শনিবার, অক্টোবর ১০, ২০২৬

ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

আরাকান আর্মিসহ বিদ্রোহীগোষ্ঠীগুলোর তীব্র আক্রমণের মুখে পালিয়ে বাংলাদেশে চলে আসা মিয়ানমার বর্ডার গার্ড (বিজিপি), সেনাবাহিনী ও শুল্ক কর্মকর্তাসহ ৩৩০ জনকে কড়া নিরাপত্তায় ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানী নৌবাহিনী জেটিঘাট থেকে তাদের জাহাজে তোলা হয়।

এর আগে সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উখিয়া, টেকনাফের বিভিন্ন স্কুল থেকে ইনানী নৌবাহিনীর জেটিঘাটে নিয়ে আসা হয় তাদের। এ সময় আশপাশের এলাকায় বিজিবি ও র‍্যাব সদস্যদের সতর্ক পাহারায় থাকতে দেখা গেছে। নিরাপত্তার জন্য সকাল থেকে বন্ধ রাখা হয় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক।

হস্তান্তর শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক কালে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে প্রাণভয়ে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বিজিপি সদস্যসহ ৩৩০ জন মিয়ানমারের নাগরিককে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৩০২ জন বিজিপির সদস্য, ৪ জন বিজিপি পরিবারের সদস্য, ২ জন সেনাসদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং ৪ জন বেসামরিক নাগরিকসহ সর্বমোট ৩৩০ জন।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে জান্তা সরকারের বিভিন্ন বাহিনী ও সে দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। অতিসম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরীণ এই সংঘর্ষের প্রভাব বাংলাদেশ-মিয়ানমার সীমান্তেও এসে পড়ে।

সীমান্তে বিজিবির টহল ও জনবল বৃদ্ধি করা হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে বিজিবি সীমান্তের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণরূপে বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি যা–ই হোক, সীমান্ত দিয়ে আর একজন মিয়ানমারের নাগরিককেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিজিপি সদস্যদের হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মিয়ানমারের রাষ্ট্রদূত অ্ কিউ মোয়ে, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ, জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম প্রমুখ।

প্রশ্ন ফাঁস ও গুজব ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁস রোধ করা ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা নিয়ে গুজব ঠেকাতে বড় পরিসরে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এসএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ‘সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে পরীক্ষায় ভালো নম্বর পেলেও শিক্ষার্থীদের শেখার ঘাটতি থেকে যাচ্ছে। এ কারণে নতুন কারিকুলামে মূল্যায়ন ও শিখন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।’

নওফেল বলেন, ‘শিক্ষার্থীদের প্রকৃত অর্থে মেধাবী ও কর্মোপযোগী হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া শুধু বার্ষিক পরীক্ষা কেন্দ্রিক শিক্ষাব্যবস্থা নয়, সারা বছর শিক্ষার্থীর মূল্যায়ন করা হবে।’

এর আগে, সকাল ১০টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। সারাদেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। আর বিদেশের ৮ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেনাপোল এক্সপ্রেসে আগুন : মরদেহ বুঝে পেল ৪ পরিবার

দীর্ঘ ১ মাস ১০ দিন পর বুঝিয়ে দেয়া হলো রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে নিহত চারজনের মরদেহ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

প্রায় দেড় মাস পর লাশ বুঝে পেয়ে চাপা কান্নায় এসব স্বজনদের মর্গ ছাড়তে দেখা যায়। বিচার দাবি করে তারা বলেন, রাজনৈতিক রোষানলে পড়ে এভাবে যেন আর কাউকে প্রাণ হারাতে না হয়।

মরদেহগুলো হলো, রাজবাড়ির আবু তালহা (২৩), চন্দ্রীমা চৌধুরী সৌমি (২৮) ও এলিনা ইয়াসমিন (৪৪) ও পুরান ঢাকার নাতাশা জিয়াসমিন নেকি (২৫)।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) অফিসার ইনচার্জ (ওসি)‌ ফেরদাউস আহ‌াম্মেদ বিশ্বাস জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনায় মরদেহ চারটি একবারেই পোড়া ছিল। এজন্য চেহারা দেখে শনাক্ত করার উপায় ছিল না। পরে আদালতের আদেশক্রমে দাবিকৃত স্বজনদের ও পোড়া মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি ল্যাবে ক্রস ম্যাচিং করা হয়। এর মাধ্যমে শনাক্ত করা হয়। আজ লাশগুলো স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হলো।

ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে এলিনা ইয়াসমিনের মরদেহ গ্রহণ করেন ভাই মনিরুজ্জামান মামুন। নাতাশার জেসমিনের মরদেহ গ্রহণ করেন বড় ভাই খুরশীদ আহমেদ। আবু তালহার মরদেহ গ্রহণ করেন মামা মনিরুল ইসলাম এবং চন্দ্রিমা চৌধুরীর মরদেহ গ্রহণ করেন বড় ভাই ডা. দিবাকর চৌধুরী।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে এলিনা ইয়াসমিনের স্বামী সৈয়দ সাজ্জাদ হোসেন চপল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার স্ত্রীসহ কয়েকজন মারা গেছেন। আমার বাচ্চা সারাজীবন কি বলবে? রাজনৈতিক প্রতিহিংসা সাধারণ জনগণ কেন ভোগ করবে? এগুলো থেকে মুক্তি চাই।

নাতাশার বড় ভাই খুরশীদ আহাম্মেদ বলেন, দীর্ঘ ৪০ দিন অপেক্ষার পর আমার বোনের মরদেহ বুঝিয়ে পেলাম। এই ৪০দিন যে আমাদের পরিবার কীভাবে কেটেছে তা বুঝানো যাবে না। এরকম ঘটনার শিকার যেন কেউ না হয় এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে লরি, নিহত ৩

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি-চালিত অটোরিকশাকে চাপা দিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলার কাউখালী উপজেলা সাপছড়ি কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজন হলেন মো. হানিফ, বাকি দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আর দুর্ঘটনায় আহতরা হলেন- সৈকত চাকমা, সিএনজি চালক মো. নুরুল আমিন। এর মধ্যে নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর।

প্রতক্ষদর্শীরা জানান, সকালে সিএনজি অটোরিকশাটি ৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো। এ সময় লরিটি চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, সকালে লরিটি সিএনজিকে চাপা দিয়ে ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফের বাইডেনকে চান পুতিন

ডোনাল্ড ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকেই দেখতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ, তার মতে, ট্রাম্পের তুলনায় বাইডেন ‘অনেক বেশি অনুমানযোগ্য’। তবে আগামীতে যে-ই মার্কিন প্রেসিডেন্ট হোন, তার সঙ্গে ক্রেমলিন কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। খবর এএফপির।

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডোনাল্ড ট্রাম্পের জেতার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে জনমত জরিপগুলো।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) পুতিনের কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে কাকে জয়ী দেখতে চায় রাশিয়া। জবাবে রুশ প্রেসিডেন্ট বাইডেনের নাম বলেন। কারণ, ৮১ বছর বয়সী এ নেতা ‘অনেক বেশি অভিজ্ঞ, অনুমানযোগ্য। তিনি একজন গতানুগতিক রাজনীতিবিদ’।

এসময় বাইডেনের বয়স ও স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ উড়িয়ে দেন পুতিন। তিনি বলেন, তিন বছর আগে বাইডেনের সঙ্গে আমার যখন সাক্ষাৎ হয়, তখন মানুষজন তার অক্ষমতা নিয়ে কথা বলছিল। কিন্তু আমি তেমন কিছু দেখিনি।

নির্বাচনের কয়েকদিন পরেই ৮২ বছরে পা দেবেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। জনমত জরিপগুলো বলছে, বাইডেনের বয়স নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে মার্কিন ভোটারদের।

সাম্প্রতিক দুটি ঘটনা তার বয়সজনিত বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে। কিছুদিন আগে মৃত পূর্বসূরীদের সঙ্গে ইউরোপীয় নেতাদের নাম গুলিয়ে ফেলেছিলেন বাইডেন।

এছাড়া, রাষ্ট্রীয় গোপন নথি ঠিকমতো না রাখতে পারা সংক্রান্ত এক তদন্ত প্রতিবেদনে জো বাইডেনকে ‘দুর্বল স্মৃতিশক্তির বৃদ্ধ’ বলে উল্লেখ করা নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। প্রেসিডেন্টের সক্ষমতা নিয়ে কথা বলতে হয়েছিল হোয়াইট হাউজকে।

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ছেলে

দিনাজপুরের বীরগঞ্জে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে ছেলে মো. সৈকত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৈকত।

এসএসসি পরীক্ষার্থী সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের দু’বারের ইউপি সদস্য মৃত মো. শফিউল আলম সুরুজের ছেলে।

বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মারা যান মো. শফিউল আলম সুরুজ। তার জানাজা আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে গেছে সৈকত।

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবা মৃত্যুবরণ করার পরও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে হচ্ছে তাকে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন, আমরা পরীক্ষার হলে খোঁজ-খবর নিয়ে সত্যতা নিশ্চিত হয়েছি। ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। সেইসঙ্গে মেধাবী শিক্ষার্থী সৈকতের উজ্জ্বল ভবিষৎ কামনা করি।

জার্মা‌নির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মা‌নির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। দ্বাদশ জাতীয় নির্বাচ‌নে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সভাপতি রাষ্ট্রদূত ড. ক্রিস্টোফ হিউজেনের আমন্ত্রণে এ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত সাত দেশ ও তিন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক নিরাপত্তানীতিবিষয়ক এ বার্ষিক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর জার্মানি সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, মিউনিখ সম্মেলনে প্রায় ৬০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা, মিডিয়া, সুশীল সমাজ, সরকারি এবং বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রায় পাঁচশ প্রতিনিধি থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ফেব্রুয়ারি সম্মেলনের উদ্বোধনী আয়োজনে এবং ক্লাইমেট ফিন্যান্স সংক্রান্ত উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন। জার্মান প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায়ও উপস্থিত হবেন তিনি।

প্রধানমন্ত্রী তার সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে ৪ দিনের সরকারি সফরে যাত্রা করে সেদিন সন্ধ্যায় মিউনিখ পৌঁছাবেন। সফর শেষে প্রধানমন্ত্রীর ১৮ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করে ১৯ ফেব্রুয়ারি পৌঁছার কথা রয়েছে।

মন্ত্রী বলেন, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রাটা, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়নবিষয়ক মন্ত্রী ভেনজা শুলজ, বিশ্বব্যাংকের সিনিয়র ব্যবস্থাপনা পরিচালক এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ এবং মেটার গ্লোবাল এফেয়ার্স প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

সংলাপের মাধ্যমে বিশ্বে শান্তি আনয়নের মূলমন্ত্র নিয়ে বিগত ১৯৬৩ থেকে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হয়ে আসা এ সম্মেলনের ২০১৭ ও ২০১৯ সালের আসরে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী।

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন নুর

বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা চান।

গত বছরের ১৭ ডিসেম্বর বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে নুরুল হককে নুরকে তলব করেন হাইকোর্ট। তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করা হয়।

গত বছরের ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে নুরুল হক নুরের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুর আপত্তিকর বক্তব্য দেন। সেই প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয়।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে গত ১৭ জানুয়ারি নুরকে আদালতে তলব করা হয়। ওইদিন ব্যাখ্যা দিতে তিনি আদালতের কাছে সময় চান। আজকে নির্ধারিত দিনে হাইকোর্টে হাজির হলে তিনি নিঃশর্ত ক্ষমা চাইলেন।

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

দেশের তিন হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, যাতে অংশ নিচ্ছে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নয়টি বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কুরআন মজিদ ও তাজবিদ এবং এসএসসি (ভোকেশনালে) বাংলা-২ বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে।
নির্দেশনা ছিল পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই কেন্দ্রে ঢুকতে হবে। সেজন্য সকাল ৯টা থেকেই শুরু হয়ে যায় শিক্ষার্থীদের কেন্দ্রে ঢোকার প্রস্তুতি। সিট প্ল্যান দেখে নিজ নিজ আসনে বসে যায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রে আসেন অভিভাবকরাও। তাই কেন্দ্রগুলোর সামনে ছিল অভিভাবকদের ভিড়।
সূচি অনুযায়ী, নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা হবে ১৩ থেকে ২০ মার্চ। এবার করোনা-পূর্ববর্তী সময়ের মতো ফেব্রুয়ারিতে এবং সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে এসএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে।

প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য গত মঙ্গলবার থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত এক মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষাকেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।
কোন বোর্ডে কত পরীক্ষার্থী
এ বছরে ১১টি বোর্ডের মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৬ লাখ ছয় হাজার ৮৭৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাঁচ লাখ ৬৫ হাজার ৮৭২ জন, মানবিক বিভাগে সাত লাখ ৬৯ হাজার ৪৪০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী দুই লাখ ৭১ হাজার ৫৬৭।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে দুই লাখ ৯০ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে ছাত্র ৯৪ হাজর ৮৪১ জন, ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।
আর কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ জন, ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।

৪৮ সংরক্ষিত নারী এমপির ভাগ্য নির্ধারণ আজ

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সাক্ষাৎকার নেবে দলটি। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রার্থীগণকে গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপের অংশটুকু প্রদর্শন করতে হবে।

আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, এর মধ্য দিয়ে ৪৮ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে বেছে নেবে আওয়ামী লীগ।

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ শেষে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এই সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, বাছাইকৃত মনোনয়ন প্রার্থীদের চূড়ান্ত করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এরপর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।

জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ১৪ মার্চ। অবশ্য সংরক্ষিত নারী আসনে সাধারণত নিজেদের প্রাপ্য আসনগুলোয় একক প্রার্থী মনোনয়ন দেয় দল বা জোটগুলো। ফলে এখানে ভোটের প্রয়োজন হয় না।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্রদের ভাগের ১০টিসহ মোট ৪৮ আসন পাচ্ছে আওয়ামী লীগ। দুটি সংরক্ষিত নারী আসন পাবে জাতীয় পার্টি।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে দলীয় ফরম কিনেছেন ১৫৪৯ জন নারী। মোট সাত কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি হয়।

এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত ৩১ জানুয়ারি এক বক্তব্যে তিনি বলেন, মহিলা সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নেওয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুব কম। আমরা আমাদের পরীক্ষিত, ত্যাগীদের গুরুত্ব দেব। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের দুঃসময়ের পরীক্ষিত কর্মী, তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেব।

এদিকে জাতীয় পার্টি তাদের সংরক্ষিত দুটি আসনে কাদের মনোনীত করবেন তা এখনো জানায়নি দলটি। পার্টির যুগ্ম মহাসচিব মুজিবুল হক চুন্নু ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমকে এ বিষয়ে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।