শনিবার, অক্টোবর ১০, ২০২৬

ফুটপাত পুনর্দখল ঠেকাতে বাধার মুখে পুলিশ, সংঘর্ষে আহত ১৪

চট্টগ্রামে ফুটপাত পুনর্দখল ঠেকাতে অভিযান পরিচালনা করতে গিয়ে হকারদের বাধার মুখে পড়েছেন পুলিশ ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা। এ সময় তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় হকাররা। এতে উভয়পক্ষের ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষকালে ১০টি গাড়ি ভাঙচুর করে হকাররা। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।

তবে হকারদের দাবি, তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি চালানো হয়েছে। আর সিটি করপোরেশনের কর্মকর্তাদের দাবি, অভিযান চলাকালে ইটপাটকেল নিক্ষেপ করেছে হকাররা।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার নিউমার্কেট মোড় এলাকায় কয়েক বর্গকিলোমিটার জুড়ে অবৈধ দখলে থাকা ফুটপাত উচ্ছেদ করে সিটি করপোরেশন। দখলমুক্ত করা ফুটপাতে আবারও দোকান বসিয়ে দখল নেন হকাররা। এর প্রেক্ষিতে সোমবার বিকেল ৩টার দিকে ফুটপাত পুনর্দখল ঠেকাতে অভিযানে নামে সিটি করপোরেশন। নগরের বিআরটিসি মোড়ের ফলমণ্ডি থেকে অভিযান শুরু হয়। অপরপাশে স্টেশন রোডে উচ্ছেদের প্রতিবাদে মিছিল বের করেন হকাররা। সাড়ে ৩টার দিকে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ চালিয়ে নিউমার্কেট মোড়ের কাছাকাছি পৌঁছে। এ সময় আমতলার দিক থেকে হকারদের একটি বড় মিছিল এসে নিউমার্কেট মোড়ে জড়ো হয়। একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন হকাররা। এ সময় সিটি করপোরেশনের দুইটি ডাম্প ট্রাক, একটি পিকআপ ও একটি এরিয়াল লিফট ভাঙচুর করেন তারা। এ ছাড়া সড়কে চলাচল করা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। একপর্যায়ে সড়কে বসে অবরোধ শুরু করেন হকাররা। হকারদের হামলায় এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হন পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। পুলিশ সদস্যরা রেলওয়ে স্টেশনে চত্বরে ও সিটি করপোরেশনের কর্মকর্তারা স্টেশন সংলগ্ন শৌচাগারে অবস্থান নেন। পরে পুলিশের অতিরিক্ত ফোর্স এসে হকারদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে হকাররা ছত্রভঙ্গ হয় পড়েন। আটকে পড়া কর্মকর্তাদের উদ্ধার করে পুলিশ। এ সময় সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।

চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মিরন হোসেন মিলন বলেন, ‘হকার উচ্ছেদের প্রতিবাদে দারুল ফজল মার্কেটের সামনে পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল। এ সময় হকাররা খবর পান সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত আবদুর রহমানসহ তিনজন হকারকে এক মাস করে জেল দিয়েছেন। এ নিয়ে কথা বলতে গেলে মো. মাসুম নামে এক হকার নেতাকে ছয়মাসের জেল দেওয়া হয়। তাদের গাড়িতে করে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে দারুল ফজল মার্কেট থেকে হকাররা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে গেলে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ গুলি, টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ে। এতে একজন হকার গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়েছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, ‘কাউকে জেল দেওয়া হয়নি। বৃহস্পতিবার দখলমুক্ত করার পর আবারও ফুটপাত দখল করে দোকান বসানোর দায়ে একজনকে ৫ হাজার ও অন্যজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাস্তা, নালা ও ফুটপাত থেকে ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় সোমবার। ফলমণ্ডি থেকে অভিযান শুরু করে নিউমার্কেটের কাছাকাছি গেলে আইনশৃঙ্খলাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপর হামলা চালানো হয়। এ সময় সিটি করপোরেশনের দিলীপ দাশ নামে একজন পরিচ্ছন্নতাকর্মীসহ চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ ব্যাপারে জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা বলেন, হকারদের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে টিয়ারগ্যাস ও রাবার বুলেট চালিয়ে হকারদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

তামিমকে দলে ফেরাতে বিসিবির নতুন উদ্যোগ

গত বছর আফগানিস্তান সিরিজের মাঝ পথে ক্রিকেট থেকে অবসর নিয়েছিল তামিম ইকবাল। এরপর অবসর ভেঙ্গে ক্রিকেটে ফিরলেও বিশ্বকাপ দলে জায়গা পাননি এই টাইগার ব্যাটার। এরপর থেকে প্রশ্ন ছিল তামিম আর কখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি না। শেষ পর্যন্ত চলতি বছরের বিসিবি সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভা শেষে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে বাদ পড়েছেন তামিমসহ ৪ ক্রিকেটার।

তবে তামিমকে ফিরাতে চান বিসিবি। এ নিয়ে পাপন বলেন, তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে। আমি এখান থেকে নাম বলেছি জালাল ভাই ও অন্যরা বসবে তামিমের সঙ্গে। ঢাকায় আসার সঙ্গে সঙ্গে। আমিও বসবো। উনারা বসার পর আমি নিজেও বসবো। আমার ধারণা এই বিপিএল চলাকালীনই সব সিদ্ধান্তগুলো জানতে পারব। এর আগে আসলে বলাটা মুশকিল।

চলমান বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তামিম ইকবাল। শুরুটা ভালো করলেও গত কয়েক ম্যাচে রান পাননি তিনি। অনেকে ভেবে ছিল বিপিএলে পারফর্ম করে দলে ফিরবেন এই টাইগার ওপেনার। কিন্তু কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায় সেই দরজাও বন্ধ হয়েছে।

সফিপুরে আনসার একাডেমিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ-২০২৪ উপলক্ষে গাজীপুরের সফিপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১০টার দিকে (১২ ফেব্রুয়ারি) এ সমাবেশে যোগ দেন তিনি।
এর আগে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে নানা কর্মসূচি ও প্রস্তুতি রেনয়া হয়। বর্ণিল সাজে সাজানো হয়েছে একাডেমির চারপাশও।
পদক বিতরণ, প্রধানমন্ত্রীর ভাষণ, সংঘবদ্ধ মার্চ ও কুচকাওয়াজ শেষে অনুষ্ঠান শেষ হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী এখানে বিভিন্ন প্রকল্পও উদ্বোধন করবেন। এছাড়া ৪৪তম সমাবেশের কেক কাটা হবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আনসার ভিডিপি একাডেমি সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বেশকিছু কারখানা বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগেই বার্তা পাঠানো হয়েছে। এছাড়াও সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

বিজিপি সদস্যদের ফেরত পাঠাতে মিয়ানমারকে জাহাজ পাঠানোর অনুমতি দেয়নি বাংলাদেশ

অভ্যন্তরীণ সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিভিন্ন বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে নৌবাহিনীর একটি জাহাজ প্রস্তুত রেখেছে মিয়ানমার। তবে জাহাজটি এখনও বাংলাদেশের জলসীমায় প্রবেশের অনুমতি পায়নি।
পালিয়ে আসা ৩৩০ বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য ও সেনাদের ফিরিয়ে নিতে পাঠাতে চাওয়া যুদ্ধজাহাজের পর্যাপ্ত তথ্য না দেওয়ায় মিয়ানমারের জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আন্তর্জাতিক রীতি-নীতি মেনে এসব তথ্য দেওয়ার কথা ছিল দেশটির। আন্তঃমন্ত্রণালয় বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকটি হয়। এতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির তুমুল লড়াইয়ের মধ্যে এ পর্যন্ত দেশটির সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), পুলিশ, ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থা ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে অন্তত ৩৩০ নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
মিয়ানমার শুরুতে তাদের নাফ নদ হয়ে রাখাইনের মংডুতে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ তাদের উড়োজাহাজে ফিরিয়ে নেওয়ার বিকল্প প্রস্তাব দেয়। মিয়ানমার উড়োজাহাজের পরিবর্তে নাগরিকদের সমুদ্রপথে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিলে দু’দেশ সম্মত হয়।
বৈঠক সূত্র জানায়, চলতি সপ্তাহের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিভিন্ন বাহিনীর সদস্যদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাদের কীভাবে, কোন পথে ফেরত নেবে– তার বিশদ পাঠিয়েছে নেপিদো। শুরুতে কক্সবাজারের জেটি থেকে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হলেও এখন মাঝসমুদ্র থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিজ নাগরিকদের ফেরত নিতে মিয়ানমারের জাহাজটি গত শুক্রবার থেকে সমুদ্রে অপেক্ষা করছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, একটি দেশের নৌবাহিনীর কোনো জাহাজ আরেক দেশের জলসীমায় প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়। ফলে ঢাকার সবুজ সংকেত পেলেই কেবল তারা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করতে পারবে।

তিনি আরও বলেন, চলতি সপ্তাহের মধ্যেই জাহাজটিকে অনুমতি দেওয়া হবে। মাঝসমুদ্র থেকে একসঙ্গে সবাইকে ফেরত পাঠানো হবে। এখন ফেরতের বিষয়ে নথিপত্র তৈরির কাজ চলছে। পুরো হস্তান্তর প্রক্রিয়া হবে বিজিবির মাধ্যমে। আশ্রয় নেওয়াদের মধ্যে আহত রয়েছে অনেকে, তাদেরও পাঠানো হবে।
সূত্র জানায়, ইয়াঙ্গুন থেকে পাঠানো মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ গত শুক্রবার থেকে রাখাইনের রাজধানী সিত্তেতে অপেক্ষা করছে। সেখান থেকে এটি কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে থাকা জেটিতে এসে নাগরিকদের নেওয়ার কথা ছিল। তবে গতকালের বৈঠকে এ সিদ্ধান্ত পরিবর্তন করে ঢাকা।
বর্তমানে সিত্তে বন্দরসহ রাখাইনের আশপাশের এলাকায় মিয়ানমার নৌবাহিনীর একাধিক জাহাজ আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ের অংশ হিসেবে মোতায়েন রয়েছে।
এদিকে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, রাখাইনের রাজধানী সিত্তেতে থাকা বাংলাদেশ কনস্যুলেট আপাতত বন্ধ হচ্ছে না। তবে দুই ধাপে সেখানে কর্মরতদের সরিয়ে ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাসে নেওয়া হবে। এরই মধ্যে ভারত রাখাইনে থাকা তাদের মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

যশোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগর উপজেলায় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম মুরাদ হোসেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুরাদ নওয়াপাড়ার সরদারপাড়ার শাহাবুদ্দিন ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, রাতে নওয়াপাড়া বাজার থেকে তরফদার পাড়ার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে এলে তার ওপর হামলা হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে নেওয়া হয় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কে বা কারা মুরাদকে হত্যা করেছে পুলিশ বা পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি আকিকুল ইসলাম।

ফের হাসপাতালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

মূত্রাশয়ের সমস্যাজনিত কারণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে আবারো হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় সময় রবিবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
বিবৃতিতে পেন্টাগন আরো জানিয়েছে, মন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারে হোয়াইট হাউজকে অবহিত করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ায় অস্টিন “অফিসের দায়িত্ব ও কর্তব্য উপ প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকসের কাছে হস্তান্তর করেছেন।

রবিবার প্রকাশিত পেন্টাগনের সংক্ষিপ্ত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মূত্রাশয়ের সমস্যার উপস্বর্গ নিয়ে ৭০ বছর বয়সী অস্টিনকে ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালটি রাজধানী ওয়াশিংটন ডিসির উত্তর-পূর্বের বেথেসডায় অবস্থিত। গত বছর প্রোস্টেট ক্যান্সার নিরাময়ে অস্টিনের দেহে অস্ত্রোপচার করা হয়।
জর্ডানে নিহত তিন সেনার মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে আসেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী (সর্ব বামে)। ওই সময় তাকে লাঠিতে ভর করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর পায়ে, নিতম্বে এবং পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে নতুন বছরের প্রথমদিন আবারো হাসপাতালে যেতে হয় তাকে। অস্ত্রোপচারজনিত কারণে তার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা দেখা যায়। এরপর জানা যায় মূত্রাশয়ের প্রদাহজনিত সমস্যায় ভুগছেন তিনি। এরপর তাকে আরো দুই সপ্তাহের মতো হাসপাতালে থাকতে হয়।
তবে এতটা গুরুতর অসুস্থ হয়ে যে অস্টিন হাসপাতালে ভর্তি ছিলেন সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার দপ্তর হোয়াইট হাউজ কিছুই জানত না। জানুয়ারিতে আবারো হাসপাতালে যাওয়ার তিনদিন দিন পর তার অসুস্থতার ব্যাপারে জানতে পারেন বাইডেন।
গোপনে তার চিকিৎসা নেয়ার বিষয়টি স্বচ্ছতা ও দেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। এরপর এ ব্যাপারে আলাদা তিনটি তদন্ত করা হয়। এবার তিনি হাসপাতালে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ এবং কংগ্রেসকে অবহিত করা হয়।

স্থগিত নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ চলছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য পদে নির্বাচনে ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে থাকা এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায় এবং তা কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনের একজন স্বতন্ত্র প্রাথী মো. আমিনুল হক-এর মৃত্যুজনিত কারণে ৭ জানুয়ারি এই আসনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। জেলার পত্নী তলা ও ধামইরহাট উপজেলাকে নিয়ে ৪৭ নওগাঁ-২ আসন।

মোট ১৯টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সমন্বয়ে এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন এবং হিজড়া ভোটার ১ জন। ভোট গ্রহণের জন্য মোট ৮৩০ জন কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। এদেরমধ্যে ১২৪ জন প্রিজাইডিং অফিসার এবং ৭০৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার।
জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেছেন, বিগত ৭ জানুয়ারির মত এই নির্বাচন যথেষ্ট সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি খুবই সন্তোষজনক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার কোন সম্ভাবনা নাই। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি’র নির্বাচনকে কেন্দ্র করে জেলার এই দুই উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৪ জন করে পুলিশ সদস্য থাকবে। প্রতিটি ইউনিয়নেই একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এই দুই উপজেলায় মোট ৮ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। এছাড়াও প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্যও নিয়োজিত থাকবে।
এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রতীক নিয়ে বর্তমান এমপি মো. শহিদুজ্জামান সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লাঙ্গল মার্কা প্রতীকে অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা প্রতীকে এইচ এম আখতারুল আলম এবং আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি মার্কা প্রতীকে মো. মেহেদী মাহমুদ রেজা।

টঙ্গীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ, অটোচালকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়া ডাম্প ট্রাকের নিচে চাপা পড়ে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত অটোরিকশাচালক নবীন (১৮) নেত্রকোনার পূর্বধলা থানার ধলা গ্রামের বাসিন্দা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে টঙ্গীর মধুমিতা রেলগেটে ট্রাকের সংঘর্ষ হয়।
ট্রেনের যাত্রীরা জানান, ওই জায়গায় রেললাইন ঘেঁষে সিটি কর্পোরেশনের একটি ময়লার ট্রাক ও বালুর ট্রাক রাখা ছিল। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মধুমিতা রেলক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিনের সঙ্গে দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকের ধাক্কা লাগে। এতে ময়লার ট্রাক ও পাশে থাকা বালুর ট্রাক দুমড়ে মুচড়ে যায়। ময়লার ডাম্প ট্রাকটি ছিটকে একটি অটোরিকশার ওপর পড়লে ওই অটোরিকশাচালক ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব সাহা। তিনি বলেন, “প্রথমে শুনেছি এক ব্যক্তির হাত ছিঁড়ে গেছে। পরে রেল পুলিশ বলছে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। রেললাইন থেকে ময়লার ট্রাক সরানো হয়েছে।”

টঙ্গী রেল স্টেশন রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছোটন বলেন, “রেল চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় এক রিকশাচালক নিহত হয়েছেন।”

ফিলিপাইনে স্বর্ণখনি ধসে নিহত বেড়ে ৫৪, এখনও নিখোঁজ ৬৩

ফিলিপাইনের একটি স্বর্ণখনিতে ধসের ঘটনায় এখন পর্যন্ত সেখান থেকে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬৩ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টির ফলে গত ৬ ফেব্রুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দে ওরোর মাকো শহরের কাছের পাহাড়ি গ্রাম মাসারার ওই স্বর্ণখনিতে ধস নামে।
দাভাও দে ওরোর প্রাদেশিক সরকার এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে, এ ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগের দিনের মৃতের সংখ্যা ছিল ৩৭ জন। উদ্ধারকর্মীরা আরও মৃতদেহ খুঁজে পেয়েছেন। অন্তত ৩২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও ৬৩ জন এখনও নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের মধ্যে বেশিরভাগই স্বর্ণখনির শ্রমিকেরা রয়েছেন। বাড়ি ফেরার উদ্দেশ্যে দুটি বাসে বসে অপেক্ষা করছিলেন। এ সময় ধসের ঘটনা ঘটে।
দাভাও দে ওরো প্রদেশ প্রশাসনের কর্মকর্তা অ্যাডওয়ার্ড ম্যাকাপিলি রোববার বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, গত ৫ দিনে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ধারণা করা হচ্ছে, কাদা-জঞ্জালের স্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন অন্তত ৬৩ জন। তাদের উদ্ধারে দুর্যোগ মোকাবিলা বিভাগের ৩শ’রও বেশি কর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন।