শনিবার, অক্টোবর ১০, ২০২৬

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সতর্ক ভূমিকা পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে সতর্ক ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনশৃংক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রাখারও নির্দেশ দেন তিনি।

নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর আজ প্রথমবারের মতো সচিবদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে এ সচিব সভা অনুষ্ঠিত হয়। এ সময় সচিব ও জ্যেষ্ঠ সচিব পর্যায়ের ৮৭ জন কর্মকর্তা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী এ সময় সচিবদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ২০২২ সালের অনুষ্ঠিত সচিব সভার সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

সংস্কারকাজের জন্য ১৪ দিন বন্ধ থাকবে পোস্তগোলা সেতু

কার্যক্ষমতা বাড়াতে পোস্তগোলা সেতু সংস্কার করতে যাচ্ছে সেতুটির মালিকানাধীন প্রতিষ্ঠান সড়ক ও জনপথ অধিদপ্তর। ফলে ওই সেতুতে ১৪ দিন যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানা যায়। পরে বিষয়টি নিশ্চিত করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

ডিএমপির বার্তায় বলা হয়, ১৪ দিন সেতু বন্ধ থাকার সময়ে সব যানবাহনকে ডাইভারশন করা হবে। একইদিকে গেন্ডারিয়া রেলস্টেশন সংলগ্ন জুরাইন ক্রসিং গেটে পদ্মা সেতুর রেলের কাজ চলমান (গেট: ই/৬) রয়েছে। পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের পরিচালককে কাজ দ্রুত সম্পাদন অথবা শুরুর ব্যাপারে পুনর্বিবেচনার জন্য চিঠি দেওয়া হয়েছে।

এদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছেন, এটি টানা ১৪ দিন বন্ধ থাকবে না। ১৫-২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সেতুর সংস্কার কাজ চলবে। এর মধ্যে পাঁচ দিন বন্ধ রাখা হবে। তবে এটি টানা বন্ধ নয়। যেদিন কাজ হবে সেদিন।

তিনি আরও জানান, সেতুর নিচে পিলারে লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। সেটিই ঠিক করা হচ্ছে। বন্ধ রাখা হবে, কারণ কাজের সময় যানবাহন চলাচল করলে নিচে রেট্রোফিটিং করতে সমস্যা হবে। আমরা বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেব।

আবারও ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন বাহিনী ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে। এর একদিন আগে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একাধিক বিমান হামলা চালিয়েছে।

রোববার তারা দেশটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) বলেছে, আমেরিকান বাহিনী নিজস্ব প্রতিরক্ষার জন্যে হুতিদের বিরুদ্ধে এ হামলা চালিয়েছে। প্রথমে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে স্থল হামলা পরে জাহাজ প্রতিরক্ষায় আরও চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

মার্কিন বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং এসব ক্ষেপণাস্ত্র আমেরিকান নৌজাহাজ ও এ এলাকায় অন্যান্য বাণিজ্যিক জাহাজের জন্যে হুমকি মনে করায় এসব ধ্বংসে পাল্টা ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে।

লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার বিরুদ্ধে তৃতীয় পর্যায়ে এ হামলা চালায়।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোয় হামলা চালিয়ে আসছে।

এ পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।

দাম আরও বাড়ল, ১২ কেজি এলপিজি ১৪৭৪ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে টানা ৭ মাস বাড়ানো হলো এলপিজির দাম।

রোববার (৪ ফেব্রুয়ারি) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৭ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত জানুয়ারি মাসে যা মূসকসহ নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ৬৫ টাকা ৬৭ পয়সা।

এর আগে গত ২ জানুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আর গত ৩ ডিসেম্বর ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা ও ২ নভেম্বর ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

গত বছরের জুলাই মাসে সবচেয়ে কম ছিল ৯৯৯ টাকা। অন্যান্য বছর নভেম্বরের পরে দাম কমে এলেও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে এখনও ঊর্ধ্বমুখী রয়েছে আন্তর্জাতিক বাজার।

২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয় আমদানিনির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে। সৌদির দর ওঠা-ওঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

তবে বিইআরসির ঘোষিত দরে বাজারে পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। তাদের অভিযোগ হচ্ছে বাজারে নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা তার ইচ্ছামত দর আদায় করছেন।

দর প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যানের বক্তব্য হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশকিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেসব বিক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও নেওয়া হবে।

‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন বিশ্বকে চমকে দিয়েছে’

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলদেশের উন্নয়ন-অগ্রগতি বিশ্বকে চমকে দিয়েছে এবং বঙ্গবন্ধুকন্যা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন বলেই বিশ্বের সব দেশ বাংলদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ কমিউনিটি এবং বেলজিয়াম আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ ও সাবেক রাষ্ট্রদূত ইসমত জাহান সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন। আওয়ামী লীগের বেলজিয়াম শাখার সভাপতি শহিদুল হক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

হাছান মাহমুদ বলেন, উন্নয়নের সব সূচকে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়েছে এবং বিএনপি-জামায়াতের ‘পলিটিকস অব ডিনায়াল’ এবং ‘পলিটিকস অব কনফ্রন্টেশন’ অর্থাৎ সবকিছুতে না বলার অপসংস্কৃতি ও সাংঘর্ষিক রাজনীতি যদি না থাকত, তাদের জ্বালাও-পোড়াও যদি না থাকত, দেশ আরও বহুদূর এগিয়ে যেত।

এ সময় রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতিতে বড় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সবসময় বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এ সময় বাংলাদেশ কমিউনিটি বেলজিয়ামের পক্ষ থেকে মন্ত্রী হাছান মাহমুদকে ফুল ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।

এর আগে শুক্রবার ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে দেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেন ড. হাছান মাহমুদ। ফোরামে বক্তৃতার পাশাপাশি তিনি ইউরোপীয় ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট, কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপস, কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং দশটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

ড. ইউনূসকে কারাগারে পাঠানোর পরিকল্পনা নেই : আইনমন্ত্রী

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অহেতুক গ্রেপ্তার বা কারাগারে পাঠানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সহকারী জজ ও সমপর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তাদের বুনিয়াদি ও প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তবে আদালত ড. ইউনূসের বিরুদ্ধে যে রায দেবেন তা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের সংশ্লিষ্টদের বলেও জানান আইনমন্ত্রী।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হবে, হতাশ হওয়ার কিছু নেই বলে জানান আইনমন্ত্রী ।

রাজধানীর বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত সহকারী জজ/সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ৪৯তম বুনিয়াদি ও প্রশিক্ষণ কোর্স ৩ ফেব্রুয়ারি থেকে ১ জুন পর্যন্ত চলবে।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ারও।

রাশিয়ার দখলকৃত শহরে ইউক্রেনের হামলায় নিহত ২৮

রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় শহরে হামলা চালিয়েছে কিয়েভের বাহিনী। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলার শিকার এই শহরের নাম লিসিচানস্ক।

২০২২ সালের গ্রীষ্মে শহরটি দখলে নেয় রাশিয়া। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পূর্বাঞ্চলীয় শহর লিসিচানস্কে ইউক্রেনের গোলাবর্ষণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন বলে রাশিয়া শনিবার জানিয়েছে। এই হামলায় কমপক্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং সেখানে উদ্ধার অভিযান চলছে।

রাশিয়া আরও বলেছে, লিসিচানস্ক শহরের একটি বেকারিকে লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালায়। প্রতি সপ্তাহান্তে এই বেকারিতে বহু মানুষ ভিড় করে থাকেন।

এএফপি বলছে, ইউক্রেনের এই আক্রমণের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন দেশটির সঙ্গে রাশিয়ার যুদ্ধ প্রায় দুই বছর পূরণ করতে চলেছে। পূর্ব ইউক্রেনের লুগানস্ক অঞ্চলের লিসিচানস্ক শহরে মস্কোর আক্রমণের আগে জনসংখ্যা ছিল প্রায় ১ লাখ ১০ হাজার। ২০২২ সালের গ্রীষ্মে নৃশংস যুদ্ধের পরে শহরটি রাশিয়ান বাহিনীর হাতে চলে যায়।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, লিসিচানস্কে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করেছে। পরে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে বলে জানানো হয়।

হামলার পর এক ভিডিওতে উদ্ধারকারীদের অন্ধকারে কাজ করতে দেখা যায়। মৃতদেহ বের করার পাশাপাশি আহত এক নারীকে জীবিত খুঁজে পান তারা। পরে তারা তাকে ব্যাপক ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে বের করে আনতে স্ট্রেচার ব্যবহার করেন।

মন্ত্রণালয় এর আগে বলেছিল, তারা ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছে। রাত পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও সে সময় জানায় তারা।

লুগানস্কের মস্কো-নিযুক্ত গভর্নর লিওনিড পাসেচনিক জানান, লিসিচানস্কে একটি বেকারিকে লক্ষ্য করে এই হামলা করেছে ইউক্রেন। প্রতি সপ্তাহান্তে সেখানে তাজা রুটি পাওয়ার জন্য পরিচিত ছিল বেকারিটি।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

আজ রোববার সচিবালয়ে পরিবেশমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় তাঁরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন।

পরে পরিবেশমন্ত্রী সাংবাদিকদের বলেন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

ভবিষ্যতে আমরা কীভাবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারি, তা নিয়ে আলোচনা করেছি। এই বৈঠকটি আমাদের অংশীদারত্বকে সুদৃঢ় করতে এবং সহযোগিতার জন্য নতুন উপায় অন্বেষণে একটি ফলপ্রসূ পদক্ষেপ।

রাষ্ট্রদূত হাস বলেন, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে। আমরা বাংলাদেশের জলবায়ু লক্ষ্যগুলোকে সমর্থন করার জন্য আমাদের অংশীদারত্বকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা আমাদের উভয় দেশের জন্য আরো জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে একসঙ্গে কাজ করে যাব।

রাষ্ট্রদূত হাস ও পরিবেশমন্ত্রী উভয়েই গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতামূলক উদ্যোগ বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেন।

মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির আঁচ সীমান্তে পড়ছে : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার আঁচ বাংলাদেশ সীমান্তে এসেও পড়ছে। এর ফলে বাংলাদেশের সীমান্ত এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। এ বিষয়ে চীনের সহযোগিতা কামনা করা হয়েছে।

রোববার (০৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। এর আগে ওবায়দুল কাদের চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন।

এসময় ওবায়দুল কাদের, বাংলাদেশের সাথে নয় মিয়ানমারের আরাকানের অভ্যন্তরীণে যুদ্ধ চলছে; এটা সীমান্তে চলে এসেছে। এরফলে সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

তিনি আরও বলেন, বর্তমানে মিয়ানমারে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার আঁচ বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে। এর ফলে বাংলাদেশের সীমান্ত এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। এ বিষয়ে চীনের সহযোগিতা কামনা করা হয়েছে। আর এ বিষয়ে সহযোগিতার জন্য ইতিবাচক সাড়াও দিয়েছে তারা। আগে থেকেও বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। এদেরকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে চীনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক ইস্যুতে কথা হয়েছে-সেটা কী বিষয় নিয়ে। এমন প্রশ্নের জবাব জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন,

চীনের সঙ্গে কথা বলতে গেলে যে বিষয়টি প্রথমে আসে সেটি হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন। এ বিষয়ে চীন একটা ভূমিকা নিতে পারে। এখানে রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে ১৩ লাখের মতো। এটা আমাদের জন্য অতিরিক্ত বোঝা। এমনিতেই মহামারি করোনা ও যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য দ্রব্যর মূল্য বৃদ্ধিতে যে সংকটের তৈরি হয়েছে, সেটাতেই আমরা সংকটে আছি। তারপর এতোগুলো লোককে খাওয়ানো, চিকিৎসা সেবা দেয়া আমাদের জন্য বোঝা। এদের যে সাহায্যটা আসতো, সেটাও আগের থেকে অনেক কমে গেছে। বাংলাদেশের জন্য এটা একটা বিরাট বোঝা। যত তাড়াতাড়ি তাদের প্রত্যাবাসন করা যায়, মিয়ানমার যত তাড়াতাড়ি তাদের ফেরত নেয় তাদের নাগরিকদের, সে ব্যাপারে চীন একটা ভূমিকা রাখতে পারে। এগুলো নিয়ে কথা বলা হয়েছি।

আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, এখন যেটা আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ চলছে, এটার রেশ আমাদের সীমান্ত এলাকা পর্যন্ত এসেছে। আমাদের সীমান্ত থেকেও গোলাগুলির আওয়াজ শোনা যায়। এটা একটা আতঙ্ক তো আছে। আমাদের সঙ্গে যুদ্ধ না, যুদ্ধ তাদের অভ্যন্তরীণ, কিন্তু আমাদের সীমান্তে এ যুদ্ধের গোলাগুলির আওয়াজ চলে আসছে, তখন স্বাভাবিকভাবে ভয়ভীতি আমাদের নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এ বিষয়টিতে তাদের হস্তক্ষেপ আশা করছি।

আমাদের দেশে চীন যে উন্নয়ন করছে, এগুলো বিশেষ করে বলেছি, আমাদের সব প্রকল্প, মেগাপ্রকল্প বেশিরভাগ করে ফেলেছি। একটা প্রকল্প অনেক আগেও শেষ হওয়ার কথা, সেটা চীনা বিআরটি প্রকল্প, এটা দ্রুত শেষ করার জন্য দেশটির রাষ্ট্রদূতকে বলা হয়েছে। আমাদের কোনো প্রকল্পে এতো দেরি হয়নি। এ প্রকল্পে সম্পর্কে আলোচনা করা হয়েছে।

এরইমধ্যে মিয়ানমারের ১৪ সেনাসদস্য বান্দরবানের বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। এ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ নিয়ে কথা বলা হয়েছে। আরাকান আর্মির সঙ্গে তাদের যে অভ্যন্তরীণ সংঘাত, সেটার কিছু কিছু বিষয়ের প্রতিক্রিয়া আমাদের এখানেও আসছে। নাইক্ষ্যংছড়ি, বালুখালির মতো এলাকায় তাদের অভ্যন্তরীণ সংঘাতের ফলে গোলাগুলি হয়। গোলা নিক্ষেপ করে। এসব বিষয়ের প্রতিক্রিয়া আমাদের এখানে চলে আসে। সীমান্তবর্তী দেশ তো, সেই হিসেবে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে যে সহযোগিতা চেয়েছেন, সে বিষয়ে তাদের সাড়া কী ছিল- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইতিবাচক। চীনা রাষ্ট্রদূত বলেছেন, আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করছি। আপনি যখন এ বিষয়টি বললেন, ভবিষ্যতে চেষ্টা আরও জোরদার করব।

মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর : সেতুমন্ত্রী

মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর এবং এর কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাসের মতো মেট্রোরেলেও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়ার দাবির বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটি পৃথিবীর কোথাও নেই। এটা সম্ভব না। রিকশায় উঠলেই তো ৩০ টাকা লাগে। কোথায় যাবেন সেটা পরের ব্যাপার।

তিনি বলেন, মেট্রোরেল একটা আধুনিক গণপরিবহন বাংলাদেশে এসেছে। এটাকে উৎসাহিত করা দরকার। এখানে কয় টাকা যাবে? কত টাকার বিষয়? উত্তরা থেকে মতিঝিল আসলে কত টাকা লাগে?

মন্ত্রী বলেন, এটা (মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া) একটা অবান্তর দাবি। এটা পৃথিবীর কোথাও নেই।

এদিকে মিয়ানমার সীমান্তে সংঘর্ষেও বিষয়ে ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সঙ্গে নয়, আরাকানে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে। এটা সীমান্তে চলে এসেছে। তবে গোলাগুলির কারণে ভয়ভীতি ছড়াচ্ছে।

তিনি বলেন, তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমরাও তাদের সঙ্গে কাজ করব। আমরা গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না। সারা পৃথিবী এখন সংকটে, এখন গায়ে পড়ে সংকট বাধানোর কারো লাভ নেই। সম্পর্ক থাকুক, সামনে সম্পর্কের আরও উন্নয়ন হউক। এটা যার যার স্বার্থে আমাদের প্রয়োজন। আমেরিকারও ইন্টারেস্ট আছে, সবার ইন্টারেস্ট আছে, আমাদেরও আছে।