শনিবার, অক্টোবর ১০, ২০২৬

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়াল

ইসরায়েলের নির্বিচার হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত ২৭ হাজার ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

গাজায় নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। ইসরায়েলের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে অন্তত ৬৬ হাজার ১৩৯ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পশ্চিম তীরের জেনিন, নাবলুস ও হেব্রন শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

তিনটি শহরেই বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালানো হয়েছে। এর মধ্যে জেনিনের শরণার্থী ক্যাম্পে সশস্ত্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর জানা যায়নি।

জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের ও আল-আমাল হাসপাতালের কাছে তুমুল লড়াই চলছে। এতে প্রাণ সংশয়ে পড়েছেন হাসপাতালগুলোর চিকিৎসাসেবা কর্মী, রোগী এবং আশ্রিত বাস্তুচ্যুত মানুষেরা।

উভয় হাসপাতালেই তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এর ফলে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, গত ৩১ জানুয়ারি বিকেল থেকে ১ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১৯০ জন আহত হয়েছেন।

চলমান সংঘাতের মধ্যেই অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি উত্তর গাজার হামাদ স্কুলের কাছে ‘কালো প্লাস্টিকের ব্যাগে’ অন্তত ৩০টি মরদেহ পাওয়া যায়। তাদের ইসরায়েলি বাহিনী হত্যা করে গণকবর দিয়েছে বলে দাবি করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নিহতদের চোখ বেঁধে নির্যাতন ও হত্যা করে ব্যাগে রাখা হয়েছিল। এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

বিএনপি নয়, দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত আওয়ামী লীগ : কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে, এটা নিয়ে আমরা বিচলিত না। আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির বন্ধু তো দেশে আছে, বিদেশেও আছে। এখন নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনে ব্যর্থ। তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে।

উপজেলা নির্বাচনে প্রার্থীদের ওপর এমপিদের প্রভাব বাড়বে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোনো বড় কাজ করতে ছোট ছোট বিষয় আছে এর মধ্যে এসে পড়বে। কারো ইচ্ছায় নির্বাচন প্রভাবিত হবে এর কোনো কারণ নেই। নির্বাচন কমিশন শক্তিশালী এবার তারা তা প্রমাণ করেছে।

সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কবে থেকে দেবেন এমন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খুব শিগগির। এক সপ্তাহের বেশি হবে না।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ফিরছে স্কুইড গেমস, প্রকাশ পেল ‘ফার্স্ট লুক’

২০২১ সালে মুক্তির পর তোলপাড় ফেলে দেয় কোরিয়ান টেলিভিশন সিরিজ স্কুইড গেমস। তিন বছর পর সেই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে। তার আগে গতকাল প্রকাশিত হয়েছে দ্বিতীয় সিজনের প্রথম ঝলক। দুটি ছবি শেয়ার করে ওটিটি স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স জানিয়েছে, স্কুইড গেমের দ্বিতীয় সিজন আসছে ২০২৪ সালে।

২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর ‘স্কুইড গেম’ বিশ্বেজুড়ে আলোড়ন ফেলে। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ। প্রথম সিরিজে ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করে। যাতে জিতলে বিজয়ী পাবে ৩৯ মিলিয়ন ইউএস ডলার। অপরদিকে হারলে মৃত্যু। এই খেলায় অংশগ্রহণ করে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শেষ পর্যন্ত একজন বিজয়ী হয়। তবে বিজয়ী হলেও এই আত্মঘাতী খেলার বিপক্ষে চলে যায় সে। এই মরণঘাতী খেলা বন্ধে সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই খেলা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনবে। সে একাই যুদ্ধ ঘোষণা করে সেই অন্ধকার জগতের সঙ্গে যারা এই খেলা পরিচালনা করে। সিরিজটির দ্বিতীয় সিজন নির্মিত হচ্ছে এর পরবর্তী গল্প নিয়েই।

দ্বিতীয় সিজনে গং ইওও একটি ক্যামিও চরিত্রে রয়েছেন। দর্শকরা প্রত্যাশা করছেন যে দ্বিতীয় সিজনে তাকে পূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে এবং লি জং-জে-এর মুখোমুখি হবেন তিনি।

নেটফ্লিক্স পরিবেশিত সর্বকালের সেরা টিভি শো হচ্ছে ‘স্কুইড গেম’। ২০২১ সালের ১২ অক্টোবর এক টুইট বার্তায় নেটফ্লিক্স জানায়, সব রেকর্ড তছনছ করে দিয়েছে সিরিজটি। দীর্ঘদিন ধরেই সিরিজটির দ্বিতীয় সিজনের প্রতীক্ষায় ভক্তরা। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালেই প্রকাশ হবে এর দ্বিতীয় সিজন।

আল-নাসরের কাছে বিধ্বস্ত মেসির মায়ামি

চোটের কারণে ক্রিস্টিয়ানো রোনালদো না থাকায় আগেই জৌলুস হারিয়েছিল ম্যাচটি। যে কারণে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির দিকে চোখ ছিল সবার। শেষ পর্যন্ত মেসিও ছিলেন না শুরুর একাদশে। তবে পুরো ম্যাচজুড়ে রোমাঞ্চের কোনো অভাব ছিল না। ক্লাব প্রীতি এই ম্যাচে ইন্টার মায়ামিকে বড় ব্যবধানে হারিয়েছে আল-নাসর।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে কিংডম এরিনায় রিয়াদ সিজন কাপে ৬-০ গোলের দাপুটে জয় পেয়েছে গ্লোবাল ওয়ানরা। এদিন হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিসকা। একবার করে জালের দেখা পেয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার এমেরিক লাপোর্তো, লুইস কাস্ত্রো এবং মারানে।

ম্যাচের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে উঠে আল নাসর। ফলে প্রথম ১২ মিনিটের মধ্যেই মায়ামির জালে তিনবার বল পাঠায় আল-নাসর। ম্যাচের তৃতীয় মিনিটে লুইস কাস্ত্রোর দলকে লিড এনে দেন।

এরপর ম্যাচের ১০ মিনিটে ব্যবধান বাড়ান তালিসকা। দুই মিনিটের ব্যবধানে লাপোর্তো আরেকধাপ এগিয়ে নেন নাসরকে। মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার অহেতুক পোস্ট ছেড়ে বাইরে এলে সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন লাপোর্তো।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি কাজে লাগিয়ে দ্বিতীয়বারে মতো, মায়ামির জাল খুঁজে নেন তালিসকা। এরপর ম্যাচের ৬৮তম মিনিটে মারানের গোলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় লুইস কাস্ত্রোর শিষ্যরা।

ম্যাচের ৭৩তম মিনিটে নিজের হ্যাটট্রিক আদায়ের সঙ্গে সঙ্গে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান নাসরের ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিসকা।

ম্যাচের ৮৩ মিনিটের মাথায় লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে মেসিকে নামানো হয়। ৩ মিনিট পর বাঁ-পায়ে গোলের জন্য একটি শট নেন তিনি, যদিও তাতে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। মেসির শট আটকে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। শেষ পর্যন্ত বড় হারের হতাশায় মাঠ ছাড়ে মায়ামি।

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম এখলাস মিয়া (৭০)। বাড়ি নেত্রকোনা জেলার বুরুজুরি স্বল্পদিঘীয়া গ্রামে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে এবারের ইজতেমায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জন। ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ভোররাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এখলাস। পরে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এর মধ্যে, দুজন মারা গেছেন বুধবার, একজন বৃহস্পতিবার এবং একজন শুক্রবার ভোররাতে।

গেতাফকে হারিয়ে শীর্ষে ফিরল রিয়াল

লা লিগায় আবারও শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। গেতাফের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে তারা। যার ফলে সমান ম্যাচ খেলে টেবিলের দুইয়ে থাকা জিরোনার চেয়ে এগিয়ে আছে দুই পয়েন্টের ব্যবধানে।

দলের হয়ে দুটো গোলই করেন হোসেলু। ম্যাচের ১৪ মিনিটে দানি কারভাহালের ক্রস থেকে দারুণ হেডে রিয়ালকে এগিয়ে দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তার শট এক হাতে ঠেকিয়ে দেন গেতাফে গোলরক্ষক।

ইনজুরিতে জর্জরিত রিয়াল অবশ্য ধাক্কা খায় এই ম্যাচে। পায়ের ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেননি ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। ৫১ মিনিটে গেতাফে সমতা ফিরিয়েছিল প্রায়। কিন্তু ম্যাসন গ্রিনউডের শট চলে যায় পোস্ট ঘেঁষে। ৫৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন হোসেলু। এরপর বেশকয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা আর পায়নি রিয়াল।

রোববার নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে জিরোনা। অন্যদিকে বার্সেলোনা ও আতলেতিকো ১০ পয়েন্ট দূরে আছে রিয়ালের কাছ থেকে।

সাত গোলের ম্যাচে ইউনাইটেডের জয়

দাপুটে প্রথমার্ধের পর কিছুটা চুপসে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। এর সুযোগ পেয়ে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় উলভস। কিন্তু দিন শেষে প্রত্যাবর্তনের গল্প লিখতে পারেনি। সাত গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড। উলভসকে গতকাল ৪-৩ গোলে হারায় তারা।

মলিনেক্স স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হইলুন। প্রথমার্ধে আরও দুবার বল জালে পাঠায় সফরকারীরা। কিন্তু রেফারির অফসাইডের সিদ্ধান্তে বাতিল হয় তা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও বেশ কিছু সুযোগ পায় ইউনাইটেড। কিন্তু ৭১ মিনিটে বিপদ ডেকে আনেন রেড ডেভিল মিডফিল্ডার কাসেমিরো। ডি বক্সের মধ্যে ফেলে দেন নেতোকে। পেনাল্টি পেয়ে গোল করতে কোনো ভুল করেননি উলভসের পাবলো সারাবিয়া। এরপর অবশ্য ৭৫ মিনিটে স্কট ম্যাকটমিনের গোলে ফের ব্যবধান বাড়ায় ইউনাইটেড। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।

৮৫ মিনিটে ম্যাক্স কিলম্যান ও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নেতোর গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে উলভস। কিন্তু রোমাঞ্চের তখনো শেষ হয়নি। দুই মিনিট পর ১৮ বছর বয়সী কোবি মাইনোর গোলে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। সেই গোলে ভর করেই পূর্ণ ৩ পয়েন্ট পায় তারা।

প্রিমিয়ার লিগে ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে এরিক টেন হাগের দল।

জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ডলার

নতুন বছরের প্রথম মাসেই সুখবর বয়ে আনল প্রবাসী আয় বা রেমিট্যান্স। জানুয়ারি মাসের পুরো সময়ে ২০১ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ২০১ কোটি ডলার বা ২ দশমিক ০১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২২ হাজার ১১০ কোটি টাকা (প্রতি ডলার সমান ১১০ টাকা)।

বৈধপথে রেমিট্যান্স আনার উদ্যোগের ফলে এমনটি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর সঙ্গে বাড়তি প্রণোদনা প্রবাসী বাংলাদেশিদের আরও উৎসাহিত করছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, এর আগে ২০২৩ সালের জুন মাসে সবশেষ ২ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল রেমিট্যান্স। মাঝে প্রায় ৬ মাসের বেশি সময় অতিক্রম করলেও ২ বিলিয়ন ডলার বা এর বেশি আসেনি। তবে চলতি বছরের প্রথম মাসের শুরু থেকেই প্রবাসী আয় বা রেমিট্যান্স আসার ধারা ভালো ছিল। ধারণা করা হয়েছিল মাসটিতে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে। এখন নিরাপদ ও বাড়তি প্রণোদনা পাওয়ায় প্রবাসীরা উৎসাহিত হচ্ছেন। আগামীতে আরও রেমিট্যান্স আসবে বৈধপথে।

খাত সংশ্লিষ্টদের মতে, ২০২০ সালে হুন্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স এসেছিল। বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছেন ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। এটি এ যাবতকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে করোনাকালীন ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২ হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে এক হাজার ৭৭৬ পিস ইয়াবা, ৭৫ গ্রাম হেরোইন, চার কেজি ৭৮০ গ্রাম ৪৪০ পুরিয়া গাঁজা ও ৭৫ বোতল দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা করা হয়েছে।

তৃণমূল পর্যায়ে উন্নয়ন নিশ্চিতে অগ্রাধিকার দিয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার ফলে এই মেয়াদে তার সরকারের প্রধান প্রচেষ্টা হবে চরম দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১২টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত এবং হাইকমিশনাররা গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। সাক্ষাতে অংশ নেন বতসোয়ানা, কম্বোডিয়া, গাম্বিয়া, হাঙ্গেরি, জ্যামাইকা, মেসিডোনিয়া, মঙ্গোলিয়া, লুক্সেমবার্গ, স্লোভাক রিপাবলিক, স্লোভেনিয়া, পেরু এবং ভেনিজুয়েলার কূটনীতিকরা। সূত্র : বাসস
বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম.এম. ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের জানিয়েছেন, তার সরকার সারাদেশে তৃণমূল পর্যায়ে উন্নয়ন নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়েছে।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে কায়েস বলেন, ‘তাদের (তৃণমূল পর্যায়ের মানুষকে) উন্নয়নে অন্তর্ভুক্ত করা হলে সারাদেশের উন্নয়ন হবে, জনগণ এর সুফল পাবে।’
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে দারিদ্র্যের হার কমে ১৮ দশমিক ৭ শতাংশ হয়েছে এবং চরম দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশে। আগে দারিদ্র্যের হার ছিল ৪২ শতাংশের বেশি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সংরক্ষিত আসনের পাশাপাশি সংসদ নির্বাচন ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে নারীরা সরাসরি অংশগ্রহণ করছে।
দেশের স্বাস্থ্যসেবা সুবিধা সম্পর্কে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক থেকে নারী ও শিশুরা চিকিৎসা নিচ্ছে, যা সম্পূর্ণভাবে তার সরকারের মস্তিষ্ক প্রসূত এবং এই প্রচেষ্টার জন্য মা ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে।

প্রধানমন্ত্রী নিঃস্ব মহিলাদের, বিশেষ করে স্বামী পরিত্যক্তা এবং বিধবা মহিলাদের জন্য তার সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের কথাও উল্লেখ করেন।
শেখ হাসিনা বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দূতদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি তাদের বলেন, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য এখানে ব্যবসা বান্ধব পরিবেশ ও যোগাযোগ নিশ্চিত করতে কাজ করছে।
সাক্ষাতের শুরুতে বতসোয়ানা, কম্বোডিয়া, গাম্বিয়া, হাঙ্গেরি, জ্যামাইকা, মেসিডোনিয়া, মঙ্গোলিয়া, লুক্সেমবার্গ, স্লোভাক রিপাবলিক, স্লোভেনিয়া, পেরু এবং ভেনিজুয়েলার অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত হয়ে টানা চতুর্থ মেয়াদে এবং মোট পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান।
দূতরা বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে তারা অভিভূত ও অনুপ্রাণিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।