শনিবার, অক্টোবর ১০, ২০২৬

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিজিবির নতুন ডিজির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান এবং বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিজিবি মহাপরিচালক।

এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফাতেহা শরীফ পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। পরে মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যশোর রিজিয়ন কমান্ডার, গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক পিলখানা বিজিবি সদর দপ্তরের ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

গত ৫ ফেব্রুয়ারি তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

বাংলাদেশ যেখানে বেশি সুবিধা পাবে, সেখান থেকে এয়ারক্রাফট কিনবে’

মার্কিন যুক্তরাষ্ট্র বোয়িং কেনার প্রস্তাব দিয়েছেন, সেটার মূল্যায়ন করে আমরা দেখবো। বাংলাদেশ যেখানে সুবিধা বেশি পাবে, সেখান থেকে এয়ারক্রাফট কিনবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এমন তথ্য জানিয়েছেন।

বিমানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমার সঙ্গে ৪০ মিনিট আলোচনা করেছে। বাংলাদেশের পর্যটন ও বেসামরিক বিমানের উন্নয়নে আমরা যে একসঙ্গে কাজ করেছি এবং আগামীতেও কাজ করবো, এ বিষয়ে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। আমি বলেছি, আগামীতে তারা আমাদের কীভাবে সহায়তা করতে পারে, সেটা যাতে তারা জানায়। তারা অবশ্যই চায়, বাংলাদেশের বিমানের সঙ্গে বোয়িং বিমান যুক্ত হোক। আমরা বলেছি, আমরা এটির মূল্যায়ন করছি, যেটা ভালো হবে, সেটা আমরা নেব।

তিনি বলেন, তাকে বলেছি যে, বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আমেরিকার অংশীদারিত্ব রয়েছে, সেটা অতীতে হয়েছে। কোনো কোনো জায়গায় হয়ত আমাদের মতের মিল হয়নি, কিন্তু তারপরেও আমরা আমাদের বন্ধুত্বের স্বার্থে আলোচনা করেছি ও সমস্যার সমাধান করেছি।

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, তাকে ধন্যবাদ জানিয়েছি, সম্প্রতি আমেরিকা আমাদের জানিয়েছে, তারা ফের আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাবে। আমরা আশাবাদ প্রকাশ করেছি, আগামীতে সব বিষয়ে, বিশেষ করে পর্যটন ও বেসামরিক বিমান নিয়ে আমরা কাজ করবো। নিউইয়র্কে আমাদের যে স্লট রয়েছে, সেটা যাতে আমরা তাড়াতাড়ি পেতে পারি, সে বিষয়ে আলোচনা করেছি।

নিউইয়র্কের সঙ্গে সরাসরি ফ্লাইটের বিষয়ে আমরা আলোচনা করেছি জানিয়ে মন্ত্রী বলেন, তিনি বলেছেন যে খুব তাড়াতাড়ি তাদের ওখান থেকে একটি টিম আসবে, সেই টিম এসে এটি ফাইনাল করবে।

এই টিমটি কবে আসবে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে বেসামরিক বিমানে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (আইকাও) একটি প্রতিনিধি দল আছে, এই টিম যাওয়ার পরে আমরা একটি উপযুক্ত সময়ে আমেরিকার এফএ টিমকে আমন্ত্রণ জানাব। তখন তারা এসে ফাইনালটা দেখবে। আর এটা চলতি বছরের মধ্যেই হবে বলে জানিয়েছেন তিনি।

নতুন কোনো বোয়িং কেনার বিষয়ে আলোচনা হয়েছে কিনা; জানতে চাইলে তিনি বলেন, এখানে তো কেনাবেচার জন্য বসিনি, আমরা বলেছি, আমরা নতুন এয়ারক্র্যাফট কিনবো, তবে যেখান থেকে বাংলাদেশ সুবিধা বেশি পাবে, সেখান থেকে কিনব।

বোয়িং নেওয়ার বিষয়ে আপনাদের অঙ্গীকার আছে কিনা; জানতে চাইলে তিনি বলেন, কোনো বিষয়ে আমরা কারও সাথে অঙ্গীকারবদ্ধ না। বোয়িং কেনার প্রস্তাব তারা দিয়েছেন, সেটার মূল্যায়ন করে আমরা দেখব।

শেখ হাসিনাকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের কো-চেয়ার ও ট্রাস্টি মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস পাঠানো শুভেচ্ছাপত্রে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদ শুরু করায় তাঁকে শুভকামনা জানিয়েছেন।

‘আমি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সকলের সাথে যোগ দিয়েছি যে আমরা বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে কতটা মূল্যায়ন করি তা প্রকাশ করার জন্য’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এসডিজি এবং সরকারের অস্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যগুলোকে সমর্থন অব্যাহত রাখার আশা করছি।’

মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বলেন, বাংলাদেশ প্রযুক্তি এবং উদ্ভাবনা গ্রহণের ক্ষেত্রে একটি আঞ্চলিক এবং বৈশ্বিক উদাহরণ হতে প্রস্তুত এবং ‘আমরা দূরদর্শী ডিজিটাল বাংলাদেশ উদ্যোগসহ আপনার আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যগুলোর জন্য চলমান সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম বিকাশে এটুআই ও আইসিটির সঙ্গে আমাদের ফাউন্ডেশনের অংশীদারিত্ব রয়েছে এবং আমরা ২০৪১ সালে আপনার স্মার্ট বাংলাদেশ ভিশনে অবদান রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সহযোগিতা করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের ফাউন্ডেশন সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আপনার প্রতিশ্রুতির সঙ্গে শরিক হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের মুখে ধানের প্রজনন আধুনিকায়ন এবং উৎপাদনশীলতা বজায় রাখতে তারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাথে কাজ করছে।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার ও ট্রাস্টি পুষ্টি বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা সফলভাবে সম্পন্ন করা এবং জাতীয় খাদ্য ও নিরাপত্তা নীতি ২০২০-২০৩০ পাস করায় শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানিয়েছে।

এই বিষয়ে তিনি বলেন, ফাউন্ডেশনের পুষ্টি দল বৃহৎ আকারের খাদ্য মজুদকরণের মাধ্যমে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি দূর করার দিকে মনোনিবেশ করছে এবং ‘আমি আশা করি আমরা আপনার সরকারের সঙ্গে আমাদের সহযোগিতা বাড়াতে পারব।’

এ ছাড়া তিনি বলেন, তারা ডিপিএইচই এবং এটুআইয়ের সঙ্গে বাংলাদেশে একটি স্যানিটেশন ডেটা কমান্ড সেন্টার প্রতিষ্ঠার জন্য কাজ করছে, যা দক্ষিণ এশিয়ায় প্রথম।

বছরে ৪ বার শিক্ষক নিয়োগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষক সংকট নিরসনে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বছরে অন্তত ৪ বার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে বোরাক টাওয়ারে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অফিসে এনটিআরসিএর চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয় তাহলে এনটিআরসিএকেই করতে হবে।

শিক্ষক নিয়োগকে আরও ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সে বিষয়ে সুপারিশ করতে তিনি এনটিআরএর প্রতি আহবান জানান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, দেশের সব শিক্ষা বোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে এনটিআরসির সক্ষমতা বৃদ্ধি করার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় এনটিআরসিএর চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম এবং এনটি আরসিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘুমধুম সীমান্ত এলাকায় বিজিবি-পুলিশ একসঙ্গে কাজ করছে : আইজিপি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে পুলিশ সদস্যরা কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে বিএনপির সমাবেশে গুরুতর আহত চিকিৎসাধীন পুলিশ সদস্য রাজ্জাককে দেখতে আসেন আইজিপি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঘুমধুম সীমান্ত এলাকার পরিস্থিতি ভয়াবহ। স্থানীয় লোকজন আতঙ্কে আছে, সীমান্ত এলাকায় পুলিশ কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে আইজিপি বলেন, এখন পর্যন্ত আহত হয়ে যারা আমাদের দেশে এসেছেন তাদের চিকিৎসার ব্যবস্থা সরকার করছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ, বিজিবি ও প্রশাসন সবাই মিলে সরকারের নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত আছে দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য।

সীমান্ত এলাকায় মর্টার শেলের আঘাতে দুজন নিহত হয়েছে, এখন তারা কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? জানতে চাইলে আইজিপি বলেন, কে মর্টার শেল নিক্ষেপ করেছে তা এখনো সুনিশ্চিত না। এ ঘটনায় আমরা একটা মামলা নিয়েছি। মামলার আসামি অজ্ঞাত। তদন্তে যাদের নাম আসবে পরবর্তী সময়ে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তের বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের প্রতি কী নির্দেশনা আছে জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। জেলা পুলিশসহ এপিবিএন সতর্ক আছে। সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করছে। তাদের দায়িত্ব পালনে যে সহযোগিতা চাচ্ছে আমরা সে সহযোগিতা দিচ্ছি। স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা মিলে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বর্তমান সীমান্ত পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এসব এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধিসহ পেট্রোল বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সব সংশ্লিষ্ট সংস্থা দায়িত্ব পালন করছে।

এ সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারত সফরে মিয়ানমার ইস্যুতে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

ভারত সফরে মিয়ানমারের ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

ভারত সফরে সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর সঙ্গে মিয়ানমারের ইস্যুটি নিয়ে আলোচনা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে গিয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। সেখানে সার্বিক বিষয়গুলো আলোচনা করব। যেহেতু মিয়ানমার ভারতেরও প্রতিবেশী রাষ্ট্র আমাদেরও প্রতিবেশী রাষ্ট্র।

তিনি বলেন, আমরা এরই মধ্যে সব সময়ই ভারতের সহযোগিতা চেয়ে এসেছি। মিয়ানমার থেকে যাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের সহায়তা আমরা বহু আগে থেকেই চেয়েছি। সুতরাং এ বিষয়গুলো স্বাভাবিকভাবেই আলোচিত হবে।

এর আগে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিয়ানমারে উদ্ভূত সংঘাত পরিস্থিতিতে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা অজিত দোভালের। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

গত সপ্তাহে ঢাকা সফরে এসেছিলেন দোভাল। সেই সময়ই মিয়ানমার পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার সঙ্গে তার আলোচনা হয় বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মিয়ানমারে সামরিক বাহিনীর সঙ্গে গত ৫ দশকেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব-সংঘাত চলছে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর। তবে এই লড়াই নতুন গতি পেয়েছে ২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে।

ঢাকাকে ১৭৫ রানের লক্ষ্য দিল রংপুর

ওপেনিংয়ে নেমে ঝড় তুললেন রনি তালুকদার। অন্য প্রান্তে দেখেশুনে স্বভাবসুলভ ভঙ্গিতে ব্যাট চালিয়েছেন বাবর আজম। শেষ দিকে ছোটখাটো ক্যামিও ইনিংস খেললেন মোহাম্মদ নবি। তবে সব ছাপিয়ে রংপুর রাইডার্স শিবিরের জন্য সবচেয়ে স্বস্তির খবর হতে পারে দলের আইকন ক্রিকেটার সাকিব আল হাসানের রানে ফেরা।

গেল ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংসের পর থেকেই যেন ব্যাটার সাকিবকে ভুলতে বসেছিল সবাই। আজ আবারও দুই অঙ্ক পেরোলেন তিনি। ৩৪ রানের ইনিংসে বড় শটও খেললেন বেশ কয়েকটি। তিন ক্রিকেটারের ত্রিশোর্ধ্ব ইনিংসে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর।

এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নুরুল হাসান সোহানের দল। দুই ওপেনার রনি তালুকদার আর বাবর আজমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় দলটি। পাওয়ারপ্লে শেষ করে কোনো উইকেট না হারিয়ে ৫০ রানে। উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৬৭ রানের মাথায় রনির বিদায়ে। আরাফাত সানির বলে এলবিডব্লিউ হন টাইগার এই ওপেনার। ছয় চার ও এক ছক্কার মারে ২৪ বলে ৩৯ রান করেন তিনি।

দলের হয়ে ওয়ান ডাউনে ব্যাট করতে আসেন সাকিব। শুরু থেকেই মিরপুরের গ্যালারি থেকে তাকে সমর্থন জানিয়েছেন দর্শকরা। আর সাকিবও এদিন বেশ সাবলীলভাবেই খেলেন। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন ঢাকার বোলারদের।

বাবর আজমের সঙ্গে বেশ একটা ভালো জুটিও গড়ে তুলেছিলেন তিনি। তবে বাবর ৪৩ বলে ৪৭ করে আউট হওয়ার পর ফিরে যান সাকিবও। ৩ ছক্কার সঙ্গে ১ চারে ২০ বলে ৩৪ রান করে বিদায় নেন সাকিব। চলতি বিপিএলে এটাই তার সর্বোচ্চ রান। চোখের সমস্যার আগে এর কয়েকটি ম্যাচে ব্যাটই করেননি টাইগার এই অধিনায়ক।

চলতি আসরে এর আগে দুই ম্যাচে করেছিলেন শূন্য রান। গত ম্যাচে আউট হয়েছেন গোল্ডেন ডাক মেরে। সেসব পার করে আজ খেলেছেন চোখে পড়ার মত এক ইনিংস। ওয়ানডে মেজাজে দেখেশুনে খেলেছেন। এরপর সুযোগ পেয়ে চড়াও হয়েছেন ঢাকার বোলারদের ওপর।

শেষ দিকে অধিনায়ক সোহানকে সঙ্গে নিয়ে ছোটখাটো ক্যামিও ইনিংস খেলেছেন মোহাম্মদ নবি। তিন ছয়ের মারে ১৬ বলে ২৯ রান করেন আফগান এই অলরাউন্ডার। ঢাকার বোলিং বিভাগে আজ সবচেয়ে সফল অধিনায়ক মোসাদ্দেক। চার ওভার বল করে ৩০ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। আর খরুচে ছিলেন তাসকিন ও শরিফুলরা।

এসএসসির কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের মানসিক চাপ বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মনে করেন কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতি, মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।

মন্ত্রী বলেছেন, পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই একটা ট্রমার মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এ মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। তাছাড়া শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটে। এ মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ লাঘবের জন্য এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী।

মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, আইন অনুযায়ী কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কারও কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। তাই পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ যেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করে সে বিষয়ে সবার সচেতন থাকা উচিত।

আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২

দেশে আরও লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, দেশে শুধু সরকারি নয়, বেসরকারি কিংবা ব্যক্তিগত পর্যায়ে আরও লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন।

তিনি বলেন, লাইব্রেরি হলো জ্ঞানের ভান্ডার। বর্তমানে দেশে ৭১টি পাবলিক লাইব্রেরি রয়েছে। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বেশি বই পড়তে হবে। বই পড়ার মাধ্যমে সকল পর্যায়ের মানুষ পৃথিবীর ইতিহাস, ঐতিহ্য, মানবতার প্রকাশ ও নিজের সম্পর্কে জানতে পারবে।

আজ সোমবার জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন উপলক্ষে ‘গ্রন্থাগারে বই পড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপাচার্য এই শোভাযাত্রার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মিসরের কাছে ড্রোন বিক্রি করবে তুরস্ক

মিসরের কাছে নিজেদের জনপ্রিয় সামরিক ড্রোন বিক্রিতে সম্মত হয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার (৪ ফেব্রুয়ারি) বলেছেন, এক দশকের বিচ্ছেদের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর মিসরে ড্রোন সরবরাহ করতে সম্মত হয়েছে তুরস্ক।

আঙ্কারা ও কায়রো গত বছর রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়।

সেই সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রথম মিসর সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সফরকালে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে বৈঠক করবেন তিনি।

এ সফর প্রসঙ্গে তুরস্কর বেসরকারি টেলিভিশন এ হাবের-এ পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য, শক্তি এবং নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

তিনি বলেন, আমরা চাই মিসরকে আমাদের কিছু প্রযুক্তি সরবরাহ করতে। সেই লক্ষ্যে মিসরকে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) এবং অন্যান্য প্রযুক্তি সরবরাহ করার বিষয়ে আমাদের একটি চুক্তি রয়েছে।

সিরিয়া, লিবিয়া, আজারবাইজান ও ইউক্রেনের সংঘাতে তুর্কি ড্রোনের সফল ব্যবহার হয়েছে। যে কারণে তুর্কি ড্রোনের আন্তর্জাতিক চাহিদা বেড়েছে।

এর আগে ইথিওপিয়া ও মরক্কোর কাছেও ড্রোন বিক্রি করেছে তুরস্ক। দেশ দুটির কাছে ‘যুদ্ধক্ষেত্রে কার্যকর’ হিসেবে খ্যাতি পাওয়া বায়রাক্তার টিবি২ ড্রোন রপ্তানি করেছে আঙ্কারা।
খবর আরব নিউজ