাশরাফি।
তবে কত দিনের জন্য তাকে পাবে না সিলেট স্ট্রাইকার্স তা নিশ্চিত করা হয়নি। রাজনৈতিক দায়িত্ব ও ব্যস্ততা শেষে আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মাশরাফির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি প্রত্যাশা করছে শিগগিরই আবার তিনি যোগ দেবেন দলের সঙ্গে।

বিপিএলে সিলেটের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি। মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। তারপরের দিন নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মিঠুনের সিলেট। সেই ম্যাচের মাধ্যমে শেষ হবে বিপিএলের সিলেট পর্ব।

ইজতেমা ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই : র‌্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, বিশ্ব ইজতেমা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। আমাদের গোয়েন্দা নজরদারি ও সাইবার টিমের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করেছি। আর এ ব্যাপারে আমরা বেশি সজাগ রয়েছি।
আজ বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় র‌্যাবের কন্ট্রোল রুমে নিরাপত্তা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
র‌্যাব মহাপরিচালক বলেন, বিশ্ব ইজতেমায় দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের আগমন ঘটে। এ বছরও দুই ধাপে তিন দিন করে মোট ৬ দিন ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ইজতেমা ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি শেষ হবে। সুষ্ঠু ও নির্বিঘ্নে বিশ্ব ইজতেমা সম্পন্ন করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বিদেশি মেহমানদের নিয়ে গত বছর যে হেনস্তার ঘটনা ঘটেছিল, এবার এ বিষয়ে নজর রাখা হচ্ছে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়ার সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু নষ্ট করে (অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন), তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত সচিব হলেন ইসির দুই কর্মকর্তা

পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের দুই যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ বুধবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।
পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হওয়া ফরহাদ আহমেদ খান নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের দায়িত্বে আছেন। এ ছাড়া পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হওয়া আবদুল বাতেন নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ-সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী

বাংলাদেশ ও সৌদি আরব বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চপর্যায়ে নিয়ে যেতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি শেখ ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে এই আগ্রহ প্রকাশ করা।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন।
মুন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধনের মূলে রয়েছে সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী ঐতিহাসিক বন্ধন।
তিনি বলেন, বাংলাদেশি মুসলমানদের জন্য ইসলামের জন্ম সৌদি আরব এবং দুটি পবিত্র স্থান মক্কা ও মদিনার আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান রয়েছে।
তিনি আরও বলেন, ‘হাজার হাজার বাংলাদেশি পবিত্র হজ ও ওমরাহ পালন করেন।’
প্রধানমন্ত্রী দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বে বৈশ্বিক ইস্যূতে সৌদি আরবের সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকা-,সংস্কার এবং উদীয়মান ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেন।
শেখ ড. আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান।

তিনি বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের সঙ্গে ছিল এবং ঢাকার সঙ্গে তাদের ঐতিহাসিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে।
তিনি শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের নজিরবিহীন উন্নয়নের জন্য ভূয়সী প্রশংসা করেন।
মুন সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতির উদ্ধৃত দিয়ে বলেন, তিনি বলেছেন ‘প্রধানমন্ত্রীর নেতৃত্ব দৃষ্টান্তমূলক ও অনুকরণীয়।’
তিনি প্রধানমন্ত্রীকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের শুভেচ্ছাও জানান।
সৌদি ক্রাউন প্রিন্সের শুভেচ্ছাকে স্বাগত জানিয়ে শেখ হাসিনাও যুবরাজকে শুভেচ্ছা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

২২৪ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার ও সৌদি আরব থেকে ২২৩ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার টাকায় ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের কাছে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরে বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনতাজাত) থেকে ১১তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিন্ড (অপশনাল) ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রতি মেট্রিকটনের দাম পড়বে ৩৩০. ৮৩ মার্কিন ডলার।
এ ছাড়া অপর এক প্রস্তাবে শিল্প মন্ত্রণালয়ের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৩তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন। প্রতি মেট্রিকটনের দাম পড়বে ৩৪৭.৫ মার্কিন ডলার।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

পরে শামসুল হক টুকু এমপি ডেপুটি স্পিকার পুনর্নির্বাচিত হওয়ায়, মতিয়া চৌধুরী এমপি সংসদ উপনেতা নির্বাচিত হওয়ায়, নূর-ই-আলম চৌধুরী এমপি জাতীয় সংসদের চীফ হুইপ নির্বাচিত হওয়ায় এবং ইকবালুর রহিম এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি ও নজরুল ইসলাম বাবু এমপি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তী সময়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ আসনের পীরগঞ্জ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা স্পীকারসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত বিবৃতি খবর নয়, বিজ্ঞাপন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ওয়াশিংটন পোস্টে নিউজ নয়, সেখানে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ড. ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত বিবৃতিটি কোনও খবর নয়, একটা বিজ্ঞাপন।’
যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ড. ইউনূসকে নিয়ে প্রকাশিত বিবৃতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
বাংলাদেশের বিচার ব্যবস্থা অত্যন্ত স্বাধীন এবং শ্রমিক-কর্মচারীরাই ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন বলেও জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘ওয়াশিংটন পোস্টে নিউজ নয়, সেখানে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কোনও অফিস ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে সেটা ছাপা হয়েছে।’

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ১৪টি দেশের অনিবাসী রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. হাছান বলেন, ‘এ রকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে। তবে ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই—বাংলাদেশে বিচার প্রক্রিয়া স্বচ্ছ এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছ বলেই সরকারি দলের অনেককে বিচারের সম্মুখীন হতে হয়, জেলেও যায়। ইউনূস সাহেবের এ মামলায় সরকার কোনও পক্ষ না।’
তিনি বলেন, ‘ড. ইউনুস সাহেবের প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরাই বলছেন তারাই তার বিরুদ্ধে মামলা করেছেন এবং অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় রায় হয়েছে। এখানে সরকার কোনও পক্ষ নয়।’
এর আগে বোতসোয়ানা, কম্বোডিয়া, চেক রিপাবলিক, গাম্বিয়া, হাঙ্গেরি, জ্যামাইকা, লুক্সেমবার্গ, মঙ্গোলিয়া, নর্থ মেসিডোনিয়া, পেরু, স্লোভাক রিপাবলিক, স্লোভেনিয়া, উরুগুয়ে ও ভেনিজুয়েলার রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে যোগ দেন। সাক্ষাৎ শেষে তাদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আজ মঙ্গলবার তাদের পশ্চিম উপকূলের জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ বছর পিয়ংইয়ংয়ের চালানো ধারাবাহিক অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে এটি ছিল তাদের সর্বশেষ অস্ত্র পরীক্ষা। সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্থানীয় সময় ৭টার দিকে (গ্রিনিচ মান সময় ২২০০টা) উত্তর কোরিয়ার পশ্চিম সাগর অভিমুখে পরীক্ষা চালানো অজ্ঞাতনামা কয়েকটি ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে।
জেসিএস বলেছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ক্ষেপণাস্ত্রগুলোর ধরন জানতে বিস্তারিত বিশ্লেষণ করে দেখছে।
বিবৃতিতে আরও বলা হয়, এসব ক্ষেত্রে ‘আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার পাশাপাশি নজরদারি এবং সতর্কতা জোরদার করছে। তারা উত্তর কোরিয়ার কর্মকান্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’
সাম্প্রতিক মাসগুলোতে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটতে দেখা যাচ্ছে। উভয় পক্ষকে উত্তেজনা হ্রাস চুক্তি পরিত্যাগ করে সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে এবং লাইভ-ফায়ার মহড়া চালাতেও দেখা যাচ্ছে।
খবর এএফপি

নির্বাচনে জয় হয়েছে জনগণের, জয় হয়েছে গণতন্ত্রের : রাষ্ট্রপতি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশনের সফলভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় হয়েছে দেশের জনগণের, জয় হয়েছে গণতন্ত্রের।
আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণের শুরুতে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
নির্বাচনে জয়-পরাজয় থাকবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জনগণের রায় মেনে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের গণতন্ত্রের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন অত্যন্ত যুগান্তকারী ঘটনা, যা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় হয়েছে দেশের জনগণের, জয় হয়েছে গণতন্ত্রের।
তিনি বলেন, নির্বাচন ঘিরে একটি মহল সহিংসতা ও সংঘাত সৃষ্টি করে গণতন্ত্রের শান্ত-স্নিগ্ধ যাত্রাপথে বাধা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। তাদের গণতন্ত্র বিরোধী ও সহিংস কর্মকাণ্ড সাময়িকভাবে জনগণকে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রাখলেও ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতে পারেনি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের জন্যই সরকার ও নির্বাচন কমিশনের সব পদক্ষেপ সার্থক হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচন বর্জনকারী দলগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। আমি আশা করি— ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলগুলো সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করবে। সরকারও এক্ষেত্রে সংযত আচরণ করবে- এটাই সবার প্রত্যাশা।
১৯৭৫-এর ১৫ই আগস্টের বর্বর হত্যাকাণ্ড ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় উল্লেখ করে রাষ্ট্রপতি নিহত বঙ্গবন্ধু পরিবারের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
মো. সাহাবুদ্দিন বলেন, ২০০১ সালের নির্বাচন পরবর্তী দেশে যে নৃশংস সহিংসতা হয়েছিল তা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এর মাধ্যমে আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করা হয়েছিল। কিন্তু ২০০৮ সালের নির্বাচনসহ পরবর্তীতে অনুষ্ঠিত সকল নির্বাচনে সহিংসতার পুনরাবৃত্তি থেকে মুক্তি পেয়েছি।
গণতন্ত্র ও উন্নয়নের নিষ্কণ্টক পথচলার জন্য রাজনৈতিক দলগুলো উদার ও গঠনমূলক মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়াবে এটাই দেশবাসীর প্রত্যাশা বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।