শনিবার, অক্টোবর ১০, ২০২৬

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ২১ বিশিষ্টজনকে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।

এবার একুশে পদক পাচ্ছেন- ভাষা আন্দোলনে মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।

শিল্পকলায় সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর), শুভ্র দেব, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ, অভিনয়ে ডলি জহুর, এম এ আলমগীর, আবৃত্তিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা), রূপা চক্রবর্তী, চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ।

শিল্পলায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী।

সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ।

ভাষা ও সাহিত্যে মুহাম্মদ সামাদ, লুৎফুর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)।

শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।

একুশে পদক রাষ্ট্রীয় অন্যতম গুরুত্বপূর্ণ সম্মাননা। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতি বছর এ সম্মাননা দেওয়া হয়। নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ চার লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে চালু করা একুশে পদক দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।

বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্যবিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বরিশালের

চট্টগ্রামে প্রথম দিনের রানের ফোয়ারা দেখা দিয়েছে দ্বিতীয় দিনের ম্যাচেও। সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে ঢাকার বিপক্ষে আজ ম্যাচটি বরিশালের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে ব্যাটিং স্বর্গে নিজের ক্যারিশমাটিক শো দেখাতে ভুল করেননি তামিম ইকবাল। ৭১ রানের ইনিংসে দলকে টেনে নিয়ে যান দারুণভাবে। এরপর শেষবেলায় সাইফউদ্দিনের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ পায় বরিশাল।

টসে জিতে বরিশালের হয়ে ইনিংস শুরু করতে নামেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ও পাকিস্তান তারকা আহমেদ শেহজাদ। এ দুই জুটিতে দারুন সূচনা এনে দেন বরিশালকে। ব্যাক্তিগত ২৪ রানে শেহজাদ ফিরলে ভাঙে ৭৬ রানের জুটি।

এরপর সৌম্য সরকার ২৮ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ রানের বেশি করতে পারেননি। তবে সতীর্থদের যাওয়া আসার মিছিলের মাঝে আক্রমণাত্মক ক্রিকেটে ৩৪ বলে অর্ধশতকে পৌঁছান তামিম। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৭১ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

গণমাধ্যমকর্মীদের চাকরি নিয়ে নতুন নির্দেশনা শিগগিরই : তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশনা আসছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। তিনি বলে, এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে নতুন নির্দেশনা দেওয়া হবে।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হুট করে বা কম সময়ের নোটিশে কোনো সংবাদকর্মীকে প্রতিষ্ঠান ছাঁটাই করতে পারবে না। কোনো সংবাদকর্মীকে ছাঁটাই করতে হলে তিন মাস আগে নোটিশ দিতে হবে। একইভাবে গণমাধ্যমকর্মীরাও প্রতিষ্ঠানকে সময় না দিয়ে হুট করে চাকরি ছেড়ে দিতে পারবেন না। খুব শিগগির এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

প্রতিমন্ত্রী বলেন, অপতথ্যকে দমন করতে গিয়ে সরকার মত প্রকাশের স্বাধীনতাকে দমন করতে চায় না, এটা সরকারের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য।

ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে একটি জবাবদিহিতার মধ্যে আনা প্রয়োজন, সাংবাদিকদের এমন দাবিরও সঙ্গে একমত পোষণ করেছেন প্রতিমন্ত্রী।

সারাদেশে ক্যাবল নেটওয়ার্কের কাজ শিগগিরই ডিজিটালাইজ করার কাজ শুরু হবে জানিয়ে মোহাম্মদ এ আরাফাত বলেন, ক্লিন ফিড ছাড়া কেউ টেলিভিশন চালাতে পারবে না। এমনটা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটা সন্ত্রাসী দল, তারা দেশ, জনগণ ও স্বাধীনতার শত্রু। বিএনপি-জামায়াত তাদের অপকর্মের সাজা যেন যথাযতভাবে পায়, সেটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, উন্নয়ন করে জবাব দেয়।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে নির্বাচন ঠেকাতে চেয়েছিল, কিন্তু পারেনি। এখনও শুনি সরকার উৎখাত করে ফেলবে। সরকারের পায়ের নিচে নাকি মাটি নেই, তাদের পায়ের নিচে মাটি আছে নাকি এটাই আমার প্রশ্ন।

শেখ হাসিনা বলেন, আমার যাত্রাপথ এত সহজ ছিল না। নানা রকম ষড়যন্ত্র-চক্রান্ত কিন্তু চলছিল, আর এখনো কিন্তু সেই ষড়যন্ত্র-চক্রান্ত আছে। এত চড়াই-উতরাই পার হয়ে আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে এটা কখনো কেউ ভাবতে পারেনি।

স্বদেশ প্রত্যাবর্তনের পরের স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, এই মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল জনসভা, সেখানে দাঁড়িয়ে এ কথাই বলেছিলাম যে, বাংলাদেশের জনগণই আমার পরিবার। এই বাংলাদেশের জনগণই আমার আপনজন। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যেভাবে আমার বাবা তার জীবন উৎসর্গ করেছেন, যেভাবে আমার মা, ভাইয়েরা জীবন দিয়ে গেছে, প্রয়োজনে আমিও আমার বুকের রক্ত ঢেলে দেবো এই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

তিনি বলেন, এর পরেই যে আমার চলার পথে প্রতি পদে পদে বাধা। এখনো মনে পড়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা আইভি রহমানসহ আমাদের কতজন জীবন দিয়েছেন। তাদের ওপর কত রকম অত্যাচার হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আদর্শের নেতাকর্মী, অত্যাচার-নির্যাতন ভোগ করেই কিন্তু সংগ্রাম করে আমরা ক্ষমতায় ফিরতে পেরেছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, একটা বৈরী পরিবেশ, কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা আমরা পাইনি। আমাদের একমাত্র শক্তি শুধু মানুষের সমর্থন। মানুষের ভালোবাসাই হচ্ছে আমাদের প্রেরণা আর সেই মানুষের জন্যই কাজ করা।

তিনি বলেন, রাসেলকে পর্যন্ত হত্যা করেছিল এই কারণে যে, বঙ্গবন্ধুর রক্তের কেউ যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে। জানি না, আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন, বারবার মৃত্যুকে মুখোমুখি হয়েছি। কখনো গুলি, কখনো বোমা, কখনো গ্রেনেড হামলা, অনেক কিছু আমাকে মোকাবিলা করতে হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমার পার্টির লোকজন মানব ঢাল রচনা করে আমাকে বারবার রক্ষা করেছে। নিজেদের জীবন দিয়ে গেছে। যারা বিভিন্ন সময় জীবন দিয়ে গেছে তাদের আমি সব সময় স্মরণ করি, তাদের জন্য দোয়া করি। এত চড়াই-উতরাই পার হয়ে আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে এটা কখনো কেউ ভাবতে পারেনি। ৯৬ থেকে ২০০১, এরপর ২০০৮ এর নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারে আছে।

মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে দলীয় সভাপতি বলেন, মনোনয়ন না পেলেও নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা যেন চলে না যায়। নিজে কি পেলাম, তা না ভেবে জনগণের জন্য কাজ করে যেতে হবে। কাউকে পিছিয়ে রেখে নয়, সবাইকে নিয়ে কাজ করতে হবে। নিজে কি পেলাম চিন্তা করলে নিজেও উঠতে পারবে না, কাউকে টেনেও তুলতে পারবে না। জনগণের কাছে গিয়ে তাদের আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে। নিজের যোগ্যতায় কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে।

৬০ ঘণ্টা বন্ধ থাকবে উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহ

গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এর অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের জেলাগুলোতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পিজিসিএলের আওতাধীন সব গ্রাহক বৃহস্পতিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত গ্যাস সরবরাহ পাবে না বলে জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ৩০ ইঞ্চি পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত চলবে।

গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ দেওয়া ছাড়াও মাইকিং করে গ্রাহকদের সচেতন করা হয়েছে।

পিজিসিএল সূত্রে জানা গেছে, পিজিসিএলের আওতায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে ১ লাখ ২৯ হাজার ৪১১ গ্রাহক রয়েছে। এর মধ্যে ১০টি বিদ্যুৎ কেন্দ্র, ৫৩ টি ক্যাপটিভ পাওয়ার, ৩১টি সিএনজি স্টেশন, ১৩৩টি শিল্প প্রতিষ্ঠান, ৩৩২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ১ লাখ ২৮ হাজার ৮৫২ আবাসিক গ্রাহক রয়েছে।

মনোনয়নের প্রার্থী সংখ্যাই প্রমাণ করে নারী জাগরণ ঘটেছে : প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের ৪৮ আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশী ১৫৫৩ জন। এ সংখ্যাই প্রমাণ করে যে নারী জাগরণ ঘটেছে।

আজ বুধবার গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন তা ব্যর্থ হতে পারে না। সে আদর্শকে ধরে রাখতেই দেশে ফিরে আসা। কবরের মাটি ছুঁয়ে শপথ নিয়েছিলাম, এ স্বাধীনতা ব্যর্থ হতে দেব না। তাই করেছি। তবে সে চলার পথ সহজ ছিল না।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় অত্যাচার নির্যাতন সহ্য করেছে। জেল-জুলুম সব সহ্য করেই ক্ষমতায় এসেছি। জীবনের হুমকি ছিল বারবার। লক্ষ্য ছিল, যুদ্ধ করে বিজয় অর্জন করা এ দেশকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া। আজ তা অর্জন করেছি।

শেখ হাসিনা বলেন, মেয়েরা সাফ্যলের সঙ্গে যে কোনো কাজ সম্পন্ন করে। পড়াশোনায় নারী আজ এগিয়ে। কর্মক্ষেত্রেও সফলতার স্বাক্ষর রাখছে। বিভিন্ন পেশায় ভালো করছে। নানা বাধা পেরিয়ে মেয়েরা আজ খেলাধুলার মাঠে আসছে। এখানেও এগিয়েছে তারা। এখন মেয়েরা অনেক পদক আনছে।

তিনি বলেন, মেয়েরা খেলতে পারবে না, ব্যবসা করবে না- ইসলাম ধর্মেও এমন বলা নেই। প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে একজন নারী, কোনো পুরুষ নয়। সাহস করে বিবি খাদিজা এগিয়ে এসেছেন। তিনি ব্যবসা করতেন।

এ সময় মনোনয়নপ্রত্যাশীদের প্রধানমন্ত্রী বলেন, কাউকে পেছনে নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। ১ হাজার ৫৫৩ মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাই প্রমাণ করে যে নারী জাগরণ ঘটেছে। তারাও এগিয়ে এসেছে। তবে এত প্রার্থীর মধ্য থেকে ৪৮ জনকে বেছে নেওয়া কঠিন কাজ। আপনাদের দিলেও তা আপনারা করতে পারবেন কি?

এর আগে দেশের আটটি বিভাগ থেকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারীরা সকালে গণভবন গেটে পৌঁছান। ফরমের স্লিপ অংশ দেখিয়ে তারা গণভবনে প্রবেশ করেন।

সকাল সাড়ে ১০টা নাগাদ দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আজ মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শেষে দুপুর ১২টার দিকে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড বসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শুরু

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলীয় প্রধান শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবন ত্যাগ করেছেন মনোনয়নপ্রত্যাশীরা। এরপরই আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দলীয়প্রধান।

গণভবনে প্রবেশের সোয়া এক ঘণ্টা পর বেলা ১০টা ৫০ মিনিটে মনোনয়নপ্রত্যাশীরা গণভবন থেকে বের হয়ে আসেন।

এ সময় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয়প্রধানের সাক্ষাৎ পেয়ে তারা খুশি। দলীয় মনোনয়ন চাওয়া এক হাজার ৫৪৯ জনের মধ্য থেকে দলীয়প্রধান যে ৪৮ জনকে মনোনয়ন দেবেন, সবাই তা মেনে নেবেন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১২টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে ৪৮ জন সংরক্ষিত আসনের প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

তারে ঘুড়ি আটকে বন্ধ মেট্রোরেল চলাচল

কাজীপাড়ায় মেট্রোরেলের তারের ওপর ঘুড়ি পড়েছে। এর ফলে বর্তমানে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১টা ১০ মিনিটে ইলেকট্রিক তারের ওপর ঘুড়িটি পড়ে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘুড়ি পড়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ। বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত, এখনো ঠিক হয়নি। এটা ঠিক করতে আমরা কাজ করছি।

আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ

নানা নাটকীয়তা ও দেন-দরবারের পর অবশেষে পাকিস্তানে নতুন সরকার গঠনের জটিলতা কাটছে। পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) কয়েকটি দল মিলে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। তবে নওয়াজ শরিক কিংবা বিলওয়াল ভুট্টো কেউই প্রধানমন্ত্রী হচ্ছেন না। দেশটির প্রধানমন্ত্রী পদে আবারও ফিরছেন নওয়াজ শরিফের ছোট ভাই এবং সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ইসলামাবাদে দলগুলোর নেতাদের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি নতুন জোট সরকার গঠনের ঘোষণা দেন। এ সময় শাহবাজ শরিফও একই কথা বলেন।

এত দিন পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরিফের কথা বলা হচ্ছিল। গতকাল রাতে হঠাৎ করে নওয়াজ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজকে মনোনীত করার ঘোষণা দেন। একই সঙ্গে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও মেয়ে মরিয়ম নওয়াজের নাম ঘোষণা করেন তিনি।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৬৫ আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৩৪ আসনের। কিন্তু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

দেশটির নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০২ আসন, যাদের মধ্যে অধিকাংশ (৯২ আসন) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত। আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) পেয়েছে ৭৩ আসন এবং বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪ আসন।

কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পাকিস্তানে নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠকে বসে রাজনৈতিক দলগুলো। গত রোববার লাহোরে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বাসায় দুই দলের নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে দুই দল জানায়, পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঐকমত্যে পৌঁছেছে তারা। তবে জোট সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে চলছিল আলোচনা। পিপিপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে বিলাওয়ালকে চাওয়া হচ্ছিল।

শেষ পর্যন্ত বিলওয়াল ভুট্টো প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ থেকে সরে দাঁড়ান। ধারণা করা হচ্ছিল, নওয়াজ শরিফই হচ্ছেন প্রধানমন্ত্রী। তবে শেষ পর্যন্ত চমক হিসেবে প্রধানমন্ত্রী পদে পুনরায় শাহবাজ শরিফকেই মনোনীত করলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

দুই বছর আগে ইমরান খান সরকারকে উৎখাত করে পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠন করেছিল। গত আগস্ট মাস পর্যন্ত তারা সরকার পরিচালনা করেন। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানের ক্ষমতায় আবার ফিরছেন সেই শাহবাজ শরিফই।

প্রথম বিদেশ সফরে কাল জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দি‌তে বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়া‌রি) জার্মা‌নি সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। দ্বাদশ জাতীয় নির্বাচ‌নে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে‌।

মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। দুইদিন দেশটি সফরে থাকবেন বঙ্গবন্ধু কন্যা। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।

ঢাকার এক কূটনী‌তিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠাতব্য মিউনিখ সিকিউরিটি সম্মেলনের ৬০তম আসরে অংশ নেবেন। আসন্ন সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধর‌বেন। তি‌নি জলবায়ু পরিবর্তন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

এ কূটনী‌তিক ব‌লেন, ২০১৭ ও ২০১৯ সালে মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে এটি হবে তার তৃতীয় অংশগ্রহণ। আর নতুন সরকা‌র গঠনের পর এ‌টি হ‌বে প্রধানমন্ত্রীর প্রথম বি‌দেশ সফর।

মন্ত্রণালয় সূত্র বল‌ছে, মিউ‌নি‌খ স‌ম্মেল‌নে যোগ দেওয়ার পাশাপা‌শি সরকারপ্রধান বেশ কয়েকজন সরকারপ্রধানসহ অন্যদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন শেখ হা‌সিনা।

এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর‌বেন।

গত বৃহস্প‌তিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, আয়োজক সংস্থার সভাপতি রাষ্ট্রদূত ড. ক্রিস্টোফার হিউগেনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে সদয় সম্মতি প্রদান করেছেন। মিউনিখ সিকিউরিটি সম্মেলন মূলত সমকালীন ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে উচ্চ-পর্যায়ের নিয়মিত আলোচনার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ফোরাম হিসেবে বিবেচিত। উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা ও এনজিও নেতারা, মিডিয়া, সুশীল সমাজ, সরকারি ও বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করে থাকেন।