শনিবার, অক্টোবর ১০, ২০২৬

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ শিক্ষার্থী নিহত

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কলেজছাত্রী এবং অপর দুইজন স্কুলছাত্র।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বগুড়ার সোনাতলা ও শহরতলীর দ্বিতীয় বাইপাস মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাহানা আকতার (১৮), বগুড়ার গাবতলী উপজেলার বৈঠা ভাঙ্গা গ্রামের স্কুলছাত্র সিফাত ইসলাম (১৫) ও মহানুর রহমান (১৫)। তারা স্থানীয় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, কলেজ শিক্ষার্থী শাহানা আকতার সকাল ১০টার দিকে তার বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল যোগে কলেজে যাচ্ছিল। পথিমধ্যে পাঁচকুড়ি ব্রিজের কাছে বালু বোঝাই একটি ট্রাকের চাপায় শাহানা আকতার ঘটনাস্থলেই মারা যান এবং তার ভাই আহত হন। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক-হেলপার পালিয়ে যায়।

অপর দিকে বেলা ১১টার দিকে বগুড়া শহরতলীর দ্বিতীয় বাইপাস মহাসড়কে বড়িয়া নামক স্থানে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত হন।

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম জানান, মহানুর রহমান ও সিফাত ইসলাম একে অপরের মামাতো ফুফাতো ভাই। তারা মোটরসাইকেল যোগে গাবতলীর পোড়াদহ মেলা থেকে শহরে ফিরছিল। বড়িয়া এলাকায় মহাসড়কে দুইটি ট্রাক একে অপরকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলকে আরোহীসহ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক হেলপার পালিয়ে যায়।

বরিশালে হাতবোমা উদ্ধারের সময় বিস্ফোরণে এসআইসহ আহত ৩

বরিশালের গৌরনদী উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণে পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কসবায় ইসলামিক মিশনের পিছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল, কনস্টবল মিজান ও বাড়ির মালিক মাসুদ হাওলাদার।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাসুদ হাওলাদার নামে এক যুবক বাবা-মা মারা যাওয়ার পর একাই ওই বাড়িতে থাকতেন। ওই বাড়িতে তিনটি বাথরুম রয়েছে। সকালে বাথরুম তালাবদ্ধ পেয়ে দরজা ভেঙে বালতিতে বোমা দেখতে পান মালিক মাসুদ হাওলাদার। এরপর পুলিশে খবর দেন তিনি।

পরে এসআই কামাল কনস্টেবল মিজানকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় বোমা উদ্ধার করতে গেলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে এসআইসহ তিনজন আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী বিষয়ে জানানো হবে বলে জানান ওসি।

পাকিস্তানে স্বতন্ত্রপ্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ঘোষিত ২৬৪ আসনের ফলাফলে সবচেয়ে বেশি ১০১টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এই প্রার্থীদের ৯৩ জনই কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত।

বিশ্লেষকদের ভাষ্য, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও পাকিস্তানের রাজনীতিতে পিটিআইয়ের শক্ত অবস্থান ইতোমধ্যে তৈরি হয়ে গেছে, যা একটি নতুন মেরুকরণের সামনে দাঁড় করিয়েছে পাকিস্তানের রাজনীতিকে।

তবে এখনো রয়ে গেছে রাজনৈতিক উত্তাপ। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে দেশটির রাজনৈতিক প্রেক্ষাপট। নাটকীয়তার পর চলছে নাটকীয়তা। নির্বাচনের পর দেশটিতে এক স্বতন্ত্রপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই প্রার্থীর নাম চৌধুরি মুহাম্মদ আদনান। তাকে রাওয়ালপিন্ডিতে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এনএ-৫৭ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তিরা খাচেরি চক এলাকায় আদনানকে গুলি করেছিল। তিনি প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, স্বতন্ত্র ওই প্রার্থীকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। এরপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে ন্যাশনাল ডেমোক্র্যাটিক মুভমেন্টের (এনডিএম) প্রধান মুহসিন দাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে নির্বাচনের ফল বিলম্বের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালে গুরুতর আহত হয়েছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে।

হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’ শুরু আজ

আজ থেকে শুরু হচ্ছে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’। এ সেবা সপ্তাহ চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে সেবা সপ্তাহ উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান গণমাধ্যমকে জানিয়েছেন, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সেবা সপ্তাহ চলবে। এ সময় নানা সচেতনতামূলক কাজ করবে হাইওয়ে পুলিশ। এই সময় হাইওয়ের সব থানা, ফাঁড়ি ও ক্যাম্প থেকে মহাসড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশ ‘সেবা সপ্তাহ ২০২৪’ পালন করছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে হাইওয়ে পুলিশের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (এইচআর অ্যান্ড মিডিয়া) শামসুল আলম জানান, রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। স্বাগত বক্তব্য দেবেন হাইওয়ে পুলিশপ্রধান ও অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।

অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গাসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও ৪ পণ্য জিআই অনুমোদন পেল

বাংলাদেশের আরও ৪ পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়ে জার্নাল প্রকাশিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পণ্য চারটি হলো- রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর, মৌলভীবাজারের আগর আতর ও মুক্তগাছার মন্ডা। এ নিয়ে বাংলাদেশে অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা দাঁড়ালো ২৮টিতে।

২০০৩ সালে বাংলাদেশে এ কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) যাত্রা শুরু করে। বর্তমানে একে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) নামে অভিহিত করা হয়। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের ফলে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ পাস হয়। এর দুই বছর পর ভৌগোলিক নির্দেশক পণ্য বিধিমালা, ২০১৫ প্রণয়ন করা হয়।

২০১৬ সালে জামদানি শাড়িকে বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এর পর স্বীকৃতি পায় আরও ২০টি পণ্য। সেগুলো হলো-বাংলাদেশি ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুর কাটারীভোগ, বাংলাদেশি কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের বাগদা চিংড়ি, বাংলাদেশের শীতলপাটি, বগুড়ার দই, শেরপুরের তুলশীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম ও আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই এবং কুষ্টিয়ার তিলের খাজা।

সম্প্রতি অনুমোদিত তিনটি পণ্য টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃতসাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার অনুমোদনের কপি ও জার্নাল গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এতে জিআই পণ্যের সংখ্যা হয় ২৪টি। আজকে চারটি জিআই পণ্যের জার্নাল প্রকাশিত হওয়ায় মোট অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা দাঁড়ালো ২৮টিতে।

আরো দুটি পণ্যের জিআই স্বীকৃতি অনুমোদনের প্রক্রিয়া চলছে। সেগুলো হলো-জামালপুরের নকশিকাঁথা এবং যশোরের খেজুর গুড়। আগামী সপ্তাহে এই দুটো পণ্যের জার্নাল প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে। সোমবার শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান এসব তথ্য জানিয়েছেন।

তুমব্রু সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক, ফিরছেন স্থানীয়রা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় গোলাগুলির আতঙ্কে ও আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দারা ফিরেছেন নিজ নিজ গ্রামে।

এদিকে সোমবার (১২ ফেব্রুয়ারি) মিয়ানমারে চলমান সংঘাতের জে‌রে সীমান্তের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন স্থানীয় প্রশাসন। সোমবার দুপু‌রে ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তারা।

এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, আমরা প্রথ‌মে বান্দরবান সীমান্ত এলাকা পরিদর্শন করেছি। তবে আমরা এখানে কোনো সমস্যা দেখ‌তে পাইনি। আমার মনে হচ্ছে যে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এরআগে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে থেমে থেমে গোলাগুলি ও ভারী গোলাবর্ষণের শব্দ শোনা গিয়েছিল। তবে রোববার রাতে কোনো ধরনের গোলাগুলির শব্দ শুনতে পাননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা বলছেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সাথে বিদ্রোহী আরকান আর্মির তুমুল সংঘর্ষে সীমান্তে থেমে থেমে গোলাগুলি ও বোমার আওয়াজ শোনা যাচ্ছিল।

সীমান্তের ৩৩ নম্বর পিলার, ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড তুমব্রু পশ্চিমকূলে মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলির আওয়াজে কেঁপে ওঠে সীমান্ত লাগুয়া গ্রাম। গোলাগুলির শব্দে অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন সীমান্তে বসবাসকারীরা। গোলাগুলির ঘটনায় আতঙ্কে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু, কোনারপাড়া, ভাজাবনিয়া ও বাইশফাড়ি এলাকার শত শত পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যায়।

উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আশ্রয়কেন্দ্রে হিসেবে ঘোষণা করে জেলা প্রশাসন। আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেন ২৮টি পরিবারের ১৪০ জন সদস্য। পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি সীমান্তের কাছাকাছি ১টি মাধ্যমিক ও ৫টি প্রাথমিকসহ ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ গণমাধ্যমকে বলেন, সীমান্তের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। তবে মাঝে মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়।

অপরদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান গণমাধ্যমকে জানান, পরিস্থিতি ভালোর পথে তাই কয়েকদিনের মধ্যেই বন্ধ স্কুলে পাঠদান শুরু হবে।

তিন ফরম্যাটেই টাইগারদের অধিনায়ক শান্ত, নান্নুর জায়গায় লিপু

প্রায় ছয়মাস পর সোমবার বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। যেখানে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নতুন করে তিন ফর‌ম্যাটেই নেতৃত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকেই সাকিব আল হাসানের পরিবর্তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন তিনি। তার অধীনেই আগামী এক বছর মাঠে নামবে বাংলাদেশ।

এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলেও এসেছে পরিবর্তন। নতুন করে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। মিনহাজুল হক নান্নুর জায়গায় আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকেই দায়িত্ব পালন করবেন তিনি। তার ডেপুটি হিসেবে কাজ করবেন জাতীয় বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। পুরনো নির্বাচকদের মধ্যে নান্নুর মতো বাদ পড়েছেন হাবিবুল বাশার সুমন। তবে টিকে গেছেন আব্দুর রাজ্জাক।

প্রধান নির্বাচক পদ থেকে মিনহাজুল আবেদিন নান্নুর বাদ পড়াটা প্রায় নিশ্চিতই ছিল। নির্বাচক হাবিবুল বাশার সুমনের টিকে যেতে পারেন এমন একটা ধারণা ছিল যদিও। কিন্তু বিসিবি সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক হিসেবে পেয়ে যাওয়ায় পুরো প্যানেলে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

আগের নির্বাচক প্যানেল থেকে নতুন নির্বাচক প্যানেলে টিকে গেছেন শুধুমাত্র আব্দুর রাজ্জাক। জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার এতদিন অনুর্ধ্ব-১৯ দলের নির্বাচক প্যানেলে ছিলেন। সেখানে তিনি দক্ষতা প্রমাণ করায় এখন জাতীয় দলের নির্বাচক প্যানেলে তার অর্ন্তভুক্তি হলো।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু প্রায় ১৩ বছরের বেশি সময় তিনি জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে। এর মধ্যে প্রধান নির্বাচক হিসেবে কেটেছে তার ৭ বছর। ভালোমন্দ, আলোচনা-সমালোচনা মিলিয়ে কেটেছে তার এই মেয়াদকাল।

নতুন নির্বাচক কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রিকেট সিরিজের দল ঠিক করা। সামনের সামনে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এই সিরিজে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি-তিন ফরম্যাটেই শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলাদেশ। যেখানে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। যদিও নেতৃত্ব দেওয়া ইস্যুতে তার সঙ্গে কথা বলেই শান্তকে অধিনায়ক করেছেন বিসিবি প্রধান পাপন।

শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হবে ৫ মার্চ, সিলেটে।

চীনা নববর্ষেই মিয়ানমার থেকে জান্তা উৎখাতের হুঁশিয়ারি বিদ্রোহীদের

চীনা নববর্ষেই মিয়ানমার থেকে সামরিক সরকার বা জান্তাকে উৎখাত করার প্রত্যয় ঘোষণা করেছে দেশটির সশ্রস্ত্র বিদ্রোহীদের জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। চলতি বছরই সামরিক শাসনের মূলোৎপাটন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জোটটি। আর এজন্য ইতোমধ্যে কোণঠাসা জান্তা বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা এসেছে জাতিগত স্বাধীনতাকামী সশস্ত্র জোটটির পক্ষ থেকে। খবর ইরাবতীর।

চীনা নববর্ষের আগে প্রকাশিত এক বার্তায় ব্রাদারহুড অ্যালায়েন্স বলেছে, এবারের বছরটি ড্রাগনের। চীনা জনগণ ড্রাগনের বছরকে সবচেয়ে শুভ রাশিচক্র হিসেবে বিবেচনা করে। আমরা আশা করি, ড্রাগন বর্ষের তাৎপর্য ও আশীর্বাদ মিয়ানমারের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যাবে। আমরা বিশ্বাস করি, সামরিক স্বৈরাচার নির্মূলে মিয়ানমারের জনগণের মুক্তির আকাঙ্খা এই ড্রাগন বছরেই সম্পন্ন হবে।

মিয়ানমারের জনগণের প্রতি আহ্বান জানিয়ে এ বার্তায় বলা হয়, ‘ড্রাগনে প্রবেশ করুন, জান্তা থেকে বের হন’।

গত বছরের ২৭ অক্টোবর ‘অপারেশন ১০২৭’ শুরু করার পর থেকে কয়েক ডজন শহর দখল করেছে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে জাতিগত স্বাধীনতাকামী সশস্ত্র জোটটি। জোটের তিনটি সংগঠন হলো- মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও আরাকান আর্মি (এএ)।

রাখাইন, চিন এবং উত্তর শান রাজ্যে চার শতাধিক জান্তা ঘাঁটি এবং ফাঁড়ি দখল করেছে তারা। এছাড়াও চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথও দখল করেছে জোটটি।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ইউএস ইনস্টিটিউট অব পিস তাদের এক রিপোর্টে বলছে, ব্রাদারহুড অ্যালায়েন্স এবং আরও দুটি সশস্ত্র গোষ্ঠী মিলে এরই মধ্যে ‘ব্রিগেড ৬১১’ নামে আরেকটি বাহিনী গঠন করেছে।

সামরিক ও রাজনৈতিক উদ্দেশ্য অপরিবর্তিত থাকার বিষয়টি নিশ্চিত করে জোটটি বলেছে, মিয়ানমারের জনগণের আকাঙ্খা বাস্তবায়ন করছেন তারা। সেই লক্ষ্য অর্জনে প্রতিদিন নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

৪২৯ ভুয়া পোশাক কারখানা নিয়ে সিদ্ধান্ত নিতে ৭ দিন দিলেন হাইকোর্ট

৪২৯টি ভুয়া গার্মেন্টস কারখানার বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে এক সপ্তাহ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ওই কারখানাগুলোকে বিজিএমইএ’র ভোটার হিসেবে কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত কারখানাগুলোর ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) ঠিক আছে কিনা তা যাচাইয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সহায়তা করার জন্য বলা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) গার্মেন্টস মালিক ফয়সাল সামাদের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

উল্লেখ্য, ৪২৯টি ভুয়া তৈরি পোশাক কারখানার অস্তিত্ব নিয়ে সম্প্রতি গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়। ইতোমধ্যে ৬৭টি ফ্যাক্টরির নাম ওই নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচনী আপিল বোর্ড। তবে বাকি কারখানাগুলোর নাম বাদ দেয়ার জন্য এফবিসিসিআইয়ের নির্বাচনী ট্রাইব্যুনালের কাছে আবেদন দিয়েছে একটি পক্ষ।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের আরবিট্রেশন ট্রাইব্যুনালে গত ৩১ জানুয়ারি ভুয়া ভোটারের বিষয়ে আবেদন দেয়া হয়। তবে এখন পর্যন্ত তা শুনানির জন্য আসেনি। এ বিষয়ে গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের মহাসচিব বরাবর একটি তাগাদাপত্র দেয়া হয়। কিন্তু অভিযোগ দেয়ার পরও এ নিয়ে কোনো শুনানি হয়নি। এমনকি এ বিষয়ে ব্যবস্থা আদৌ নেয়া হবে কিনা সে বিষয়েও অভিযোগকারীকে কিছু জানানো হয়নি।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, বিজিএমইএ’র সদস্য হতে হলে অবশ্যই সংশ্লিষ্ট কারখানার টিআইএন নম্বর থাকতে হবে। রিটার্নও হালনাগাদ থাকতে হবে। যেসব কারখানার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেগুলোর কারো কারো হয়তো ফ্যাক্টরি ছিল। তাদের অনেকে নানা কারণে ব্যবসার বাইরে আছেন।

তিনি জানান, যেসব কারখানার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেগুলো থেকে ৭০ থেকে ৮০ জনের নাম বিজিএমইএ নির্বাচনের জন্য গঠিত ট্রাইব্যুনাল বাদ দিয়েছে। এরপর সংক্ষুদ্ধ হয়ে রিটকারী এফবিসিসিআইয়ের ট্রাইব্যুনালে আপিল করেছেন। কিন্তু সেখানে তারা নিষ্পত্তিতে দেরি করছেন। এজন্যই রিট করা হয়েছে। পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত এদিন এ রায় দিলেন।

আইনজীবী বলেন, বিজিএমইএ বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক সংগঠন। এ সংগঠনের নির্বাহী কমিটিতে যারা যাবেন, তারা যাতে বৈধ ভোটার দিয়ে নেতা নির্বাচিত হতে পারেন; সেজন্য কোর্ট এ আদেশ দিয়েছেন।

আগামী ৯ মার্চ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের তফশিল অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে ভোটার তালিকা তৈরি করা হয়। সে তালিকায় থাকা কয়েকজনের বিষয়ে সন্দেহ হলে ঘটনা সবার সামনে আসে।

এর আগে ৪২৯টি প্রতিষ্ঠানের নামে টিআইএন আছে কিনা তা পরীক্ষা করে নির্বাচনে অংশ নেয়া একটি পক্ষ। তাদের অভিযোগ, সদ্য প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকায় থাকা ৪২৯ জনের কর প্রদানের তথ্য এনবিআরের ওয়েবসাইটে পাওয়া যায়নি। সম্প্রতি সংগঠনের নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান বরাবর ওই ভোটারদের নাম ও করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) সম্বলিত একটি তালিকাসহ আপত্তিপত্র দেয়া হয়।

৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চাহিদা বৃদ্ধি পাওয়ায় ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেট্রোরেলের বগি বাড়ানো বা সময় কমানো হবে কি না, এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে মেট্রোরেল চালু করা যাবে- এটি কয়েক বছর আগে স্বপ্নের মত ছিল। বিশ্বের কোনো দেশে মেট্রোরেলের বগি পাঁচের বেশি না। বাংলাদেশে ইতোমধ্যে ছয়টি কাজ করছে। এটা ম্যানেজ করা হয়েছে। এটি তো একটি কারিগরিসংক্রান্ত বিষয়। এটা সাধারণ রেলওয়ে না।

তবে ফ্রিকোয়েন্সি ২ মিনিট করে কমানোর ব্যবস্থা হচ্ছে। চাহিদা যেহেতু বেশি সেই কারণে ১০ মিনিট থেকে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচলের ব্যবস্থা হচ্ছে বলে জানান মন্ত্রী।

তবে কবে নাগাদ এ সুবিধা মিলবে তা স্পষ্ট করেননি মন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন, এমআরটি-৬ এর সময় ছিলো ২০২৪ সাল। আমরা তা আগে করে ফেলেছি। পৃথিবীতে এখন চেইঞ্জিং সো ফার্স্ট। এটা জীবনযাত্রা, অবকাঠামো সব ক্ষেত্রে একটা গুরুত্ব পাচ্ছে।

বর্তমানে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। ব্যস্ত সময় অর্থাৎ পিক আওয়ারে ১০ মিনিট পর পর এবং বাকি সময় ১২ মিনিট পরপর বর্তমানে ট্রেন চলাচল করে থাকে।