শনিবার, অক্টোবর ১০, ২০২৬

বিরোধী দল হবে ইমরানের পিটিআই

৮ ফেব্রুয়ারির নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) পার্লামেন্টে বিরোধী দলের আসনে বসার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র ব্যারিস্টার মুহম্মদ আলী খান আসিফ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর জিও নিউজ।

এই দিন রাজধানী ইসলামাবাদে অপর রাজনৈতিক দল কওমি ওয়াতান পার্টির সঙ্গে বৈঠক শেষে ব্যারিস্টার আসিফ বলেন, ‘রাজনীতিবিদরা ক্ষমতালোভী— এমন অভিযোগ অনেকেই করেন। এবারের নির্বাচনে আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি (কেন্দ্রীয় পার্লামেন্ট) ও পাঞ্জাব আইনসভায় যত আসন পেয়েছি, তাতে চাইলে আমরা কেন্দ্রে সরকার গঠন করতে পারতাম। কিন্তু আমরা তা করছি না। তার পরিবর্তে পার্লামেন্টে আমরা বিরোধী দলে থাকব। এটা দলীয় সিদ্ধান্ত।’

তিনি আরও জানান, পিটিআই চেয়ারম্যান ইমরান খান বিরোধী দলগুলোর সঙ্গে জোট গঠনের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই শুক্রবার কওমি ওয়াতান পার্টির সঙ্গে বৈঠক করেছে পিটিআই।

প্রসঙ্গত, পাকিস্তানের কেন্দ্রীয় পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসন ২৬৬টি। এসব আসনের একটি ব্যতীত বাকি ২৬৫টি আসনে নির্বাচন হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। সাংবিধানিক বিধি অনুযায়ী, পাকিস্তানে কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়— তাহলে সেই দল বা জোটকে অবশ্যই ১৩৩টি আসনে জয়ী হতে হবে। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি আসনে, নওয়াজ শরিফের মুসলিম লিগ ৭৫টি এবং পিপিপি ৫৪টি আসনে জয়লাভ করে। অর্থাৎ সরকার গঠনের জন্য ন্যুনতম যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, তা পায়নি কোনো দলই।

ফলে অভূতপূর্ব এক অনিশ্চয়তা দেখা দেয় পাকিস্তানের রাজনীতিতে। এই সংকট কাটানোর সবচেয়ে উপযুক্ত সমাধান ছিল যে কোনো দু’টি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জোট সরকার গঠন করা, কিন্তু কোন দুই দল জোট গঠন করবে— তা নিয়ে গত ৯ দিন ধরে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক নাটকীয়তা পরিলক্ষিত হয়েছে। এমনকি উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেবে— এমন গুঞ্জনও শুরু হয়েছিল।

পিটিআইয়ের এই সিদ্ধান্ত কার্যত সেই অনিশ্চয়তার সংকট কেটে যাওয়ার প্রথম ধাপ।

বিএনপির পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত : কাদের

পরবর্তী আন্দোলনের কথা না ভেবে বিএনপিকে এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় তিনি এ পরামর্শ দেন।

বিজয় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করবে তাদের দলের নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব জেল থেকে বের হয়ে আবার দিবা স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি খুঁজে পাওয়া যায় না। জনগণের সরকার ক্ষমতায় থাকলে দেশে ইস্যুভিত্তিক আন্দোলনের যে ইস্যু খুজে পাওয়া যায় না বিএনপির সেটা হাড়ে হাড়ে টের পাওয়া উচিত।

যৌথ সভায় প্রারম্ভিক বক্তব্যে জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি নিয়ে জানান, এই সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য বিরাট সম্মান বয়ে এনেছেন। আজকে গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের গুরুত্ব নিসংকোচে মেনে নিয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানটা আমাদের শত্রুতার জন্য অনেকের উর্বর ক্ষেত্র। বঙ্গোপসাগর, সেন্টমার্টিনের প্রতি লোভাতুর দৃষ্টি অনেক বাজপাখির রয়েছে। তবে শেখ হাসিনার সরকার ভারসাম্যপূর্ণ কূটনীতি সাফল্যের দিকে নিয়ে গেছেন।

এ সময় দলের মেয়াদ উত্তীর্ণ কমিটি নতুন করে গঠনসহ দলের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের দলীয় সভাপতির নির্দেশনার কথা জানান সড়ক পরিবহণমন্ত্রী।

তিনি বলেন, মেয়াদীত্তীর্ণ বিভিন্ন শাখার সম্মেলন, সহযোগী সংগঠনের প্রত্যকের অসমাপ্ত সম্মেলন, কমিটি গঠন প্রক্রিয়ায় বিলম্বসহ সাংগঠনিক সমস্যার সমাধান করা জরুরী। বিভাগীয় দায়িত্ব প্রাপ্তরা সব শাখা গুলোকে ঢাকায় ডেকে বসতে পারেন। সমস্যা ও বিরোধ থাকলে তা সমাধানে অনতিবিলম্বে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার চর ঈশ্বরদীয়া ইউনিয়নের চরবড়বিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দার দিক থেকে আসা শম্ভুগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাটি আরেকটি গাড়ি ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসটি চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা নারী-শিশুসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে থানার ওসি আনোয়ার হোসেন, বাস-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

একই প্যানেল থেকে প্রার্থী হচ্ছেন মিশা-ডিপজল

আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। আসন্ন নির্বাচনে একই প্যানেল থেকে প্রার্থী হচ্ছেন ঢাকাই সিনেমার দুই দাপুটে অভিনেতা-খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর।

জানা গেছে, এই প্যানেলের সভাপতি প্রার্থী হচ্ছে মিশা সওদাগর আর ডিপজল হবেন সাধারণ সম্পাদক। প্যানেলে জয় চৌধুরীও থাকছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে।

বিষয়টি নিশ্চিত করেছেন খল অভিনেতা ডিপজল বলেন, আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। শিগগিরই প্যানেল গুছিয়ে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করব।

শিল্পী সমিতির বর্তমান কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ডিপজল। এর আগে, তিনি সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আর সমিতিতে এর আগে টানা দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিশা সওদাগর। গত নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। তবে ভোটের মাঠে হেরে যান তিনি।

এদিকে বৃহস্পতিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেতা মিশা সওদাগর। যেখানে দেখা গিয়েছে ডিপজল ও মিশা একে অন্যের হাত ধরে রেখেছেন আর ক্যাপশনে লিখেছেন, ভালোবাসায় জাত, কূল, ধর্ম, বর্ণ,,ছোট বড় কোন প্রভেদ নেই। তেমনি আমাদের শিল্পীদের মধ্যেও জাত, কূল, ধর্ম , বর্ণ , ছোট বড় কোন প্রভেদ নেই। আমরা সবাই শিল্পী । আমাদের দায়িত্ব হচ্ছে এদেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করা। আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসুন আমরা সবাই শিল্পী অঙ্গনকে বসন্তময় করে তুলবো।

মিশার এমন পোস্টের পর আরও পরিষ্কার হয়ে গিয়েছে যে এক হয়ে নির্বাচন করছনে ডিপজল-মিশা।

অন্যদিকে, বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার আর নির্বাচন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তাই সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এখন ব্যস্ত সভাপতির খোঁজে।

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক পিটিআইয়ের

জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে আগামী ১৭ ফেব্রুয়ারি (শনিবার) পাকিস্তানজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

বৃহস্পতিবার পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পার্লামেন্টারিয়ানসের (পিটিআই-পি) সঙ্গে জোট গঠনের খবর পরিষ্কার করার পর এই ঘোষণা দেয় পিটিআই। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এই কর্মসূচি ঘোষণা করেন।

বিক্ষোভ পালনে জামায়াত-ই-ইসলামী, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলসহ (জেইউআই-এফ) অন্য দলগুলোকেও পাশে চেয়েছেন পিটিআই চেয়ারম্যান।

গহর আলী খান বলেন, এবারের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের ম্যান্ডেট চুরি হতে দেব না। ম্যান্ডেট পরিবর্তন এবং কারচুপি হয়েছে যারা এমনটা বিশ্বাস করেন আমরা এমন সব রাজনৈতিক দলকে কর্মসূচিতে আমন্ত্রণ জানাচ্ছি। বিক্ষোভে জনসাধারণকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে পিটিআইয়ের দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইমরান খান কেন্দ্রে সরকার গঠনের বিষয়ে বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন।

দলের সূত্র জিও নিউজকে জানিয়েছে, ইমরান খান বর্তমানে আদিয়ালা জেলে বন্দি। তিনি পিপিপির সঙ্গে কথা বলতে প্রস্তুত। দলটি ইতিমধ্যেই পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রধানমন্ত্রীর প্রার্থী শাহবাজ শরিফকে সমর্থনের ঘোষণা দিয়েছে।

তবে পিটিআই নেতা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ সরকার গঠনের জন্য পিপিপির সঙ্গে যোগাযোগের খবর অস্বীকার করেছেন।

সাংবাদিকদের তিনি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে আলোচনার বিরুদ্ধে ‘কঠোরভাবে’ পরামর্শ দিয়েছিলেন।

পিপিপির সঙ্গে সরকার গঠনের প্রতিবেদন বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা বিরোধী দলে বসতে বলেছেন কিন্তু পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে জোট করবে না।

ঢাকায় আসছেন ভারতীয় র‍্যাপার বাদশাহ

ঢাকায় আসছেন ভারতীয় র‍্যাপার বাদশাহ। আগামী ১ মার্চ ‘টেকনো স্পার্ক-২০ সিরিজ মিউজিক ফেস্ট’ শিরোনামের কনসার্টে ঢাকায় গাইতে আসছেন তিনি। মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে এ খবর।

এখনও টিকিটের মূল্য ও প্রক্রিয়া প্রকাশ না করলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে খুব শিগগিরই এর ঘোষণা দেওয়া হবে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), এক্সপো জোনে বাদশাহর সঙ্গে আরও পারফর্ম করবে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।

জনপ্রিয় ভারতীয় র‍্যাপার আদিত্য প্রতীক সিং, বাদশাহ নামে বেশি পরিচিত। বলিউডের এ সংগীত তারকা ভারতের বাইরেও বাংলাদেশের শ্রোতাদের কাছে সমধিক পরিচিত। এর আগেও ঢাকায় গাইতে আসেন তিনি।

বলিউডে বাদশাহর যাত্রা শুরু ২০০৬ সালে। সে বছর হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দিরে সংগীত যাত্রা শুরু হয় তার। ২০১২ সালে হানি সিংয়ের সঙ্গ ত্যাগ করেন তিনি। এ গায়ক জনপ্রিয়তা পান ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘খুবসুরত’সিনেমার গানের মাধ্যমে।

নেতানিয়াহুকে ফের ফোন করে সতর্ক করলেন বাইডেন

ইসরায়েল গাজা উপত্যকার রাফাহ শহরের বেসামরিক নাগরিকদের নিরাপদ রাখার কোন পরিকল্পনা ছাড়াই সেখানে অভিযান শুরুর পাঁয়তারা করছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারো টেলিফোন করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘রাফাহ শহরের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করার জন্য একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকর পরিকল্পনা ছাড়া সেখানে কোন সামরিক অভিযান চালানো উচিত নয় বলে মার্কিন প্রেসিডেন্ট তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছেন।’

অগ্নিসন্ত্রাসের কারণে বিএনপি শাস্তি এড়াতে পারে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অগ্নিসন্ত্রাসের নির্যাতনের যে চিত্র, সেই কারণে তারা শাস্তির বাইরে যেতে পারে না।

তিনি আরও বলেন, বিএনপি মহাসচিবের জামিন বা বিচারের সব সিদ্ধান্ত আদালতের বিষয়, তা সরকারের বিষয় না।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের জামিন বা বিচারের সব সিদ্ধান্ত আদালতের বিষয়, তা সরকারের বিষয় না।

এ সময় সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত আসনের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, যাচাই বাছাই করেই সংরক্ষিত নারী আসনে প্রার্থী বেছে নিয়েছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। দল যাদের যোগ্য মনে করেছেন তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে।

ভোটে হেরে যাওয়ার পরও মহিলা আওয়ামী লীগের নেত্রী কেন সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়েছেন এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মহিলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আগে কখনো পরাজিত হননি। যেহেতু মহিলা আওয়ামী লীগ সারাদেশেই মহিলাদের প্রতিনিধিত্ব করে তাই সংরক্ষিত আসনে থাকাটা প্রায়োগিক অর্থে খুবই বাস্তবসম্মত। এখানে কর্মীদের মধ্যেও অনেকে সংরক্ষিত আসনে এসেছেন।

ভোটে হারার পরও মহিলা আওয়ামী লীগ সভাপতিতে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া ঠিক হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তো আমাদের দলের ব্যাপার। এটা আমাদের বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। কোনটা সঠিক হবে, কোনটা বেঠিক হবে এটা যাচাই-বাছাই করে ঠিক করা হয়েছে। ছেলেদের ব্যাপারে এটা স্কোপ থাকে না। কিন্তু মহিলাদের যেহেতু সংরক্ষিত আসনের সুযোগ আছে, আর যেহেতু মহিলাদের প্রধান প্রতিনিধি মহিলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেজন্য রাখাটা আমাদের পার্টি বাস্তবসম্মত মনে করেছে। এখানে জনগণের প্রত্যাখ্যানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

কারামুক্ত হলেন ফখরুল-খসরু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কারামুক্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তারা কারামুক্তি পান।

এর আগে, প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বুধবার মির্জা ফখরুল ও আমীর খসরুকে জামিন দেন মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের। এই মামলার জামিনের আগে আরও ১০টি মামলায় তাদের জামিন হয়েছে। গ্রেপ্তার দেখানো সব কটি মামলায় দুই বিএনপি নেতার জামিন হওয়ায় তারা কারামুক্তি পেলেন।

গত বছরের ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে পণ্ড হওয়া সমাবেশ থেকেই পরদিন সারাদেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ অক্টোবর সেই হরতালের সকালে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আর আমির খসরু মাহমুদ চৌধুরীকে ২ নভেম্বর রাতে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হত্যার মামলায় রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

গ্যাস সরবরাহ করতে না পারলে জরিমানা দিতে হবে : নসরুল হামিদ

গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে জবাবদিহিতায় আনতে হবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা নিয়ে বসবো। গ্রাহককে গ্যাস সরবরাহ করতে না পারলে বিতরণ কোম্পানিগুলোর জরিমানা দিতে হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পেট্রোবাংলা আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিদ্যুতের চাহিদা অনুযায়ী, গ্যাসের জোগান দিতে পারলে ভর্তুকি ৭০ শতাংশ কমে আসতো।

‘২০২৮ সালের মধ্যে ১০০ কূপ খনন করতে চান ভালো কথা, কোনটি কখন করতে চান, টাইমলাইন থাকতে হবে। সাফল্য দেখে মূল্যায়ন করা হবে। সাফল্য জিরো, আপনিও জিরো’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সেমিনারে গ্যাসের চাহিদা-সরবরাহ ও সিসমিক সার্ভে এবং কূপ খনন জোরদার করার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। অনেকদিন পর এমন আয়োজন দেখা গেল। এতে পেট্রোবাংলা ও কোম্পানিসমূহের বর্তমান ও সাবেক কর্মকর্তা, বুয়েট, ঢাবি শিক্ষক ও জ্বালানি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘যিনি কাজ পারবেন না, তাকে বাদ দেওয়া হবে। বক্স থেকে বের হয়ে আসতে হবে। কেউ কাউকে জায়গা ছাড়তে চায় না। বাপেক্স ১০০ বছর ধরে কাজ করবে। তার জন্য ফেলে রাখতে হবে। বাপেক্সের একটি প্রতিযোগী থাকা উচিত।’

তিনি একটি ঘটনার রেফারেন্স টেনে বলেন, ‘যারা বাইরে আছেন, তাদের সবাইকে সঙ্গে রাখতে হবে। ’৮০ সালে ২ডি করা হয়েছে। ৩৯ বছর পরে ৩ডি, তাহলে এতদিন কেন বসে থাকলেন! জ্বালানিতে যারা ছিলেন, তারা টেকনিক্যাল পার্সন। তারা বলতেন, সম্ভাবনা নেই। আর সমালোচনা নয়। আসুন, একসঙ্গে দেশের জন্য কাজ করি।’

নসরুদ হামিদ সবার উদ্দেশে বলেন, ‘আমি চাই, গঠনমূলক আলোচনা হোক। আমাদের গ্যাস লাগবে। সমালোচনা রয়েছে, বিতরণ কোম্পানি টাকা নেয়, গ্যাস দেয় না। বিতরণ কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। চুক্তি থাকবে, গ্যাস না-দিলে টাকা দিতে হবে। স্মার্ট বাংলাদেশ কি শুধু টেকনোলজি! টেকনোলজির সঙ্গে নিরবচ্ছিন্ন, কোয়ালিটি জ্বালানিও স্মার্ট বাংলাদেশের অংশ।’

তিনি বলেন, ‘রিজার্ভ কমে আসায় দেশীয় গ্যাস ফিল্ডের উৎপাদন কমতে শুরু করেছে। ২/৩ বছর কমবে আবার বাড়বে। কীভাবে ঘাটতি সামাল দেবো, তার পরিকল্পনা থাকতে হবে। ৪৮ কূপ খনন প্রকল্পের মাধ্যমে আগামী দুই বছরে ৫০০ এমএমসিএফডি গ্যাস পাবো। কিন্তু ২ বছরে চাহিদা কত হবে, ২০০০ হাজার এমএমসিএফডি বাড়বে।’

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব নুরুল আলম বলেন, ‘দুটি এফএসআরইউ দিয়ে এলএনজি আমদানি করতে গিয়ে অনেক অনেক ঘাটতি হচ্ছে। ভবিষ্যতে আমদানি আরো বেড়ে গেলে গ্যাসের মূল্য কোথায় গিয়ে ঠেকবে! আমাদের কোনদিকে যাওয়া উচিত, মতামত ও পরামর্শ দেবেন। সর্বোত্তমভাবে, যে কাজটি করা প্রয়োজন, আমরা করার চেষ্টা করবো।’

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, সব উন্নয়ন কর্মকাণ্ডের চালিকাশক্তি হচ্ছে- গ্যাস। আমাদের চাহিদা ও সরবরাহে ঘাটতির কারণে সমালোচনা হচ্ছে। সে কারণে আজকে সবাইকে ডাকা হয়েছে, কী করে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়ানো যায়।

তিনি বলেন, চলমান ৪৮টি কূপ খননের পাশাপাশি আরো ১০০টি কূপ খনন করবো ২০২৮ সালের মধ্যে। সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জরুরি। আমরা দ্রুত সময়ের মধ্যে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র আহ্বান করতে প্রস্তুত হয়েছি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম ও পেট্রোবাংলার জেনারেল ম্যানেজার (রিজার্ভ এবং ডাটা ম্যানেজমেন্ট) মেহেরুল হাসান।